Wednesday, September 9, 2026

রেখে যাওয়া গান

ভালোবাসায় দু'একটা না দেওয়া (অথবা না পাওয়া) চিঠি না থাকলেই নয়। "কত কিছু বলা হলো না"র ধুত্তেরি না থাকলে যত গান, যত কবিতা সব মিথ্যে।

সন্ধের ঘোলাটে আলোয় যে ছেলেটি ফ্যালফ্যাল করে চেয়ে রইলো ঘাট ছেড়ে যাওয়া লঞ্চটার দিকে; সে ফ্যালফ্যালে সমস্ত সিনেমা মিথ্যে হতে বাধ্য। ছেলেটির বুকপকেটে চানাচুরের দাগ, বাঁ পায়ের আচমকা ছিঁড়ে যাওয়া চামড়ার চটিতে সেফটিপিন। লঞ্চে ঝাপসাচোখজোড়া এক মেয়ের হাতে অগোছালো আধখাওয়া চানাচুরের ঠোঙা, আঁচলের সেফটিপিনের ভেসে গেছে। নদী ক্রমশ চওড়া হয়ে আসে। না দেওয়া চিঠি, না পাওয়া চিরকুটের ভারে কলকাতা নুয়ে পড়ে প্রায়।

সে'রকম প্রতিটা অসময়ে ভালোবাসাবাসি মানুষদের আশেপাশে কে যেন গান রেখে যান। মানুষের ভালোবাসায় সুর দিয়ে ক্রমাগত নিজেকে সৃষ্টি করে যান ঈশ্বর।

No comments: