Wednesday, September 9, 2026

ইডিয়ট

- মিস্টার দত্ত। আপনার ফাইনাল সেটলেমেন্টের কাগজপত্র হিসেবনিকেশ সমস্ত মেল করে দিয়েছি। তিনমাসের স্যালারির যে কম্পেনসেশনটা, ও'টা আগামীকালের মধ্যে ক্রেডিট হয়ে যাবে।
- থ্যাঙ্ক ইউ সুবিমল।
- কিছু যদি মনে না করেন..এরপর কিছু ভেবেছেন?
- ভাবার সময় পেলাম কই সুবিমল..এই আজ সকালেই তো। আর দুপুরের মধ্যেই..হেহ্। ফাইনাল সেটলমেন্ট।
- আই অ্যাম রিয়েলি সরি।
- কফি খাওয়াবে? বেরোবার আগে গলাটা না ভিজিয়ে নিলেই নয়।
- অফ কোর্স। অফ কোর্স।

***

- বুড়ো, একটা গোল্ডফ্লেক দে।
- ব্যাপার কী গুরু। আজ তো শুক্রুবার। আজ তো প্যাকেট নেওয়ার দিন।
- সিগারেট এ'বার ছেড়ে দেব। ধীরেসুস্থে।
- হঠাৎ?
- চিন্তা করিস না। পান খাওয়া বাড়াব। খয়ের ছাড়া সাদা পান।
- শরীরটরীর ভালো তো গুরু?
- দিব্যি। দে দেখি একটা পান। তবে আজ সাদা না। উর্দুতে যাকে বলে বনারসি মিঠা।
- এই দিই। গুরু। একটা রিকুয়েস্ট ছিলো।
- ইরশাদ।
- ওই যে তোমায় বলেছিলাম না, একটা ফ্রিজ নেওয়ার বড় দরকার দোকানের জন্য। তা হাজার পাঁচেক কম পড়ছিল। আমার বলতে ভারি লজ্জা লাগছে কিন্তু তুমি মাইরি ইয়াব্বড় চাকরি করো। তাই..।
- ইউপিআই করে দিচ্ছি। ভালো ব্র্যান্ডের নিস বুড়ো।
- গুরু আমার ফেরত দিতে কিন্তু কিছুটা সময় লাগবে..।
- আমারও সিগারেট ছাড়তে কিছুটা সময় লাগবে।

**

- এই সময় তুমি হুট করে দিয়ে দিলে পাঁচ হাজার?
- ইয়ে মানে। আসলে বুড়োর দরকারটা কিন্তু জেনুইন।
- জাস্ট দিয়ে দিলে?
- জাস্ট দিয়ে দিলাম। বোকামো হলো তাই না? মাইরি তখন আমার মনে হচ্ছিল বটে..। মেয়ের স্কুলের ফিজ, বাড়িভাড়া..। কিন্তু তা সত্ত্বেও..এহ হে..।
- এই যে তুমি হুট করে দিয়ে দিতে পারলে..।
- জাস্ট দিয়ে দিলাম..।
- দিও। নিশ্চিন্তে দিও। এ'ভাবে দিতে পারো বলেই আমি নিশ্চিন্দি। এই দিতে পারাটাই তোমার স্ট্রেন্থ। তোমার মত মানুষ বেশিদিন কর্মহীন হয়ে থাকতে পারবে না। গ্যারেন্টি দিলাম। ছোটমামাও তাই বলছিল আজ ফোন করে।
- হে হে হে। তুমিও মাইরি..আমাদের সংসারের যে কী হাল হবে। তবে কী জানো, এই যে আমায় বেকার না বলে কর্মহীন বললে; তা'তে ইজ্জতে সামান্য মলম পড়লো। ভাষার কী গুণ সুমি।
- দু'টো নতুন টিউশনি পেয়েছি।
- দু'মাসের এক্সট্রা স্যালারি ঢুকবে। তোমার নতুন টিউশনি। চলো তিনজনে সিনেমা দেখে আসি।
- বড়মামা সাধে তোমায় উড়নচণ্ডী ইডিয়ট বলে?

No comments: