Wednesday, September 9, 2026

বেড়ালিত



গোড়ার দিকে মাসখানেক আমরা বেড়াল পুষেছিলাম। তারপর রণেভঙ্গ দিতে হয়েছে। এখন সে আমাদের পুষছে।

ইতিমধ্যে আমাদের বিছানা বেহাত হয়েছে।
ঘোরাঘুরি প্রায় ডকে।
কিঞ্চিৎ খরচ বেড়েছে।
ব্যস্ততা বেড়েছে।

এর পাশাপাশি বেড়েছে গলাগলি, আদর আর খেজুর। তাকে সত্তরটা কথা বললে সে একবার মিউ ডাকে আর তা'তেই সবার কী আনন্দ। মিনিট পনেরো তার গায়ে হাত বুলোলে সে আধবোজা চোখে একটিবার তৃপ্তিতে মাথা নাড়ে; তাতেই সবাই ধন্য।

হ্যাঁ। হিপনোটিজমের প্রসেসটা মোটামুটিভাবে সম্পন্ন হয়েছে। দুনিয়ার কোনো বেড়ালকেই পর বলে মনে হচ্ছে না। রাস্তাঘাটে বেরোলে মানুষের চেয়ে বেড়ালের সঙ্গে আলাপ জমানো সহজ মনে হচ্ছে। বিভূতিভূষণ পড়া, সুমনের গান শোনা বা লুচিভাজার মতই; পেয়ারের বেড়ালের পাশে চুপটি করে বসে থাকাটা একটি অতি উচ্চমার্গের সাধনা বলে বোধ হচ্ছে।

No comments: