Showing posts with label আন্ডারওয়ার্ল্ড. Show all posts
Showing posts with label আন্ডারওয়ার্ল্ড. Show all posts

Tuesday, March 24, 2026

পসার

 - প্লীজ ডোন্ট মাইন্ড। ফেলো-প্যাসেঞ্জারের সঙ্গে গায়ে পড়ে খেজুর আমি পারতপক্ষে করি না। কিন্তু আপনাকে জিজ্ঞেস করতেই হচ্ছে। আচ্ছা, অ্যাস্ট্রলজিতে আপনার ইন্টারেস্ট আছে?

- আমি আদৌ মাইন্ড করছি না। আড়াই ঘণ্টার ট্রেন জার্নিতে কোম্পানি ব্যাপারটা মন্দ নয়। তবে সরি টু ডিস্যাপয়েন্ট, ও বিষয়ে আমার তেমন আগ্রহ বা বিশ্বাস কোনোটাই নেই।

- ওহ। আই সী। আসলে আপনার মুখের মধ্যে একটা অদ্ভুৎ..।

- আপনি কি জ্যোতিষী নাকি মশাই?

- হে হে। যদিও আপনার বিশ্বাস নেই। তবু, আসুন। এই আমার কার্ড।

- ওরে বাবা। বেশ পসার আচ্ছে দেখছি আপনার।

- দুর্গাপুর চলেছি একজন পলিটিশিয়ানকে গাইড করতে। অ্যাসেম্বলিতে কনটেস্ট করতে চলেছেন, তাই।একটু কনসাল্ট করতে চেয়ে ডাকলেন। হাই ফিজের ভয় দেখিয়েও ভদ্রলোককে দমানে গেলো না। হেঁ হেঁ। 

- বাহ। 

- আপনার মুখের মধ্যে একটা..একটা অদ্ভুৎ..একটা অদ্ভুৎ..।

- অদ্ভুৎ কিছু রয়েছে? ফিউচারে? সে'সব জানতে আপনাদের হাত দেখার দরকার পড়ে না?

- পামিস্ট্রি বাদেও তো কত কিছু রয়েছে। 

- যেমন ফেস রীডিং?

- ঠিক তাই।

- তা আমার মুখে কিছু দেখলেন নাকি মিস্টার চন্দ্র?

- সামনের হপ্তায় কিছু উইন্ডফল মানি এক্সপেক্ট করতে পারেন।

- বলেন কী!

- অঙ্কটা হাতে পড়লে আপনার মাথা ঘুরে যাওয়া উচিৎ।  তবে কত টাকায় আপনার মাথা ঘুরবে সে ব্যাপারে আমি নিশ্চিত নই।

- পামিস্ট্রিতে আমার বিশ্বাস নেই তবে টাকায় আছে। কাজেই আপনার কথা ফললে খুশিই হবো।

- সমস্যা হল, ও টাকা আপনি ভোগ করতে পারবেন না। ও টাকা বিষাক্ত। অবিশ্যি, মানি মানেই পয়জন।

- মানুষে গুণ্ডা লাগায় শুনেছি। তবে সমু আমার পিছনে জ্যোতিষী লাগিয়েছে জেনে হাসি পাচ্ছে।

- সমু? ব্যাপারটা আমি তো ঠিক..।

- মেজোকাকা আমার নামে ওর সম্পত্তি উইল করে গেছে। সমু যদিও কাকার নিজের ছেলে কিন্তু সে একটা লম্পট৷ সে ডিজার্ভ করে না এক পয়সাও। কাকা সে'টা জানতেন। আজ সে যদি ভেবে থাকে জ্যোতিষ দিয়ে আমায় শাসাবে..।

- কোনো একটা ভুল হচ্ছে বুঝলেন..। আমার প্রেডিকশন কিন্তু খাঁটি..!

- অতগুলো সীট খালি। আপনি উঠে গিয়ে অন্য কোথাও বসবেন না আমি উঠবো?

- ইয়ে, মাইরি, আপনি নিজের বেস্পতির পোজিশনটা যদি জানতেন..।

- সমুকে এক পয়সা আমি দেব না। ওকে বলে দেবেন। রাস্কেল একটা!

***

- হ্যালো! সমুবাবু। কাজ হয়ে গেছে।

- গুড। পুলিশের নজর পড়েনি তো?

