Friday, May 21, 2021

বাদশাহী আংটি আর রেটিং






নাহ্৷ ফেলুদার অ্যাডভেঞ্চার আর যাই হোক ওভাররেটেড নয়। অন্তত বাদশাহী আংটিতে ফিরে গিয়ে দিব্যি থ্রিলড হলাম৷ সাধারণত আমি যে কোনও গল্প পড়তে গিয়েই নিজের কল্পনায় গল্পের চরিত্রগুলোর জন্য জুতসই চেহারা বেছে নিই৷ এ ক্ষেত্রে ফেলুদার চরিত্রে অবশ্যই মাথায় ছিলেন সৌমিত্র, তবে সোনার কেল্লার মাঝবয়েসী সৌমিত্র নয়; বাক্স বদলের সেই চনমনে গোঁফলেস সৌমিত্র। তোপসের বাবা অবশ্যই হারাধনবাবু।  বিকাশ রায়ের মুখে একটা খুব শৌখিন গোঁফ আর দামী একটা ফ্রেঞ্চকাট বসিয়ে বনবিহারীবাবু তৈরি করে ফেললাম মনে মনে৷ ইয়ে, ছোটবড় সমস্ত চরিত্রই আমি নিজের মত করে কাস্ট করে ফেলি, কাজেই ব্যাপারটা ছড়িয়ে লাভ নেই৷ শুধু বলে রাখি, এ গল্পে তোপসের চেহারাটা যে অবিকল ক্লাস নাইনে পড়া তন্ময় মুখুজ্জ্যের মত, তা আমি হলফ করে বলতে পারি৷ 

একটা ছুটকো ব্যাপার নজরে পড়ল৷ গল্পের প্রথম চুরিটা ফেলুই করে, তবে সে'টা বাদশাহী আংটি চুরি নয়৷ আংটি চুরিটাকে ঠিক চুরি বলাও চলে না, কারণ সে'খানে ফেলুর উদ্দেশ্য বদ ছিল না৷ তবে তোপসের প্লেট থেকে সান্ডিলা লাড্ডু হাপিস করার কেসটা স্রেফ রাহাজানি৷ পরে অবশ্য তোপসের মুর্গির ঠ্যাংও সরিয়েছে সে। 

ডুন এক্সপ্রেসের রাতটা বড় চমৎকার৷ এদ্দিন পর পড়েও কী ভালো যে লাগল৷ সে'যাত্রাই প্রথম ফেলু চোয়াল শক্ত করে বনবিহারীবাবুর হামবড়াই ভাবকে পর্যুদস্ত করে। 
বনবিহারী ফেলুকে ঠুকছেন - "তা'হলে তুমি বিশ্বাস করো না যে শ্রীবাস্তবের কাছেই এখনও আংটিটা আছে"?.
ফেলুদার এস্পারওস্পার কামব্যাক - " না করি না, আমার কাছে তার প্রমাণ আছে"৷ এই পয়েন্ট থেকেই ফেলু পাতি লাড্ডু-চোর-দাদার খোলস ছেড়ে; ধারালো, অবিচল আর বরফ-মাথার ফেলুদা হয়ে আত্মপ্রকাশ করে৷ সেই ধারের আঁচ থেকে শুধু বনবিহারী কেন, ভবিষ্যতে মগনলালও পার পাবে না৷ 

তরতরিয়ে এগিয়ে যাওয়ার নিরিখে ফেলুদার গল্পগুলো যে কোনও পাহাড়ি নদীকেও অনায়াসে টেক্কা দেবে৷ বাদশাহী আংটিও তেমনই সচল আর স্মার্ট৷ প্রতিটা চরিত্রের নুয়ান্সেসগুলো মনে দাগ কেটে যায় (বহুবার পড়ার পরেও, আলাদা করে৷ আমার বায়াস? হবে হয়ত)। ডাক্তার শ্রীবাস্তবের নড়বড়ে কনফিডেন্স, ধীরুকাকার উষ্ণতা, বনবিহারীর গা-জ্বালানো মাতব্বরি; সমস্তই প্রকাশ পায় সহজ সিধে কথাবার্তায়৷ চরিত্রদের স্পষ্ট করে তুলতে গাদা গাদা ন্যারেশনে ভরসা করার মানুষ সত্যজিৎ নয়।  সংলাপেই তাঁর কার্যসিদ্ধি। প্রত্যেকের কথাবার্তা দিব্যি ঝরঝরে প্রাণবন্ত বাংলায়; যতবার পড়ি ততবার মনে হয় আমরা ঠিক এ'ভাবেই কথা বলিনা কেন? আর কে জানে, ছেলেবেলায় এ'সব গল্পের মাধ্যমে সত্যজিৎ আমাদের কথাবার্তার স্টাইলে হয়ত বিস্তর প্রভাব ফেলেওছেন। অন্তত সে সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায়না৷ 

ওভাররেটিং প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলাম৷ সে প্রসঙ্গ দিয়েই শেষ করি৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা ব্যাপার স্পষ্ট হয়ে আসছে। মানুষের কাজই হল ওভাররেট আন্ডাররেট করা, আবার মানুষেরই ধর্ম হল অন্যের ওভাররেটিং আন্ডাররেটিংয়ের ঝড়ে ভেসে না গিয়ে নিজের ভালোবাসাগুলোকে আঁকড়ে স্বস্তিতে থাকা৷ 

"ফেলুবাবুর কিন্তু কোনও জবাব নেই মশাই"।




একটা অদরকারী ট্রিভিয়া ঝেড়ে শেষ করি। লখ্নৌয়ের রাস্তায় নতুন হিন্দি ফিল্মের প্যাম্পফ্লেট ছড়ানোর উল্লেখ রয়েছে গল্পে৷ সিনেমা নাম; ডাকু মনসুর৷ ও'টা জেটবাহাদুর গোছের কাল্পনিক নাম নয় কিন্তু৷ ডাকু মনসুর নামে একটা সিনেমা সত্যিই বেরিয়েছিল ১৯৬১তে।

অপম্যানিয়া

- আসুন দাদা, আসুন৷ হাউ মে আই সার্ভ ইউ? এই পঞ্চা! স্যারকে চেয়ারটা এগিয়ে দে৷
- ভালো দেখে এক পিস অপমান দেখান দেখি৷
- অবশ্যই অবশ্যই। পঞ্চা, চট করে অপমানের নতুন স্টকটা নিয়ে আয় বাবা৷ ইয়ে স্যার, আপনার জন্য এক কাপ চা বলে দিই?
- ওকে৷ তবে ব্ল্যাক। আর ইয়ে, অপমানের কোয়ালিটিটা যেন..।
- আপনাকে দেখেই বুঝেছি স্যার; টপক্লাস সমঝদার৷ আশা করি ডিস্যাপয়েন্ট করব না৷
- কী ব্যাপার, আড়াই সেকেন্ড হয়ে গেল৷ চা আসছে না কেন?
- বাহ্৷ বাহ্ বাহ্! এই না হলে অপমানিস্ট৷ শেষ এমন তেজি কাস্টোমার পেয়েছিলাম নাইনটি সেভেনে৷ নমস্কারের সময়ে আমার হাতের অ্যাঙ্গেলে গোলমাল ছিল বলে মুষড়ে পড়েছিলেন। তা ইয়ে, আপনি কি অল্পকথায় অপমান প্রেফার করেন না কি শিবের গীত না জুড়লে আপনাকে স্যাটিসফাই করা যায়না৷
- আমি মিনিমালিস্ট৷ জবরজং আমি প্রেফার করিনা৷
- শিল্পী মানুষ মশাই আপনি।
- ব্ল্যাকটীটা ইমিডিয়েটলি না দিয়ে আপনি আমার গালে থাপ্পড় কষিয়েছেন৷
- আরও দেরী করবে পঞ্চা৷ মাইরি বলছি, ছেলেটার খুব খেটে অপমানটপমান করে৷ আমি নিশ্চিত ও ব্ল্যাকটীর বদলে গুড়ের চা নিয়ে আসবে৷ আর ওই যে চেয়ারটা আপনাকে এগিয়ে দিয়েছে বসার জন্য? সে'টা তো ছারপোকার ডিপো৷
- বাহ্। কাস্টোমার ডিলাইটের দিকে আপনাদের বেশ ফোকাস আছে দেখছি৷
- হে হে হে৷ নিজেদের মুখে আর কী করে বলি বলুন...আপনাদের মত হাতেগোনা কিছু অপমানিস্টিদের জন্যেই অপমানিজমের আর্ট ফর্মটা আজও টিকিয়ে রাখতে পেরেছি।

বাদের খাতা

- প্রতিবাদ?

- প্রতিবাদ!

- কে করবে?

- কেন? তুমি আর আমি!

- করাটা উচিৎ হবে কি?

- করাটা জরুরী।

- আসলে অম্বলটা এমন ট্রাবল দিচ্ছে৷ তাছাড়া এ'বারের মাসকাবারি বাজারটাও বাকি রয়েছে যে।

- প্রতিবাদ করবে না তা'হলে? নিজের হক বুঝে নেবে না?

- ইয়ে, ব্যাপারটা নিয়ে পুজোর পর ভাবনাচিন্তা করলে হয় না?

Monday, May 17, 2021

অদরকারী ৪


কয়েকটি অদরকারী কথা।

এক,
গুগল ফটোসের মত মায়াবী অ্যাপ আর দু'টি নেই। মাঝেমধ্যেই পিঠে ডিজিটাল টোকা মেরে ডাকে, "আহ্। এই মুহূর্তের গুমোটটাই শেষ কথা নয় হে৷ শেষ কথা নয়। তিন বছর আগে এই সময় তুমি পাহাড়ে ছিলে৷ মনে পড়েছে ভাইটি"? 

দুই,
পাহাড়ে গেলে মনকেমনের গায়ে বাড়তি জেল্লা আসে। পাহাড়ে সঞ্জীবের লাইনগুলো সঞ্জীবার হতে হতে সঞ্জীবেস্ট হয়ে পড়ে।
পাহাড়ে গেলে মনের ধান্দাবাজিগুলো খানিকক্ষণের জন্য মিইয়ে আসে।


তিন,
পাহাড়ি নদীরা তুকতাক জানে, রাণাঘাটের মানুষের মনের ভিতর তিব্বতি গোলমাল পাকাতে তাদের জুড়ি নেই।
তাদের ছুটে চলার সুরে মাথার মধ্যে ঝিম ধরে; সে ঝিমধরানো নেশা ছবি বিশ্বাস লেভেলে খেলে যায়, ওল্ডমঙ্ক সে তুলনায় আলেক্সার কেঠো সঙ্গত। 

চার,
সূর্যাস্ত মানেই কোথাও কেউ হেমন্ত শুনে বুকের হুহু সামাল দিচ্ছে। 

Sunday, May 16, 2021

মোটিভেশনাল



- কী? কী চাই?
- প্রভু, বড় সাধ। রোজ রোজ কাউকে জ্ঞান দেওয়ার৷ জ্ঞান শোনার লোক না পেয়ে মন-প্রাণ-বুক শুকিয়ে যাচ্ছে। আমি জ্ঞান দেব, লোকে শুনবে৷ যত দেব, তত শুনবে৷ সে জ্ঞান কেউ শুনতে না চাইলে যেন কলার টেনে গিলিয়ে দেওয়ার ক্ষমতাটুকু থাকে। বড় সাধ বাবা।
- বড়ই বিচিত্র ইচ্ছে। বিচিত্র।
- সাফিশিয়েন্টলি জ্ঞান না ঝাড়তে পারলে বড় অম্বল হয় প্রভু, সঙ্গে সামান্য বুকভার৷ মনের মধ্যে এত জ্ঞান জমে রয়েছে, সে জ্ঞান নিয়মিত ফ্লো না করলেই যে কী মুশকিল।
- কঠিন সমস্যা৷ কাজেই, সমাধানটা যে সহজ হবে না।
-একটা উপায় বাতলে দিন প্লীজ। প্লীজ! আমি যাবতীয় কাঠখড় পোড়াতে রাজী৷ হোমযজ্ঞ মাদুলি বা কোনও স্পেশাল চ্যবনপ্রাশের জন্য টু-পাইস খরচ করতেও আপত্তি নেই প্রভু৷
- উপায়? তা উপায় তো আছে৷ তবে সে পথ বড় কঠিক, দুর্গম৷
- আপনি একবার খোলসা করেই দেখুন না৷ আমি ঠিক পারব।
- পারবে? যা বলব পারবে?
- আলবাত প্রভু৷ আলবাত৷
- তুমি কর্পোরেট জগতের মোটিভেশনাল ট্রেনার হতে পারবে? পার্টিসিপ্যান্টদের আধঘণ্টা লুডো খেলিয়ে পাইকারি হারে স্টিভ জবস তৈরি করার প্রতিশ্রুতি দিতে পারবে? পারবে?