Wednesday, September 9, 2026

হাবুডুবুকুমার


- এ যে সাংঘাতিক বৃষ্টি।
- ফোরকাস্ট বলছে রাতভর চলবে।
- সর্বনাশ।
- সর্বনাশ কীসের? গরমে জেরবার অবস্থা হয়েছিল। এইবারে দু'দিন স্বস্তি।
- উঁহ্! স্বস্তি না ছাই! গোটা রাত বৃষ্টি হলে আমাদের বাড়ির সামনে হাঁটুজল থাকবে। সে জল ভেঙে গিয়ে মেন রাস্তা পর্যন্ত পৌঁছে তারপর বাস। এ'দিকে ইন্টারভিউয়ের জন্য সেই দামী প্যান্টটা ইস্তিরি করে রেখেছি, সে'টার বারোটা বাজুক আর কী।
- উফ। বিয়ের আগে কত ইন্টারভিউ তুমি দিয়েছিলে। তখন তোমায় এত নার্ভাস দেখিনি। অথচ এই কালকের ব্যাপারটা নিয়ে..।
- তখন সবে পাশ করেছি। শরীরে তাজা রক্ত। তোমার প্রেমে হাবুডুবু, বিয়েটা আর্জেন্টলি না করলেই নয়। সে সময়টাই আলাদা ছিল। আর এখন..বুড়ো বয়সে এসে চাকরিটা গেলো। নতুন করে সব কিছু..এ'বয়সে এসে আর যাই হোক চালিয়ে খেলা যায় না। কাজেই নার্ভাস না হয়ে উপায় কী বলো।
- অসীমদার অফারটা নিয়ে ভাবলে?
- তোমার কি মত? ঘুষ দিয়ে জোটানো চাকরি...ঠিক হবে?
- তিনমাস সংসার চালানোর টাকা আছে। আমার টিউশনির টাকায় না হয় আরো কিছুদিন টানা গেলো। তারপর আমায় জিজ্ঞেস করলে কী বলব জানি না। তবে আজ অন্তত মনে হচ্ছে তোমার ও পথে না যাওয়াই ভালো।
- অতএব কাল ইন্টারভিউ।
- স্মার্টলি হাফপ্যান্ট পরে বেরোও। ব্যাগে ফর্মাল প্যান্ট জুতো গামছা। বাসস্ট্যান্ডে গিয়ে না হয়..।
- কোয়ালিফিকেশনের দিক থেকে তো কমতি নেই। কিন্তু কনফিডেন্সটা কিছুতেই পাচ্ছি না। আসলে দুম করে এ'ভাবে এই বয়সে চাকরিটা নট হয়ে যাওয়ায়..।
- আমায় ডিভোর্স দাও। তারপর আবার আমার প্রতি সেই ছেলেবেলার মত হাবুডুবু প্রেমে পড়ো। দ্যাখো আবার তাজা রক্তের সাপ্লাই পাও কিনা। তা'তে যদি আবার ইন্টারভিউ জয়ের কনফিডেন্স ফিরে আসে।
- কিছু বললে? সরি। নিজের স্ট্রেন্থ আর উইকনেস কী বলব সে'টা মনে মনে একটু ঝালিয়ে নিচ্ছিলাম। কী বললে আর একবার বলো দেখি..।
- নাহ্। কনফিডেন্স জিনিসটা অল্পবয়সেই তোমায় মা্নাতো। তবে ভীতু মানুষরা কিন্তু নেহাৎ ফেলনা নয়। সংসারে অফিসে সর্বত্র তাদের প্রয়োজন। সবাই যদি সিনা চওড়া করে ঘুরে বেড়ায় তা'হলে ঠোকাঠুকিতেই দিন যাবে। কাজের কাজ কিচ্ছু হবে না।
- ভীতুরও কদর আছে বলছ?
- আলবাত আছে।
- তাই হবে। কনফিডেন্স ব্যাপারটাই ওভাররেটেড।
- ষোলো বছর আগে ভিক্টোরিয়ার সামনে প্রথমবার হাত টেনে ধরার সময় একবারও মনে হয়নি যে কনফিডেন্স ব্যাপারটা ওভাররেটেড?
- সরি। কিছু বলছিলে? ট্রু লিডারশীপ কাকে বলে তা নিয়ে একটা মারাকাটারি লাইন ভাবছিলাম। কাল ইন্টারভিউয়ে সুযোগ বুঝে সে'টা নামাতে পারলেই কেল্লাফতে। তা, বলো না। কিছু বলছিলে?
- তেমন কিছু না। ভাবছিলাম তুমি হয় নিপাট হাবাগোবা নার্ভাস একটা মানুষ। নয়তো একটি হাড়বজ্জাত।
- হাবাগোবা ও বজ্জাত; একটাই স্পেক্ট্রামের দু'টো দিক। আর সে স্পেক্ট্রামের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে নির্ভীক চিরযুবক প্রেমিক; ভিক্টোরিয়া আলো করা শ্রী শ্রী হাবুডুবুকুমার।

No comments: