Showing posts with label দিল্লী-মুম্বই. Show all posts
Showing posts with label দিল্লী-মুম্বই. Show all posts

Wednesday, September 9, 2026

হেস্টিটেস্টি


মুনিরকায় বছর দুই কেটেছে। সে দু'বছরের গুরুত্ব কুড়ির সমান। সে সময়ে জরুরী ইয়ারদোস্ত জুটেছে, রকমারি পাখনা গজিয়েছে এবং যথাযথ ভাবে ছাঁটা হয়েছে।

যা হোক, তখন ছাত্র। অতএব বারফট্টাই হতো হিসেব কষে। মাসে বারদুয়েক; বাড়তি দু'পয়সা জমলে আমরা যেতাম মুনিরকার ক্যাপিটল কোর্টের চাউমিন স্টল হেস্টিটেস্টিতে। আমাদের স্ট্যান্ডার্ড অর্ডার ছিল হাফপ্লেট মিক্সড সিঙ্গাপুরি চাউমিন। সঙ্গে দিত অঢেল চিলি সস, টমেটো সস, ভিনিগার আর সোয়্যা সস। চাউমিনটা অবশ্য বেশ মশলাদার হত, দিল্লীর রাস্তার জমজমাট চাইনিজ ঠেলাগুলোয় যেমনটা পাওয়া যায় আর কী; তবে হেস্টিটেস্টির কোয়ালিটি তার এক দাগ ওপরেই থাকতো।

বছর কুড়ি পর মুনিরকা ফেরত গিয়ে সোজা গেছিলাম হেস্টিটেস্টিতে। আইন মেনে অর্ডার দিলাম হাফপ্লেট মিক্সড সিঙ্গাপুরি চাউমিন। চাকুরে বয়সের রোয়াব দেখিয়ে একটা কোকাকোলাও বলা হলো। কী অবাক কাণ্ড; এদ্দিনে গোটা দুনিয়া এস্পারওস্পার হয়ে যাওয়ার জোগাড় অথচ হেস্টিটেস্টির সিঙ্গাপুরি চাউয়ের স্বাদ সেই একই রয়ে গেছে, তার আদি জৌলুস এক ফোঁটাও কমেনি।

সূর্য লামার দোকান

সূর্য লামার ভার্সোভার 'দোকান'টার রমরমা মূলত ওদের চমৎকার কোয়ালিটির রকমারি মোমোর জন্য। কিন্তু ওদের এই তৈলাক্ত মশলায় ভরপুর এগ-চিকেন চাউমিনটার প্রতি যে আমার কী টান। খুব অদ্ভুত ভাবে ওদের এই চাউমিনে দার্জিলিংয়ের রাস্তার ধারের দোকানের ফ্লেভারের সঙ্গে দিল্লীর ঠেলায় বিক্রি করা চাউমিনের স্বাদ এসে মেশে। এর একটা কারণ বোধহয় দিল্লীর অনেক চাউমিনের স্টল চালান দার্জিলিং থেকে আসা মানুষজন।

এমনিতে আমার সাদামাটা চাউমিনই বেশি পছন্দ। কিন্তু এই মশলাদার লালচে চাউমিনের প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয়েছিল ছাত্র-বয়সে মুনিরকায় দু'বছর থাকাকালীন। ও জিনিস খেতে হয় কাগজের প্লেটে (নিদেন পক্ষে রঙচঙে সস্তা প্লাস্টিকের প্লেটে), প্লাস্টিকের ইউজ অ্যান্ড থ্রো কাঁটাচামচ দিয়ে। সত্যি বলতে কি কলকাতার সুস্থ চাউমিন খাওয়া মানুষজন রুচিতে খাপ নাও খেতে পারে এ জিনিস। কিন্তু অ্যাকোয়্যারড টেস্টে খেললে এই লালসেলাম চাউমিন বেশ রিওয়ার্ডিং হয়ে উঠতে পারবে। টানটান ঝাল, টানটান নুন, ডিম মুর্গি মেশানো, ওপরে সামান্য কাঁচাপেঁয়াজ-লঙ্কাকুচি ছড়িয়ে দেওয়া; ডেলিশাস! দিল্লীর সে'সব মনোরম সন্ধে ভোলার নয়। দিল্লীতেই কোনো রেস্টুরেন্টে ঢুকলে কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না। দার্জিলিংয়েও ঘুরতে গিয়ে শহরের এ'দিক ও'দিকে রাস্তার ধারে দাঁড়িয়ে যে সব চাউমিন খেয়েছিলাম, তা'তেও মশলার সেই নির্দিষ্ট দমকটা ছিলো বটে। অবশ্য দার্জিলিংয়ের হাওয়ার গুণেই হয়তো সে জিনিস স্বাদের দিক থেকে আরো দু'কদম এগিয়ে।

বম্বের সূর্য লামার চাউমিনে সত্যিই সে অর্থে দিল্লীর ফুটপাথ আর দার্জিলিঙের রাস্তা এসে মিশেছে। এইত্তো আগের দিন ভাবলাম দু'জনে মিলে একপ্লেট ভাগ করে খেলেই হয়ে যাবে; কারণ পাশাপাশি যথেষ্ট মোমোও অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু ব্যাপারটা এতটাই সরেস যে বাধ্য হয়েছিলাম শেষপাতে আর এক প্লেট অর্ডার করতে।

ওয়ার্থলেস



- এই বিশাল জমকালো ব্যাপারটার দিকে চেয়ে দমে যাচ্ছি না, জানো। হিংসে হচ্ছে না। গলা শুকিয়ে কাঠ হচ্ছে না। সবচেয়ে বড় কথা, স্কাইস্ক্র‍্যাপারগুলো ছাপিয়ে ওই যে সন্ধের আকাশ, এই সমুদ্র; এ'গুলো আমায় বেশি টানছে। এই ছেলেমানুষিটা কি একদম ওয়ার্থলেস সমুদা?

- ওয়ার্থলেস নয় বলেই তো তোকে টেনে নিয়ে আসা ভাই।

- মানে দ্যাখো, পকেট গড়ের মাঠ। ছোট্ট যে চাকরিটা টেনেহিঁচড়ে চালিয়ে যাচ্ছি তা'তে প্রাণ ঝলসে যাওয়ার উপক্রম। তবু বম্বে আমায় গিলে খেতে পারছে না। তবু এই ভিড়ভাট্টার মধ্যে আমি ইন্সপ্যায়ার হওয়ার হাজারটা কারণ খুঁজে পাচ্ছি। এরপরেও বলবে আমার ফিউচার ব্লীক?

- সন্ধেটা ঝলমল করছে। সে'টা তুই খেয়াল করছিস। অবজার্ভ করে উচ্ছ্বসিত হচ্ছিস। সে উচ্ছ্বাসে আমায় টানছিস। তোর ফিউচার নিয়ে অন্তত আমার চিন্তা নেই।

- অথচ বাবা দিনরাত চিন্তা করে। মা করে দুশ্চিন্তা।

- তারা কোথায় কোন ব্যান্ডেলে বসে আছে। হাজার মাইলের তফাতে। তোর পাশে বসে তো আর তাঁরা এই সন্ধেটা অনুভব করতে পারছে না। তোকে ছুঁয়ে তোর হুজুগের জোরটা আঁচ করতে পারছে না। তাই তাঁদের চিন্তা। তাঁদের সে চিন্তা কেড়ে নিতে যাস না। সে চিন্তাটুকুই তাঁদের মেরিনড্রাইভের সানসেট।

- এ জন্যই তোমার ডাকে লোকাল ট্রেন ঠেঙিয়ে এদ্দূর আসা। বুঝলে সমুদা?

Sunday, March 8, 2026

অবশেষে



অবশেষে
অন্ধকার কেটেছে, ঝড় থেমেছে।

ঝগড়াবিবাদ মিটিয়ে নিয়ে সাদাসিধে মানুষের দল যে যার বাড়ি ফিরেছে।
পুড়ে যাওয়া ট্রান্সফর্মার সারাই হওয়ায় তিনদিনের লোডশেডিং পর্বে ইতি টানা গেছে।

বৃষ্টি থামায় পিচ থেকে কভার সরিয়ে ডাকওয়ার্থ ল্যুইসের অঙ্কে মন দেওয়া গেছে।

সাতটা পোস্টকার্ডের খোঁচা দিয়ে একটা পেল্লায় ইনল্যান্ড লেটারি উত্তর আদায় করা গেছে।

অবশেষে
বম্বের পাড়ায় পাতে দেওয়ার মত ডিমতড়কার সন্ধান পাওয়া গেছে।

Wednesday, December 31, 2025

ব্যালকনির ব্যবসা



বম্বের ঘুপচি ফ্ল্যাটে বাস। এ শহরে সুন্দর দরদী ব্যালকনি দেখলে মন উদাস হয়ে যায়। এ'খানে মিনিট কুড়ির স্লট হিসেবে ব্যালকনি ভাড়া দেওয়ার সিস্টেম শুরু করলে আমার মত অজস্র খদ্দের জুটে যাবে বলে আমার বিশ্বাস। পরিষ্কার মেঝে, একটা মোড়া আর এক কাপ চা দিলেই হবে। সে বাহানায় আবার ব্যালকনিটকে রেস্টুরেন্ট বানিয়ে দিলে চলবে না, ঘরোয়া আমেজ থাকতে হবে আর সে'খানে আমি একা বসে থাকবো। এই ধরুন ইচ্ছে হলো, একটা কমলালেবু বা এক প্যাকেট বাদাম নিয়ে চলে যাব, খানিকক্ষণ বসে পকেটে খোসা বা খালি বাদামপ্যাকেট চালান করে নেমে আসবো। 


একা মানুষের মৌজ করে বিকেল-সন্ধ্যেয় ব্যালকনিতে বসে চা খাওয়ার ইচ্ছেটা কি শুধু স্কোয়্যার ফিটের নির্মম অঙ্কে নষ্ট হবে? উচিৎ নয়।

শাসমলবাবু ও বম্বের আমেজ


- হ্যালো, শাসমলদা!
- আরে দত্ত যে। কদ্দিন পর ফোন করলে। তা তোমরা আছ কেমন সব কলকাতায়?
- এই চলে যাচ্ছে দাদা। আমাদের আবার থাকা আর না থাকা। আপনি বরং বম্বের খবরটবর বলুন..।
- বম্বে মানেই তো হাইভোল্টেজ অ্যাকশনের জায়গা ভায়া। ওই, হ্যাপেনিং যাকে বলে। এ তো আর ক্যালক্যাটা পাওনি যে সময় থমকে থাকবে। এ'খানে সময়ের দাম আছে।
- সে তো বটেই৷ তা ও'দিকে এখন ওয়েদার কেমন শাসমলদা? শীতটীত পড়েছে কি?
- শ..শী..শীত...ইয়ে মানে। বাতাসে একটা প্লেজ্যান্ট ইয়ে আছে কিন্তু। রাতে ফ্যানের স্পীড কমিয়ে দিতে হচ্ছে।
- বাহ্‌। বিউটিফুল। ওটাই আইডিয়াল বুঝলেন। এ'বার আবার কলকাতায় বেশ ঠাণ্ডা পড়েছে। এই দেখুন না এখনও শালমুড়ি দিয়ে বসে। এ'সব আবার বাড়াবাড়ি। বম্বের টেম্পারেচার ব্যালেন্সটা বেশ ঈর্ষনীয়।
- যাকেগ বাদ দাও সে'সব কথা। গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে আবার শীত কীসে।
- এটা একদম মোক্ষম কথা বলেছেন। এ শীত আজ আছে কাল নেই। এর আবার কী ভ্যালু। ফালতু যত জয়নগরের মোয়া বিক্রির মার্কেটিং গিমিক আর কী।
- অ। মোয়া উঠেছে বাজারে?
- আরে বেশিরভাগই ফ্রড। তবে বাধ্য হয়ে খুঁজেপেতে দু'এক বাক্স মাঝেমধ্যে আনছি। ওই, হুজুগ আর কী। তবে কলকাতার আর কিছু হওয়ার নয় কিন্তু বুঝলেন। ও'দিকে বম্বের যে একটা আমেজ..।
- ঠিক। ঠিক বলেছো দত্ত। আমেজ। একবারে আসো দেখি এ'দিকে। দেখে যাও আরবসাগরের চার্ম কাকে বলে।
- যাবো। নিশ্চয়ই যাবো। শুধু নলেনের সিজনটা কেটে যাক। বোঝেনই তো, আজকাল জেনুইন নলেনের উইন্ডো এত শর্ট। কলকাতা জাস্ট গোল্লায় গেছে। মাস দেড়েকের বেশ হাইকোয়ালিটি গুড়ের সন্দেশ আর রসগোল্লা পাওয়ার উপায় নেই। জাস্ট ফালতু জায়গা।
- নলেন৷ রসগোল্লা। হুম৷
- ও কী। কিছু ভাবতে বসলেন নাকি?
- না না। আমার আজকাল মিষ্টি তেমন পোষায় না বুঝলে। হেলথের ব্যাপারে একটু নজর দিচ্ছি কিনা।
- হক কথা। মিষ্টি তো নয়। বিষ বিষ। আমার গিন্নীর আবার এই এক রোগ বুঝলেন শাসমলদা। সোয়েটার ট্রাঙ্ক থেকে বেরোতে না বেরোতেই পিঠেপুলির বাই। আরে বাবা ঠাণ্ডা পড়েছে আর গুড়ের সাপ্লাই আছে মানেই কি সাপের পাঁচ পা দেখতে হবে নাকি? ডায়াবেটিস হলে কে দেখবে?
- দত্ত। তোমার সঙ্গে বাজে গল্পের সময় আমার নেই। কাজকর্ম নেই নাকি তোমার? অত খেজুরের সময় পাও কী করে? ফোন রাখো তো। যত সময় নষ্ট। এ'টা আমার এখন বড়াপাও খাওয়ার সময়। তুমি ফোন রাখো।
- ওহ। বড্ড হিংসে হচ্ছে শাসমলদা। কোথায় আপনার সেই ফ্যান্টাস্টিক বড়াপাও। আর কোথায় আমার সামনের এই বাটিতে রাখা সমরদার মিষ্টির দোকানের একজোড়া ফুলকপির শিঙাড়া। নাহ, মুখটা বিস্বাদ হয়ে গেলো।
- ব্যাটাচ্ছেলে দত্ত! তোমায় আমি জুতোপেটা করবো!

Thursday, December 4, 2025

এক টুকরো বাড়ি ও বাড়িফেরা


কবে কোন কালে, ফুলিয়ায়, হাইওয়ে ঘেঁষা একটা জরাজীর্ণ হোটেলে বসে এই চাউমিন খেয়েছিলাম। যদ্দূর মনে পড়ে লাঞ্চ করা হয়নি সময়মত, পেটে আগুন খিদে। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই এগ-চাউমিন মুখে দিয়ে যে কী অপার তৃপ্তি পেয়েছিলাম। আমার নাকে সে চাউমিনের গন্ধ এখনও লেগে আছে। মাঝরাতে বম্বের এই ফ্ল্যাটে বসে, এদ্দিন পরেও দিব্যি সে বিকেলের স্বস্তি অনুভব করতে পারছি।

পুরনো ছবিগুলো দেখি আর এ'রকম কত পুরনো গন্ধ নাকে এসে ঠেকে (আমি বোধ অলফ্যাক্টরি গোত্রের মানুষ)। বাড়ি ফেরার ইচ্ছে হয়। পলিটিক্স ছাড়া সত্যিই বোধ হয় কিছু হয় না। "আমি এপলিটিকাল" সে কথার মধ্যেও মারাত্মক রাজনীতি লুকিয়ে আছে। তবু কেন জানি না ভাবতে ইচ্ছে করে যে বাড়ি ফিরতে চাওয়ার মধ্যে পলিটিক্স নেই।

বাড়ি ফেরা কী? তার উত্তর জানা থাকলে বর্তে যেতাম। মাঝেমধ্যে হাজার ঝড়ঝাপটার মধ্যে অফিসে নিজের চেনা (এবং অগোছালো) কিউবিকেলটাও স্বস্তি দেয়। সে'টার মধ্যে কি সামান্য বাড়িত্বও নেই? নির্ঘাৎ আছে। ইয়ারদোস্ত বললে "দেখা কর রে রাস্কেল", তার মধ্যেও বাড়ির গন্ধ। ভালো বই। প্রিয় গান। ছবির অ্যালবাম। বেশ খানিকটা কলকাতা। কতরকমের গন্ধ, কত রকমের টান।

একজন মানুষ প্রাণপণে বাড়ি ফিরতে চাইছে, প্রতিটা মুহূর্ত সে ফন্দি এঁটে চলেছে, ছক কষে চলেছে। প্রতিদিন বেশ কয়েকবার মন গা-ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বলছে "এইত্তো বাড়ি", আবার তারপরই হাজারবার মনে হচ্ছে "ফেরাটেরা আর হচ্ছে না ওস্তাদ"। বহুবছর আগের সে এক ফুলিয়ার ধাবার প্লাস্টিকের চেয়ার-টেবিলে বসে চাউমিন খেতে খেতে দেখেছিলাম সন্ধে হচ্ছে। আজ সে ছবি দেখছি আর ভাবছি "ফেরাটেরা হচ্ছে না ওস্তাদ, হচ্ছে না"। কী অদ্ভুত, কী বিশ্রী, কী সুন্দর।

Sunday, June 1, 2025

জুহু হন্টন



জুহু চৌপাটির বীচে নামা মানেই ভিড় আর বেশ খানিকটা জঞ্জাল। তবে আধমাইল মত হাঁটতে পারলেই (নভোটেল ছাড়িয়ে) ভিড় পাতলা হয়ে আসে, বীচটাও ও'দিকে খানিকটা চওড়া। আরও এগিয়ে গেলে বেশ নিরিবিলি। পা ছড়িয়ে বসা যায়, জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে থেকে ঢেউ-থেরাপিও নেওয়া যায়, অথবা স্রেফ হেঁটে এগিয়ে যাওয়া। রাতের দিকে রোদ্দুরের হ্যাপা নেই, আর নেই মিষ্টি হাওয়ার অভাব। আজ বৃষ্টি না থাকলেও ও'দিকের সমুদ্রের হাওয়ায় দিব্যি জোলো ভাব। অতএব সে' এলাকায় হাফপ্যান্ট মেজাজে মিনিট চল্লিশ হাঁটার ইম্প্যাক্ট সেলুনের চেয়ারে বসে নবরত্ন তেলমালিশ করানোর সমান।

রাত সাড়ে আটটার মধ্যে ডিনার সেরেই বেরিয়েছিলাম, অতএব খাবারদাবারের স্টলে সময় নষ্ট করতে হয়নি। শুধু বাড়ির পাশের পার্কের বদলে আরবসাগরের পাশে হাঁটা। পার্কে হাঁটলে কানে ইয়ারফোনের দরকার পড়ে, সমুদ্রের পাশে সে'সবের দরকার পড়ে না। ফেরার আগে চৌপাটির উল্টোদিকের পানের দোকান থেকে হাইক্লাস কলকাত্তা মিঠা মুখে না দেওয়ার কোনো মানে হয় না। আর বাড়ি ফেরার পথে চারবাংলোর বাজার হয়ে আসা, সে'খান থেকে সামান্য বেলফুল না কিনলেই নয়। একা সমুদ্রদর্শন সেরে বাড়ি ফিরলে সামান্য ঘুষ দেওয়ার দরকার তো পড়বেই।

দ্য গ্রেট মুম্বই সিক্রেট



মুম্বই বড়াপাউরুটি নিয়ে উপন্যাস-কবিতা লিখবে, ট্রেনের ভিড় নিয়ে স্পিরিট বিষয়ক লেকচার দেবে, তবু নিজের তুরুপের তাসটা সচরাচর বের করবে না: একটা আস্ত সমুদ্র। রোব্বারে রাস্তায় জ্যাম নেই, মানুষ তাড়াহুড়ায় তালগোল পাকিয়ে হদ্দ হচ্ছে না, সেই সুযোগে সকালে গিয়ে যে কোনো বীচে গিয়ে দাঁড়ালেই মনে হয় দু'দণ্ড বসি, গুনগুনিয়ে গান গাই (ঢেউ ভাঙার শব্দের সে অ-সুর অন্য কারুর কানে পৌঁছবে না), ধীরে সুস্থে হাঁটাহাঁটি করি, সামান্য জিরিয়ে নিই।

অফিস-বাড়ির কাজে এ সমস্ত কিছুতে পেষাই হওয়ার ফাঁকে হপ্তায় একদিন আরবসাগর সুরসিক গপ্পিয়ে গাইয়ে মেজমামার মত মাদুর পেতে হারমোনিয়াম নিয়ে বসে আছে। সেই শেল্টার ক'টা তাবড় শহরে মেলে? অথচ এই বিশাল ব্যাপারটাকে একটা তাবড় ট্রেডসিক্রেটের মত চেপেচুপে রাখাটাই এ শহরের 'রিলিজিয়ন'।

ব্যান্ডস্ট্যান্ডের চিঠি



ব্যান্ডস্ট্যান্ডের সিঁড়িগুলো বেয়ে নেমে এসে একটা জুতসই পাথর বেছে নিয়ে ছড়িয়ে বসলেন অমিতাভ। ঢেউগুলো খানিকটা দূরেই ভেঙে যাচ্ছে, জলের ছিঁটে আসছে না বটে কিন্তু মোলায়েম শব্দ আর হাওয়া মিলেমিশে একটা ভালো ইয়ে তৈরি হচ্ছে। ইয়ে শব্দটা মাঝেমধ্যেই ব্যবহার করেন অমিতাভ; শব্দটা ভারি কাজের; "এফিশিয়েন্ট"।

ইয়ে প্রসঙ্গে অমিতাভর মনে পড়লো বুক পকেটে রাখা চিঠি। চিঠি, এই শব্দটাই আজকাল কত কম ব্যবহার হয়। বুক পকেটে হাত রাখলেন ভদ্রলোক, সুতির ও'পাশে কাগজ। নরম অথচ খসখসে, বেশ একটা ইয়ের ব্যাপার। ভালো লাগাটাকে পাত্তা দিয়ে ঠ্যাঙজোড়া সামান্য লম্বা করলেন তিনি। হাওয়া উড়তে থাকা চুলে আঙুল চালালেন। চেষ্টা করলেন তপন সিনহার নির্দেশনার ফিল্টারে নিজেকে নায়ক হিসেবে ভাবতে। ইয়েটা জমাট হলো।

অমিতাভ মনে মনে হিসেবে করার চেষ্টা করলেন, ঠিক এই মুহূর্তে ক'জন চিঠি পকেটে সমুদ্রের দিকে তাকিয়ে আছে? এই মুহূর্তের পৃথিবীতে ঠিক সেই মানুষগুলো অমিতাভর আত্মীয়। নাহ, সমুদ্রের মধ্যেই একটা বিশ্রীভাবে ভালোলাগা ইয়ে আছে।

সাইকেল থেরাপি



ডেকাথেলন থেকে কেনা সাইকেলটার বয়স প্রায় এক বছর হতে চললো। দিব্যি চলছে। একটা ফ্রি সার্ভিসিং পাওনা ছিল, দিন দুই আগে করিয়ে আনলাম। তা'তে ব্যাপারটা আরও স্মুদ হয়েছে। আমাদের সাইকেলের ব্যবহার ঠিক ফিটনেস এন্থুসিয়াস্ট হিসেবে নয়। বাবা ও'টা চালিয়ে রোজ রীতিমতো বাজারঘাট ঘুরে আসে, পঁচাত্তর বছর বয়সে অবশ্য সে'টাকে জিম হিসেবে ধরে নেওয়া উচিৎ । ছুটির দিন সকালে বা অফিস থেকে ফিরে সন্ধের দিকে আমি মাঝেমাঝে সাইকেল নিয়ে বেরোই, স্রেফ হাওয়া খেতে। ঢিকিরঢিকির স্পীডে ধীরেসুস্থে প্যাডেল করি যাতে ঘামটাম ঝরে না, দু'চার কিলোমিটার দূরেই আরবসাগর, অতএব রাতের দিকে সমুদ্রের হাওয়া টেরো পাওয়া যায়। আমাদের বাড়ির পাশেই একটা তুলনামূলকভাবে নিরিবিলি রাস্তা রয়েছে, নিশ্চিন্তে সাইকেল চালানোর চার কিলোমিটার। সে'টার খান দুই পাক খাওয়া মানে মেজাজ ফুরফুরে।

হাঁটতে গেলে কানে ইয়ারফোনে গোঁজা থাকে।সাইকেলে সে'সব চলে না। সমস্ত ফোকাস রাস্তায়, শোঁশোঁ বেরিয়ে যাওয়া মোটোরসাইকেল গাড়িদের স্পীডে ভড়কে গেলেও চলবে না। পান দোকানে দাঁড়ানো যেতে পারে, কেনা যেতে পারে আইস্ক্রিম; কিন্তু সাইকেল ব্যাপারটা এতই মনোরম যে দাঁড়িয়ে পড়তে ইচ্ছে করে না। সাইকেলটা এমনিতে মাখন, কিন্তু সেই মাখন সাইকেলেও প্যাডেল আর চাকার ঘষটানি মেশানো একটা আরামদায়ক মোলায়েম শব্দ আছে, যে'টা পা বেয়ে উঠে আসে।

গাড়ি হোক, মোটোরসাইকেল স্কুটার হোক কী সাইকেল; যন্ত্রটাকে আপন করে চিনে নিতে পারায় যে কী গভীর আনন্দ। সে'টাকে মনের সুখে ব্যবহার করা এবং সে'টার যত্নআত্তি করা; এক্কেবারে সুপারফাইন কোয়ালিটির তৃপ্তি।

