Showing posts with label গল্প. Show all posts
Showing posts with label গল্প. Show all posts

Wednesday, September 9, 2026

ড্রেক


বিনোদবাবু অতশত কিছুই কোনোদিন বুঝতেন না। কেরানী মানুষ, পড়াশোনা বলতে বিকম পাস; অনার্সটুকুও ধরে রাখতে পারেননি। বাজারে ন্যালাক্যাবলা মার্কা একটা 'ইমেজ' চিরকাল রয়েই গেল। বিনোদবাবুর ধারণা সে'জন্যই বিয়েথা-সংসার ব্যাপারগুলো হয়ে উঠলো না কোনোদিন।

প্রতিবেশি অঙ্কের মাস্টার সুবল চ্যাটুজ্জ্যে মাঝেসাঝে এসে গপ্প জমাতেন, সম্ভবত বিনোদবাবুর মত ফ্যালফ্যাল চোখে গপ্পগেলা মানুষ খুব বেশি জোটে না বলেই আসতেন। সুবলবাবুর গপ্প বলার স্টাইল বিনোদবাবুরও বেশ লাগত। বিজ্ঞানের কত কিছু নিয়ে অনর্গল কথা বলে যেতে পারতেন ভদ্রলোক। সে'সবের বারোআনা বিনোদবাবুর বোধগম্য হত না। বছরখানেক আগে বদলি হওয়া সুবলবাবু পরিবারসহ মুঙ্গেরে চলে যান। যাওয়ার আগের দিন বিকেলে মনোরম গপ্প জমিয়েছিলেন, বিনোদবাবু ভেজেছিলেন শিঙাড়া।

"আপনি ড্রেক ইকুয়েশনের খবর রাখেন বিনোদবাবু"?
"ড্রেক? কই না তো"।
"আমরা কি একা"?
"ইয়ে, আমি তো একাই"।
"আপনার একাকিত্বের কথা বলছি না। আমি বলছি এ পৃথিবীর সমস্ত মানুষের কথা। মহাবিশ্বে আমরা কি সত্যিই একা? ব্রহ্মাণ্ডের কোনে কোণে কোথাও কি কোনো ইন্টলিজেন্ট এলিয়েন সিভিলাইজেশন নেই? তেমন ব্যাপার থাকার সম্ভাবনা ঠিক কতটা? সেই সম্ভাবনা অঙ্ক কষে বের করতে যে ফর্মুলা দরকার সে'টাই হলো ড্রেক ইকুয়েশন"।

বিনোদবাবুর ধোপার হিসেবের মলাট-ছেঁড়া ময়লা নোটবইটা টেনে নিয়ে খসখস করে একটা হিজিফর্মুলা লিখে দিয়েছিলেন সুবলবাবু।
N = R* × fp × ne × fl × fi × fc × L
(৩৬)
এন হলো গিয়ে কতগুলো মহাজাগতিক সভ্যতার অস্তিত্ব আছে। বাকিগুলো কোনটা কী সবই ভুলে মেরে দিয়েছেন। ব্র্যাকেটে লেখা ছত্রিশটা কী জিজ্ঞেস করায় সুবলবাবু বলেছিলেন তাঁর ধারণা এন ইজ ইকুয়াল টু ৩৬। কেন তাঁর এমনটা মনে হয় তার কোন সদুত্তর না দিয়ে শিঙাড়ায় মনোনিবেশ করেছিলেন ভদ্রলোক।

সুবলবাবুরা চলে যাওয়ার হপ্তাখানেক পর থেকে সেই নোটবুকের মলাট আপনা থেকে নতুন হয়ে উঠতে শুরু করে। ছেঁড়া মলাট গোটা হয়ে যায়, বিবর্ণ হয়ে যাওয়া রঙ ফেরত আসে। পাতাগুলোর হলদেটে ভাব কেটে গিয়ে টাটকা সাদা রঙ লাগে। এমন কী ধোপার হিসেবের সমস্ত বানানভুলগুলো আপনা থেকে শুধরে যেতে শুরু করে। ব্যাপারটা ভারি মনোগ্রাহী মনে হওয়ার সে নোটবইটাকে টেবিল থেকে সরিয়ে বইয়ের তাকে কথামৃতের পাশে রাখেন।

বিনোদবাবু আরও একটা ব্যাপার খেয়াল করলেন, সে ফর্মুলার নীচে ব্র্যাকেটের মধ্যে লেখা ৩৬ সংখ্যাটা আপনা থেকেই কমতে থাকে। দু'হপ্তা আগে প্রথম খেয়াল করেন সংখ্যাটা ৩৬ মুছে গিয়ে ৩৩য়ে দাঁড়িয়েছে। এইভাবে কমতে কমতে গতকাল ঠেকেছিল ৩-য়ে।

আজ সন্ধে সাতটা নাগাদ যখন কারেন্ট গ্যালো, অন্ধকারটা যেন একটু বেশি গাঢ় মনে হলো। এমনিত্ব রোজ কারেন্ট গেলে পাড়ার ছেলেছোকরাদের হইহই কানে আসে। আজ নিশ্চুপ। অস্বস্তিকর ভাবে নিশ্চুপ। শুধু বইয়ের তাকের একটা কোণা উজ্জ্বল হয়ে আছে, কারণ ধোপার হিসেব লেখা নোটবইটা ফসফরাসের মত জ্বলছে। নোটবইটা নামিয়ে পাতা উল্টে বেশ খানিকটা অবাক হতেই হলো; বিনোদবাবু দেখলেন খাতার সমস্ত লেখা উবে গিয়ে পড়ে রয়েছে শুধু ড্রেক ইকুয়েশনটা। আর নীচের ব্র‍্যাকেটের মধ্যে জ্বলজ্বল করছে একটা চোখ ধাঁধানো ১। কারেন্ট এসেছিল মিনিট দুইয়ের মাথায়। কিন্তু সে'দিন থেকেই বিনোদবাবু কোথায় হারিয়ে গেলেন কেউ জানলো না। সে সম্বন্ধে পাড়ায় কম থিওরি কপচানো হয়নি। পুলিশও হতভম্ব।

সুযোগ থাকলে মুঙ্গেরে একটা পোস্টকার্ড অবশ্যই পাঠাতেন বিনোদবাবু, সুবলবাবুকে জানাতেন; "আমি আর একা নই"।

মধুময়ের খেল

চমৎকার ভাবে রাতটা জেগে কাটালেন মধুময়। রাত জাগার একটা মস্ত সুবিধে হলো ভোরের দিক থেকেই একটা টিপটিপ মাথা ব্যথা থাকে, তা'তে হয় কী শরীর নেতিয়ে পড়লেও মনের মধ্যে একটা মৃদু চনমন থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমানুপাতিক ভাবে মাথা ব্যথাটা চড়চড়িয়ে বাড়বে; টিপটিপ থেকে ঢিপঢিপ হতে দমাসদমাস শুরু হবে। ঠিক তখন দরকার হবে একটা কড়া কফি আর আড়াই মিনিটের পায়চারীর। এ'সব টোটকা সব মধুময়ের নখদর্পণে। আর কেউ না জানুক, মধুময় বিলক্ষণ জানেন যে দমাসদমাস মাথাব্যথাকে ডিঙিয়ে একের পর এক ফাইল ক্লীয়ার করার মধ্যে একটা মারাত্মক থ্রিল রয়েছে। আলেকজান্ডাররা সিন্ধুনদ দেখে 'ওরেব্বাবা, এ পেরোনোর উপায় নেই তার চে' চলো দেশে ফিরে যাই' বলে ফেরত যান না। সিন্ধু সমান মাথাব্যথা পেরিয়ে রেরে শব্দে ফাইলসাফ করাটা মধুময়বাবুর কাছে এক আলেকজান্ডারিও খেল।

এখন ভোর (প্রায়) ছ'টা। মধুবাবুর চোখ লাল, ভোরের সূর্যের সঙ্গে মানানসই। ঘণ্টাদুয়েক আগে পর্যন্ত চোখদুটো ঘুমের ভারে পর্যুদস্ত ছিল। এখন তারা চাঙ্গা। চট করে এক কামরার ঘরে ফিরে গিয়ে সিকিউরিটি গার্ডের নীল-কালো পোশাক ছেড়ে একটা জবরদস্ত স্নান, মার্গো সাবান আর প্যারাশুট নারকোল তেলসহ। তারপর দু'টো হাতরুটি বানিয়ে বাসি আলুভাজার সঙ্গে সাবড়ে দেওয়া। আর সবশেষে সেঁধিয়ে যাওয়া সাদ হাফ শার্টের কেরানী-কবচে।

সানশাইন কন্সট্রাকশন প্রোজেক্ট জানে না যে মন্ডল অ্যান্ড ডেভিডের পারচেজ ডিপার্টমেন্টের জুনিয়র ক্লার্কের নাম মধুময় সাহা। জানলে সাদা কলারের চাকুরেকে এ কাজ তারা দিত না। তেমনি, মন্ডল অ্যান্ড ডেভিডের কোনো শর্মাও কোনোদিনও জানবে না যে সানশাইন কন্সেন্ট্রেশনের সিকিউরিটির টীমের নাইট শিফটে যে নতুন বদলি গার্ড জয়েন করেছে তাঁর নামও মধুময় সাহা। জানলে মধুময়কে এই সাতবছরের ফাইলঠেলা চাকরিটা খোয়াতে হত। ও'দিকে ছ'শো মাইল দূরের বাড়ির লোকজন জানে যে আচমকা কোনো এক মন্ত্রবলে মধুময়বাবু মাসশেষে কিছু টাকা বাড়তি ট্রান্সফার করতে শুরু করেছেন। কোনো মাসে সাত হলে কোনো মাসে দশ হাজার।

সুপারম্যান না সুপারভিলেন?
ঠিক ঠাহর করতে পারেন না গোপন মুনলাইটার মধুময়।

জলে


- বৃষ্টি থামছে না রে।
- থামছে না রে দাদা। জাস্ট থামছে না।
- ইন্টেনসিটিও কমার নাম নেই।
- নাম নেই। কমার নাম নেই।
- আলুপটল আনতেও ভিজেকাক হতে হচ্ছে। অফিস যাতায়াতের কথা আর কী বলব।
- কিছুই বলার নেই।
- খাটের ওপর দিয়ে নাইলের দড়ি, তার ওপরে ভেজা জামা। পাখা পাঁচে চালিয়েও শুকোনোর নাম নেই। ও'দিকে গেঞ্জিজাঙ্গিয়া ইস্তিরি দিয়ে শুকোতে হচ্ছে।
- মুকুট পড়িল পদতলে ইত্যাদি।
- হুঁ হুঁ তো করছিস। কিন্তু যথেষ্ট ভেঙে পড়ছিস না কেন? যৌবনের একটা মহামূল্যবান শনিবারের ছুটি খাটে শুয়ে নষ্ট করছিস। ক্লাবে গিয়ে ক্যারম খেলতে পারছিস না। বুবলার চায়ের দোকানে বসে পলিটিকাল পিএনপিসি করতে পারছিস না, এতে কি ইউথ ওয়েস্ট হচ্ছে না?
- তোমার ইউথ নি:সন্দেহে ওয়েস্ট হচ্ছে।
- ওহ তুই তো ক্যারেমে চায়ের দোকানে থাকিস না। তোর শনিবারের কী মূল্য।
- সুমি বৃষ্টি ভেজা নয়নতারার ডেসক্রিপশন মেসেজে টাইপে করে জানিয়েছে। মিসমিদের কবচ আবার পড়ছি। অতএব শনিবার গোটাটাই জলে গেল সে'টা বলা যাচ্ছে না।
- নয়নতারা? তাকে বেসনে চুবিয়ে ভাজা যায় রে শুভ?
- কথাটা সুমিকে জিজ্ঞেস করা গর্হিত হবে বোধ হয়। আন্দাজে বলতে পারি তেমনটা আজ পর্যন্ত কেউ চেষ্টা করেনি।
- তবে বৃথা। সুমির এসএমএস, তোর ধমনীর তাজাতরুণ রক্ত, সবই জলে।
- জলে। জলে। জলে।

চোরাইমাল


- কী চাই?
- হ্যাঁ?
- অবাক হচ্ছ কেন। তুমি মিনিট পনেরো ধরে সদর দরজার সামনে ঘুরঘুর করছো তো। কে তুমি? কী চাই?
- আমি..আমি শুভ..।
- বেশ। শুভ, কী চাই?
- আমার..আমার..চাই বলতে..।
- চাঁদা চাইতে এসেছ?
- চাঁদা? পুজোর তো অনেক দেরি।
- দেরি আর কই। আর তো এই ধরো..। যাক গে। তা তুমি কী দরকারে ঘুরঘুর করছ? আমার জানা দরকার।
- ওহ। হ্যাঁ। মানে। ভুলে।
- ভুলে তুমি আমাদের দরজার সামনে ছুঁকছুঁক করছিলে?
- আসলে হয়েছে কী..।
- গেট ঠেলে ভিতরে ঢুকলে। বাগান পেরিয়ে দরজা পর্যন্ত এলে। ভুলে?
- না তেমনটা ঠিক নয়। মানে ঠিক ভুল বলা ভুল হবে। আসলে আপনাদের দরজার পাল্লাটা মনে হলো আদত বার্মা টীকের। জিনিসটা আজকাল এত রেয়ার...।
- তুমি কি সুমির ক্লাসমেট?
- সুমি? কে সুমি?
- সুস্মিতার ক্লাসমেট তুমি? সে তার পিসির সঙ্গে বাজারে গেছে।
- সুস..সুস্মিতা..কই..কই না তো। আমি তাকে চিনি না। এই প্রথম ওই নামটা শুনলাম।
- আমি সেই অচেনা সুমির কাকা।
- ওহ। আচ্ছা। তা'হলে আমি আসি। বিউটিফুল দরজার পাল্লা আপনাদের। নাইস। আসি?
- তা শুভ, দরজার পাল্লা দেখে বেড়ানোটা কি তোমার হবি?
- না না। আসলে আজ হয়েছে কী..।
- যদিও তুমি সুমিকে চেনো না। তবু আমি মনের ভুলে তোমার জানিয়ে রাখি যে সে কিন্তু কিছুতেই যেতে চাইছিল না। কিন্তু তার পিসি এমন জোর করলে। বেচারি না করতে পারলে না। কোনো অজুহাতেই পিসিকে ঠেকাতে পারলে না। আমার দিদিটি বড্ড ঢিঁট।
- ওহ। আমি অবশ্য..।
- সুমিকে চেনো না।
- আমি এখন আসি স্যার...।
- এসো।
- আসি?
- এসো শুভ।
- না মানে, আপনি হাতটা না ছাড়লে..।
- ওহ। এসো।

***

- সুমি। শুভ বলে কাউকে চিনিস?
- শু..।
- শুভ।
- কই না! প্রথম শুনছি ও নামটা।
- আমারও তাই মনে হলো। নামটা এত রেয়ার। যাক গে। বাদ দে। এক কাপ চা বানাবি?
- বানাই। কিন্তু..হঠাৎ এ কথা জিজ্ঞেস করার কী মানে?
- আমার পকেটমারি কেরিয়ারে দ্বিতীয় মক্কেল। এর আগে এদ্দিন শুধু দাদার পকেট থেকে সিগারেট মেরেছি। আজ শুভ বলে এক ছোকরার পকেটমেরে চিঠি হাতিয়েছি। তাই বেশ চনমনে বোধ করেছি।
- মানে..আমি..বুঝতে পারছি না..।
- এলাচ দিয়ে চা বানাস সুমি। এমন মিষ্টি বৃষ্টির বিকেলে ভাল চা না পেলেই নয়। আমি না হয় পেঁয়াজি ভাজবো।
- কোন চিঠি? না মানে আমি যদিও শুভটুভ কাউকে..।
- চিনিস না। জানি। তবে একজনের পকেটমারা চিঠি। চোরাইমাল এ'দিক ও'দিক তো ফেলে রাখা যায় না। তোর পড়ার টেবিলের তিন নম্বর ড্রয়ারে স্পেস ছিল। রেখে দিয়েছি। গোলাপি খাম।
- না মানে..।
- চিঠি হাতিয়েছি। পড়িনি। এথিক্স বিফোর এনিথিং। আর সুমি, এত কথা বলে তোর গলা শুকিয়ে এসেছে। চট করে চা বানিয়ে আন মা।

নীলুবউয়ে জেল্লা


নীলুবাবুর সে কী জেল্লা তুমি যদি দেখতে। ফিনফিনে আদ্দির পাঞ্জাবি, তকতকে গালে ওল্ডস্পাইসের মিঠে সুবাস। কবজির চামড়ার ব্যান্ড সাদা ডায়্যালের ঘড়িটা সস্তা হলেও রুচিশীল; ভদ্রলোকের কবজি ও ব্যক্তিত্ব আলো করে রেখেছে যেন৷ বুক পকেটে শৌখিন ফাউন্টেন পেন। মুখে স্মিত হাসি যার জেল্লা সহজেই মাত দিয়েছে ঠোঁটের মিঠে পান চেবানো মোলায়েম লালকে। সন্ধেয় শ্যাম্পু করে বেরিয়েছেন অতএব নরম চুল ফুরফুরে ঠিক তার মেজাজের মতই।

ট্যাক্সিওলাকে একটা রহিসি টিপ দিয়ে আঙুলের হাওয়া-সেলামে টাটা বলে দুলকি চালে গিয়ে ঢুকলেন পেল্লায় বাড়িটায়। সাতপুরনো কোল্যাপ্সিবল গেটওলা লিফট ঠেঙিয়ে সোজা উঠলেন সাত তলায়। অবাঙালি লিফটম্যান দরজা খুলে দিতে ধারালো মেজাজে একটা বাইশ ক্যারেটের "শুক্রিয়া" বলে বেরিয়ে এলেন। সাতশো সাত নম্বর ফ্ল্যাটে বেল বাজালেন। মুখের হাসিটা তখন উজ্জ্বলতর।

