- গুড ইভনিং। গুড ইভনিং।
- বিকেলটা বেশ চমৎকার, তাই না?
- চমৎকারইতো বটে।
- আমি জগিং করতে বেরচ্ছিলাম। কিন্তু এমন সুন্দর বিকেল তো সেলফিশলি একলা এনজয় করা উচিৎ না। তাই একজন আদর্শ প্রতিবেশী হিসেবে ভাবলাম আপনাকে ডাক দিই। চলুন না, দু'জনে মিলে একটু জগ করে আসি।
- জগ করব?
- অফ কৌর্স।
- রোববারে?
- হেলথ ইজ ওয়েলথ। প্লাস এই মনোরম বিকেল।
- আমার হাঁটুটা আবার...বুঝলেন কিনা..।
- বেশ তো। ব্রিস্ক ওয়াকিংই হবে না হয়। নিন, চট করে কেডস পরে চলে আসুন দেখি।
- রোববারের দিনটা আবার বেশি হাঁটাহাঁটি করলে...বুঝলেন কিনা...।
- বেশ ঢিমে তালেই না হয়...।
- আমতেল দিয়ে মুড়ি মেখেছি বুঝলেন।
- তেল?
- আমতেল। কাঁচালঙ্কা। সামান্য মশলা। প্লাস একটু বাদাম ভেজে মিশিয়ে নিয়েছি। বুঝলেন কিনা...।
- ও...সে'টা তো শুনে বেশ...।
- ওই বিকেলের সঙ্গে তাল মেলাতে গিয়ে মেখে ফেললাম আর কী।
- ও। না, ব্যাপারটা জম্পেশই হয়েছে, শুনে যা মনে হচ্ছে।
- এক্সেস মেখে ফেলেছিলাম বুঝলেন কিনা। মিনিমাম একটা ঢাউস বাটি বাড়তি হচ্ছে। আপনি যদি বসতেন...তবে আপনি তো কবচ-কুণ্ডল পরে জগিংয়ে বেরোচ্ছেন...।
- নাহ। এমন সুন্দর বিকেলে ছোটাছুটি করাটা বোধহয় জুডিশিয়াস হবে না।
- শাস্ত্রে তো তাই বলে। কাজেই আপনার কেডসটা খুলে ভিতরে আসুন।
No comments:
Post a Comment