Sunday, March 16, 2025

ল অফ সন্ধে


ল অফ সন্ধে।
যে কোনো শহর, তার যে কোনো প্রান্তে,
সন্ধে মানেই তাতে বাড়িফেরার গন্ধ মিশে থাকবে।
ট্রেনেবাসে বাদুড়ঝোলা মানুষ,
অফিসটাইমের পথেঘাটে জেরবার মানুষ;
কে কোথায় নিজের বাড়ি ফেলে রেখে এসেছে তার ঠিকঠিকানা নেই, তাদের সহায়সম্বল বলতে শুধুই একটা কেজো বাসা। তবে তাতে বাড়ি ফেরার গন্ধ উবে যায় না। ছোটবেলার পাড়ার অলিগলি, ইয়ারবন্ধুদের গল্পগুজব, মাঠের ঘাসের ওপর পাতা হাওয়াই চটি, চৌবাচ্চার পাশের পিছল মেঝেতে হাত-পা ধোয়া; এরকম আরও কয়েকশো টুকরোর জিগস পাজল অফিস সন্ধের প্ল্যানচেটে ফেরত আসে।
ভূত সত্যি নয় বলে যেমন মিথ্যে হয়ে যায় না, রোজ সে ছোটবেলার বাড়ির ছবি মনের মধ্যে ভেসে না উঠলেও বাড়িফেরার গন্ধটুকু তো মিথ্যে নয়। প্রত্যেক সন্ধেবেলা সে গন্ধের ভূত আমাদের চারপাশে ঘুরঘুর করে। ভিড়ে, হুল্লোড়ে পাশে থাকে। সে গন্ধই ক্রমশ ছাপোষা মানুষকে তার শ্রেষ্ঠ রণহুংকার চিনিয়ে দেয়; "একদিন ঠিক বাড়ি ফিরব"।

Thursday, November 21, 2024

বম্বে ও মদনমোহন



সমুদ্রের দিকে একটানা তাকিয়ে থাকাটা প্রাণায়ামের পর্যায়ে পড়ে৷ কাঁচামিঠে রোদ্দুরে জল-বালিতে পা রেখে একমনে ঢেউ গুনে যাওয়া মানে মনের মধ্যেটা ডেটল দিয়ে সাফ করে অল্প আতর ছড়িয়ে নেওয়া।

তবে ডেলিপ্যাসেঞ্জারির শহরের সমুদ্রের অবস্থা গেঁয়ো যোগীর মত।
বম্বেতে পুরীর রেল প্ল্যাটফর্ম নেই,
শালপাতায় মোড়া মদনমোহন নেই;
কাজেই তার সমুদ্র সহজে চোখে পড়ে না,
টেনে ধরে না।

কিন্তু সমুদ্রই তো, তার ম্যাজিক পুরোপুরি চেপে রাখা যাবে কী করে। হপ্তা-দু'হপ্তায় একবার, ঢেউগোনা প্রাণায়ামে কয়েক মুহূর্তের জন্য অন্তত; গা থেকে অফিস-বাজারঘাট-মাসকাবারির গন্ধ কেটে যাবেই৷

টুংটাংটুংটাং



সাইকেলের জয়যাত্রা অব্যাহত৷ আজ জুহু চৌপাটি ঘুরে এলাম৷ আমাদের আস্তানা থেকে আসা-যাওয়া মিলিয়ে বড়জোর ষোলো-সতেরো কিলোমিটার পথ, খোশমেজাজেই ঘুরে এলাম৷ আর একটানা বৃষ্টিতে ধীরেসুস্থে প্যাডেল ঠেলার আনন্দই আলাদা। ডিমার্টের পাইকারি কাপড়জামার স্তুপ থেকে সম্প্রতি সস্তায় একটা রেনজ্যাকেট হাঁকিয়েছি, অতএব বৃষ্টিতে থেমে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না৷

তাড়াহুড়ো আমার না-পসন্দ৷ ঢিকিরঢিকির করে এগোই, সুবিধে মত দাঁড়িয়ে পড়ি৷ চায়ে চুমুক দিই, বিস্কুটে কামড় দিই; ফের এগোই৷ ঘ্যামস্য ঘ্যাম৷ যে রাস্তা দিয়ে এদ্দিন নিয়মিত গাড়িতে, মোটরসাইকেলে বা অফিস বাসে যাতায়াত করেছি, সে'গুলোকে নতুনভাবে চিনছি। কত চায়ের দোকান বা ভাজাভুজির স্টল যে এদ্দিন আড়ালে-আবডালে পড়েছিল; সে'সব এখন সুড়সুড় করে চোখের সামনে বেরিয়ে আসছে।

যা হোক৷ একটা জরুরী অবজার্ভেশন৷ হর্ন জিনিসটা বিশ্রী৷ শব্দদূষণ তো বটেই; ও জিনিস মেজাজ খিঁচড়ে দেয়, মুখ তিতকুটে করে দেয়, আর এন্তার হাড় জ্বালায়৷ হর্ন যত কম বাজাবেন, তত দেশের দশের ও আপনার নিজের মঙ্গল৷ কিন্তু সাইকেলের বেলের ব্যাপারে সে খিটখিট খাটে না৷ আর আমার সাইকেলে যে বেল বসানো আছে, সে'টা ঠুকলে আবার ক্রিংক্রিংও নয়, বেরিয়ে আসে মৃদু-নরম-কানেমধু লেভেলের টুংটাং৷ ও জিনিসকে বেল না বলে "ট্র‍্যাফিক নুপুর" বললে মানায় বেশি৷

সামনের অটোরিকশা বা গাড়িকে "প্লীজ দাদাভাই" গোছের আওয়াজ দিতে হবে? টুংটাংটুংটাং৷
হঠাৎ বৃষ্টি নামায় মেজাজ খুশ?
টুংটাংটুংটাং।
আচমকা স্পীড তুলে মনে হচ্ছে হাওয়ায় ভেসে যাওয়ার মত ব্যাপার?
টুংটাংটুংটাং।
সামান্য ক্লান্ত হয়ে হেলেদুলে এগোতে এগোতে মনকে একটু চনমনে করে তোলার দরকার?
টুংটাংটুংটাং।
ট্র‍্যাফিক সিগনালে পাশে দাঁড়ানো বাসের জানালা থেকে কোনো খোকা ড্যাবাড্যাবা চোখ নিয়ে সাইকেলের দিকে তাকিয়ে?
টুংটাংটুংটাং।

মোটের ওপর ওই টুংটাংটুংটাংই হলো সাইকেল চালিয়ের ধিতাংধিতাং, সে'টার ওভারডোজ হলে ক্ষতি নেই।

বাবু ওয়াটসনের বৃষ্টিদর্শন



গত মিনিট দশেক ধরে একের পর এক রকমারি ছাতা এবং ছাতার মালিক-মালকিনদের ব্যস্ততা মুগ্ধ হয়ে পর্যবেক্ষণ করছিলেন ভদ্রলোক। থুড়ি, পর্যবেক্ষণ নয়; দেখছিলেন শুধু, তবে মনপ্রাণ দিয়ে৷ এই এক লাল ছাতা মাথায় গৃহিণীর ব্যাজার মুখ, ওই গেল কালো ছাতার নীচে হন্তদন্ত অফিস যাত্রী।

ছাতা দেখছেন, দেখে মুগ্ধ হচ্ছেন। ছাতার নীচে রকমারি মানুষ, তাদের হাবভাব দেখেও আর আশ মিটছে না। আর রয়েছে বম্বের একটানা ঝমঝমে বৃষ্টি; কী অসহ্য, কী বিরক্তিকর অথচ কী অদ্ভুত ভাবে মন ভালো করা।

কিন্তু সর্বোপরি; সে এক অনাবিল পরিতৃপ্তি! ছাতার অবস্থা দেখে মানুষের ব্যাঙ্ক ব্যালেন্সের পরিস্থিতি আঁচ করতে হচ্ছে না, ছাতা হাতে মানুষের চলন দেখে তার যমজ ভাইয়ের বাঁ হাঁটুর বাতের কথা ভাবতে হচ্ছে না। বৃষ্টির রাস্তায় গাড়ির চাকার ছাপ দেখে আগামী হপ্তায় কোন দুর্ঘটনার খবর সমস্ত কাগজের প্রথম পাতায় উঠে আসবে, তা নিয়ে ভেবে হন্যে হতে হচ্ছে না।

নাহ্‌, মরিয়ার্টি ভায়া মহাবজ্জাত বটে। তবে শত দু:খের মাঝেও; মাঝেমধ্যে একটা অস্বস্তিকর স্বস্তি মনের মধ্যে টের পান বটে বাবু ওয়াটসন।

সাইকেল ও বম্বে



মুম্বই আসার পর থেকেই মনে হচ্ছিল যে আশেপাশে ঘোরাঘুরির জন্য চার-চাকা ব্যাপারটা মারাত্মক রকমের গোলমেলে। পেট্রোলের শ্রাদ্ধ, সময়ের অপচয়। সর্বোপরি মারাত্মক ঝকমারি; খোঁচা দেওয়ার ভয়, খোঁচা খাওয়ার ভয়, পার্কিং নিয়ে জেরবার৷ চারবাংলো বাজারে গিয়ে শান্তিতে মাছ উল্টেপাল্টে দেখব তার উপায় নেই৷

কাজেই বছর দেড়েক রকমারি স্কুটার নিয়ে রিসার্চ করলাম৷ একশো দশ সিসির ইঞ্জিন না একশো পঁচিশ সিসির ইঞ্জিন, পেট্রোল না ইলেক্ট্রিক, মাইলেজ না পার্ফর্ম্যান্স; এ নিয়ে বেশ দাঁত চিবিয়ে কথা বলা এক্সপার্ট হয়ে উঠলাম৷ আর এদ্দিন রিসার্চের পর আজ কিনে ফেললাম একটা সাইকেল৷ অতি রিসার্চে গাজন নষ্ট কথাটা নেহাৎ মিথ্যে নয়৷


ক্লাস নাইন থেকে টুয়েলভ স্কুল-টিউশনি করেছি একটা হিরো ইম্প্যাক্ট সাইকেলে চেপে৷ তখন সে'টাই আমার রয়্যাল এনফিল্ড। যা হোক, এদ্দিন পর প্যাডেল করতে দিব্যি লাগছে৷ পাঁচ-সাত কিলোমিটারের রেডিয়াসে স্কুটির তুলনায় সাইকেল মন্দ হবে না৷ খরচ ঝক্কি দুইই কম৷ আর খানিক কসরতও হবে৷ তা'ছাড়া মুম্বইয়ে তেমন বিশ্রী গরম বছরে বড় জোড় বছরে দু'আড়াই মাস৷ কাজেই সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে তেমন অসুবিধে হওয়ার কথা নয়৷

খটকা একটা ছিল এই চারমাসের বৃষ্টি নিয়ে৷ অবশ্য ছাত স্কুটারেও নেই৷ আজ প্রথম দিন; কাজেই হুজুগ সপ্তমে৷ অতএব বিকেলের দিকে বৃষ্টি ঠেলেই বেরিয়ে পড়লাম। লোখন্ডওলার যমুনানগর (যমুনা নেই, ধারেকাছে একটা সাত ময়লা চওড়া 'নালা' আছে) থেকে 'ব্যাকরোড' হয়ে চারবাংলা মার্কেট৷ ঝমঝমে বৃষ্টি হলে দাঁড়াতেই হয়, কিন্তু ঝিরঝিরে বৃষ্টি আর নিরিবিলি রাস্তা দেখলাম মারাত্মক ভালো কম্বিনেশন- মনের মধ্যে লাকি আলি আর সেকেন্ড ইয়ার সদর্পে জেগে ওঠে৷

চারবাংলোয় মাছ-ভ্রমণে আসব ছুটির সকালে৷ আজ ফিরে এলাম বেলফুল কিনে, সে মালার অর্ধেক গেল খোকার দখলে, বাকিটা বেটারহাফের খোঁপায়৷

Tuesday, July 16, 2024

পুরনো ট্রেনের টিকিট আর মুম্বইয়ের বৃষ্টি



অফিস ব্যাগের মধ্যে ছাতা৷
ছাতার পাশে দু'খোপের টিফিনবাক্স৷
টিফিনবাক্স ঘেঁষে অফিসের আইকার্ড৷
আইকার্ডের ফিতেয় জড়ানো মানিব্যাগ।
মানিব্যাগে একটা পাঁচশো টাকার নোট দু'টো দুশো, আর তিনচারটে দশ-কুড়ির৷ কিছু খুচরো পয়সা৷ খানকয়েক কার্ড; ডেবিট, ক্রেডিট, আধার ইত্যাদি৷ কোনো এক ফোঁকরে একটা সাতপুরনো ট্রেনের টিকিট৷ বিবর্ণ, ছাপা অক্ষরগুলো এখন আর পড়া যায় না৷

বছর কুড়ি আগে ও'টিকিট এক অন্য মানিব্যাগে ঠাঁই পেয়েছিল৷ তা'তে ছিল বড়জোর চল্লিশ টাকা৷ আর কলেজের আইকার্ড৷ অদরকারি নানারকমের খুচরো কাগজে ঠাসা৷ সেই মানিব্যাগ ছিল পিঠে ঝোলানো প্যারাশুট কাপড়ের ব্যাগে৷ সে ব্যাগের মধ্যে জলের বোতল, দু'টো বই, খাতা-কলম। আর ছাতা৷

আজকের মতই, সে'দিনও বৃষ্টি ছিল, তাই টিকিটের মানিব্যাগে আর মানিব্যাগের পিঠের ব্যাগে চালান হওয়া৷ আজকের মতই, সে'দিনও ব্যাগ থেকে ছাতা বেরিয়ে আসেনি৷ কারণ দু'টো। প্রথমত, ছাতা খুলতে হওয়া পরাজয়, এ'টা কে কবে মজ্জাগত দিয়ছিল কে জানে৷ দ্বিতীয়ত, ভেজা ছাতার ছেয়ে বিশ্রী বোঝা আর কিছু হয় না৷

এই ক’বছরে কত দরকারি কাগজ, ডেবিট কার্ড, টাকা, জরুরী কত কিছু অবলীলায় হারিয়ে গেল। অথচ কোনো অদ্ভুত মন্ত্রবলে সে রেলের টিকিট টিকে রইল৷ কত মানিব্যাগ পেরিয়েও সে টিকিটের বিবর্ণতা এখনও উজ্জ্বল।

অব্যবহারের ছাতার মতই ও টিকিট এখন বুকে ভরসা জোগানো মাদুলি৷

Monday, January 15, 2024

বান্দ্রার বান্দা



বান্দ্রা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে স্লো বোরিভলি লোকাল ধরে যোগেশ্বেরী। ও পথে আমায় মাঝেমধ্যেই ভিড়তে হয়৷ অফিস-ফেরতা সন্ধ্যে, মারাত্মক ভিড়। সে ভিড়ের চাপ মজবুত ভাবে ঠেকিয়ে রাখতে আমার অস্ত্র হলো দশটাকার এক প্যাকেট গরম চীনেবাদাম। 

বান্দ্রা-কুর্লা কম্পলেক্স থেকে আসা শেয়ারড ট্যাক্সিগুলো এসে দাঁড়ায় স্টেশন লাগোয়া চত্ত্বরে। সে ট্যাক্সি থেকে নামতেই পেটটা বাদামের খিদেতে চিঁচিঁ করে ওঠে। দু-তিনটে ঠেলা দাঁড়িয়ে থাকে, তারা বালিতে ভাজা বাদামের সুবাস উড়িয়ে প্ল্যাটফর্মমুখী জনসমুদ্রের মধ্যে চনমন ছড়িয়ে দেয়।

হাজার ব্যস্ততার মধ্যেও একটা বাদামভাজা ঠেলার সামনে না দাঁড়ালেই নয়। ও'টা আমার অভ্যাস। তারপর টুপটাপ এক-একটা বাদাম মুখে ফেলে ওভারব্রিজের সিঁড়ি বেয়ে উঠে গিয়ে প্ল্যাটফর্ম নম্বর একে নেম পড়া।

কানের ইয়ারফোনে বাছাই করা গান, চোয়ালে বাদাম-চিবোনো দুলকি। গোটা ব্যাপারটা মিলিমিশে তৈরি হয় 'মিউজিক'। প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষা করতে করতে একটা ব্যাপার মাঝেমধ্যেই টের পাই; জামার ঘাম আর শরীরের ক্লান্তি ছাপিয়ে যে'টা স্পষ্ট হয়ে ওঠে সে'টা হলো পেল্লায় শহরের পেল্লায় বোলচাল দেখে ভেবড়ে যাওয়া। 

কলেজে ভর্তি হয়ে যখন মফস্বল থেকে কলকাতা এসেছিলাম; চোখে-প্রাণে ঝিলিক লেগে গেছিল। এত এত মানুষ, ইয়াব্বড় বড় রাস্তাঘাট,  বিশাল বিশাল বাড়িঘরদোর। ঘিঞ্জি অথচ পিলে চমকে দেওয়া। সে ঝিলিক আজও ফিকে হয়ে যায়নি। তারপর এ শহর থেকে ও শহর তো নেহাৎ কম হলো না। কিন্তু এ বয়সেও শহুরে ভীড়ের বহর দেখলে পিলে চমকে ওঠে। মুগ্ধ হই, অল্পবিস্তর ভয়ও টের পাই৷

শহর ব্যাপারটাই বড্ড মায়ার। অথচ কোনো শহরেই আমার পাড়া নেই। স্রেফ মানুষজনের ভিড়ে, রাস্তাঘাটের হইহইরইরইতে আর ট্রেন-বাসের দৌড়ঝাঁপে আমার মুগ্ধতা আছে৷ আর আছে বিষণ্নতা। 

Sunday, December 31, 2023

শহরের ছ্যাঁত



- কী পেল্লায় শহর! বাপ রে বাপ!

- ভয় ভয় করে, তাই না?

- ভয় করবে না আবার! বুক ছ্যাঁত করে ওঠে।

- আমরা যদি টিকতে না পারি?

- দুই বন্ধু বাক্সপেটরা নিয়ে চলে যখন এসেছি; তখন একটা হিল্লে হয়েই যাবে।

- না হলে? হিল্লে না হলে?

- গাঁয়ে ফেরত৷

- গাঁয়ে কত বড়বড় বোলচাল ছড়িয়ে এলাম। ফিরে যাব? খালি হাতে?

- পেল্লায় শহর আর হিল্লে না হওয়ার গল্পগাছা নিয়ে ফিরব৷ সে'টাকে কি খালি হাতে ফেরা বলে নাকি রে পাগলা?

Wednesday, December 13, 2023

সমরবাবু আর ট্রেন



এখন সন্ধ্যে পাঁচটা সাত। অর্থাৎ গোরেগাঁও লোকাল আসতে আরো মিনিট দশেক। ও'টায় ভীড় কম, সীট পাওয়া না গেলেও নিশ্চিন্তে দাঁড়িয়ে যাওয়া যায়৷ আর এই অপেক্ষার দশ মিনিট বেশ জমজমাট৷ প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে সমরবাবু নিজের ব্লুটুথ ইয়ারফোনটা অফিসের ব্যাগ থেকে বের করে কানে গুঁজবেন৷ তারপর সেই ইয়ারফোন মোবাইলে কনেক্ট করে তিনটে বাছাই করা হেমন্তর গান চালাবেন; রোজকার নিয়ম। এই গানগুলো রোজ পালটে যায়৷ লিস্টে আজ আছে: "বনতল ফুলে ফুলে ঢাকা", "পালকির গান" আর "এমন আমি ঘর বেঁধেছি"। হেমন্তবাবুর কণ্ঠ ব্যাকগ্রাউন্ডে থাকলে শশব্যস্ত বান্দ্রা স্টেশনও ভারী সুন্দর হয়ে ওঠে৷ 

আজ বিকেলের তিন-গানের প্লেলিস্ট শুরু হয়ে সবে হেমন্তবাবু রোমান্টিক দীর্ঘশ্বাসে পৌঁছেছেন; "শুধু এই পথ চেয়ে থাকা, ভালো কী লাগে"৷ এমন সময় গানের সুতো কেটে গেলো, একটা বিশ্রী কণ্ঠের "হ্যালো"তে হেমন্ত ধরাশায়ী। কী আশ্চর্য,  কল এলো কখন, রিং তো শোনা যায়নি৷ সাড়া দেওয়ার আগে ফোনটা পকেট থেকে বের করে দেখলেন সমরবাবু; অদ্ভুত, কোনো কলই আসেনি। অথচ কানে স্পষ্ট শুনতে পারছেন সেই হেঁড়ে কণ্ঠস্বর;
"সমর৷ সমরবাবু৷ মিস্টার দাস! মিস্টার সমর দাস! প্লীজ রেস্পন্ড। প্লীজ সাড়া দিন"।

তিরিশ সেকেন্ড কিংকর্তব্যবিমুঢ় হয়ে দাঁড়িয়ে থাকার পর সাড়া দেবেন বলে মনস্থ করলেন সমরবাবু।

- হ্যালো, হু ইজ দিস?

- উফ, এতক্ষণে আপনার সাড়া দেওয়ার সময় হলো সমরবাবু? আর আমি যখন বাংলায় প্রশ্ন করছি তখন দুম করে ইংরেজি ফলানোর কী আছে?

- না মানে..ইয়ে। এক মিনিট! আপনি কে? কী'ভাবে কথা বলছেন আমার সঙ্গে? কী চাই?

- মন দিয়ে শুনুন সমরবাবু৷ ব্যাপারটার ওপর আপনার জীবন-মরণ নির্ভর করছে।

- এক্সকিউজ মী?

- আবার ইংরিজি! ধুচ্ছাই! যাকগে শুনুন৷ আপনি পাঁচটা সতেরোর গোরেগাঁও লোকাল ধরবেন বলে দাঁড়িয়ে আছেন৷ তার আগে অন্য কোনও ট্রেন এলেও চট করে উঠে পড়বেন না যেন।

- নিজের গ্যাঁটের পয়সা করে টিকিট কেটেছি৷ তাও ফার্স্টক্লাসের৷ আমি কোন ট্রেনে উঠব বা উঠব না, সে বিষয়ে জ্ঞান দেওয়ার আপনি কেন? বলুন দেখি, আপনি কে?

- সমরবাবু৷ আমিই আপনি।

- ইয়ার্কি হচ্ছে?

- আমিই সমর দাস৷ আমিই আপনি৷ শুধু সময়ের হেরফের।

মাথাটা তড়াং করে গরম হয়ে গেল সমরবাবুর, কান থেকে ইয়ারফোনটা খুলে পকেটে রাখলেন৷ রাস্কেল, স্টেশনে দাঁড়িয়ে কেউ প্র‍্যাক্টিকাল মস্করা কষছে! যত্তসব! দিলে মেজাজটা বিগড়ে। আর কেরামতি দ্যাখো, কণ্ঠস্বরটাও ঠিক তাঁর নিজেরই মত বিদঘুটে- নির্ঘাৎ এআই ব্যবহার করেছে। ডিজিটাল স্ক্যাম যে কী ভীষণভাবে আমাদের আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরছে।

এমন সময় বোরিভলি লোকাল স্টেশনে ঢুকলো। সমরবাবু অবাক হয়ে দেখলেন ট্রেনটা বেশ ফাঁকা! এ'দিকে গোরেগাঁও লোকাল আসতে এখনও মিনিট পাঁচেক দেরী৷ উঠে পড়লেই হয়। কিন্তু..কিন্তু ইয়ারফোনে শোনা সেই বিটকেল কণ্ঠস্বরটার কথা তখনও কানে বাজছিল৷ তাই খানিকক্ষণ থমকে দাঁড়ালেন৷

প্ল্যাটফর্ম ছাড়ার জন্য ট্রেনটা নড়েচড়ে উঠতেই সমরবাবুর মনে হলো এ'সব প্র‍্যাঙ্ক কলারদের বেশি লাই দিতে নেই৷ অমনি সোজা ছুট দিলেন ট্রেনের দিকে৷ কামরায় একটা পা রেখেও ফেলেছিলেন কিন্তু ট্রেনের স্পীডের হিসেবটা একটু এ'দিক ও'দিক হয়ে গেল। একটা বিশ্রী হ্যাঁচকা টান, ট্রেন-প্ল্যাটফর্ম থেকে হইহই চিৎকার আর দেড় সেকেন্ডের মধ্যে চলন্ত ট্রেনের নীচে তলিয়ে গেলেন সমর দাস।

***

সম্বিৎ ফিরতে সমরবাবু টের পেলেন তিনি বান্দ্রা স্টেশনেই দাঁড়িয়ে৷ তবে এ যেন অন্য জগত। সন্ধ্যের যে'টুকু আলো, সে'টুকু বাদে কোনো ইলেক্ট্রিক বাতি নজরে পড়ল না৷ ট্রেনের শব্দও নেই৷ একটু মন দিয়ে চারপাশটা দেখে সমরবাবু বুঝলেন চারপাশে মানুষজন কুকুর-বেড়াল কেউই নেই৷ মনে হলো গোটা পৃথিবীতে তিনি একা। ট্রেনের তলায় পড়ার কথা মনে পড়ল৷ গা শিউরে ওঠার কথা, কিন্তু খুব একটা বিচলিত বোধ করলেন না তিনি৷ ব্যাপারটা আঁচ করতে সবিশেষ অসুবিধে হচ্ছে না তবে এ'দিকটা যে এমন সিনেমার সেটের মত হবে সে'টা আশা করেননি৷

এমন সময়, সমরবাবুর নজরে পড়ল উজ্জ্বল লাল রঙের টেলিফোনটা, আদ্দিকালের রিসিভারগুলো যেমন হত -  অনতিদূরে একটা কাঠের টেবিলের ওপর রাখা। এই টেবিলটা প্ল্যাটফর্মের মধ্যে এ'ভাবে থাকার কথা নয়৷ তবে এ তো আর গড়পড়তা বান্দ্রা স্টেশন নয়৷ টেলিফোনটা দেখে সহজেই দুইয়ের সঙ্গে দুই জুড়ে চার করতে পারলেন তিনি৷ চেষ্টা করে যে বিশেষ লাভ হবে না তাও বুঝতে পারছিলেন৷ তবু, একটা শেষ চেষ্টা করতে ক্ষতি নেই৷ 

মরিয়া হয়ে এগিয়ে গিয়ে ফোনের রিসিভারটা তুলে কানে ঠেকাতেই হেমন্তবাবুর মায়াবী কণ্ঠস্বর ভেসে এলো, "শুধু এই পথ চেয়ে থাকা, ভালো কী লাগে"৷ আচমকা সে গান থমকে গেল, রিসভারে ভেসে এলো একটা জলজ্যান্ত বান্দ্রা স্টেশনের হইচই। সমরবাবু জানেন রিসিভারের ওপারে কে আছে। সাহস করে তিনি বলে উঠলেন;

"সমর৷ সমরবাবু৷ মিস্টার দাস! মিস্টার সমর দাস! প্লীজ রেস্পন্ড। প্লীজ সাড়া দিন"।