বেরিয়ে এলো সোমা।
- নীলু, আজ আমার মন ভালো নেই। তুমি আজ এসো।
- ওহ, তাই কী? মনের সমস্যা? শিঙাড়া নিয়ে আসি? তোমার ফ্ল্যাটের নীচেই যে ভদ্রলোক চপ শিঙাড়া ভাজেন তার সঙ্গে গেলবার চমৎকার আলাপ জমিয়ে গেছি..।
- প্লীজ নীলু। তোমার মত আনন্দ-উল্লাস আমার জীবনে নেই। আর ঝামেলা যা আছে তা শিঙাড়ায় দূর হওয়ার নয়। প্লীজ৷ কিছু মনে কোরো না, আজ তোমায় কিছুতেই ভিতরে ডাকতে পারছি না।
- ওহ আই সী। নোউ প্রব্লেম সোমা। বাবলুকে একবার ডেকে দেবে? এই ফ্যান্টাসটিক গল্পের বইটা গতকাল কলেজ স্ট্রিটে দত্তর দোকানে জাস্ট জলের দরে পেলাম৷ টুক করে তাই...।
- দাও। আমি দিয়ে দেব।
- ওহ, শ্যিওর। মৌস্ট কাইন্ড অফ ইউ। তা'হলে আজ আমি..।
- নীলু। কোর্ট স্পষ্ট বলেছে। মাসে একবার বাবলুর সঙ্গে..একবার মাসে। প্রতি হপ্তায় নয়। এত বছরের ভুল হঠাৎ বইয়ে শিঙাড়ায় কাটে নীলু?
- অফ কৌর্স। অফ কৌর্স। কোর্টের ইন্সট্রাকশনের ব্যাপারে আমি কিন্তু জেনুইনলি সিরিয়াস। অলরাইট দেন...শিঙাড়া তা'হলে বরং পোস্টপোন করি।
- এসো আজ।

***

মুশকিল হল চাকরি না থাকার ব্যাপারটা সোমাকে বলা হলো না। অবশ্য সোমার করার কিছু নেই এই বিষয়ে। সুলভে ঢুকে চোখ মুখ ভালো করে ধুয়ে বেরিয়ে এলেন নীলুবাবু। চোখের লাল ভাবটা জলে দেওয়া যায় না৷ তা'ছাড়া নিজের হাবিজাবি দু:খ নিয়ে নিজের কাছে ঘ্যানঘ্যান করতে হলে ফুলকপির শিঙাড়ায় কাজ হবে না। সস্তা, পুষ্টিকর ও চোখের লালে লাল মার্কা সলিউশন চাই। "থ্যাঙ্ক গউড এ অঞ্চলের সবচেয়ে সস্তা পানশালার ম্যানেজারটির সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছি ক'দিন আগেই"। নিজের একপেশে হাসিটা হেসে বুকপকেট থেকে একটা মশলার কৌটো বের করে দু'চারটে এলাচদানা মুখে ফেলে একটা রোম্যান্টিক ফিল্মি গান ধরলেন নীলুবাবু।

হাবুডুবুকুমার


- এ যে সাংঘাতিক বৃষ্টি।
- ফোরকাস্ট বলছে রাতভর চলবে।
- সর্বনাশ।
- সর্বনাশ কীসের? গরমে জেরবার অবস্থা হয়েছিল। এইবারে দু'দিন স্বস্তি।
- উঁহ্! স্বস্তি না ছাই! গোটা রাত বৃষ্টি হলে আমাদের বাড়ির সামনে হাঁটুজল থাকবে। সে জল ভেঙে গিয়ে মেন রাস্তা পর্যন্ত পৌঁছে তারপর বাস। এ'দিকে ইন্টারভিউয়ের জন্য সেই দামী প্যান্টটা ইস্তিরি করে রেখেছি, সে'টার বারোটা বাজুক আর কী।
- উফ। বিয়ের আগে কত ইন্টারভিউ তুমি দিয়েছিলে। তখন তোমায় এত নার্ভাস দেখিনি। অথচ এই কালকের ব্যাপারটা নিয়ে..।
- তখন সবে পাশ করেছি। শরীরে তাজা রক্ত। তোমার প্রেমে হাবুডুবু, বিয়েটা আর্জেন্টলি না করলেই নয়। সে সময়টাই আলাদা ছিল। আর এখন..বুড়ো বয়সে এসে চাকরিটা গেলো। নতুন করে সব কিছু..এ'বয়সে এসে আর যাই হোক চালিয়ে খেলা যায় না। কাজেই নার্ভাস না হয়ে উপায় কী বলো।
- অসীমদার অফারটা নিয়ে ভাবলে?
- তোমার কি মত? ঘুষ দিয়ে জোটানো চাকরি...ঠিক হবে?
- তিনমাস সংসার চালানোর টাকা আছে। আমার টিউশনির টাকায় না হয় আরো কিছুদিন টানা গেলো। তারপর আমায় জিজ্ঞেস করলে কী বলব জানি না। তবে আজ অন্তত মনে হচ্ছে তোমার ও পথে না যাওয়াই ভালো।
- অতএব কাল ইন্টারভিউ।
- স্মার্টলি হাফপ্যান্ট পরে বেরোও। ব্যাগে ফর্মাল প্যান্ট জুতো গামছা। বাসস্ট্যান্ডে গিয়ে না হয়..।
- কোয়ালিফিকেশনের দিক থেকে তো কমতি নেই। কিন্তু কনফিডেন্সটা কিছুতেই পাচ্ছি না। আসলে দুম করে এ'ভাবে এই বয়সে চাকরিটা নট হয়ে যাওয়ায়..।
- আমায় ডিভোর্স দাও। তারপর আবার আমার প্রতি সেই ছেলেবেলার মত হাবুডুবু প্রেমে পড়ো। দ্যাখো আবার তাজা রক্তের সাপ্লাই পাও কিনা। তা'তে যদি আবার ইন্টারভিউ জয়ের কনফিডেন্স ফিরে আসে।
- কিছু বললে? সরি। নিজের স্ট্রেন্থ আর উইকনেস কী বলব সে'টা মনে মনে একটু ঝালিয়ে নিচ্ছিলাম। কী বললে আর একবার বলো দেখি..।
- নাহ্। কনফিডেন্স জিনিসটা অল্পবয়সেই তোমায় মা্নাতো। তবে ভীতু মানুষরা কিন্তু নেহাৎ ফেলনা নয়। সংসারে অফিসে সর্বত্র তাদের প্রয়োজন। সবাই যদি সিনা চওড়া করে ঘুরে বেড়ায় তা'হলে ঠোকাঠুকিতেই দিন যাবে। কাজের কাজ কিচ্ছু হবে না।
- ভীতুরও কদর আছে বলছ?
- আলবাত আছে।
- তাই হবে। কনফিডেন্স ব্যাপারটাই ওভাররেটেড।
- ষোলো বছর আগে ভিক্টোরিয়ার সামনে প্রথমবার হাত টেনে ধরার সময় একবারও মনে হয়নি যে কনফিডেন্স ব্যাপারটা ওভাররেটেড?
- সরি। কিছু বলছিলে? ট্রু লিডারশীপ কাকে বলে তা নিয়ে একটা মারাকাটারি লাইন ভাবছিলাম। কাল ইন্টারভিউয়ে সুযোগ বুঝে সে'টা নামাতে পারলেই কেল্লাফতে। তা, বলো না। কিছু বলছিলে?
- তেমন কিছু না। ভাবছিলাম তুমি হয় নিপাট হাবাগোবা নার্ভাস একটা মানুষ। নয়তো একটি হাড়বজ্জাত।
- হাবাগোবা ও বজ্জাত; একটাই স্পেক্ট্রামের দু'টো দিক। আর সে স্পেক্ট্রামের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে নির্ভীক চিরযুবক প্রেমিক; ভিক্টোরিয়া আলো করা শ্রী শ্রী হাবুডুবুকুমার।

ইডিয়ট

- মিস্টার দত্ত। আপনার ফাইনাল সেটলেমেন্টের কাগজপত্র হিসেবনিকেশ সমস্ত মেল করে দিয়েছি। তিনমাসের স্যালারির যে কম্পেনসেশনটা, ও'টা আগামীকালের মধ্যে ক্রেডিট হয়ে যাবে।
- থ্যাঙ্ক ইউ সুবিমল।
- কিছু যদি মনে না করেন..এরপর কিছু ভেবেছেন?
- ভাবার সময় পেলাম কই সুবিমল..এই আজ সকালেই তো। আর দুপুরের মধ্যেই..হেহ্। ফাইনাল সেটলমেন্ট।
- আই অ্যাম রিয়েলি সরি।
- কফি খাওয়াবে? বেরোবার আগে গলাটা না ভিজিয়ে নিলেই নয়।
- অফ কোর্স। অফ কোর্স।

***

- বুড়ো, একটা গোল্ডফ্লেক দে।
- ব্যাপার কী গুরু। আজ তো শুক্রুবার। আজ তো প্যাকেট নেওয়ার দিন।
- সিগারেট এ'বার ছেড়ে দেব। ধীরেসুস্থে।
- হঠাৎ?
- চিন্তা করিস না। পান খাওয়া বাড়াব। খয়ের ছাড়া সাদা পান।
- শরীরটরীর ভালো তো গুরু?
- দিব্যি। দে দেখি একটা পান। তবে আজ সাদা না। উর্দুতে যাকে বলে বনারসি মিঠা।
- এই দিই। গুরু। একটা রিকুয়েস্ট ছিলো।
- ইরশাদ।
- ওই যে তোমায় বলেছিলাম না, একটা ফ্রিজ নেওয়ার বড় দরকার দোকানের জন্য। তা হাজার পাঁচেক কম পড়ছিল। আমার বলতে ভারি লজ্জা লাগছে কিন্তু তুমি মাইরি ইয়াব্বড় চাকরি করো। তাই..।
- ইউপিআই করে দিচ্ছি। ভালো ব্র‍্যান্ডের নিস বুড়ো।
- গুরু আমার ফেরত দিতে কিন্তু কিছুটা সময় লাগবে..।
- আমারও সিগারেট ছাড়তে কিছুটা সময় লাগবে।

