Wednesday, September 9, 2026

নির্ভীক

এমনিতে এ'সব কথা নিজের মুখে বলতে চাই না। তবু কী মনে হলো আজ, ভাবছি বলেই দি।

আমি যেই যুক্তিগুলো দিই; বলতে বাধ্য হচ্ছি যে সে'গুলো এক কথায় দারুণ। এক্কেবারে সত্যনির্ভর, অঙ্ক কষে বলা। প্রবলভাবে সোজাসাপটা, নিরপেক্ষ আর মারাত্মকভাবে অ্যানালিটিকাল। অথচ আমার কথার বিরুদ্ধে সবাই যে যুক্তিগুলো দেয়, একরাশ হতাশা নিয়ে বলতে বাধ্য হচ্ছি যে সে'গুলো নেহাতই বোকাপাঁঠাদের তর্জন-গর্জন।

আসলে কোনো ব্যাপারেই আমি নিজের কথা আগে ভাবতে পারি না। এ'টা এক ধরণের রোগ বলতে পারেন; আমি যাই ভাবি তা সবার আগে দেশের আর দশের জন্য। আমি কে? আমি কেউ না। মানুষই সব। এই দরদী পার্স্পেক্টিভটা আছে বলেই আমার যুক্তিগুলো হয়ে ওঠে অপরাজেয়, অকাট্য। সেই অকাট্যতা অবশ্য লোকে সবসময় ধরতে পারে না। তবে তা'তে আমার কিছু এসে যায় না; লোক না পোক।

কী করি বলুন, আমার এই নির্ভীক নেচারটা নিয়েই যত ট্রাবল।

No comments: