Showing posts with label প্রেম. Show all posts
Showing posts with label প্রেম. Show all posts

Wednesday, September 9, 2026

ইন্টারেস্টিং


- আপনি তেমন ইন্টারেস্টিং নন।
- দু'দিনের আলাপ। একটু ধৈর্য ধরুন ম্যাডাম। বলা যায় না, হঠাৎ জানতে পারলেন যে আমি আদতে ইন্টারগ্যালাকটিক স্পাই।
- ধুস। আপনার সেন্স অফ হিউমরও কেমন জানো।
- প্রথম আলাপেই আমার সেন্স অফ হিউমার ঠিক খোলতাই হয় না। ইনিশিয়াল ইনার্শিয়াটা একটু কাটতে দিন..।
- ইন্টারেস্টিং হতে আপনার সময় লাগবে। রসিক হতে আপনার সময় লাগবে। এত অপেক্ষা নিয়ে প্রেমের প্ল্যান করা যায় না।
- তা'হলে তো ভারি সমস্যায় পড়া গেলো। আড়াই মাস এই ডেটিং অ্যাপে হত্যে দিয়ে পড়ে থেকে তবে এই ডেটের ব্যবস্থা করা গেছে। আপনি অমন উড়িয়ে দেবেন না প্লীজ।
- আপনি প্রেমিকসুলভ ঠিক কী কী করতে পারেন? কবিতা? গান? ফ্লার্ট?
- ফ্যান্টাস্টিক ডিম ভাজতে পারি জানেন। নেহাত আজ পর্যন্ত দুই পেরিয়ে তিন নম্বর ডেটে পৌঁছতে পারিনি। কাজেই বাড়ি ডেকে ডিমভাজাটা অফার করা হয়নি। ও জিনিস একবার চেখে দেখলে আপনি বুঝতেন কবিতা গান কতটা অদরকারি।

আপার বার্থ


- কিছুতেই লোয়ার বার্থটা পেলাম না। ধুর।
- আমার জন্য আপারই ভালো, প্রাইভেসি বেশি। তুমি খামোখা অত ভাবছ।
- সে তো তোমার কোনো কিছুতেই আপত্তি নেই মিনু৷ এতটা পথ একা যাবে..। দ্যাখো যদি কোনো প্যাসেঞ্জারকে বলেকয়ে...।
- উফ। জ্বালিয়ে মারলে। আচ্ছা শোনো, ফ্রিজে মাছ আছে। ঝোল বানাতে আলিস্যি লাগলে অন্তত ভাতের পাতে ভেজে নিও।
- এও কম জ্বালাতন নয়। শেষে অদ্দূরে বসে থেকে মাইক্রো ম্যানেজ করবে নাকি মিনু? আমি কালিয়া রেঁধে তোমায় ছবি পাঠাবো। যাক গে, খেয়াল রেখো; ফোনটোন আবার ডিসচার্জ যেন না হয়। এ ট্রেনের তো যা জানি সবই পুরনো কামরা, সকেটটকেট ঠিক মত চলছে কিনা..।
- দু'টো বাজে কথা বলতে ইচ্ছে করছে।
- চটপট বলে ফেলো। গাড়ি ঢুকছে৷
- এক, তোমার কান মুলে দেওয়া উচিৎ।
- দুই?
- আমায় তুমি কখনও একটা চিঠি লিখবে ভুতো?

এগরোল উবাচ


- বলছিলাম, এগরোল খাবে নাকি মিতুল?
- না!
- অমন তিরিক্ষি 'না' বলার কী দরকার। এগরোল ব্যাপারটা খুব ভালোজিনিস কিন্তু...।
- রাগে আমার গা রিরি করছে জাস্ট।
- আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে জানি। কিন্তু তা'বলে সে রাগ এগরোলের ওপর আবার ঝাড়া কেন।
- এ'রকম একটা বেআক্কেলে মানুষের পাল্লায় পড়ে আমার জীবনটা জাস্ট...।
- আক্কেলের ব্যাপারটা ডিনাই করছি না। তবে এগরোলে শুনেছি নানা রকমের বিষ ডায়লুট হয়ে যায়।
- তবে আর কী। দু'জনে মিলে এগরোল গিলি আর তাতেই সমস্ত সমস্যা উবে যাক!
- না তা হবে না জানি। তবে আজ ঝগড়ায় এত ব্যস্ত থেকেছি দু'জনে যে লাঞ্চটাও ঠিক মত...।
- গিলতে হয় তুমি গেলো না! এগরোল চাউমিন মোগলাই চপ কাটলেট যা পারো গেলো।
- না না। এই অবেলায় অত কিছু খেলে আবার গোলমাল হয়ে যাবে। আমি বরং এগরোলই বলি দু'টো। সে'টা খাওয়া হয়ে গেলে না হয় আবার ঝগড়ায় ফেরা যাবে। কেমন? পেটে কিছু পড়লেই দেখবে ঝগড়ার মধ্যেও একটা অপটিমিজম খুঁজে পাওয়া যাবে।
- আমার জাস্ট তোমার কোনো কথা সহ্য হচ্ছে না।
- তাই তো বলছি। রোল বরং সইবে। তা, রোলদাদা, আপনি দু'টো এগরোল বানান। হ্যাঁ, দুটোই ডবল। একটা যেমন-তেমন হলেই হলো। কিন্তু অন্যটা একটু স্পেশ্যাল বানাবন, কেমন? মিতুলের ঝাল সহ্য হয় না, সো নো কাঁচালঙ্কা প্লীজ। তবে সামান্য একটু গোলমরিচ ছড়িয়ে দেবেন। শসাও দেবেন ওর রোলে, কেমন? তবে ওয়ান ইজ টু থ্রি রেশিওতে শসা-পেঁয়াজ। ও হ্যাঁ, কোনো সস নয়। বিটনুন এক দাগ বেশি। প্লাস লেবুর রস একটু; তবে প্লীজ - ফ্রেশ কাটা লেবু। বেচারির মারাত্মক ভোগান্তি গেছে গোটাদিন, মরা লেবু কচলে দেবেন না ওর রোলে। প্লীজ। আমারটা যেমন-তেমন হোক, আমি তো ঘাসও সস দিয়ে চিবিয়ে খেতে পারি। কিন্তু ওর রোলের ডিমটা যদি কাইন্ডলি একটু নরম আঁচে ভাজেন। কেমন? বাহ্। রোলদাদা, আপনার আশ্বাসে আমি একটু নিশ্চিন্ত বোধ করছি।
- বলছি..।
- কিছু বলছ মিতুল?
- তোমার তো আবার রক্তারক্তি ঝাল না হলে চলে না। ওঁকে বলো আমার শেয়ারের কাঁচালঙ্কা কুচিটুকু যেন তোমার রোলে এক্সট্রা ছড়িয়ে দেয়। আর সস যেন তোমারটাতেও না দেয়, ওই একটা জিনিসে ভেজাল মিশেলের চান্স খুব হাই।
- অফ কৌর্স অফ কৌর্স। তা রোলদাদা, শুনলেনই তো। মিতুল যেমনটা বলেছে, তেমনটাই আইডিয়াল। কেমন? ঠিক হ্যায়? ব্যাস, এই যে আপনি ঘাড় নেড়ে সম্মতি দিলেন; আর আমার কোনো চিন্তা রইল না।

চোরাইমাল


- কী চাই?
- হ্যাঁ?
- অবাক হচ্ছ কেন। তুমি মিনিট পনেরো ধরে সদর দরজার সামনে ঘুরঘুর করছো তো। কে তুমি? কী চাই?
- আমি..আমি শুভ..।
- বেশ। শুভ, কী চাই?
- আমার..আমার..চাই বলতে..।
- চাঁদা চাইতে এসেছ?
- চাঁদা? পুজোর তো অনেক দেরি।
- দেরি আর কই। আর তো এই ধরো..। যাক গে। তা তুমি কী দরকারে ঘুরঘুর করছ? আমার জানা দরকার।
- ওহ। হ্যাঁ। মানে। ভুলে।
- ভুলে তুমি আমাদের দরজার সামনে ছুঁকছুঁক করছিলে?
- আসলে হয়েছে কী..।
- গেট ঠেলে ভিতরে ঢুকলে। বাগান পেরিয়ে দরজা পর্যন্ত এলে। ভুলে?
- না তেমনটা ঠিক নয়। মানে ঠিক ভুল বলা ভুল হবে। আসলে আপনাদের দরজার পাল্লাটা মনে হলো আদত বার্মা টীকের। জিনিসটা আজকাল এত রেয়ার...।
- তুমি কি সুমির ক্লাসমেট?
- সুমি? কে সুমি?
- সুস্মিতার ক্লাসমেট তুমি? সে তার পিসির সঙ্গে বাজারে গেছে।
- সুস..সুস্মিতা..কই..কই না তো। আমি তাকে চিনি না। এই প্রথম ওই নামটা শুনলাম।
- আমি সেই অচেনা সুমির কাকা।
- ওহ। আচ্ছা। তা'হলে আমি আসি। বিউটিফুল দরজার পাল্লা আপনাদের। নাইস। আসি?
- তা শুভ, দরজার পাল্লা দেখে বেড়ানোটা কি তোমার হবি?
- না না। আসলে আজ হয়েছে কী..।
- যদিও তুমি সুমিকে চেনো না। তবু আমি মনের ভুলে তোমার জানিয়ে রাখি যে সে কিন্তু কিছুতেই যেতে চাইছিল না। কিন্তু তার পিসি এমন জোর করলে। বেচারি না করতে পারলে না। কোনো অজুহাতেই পিসিকে ঠেকাতে পারলে না। আমার দিদিটি বড্ড ঢিঁট।
- ওহ। আমি অবশ্য..।
- সুমিকে চেনো না।
- আমি এখন আসি স্যার...।
- এসো।
- আসি?
- এসো শুভ।
- না মানে, আপনি হাতটা না ছাড়লে..।
- ওহ। এসো।

***

- সুমি। শুভ বলে কাউকে চিনিস?
- শু..।
- শুভ।
- কই না! প্রথম শুনছি ও নামটা।
- আমারও তাই মনে হলো। নামটা এত রেয়ার। যাক গে। বাদ দে। এক কাপ চা বানাবি?
- বানাই। কিন্তু..হঠাৎ এ কথা জিজ্ঞেস করার কী মানে?
- আমার পকেটমারি কেরিয়ারে দ্বিতীয় মক্কেল। এর আগে এদ্দিন শুধু দাদার পকেট থেকে সিগারেট মেরেছি। আজ শুভ বলে এক ছোকরার পকেটমেরে চিঠি হাতিয়েছি। তাই বেশ চনমনে বোধ করেছি।
- মানে..আমি..বুঝতে পারছি না..।
- এলাচ দিয়ে চা বানাস সুমি। এমন মিষ্টি বৃষ্টির বিকেলে ভাল চা না পেলেই নয়। আমি না হয় পেঁয়াজি ভাজবো।
- কোন চিঠি? না মানে আমি যদিও শুভটুভ কাউকে..।
- চিনিস না। জানি। তবে একজনের পকেটমারা চিঠি। চোরাইমাল এ'দিক ও'দিক তো ফেলে রাখা যায় না। তোর পড়ার টেবিলের তিন নম্বর ড্রয়ারে স্পেস ছিল। রেখে দিয়েছি। গোলাপি খাম।
- না মানে..।
- চিঠি হাতিয়েছি। পড়িনি। এথিক্স বিফোর এনিথিং। আর সুমি, এত কথা বলে তোর গলা শুকিয়ে এসেছে। চট করে চা বানিয়ে আন মা।

হাবুডুবুকুমার


- এ যে সাংঘাতিক বৃষ্টি।
- ফোরকাস্ট বলছে রাতভর চলবে।
- সর্বনাশ।
- সর্বনাশ কীসের? গরমে জেরবার অবস্থা হয়েছিল। এইবারে দু'দিন স্বস্তি।
- উঁহ্! স্বস্তি না ছাই! গোটা রাত বৃষ্টি হলে আমাদের বাড়ির সামনে হাঁটুজল থাকবে। সে জল ভেঙে গিয়ে মেন রাস্তা পর্যন্ত পৌঁছে তারপর বাস। এ'দিকে ইন্টারভিউয়ের জন্য সেই দামী প্যান্টটা ইস্তিরি করে রেখেছি, সে'টার বারোটা বাজুক আর কী।
- উফ। বিয়ের আগে কত ইন্টারভিউ তুমি দিয়েছিলে। তখন তোমায় এত নার্ভাস দেখিনি। অথচ এই কালকের ব্যাপারটা নিয়ে..।
- তখন সবে পাশ করেছি। শরীরে তাজা রক্ত। তোমার প্রেমে হাবুডুবু, বিয়েটা আর্জেন্টলি না করলেই নয়। সে সময়টাই আলাদা ছিল। আর এখন..বুড়ো বয়সে এসে চাকরিটা গেলো। নতুন করে সব কিছু..এ'বয়সে এসে আর যাই হোক চালিয়ে খেলা যায় না। কাজেই নার্ভাস না হয়ে উপায় কী বলো।
- অসীমদার অফারটা নিয়ে ভাবলে?
- তোমার কি মত? ঘুষ দিয়ে জোটানো চাকরি...ঠিক হবে?
- তিনমাস সংসার চালানোর টাকা আছে। আমার টিউশনির টাকায় না হয় আরো কিছুদিন টানা গেলো। তারপর আমায় জিজ্ঞেস করলে কী বলব জানি না। তবে আজ অন্তত মনে হচ্ছে তোমার ও পথে না যাওয়াই ভালো।
- অতএব কাল ইন্টারভিউ।
- স্মার্টলি হাফপ্যান্ট পরে বেরোও। ব্যাগে ফর্মাল প্যান্ট জুতো গামছা। বাসস্ট্যান্ডে গিয়ে না হয়..।
- কোয়ালিফিকেশনের দিক থেকে তো কমতি নেই। কিন্তু কনফিডেন্সটা কিছুতেই পাচ্ছি না। আসলে দুম করে এ'ভাবে এই বয়সে চাকরিটা নট হয়ে যাওয়ায়..।
- আমায় ডিভোর্স দাও। তারপর আবার আমার প্রতি সেই ছেলেবেলার মত হাবুডুবু প্রেমে পড়ো। দ্যাখো আবার তাজা রক্তের সাপ্লাই পাও কিনা। তা'তে যদি আবার ইন্টারভিউ জয়ের কনফিডেন্স ফিরে আসে।
- কিছু বললে? সরি। নিজের স্ট্রেন্থ আর উইকনেস কী বলব সে'টা মনে মনে একটু ঝালিয়ে নিচ্ছিলাম। কী বললে আর একবার বলো দেখি..।
- নাহ্। কনফিডেন্স জিনিসটা অল্পবয়সেই তোমায় মা্নাতো। তবে ভীতু মানুষরা কিন্তু নেহাৎ ফেলনা নয়। সংসারে অফিসে সর্বত্র তাদের প্রয়োজন। সবাই যদি সিনা চওড়া করে ঘুরে বেড়ায় তা'হলে ঠোকাঠুকিতেই দিন যাবে। কাজের কাজ কিচ্ছু হবে না।
- ভীতুরও কদর আছে বলছ?
- আলবাত আছে।
- তাই হবে। কনফিডেন্স ব্যাপারটাই ওভাররেটেড।
- ষোলো বছর আগে ভিক্টোরিয়ার সামনে প্রথমবার হাত টেনে ধরার সময় একবারও মনে হয়নি যে কনফিডেন্স ব্যাপারটা ওভাররেটেড?
- সরি। কিছু বলছিলে? ট্রু লিডারশীপ কাকে বলে তা নিয়ে একটা মারাকাটারি লাইন ভাবছিলাম। কাল ইন্টারভিউয়ে সুযোগ বুঝে সে'টা নামাতে পারলেই কেল্লাফতে। তা, বলো না। কিছু বলছিলে?
- তেমন কিছু না। ভাবছিলাম তুমি হয় নিপাট হাবাগোবা নার্ভাস একটা মানুষ। নয়তো একটি হাড়বজ্জাত।
- হাবাগোবা ও বজ্জাত; একটাই স্পেক্ট্রামের দু'টো দিক। আর সে স্পেক্ট্রামের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে নির্ভীক চিরযুবক প্রেমিক; ভিক্টোরিয়া আলো করা শ্রী শ্রী হাবুডুবুকুমার।

রেখে যাওয়া গান

ভালোবাসায় দু'একটা না দেওয়া (অথবা না পাওয়া) চিঠি না থাকলেই নয়। "কত কিছু বলা হলো না"র ধুত্তেরি না থাকলে যত গান, যত কবিতা সব মিথ্যে।

সন্ধের ঘোলাটে আলোয় যে ছেলেটি ফ্যালফ্যাল করে চেয়ে রইলো ঘাট ছেড়ে যাওয়া লঞ্চটার দিকে; সে ফ্যালফ্যালে সমস্ত সিনেমা মিথ্যে হতে বাধ্য। ছেলেটির বুকপকেটে চানাচুরের দাগ, বাঁ পায়ের আচমকা ছিঁড়ে যাওয়া চামড়ার চটিতে সেফটিপিন। লঞ্চে ঝাপসাচোখজোড়া এক মেয়ের হাতে অগোছালো আধখাওয়া চানাচুরের ঠোঙা, আঁচলের সেফটিপিনের ভেসে গেছে। নদী ক্রমশ চওড়া হয়ে আসে। না দেওয়া চিঠি, না পাওয়া চিরকুটের ভারে কলকাতা নুয়ে পড়ে প্রায়।

সে'রকম প্রতিটা অসময়ে ভালোবাসাবাসি মানুষদের আশেপাশে কে যেন গান রেখে যান। মানুষের ভালোবাসায় সুর দিয়ে ক্রমাগত নিজেকে সৃষ্টি করে যান ঈশ্বর।

জন্মদিন


"কেকটা কিঞ্চিৎ ছোটো। তবে দেমাক আছে, তাই না?
ওয়েটারবাবুটিকে কেমন আবডালে এ'টা অর্ডার দিলাম, তুমি টেরও পেলে না। এই ক্যারিশ্মাটা কাল্টিভেট করতে করতে যৌবন পেরিয়ে গেল। ধীরেসুস্থে খেও, অল্প খাইয়ো।

স্কুটারের বুটে একটা টাইটানের ঘড়ি রেখেছি, দামী সোনালি কাগজে মোড়ানো ফ' লেদারের বাক্স। ঘড়িটা তেমন দামী নয়, কিন্তু আমরা যে'টাকে বলতাম "হেব্বি ক্লাসি" দেখতে, বুঝলে। কোয়ার্টজ। আর আমার মনে আছে; তোমার বড় ডায়াল পছন্দ।

আর আছে দু'টো গল্পের বই। কী বই এখনই বলছি না। তবে একটা তোমার বহুবার পড়া, বড্ড প্রিয়। সে'টার একটা স্পেশ্যাল এডিশন বেরিয়েছে। কিনে ফেললাম ফস করে। অন্যটা কমিক্স। তোমার ছেলেমানুষিকে একটু লাই দেওয়া দরকার"



"সাতাশ বছর আর একটা আস্ত ডিভোর্স লাগল? এই দিনটা মনে রাখতে?"

Friday, January 16, 2026

মনোহরবাবুর বিকেল



বেশিরভাগ বিকেলে ওই কোণের চেয়ারটাতে একা এসে বসবেন মনোহরবাবু। এক কাপ চা নিয়ে মন দেবেন খবরের কাগজে। মনু ছাড়া অন্য কোনো ওয়েটার তাঁর অর্ডার নেবে না। অবশ্য অর্ডার বলতে দু'কাপ চায়ের মাঝে একটা মাখনরুটি। মনোহরবাবুর ভাগ্য ভালো এ রেস্টুরেন্ট বয়স ও জীর্ণতার দিক থেকে প্রায় তাঁরই মত; অতএব এ'খানে তেমন ভিড় হয় না। আর কোণাটা যেহেতু মাত্রাতিরিক্ত ঘিঞ্জি তাই সে টেবিল খালিই থাকে। কালেভদ্রে সে টেবিল খালি না থাকলে মনোহরবাবু পাশের পার্কের বেঞ্চিতে বসে দিনের বাসি কাগজটা পড়ে শেষ করেন।

এখানে চা যে খুব ভালো বানায় তা নয়। কিন্তু অভ্যাসগুলো ত্যাগ করতে মন চায় না। খবরের কাগজেও আজকাল আর খবর কই, শুধুই বিজ্ঞাপন আর রাবিশ। কিন্তু ওই, অভ্যাস ছেড়ে কোথায়ই বা যাবেন। গান শুনতে ভালো লাগে না, টিভি তো দু'চোখের বিষ। অহেতুক অগভীর আড্ডা ব্যাপারটাকে কিছুতেই নিজের অভ্যাসের গণ্ডিতে টেনে আনতে পারেননি মনোহর। অতএব একপ্রকার বন্ধুহীন জীবন, অবশ্য এ'টা তাঁর কাছে স্বস্তির বলে মনে হয়।
মনোহরবাবু অভ্যাসপ্রিয়। আর তাঁর প্রিয়তম অভ্যাস হলো রাণুর কথা ভাবা। রাণুর না থাকাটাও অবশ্য তাঁর অভ্যাসের লিস্টে ঢুকে গিয়েছে। কী আশ্চর্য, আচমকা রাণু ফিরলে কি অভ্যাসে ব্যাঘাত ঘটবে? দ্বিতীয় চায়ের কাপে চুমুক দেওয়ার সময় কাগজটা মুড়িয়ে সরিয়ে রাখেন। তখন এইসব হিজবিজ ভাবনা মনে আসে। মনু রোজ এসে "সত্তর টাকা" বলা মাত্র ভাবনার সুতো কেটে যাবে। সে সুতো কেটে যাওয়াটাও অভ্যাসের ফর্দে ঢুকে গেছে। এ টেবিলের উল্টো দিকের চেয়ারে রাণু বসেছে কয়েকবার, হলুদ আলোয় তাঁকে মনকেমনভাবে সুন্দর লাগতো। "মনকেমনভাবে" কথাটা সম্ভবত বিটকেল বাঙলা, রাণুর অভ্যাস ছিলো এ'টা বলা। রাণু থাকতে কতবার শুধরে দিয়েছেন। রাণু নেই, তাই তাঁর ভুলচুলগুলোকে বড় আপন বোধ হয়, মনকেমনভাবে আপন। হলুদ আলোয় রাণুর না থাকাটায় এই রেস্টুরেন্টের বিকেলগুলো ন্যালাক্যাবলা হয়ে পড়েছে। হঠাৎ যে আজ কী হলো, মনুর "সত্তর টাকা"র উত্তরে পকেট হাত না দিয়ে মনোহর বললেন, "আর এক কাপ চা দিও মনু"।

Wednesday, December 31, 2025

মুখোমুখি বসিবার



পকেটে শ'দেড়েক টাকা। অথচ ডেটে ঘ্যামের ঘাটতি হলে চলবে না।  নিশ্চিন্তে মুখোমুখি বসার টেবিল থাকতে হবে। গল্প জমে আড্ডা হবে, চল্লিশ মিনিট কেটে যাবে চার সেকেন্ডেরও কম সময়ে। আর সে গল্প-আড্ডার পাশেপাশে স্বাদে কাটতি হলেও চলবে না।

অতএব; নরম হাতরুটি, টানটান ঝালনুনের ডিমতরকা। ফাউ পেঁয়াজ-লঙ্কা-বিটনুনের অভাব থাকবে না। 

আর মনের আড়ালে বসে থাকা কবি আওয়াজ দেবেন, "কেমন ভাইটু, ভালোবাসা ফ্লো করছে তো"?

লীলা মজুমদার

সকাল সাড়ে সাতটা।

প্লেন আর খানিকক্ষণ পরে বম্বেতে নামবে। আইল সীটে গা এলিয়ে বসে আছি, পাশের মিডল সীটখানা ফাঁকা তাই একটু ছড়িয়ে থাকা যাচ্ছে। উইন্ডো সীটে বসা বৃদ্ধ আধঘুমে ঢুলছেন। আর জানালা দিয়ে বড় চমৎকার নরম রোদ্দুর এসে পড়ছে আমার কোলের ওপর রাখা বইয়ের পাতায়।

লীলা মজুমদারের লেখাও ওই শীতের সকালের নরম রোদ্দুরের মত সুন্দর। ধবধবে সাদা চীনেমাটির প্লেটে রাখা আধখানা হাফবয়েল ডিমের মত ওম সে'খানে। আচ্ছা, লীলা মজুমদারকে ভালো না বাসা সম্ভব? লীলা মজুমদারের লেখা পড়তে পড়তে প্রেমে না পড়া সম্ভব? অবশ্য সস্তা নেশার টানে প্রেমের ডেফিনিশনটাই আমরা এত নষ্ট করে দিয়েছি; আমাদের গান সাহিত্য তাই সহজ হতে পারে না, গভীরে যেতে চায় না। লীলা মজুমদারকে সে সমস্ত নষ্টভাব ছুঁতে পারে না। এই প্লেনের জানালার ও'পাশের নীল আকাশের সাদা মেঘের টুকরো ভেদ করে আসা নরম রোদ্দুরের মত। বললাম তো, লীলা মজুমদারকে না ভালোবেসে থাকা যায় না।

ভালো লেখা

ভালো কোনো লেখা পড়তে পড়তে হাপুস-নয়ন হওয়াটা অনিন্দ্যবাবুর নতুন বদঅভ্যাস। এ'সব ঝ্যামেলা আগে ছিলো না, দিব্যি ক্রিটিকাল চোখে সমস্ত কিছু পড়ে অঙ্ক কষে বলে দিতে পারতেন কোন লেখাটা অনবদ্য আর কোন বইটা স্রেফ জঞ্জাল। শখের ক্রিটিক হিসেবে খানিকটা আলগা সুনামও অর্জন করে ফেলেছিলেন।

এই হপ্তাদুই ধরে যে কী হলো! যে বই পড়তে ভাল লাগছে না, তা মাঝপথেই নির্মোহ ভাবে সরিয়ে রাখছেন। ভালো লাগা হাসির বইয়ে মুখ গুঁজে এমন বিশ্রী ভঙ্গি ও শব্দে হাসছেন যে গোটা আইসিইউর নার্সরা ছুটে এসে তাকে নিরস্ত করছে। আর নিখাদ ভালো লেখা পড়লেই চোখে জল আসছে। অঝোর ধারায়। বহুবার পড়া আরণ্যক ধরে তো হাপুসনয়ন অবস্থা।

আজ সকাল থেকে লীলা মজুমদারে আটকে ছিলেন। পাহাড়ের বুকে এক ছবির মত বাড়ি, সে বাড়িটা ভালোমানুষে ভর্তি; এ'টুকুতেই অনিন্দ্যবাবুর হাউহাউ করে কান্না পেলো। বিকেলের দিকে ডাক্তার সান্যাল এসে দাঁড়িয়েছিলেন পাশে, তাঁর সেই একই বুলি, "মিসেস সেনের ভেন্টিলেটরের ব্যাপারে এ'বারে ডিসিশন নিয়ে ফেলতে হয়"।

গত দিন তিনেকের মত আজও সে প্রশ্নটা অনিন্দ্যবাবুর কানে গেলো না। ছলছলে চোখে তিনি জিজ্ঞেস করলেন, "ডাক্তারবাবু, আপনি চেরাপুঞ্জির মৌসমাই জলপ্রপাতের গল্প শুনেছেন"?

ইউএসপি



- তা, কী করা হয়?

- ক...কী...মানে...।

- তুমি যে ফুলিকে বিয়ে করতে চাইছো, বলি ইনকামের সোর্সটা কী...।

- শুধু আমিই যে ফুলিকে বিয়ে করতে চাইছি এ কথাটা তো ঠিক পূর্ণসত্য হলো না কাকু, ফুলিও আমায় বিয়ে করতে চাইছে। একেবারে ইকুয়াল ইন্টেনসিটি নিয়ে! কই, আমার বাবা তো ফুলির স্কুলমাস্টারি নিয়ে বেশি প্রশ্নট্রশ্ন করেনি।

- উনি প্রশ্ন করেননি কারণ ফুলি ওয়েল-এস্টাব্লিশড। খেটেখুটে পড়াশোনা করেছে, তারপর নিজের যোগ্যতায় চাকরি জুটিয়েছে। তোমার খবরটা তো জানা দরকার বাবা...।

- ইয়ে মানে, আমিও খুব খেটেখুটে পড়াশোনা করেছি। বলতে পারেন, ফুলির চেয়েও আমায় অনেক বেশি খাটতে হয়েছে। বিশ্বাস করুন, অঙ্ক কেমিস্ট্রি এ'সব আমার মাথায় কোনোদিনও ঢুকত না। ফুলি শুনেছি কথায় কথায় টপাটপ ইকুয়েশন ব্যালেন্স করে ফেলতো। কাজেই ফার্স্টক্লাস পেতে ফুলিকে যতটা খাটনি করতে হয়েছে, আমার পাশ করতে তার ডবল খাটতে হয়েছে। এ কথাটা ধ্রুবসত্য।

- বটে। তা গ্র্যাজুয়েশনটা পাশ করতে পেরেছো তো?

- নিশ্চয়ই! অনার্সটা পাইনি, কিন্তু পাশটা দিতে পেরেছি। ওই যে বললাম, মারাত্মক খাটনির ব্যাপার কিন্তু।

- তা, পাশ করে এখন কী করা হচ্ছে। সে'টাই তো তখন থেকে শুধোচ্ছি।

- আজ্ঞে, বিজনেস করছি।

- কীসের? 

- মুদীর দোকান দিয়েছি। দোকানটা অবশ্য বাবার থেকে ধার নিয়ে দেওয়া। তা ছিন্নমস্তার কৃপায় বাবার সে ধার আমি শোধ করেছি। দোকানটা দিয়েছি ধরুন ওই সেকেন্ড ইয়ারে থাকতেই। আগামী সতেরোই শ্রাবণ আমার মাধবীলতা ভ্যারাইটি স্টোরের সাত বছর পূর্ণ হবে। 

- মুদীর দোকান?

- আপনি ভাবছেন মাধবীলতা কে। আমার ঠাকুমা। দোকানঘরটা ঠাকুমারই ডোনেট করা তো...তাই...। গত বছর তিন দিনের জ্বরে চলে গেলেন। গ্রেট উয়োম্যান।

- মুদীর দোকান? 

- আমার ফিলসফি হচ্ছে সঠিক দাম, সঠিক মান, সঠিক পরিমাণ। বুঝলেন, অনেস্টি না থাকলে ব্যবসার শ্রীবৃদ্ধি মুশকিল...।

- তুমি বড় বেশি কথা বলো।

- আমি কি মশলা-ডাল-চানাচুর বেচি ভেবেছেন? সে'সব তো নিমিত্ত মাত্র। আমি বেচি কথা। ওয়ার্ডস! কত খদ্দের তো স্রেফ সন্ধেবেলা দু'দশ মিনিট প্রাণখোলা  গপ্প করতে চেয়ে এসে হাফ-কিলো গোবিন্দভোগ বা একশো গ্রাম পোস্ত কিনে ফিরে যায়। মেয়ের অ্যাডমিশনের অসুবিধে হচ্ছে বা অফিসের প্রমোশন ঝুলে রয়েছে, আমি মুদীর দোকানি কি ছাই বুঝি সে'সবের। কিন্তু তাঁরা গল্প করেন, আমি মন দিয়ে শুনতে শুনতে ফর্দ ঝালিয়ে নিই, আর আমার অ্যাসিস্ট্যান্ট সহদেব ডাল, বড়ি ওজন করে চলে। জেপ্টো বলে সাত মিনিটে মালপত্তর পোঁছে দেবো, আমি বলি তাড়া কী মশাই। আসুন, বসুন। দু'টো কথা বলি, দু'টো কথা শুনি। তবে না জমবে...।

- মুদীর দোকান চালিয়ে হাতে কত আসে প্রতি মাসে?

- তা আপনার আশীর্বাদে...।

- আমার আশীর্বাদ ফাশীর্বাদ কিস্যু নেই। সোজা কথা বলো দেখি, হাতে কত আসে প্রতি মাসে?

- মেডিকাল ইন্স্যুরেন্স আছে। বর্ষায় হপ্তায় একবার ইলিশ পাতে আসে। গতবছর একবার নর্থ বেঙ্গল আর একবার রাজস্থান ঘুরে এলাম। তবেই বুঝুন কতটা ঘ্যামে রয়েছি। সত্যি কথা বলতে কী এর বেশি পয়সাকড়ি হাতে এলে বখে যাওয়ার একটা চান্স আছে।

- ফুলি এত স্টাবর্ন না হলে তোমায় আমি রিজেক্ট করতাম।

- আমার দোকানের চানাচুর আড়াইশো গ্রাম এনেছি আপনার জন্য। বড়জোড়া থেকে সোর্স করি বুঝলেন? বাঁকুড়া ডিস্ট্রিক্ট। চেখে দেখে বলুন যে আমার এক্সেলেন্সের প্রতি নজর আছে কিনা। আপনি ঠকছেন না, সে কথা আমি হলফ করে বলতে পারি। যাক গে, এই সেই ঠোঙা। মাসীমাকে একটা বাটি দিতে বলুন না, চানাচুরটা ঢালি! 

- তুমি কি বিয়ের পরেও এত বকবক করে চলবে?

- ও'টাই তো আমার ইউএসপি। মূলধন! এই গপ্পের শখ না থাকলে তো বছর চারেক আগে ফুলি এসে লাক্স সাবান চাইতো, আমি সে জিনিস হাতে তুলে নিয়ে দাম আদায় করে খালাস হতাম। কিন্তু তা তো হলো না বলুন! আমি বললাম, এই শীতে লাক্সের ভরসায় আটকে থাকলে তো চলবে না। এ'টা গ্লিসারিন সাবানের সময়। স্কিনকে বেপরোয়া ভাবে ট্রীট করলে চলবে কেন? আপনিই বলুন! ব্যাস, সেই এক কথা থেকে দু'কথা। ফুলি দেমাক নিয়ে শুধোলে আপনি কি ডার্মাটোলজিস্ট? আপনার লাক্স না পিয়ার্স সে তর্কে যাওয়ার দরকারটা কী? আমি ঠাণ্ডা মাথায় বললাম, ডিসেম্বরের ছ'তারিখ পেরোলেই আমার মা গ্লিসারিন সাবান ছাড়া কিচ্ছুটি বরদাস্ত করতেন না। আবার সেই মার্চ পড়লে তবে মার্গোতে ফেরত। ফুলি জানতে চাইলে আমার মা আছে কিনা! ফলত একপ্রকার বাধ্য হয়ে আমার বলতে হলো যে আমি যখন ক্লাস সেভেনে তখনই হঠাৎ দিন তিনেকের জ্বরে...। 

- এত বাজে কথা যে একজন মানুষ বলতে পারে...।

- রবীন্দ্রনাথ বলেছেন জানেন, কাজের কথার থেকে নাকি বাজে কথাতেই মানুষকে চিনতে সুবিধে হয়। এই ধরুন আমাদের পাড়ার ডাক্তার দত্ত; সোম থেকে বিস্যুদ সকালে আমার দোকানে এসে আধঘণ্টা বাজে-গল্প না করলে ওঁর মন বসে না। রাশিয়ার তেল, বলিভিয়ার চিকেন রোস্ট, তিব্বতের কালীমন্দির; এমন কত কী! নেহাত শুক্কুর শনি রবি উনি প্রাণায়ামের ক্লাস করতে যান তাই...। 

- নাহ্‌। এ বিয়েতে আপত্তি করার দুঃসাহস অন্তত আমার নেই। ভাইটি, শোনো! ফুলি ছাতে আছে। তুমি বরং ওর সঙ্গে গিয়ে গল্প করো। বিয়ের আগে হবু-শ্বশুরের সঙ্গে এত খেজুরে আলাপ ভালো দেখায় না, কেমন?