**

- এই সময় তুমি হুট করে দিয়ে দিলে পাঁচ হাজার?
- ইয়ে মানে। আসলে বুড়োর দরকারটা কিন্তু জেনুইন।
- জাস্ট দিয়ে দিলে?
- জাস্ট দিয়ে দিলাম। বোকামো হলো তাই না? মাইরি তখন আমার মনে হচ্ছিল বটে..। মেয়ের স্কুলের ফিজ, বাড়িভাড়া..। কিন্তু তা সত্ত্বেও..এহ হে..।
- এই যে তুমি হুট করে দিয়ে দিতে পারলে..।
- জাস্ট দিয়ে দিলাম..।
- দিও। নিশ্চিন্তে দিও। এ'ভাবে দিতে পারো বলেই আমি নিশ্চিন্দি। এই দিতে পারাটাই তোমার স্ট্রেন্থ। তোমার মত মানুষ বেশিদিন কর্মহীন হয়ে থাকতে পারবে না। গ্যারেন্টি দিলাম। ছোটমামাও তাই বলছিল আজ ফোন করে।
- হে হে হে। তুমিও মাইরি..আমাদের সংসারের যে কী হাল হবে। তবে কী জানো, এই যে আমায় বেকার না বলে কর্মহীন বললে; তা'তে ইজ্জতে সামান্য মলম পড়লো। ভাষার কী গুণ সুমি।
- দু'টো নতুন টিউশনি পেয়েছি।
- দু'মাসের এক্সট্রা স্যালারি ঢুকবে। তোমার নতুন টিউশনি। চলো তিনজনে সিনেমা দেখে আসি।
- বড়মামা সাধে তোমায় উড়নচণ্ডী ইডিয়ট বলে?

সুমনবাবুর বিশ্বাস



সুমনবাবু একটা সিগারেট ধরালেন। ভাঙাচোরা বাড়িটার দিকে মুখ করে তৃপ্তির দু'চারটে সুখটানে দিব্যি উস্কে দেওয়া গেল স্মৃতিগুলো। ওই দোতলার বারান্দায় বসে মা শীতের দুপুরে উল বুনতেন। নীচের উঠোনে ওই পাঁচিলের গায়ে বাবার নীল-কালো হারকিউলিস সাইকেলটা থাকতো। রোব্বার বেলার দিকে খুব মন দিয়ে ঘণ্টাখাণেক ধরে সাইকেলটা পরিষ্কার করতেব বাবা। একটা স্যান্ডোগেঞ্জি আর সাদা পাজামা ছিল বাবার রবিবার সকালের ইউনিফর্ম। উঠোনের অন্যদিকে মায়ের গাঁদাফুল, গোলাপ আর ডালিয়ার বাগান। মা গাছপালা ভালোবাসতেন কিনা।

ফুলিয়া রান্না আর জলতোলার কাজের জন্য ছিলো। যদিও ফুলিয়ার রান্নায় মন ছিল না, সে ভালোবাসতো গল্প করতে। মা ভালোবাসতো ফুলিয়ার গল্প শুনতে। ফুলিয়ার বড় ভাগ্য যে মা বাবা দুজনেই রান্নায় পারদর্শী ছিলেন এবং দু'জনেই নিয়মিত রান্না করতেন। বাবা ফুলিয়াকে মেয়ের মত দেখতেন, আমি দেখতাম দিদির মত। আর মা দেখত বন্ধুর মত।

বাবা ভালোবাসতেন যন্ত্রপাতি। কলকব্জা, সার্কিট এ'সবের প্রতি যে কী আগ্রহ ছিল বাবার। ছুটি মানেই বাবা গেঞ্জিতে গ্রিজের দাগ, তেলা হাতে স্ক্রুড্রাইভার বা অন্য কোনো সরঞ্জাম। বাবার ওই ঢাউস স্ক্রুড্রাইভার সে'বার চুরি গেছিল। আর সে'টা গলায় বসে যাওয়ায় খুন হয়েছিল ফুলিয়ার বর। পুলিশ তুলে নিয়ে গেছিল ফুলিয়াকে। বাবা কোম্পানি থেকে লোন নিয়ে ফুলিয়ার হয়ে উকিল বহাল করেছিল ভোপাল শহরের মস্ত বড় অ্যাডভোকেট, আকাশছোঁয়া তার ফিজ। কিন্তু মামলা জমে ওঠার আগেই ফুলিয়া কী'ভাবে যেন জেল থেকে পালিয়ে যায়। আর তার খোঁজ মেলেনি। বাবার ধারণা ফুলিয়া নতুন একটা জগতে আশ্রয় খুঁজে পেয়েছিল, অন্য পরিচয়ে নতুন মানুষদের সান্নিধ্যে নতুন উদ্যমে সে বেঁচে উঠেছিল। মা বলতেন ফুলিয়া আর নেই, দেবপাহাড়ির ঝর্ণার ও'দিকে কোথাও ঝাঁপটাঁপ দিয়ে সে মরে বেঁচেছে।

বাবা অপ্টিমিস্ট, মা পেসিমিস্ট। দু'জনে মিলে এ কোয়ার্টারের পাততাড়ি গুটিয়ে ফেলেছিলেন ফুলিয়া নিখোঁজ হওয়ার দিন সাতেকের মধ্যেই। বাবা নতুন একটা চাকরি জুটিয়েছিলেন। মায়ের গালগল্প কমে গেছিল। কলকাতার ফ্ল্যাটে রোদহাওয়া কিঞ্চিৎ কম। বাবা বলতেন আমাদের খানিকটা রোদ আর খানিকটা হাওয়া ফুলিয়াটা চুরি করে কেটে পড়েছে। বাবার কলকাতার রবিবারগুলো হয়ে উঠেছিল সম্পূর্ণ স্ক্রুড্রাইভার ও যন্ত্রপাতিহীন।

বছর চল্লিশ কেটেছে। ছত্তিসগড়ের ফেলে আসা সেই পুরনো অফিস কোয়ার্টার এখন জরাজীর্ণ, মানুষের বসবাসের অযোগ্য। অবশ্য সুমনবাবুর ধারণা বাবা মা আর ফুলিয়া তিনজনেই এখন এ'খানে ফিরে এসেছে আর দিব্যি আছে। একদিন সুমনবাবুও এ'খানে এসে জুড়বেন, ফের রোব্বারগুলো রঙিন হবে; এ বিশ্বাসটা আবার সুমনবাবুর মনের মধ্যে চাগাড় দিয়ে উঠলো।

ক্যাপিটাল


- চাকরিটা চলেই গেলো বুঝলি।
- দ্যাখ দাদা, এ’টাকে একটা অপরচুনিটি হিসেবে দেখতে হবে...।
- তুইও লিঙ্কডইন গছাবি বুড়ি?
- না, তা না..।
- শোন। জাস্ট মাসখানেক টেনে দে। তদ্দিনে একটা কিছু ঠিক দাঁড় করিয়ে দেব। তা’ছাড়া মায়ের ওষুধটষুধগুলোও আছে। সে’টাও তোকে দেখতে হবে।
- হো যায়েগা।
- আর শোন, বাবা মাকে খবরটা আপাতত দিস না। এ সময় ওদের বাড়তি ঘ্যানঘ্যানানিটা অন্তত সহ্য হবে না।
- তুই বড্ড বেশি ভাবছিস। আরে আমি তো ঘরে বসে নেই।
- ভারি তো বদলি নার্সের একটা চাকরি..। তার আবার রোয়াব দ্যাখো।
- ডক্টর সেন আমার কাজে খুব খুশি কিন্তু। বলেছে বছরখানেকের মধ্যে পার্মানেন্ট হওয়ার চান্স আছে একটা।
- নাকের ডগায় সে গাজর ঝুলিয়ে তোকে কী বিশ্রীভাবে যে খাটিয়ে নিচ্ছে..। দিন নেই, রাত নেই..।
- চা খাবি দাদা?
- বোস না পাশে। চা পরে হবে’খন। কদ্দিন পর অবেলায় এমন গা এলিয়ে বসলাম বল দেখি।
- দাদা, আবার তো সেই চাকরি খুঁজে হন্যে হওয়া।
- ভাবছি একটা ব্যবসা করব। কী বলিস। পারব না বুড়ি?
- ব্যবসা!
- অমন আকাশ থেকে পড়লি যে।
- কীসের ব্যবসা। ক্যাপিটাল পাবি কই। বাবার পিএফ?
- স্পেয়ার দ্য ওল্ড চ্যাপ। ক্যাপিটাল আমার গতর। আমার এন্থু! আমার অধ্যবসায়। আমার জেদ।
- এইবারে কে কাকে লিঙ্কডইন গছাচ্ছে?
- হে হে। শোন না। খুব ইচ্ছে ছিল ফুল বিক্রি করার। ভোরবেলা হাওড়া থেকে..।
- দাদা। তোর ফুলের দোকান দাঁড়িয়ে গেলে আমায় সে’খানে চাকরি দিবি? হিসেবটিসেব রাখার কাজ?
- স্বজনপোষণ করতে বলছিস?
- জানিস। ডাক্তার সেনকে আমার ভালো লাগে না রে দাদা। একদম ভালো লাগে না।
- বুড়ি!
- তুই বোস। আমি চা বানিয়ে আনি। মাকে কিছু বলতে যাস না। কেমন? তুই কিছু একটা পেলে না হয়..।