Showing posts with label কোভিড-১৯. Show all posts
Showing posts with label কোভিড-১৯. Show all posts

Sunday, January 9, 2022

কোয়ারেন্টিন



কোয়ারেন্টিন।

আশাঃ বিছানায় ফ্ল্যাট হয়ে অজস্র বই পড়ব।

হিসেবটা যা দাঁড়ালোঃ সাদা সিলিংয়ের গায়ের প্রতিটি দাগ মুখস্ত, সিলিং ফ্যান নিয়ে মনের মধ্যে খানসাতেক বেয়াল্লিশ থেকে তিপ্পান্ন হাজার শব্দের রচনা লেখা হয়ে গিয়েছে৷ 

আশাঃ গান শুনব৷ যত্ন করে বেছে নেওয়া, হাইক্লাস সব গান। মিউজিক ইজ নিউট্রিশাস ফর সোল৷ শরীর জিরিয়ে নেবে, কিন্তু ভালো গানটান শুনে মনের কসরৎ চলবে৷ 

হিসেবটা যা দাঁড়ালোঃ ঝাড়া তিনদিন একটানা 'হামারা বাজাজ' বিজ্ঞাপন ল্যুপে শুনে গেলাম৷ মাঝেমধ্যে ইন্টারলুড হিসেবে- বি আর চোপড়ার মহাভারতের টাইটেল সং।

আশাঃ মেডিটেট করতে হবে৷ এই সুযোগে মনকে লেভিটেট করিয়ে অন্য স্তরে নিয়ে যেতে হবে৷

হিসেবটা যা দাঁড়ালোঃ ঘণ্টায় অন্তত বত্রিশ দান কাটাকুটির ডুয়েল খেলছি- নিজের সঙ্গে৷ সাতানব্বই শতাংশ দানে ফলাফল হয়নি৷ ডাইং ফর্ম্যাট একেই বলে। (বাকি তিন শতাংশ নিয়ে দুশ্চিন্তায় রয়েছি)

আশাঃ হেলদি ঈটিং জরুরী৷ দিনে দু'বার কমপ্ল্যান খেতে হবে৷ প্রচুর শাকসবজি৷ বাটি বাটি স্যুপ৷ থালাভরা স্যালাড৷ ইত্যাদি।

হিসেবটা যা দাঁড়ালোঃ প্যাকেট প্যাকেট মুরুক্কু, বাট বাটি চানাচুর, মুঠোমুঠো মশলা বাদাম; খাটে বসেই উড়ে গেল। স্ন্যাকের প্যাকেট খোলার খসখসে শব্দে হেলথ রেজোলিউশন গেল ভেসে৷

আশাঃ একটা রোজনামচা লিখে রাখতে হবে৷ একা বসে কী কী আকাশকুসুম কল্পনা করছি, জরুরী ফ্লো অফ থটস, সুচিন্তিত সব মতামত; তবেই না কোয়ারেন্টিন ডায়েরি জ্বলজ্বল করবে৷ 

হিসেবটা যা দাঁড়ালোঃ গোবিন্দার ডায়লগ লিখে লিখে হাতের লেখা প্র‍্যাক্টিস করা হয়েছে৷ বলাই বাহুল্য, গোবিন্দা ম্যাজিক সত্ত্বেও হাতের লেখার কোয়ালিটি আরও ভয়াবহ হয়েছে৷

মিস্টার নগ্যুয়েনের নিভৃতবাস



- মিস্টার নগ্যুয়েন। কন্ট্রোল রুম থেকে বলছি৷ আপনি আমাদের কথা শুনতে পারছেন?

- পা..পারছি।

- কেমন বোধ করছেন?

- বাহান্ন বছর একা থাকা৷ বোধবুদ্ধি আর কিছু কি অবশিষ্ট আছে। ওই আছি একরকম। 

- আপনার শরীর?

- জ্বালাযন্ত্রণা নেই। 

- আপনার একাকিত্ব আমাদেরও যন্ত্রণা দেয় মিস্টার নগ্যুয়েন৷ কিন্তু আমরা নিরূপায়। 

- রাবিশ৷ যতসব বাজে কথা। একজন মানুষকে বিনাদোষে বন্দী করে রাখা হয়েছে এতগুলো বছর৷ এতবড় হিউম্যান রাইটস ভায়োলেশন..উফ!

- আপনি এই গ্রহের সম্পদ মিস্টার নগ্যুয়েন৷ সময় মত আপনাকে নিভৃতবাসে পাঠানো গেছে বলেই না সে'টা সম্ভব হয়েছে৷

- ভারী আমি সম্পদ রে৷  এই পেল্লায় একটা বাড়িতে বন্দী করে রেখেছে বাহান্ন বছর ধরে। সামনাসামনি একটা মানুষেরও মুখ দেখিনি এদ্দিনে৷ আরে বাবা রাজভোগ আর রাজ-ঐশ্বর্য একা একা কহাতক ভোগ করে ফুর্তি করা যায়৷ অমন সম্পদ হয়ে থাকতে আমার বয়েই গেছে৷ 

- মিস্টার নগ্যুয়েন৷ একটা দারুণ খবর আপনার জানা দরকার৷

- আমার বয়ে গেছে।

- আপনাকে শুনতেই হবে।

- কান চেপে তো বসে থাকতে পারব না৷ আপনারা তো ব্রেনওয়েভে কমিউনিকেট করেন৷ কাজেই শুনতেই হবে। বলুন।

- টিভি নিউজে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বছর তিনেক আগে, অর্থাৎ দু'হাজার একাত্তর সালে, ইতিহাসে প্রথমবার মানুষের সঙ্গে কোনও এলিয়েন প্রজাতী যোগাযোগ স্থাপন করেছে৷ 

- ওই সেই স্কেব্বক্সুওনা গ্রহ থেকে তো? হ্যাঁ, সে খবর আমি শুনেছি৷ তা ব্যাটাদের মতলবটা কী?

- সে'টা খোলসা করতেই বছর তিনেক লেগে গেল। ইন্টার গ্যালাকটিক ল্যাঙ্গুয়েজ বেরিয়ার সামাল দেওয়া তো চাট্টিখানি কথা নয়। অবশ্য, তারা প্রায় হোমো স্যাপিয়েন গোত্রেরই হওয়াতে ব্যাপারটায় খানিকটা সুবিধে হয়েছে।

- কী চায় তারা?

- আপনাকে দেখতে চায়৷ ব্যাস, সে'টুকুই৷ আমাদের এই কন্ট্রোলরুম থেকেই আপনাকে পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে৷ আগামী হপ্তাতেই তাদের ডেলিগেটরা এসে পৌঁছচ্ছে৷ 

- স্রেফ আমায় দেখতে?

- তবে আর বলছি কি মিস্টার নগ্যুয়েন৷ তাদের গ্রহতেও নাকি এমন কেউ আর নেই যার করোনা হয়নি৷ পৃথিবীর লোকজন যে বুদ্ধি করে এক করোনা-স্পর্শহীন কোনও মানুষকে এদ্দিন বাঁচিয়ে রাখতে পেরেছে, এ'টা জেনে তাঁরা চমৎকৃত।  এবং তাদের গ্রহের তাবড় সব কেউকেটারা ছুটে আসছে দূর থেকে একবার আপনাকে একটিবার দেখতে৷ খানিকটা তাদের তীর্থযাত্রা বলতে পারেন।

- যাচ্চলে। সেই গ্যালাক্সি পারের গ্রহতেও করোনা? এ ভাইরাস ও'দিকে পৌঁছল কি করে?

- ব্যাটারা নাকি চোরাগোপ্তা পৃথিবীতে আসছে শ'দেড়েক বছর ধরে৷ এর আগে ধরা দেয়নি। নেহাত আপনাকে দেখার লোভ সামলাতে পারলে না বলে সামনে এলে তারা৷ 

- সে কী! শ'দেড়েক ধরে আসছে এ'খানে?

- জেনে আমরাও তো থ মিস্টার নগ্যুয়েন। সে এলিয়েনরা প্রতি ডিসেম্বরে চুপিসারে নামে পৃথিবীতে। টু বি প্রিসাইস, বাংলায়। নলেন গুড় স্মাগল করে নিজেদের গ্রহে নিয়ে যেতে। আর সেই নলেনের লোভেই কোভিডের গুঁতো মুখবুজে সহ্য করেছে তারা৷

বিস্বাদ কাটাতে হলে

- নাহ্ বড়দা, জিভ সত্যিই গোল্লায় গেছে।

- সবকিছুই বিস্বাদ?

- বিরিয়ানিও ছাতুমাখার মত ঠেকছে যে।

- তা'হলে তো সত্যিই ক্রাইসিস ভাই।

- রীতিমতো৷ আর তার ওপর ঝমেলা হল খিদে বেড়ে গেছে৷

- পেট চাইছে, জিভ পাত্তা দিচ্ছে না৷ যাচ্চলে৷ 

- পাটা ব্যাটিং পিচ অথচ এগারোটা কোর্টনি ওয়ালশের ব্যাটিং লাইনআপ। বড়দা, কী করব বলো দেখি?

- বিরিয়ানির স্বাদ যখন ছাতুমাখার মত মনে হচ্ছে, তখন বিরিয়ানির কথা ভেবেভেবে ডাইরেক্ট ছাতুমাখা খাওয়াটাই বুদ্ধিমানের কাজ৷ অন্তত কস্ট আর এফর্ট অপ্টিমাইজ করা যাবে।

- রিভার্সগেম খেলব বলছ?

- ক্ষতি নেই তা'তে৷ 

- হুম। আর প্ল্যান বি?

- আলাদা আলাদা ঝোলভাতের দলা পাকিয়ে নিজেকেই নিজে ছেলেভুলিয়ে গেলানোর মত খাওয়া। কাকের ডিম। বকের ডিম৷ টিরেক্সের ডিম৷ কোরাপশনের ডিম৷ ভীতুর ডিম৷ ঘোড়ার ডিম। 

- প্ল্যান সি?

- হাইডোজ৷ কড়া ওষুধ৷ অব্যর্থ। 

- সে'টা কী?

- হেমন্তর প্লেলিস্ট৷ দুরন্ত ঘুর্ণি বা পালকির গান লেভেলের দুলকিওলা সুর চাই৷ ঢিমেতালের গানে যাস না৷ সে সুরে দুলে দুলে চিবিয়ে যা৷ সুর কান থেকে বুকে না গিয়ে ডাইরেক্ট জিভে আসবে৷ দিব্যি একট ইনঅর্গানিক স্বাদ পেয়ে যাবি। অমন সুর কানে নিয়ে মুখ ভেটকে খাবার চেবানো অসম্ভব। 

- একটা চেম্বার খুলে বসো বড়দা৷ তোমার হবে৷

Friday, July 9, 2021

ছিদ্রান্বেষী


লোকজন বড্ড বেশি ছিদ্রান্বেষী হয়ে পড়েছে। কথায় কথায় শুধু খুঁত ধরে গপ্প ফাঁদা। গা জ্বলে যায়। ইচ্ছে করে দি কষিয়ে দু’ঘা। এই সবে একটু বাজারে বেরিয়েছি টপ কোয়ালিটি পাবদা খুঁজতে। সবেমাত্র খান-সাতেক দোকান ঘোরাঘুরি করে পাবদার পাশাপাশি সামান্য চিংড়িও তুলে নিয়েছি। সবে একটু দেশী মুর্গির খোঁজ করব কিনা ভাবতে ভাবতে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে একটা স্পেশ্যাল আদা চা অর্ডার করেছি। সবে ভাবতে শুরু করেছি ফেরার পথে সামান্য রাবড়ি আর জিলিপি নিয়ে ফিরব। এমন সময় নজরে পড়ল; কী বিশ্রী ভিড় বাজারে। 

কী বিশ্রী ভীড়। দেশে আলফা বিটা গামা ল্যাম্বডা আর কত রকমের বিশ্রী করোনা ভ্যারিয়ান্ট নেচে বেড়াচ্ছে অথচ লোকে যেন সাপের পাঁচ দেখে রাস্তায় নেচে বেড়াচ্ছে। এ ওর গায়ে ঢলে পড়ছে, এ ওর সঙ্গে গপ্প জুড়েছে; যেন কল্পতরু মেলা। মাছের দোকানে ভীড়, মুর্গির দোকানে ভীড়, মাংসের দোকানে ভীড়, রাস্তায় অটো আর রিক্সার ভীড় – যাচ্ছেতাই! আরে এ’দিকে দেশে যে প্যান্ডেমিক চলছে সে’বিষয়ে কারুর কোনও হেলদোল নেই। এই ইনডিসিপ্লিনের জন্যই এ দেশের কিস্যু হল না আর হবেও না। অকারণে এত লোকের বাইরে বেরোনোর দরকারটা কী? দিব্যি ভাবলাম ফাঁকায় ফাঁকায় অল্প মাছ আর যৎসামান্য মিষ্টি নিয়ে বাড়ি ফিরে যাব – কিন্তু তার কি আর উপায় আছে?

চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে তৃপ্তি পেলাম বটে কিন্তু মনে স্বস্তি ফিরল না। আশেপাশের মানুষজনের ওপর একটা বিশ্রী রাগ তৈরি হচ্ছিল। এমন লারেলাপ্পা পপুলেশন নিয়ে দেশের প্রগ্রেস ঘটবে কী করে? লোকে মাস্কটাও ঠিক করে পরছে না! রাবিশ! এ দেশে দরকার ডিকটেটরিয়াল শাসন। এক্কেবারে কড়া হাতে শাসন না করলে এ সমাজ যে লাটে উঠবে। বিরক্তি যখন চরমে উঠল তখন দু’নম্বর চায়ের কাপের অর্ডার দিয়ে চায়ের দোকানের সামনে রাখা বেঞ্চিতে বসে পড়লাম। খুব খারাপ লাগছিল দেশের এবং দশের কথা ভেবে। এমন অবক্ষয় দেখলে মাস্টারদা বড় কষ্ট পেতেন, সুভাষবাবু বোধ হয় লজ্জায় প্লেন থেকে স্বেচ্ছায় ঝাঁপিয়ে পড়তেন; অবশ্যই মাস্ক পরে তবে প্যারাসুট ছাড়া। গান্ধীজী সুতো বোনা ছেড়ে আনমনে চরকায় তেল দিয়ে যেতেন শুধু। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক থেকে। 

ভাবনার মধ্যে সবে একটা পোয়েটিক ফ্লো এসেছে, এমন সময় অনিরুদ্ধর সঙ্গে দেখা। ছোকরা আমার চেয়ে বয়সে ছোট, একসময় আমার পাশের ফ্ল্যাটে থাকত। ভারী মুখচোরা ছিল এক সময়। তবে বাবুটি এখন লায়েক হয়েছেন, কী’সব এনজিওর সঙ্গে মিলেমিশে এদিকওদিক ফোঁপরদালালি করে বেড়ায়। কথায় কথায় ডোনেশন চায় বলে আমি সচরাচর এড়িয়ে চলি। কিন্তু আজ এক্কেবারে দুম করে সামনে চলে এলো, পাশ কাটাতে পারলাম না। 

যেই না “আরে অনি যে” বলে আমি নিজের মাই-ডিয়ার স্টাইলে খেজুর করতে এগিয়ে গেছি, অমনি সে’ব্যাটা ফস করে বলে উঠলে, “এ বিচ্ছিরি সময়ে এমন রসিয়ে মাছের বাজার না করলেই নয় দাদা? আর ভীড়ের মধ্যে নিজে মাস্ক নামিয়ে চা গিলছেন গিলুন, অমন হা-হা করে আমার দিকে এগিয়ে আসার কী আছে। আমি একটা টীম নিয়ে এসেছি এ এলাকাটা ডিসইনফেক্ট করতে। চায়ের দোকানে বসে রকের আড্ডা পরে হবে’খন। আপনিও এ’ভাবে গা এলিয়ে বসে না থেকে বাড়ি ফিরে যান”। 

সাধে কি বলি লোকজন বড্ড বেশি ছিদ্রান্বেষী হয়ে পড়েছে? কথায় কথায় শুধু খুঁত ধরে  আর গপ্প ফাঁদে! আমি সাদা-মনে-কাদা-নেই সাতে-নেই-পাঁচে-নেই মানুষ, অনিরুদ্ধর এমন সব শুচিবাই ডায়লগ শুনে আমার গা জ্বলবে না? যত্তসব!

সব চুকেবুকে গেলে



সব চুকেবুকে গেলে, লঞ্চে চড়ে হাওয়া খেতে বেরোনো যাবে।  

সে টিকিটঘর দেশলাই বাক্সের চেয়ে সামান্য বড়।আর সেই টিকিট যেমন সরু, তেমনই পাতলা - সামান্য অসাবধান হলেই  বাবাজী ফুড়ুৎ।  

দাঁড়ানো লঞ্চে হ্যাংলার মত উঠে পড়ার মানেই হয় না। ছুটির বিকেল খরচ হবে রসিয়ে রসিয়ে৷ জেটিতে এসে আগে দরকার এক ঠোঙা ঘটিগরম। সুখা মুখে জেটিতে বসে থাকা মানে ইডেনের গ্যালারিতে বসে এলসিএম জিসিএম কষা- সে অন্যায় ঘটতে না দিলেই মঙ্গল।

লঞ্চ ছেড়ে চলে গেলেই জেটির ব্যাস্ততা হাওয়া। তখন একটু নজরুল আর অল্প আর ডি বর্মন গুনগুন করা যেতেই পারে। গলায় সুর না থাকলেও, মন এক্কেবারে নিয়মিত রেওয়াজ করা ওস্তাদ। 

মুখে গঙ্গার মিঠে বাতাস, পকেটে পুরনো চিঠি। দু'একটা সস্তা চুটকি মনে পড়ায় হুট করে হেসে ফেলাই যাবে। রোব্বারের বিকেলের জেটির আশ্রয়ে কাউকে তো আর কৈফিয়ৎ দেওয়ার নেই৷ 

একসময়, ও'দিকের ঘাট ছুঁয়ে লঞ্চ ব্যাটা ফের এসে জুটবে। অমনি জেটিতে ব্যস্ততার হাওয়া। লঞ্চে ওঠার মুখেই মোবাইল বেজে উঠবে হয়ত। ফোনার ওপার থেকে অফিসের কোনও তাবড় কর্তা জিজ্ঞেস করবেন, "কোথায় আছ মুকর্জি"?

ঘটিগরম আর নজরুলে পুষ্ট উত্তর যাবে তৎক্ষনাৎ, "জিমে ঢুকছিলাম যে। সানডে এইসময়টা আই ইনভেস্ট ইন মাইসেল্ফ"।

Friday, June 18, 2021

নিউনর্মাল বিরিয়ানি



- লাঞ্চে বাসি বিরিয়ানির জবাব নেই ভায়া৷

- ট্রু৷ তবে ইয়ে, থার্ড ওয়েভ ঠেকিয়ে রাখা যাবে বলে মনে হচ্ছে না৷

- মাংস হয়ত পাতে সামান্য কম রয়েছে, কিন্তু ওভারনাইট রেফ্রিজারেশনের ফলে ফ্লেভারে একটা অন্য ঘ্যাম চলে আসে, তাই নয় কী?

- একদম৷ ইয়ে, এইমাত্র একটা গা-কাঁপানো আর্টিকল পড়লাম। বম্বেতে ইতিমধ্যেই নাকি তোড়জোড় শুরু হয়ে গেছে৷ অবশ্য ঠেকানোটা ওয়াজ নেভার অ্যান অপশন, শুধু ইম্প্যাক্টটাকে যদি একটু মিনিমাইজ করা যেত৷ আসল অস্ত্র হল পাইকারি ভ্যাক্সিনেশন৷ খোলামকুচির মত ছুঁচ গেঁথে যেতে হবে৷ 

- ডিম সেদ্ধটা অবভিয়াসলি টাটকা৷ বাসি বিরিয়ানির আলু আর তাজা ডিমসেদ্ধর কম্বিনেশনটা কিন্তু আউটস্ট্যান্ডিং। 

- একদম তাই৷ আচ্ছা, মাস দেড়েক আগের সেকেন্ড ওয়েভের সেই ডিসাস্টার যেন গত জন্মের কাহিনী মনে হচ্ছে৷ তাই না? অথচ  দু'দণ্ড মন দিয়ে সে'সব কথা ভাবলেও গা শিউরে ওঠে। মেজপিসেমশাই চলে গেলেন৷ পাড়ার মন্টু মাত্র তিনদিন ভুগে...। অফিসেই তো অন্তত জনা চারেক..। অথচ আজ দেখো, সে'সব যেন অন্য জগতের ঘটনা মনে হচ্ছে৷ 

- আমার একটা পার্সোনাল থিওরি আছে জানো৷ টাটকা বিরিয়ানির স্কেলে সিরাজ সামান্য এগিয়ে৷ কিন্তু বাসিতে আরসালাম ফটোফিনিশে বেরিয়ে যাবে৷ 

- হুম৷ পরের ফেজে শুনছি ছোট ছেলেমেয়েদেরও বিস্তর ভুগতে হতে পারে। খোকার সেফটির কথা ভেবেই বুকে মোচড় দিয়ে উঠছে৷ নট টু মেনশন; বাপ-মাকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই৷

- আসলে কী জানো, বিরিয়ানি বাসি হলে তার গায়ে মায়া লাগে।

- নাহ্, লাইফটাকে কচুকাটা না করে এ প্যান্ডেমিক সরবে না।

- দু'দিন বইতো নয় ভায়া৷ রাত্রে গুরুপাক না রেখে সামান্য চাপ আর রুমালি রুটি জোম্যাটো করা যাক৷ কী বলো?

- তাই হোক৷ আর ইয়ে, অক্সিমিটারটা ট্রাবল দিচ্ছে৷ ব্যাটারি চেঞ্জ করেও লাভ হল না৷ আর একটা কিনতেই হবে৷ অর্ডার দিয়েই ফেলি৷ এ'সব ব্যাপারে দেরী করে লাভ নেই৷

**

খেতে বসে নিজের সঙ্গে গল্প না জুড়ে উপায় থাকছে না৷ খেলোয়াড়দের দেখেছি হাইভোল্টেজ মুহূর্তে নিজেদের সঙ্গে কথা বলতে৷ শেষ বলে জিততে হলে চার রান দরকার, বোলার রানআপের গোডায় দাঁড়িয়ে বিড়বিড় করছেন "কাম অন, কাম অন। বোল ইট ওয়াইড আউটসাইড দ্য অফ স্টাম্প । স্কেলে মাপা বল; কাম অন! ইউ ক্যান ডু ইট"। পাড়াতুতো এক জ্যেঠুকে দেখেছি শেষ বয়সে এসে অনবরত নিজের সঙ্গে গল্প জুড়ছেন; নিজেই গোলমেলে প্রশ্ন করছেন, নিজেই লাগসই উত্তর দিয়ে কেল্লা ফতে করছেন৷ আমার এক বন্ধুকে দেখতাম জটিল অঙ্ক কষার সময় মশগুল হয়ে চাপা সুরে অঙ্কের স্টেপগুলো আউড়ে যেত; কোনও জব্বর কঠিন কোনও প্রব্লেমকে জব্দ করতে পারলে নিজেই নিজেকে সাবাশ বলে উঠত। 

নিজের সঙ্গে নিজের বিড়বিড়গুলো বোধ হয় এক ধরণের মেডিটেশন৷ ধরা যাক ধুন্ধুমার যুদ্ধ চলছে, সাতাশ ঘণ্টা অনবরত শত্রুপক্ষের বুলেট এড়িয়ে হয়ত কোনও সৈনিক নিজের বাঙ্কারে এসে পৌঁছেছে৷ ঘামরক্তভেজা জামাকাপড় ছেড়ে কফির মগ হাতে দু'দণ্ড গা এলিয়ে দিয়ে প্রিয় গানের সুর গুনগুন করতে শুরু করেছে। কিন্তু সেই গানের সুরে আর কফির গন্ধে ভেসে গেলে তো তার চলবে না৷ মনের মধ্যে একটা বেসুর বেজেই চলবে "ঘণ্টাখানেক পরেই যুদ্ধ ব্রাদার! যুদ্ধ। গুলি। বুঝেছ? ব্লাডি ওয়ার! মুহূর্তের অসাবধানতায় স্নাইপারে সাফ হয়ে যাওয়া বা ল্যান্ডমাইন ফেটে উড়ে যাওয়া"। কফি শেষ হয়, গান থামে; কিন্তু স্নায়ু গা এলাবার তাল করলেই চিমটি৷ 

এই নিউ নর্মালে নিজেদের নির্ভেজাল ভালোলাগাগুলোকেও আর নিশ্চিন্তে বিশ্বাস করা যাচ্ছে না৷ পছন্দের খাবার, ভালো লাগা বই, মনভালো করা আড্ডা; এ'সমস্ত কিছুর মধ্যেই নিজের সঙ্গে জরুরী আলোচনাগুলো চালিয়ে যেতে হচ্ছে৷ এ যুদ্ধ সহজে শেষ হওয়ার নয়৷ সমস্ত ভালোলাগাগুলোকে মুলতুবি রাখার উপায় নেই, আবার সহজে ভেসে যাওয়ারও উপায় নেই। 

নিজের মধ্যে বাস করা বিরিয়ানি ভালোবাসা আলাভোলা মানুষটার আস্তিন মাঝেমধ্যেই টেনে ধরছে যে ভদ্রলোক, সেও ভুরু কুঁচকে আমার মধ্যেই গ্যাঁট হয়ে বসে রয়েছে৷

Sunday, May 16, 2021

নিউ নর্মাল নববর্ষ

- হ্যালো!
- কাকা, তুমি আমার নববর্ষের প্রণাম নিও।
- তুই হাত নিয়মিত স্যানিটাইজ করছিস তো?
- আর কাকীমাকে আমার প্রণাম জানিও।
- শোন, ভীড়েটিড়ে যাস না। খবরদার!
- আরে, প্রণাম নিও।
- এই আমি বলে রাখছি। যদি শুনি মাস্ক ছাড়া বেরিয়েছিস, পিঠের ছালচামড়া তুলে নেব রে রাস্কেল।
- ইয়ে, কাকা! আশীর্বাদটা দাও!
- উম, তোর তো মনে হয় পঁয়তাল্লিশ হয়নি, তাই না?

(পয়লা বৈশাখে লেখা)

Friday, May 14, 2021

একা নই

দেখাসাক্ষাৎ তো দূরের কথা, বহু বছর সে ব্যাটাচ্ছেলের সঙ্গে কথাবার্তাই নেই। ' আউট অফ দি  ব্লু' সে বন্ধুটির ফোন পেয়ে চমকে গেছিলাম।

এদ্দিন পর? 
কী ব্যাপার?

প্রথমত, মতলবটা কী?
"মতলব" শব্দটা বাংলায় ব্যবহৃত হলে ব্যাপারটা বেশ গোলমেলে৷ মনে একটানা যে'সব জিলিপির প্যাঁচ জেনারেট হয়ে চলেছে, সে'সব মূলত মতলব-সন্ধানি, সন্দিগ্ধ৷ বস মিষ্টি হেসে কথা বললেন কেন? নিশ্চয়ই কোনও মতলব আছে৷ দোকানি অমায়িক সুরে গল্প জুড়লেন কেন? নিশ্চয়ই ওজনে কম দেওয়ার মতলব৷

দ্বিতীয়ত,আশঙ্কা৷
অসহায় হতচ্ছাড়া গলা-টেপা আশঙ্কা৷ এ'সময়ে যে'টা   করোনার চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে৷ আবার কি কেউ চলে গেল? দড়াম করে শুনব কোনও সুস্থ সবল সুপরিচিত মানুষ আর নেই? হুঠ করে মনে পড়বে শেষবারের দেখা হওয়াটা? এ তো এখন দৈনিক ড্রিল; এক আত্মীয় ফোন করে জানাচ্ছেন অন্য আত্মীয়ের চলে যাওয়া, এক বন্ধু জানাচ্ছে অন্য বন্ধুর ব্যাপারে কোনও দুঃসংবাদ অথবা কোনও সহকর্মী জানাচ্ছেন যে শত চেষ্টা করেও আর এক সহকর্মীকে টিকিয়ে রাখা গেল না৷

কিন্তু, এই বন্ধুটি  ফোন তোলা মাত্রই সপাটে জিজ্ঞেস করলে;
"সাবধানে আছিস তো? 
তুই কি এখনও বরফ ঠাণ্ডা জলে স্নান করিস ভাই?
গোলমেলে সময় বুঝলি; বুকে ঠাণ্ডা বসলেই গোলমাল। বি কেয়ারফুল"।

অযাচিত ভূমিকা নেই,
ইতস্ততভাব নেই।
সোজা সহজ সুরে, "সাবধানে আছিস তো"?
যেন মাঝের কথা-না-বলা বছরগুলো ছিলই না। 

নাহ্, আমরা একা নই।

Thursday, November 12, 2020

নিউনর্মালে লোকালে


আমার দুই মামা চাকরীর পাশাপাশি যে'টা করে সে'টা হল ডেলি প্যাসেঞ্জারি৷ ছোটমামা মাঝেমধ্যেই বলে যে তাঁর চাকরীর একভাগ অফিস আর তিনভাগ ডেলিপ্যাসেঞ্জারি৷  সারা বছর লোকাল ট্রেনের ভীড় সামাল দিয়ে কলকাতা পৌঁছে তাদের 'অফিস-করা'৷ লোকাল ট্রেনের চলাচল মফস্বলের মানুষজনের জন্য ধানচাষের মতই জরুরী, কলকাতার চাকরী ধরে রাখতে এই লোকাল ট্রেনের ডেলিপ্যাসেঞ্জারিই অজস্র সংসারের ভরসা। মাসের পর মাস সেই ট্রেন চলাচল বন্ধ আবার ও'দিকে ঠুনকো প্রাইভেট ফার্মের চাকরী। করোনার দুর্বিপাকে পড়ে বেশ কিছু দিন প্রবল অনিশ্চয়তার মধ্যে কেটেছে৷ 

বিশ্রী একটা ধুকপুক নিয়ে ফের শুরু হয়েছে লোকাল ট্রেনের যাওয়া-আসা৷ খানিকটা স্বস্তি এসেছে, যাতায়াতের একটা সুরাহা হল, চাকরীটা হয়ত টিকিয়ে রাখা যাবে৷ কিন্তু তার পাশাপাশি রয়েছে প্রবল শঙ্কা- মুণ্ডু গেলে খাবোটা কী? 

নিয়মিত কলকাতা যাতায়াতের সহজতম পথটা যেমন চালু হল, তেমনই এর পাশাপাশি বহুগুণ বেড়ে গেল ট্রেনের ভীড় এবং অসতর্কতায় কোভিডে আক্রান্ত হওয়ার দুর্বিষহ ভয়৷ 
এই অসহায় পরিস্থিতিটা বুঝিয়ে বলাটা নেহাৎ সহজ নয়৷
 
আমি শুধু জানি যে দু'জন সাধাসিধে সরল মানুষ সংসারের জন্য বুক চিতিয়ে লড়ছেন৷ তাঁরা সতর্ক, কিন্তু চোয়াল শক্ত না রেখে উপায় নেই। বেলা বোসকে চাকরীটা পাওয়ার খবর দেওয়ার গানটা আমাদের বড় প্রিয়৷ কিন্তু সে সাধের চাকরীটা ধরে না রাখতে পারলে আটপৌরে সংসারের লাল-নীলটা আর রইবে না৷ অতএব, নিয়মিত যুদ্ধযাত্রা।

আমরা অনেকে বাজারঘাট বা 'শপিং'য়ের জন্য বের হচ্ছি, কেউই তো আর থেমে নেই৷ জুবুথুবু হয়ে মাসের পর মাস বসে থাক সহজও নয়৷ তবে এরই মাঝে আমাদের মাস্কটাও আলগা হয়ে আসছে৷ 'ও হলে হবে'র ভাইরাস করোনাকে টেক্কা দিচ্ছে৷ অথচ ও'দিকে, কত মানুষ বেরোচ্ছেন সংসার যুদ্ধে কোনওক্রমে টিকে থাকতে। 

যুদ্ধ মাত্রই সিয়াচেনের বরফ বা কুরুক্ষেত্রর ব্যূহ  নয় - সেই যুদ্ধগুলোর প্রতি সেলাম ঠুকতে আমাদের মাস্কগুলো থাক। 

Saturday, August 22, 2020

পুজো আসছে


- পুজো আসছে বিপিনদা। পুজো আসছে।

- পুজোর পাঁচটা দিন বাদ দিলে গোটা বছরই তো বাঙালির "পুজো আসছে পুজো আসছে" করে কেটে যায়।

- ধ্যাত। আপনি বড় রুখাসুখা। ওই ফাইলবোঝাই টেবিল ছেড়ে একটু বারান্দায় এসে দেখুন না। আকাশের দিকে তাকালেই মনে হবে এই হল রিয়েল পুজোবার্ষিকী। 

- পুজো আসছে৷ করোনা থাকছে।

- তা বটে। তবু এমন আকাশ দেখলে..।

- এ'বছর জুমে প্যান্ডেল হপ করতে হবে।

- না। প্যান্ডেল হপার আমি নই।

- তবে কী? রেস্টুরেন্টে ঘণ্টা পাঁচেক লাইন দিয়ে পুজোসস্পেশাল বাসি বিরিয়ানি? 

- পুজোয় রেস্টুরেন্টের খপ্পরে পড়িনা। বড়জোর স্টলের রোল। পুজোর আদত হইহইরইরই তো নিজেদের হেঁসেলে।

- করোনাই তো, এমন আর কী। পুজোর পাঁচদিনই বরং ভীড় ঠেলে মাছ মাংস মুর্গি কিনুন। গিলুন যতখুশি। কী আর হবে, প্রাণটাই না হয় যাবে। এ বাজারে প্রাণ ধরে রাখাও বড় জ্বালা।

- না না। কোভিডিয়ট আমি নই। তাছাড়া জানেনই তো। মাইনেতেও কোপ পড়েছে৷ এ'বেলা ও'বেলা চর্ব্যচোষ্য হয়ত ম্যানেজ হবে না।

- কিছুই যখন হবে না, তখন পুজো আসছে পুজো আসছে করে লাফানোর কী আছে?

- যদ্দিন মা বেঁচে ছিল, পুজোয় প্রতিবার বাড়ি ফিরতাম জানেন। প্রতিবার। অগস্ট পড়লেই ফেরার টিকিট কাটতাম। মা নেই, পৈতৃক বাড়িও বেচে সাফ। কাজেই সেই ফেরাটুকুও বাদ গেছে বেশ কয়েক বছর হল। কিন্তু এই হাই কোয়ালিটির পুজো-আসছে-মার্কা আকাশ দেখলে এখনও মনের মধ্যে "এ'বার বাড়ি ফেরা" মার্কা গন্ধ ছড়িয়ে পড়ে। মাইরি বিপিনদা। জানি পুজোর দেরী আছে তবু..। আর এই প্যান্ডেমিকের বাজারে এই গন্ধটা যেন আরও জরুরী। বেশ বুকে বল পাচ্ছি কিন্তু।

- কবিতা লিখুন গুপ্তবাবু।  কবিতা৷ অফিসের খাজা সব ফাইলটাইল ঘেঁটে কী হবে। রবিনসন ইলেক্ট্রিকালসের ফাইলটা বড়সাহেব চাইলে বলে দেব, পুজো আসছে তো। গুপ্তবাবু ফাইল ক্লিয়ার না করে কবিতা লিখছিলেন। 

- কবিতার খোঁটা দিলেন বিপিনদা? তা দিন, ও আমার গায়ে লাগে না। আপনি যদি ভেবে থাকেন যে কবিতা শুধু খাতায় কলমে লেখা হয় তা'হলে সে ভাবনা পাল্টে ফেলুন। এই করোনায় রগড়ানো সময়ে পুজো-আসছে-মার্কা অকারণ ফুর্তি ইজ পোয়েট্রি ইনডীড। আর ক্রসওয়ার্ড পাজলে মুখ গুঁজে সময় নষ্ট না করলে আপনি ঠিক টের পেতেন যে রবিনসনের ফাইলটা ক্লীয়ার করে আধঘণ্টা আগেই আপনার টেবিলে রেখে এসেছি।

Thursday, July 30, 2020

কবীরিয়ানি


- পুরস্কারটা পেয়ে কেমন লাগছে অপূর্ববাবু?

- কী বলব। এত বড় একটা সম্মান৷ সে'টাও মুখ্যমন্ত্রী নিজে আমার হাতে তুলে দিলেন। ভাবলেই এখনও গায়ে কাঁটা দিচ্ছে।

- মুখ্যমন্ত্রী বলেছেন আপনার নোবেল পাওয়া উচিৎ। আফটার অল, একটা গোটা রাজ্যের ভাগ্যপরিবর্তন ঘটেছে আপনার এই আবিষ্কারের হাত ধরে।

- আজ্ঞে..ইচ্ছেটা আমার মনেও যে ছিল না তা নয়। সুইটেবল ক্যাটেগরির অভাবে অ্যাপ্লিকেশনটা ফাইল করা গেলনা। যাকগে, বাংলার মানুষের ভালোবাসা পেয়েছি৷ সে'টাই অনেক।

- শুনেছি গত সাতমাস ধরে ট্রায়াল চালিয়েছেন?

- প্যান্ডেমিকের বাজারে পাবলিক হেলথ নিয়ে তো আর ছেলেখেলা চলেনা। এই আবিষ্কার নিয়ে সাতটি স্তরে হিউম্যান ট্রায়্যাল চালিয়েছি। হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেট। একশোয় একশো।

- কবীরয়ানি নামটার পিছনে কোনও ইন্সপিরেশন? 

- ‘‘মায়ায় অন্ধ বসুন্ধরায় কেউ চেনেনা আমাকে। বাতাসও নই মাটিও নই, আমি শুধুই জ্ঞান। সবার ঊর্ধ্বে আমি শুধুই সুবাসের এক ফেরিওয়ালা’’। শুনেছেন তো?

- কবীরের দোঁহে?

- রাইট। তবে সামান্য ট্যুইস্ট করে চালাই৷ কবীর বলেছিলেন 'আমি শুধুই শব্দের এক ফেরিওয়ালা'। আমি বলি 'আমি শুধুই সুবাসের এক ফেরিওয়ালা'। কখন কোন ম্যাজিকে কাজ হয় তা কে বলতে পারে। কবীরে শব্দে কেল্লা ফতে করেছিলেন। আমি ফোকাস করেছি সুবাসে।

- আর সেই সুবাসে সমস্ত বাঙালি নিজের অসাবধানতা ঝেড়ে ফেলে জেগে উঠল। বাজার করে নিকেশ হয়ে যাবে; এই বিশ্রী বদনাম উড়িয়ে দিয়ে এখন বাঙালি গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্য সচেতন। পরিসংখ্যানও তাই বলছে, করোনার দাপট বেশ কমে এসেছে আপনার আবিষ্কৃত বিরিয়ানি ফ্লেভারের হ্যান্ডস্যানিটাইজার বাজারে আসার পর।

- কবীরিয়ানি তো শুধু সুগন্ধ নয়৷ এক্কেবারে আদত ফ্লেভার৷ কবীরিয়ানিতে হাত কচলে মুলোশাক মাখা ভাত খেলেও যে কারুর মগজ আচ্ছন্ন থাকবে খাঁটি কলকাতা বিরিয়ানি মার্কা ভালোবাসায়। আর সেখানেই মানুষ কনভিন্সড হয়েছেন, বুকে জড়িয়ে নিয়েছেন কবীরিয়ানিকে। রোজ রোজ গলায় মাস্ক ঝুলিয়ে, ঠেলাঠেলি করে ভালোমন্দ বাজার করার হ্যাপা নেই। টোটাল নিশ্চিন্দি। আমার এই হ্যান্ডস্যানিটাইজার হাত ডলে ভাতেভাত খেতে বসেও সবাই 'বহুত খুব, নাজুক' বলে টেবিল চাপড়াচ্ছেন। বাজারের ভীড় কমে যাওয়ার গোটা রাজ্যে এখন প্রবল ডিসিপ্লিন, তাই না?

- একদম। তাছাড়া, থ্যাঙ্কস টু ইওর আবিষ্কার, কারণে অকারণে অফিসে, রাস্তায়, বাড়ির সোফায়;  সবাই এখন মাঝেমধ্যেই কবীরিয়ানি বের করে হাত কয়েক ফোঁটা ঢেলে নিচ্ছে। এ'টাই মনভালো করার সবচেয়ে সহজ ফর্মুলা। অনেকে বলছেন যে মনে ফুরফুর আনতে আপনার এই হ্যান্ড স্যানিটাইজার নাকি সিঙ্গল মল্টের চেয়েও বেশি এফেক্টিভ।

- হেহ্। হেহ্।

- ইফ আই মে আস্ক, শুনেছি প্রধানমন্ত্রী নিজেও নাকি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন৷ 

- নিজের মুখে আর কী বলব বলুন। আমি পাতি মানুষ, সবার ভালোবাসায় এক্কেবারে ভেসে যাওয়ার উপক্রম। হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ নিরামিষ খাইয়েদের জন্য একটা নতুন স্যানিটাইজারের কথা ভেবেছি; ধোকলাইজার। অবিশ্যি সে'টার হিউম্যান ট্রায়াল শুরু হতে এখনও দেরী আছে। তবে করোনায় কাবু এই অন্ধকার সময়ে; গোটা দেশে যদি ডিসিপ্লিন, স্বাস্থ্য সচেতনতা আর পরিতৃপ্তির একটা ঢেউ ছড়িয়ে দেওয়া যায়, ক্ষতি কী বলুন?

Saturday, July 25, 2020

প্যান্ডেমিকের পুজোর প্ল্যান


- কী ব্যাপার ছোটকা? ক্যালেন্ডারের দিকে তাকিয়ে মেডিটেট করছ নাকি?

- জুলাই মাস শেষ হতে চলল রে নিতাই।

- তা'তে কী?

- বছর এই সময়টা..।

- এই সময়টায় কী?

- এই সময় আমার বসকে তেল দেওয়ার কথা। বস নাচতে বললে ধেইধেই করব, বাজে চুটকি বললে হেসে গড়াগড়ি খাব, বসের ক্যাটক্যাটে রঙের বিশ্রী শার্ট দেখে বলব 'লুকিং অসাম'।

- বসকে তেল? ও মা, তুমি নাকি কেরিয়ারের জুজুকে পাত্তাটাত্তা দাও না৷ তা'হলে আবার আপিসিও তৈলমর্দন কেন?

- কেরিয়ার? প্রমোশনটমোশনের তোয়াক্কা? তা আমি সত্যিই করিনা। একার সংসার। ইএমআইয়ের ফাঁদে পা দিই না।  বসের তোয়াক্কা আমি করবই বা কেন? তবে...।

- তবে?

-  তবে পুজোর ছুটি আদায় করার জন্য আমি  মা কালীর পায়ে কমিউনিস্ট ম্যানিফেস্টো ঠেকিয়ে নিতেও হেসিটেট করব না। বসকে তেল তো কুছ ভি নহি।

- ও। তা, তুমি বুঝি জুলাই মাস থেকে বসকে তেল দেওয়া শুরু কর? পুজোর ছুটি আদায়ের জন্য?

- শুরু করি জুন থেকে। মালিশ করে করে তাঁর ঘেউঘেউ মেজাজ নরম করে মিউমিউতে আনতে মাসখানেক লাগে। আর তারপর শুরু হয় রিয়েল স্ট্রাগল। 

- লেট মি গেস। আইআরসিটিসির ওয়েটিং লিস্ট?

- পেরেকের মাথায় ঘা দিয়েছিস। এই সময়টায় শিলিগুড়িমুখো সমস্ত ট্রেন ওয়েটলিস্টে থাকার কথা। মেজদা রেলের বড় অফিসার, ওর কাছে দু'দিন রাবড়ি নিয়ে যেতে হবে। যদি একটু বলেকয়ে কনফার্ম করাতে পারে। ওর আবার বড় বেফালতু আইডিয়ালিজমের বাতিক। মেজদার রাবড়ি ফেল করলে লাটুগুণ্ডার কাছে রামের বোতল নিয়ে যাওয়া। 

- লাটু? বোমা বাঁধতে গিয়ে যার..?

- লাটুর নিজের ডানহাতটা নেই বটে। তবে ও পাড়ার এমএলএ'র রাইট হ্যান্ড। লাটু চাইলে হিল্লে একটা হয়েই যায়। জুলাইয়ের মধ্যে টিকিটের ব্যাপারটা ফাইনাল হলেই মন ফুর্তিতে ডগমগ। তখন জমে অন্য খেল, দ্য গ্রেটেস্ট পুজো কনানড্রাম। 

- পাহাড় না জঙ্গল...তাই তো?

- ইউ আর আ ব্রাইট চ্যাপ নিতাই। এই জন্যেই যখনই আমি পাঁঠা কষাই; তোকে ডাকি৷ 

- পাহাড় আর জঙ্গলের হিসেবটা কী'ভাবে ম্যানেজ করো?

- নট ইজি। নিজের মনের মধ্যে ডুবসাঁতার দিতে হয়। নিজের মেজাজকে অ্যানালাইজ করতে হয়, বুকের ধুকপুককে ডিকোড করতে হয়। কখনও নিজেকে দাদার কীর্তির কেদারের সঙ্গে আইডেন্টিফাই করি; ওই যে, 'স্বপ্নের নেচারটা ফোকাস'। তখন বুঝি যে এ'বারে পাহাড়ের ভাবগম্ভীর স্নেহ ছাড়া গতি নেই। আবার কোনও বছর নিজের মনের গভীরে পৌঁছে টের পাই যে আমি ওই সাহেব সিনেমার গোলকিপারের মত অস্থির হয়ে আছি; এ'বার জঙ্গলের মায়ায় নিজেকে বেঁধে না ফেললেই নয়। এই গোটা প্রসেসটা যেমন পোয়েটিক, তেমনই মিউজিকাল। 

- আর এ'বারে সেই কবিতা আর সঙ্গীত দু'টোই গেল জলে।

- রাস্কেল করোনা। নিনকমপুপ। হাড় জ্বালিয়ে ছাড়লে। কবিতা ডকে আর সঙ্গীত গোল্লায়৷ জুলাই শেষ হতে চলল অথচ পুজোয় ছুটি বাগানোর কোনও গা নেই। বসের গাম্বাট ঠাট্টাগুলো শুনলেই গা চিড়বিড়িয়ে উঠছে। ব্রাউজারে আইআরসিটিসি টাইপ করলেই কান্না পাচ্ছে৷ মেজদা রাবড়ির আব্দার করে ফোন করেছিল, ওর শুগার তুলে খোঁটা দিয়ে ফোন কেটে দিয়েছি৷ লাটুকে দেখলেই ইচ্ছে করছে কান মলে দিতে। 

- খুবই চিন্তার ব্যাপার ছোটকা।

- ক্যাটাক্লিজমিক কেস। জুলাই শেষ হতে চলল। কোথায় এখন স্টলে গিয়ে পুজোবার্ষিকী আনন্দমেলার খোঁজ করব! তা না! পুজোয় কী ব্র‍্যান্ডের অক্সিমিটার কিনব সেই ভেবে হদ্দ হচ্ছি। 

- মনখারাপ? খুব? ছোটকা?

- বুঝলি নিতাই, পড়াশোনায় চিরকাল মিডিওকার ছিলাম। প্রেম ব্যাপারটাও ঠিকঠাক এক্সেকিউট করতে পারলাম না। এখন কলম পেষাই করে মাসমাইনে আদায় করি৷ এক্সট্রা কারিকুলার বলতে লবডঙ্কা।  জীবনে একটাই পয়েন্ট অফ এক্সেলেন্স ছিল; পুজোর ছুটির প্ল্যানিং। এই করোনার খপ্পরে পড়েও সে'টা গেল কেঁচে। গুরুদক্ষিণা সিনেমায় সুগায়ক ভালোমানুষটি যখন গাইতে চেয়েও গাইতে পারছেন না; সে না পারার যন্ত্রণাটা যে কী অপরিসীম তা আজ আমি ঠাহর করতে পারছি৷

Thursday, July 23, 2020

প্যান্ডেমিক


- ধুর শালা প্যান্ডেমিক! উফ!

- যা বলেছ ভায়া। প্রাণ ওষ্ঠাগত এক্কেবারে।

- কী খতরনাক ভাইরাসের পাল্লায় যে পড়লাম..।

- এক্কেবারে হুলুস্থুল অবস্থা। তাই না?

- গোড়ার দিকে কিছুতেই ঠাহর করতে পারিনি যে জল এদ্দূর গড়াবে।

- গভর্নমেন্টই ঘোল খেয়ে গেল হে। আমরা তো টোটাল আতিপাতি আর আলটিমেট এলেবেলে। 

- গভর্নমেন্টকে দোষই বা দিই কী করে বলো। এমন ক্যালামিটি এই সেঞ্চুরিতে আগে কেউ কি দেখেছে? বিলেত আমেরিকা টলে গেল, আমরা কোথাকার কোন হরিদাস পাল। তা ভায়া, ভ্যাক্সিনের খবর কিছু শুনেছ? আশার আলো আছে কিছু?

- কানাঘুষো যা শুনছি..তা খুব একটা কনফিডেন্স ইন্সপায়্যারিং নয়৷ অন্তত বছর দুয়েকের আগে তো তেমন কোনও আশা দেখছি না...।

- দু'বছর? দু'বছর ফেসমাস্ক না পরে থাকতে হবে?

- যে দেবতা যাতে তুষ্ট। মাস্ক পরলেই এই ভাইরাস এসে ক্যাঁক করে ধরবে। এমন খতরনাক ব্যাপার যে হতে পারে তা কেউ কোনওদিন ভাবতে পেরেছিল?

- সত্যিই, একটানা মাস্ক না পরে থাকা, সে যে কী অস্বস্তিকর।  মনে হয় যেন উলঙ্গ হয়ে ঘোরাঘুরি করছি৷ রাত্রে তো ঘুমই আসতে চায়না। মাঝেমধ্যে পাশবালিশ দিয়ে মুখ নাক ঢাকি বটে কিন্তু দুধের স্বাদ কি ঘোল চেটে মেটানো যায় বলো।

- গিন্নীকে দু'টো কাঞ্জিভরমের মাস্ক দিয়েছিলাম, জলে গেল। তবে শুধু তো সে'টুকুই নয়৷ মাস্ক ইন্ডাস্ট্রি যে পথে বসেছে। ইকোনমি গেঁজে যেতে বসেছে৷ চারদিকে হাহাকার। এ যে কী দুর্যোগ! 

- সত্যিই৷ রোজ সকালে উঠে মনে হয় যেন কোনও দুঃস্বপ্ন দেখছি। এই দেখ, চারপাশের সবকিছু রিয়েল কিনা ভেরিফাই করতে গিয়ে নিজের গায়ে এমন রাম-চিমিটি কেটেছি যে কালশিটে পড়ে গেছে।

- আহা রে। 

- আর সবচেয়ে বড় যন্ত্রণা শুরু হয়েছে এই রোজ রোজ বাজার যাওয়া। ব্যাটাচ্ছেলে প্যান্ডেমিকের পাল্লায় পড়লাম  সমস্ত হোমডেলিভারি বন্ধ। বাপের জন্মে ভাবিনি যে এমন এক থার্ডক্লাস ভাইরাসের পাল্লায় পড়তে হবে যাকে আটকানোর একমাত্র উপায় হচ্ছে মানুষের গিজগিজে ভীড়ে গিয়ে মেশা। উফ! ডিসগাস্টিং টু দি পাওয়ার ইনফিনিটি।

- সত্যিই ভাবা যায়না। কী ডেঞ্জারাস ব্যাপার। রাস্তায় বেরোলেই বুক কাঁপছে।  প্রতিবেশী টু হাফ-চেনা পুলিশদাদাটি; যে কেউ গায়ে ঝাঁপিয়ে পড়তে পারে  কোলাকুলি করার জন্য। আহ্, ভাবলেই গা শিউরে উঠছে,গলা শুকিয়ে যাচ্ছে। 

- সত্যিই। এ যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না ভাই। তিন মাস ধরে মেগা সাইজের সব প্যান্ডেল দাঁড় করিয়ে পুজো হচ্ছে স্রেফ ভীড় জেনারেট করতে। বিজয়া আদৌ আসবে কিনা, আসলে কবে আসবে; কেউই জানে না।আর আজকাল তো লকডাউন ব্যাপারটাকেই অবাস্তব এক ইতিহাসের মত মনে হয়।

- এই একটানা পুজো হল আর একটা মেনেস! কী গা ঘিনঘিনে ব্যাপার। মোবাইলে পুজো অ্যাপের বোতাম ফিঙ্গারপ্রিন্টে অ্যাক্টিভেট না করে বারোয়ারী প্যান্ডেলে,  হাতে ফুল চটকে, ভীড়ে গা ঘেঁষাঘেঁষি করে কম্পালসরি অঞ্জলি দেওয়ার এই যে ন্যাকাপনা; তা কহাতক বরদাস্ত করা যায়? আর তার ওপর গোঁদের ওপর বিষফোঁড়া হয়েছে এই ওয়ার্ক ফ্রম অফিস। 

- তা আর বলো কেন। ভাবতে পারো...ওয়ার্ক ফ্রম অফিসের জ্বালায় উইকডেতেও রাস্তাঘাটে রীতিমতো ট্র‍্যাফিক জ্যাম হচ্ছে? দিনে দিনে আর কত দেখব? 

- নাহ্। মনখারাপ ক্রমশ গভীর হচ্ছে ভায়া। শুধু আমার একার নয়, চারদিকেই এক অবস্থা। দেখো কপালে আর কত কী আছে। কবে শুনব ডিজিটাল বুকক্রিকেট-টুকুও ব্যান করে দেওয়া হবে। শুনেছ তো, নতুন স্টেডিয়াম তৈরি হচ্ছে দেশের প্রতিটি শহরে। 

- স্টে...স্টেডিয়াম? এ কোন মান্ধাতা আমালে আমরা ফিরে যাচ্ছি? শেষে কি আমরা ডার্ক-এজের মত কাঠের ব্যাট আর চামড়ার বল দিয়ে ক্রিকেট খেলা শুরু করব?

- করব। এবং জোর করে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে মানুষকে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে সে'খেলা দেখার জন্য। আর সে'খানেই শেষ নয়। তোমার পেয়ারের নেটফ্লিক্সও জলে গেল বলে। নেটফ্লিক্সের জন্য মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে না, তাই রাস্তায় ভীড় তৈরি হচ্ছে না আর তার ফলে বেড়ে চলেছে ভাইরাসের অত্যাচার।

- নাহ্। এ অসহ্য৷ আর কয়েকমাসের মধ্যে বাজারে ভ্যাক্সিন না এলে...।

- না এলে?

- রিভোল্ট করব! সরকারি নির্দেশ অমান্য করব। অন্তত একটা টোকেন প্রটেস্ট করবই।

- প্রতীকী প্রতিবাদ? কী'রকম?

- হপ্তায় তিনদিন বাধ্যতামূলক ফুচকা খাওয়া? ভীড়ে দাঁড়িয়ে? লাইন দিয়ে? মানছি না! মানব না! আর দু'মাস অন্তর পুরী বা দার্জিলিং গিয়ে লাফালাফি? নেভার।  কভি নহি!

Wednesday, May 13, 2020

ট্যুইটস অফ আইসোলেশন ১৩


ফের একদিন। 

ভীড়। ধরুন, ওই চৈত্র সেলে গড়িয়াহাট মার্কা ভীড়।

আর ভীড়ে হাঁসফাঁস অবস্থায় কেউ আমার পা মাড়িয়ে ফেলবেন। এবং তারপরেই চেনা স্ক্রিপ্ট ভেস্তে দিয়ে মারকাটারি মিরাকেল।  

"অন্ধ নাকি শালা" বলে আমি চিৎকার করে উঠব না।
"ভীড় ফুটপাথে অমন ট্যালার মত ল্যাম্পপোস্ট হয়ে দাঁড়িয়ে থাকবে অথচ সামান্য টোকা লাগলে ন্যাকাপনা। আচ্ছা গবেট মাল" মার্কা পাল্টা উত্তর ভেসে আসবে না। 

বরং পা মাড়িয়ে যাওয়া মানুষটি ঘুরে হন্তদন্ত হয়ে কাছে আসবেন। জিভ কেটে বলবেন; "ছিঃ ছিঃ,অমন ইস্টুপিডের মত কেউ হেঁটে যায়? আমি একটা অখাদ্য। বলি, পায়ে কি খুব লেগেছে দাদা"?

আমি তৎক্ষণাৎ লাজুক সুরে জানাব " আরে না না, ভীড়ের মধ্যে অমন অল্পস্বল্প হয়েই থাকে। আরে পা মাড়িয়েছেন, বুলডোজার তো আর চালাননি। আমিই বরং অকারণে থমকে দাঁড়িয়ে গেছিলাম। কোনও মানে হয়? হাতে অতগুলো ভারী ব্যাগ নিয়ে ছুটছেন আপনি, পায়ে পা লাগতেই পারে। ধুস, ও নিয়ে ভাববেন না"।

দু'টো দিলখোলা হাসির আদানপ্রদান হবে। পা মাড়িয়ে দেওয়ার ব্যথা বা পা মাড়িয়ে দেওয়ার লজ্জা;তিরিশ সেকেন্ডে গায়েব কিন্তু সে হাসির ওম তিরিশ দিন মন চনমনে রাখবে। 

হাল ছাড়িনি। এই করনো-ধ্যাষ্টামোর শেষে ভীড় ফিরে আসবে। সেই ফিরে আসা ভীড়ে আমাদের হাঁসফাঁসটুকুও দিব্যি বেঁচেবর্তে থাকবে। কিন্তু সেই নতুন ভীড়ের পুরনো মানুষগুলো আগের চেয়ে সামান্য নরম হবে। হবেই। হতেই হবে।

Wednesday, April 29, 2020

গুরু আর হিমালয়

- পটা। অ্যাই পটা। আরে অ্যাই পটা!

- গুরু, অত চেঁচিও না। যোগব্যায়ামের ফোকাস নষ্ট হচ্ছে।

- নেকুচন্দর খাসনবীশ, যোগব্যায়ামের ফোকাস নষ্ট। বলি মান্থ এন্ডের রেভিনিউ স্টেটমেন্ট কই।

- কী হবে ও'সব দিয়ে বলো গুরু৷ তার চেয়ে বরং চলো; স্টকের আমতেল দিয়ে কষে মুড়ি মাখি। দু'জনে মিলে চিবুতে চিবুতে গপ্পগুজব করব, চারটে ইলিশ শ্যামল মিত্তিরের গান গাইব; ব্যাস, আজকের সন্ধ্যেটা আলগোছে কেটে যাবে।

- তোকে পিটিয়ে তক্তা করে দিতে পারলে তবে আমার শান্তি হয়। মাসের শেষ, ব্যবসার হিসেবকিতেব না করে হারমোনিয়াম বাজাব? মা লক্ষ্মী জুতোপেটা করবে যে।

- লকডাউন চলছে গুরু। খামোখা চাপ নিতে যেও না, এ করোনার বাজারে মা লক্ষ্মীও স্যাটাস্যাট নেমে আসতে পারবেন না৷ তা বলছিলাম, মুড়িতে কিন্তু অল্প কাঁচালঙ্কা কুচি না দিলে আমার চলবে না।

- শাটাপ পটা। শাটাপ। আমরা এ'দিকে মুড়িমাখা গিলি আর ও'দিকে দয়ালগুণ্ডার সিন্ডিকেট আমার মার্কেট ক্যাপচার করে নিক আর কী।

- আরে ধ্যাত্তেরি। কীসের মার্কেট ক্যাপচার করবে? কিডন্যাপিংয়ের বাজারে ঘুঘু চড়ছে। কেউ ছাই বাড়ি থেকেই বেরোচ্ছে না তায় তাদের কিডন্যাপিং।  আবার ছেলেরাও কিডন্যাপফিডন্যাপ করতে চাইছে না, কোন মাল কী বিষ ভাইরাস নিয়ে ঘুরছে তা বোঝা মুশকিল। বাজারে লোকজন মাঝেমধ্যে জমছে বটে তবে এই এক মিটারের তফাতে দাঁড়িয়ে পকেটকাটা যে অসম্ভব গুরু; কাজেই সেখান থেকেও রেভিনিউ কাঁচকলা। আর অন্যদিকে পলিটিক্সের ঝিঙ্কু দাদারা আর কালাটাকা ওড়ানো বিজনেসম্যান জ্যেঠুরাও সবাই নেতিয়ে পড়েছে; কাজেই ক্যালানির অর্ডারও তেমন আসছে না। মার্কেটফার্কেটই কিছু নেই; তা'তে কীসের কম্পিটিশন আর কীসের মান্থ এন্ড স্টেটমেন্ট।

- অমন কড়া কথা মুখের ওপর বলতে নেই পটা।

- কড়া। কিন্তু খাঁটি গুরু।

- টাকাপয়সা নিয়ে ভাবিনা রে পটা। টাকাপয়সা নিয়ে ভাবিনা। আমি নির্লোভ নির্লিপ্ত মানুষ। আজ বিরিয়ানি খাওয়াচ্ছিস; তোফা তোফা করে খাব। কাল সাবু মেখে খাওয়াবি, তাও সোনামুখ করে খেয়ে নেব। পরশু বলবি লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি গায়ে হিমালয়ের দিকে চলে যেতে, হাসিমুখে কেটে পড়ব।  চিন্তা শুধু একটাই; প্র‍্যাক্টিসের অভাবে এই হাইক্লাস স্কিলগুলো যেন হারিয়ে না যায়।

- সে' চিন্তা অবিশ্যি নেহাৎ ফেলনা নয় গুরু। হাঁটুর হাড় কীরকম গুঁতো মেরে ভাঙলে মানুষ সহজে সারেন্ডার করে সম্পত্তির কাগজে সই করে দেবে, ব্লেড কোন অ্যাঙ্গেলে চালালে হিপপকেটের মানিব্যাগ টুসটুসে আমের মত খসে পড়বে; এ'সব স্কিল তো আর ঘরে বসে পালিশ করা যায় না। 

- আমাদের কী হবে বল তো পটা?

- ছাতুর যা স্টক আছে, আরও মাস দেড়েক চলে যাবে। তারপর হিমালয়টিমালয় নিয়ে ভাবব'খন৷ 

- আমাদের ব্যাঙ্কে কত আছে রে পটা?

- ব্যাঙ্কে? হোয়াইট মানি? সাতশো চুয়ান্ন টাকা। গতমাসেই পাসবই আপডেট করিয়ে এনেছিলাম। 

- আর ওই সোফার নীচে আমাদের ওই গোপন গর্তে লুকোনো টাকা?

- ক্যাপিটাল? বত্রিশ লাখ বাহাত্তর হাজার তিনশো উনিশ টাকা। পরশুই গুনলাম তো। তা, তোমার মতলবটা কী বলো তো গুরু?

- টাকাটা থলেতে ভরে নিয়ে আয়।

- সে কী! 

- যা বলছি তাই কর পটা। ক্যুইক।

- কিন্তু করবেটা কী?

- কারা যেন কমিউনিটি কিচেন খুলেছে। শহরজুড়ে, অনেকগুলো। কত মানুষের স্টকে নাকি আমতেল নেই, মুড়ি নেই, এমন কি ছাতুও ফুরিয়েছে। মধুমাস্টারই বলল আমায়। ওই বত্রিশ লাখ বাহাত্তর হাজার তিনশো উনিশ ওদের হাতে তুলে দিলেই বরং...।

- তুমি খেপেছ গুরু? ওই মধুমাস্টার এক খ্যাপা আর তার পাল্লায় পড়ে তোমারও মাথাটা গেছে। শুরুতেই বুঝেছিলাম তোমার কোনও মতলব আছে। শুনে রাখো, ও টাকা প্রাণ থাকতে আমি তোমায় নিতে দেব না।

- শাটাপ পটা। তোর এত বড় সাহস? গুরুর মুখে মুখে তর্ক? তুই না আমার চ্যালা?

- দলে নেওয়ার সময় তুমি ব্লেড দিয়ে আঙুলের ডগা চিরে রক্ত নিয়ে শপথ করিয়েছিলে গুরু। কিডন্যাপিং, পকেটমারি আর গুণ্ডমি ছাড়া আমাদের কোনও ধর্ম নেই, ট্রান্স্যাকশনও নেই। থাকতে পারে না। তোমার লজ্জা হওয়া উচিৎ গুরু। ছিঃ ছিঃ, মধু মাস্টারের পাল্লায় পড়ে শেষে কিনা তুমি দানধ্যান করবে? এই তোমার এথিক্স গুরু? চ্যারিটি? ধর্মে সইবে? ছিঃ, তোমার সমস্ত শিক্ষা মিথ্যে। 

- আহ, কতবার বলব পটা। অমন কড়া কথা মুখের ওপর বলতে নেই। নেই। 

- কড়া কিন্তু খাঁটি।

- মধুমাস্টার বারবার বলছিল রে, মানুষের বড় কষ্ট৷ ওই টাকাগুলো যদি মাস্টারের হাতে তুলে দেওয়া যেত তা'হলে..।

- তার আগে তুমি আমার মরা মুখ দেখবে গুরু৷ বিজনেসের টাকা বিজেনেসেই লস খেয়ে গোল্লায় যাক, তা'তে ক্ষতি নেই। কিন্তু এ টাকা দানধ্যানের জন্য বিলিয়ে দিলে আমি গলায় দড়ি দেব। 

- গলায় দড়ি? ভর সন্ধ্যেবেলা অমন কথা তুই বলতে পারলি পটা? ছেলেবেলা তোকে কোলেপিঠে মানুষ করেছি। নিজের হাতে পকেটকাটা শিখিয়েছি, নাকে ক্লোরোফর্ম মাখানো রুমাল চেপে ধরা শিখিয়েছি, বন্দুক বাগিয়ে চমকানো প্র‍্যাক্টিস করিয়েছি; আর আমায় শেষে কিনা তোর মরা মুখ দেখতে হবে! চুলোয় যাক মধুমাস্টার। দিস না তুই ওই টাকা। তার চেয়ে বরং মুড়িই মাখ। আর আন দেখি হারমোনিয়াম, আসর বসাই।

- যাক। বাঁচালে। তুমিই তো বলো গুরু, সবার আগে নিয়ম। নিয়ম ফেল করলেই দল ডুববে। গুরু হয়ে তুমি নিজেই নিয়ম ভাঙবে তা আমি কী করে হতে দিই বলো। যাকগে, তুমি মিনিটখানেক বসো। আচমকা মনে পড়ল মুড়ির টিন ফাঁকা পড়ে আছে। আমি হৃদয়দার দোকান থেকে দু'প্যাকেট মুড়ি নিয়ে আসি৷ চিন্তা নেই, মুখে মাস্ক পরে বেরোব, করোনাকাকার নজর আমার ওপর পড়বে না। 


***

- কী বলছ তুমি মধু মাস্টার! তুমি পটাকে দেখেছ?

- এইত্তো, খানিক আগেই। বিশুর চায়ের দোকানের পিছন দিকটায়। পটাই তো সেধে এসে কথা বললে তো। আর ওই তো আমায় তোমার কাছে পাঠালে। 

- দ্যাখো কাণ্ড মাস্টার। দ্যাখো কাণ্ড। এদিকে আমি ভয়ে কাঠ। ভর সন্ধ্যেবেলা বেরোল মুড়ি আনতে আর তারপর টানা তিনদিন দেখাসাক্ষাৎ নেই। এক্কেরে গায়েব। এ'দিকে চিন্তায় আমি মরি আর কী। আসুক শালা এদিকে, ওর চামড়া তুলে যদি আমি গামছা না বানিয়েছি তো...।

- যাকগে, আমায় বলল এ চিঠিটা তোমায় দিতে। তাই তোমার কাছে এলাম কেষ্ট। 

- চিঠি? মাস্টার?

- এই সেই চিঠি।।


***

গুরু, 

আপনার স্যাঙাৎ শ্রীমান পটাকে কিডন্যাপ করা হয়েছে। বত্রিশ লাখ বাহাত্তর হাজার তিনশো উনিশ টাকা মুক্তিপণ না দিলে তার লাশ আপনার বাড়ির সদর দরজার কাছে পৌঁছে দেওয়া হবে। পুলিশে খবর দেবেন না, তাতে গোলমাল বাড়বে বই কমবে না।

মুক্তিপণের টাকাটা যেন অবিলম্বে মধুমাস্টারের হাতে নগদে তুলে দেওয়া হয়। আবারও বলছি, ওপরচালাকির ফল ভালো হবে না।

ইতি,

শ্রীপটা ওরফে নেকুচন্দর খাসনবীশ। 

পুনশ্চ ১ঃ 
তুমিই তো বলো গুরু; আমাদের ব্যবসা কালো কিন্তু হিসেবকিতেব পাকা। কিডন্যাপিং পকেটমারি গুণ্ডামির আয় ওই টাকা; আমাদের কালো ব্যবসার মূলধন। সৎকাজে ব্যয় করলে লোক হাসানো হবে যে। তার চেয়ে এই ভালো, উৎপাতের ধন চিতপাতে গেল। তাছাড়া তিনদিন আড়ালে থেকে ফলো করেছি মধুমাস্টারকে, লোকটা সত্যিই ভালো। ওর দলের লোকজনও মন্দ না। খেটে কাজ করে, লোকের উপকারই করে বেড়ায়। টাকাটা মুক্তিপণ হিসেবে দিলে বরং মধুমাস্টারের কাজেও লাগবে আবার তোমার গায়ে পুণ্যের কালোদাগ লাগবে না। 

পুনশ্চ ২ঃ

মধুমাস্টারের দলে লোক দরকার গুরু। কত কাজ। বিশেষ দরকার রাঁধুনির।  তোমার খিচুড়ি রান্নার হাতটা তোফা। আর নিজের মুখে আমার রান্না লাবড়ার গুণগান করতে বাঁধছে৷ কী বলো? 

হিমালয় তো সবার কপালে থাকে না, এদের সঙ্গেই ঝুলে পড়বে নাকি? 

Tuesday, April 28, 2020

দ্য গ্রেট পয়লা বৈশাখ


ভাই বংপেন,

শুভ নববর্ষ। 

পয়লা বৈশাখটা দিব্যি কাটল। জলখাবারে ওই...খান পাঁচেক লুচিই খেলাম। সঙ্গে বেগুনভাজা, মাখা সন্দেশ আর বোঁদে। দুপুরের ব্যাপারটাও মোটের ওপর ছিমছামই ছিল; কষা মাংস, মৌরলার ঝাল আর মেজজ্যেঠিমার রেসিপিতে বানানো প্লাস্টিকের চাটনি। সন্ধ্যেবেলা নারকোল দিয়ে মুড়িমাখাটা বেশ মাখোমাখো হয়েছিল কিন্তু। নয়ত একবাটির বদলে আলগোছে সোয়া দুইবাটি সাবাড় হয়ে যায়?

ডিনারে জনা কয়েক বন্ধুর আবির্ভাব ঘটবে, তাই সাহস করে বিরিয়ানিটা বাড়িতেই বানিয়ে ফেললাম। থামস আপের বোতল আর রসগোল্লার হাঁড়ি অবিশ্যি বন্ধুরাই আনছে। 

তা বন্ধুরা এসে পড়ার আগে ভাবলাম তোমায় দু'কলম লিখেই ফেলি। বয়সে যেহেতু আমি তোমার চেয়ে পাক্কা এক বছর বড়, তাই গায়ে পড়ে একটা উপদেশ দিয়ে এ চিঠি শেষ করি;

গত পয়লা বৈশাখের সন্ধ্যেবেলায় সাহস করে খোলা ম্যাগির সেই শেষ প্যাকেট, তার ঋণ কোনওদিনও ভুলো না। কেমন?

আশীর্বাদ নিও।

ইতি বংপেন।

পয়লা বৈশাখ,  ১৪২৮।

নেকুচাঁদের বৌ



- এহ্ হে।

- আবার কী হল?

- ফের একই কেস রে বউ। দিয়েছি একখাবলা নুন বেশি। 

- ও ঠিক খেয়ে নেব'খন।

- কতবার বলি, এ লাপসি তুইই রান্না কর। আমায় বরং ঘর মুছতে দে। এ'বার খা নুনের ঝোল উইথ আ হিন্ট অফ চালডাল।

- আমার অত নোলা নেই। আমি দিব্যি সাপটে খেয়ে নেব।

- ভারী তো রোজ রাজভোগ খাচ্ছি। তায় আবার নোলা। মেনুর কী বহর; দিনের পর দিন দুপুরে খিচুড়ি, রাতে ফেনাভাত। উফ! আর উইকেন্ড রাত্রির বুফেতে আবার বোনাসঃ এক চামচ করে ঘি। 

- ঘি? তাও এ'বার ফুরোবে। 

- কী ভাইরাস ছড়ালো রে বউ, খাওয়াদাওয়াটা এক্কেরে গেঁজে গেল। তাই না রে?

- আর ক'দিন পর এই রাজভোগও জুটবে না।

- আশ্চর্য কী। একের পর এক হপ্তা যায় অথচ ভাইরাস বাবাজীর তাণ্ডব আর থামে না৷ ছ'মাস হতে চলল গোটা দেশ গৃহবন্দী। এ'দিকে বাজারে আর আলু পেঁয়াজও নেই। সরকারের রেশন আছে, তাই দু'হাতা করে খিচুরি ফেনাভাত পাতে পড়ছে৷ সত্যিই, আর ক'দিন পর হয়ত...। 

- হরিমটর। আমি আর তুই তখন ব্যালকনিতে জড়াজড়ি করে বসে বিরিয়ানির কথা ভাবব, কেমন?

- একটা টেরিফিক আইডিয়া এসেছে মাথায়! 

- আবার কী!

- বুঝলি বৌ, ওই যখন কিস্যু থাকবে না... আমরা তখন প্ল্যানচেটে বিরিয়ানির গন্ধকে টেনে নামাবো। 

- প্ল্যানচেটে বিরিয়ানি? মাইরি?

- বিশ্বব্যাপী রেশনের দুনিয়ায় সে কি আর বেঁচে আছে রে বৌ? বেঁচে থাকতে নেই৷ নেই রে নেই। আমার আত্মাটাত্মায় বিশ্বাস এদ্দিন ছিল না তবে আচমকা গজিয়েছে। ভাইরাস-খেকো এ দুনিয়া থেকে বিরিয়ানিকে চলে যেতে হল বটে, কিন্তু তাই বলে তাঁর আত্মাটুকুর প্রতিও যদি বিশ্বাস না থাকে, তা'হলে বাঁচব কি নিয়ে রে বৌ? আর তাঁর আত্মায় যেহেতু ষোলো আনা বিশ্বাস আছে, বিরিয়ানির থালা প্ল্যান করে চেটে খাওয়ার সুযোগ না থাকলেও,  সেই বাউল সুবাসকে কি প্ল্যানচেটে টেনে নামাতে পারব না রে? বল তুই, যদি মনেপ্রাণে ডাকতে পারি, তা'হলে আমরা পারব না?

- শোন। একটা কথা ভুলিস না; আনন্দ মরা নহি। আনন্দ মরতে নহি৷ 

- আহা বৌ। আহা। এই সেন্টিমেন্টগুলো বুঝিস বলেই তো রোজ একবার তোর সঙ্গে মালাবদল করতে ইচ্ছে করে।

- নেকুচাঁদ। বালতির জল পাল্টে এ'বার সামনের ঘরটা মুছে আয়। আমি দেখি খিচুড়িটাকে কোনওভাবে রিপেয়ার করতে পারি কিনা।

ট্যুইটস অফ আইসোলেশন -১২


ট্যুইটস অফ আইসোলেশন - ১২

***

আজ গোটাদিন লুঙ্গির ওপরে ফর্মাল জামা, ভারিক্কি টাই আর রিভিউমিটিং মার্কা-মেজাজ চাপিয়ে ঘরময় দাপিয়ে বেড়িয়েছেন অনিরুদ্ধবাবু। 

সকালবেলার দিকে বাসন ধুতে গিয়ে মনের ভুলে  নিজের টাইয়ের ডগাটা ভিম-বারে রগড়ে দু'টো কড়াই মেজে ফেললেন।  

দুপুরের লাঞ্চ থালায় নয়, বেড়ে নিলে অফিসের সুবাস মাখানো হলুদ টিফিন বাক্সটায়। 

টিভির রিমোটটা কোথায় আছে জানতে চেয়ে বাবাকে একটা কড়া মেমোও পাঠিয়ে ফেললেন।

মাছের ঝোলটা কেমন হয়েছে জানতে চাওয়ায় বৌকে "দিস ইজ টু সার্টিফাই" বলে একটা চমৎকার টেস্টিমোনিয়াল লিখে দেওয়ার ব্যাপারেও পিছপা হলেন না।

***
ট্রেনে-বাসে ভিড় সমেত একটা সুস্থ সোমবার এ'বার না এলেই নয়।

ট্যুইটস অফ আইসোলেশন - ১০


ট্যুইটস অফ আইসোলেশন - ১০

অফিসের উল্টো দিকে চায়ের দোকানের বেঞ্চিটায় বসে ফের একদিন ডিমপাউরুটি খাব। 
ডবল ডিম, নরম ভাবে ভাজা, বাড়তি কাঁচা লঙ্কা কুচি। 

এক কামড়ে দিয়েই দোকানি-দাদার দিকে তাকিয়ে বলব "পার্ফেক্ট হয়েছে কিন্তু"। দাদা স্মিত হেসে বলবেন; "আপনার তো আবার চায়ের অভ্যেস নেই"। 

ওঠার মুখে সামান্য মিষ্টিমুখ না হলেই নয়, কাজেই দু'টো প্রজাপতি বিস্কুট নেওয়া যাবে'খন। একটা আমার, আর অন্যটা বেঞ্চির পাশে গা-এলানো নেড়িকুমারের।

ট্যুইটস অফ আইসোলেশন - ১১



ট্যুইটস অফ আইসোলেশন - ১১

ছুঁচোর ডন মার্কা খিদেয় পেটের আনচান অবস্থায় আবার একদিন চোখে পড়বে একটা ছোট্ট ধাবা।হঠাৎ করেই। ছোট্ট কিন্তু অপরিষ্কার নয়, ঘিঞ্জি অথচ দম বন্ধ করা নয়। উনুনের ধোঁয়া আর ডালঝোল মেশানো গন্ধে বাতাস ভারী।  একটা টেবিল বেছে নিয়ে বসতেই ক্যাশবাক্সের পিছনে বসা গম্ভীর ম্যানেজারকাকা এক হাসিখুশি ছোকরাকে তলব করবে
"কোণের টেবিলটা থেকে অর্ডার নিয়ে আয়"।

ব্যস্ত চনমনে মেজাজের ছোকরাটি টেবিলের সামনে এসে দাঁড়াতেই গড়গড় করে বলে যাব;

"দু'টো করে রুটি আর জবরদস্ত দু'প্লেট ডিম তড়কা দিও তো ভাই। ঝাল কড়া হবে তবে শুকনো লঙ্কার বাড়াবাড়ি নয়,  কাঁচালঙ্কা৷ আর একটু ক্যুইক, কেমন"?

ছোকরা মাথা নাড়বে। আর হেসে শুধোবে;
 
"আর থামসআপ? থামসআপ দেব না"?