Thursday, December 4, 2025

ফুলুর প্রতি - ২

- বলছিলাম বিমলদা..।
- দেখছিস তো আমি ব্যস্ত। দুপুরের এ সময়টা খদ্দেরের ভীড় যা থাকে, খামোখা ক্রিকেট নিয়ে বাজে গল্পের সময় আমার নেই!
- ওই দ্যাখো। ওই দ্যাখো। আরে কাজের সময় অযথা ক্রিকেট নিয়ে কথা বলতে যাবো কেন বলো। হ্যাঁ গতকাল সন্ধেয় বাধ্য হয় তোমার এই সিন্দুকসাইজের ক্যাশবাক্সের ওপর উপুড় হয়ে পড়েছিলাম কারণ তুমি অযৌক্তিক হাবিজাবি সব কথা বলছিলে। যেমন কপিলদেব মোটেও মেটের জুস খেয়ে নিজের স্ট্যামিনা বাড়ায়নি।
- সে কথা তোকে কপিল নিজে বলেছে?
- ইয়ে মানে তুমিও তো কপিলবাবুর ক্লাসমেট নও..।
- এবার ন্যাজ গুটিয়ে বেরো দেখি। এই যে নিমাই, পাঁচ নম্বরে মিক্সড রাইসটা এখনও দিলি না বাপ?
- বিমলদা, আজ কিন্তু আমি বালক সঙ্ঘের জয়েন্ট ক্যাশিয়ার কাম তোমার কম্পিটিং উইকেটকীপার নয়। স্রেফ খদ্দের হয়েই এসেছি।
- তা টেবিলে বসে অর্ডার না দিয়ে আমার কাছে গ্যাঁট হয়ে বসে কেন?
- বলছিলাম যে, আমার একটা টেবিল রিজার্ভ করার আছে। ওই যে উত্তর দিকের ওই বড় জানলা ঘেঁষে যেই টেবিলটা। ও'দিকে সবুজ পার্ক। চেয়ে দেখো আকাশটাও আজ কী ভীষণ ব্রাইট..তাকালেই মনের মধ্যে একটা..।
- টেবিল রিজার্ভ এখানে হয় না। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ।
- সে যে ভুখা জনতার হাহাকারের নিয়ম। রেশন বিলি করায় সে যুক্তি মানায় ভালো। সে আইনে ব্রয়লার মুর্গিদের জবাই করা চলে। কিন্তু এই যে ইন্সটিটুশন অফ ফাইন আর্ট, এই তোমাদের সোনালি রেস্টুরেন্ট, এ'খানে সামান্য রহিসি আর কাব্যিক মেজাজ না থাকলে যে তোমাদের অমন হাইকোয়ালিটি মোগলাই কাটলেট কাবাবদের আত্মাকে খুন করা হবে।
- উফ। বাপ রে বাপ। কী বাজে কথাই যে বলতে পারিস তুই নীলু!
- এই কথাটা আমার নয় কাজেই একটু অ্যাপ্রিশিয়েট করার চেষ্টা কোরো বিমলদা। স্বয়ং রবীন্দ্রনাথ বলে গেছেন যে বাজে কথা দিয়েই মানুষ চেনা যায়। দেখো, ক্যাশবাক্স যেন তোমার ভিতরটাকে পামঅয়েলে ভেজে শেষ না করে দেয়।
- ওই টেবিলটাই কেন চাই?
- ফুলু আসছে কিনা দু'হপ্তা পিসির বাড়ি কাটিয়ে। তাই আজ বড়দার দেওয়া গল্পর বই কেনার টাকা দিয়ে ওকে আর নিজেকে সামান্য মোগলাই খাওয়াবো ভেবেছি। কিন্তু ফুলু যদি মুখ ফুটে একটিবার বলে কাটলেট, জেনো আমি মোগলাইয়ের দিকে ফিরেও তাকাবো না।
- প্রেম করবি বলে তোর জানালার ধারে টেবিল চাই? গুরুজনের কাছে এমন রিকুয়েস্ট করতে একবারও থমকালি না?
- জানালার ধারের টেবিল চেয়েছি। কেবিন তো চাইনি। তুমি যদি ওই নিমগাছের নীচে বেঞ্চি পেতে কাটলেট খাওয়াও তা'তেও হবে। শুধু প্রকৃতিকে আড়াল করে দিও না। আজ ওকে একটা পোয়ট্রি প্রেজেন্ট করবো। এই ধরো বিকেল সোয়া পাঁচটা নাগাদ আসবো। মোগলাই, কবিতা, হাহুতাশ, সুমিষ্ট হে হে, সব মিলে এক কি সোয়া ঘণ্টা।
- একজোড়া মোগলাই দিয়ে সোয়া ঘণ্টা টেবিল ব্লক করবি?
- প্রয়োজনে প্যানথ্রাস বলবো।
- টেবিল আটকে রাখা সম্ভব নয়।
- আমি যদি ভূতোদের বলি যে তোমার কপিল আর মেটের জুসের গল্পটা জেনুইন?
- হুম?
- হুঁ!
- আগামী এক হপ্তা ক্রিকেট আড্ডায় আমি যা যা বলবো তুই চোখ বুজে সাপোর্ট করবি?
- সমস্ত গুল আমি মাথা পেতে বরণ করে নেবো।
- আর একটা শর্ত।
- দিস ইজ নট ক্রিকেট বিমলদা। তবে কবি মানুষ, অন্তরাত্মা যতক্ষণ না ক্ষতবিক্ষত হচ্ছে ততক্ষণ আমার কবিতার আত্মপ্রকাশ সম্ভব নয়। বলো আর কী দরকার।
- ফুলুর জ্যেঠু এ'বারেও পুজোর চাঁদা এড়িয়ে গেছে। সে চাঁদা আদায়ের দায় ফুলুর।
- ফুলের মত মেয়ে, তাকে বলবো সে দানবের পকেট নিংড়ে টাকা বের করতে? কিন্তু বিকেলের ওই জানালা ঘেঁষা টেবিল আজ বড় দরকার। অতএব, দেখি কী করা যায়।
- ইয়ে নীলু।
- আবার কী?
- তোর প্রেমটা ভেঙেটেঙে যাবে না তো?
- কী ধরণের বিশ্রী আশঙ্কা এ'টা! উইথড্র করো এখুনি!
- একটাই চিন্তা রে, ফুলু পাশ কাটিয়ে বেরিয়ে গেলে শেষে তোর কবিতা শোনার দায় আমাদের ওপর না বর্তায়।
- হার্ডওয়্যার স্টোর চালানোর কথা তোমার। খামোখা এই চপকাটলেটের বসন্তে তুমি পচামুলো হয়ে ঝুলে রয়েছো।