- রেলে কাটা পড়াও তো পুলিশ কেস। তবে চিন্তা নেই, ধাক্কার ব্যাপারটা কেউ ধরতে পারবে না।

- যাক।

- আমি চেষ্টা করেছিলাম কিন্তু নিরামিষ ভাবে ব্যাপারটা সলভ করতে। ভদ্রলোকের বেস্পতি যে কী ব্লাডথার্স্টি হয়ে বসেছিল সে'টা ওঁর মুখ দেখেই বুঝতে পেরেছিলাম। এত করে বোঝালাম তবু ওয়ার্নিং শুনলেন না। জ্যোতিষ ব্যাপারটাকে স্রেফ উড়িয়ে দিলেন৷ 

- অ্যাস্ট্রলজির ভাঁওতা ছেড়ে খুন করার সাইন্টিফিক প্রফেশনটা নিয়েই থাকুন না। সে'দিকেও তো কম পসার অর্জন করেননি।

- কিন্তু অ্যাস্ট্রলজিই যে আমার রিয়েল প্যাশন মশাই।।জানেন, আমার প্রেডিকশন একটাও ফেল করেনি এদ্দিনে। সে কথাই আপনার ঢ্যাঁটা দাদাটিকে বোঝাতে গেলাম। কত করে বললাম এই টাকাটা বিষাক্ত,  এড়িয়ে যাওয়াই ভালো। কিন্তু চন্দ্র জ্যোতিষীর কথা ভদ্রলোক বাসি করে ছাড়লেন। 

- থ্যাঙ্ক গড।

Monday, March 16, 2026

শুরু

- হ্যান্ডস আপ! আমার পকেটে রিভলভার আছে। কোনোরকম চালাকি করলেই পকেট থেকে বের করে গুড়ুম!

- আমোলোযা! পকেটে বন্দুক রেখে হ্যান্ডস আপ বলতে নেই, তাক করে বলতে হয়..!

- ওহ, তাই কি?

- আলবাত। সিনেমায় দেখোনি?

- তবু। হ্যান্ডস আপ করুন না প্লিজ।

- সর্বনাশ! এ লাইনে এসে "প্লিজ"? ভাই। তুমি আজ এসো। আমিও এগোই, সোয়া বারোটার লোকালটা পেয়ে যেতে পারি। আর পারলে কাল থেকে সল্টেড বাদাম বিক্রিতে নেমে পড়ো। রাহাজানিতে ফিউচার নেই তোমার।

- ইয়ে, আমার পকেটে কোনো বন্দুক নেই। জানেন। 

- আঁচ করেছিলাম। ওই নেলাবোলা রিস্ট নিয়ে পিস্তল চালানো সহজ না।

- পঞ্চাশটা টাকা দেবেন?

- না।

- কুড়ি?

- তোমার দ্বারা দেখছি বাদাম বিক্রিও হবে না।

- সরি। কিছু মনে করবেন না। আসলে প্রথম অ্যাটেম্পটেই একদম খালি হাতে ফিরব..সে'টা ভেবে একটু দমে যাচ্ছি। এমনিতে কিছু টাকা পয়সা আমার কাছে আছে। মানে, আমি বেগ করছি ভাববেন না। 

- আই সী। বেশ। এই নাও, একশো টাকা। আর শোনো, আপাতত রিভলবার যেহেতু নেই; একটা ছোরা রাখলেই পারো তো।

- থ্যাঙ্কিউ, থ্যাঙ্কিউ দাদা।

- তুমি আমায় নিতাইদা বলে ডাকবে। আমার মন বলছে আবার দেখা হবে। 

- আমার নাম..।

- যদ্দিন লাইনে আছ, কাউকে নিজের নাম বলতে যেও না। কেমন?


**

নিতাইবাবু আজ রিটায়ার করলেন। বাহান্ন বছরের কেরিয়ারে শেষ মক্কেলের পকেট কেটে মাত্র একশো সত্তর টাকা পাওয়া গেছিল। তা থেকে আবার একশো ফেরতও দিতে হলো। তবে ব্যাপারটা বেশ ভালোই লেগেছে। ছেলেটি সরলমতি, নিতাইবাবুর ভালো লেগেছে তাকে। সে ব্যাটাকে সামান্য কোচিং দিলে একটা জীবন পাল্টে যেতে পারে। এখন তো এমনিতেই অখণ্ড অবসর।

এ লাইনে নেমে নিতাইবাবু চিরকাল শুধু নিয়েই গেছেন, কিন্তু আজ সামান্য একশো টাকা দিয়ে বেশ অন্যরকম ভালো লাগলো। এ'বার কিছু ফিরিয়ে দেওয়ার সময়। কোচিং ক্লাসটা খুলে ফেললেই হয়। ট্রেনের জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে পরম তৃপ্তিতে চোখ বুজলেন নিতাইবাবু।

Thursday, December 4, 2025

মদনমোহন


চৌকির ওপর বসে বাবু মোহনদাস অসীম তৃপ্তিসহ একশো টাকার নোটের একটা ঢাউস বান্ডিল গুনছিলেন। স্যাঙাৎ মদন মেঝেয় বসে লুডোর বোর্ড পেতে লাল-হলুদে নিজের হয়ে চাল দিয়ে নীল-সবুজের নিজেকে পর্যুদস্ত করতে ব্যস্ত। রাত এখন পৌনে ন'টা। অজ গাঁ, এখানের রাত ন'টা প্রায় রাত দেড়টার সমান। তায় আবার ভরা-ডিসেম্বর, টিনের চাল ফাঁকি দিয়ে কনকনে হাওয়া মোহনদাসের গায়ের শাল ভেদ করে যেন বরফকুচি ছড়িয়ে দিচ্ছে। নেহাত সস্তা টাকায় বিস্তর গরম, তাই এই অচেনা গাঁয়ের দাপুটে শীতকে বিশেষ পাত্তা দিচ্ছিলেন না মোহনদাস। মদনের অবশ্য শীত, টাকা, চোরাইমাল এ'সবে কিছু এসে যায় না। সে লুডো-সাধক, দু'ছক্কা তিন কী'ভাবে সাজালে মুক্তিলাভ হবে, এ ধরণের চিন্তাতেই তাঁর রাতভোর হয়ে যাবে।

হুগলির অন্যতম সেরা ওয়্যাগন-ব্রেকার মোহনদাসের লেজুড় হয়ে ঘুরে সুখেই আছে বর্ধমানের মদন সাহা। এই ভবঘুরে জীবনের জন্যই যেন তার জন্ম। মোহনদাস চাইলে সে চলতি মালগাড়ি থেকে অবলীলায় ঝাঁপিয়ে পড়ে ওজনদার বস্তা কাঁধে। মোহনদাস চাইলে সে নির্দ্বিধায় পুলিশের লাঠি বা অন্য মস্তানদের লাথি পিঠ পেতে নিয়ে ফাঁকতালে নিজের কাজ হাসিল করে বেরিয়ে যায়। মোহনদাস চাইলে সে আলুপোস্ত কি মেটেচচ্চড়ি রেঁধে দুনিয়া গুলজার করে দেয়। মোহনদাসের ঠিকভুল নিয়ে মাথা ঘামানোর বান্দা মদন নয়, সে লুডো-বাউল; তাঁর আনন্দ দিনের শেষে দু'তিন দান লুডো খেলতে খেলতে কিশোরকুমারের হিন্দি গান গুনগুন করায়।

- হ্যাঁ রে মদনা, বিড়ি দে দেখি।
- এই যে...।
- এ'বারের দাঁওটা বুঝলি, ভালোই মেরেছি।
- কেয়া বাত।
- ভাবছি তোকে এ'বারে একটা নতুন শার্ট কিনে দেবো। যে'ভাবে আজ জানের ওপর খেলে তুই...।
- একটা ভালো প্রিন্ট দেখে দিও বুঝলে। ফুলফুল হলে বেশ হয়।
- মদনা। এই যে আমার হয়ে ভূতের মত খাটিস, লুটের মাল ভাগ বসাতে ইচ্ছে হয় না? শয়ে পাঁচ কি দশ তুই চাইলেই আমি কিন্তু..।
- আমি বেতন নিয়ে খাটা মানুষ গো দাদা। চুরির কয়লায় ভাগ বসালে লুডোর চাল যাবে ভেস্তে। তুমি আমায় শয়ে পাঁচ গছালে আমার রান্না আলুপোস্তের অমৃতস্বাদ আর থাকবে ভেবেছ?
- মদনা রে। তুই বড়ই হারামি।
- তোমারই আশীর্বাদ গুরু।
- বড় শীতে পেয়েছে রে মদনা। আগুনটাগুন জ্বাল। আর টাকার থলেটা সরা মাইরি। যত আপদ।
- এখুনি..। দু'মিনিটে..।
- মদনা রে, একদান লুডো খেলবি আমায় নিয়ে?
- দাদা গো, এ জিনিস তোমার সইবে না।
- আমায় কুত্তা বলছিস?
- আগুনের ব্যবস্থা করি আগে। তুমি ততক্ষণ আর একটা বিড়ি ধরাও।

Thursday, November 21, 2024

পার্টনারশিপ



- ভোলা, ওই যে, ও'টা সেই লোকটাই তো?
- আমি শিওর।
- হান্ড্রেড পার্সেন্ট?
- হান্ড্রেড? প্রায় তাই।
- প্রায় হান্ড্রেড মানেটা কী?
- এই ধর, সাতানব্বুই পার্সেন্ট।
- সাতানব্বুই?
- পঁচানব্বুই বুঝলি, নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর ধরে নে।
- আর কমাবি না তো ভোলা?
- জোরাজুরি করলে বড় জোর বিরানব্বুই পর্যন্ত যেতে পারি৷ তবে আমি মোটের ওপর শিওর এ'টাই সেই লোক।
- আবার মোটের ওপর! উফ৷ এই কনফিডেন্স নিয়ে তোর ছিনতাইয়ে নামা উচিৎ হয়নি।
- আরে ছিনতাইই তো৷ খুনখারাপি তো নয় যে ভুল লোকের পেটে ছুরি ঢুকিয়ে ফেললে "এক্সকিউজ মি, প্লিজ ডোন্ট মাইন্ড" বলে ছুরি বের করে নেওয়া যাবে না। যদি দেখি ভুল বটুয়া, এ ক্ষেত্রে ফেরত দিয়ে দেওয়া যাবে।
- তা বটে। তা'হলে এই সেই লোক যে মন্মথপুর স্টেশন রোডের এসবিআই এটিএম থেকে কয়েক বান্ডিল টাকা তুলেছে। ঠিক তো?
- সবক'টা পাঁচশো টাকার নোট ভাই গুলে৷ সব'কটা।
- ভেরি গুড৷ তারপর ভদ্রলোক গিয়ে ঢুকলেন ব্লু ফ্লাওয়ার বারে।
- আমি নিজে ফলো করেছি তো। চারটে বড় পেগ হুইস্কি সাঁটালে৷ সঙ্গে দু'প্লেট ড্রাই চিলি চিকেন।
- ব্লু ফ্লাওয়ারের চিলি চিকেনের সুনাম আছে শুনেছি৷
- এই দাঁওটা মাররে পারলে না হয় সুনামটা যাচাই করে নেওয়া যাবে। কী বলিস?
- তাই হবে৷ তা বলছিলাম, দু'জনে গিয়ে ঝাঁপিয়ে পড়ব নাকি আমি একা যাই, তুমি ব্যাকআপ হিসেবে থাকো৷ বেগতিক বুঝলে তবে ছুটে আসবি..।
- লাইনে নেমে আমার প্রথম কাজ৷ তুই একা যাবি গুলে?
- আমার এক্সপিরিয়েন্স বেশি৷ তোর এখন ইন্টার্নশিপ চলছে তো। তা'ছাড়া ব্যাকআপের কাজটা খুব সিরিয়াস ভোলা। কেউ এ'দিকে আসছে কিনা তোকে খেয়াল রাখতে হবে৷ আমি কেস কেঁচিয়ে দিলে তোকে গিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।
- বেশ৷ গুড লাক। আর শোন গুলে..।
- কী হলো?
- মনে রাখিস। আমার হাতের এই ছুরি দিয়ে পেঁয়াজ কাটতে কালঘাম ছুটে যায়৷ কাজেই আমার ডাকতে হলে জানবি বড় বিপদ। শেষে নিজের মানিব্যাগ থেকে শ'দুয়েক টাকা দিয়ে আসতে হবে।
- আসি।

**

- এই এই এই...গলায় ছুরি কেন...। এই গুলেদা..ছুরির কথা তো ছিল না।
- চোপ। অত আওয়াজ কীসের৷ ভোলা শুনতে পেলেই সব মাটি৷ ফিসফিসিয়ে বল।
- আবার ছুরি কেন..টাকা দিতেই তো এসেছি...।
- অমন ন্যালাবোলার মত সারেন্ডার করলে ভোলা সন্দেহ করবে না? টাকাটা কই।
- এই যে।
- পুরো চল্লিশ আছে?
- উনচল্লিশ। এক মত ব্লুফ্লাওয়ারে গেছে।
- তোর লজ্জা করলো না রাস্কেল?
- বা রে, অভিনয় করার বেতন নেব না নাকি।
- রিস্টওয়াচটা খুলে দে।
- এই না। বিয়েতে পেয়েছি এ জিনিস৷ টাইটানের গোল্ডেন ঘড়ি৷ দেড় হাজারের জিনিস গুলেদা। বৌ রাগ করবে।
- আরে আমি ফিরিয়ে দিয়ে দেব। আর শোন, আমার এটিম কার্ডটা দিয়ে যা।
- উফ। এ'সব না করে সোজা টাকা দিলেই তো হতো..।
- ভোলা পাত্তর মহা ঢিঁট মাল, সে ব্যাটা পার্ট টাইম ছিনতাইতে রাজি হয়ে গেল কিন্তু আমার মত গুণ্ডার থেকে ডাইরেক্ট টাকা বা সাহায্য নেবে না..।
- আজব চীজ মাইরি।
- এ'বারে ভাগ। আর ভোলা যেন তোকে পরে কোনোদিন আইডেন্টিফাই না করতে পারে..।
***
- গুনলি ভোলা?
- আরে দাঁড়া না ছাই, গুনছি তো...।
- হলো?
- উনচল্লিশ। আইব্বাস৷ এতটা ভাবিনি রে গুলে৷ তা'হলে শেয়ার কত দাঁড়ালো? সাড় উনিশ ইচ, তাই তো?
- এই ঘড়িটাও হাতিয়েছি৷ গোল্ডপ্লেটেড৷ বিদেশি ব্র‍্যান্ড।
- দেখা দেখি।
- দেখে কী করবি ভোলা৷ এ ব্যাপারে আমিই এক্সপার্ট৷ এর দাম অন্তত চল্লিশ বাগানো যাবে। এক কাজ কর, ঘড়িটা আমি রাখি৷ তুই ক্যাশটা রাখ।
- উন..উন..উনচল্লিশ রেখে দেব?
- আমার ঘড়ির দামের চল্লিশ।
- অ৷ আমার চেয়ে হাজার বেশি তো।
- এই নে৷ আরও পাঁচশো টাকা৷ হিসেব বরাবর। ঘড়ির দামের আর হিসেব চাইবি না।
- হে হে। গুলে, গলব্লাডারের অপারেশনটা তা'হলে করিয়েই নি এ'বারে..। কী বলিস?
- পরের দাঁওটা তা'হলে তোর অপারেশনর পরেই হোক?
- ভাই গুলে, মাইন্ড করিস না৷ তবে যা বুঝলাম, এ জিনিস আমার নার্ভে সইবে না রে।
- বেশ৷ তা'হলে আমার আবার পার্টনারশিপ ছেড়ে সোল-প্রোপ্রাইটরশিপে ফেরত যাওয়া।
- তথাস্তু।
- কালকেই হাসপাতালে যাস কিন্তু ভোলা..।
- হ্যাঁ। শুভস্য শীঘ্রম।

Sunday, December 31, 2023

ভোলার হিল্লে



- উফ! এদ্দিন কম ভোগাওনি মাইরি..। তিন হপ্তা ধরে চুক্কি দিয়ে কেটে পড়ছো। এ'বারে পেয়েছি! খেল খতম...পয়সা হজম..।
- ট্রিগার সত্যিই টেনে দিবি ভোলা?
- অ্যাডভান্স দশ লাখ পকেটে। বাকি দশ তোমার লাশের ছবি হোয়্যটাস্যাপ করার পর আমার বাড়ি পৌঁছে যাবে।
- দ্যাখ ভোলা, ফিনান্সিয়াল ডিটেলস চট করে অমন খুলে বলতে নেই।
- শাটাপ!
- আর তুই সত্যিই দশলাখ পকেটে নিয়ে ঘুরছিস? ও'টা পকেট না থলে?
- আরে "পকেটে টাকা" তো কথার কথা৷ মালকড়ি হাতে পেয়ে গেছি৷ এই আর কী৷
- আমার যে বড় ইচ্ছে ছিল অনেকদিন বাঁচব।
- অমন ইচ্ছে সবারই থাকে৷ তবু কত লোকে টুপটাপ বাসচাপা পড়ছে, দু'দিনের জ্বরে টেঁসে যাচ্ছে..।
- তা অবশ্য ঠিক। আচ্ছা ভোলা, আমি তো বিসনেসম্যান৷ আমি তোকে যদি কুড়ির বদলে তিরিশ লাখ দিই?
- এ লাইনে একবার টাকা নিয়ে কথার খেলাপ করলে আর দেখতে হবে না..।
- তা অবশ্য ঠিক৷ সেল্ফ রেস্পেক্ট আর বিসনেস এথিক্স জলাঞ্জলি দেওয়া চলে না৷
- চালিয়ে দিই বসন্তদা?
- চালাবি? দাঁড়া৷ একটা সিগারেট দে না তার আগে। ক্যান্সারের ভয়ে ওই নেশাটা বছরখানেক হল ছেড়ে দিয়েছিলাম৷ এখন অবশ্য সে ভয়টা অযৌক্তিক।
- বিড়ি চলবে?
- লাখ লাখ টাকা পকেটে রেখে বিড়ি ধরাস? শেম অন ইউ ভোলা৷ তুই যে এমন হাড়কিপটে সে'টা জানতাম না।
- দু'মিনিট দাঁড়াবে? এক প্যাকেট নিয়ে আসি।
- আনবি? আন।
- আচ্ছা। ইয়ে, এ'ভাবে বলতে চাইছি না। তবে লাইনের কাজ তো, বলতে হচ্ছে৷ তুমি আবার এই অন্ধকার গলি ছেড়ে সরে পড়ো না যেন৷ তা'হলে সোজা গিয়ে তোমার ফ্যামিলির ওপর হামলে পড়তে হবে আমায়..।
- তুই আমার জন্য সিগারেট আনতে যাবি, আর আমি ফাঁকি দেব ভোলা? চাপে পড়ে আমায় খুন করবি, তা'বলে এদ্দিনের পরিচয়ের কোনও মূল্য নেই? এই চিনলি তুই আমায়?
- কোন ব্র‍্যান্ড বসন্তদা?
- গোল্ডফ্লেক আন। আর দু'টো চ্যুয়িংগাম।
- সিগারেটের পরেই তো ঢিশুম৷ চ্যুয়িংগাম আবার কেন!
- প্লীজ ভোলা৷ সুমি যদি লাশের মুখে সিগারেটের গন্ধ পায় খুব রাগ করবে।
- বেশ৷ তিন মিনিটে আসছি।

***

- ভোলা৷ সুখটানের জন্য থ্যাঙ্কিউ। আর সেন্টরফ্রেশের জন্যও৷ স্ট্রবেরি ফ্লেভারটা ভারী সুন্দর। তৃপ্ত হয়ে চোয়াল চালিয়ে যাব৷
- সরি বসন্তদা।
- এ'টা তোর প্রফেশন তো। অত ভাবিস না।
- এইবারে৷ এই যে কপালে নল চাপলাম..এ'বারে চোখ বোজো..।
- আমাকে ভীতু ভেবেছিস?
- ইয়ে মানে..।
- ঠিক ভেবেছিস। ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখলে ভির্মি খাই রে। এই নে, চোখ বুজলাম। বেয়ারা, চালাও ফোয়ারা।

***

- কাজ শেষ৷ এ'বার চ' বাড়ি যাই।
- এ..এ..এ..।
- সিগারেট খাওয়ানোটাই তোর কাল হল রে ভোলা। নেশার ঋণ নিয়ে মরেছি, তাই তোকে হুট করে ছাড়তে পারছি না৷ যাক, ক'দিন না হয় তোর সঙ্গে ঘুরঘুর করব।
- যাচ্চলে। রাম রাম রাম..।
- আরে ও'সব গল্প কথা৷ রামনামে মোটেও ভয় করছে না৷ প্রমাণ দেব? শোন৷ সুর করে গাইছি কিন্তু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। কী, হোঁচট খেলাম? নার্ভাস হলাম? কাঁচকলা৷ বরং গেয়ে ভালোই লাগছে। আর ভক্তি ব্যাপারটা মানুষ ভূত সবার জন্যই উপকারী। আত্মা ইন এনি ফর্ম ইজ ভগবানের দাস৷ হরি হে দীনবন্ধু...হরি হরি।
- এ তো মহাবিপদে পড়া গেল৷ তোমার হয়ে পিণ্ডিফিণ্ডি দিতে হবে নাকি? গয়া যেতে হবে?
- মহানেকু তো তুই৷ আমি কী এমন ক্ষতি করছি তোর। শোন, আমি বিসনেসম্যান৷ কুড়িলাখ নিয়ে কী করবি সে'প্ল্যান ভাঁজতে হবে৷ নে, চট করে মোড়ের দিকে চ'৷ টোটো ধরে বাড়ি। অনেক ছক কষার আছে তারপর৷
- ভূতের আবার টোটো কীসের দরকার?
- তোর দরকার৷ এদ্দূর হেঁটে ফিরবি নাকি? কম ধকল যায়নি এই ক'হপ্তা। চোখ-মুখ বসে গেছে।
- এই তো মরলে বসন্তদা। বাড়ি যাবে না? বৌদি, ছেলেমেয়ে; তারা টানছে না?
- নাহ্৷ নিজেকে বেশ সন্ন্যাসীজসন্ন্যাসী মনে হচ্ছে। আপাতত তোর সঙ্গেই ঘোরাঘুরি করব কিছুদিন৷ তোর একটা হিল্লে হয়ে গেলে ভাবা যাবে অন্য কিছু।
- আমার হিল্লে?
- এ'খানে দাঁড়িয়েই তোর এত গল্প করতে হবে? গুলির যা আওয়াজ হল..বাপ রে বাপ৷ কানে এখনও তালা লেগে আছে মনে হচ্ছে৷ পুলিশ এলো বলে। ক্যুইক ক্যুইক।
- আগে বলো, আমার হিল্লে মানেটা কি?
- দিনরাত তো ক্রাইম করছিস আর টাকা কামাচ্ছিস। আর সে'সব গাদাগুচ্ছের টাকা বাড়ির আলমারিতে জমিয়ে রেখে পচাচ্ছিস৷ এই ইরেস্পন্সিবিলিটি সহ্য করা যায় না।
- তুমি কী করে জানলে আমার সব টাকা আলমারিতে?
- আলমারির নীচের মেঝে৷ সে'টা ফাঁপা। তার নীচে আর এক গোপন আলমারি। সে'খানে বান্ডিল বান্ডিল টাকা৷
- তুমি এ'সব জানি কী করে? কী সর্বনাশ।
- মরার আগে পর্যন্ত জানতাম না৷ মরে ওঠার পর দেখছি ত্রিকালদর্শী হয়ে উঠেছি৷ তাই বলছি, তোর আমার কাউন্সেলিং সবিশেষ দরকার। কিলো কিলো কালো টাকা জমিয়ে করবি কি? বিপদে আপদে ফ্যামিলি তো ভেসেই যাবে৷ মেডিকাল ইন্স্যুরেন্স আছে?
- মে..মেডিকাল? না।
- টার্ম ইন্স্যুরেন্স?
- কী?
- এসআইপি?
- না।
- কী আশ্চর্য গাম্বাট দ্যাখো৷ সে'টাও নেই? ছেলেমেয়ের এডুকেশন ফান্ড?
- কিস্যু নেই।
- ওহ মাই গড৷ এত হাই ইনকাম তোর, অথচ কী ইরেস্পন্সিবল। বাড়ি চ'৷ অনেক প্ল্যানিং সামনে। আগে কালো টাকা সাদা। তারপর একে একে ইনভেস্টমেন্ট৷ চিন্তা নেই,আমি সামলে নেব। ইউ আর ইন সেফ হ্যান্ডস।
- মানে আমার সঙ্গেই থাকবে?
- ওই যে বললাম, যদ্দিন না তোর একটা হিল্লে হচ্ছে। সিগারেটের ঋণ ভাইটি। চ' চ'।
- তুমি সঙ্গে আছো যখন, তখন টোটোর বদলে ট্যাক্সিই হোক।
- অমন বাটপারি খরচের কী দরকার? ওরে আমার লর্ড ক্লাইভ এলেন হে, দু মাইল রাস্তা যাবেন ট্যাক্সি নিয়ে৷ নাহ্, তোকে টাকা আর ওয়েলথের তফাৎ না বোঝালেই নয়৷ এ'বার পা চালিয়ে এগো দেখি।

Sunday, January 29, 2023

পুরীতে পল্টুবাবু



- এই যে, পল্টুবাবু।

- যাহ্‌!

- খামোখা ফাঁকি দিয়ে কোথায় আর যাবেন বলুন।

- ধ্যাচ্ছাই। গেল, সব গেল।

- এই, মদনমোহন খাবেন?

- ধুত্তোর। কী কুক্ষণেই না...।

- ওই যে ছোকরা যাচ্ছে? ওই ও'দিকে দেখুন। ওর নাম শ্রীনিবাস। স্বর্গদ্বারে যারা মিষ্টি বিক্রি করে, তাদের মধ্যে ওর প্রডাক্টই সবচেয়ে বেশি অথেন্টিক।

- আরে ধ্যার্‌ রে বাবা।

- অত বিরক্ত হচ্ছেন কেন পল্টুবাবু?

- আমি মদনমোহন খেতে চাইনা।

- মাছ ভাজা? মনোজ পাত্রের দোকানেই পাবেন ফ্রেশ মাছের গ্যারেন্টি। চলুন, মিনিট দুয়েক হাঁটতে হবে, ওই নীলাচলের দিকটায় মনোজের দোকান। খুব মাইডিয়ার ভদ্রলোক, মাছভাজার উপরি গপ্পআড্ডাও জুটে যাবে।

- আমার বয়ে গেছে মাছভাজা খেতে।

- মদনমোহন নয়। মাছভাজা নয়। বেশ, একটা মাঝামাঝি রফা করা যাক। চলুন, লেবু চা আর শিঙাড়া খাওয়া যাক। এদের শিঙাড়াগুলো চিমসে কিন্তু ভারি মুচমুচে।

- দেখুন গোলকবাবু, আমি এই মুহূর্তে কোনও কিছুই খাওয়ার দরকার দেখছি না।

- বেশ। তাহলে হাওয়া খাওয়াটাই হোক। আপনার পাশেই থাকি না হয় খানিকক্ষণ।

- আমি কি রোমান্টিক নায়িকা? আমার পাশে থাকার কী হল?

- আরে মশাই, পুরীতে দেখা হল। এরপর আমি চা শিঙাড়া পমফ্রেটভাজা সাঁটিয়ে ঘুরব, আর আপনি খিটমিটে মুখ নিয়ে একা বসে থাকবেন। তা কী করে হয়।

- উফ, কথাবার্তায় গা জ্বলে যায়।

- খুব মনখারাপ পল্টুবাবু?

- বিরক্তি। আর বিরক্তিটা টোটালি আপনার ওপর কনসেন্ট্রেটেড।

- আচ্ছা, বেশ। বিরক্তি কাটানোর একটা শিওরশট উপায় আমার জানা আছে। চলুন, এক বোতল হুইস্কি কিনে বাড়ি ফেরা যাক। দু'পাত্তর পেটে পড়লেই দেখবেন বিরক্তি হাওয়া।

- আপনি মদ খান?

- সন্দেশ ব্যাপারটাই ফার্স্ট প্রেফারেন্স যদিও।

- গোলকবাবু। আধঘণ্টা বসি না।

- বসুন না, তাড়া কিন্তু সত্যিই নেই। মদনমোহনের অফারটা কিন্তু জেনুইন ছিল।

- কী'ভাবে জানলেন আমি পুরীতে?

- গতবার কী'ভাবে জেনেছিলাম আপনি দেওঘরে? তার আগেরবার শ্রীরামপুরে? নেটওয়ার্কের গুণে পল্টুবাবু।

- দারোগা হিসেবে আপনার এলেম আছে। কী জানেন, আরও দিন দুয়েক থাকার বড় ইচ্ছে ছিল। পুরী জায়গাটা সত্যিই বড় চার্মিং।

- বেশ তো, পরেরবার ওই দেওঘরটেওঘর না গিয়ে এ'খানেই আসবেন।

- আর অমনি আপনি টপ করে এসে আমায় অ্যারেস্ট করে নিন আর কী।

- এ'বারে দাঁওটা বেশ বড়ই হাঁকিয়েছেন। এক্কেবারে ব্যাঙ্কের লকার!

- দেখুন, এ বয়সে তো আর টাকার লোভে লাইনে নামি না। তবে একটু এক্সারসাইজের মধ্যে না থাকলে ফিটনেস কমে যাবে। যাক গে। পুরী এসে ভেবেছিলাম দিন চারেক গা-ঢাকা দিয়ে, এই সমুদ্র উপভোগ করা যাবে। গোলকদারোগা যে' এ'ভাবে সব মাটি করে দেবে তা ভাবতে পারিনি।

- সরি। কী করি বলুন, আপনার আর্টের প্রতি একটা আলগা রেস্পেক্ট আমার আছে বটে। তবে পুলিশ হয়ে জীবন কেটে গেল তো, অভ্যাস কাটানো সম্ভব নয়।

- বেশ। আর কথা বাড়িয়ে লাভ নেই। চলুন। তা ট্রেনে ফেরত নিয়ে যাবেন না ভ্যানে পুরে?

- পল্টুবাবু।

- ট্রেন না ভ্যান?

- সে'টা এখনও ঠিক করিনি। ভাবছি তাড়াহুড়ো করব না।

- মতিগতি ভালো বুঝছি না আপনার। চোরছ্যাঁচড় মানুষকে আশা করি এনকাউন্টারে উড়িয়ে দেবেন না। অবশ্য আপনার যেমন আলাভোলা মাস্টারমশাই টাইপ পার্সোনালিটি, ও'সব আপনার ধর্মে সইবে না।

- পল্টুবাবু। ইয়ে, একটা অপ্রাসঙ্গিক কথা। একটা বিশ্রী অসুখের পাল্লায় পড়া গেছে।

- কত বিশ্রী?

- কী রোগ জিজ্ঞেস করবেন না?

- আমি তো আপনার শ্যালক নই। ইয়ারদোস্তও নই।

- তা বটে।

- কত বিশ্রী? গোলকবাবু?

- কপাল ভালো হলে মাস দশেক। কপাল মন্দ হলে...।

- এই সেরেছে। এর মধ্যে আপনি চোর ধরতে বেরোলেন?

- হেহ্‌। ওই যে। আপনি আমার শালা নন, বন্ধুও নন। অথচ আমাদের পরিচয় কদ্দিনের। আমার আশা, আপনি অন্তত হা-হা করে উঠবেন না। সে ভরসাতেই আপনাকে খুঁজে বের করা। কদ্দিন এমন কাউকে পাইনা যে আমার সিচুয়েশনটা পাত্তা না দিয়ে আমার সঙ্গে গল্প করতে পারে। সে'টাই অবশ্য তাঁদের ভালোবাসা। কিন্তু কী জানেন পল্টুবাবু...।

- ভালোবাসা-টালোবাসা তো অনেক হল। এ সময়ে তার চেয়েও বেশি দরকার হল মদনমোহন, শিঙাড়া আর মাছভাজা ভাগ করে নেওয়ার পার্টনার। তাই তো?

- হে হে হে। তবে ইয়ে, অ্যারেস্টটা কিন্তু করতেই হবে। প্রফেশনাল কমিটমেন্ট বলে কথা। তবে অ্যারেস্টের ব্যাপারটা কাল দুপুর নাগাদ সারলেও হবে।

- বেশ। সে হবে'খন। দেখুন, আপনি কিন্তু ভাববেন না যে আমার বিরক্তি কমে গেছে। নেহাত পড়ে পাওয়া পুরীতে একটা এক্সট্রা বেলাকে সম্পূর্ণ উপভোগ করতে চাইছি।

- এই তো বাঘের বাচ্চার মত কথা পল্টুবাবু।

- কাল দুপুরে হাতকড়া পরাবেন। বেশ। ঠিক হ্যায়। মানে বড়জোর ওই আঠেরো ঘণ্টা মত সময় আছে। চালিয়ে খেলতে হবে দেখছি। তা, চট করে আপনার ওই মদনমোহনওলা কে ডাকুন দেখি। তারপর আপনাকে একটা সুঁড়িখানায় নিয়ে যাই।

- মদ খেয়ে আউট হব পল্টুবাবু?

- এ সুঁড়িখানার নাম কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। দু'পাত্তর রাবড়ি, নীট। দেখবেন হাইক্লাস ঝিমঝিম কাকে বলে।