Monday, June 27, 2016

জাগ্রত

মানিব্যাগে টাকার হিসেব কখনও গড়বড় হয়না অনুপমের। পকেটের ভাঁড়ারে আটআনার হেরফেরও তার নজর এড়িয়ে যেতে পারে না।  অতিমাত্রায় হিসেবী বলে তার সামান্য বদনামও রয়েছে। অনুপম অবশ্য গায়ে মাখে না। এ যুগে হিসেবী না হলে পদে পদে ঠকতে হবে। আর ঠকার মধ্যে আর যাই হোক, বুদ্ধিমত্তা নেই।

কিন্তু আজ সামান্য গড়বড় দেখা দেওয়ায় মেজাজটা গেল বিগড়ে। বাসের ভাড়া মেটানোর পর মানিব্যাগে থাকা উচিৎ ছিলো একটা পাঁচশো টাকার নোট, তিনটে একশো টাকার নোট, দু'টো পঞ্চাশ টাকার নোট, একটা কুড়ি টাকার নোট আর আটটা দশ টাকার নোট। সাথে তেরো টাকার খুচরো কয়েন। সাকুল্যে থাকার কথা এক হাজার তেরো টাকা। কিন্তু রয়েছে এক হাজার সতেরো টাকা। অর্থাৎ দু'টো দু'টাকার কয়েন বাড়তি। বোঝো!

চার টাকা এলো কোথা থেকে? কথা চার টাকা নিয়ে নয়। কথা বেশি কম নিয়েও নয়। কথা হচ্ছে, এ'ভাবে হিসবে গড়বড় হবে কেন? নিজেকে চড় মারতে ইচ্ছে হচ্ছিল অনুপমের। আজ চার টাকা বেশি রয়েছে, কাল চারশো টাকা কম থাকবে অথচ সে টেরটিও পাবে না।

ডিনারের পর পড়ার টেবিলে লেটার প্যাড, ডটপেন আর ছোট ক্যালকুলেটর টেনে নিয়ে বসলে সে। এই গড়বড়ের শেষ দেখে ছাড়তে হবেই।

**

বিরক্তির সাথে যখন লেটার প্যাড আর কলম ছুঁড়ে ফেললে অনুপম তখন রাত পৌনে দু'টো। সিগারেট ধরাতেও ইচ্ছে হলো না, বিরক্তির স্বাদটা মুখে একটানা গোঁত্তা খেয়ে চলেছে। চার টাকা! এলো কোথা থেকে?
বিভ্রান্ত হয়ে পড়ছিলো অনুপম। উপায়ন্তর না দেখে মানতই করে বসলো মনে মনে ,
"মা কালী, এ হেঁয়ালি কাটিয়ে দাও। আগামী কালই চার টাকা অফিসের পাশের মন্দিরের প্রণামীর বাক্সে ফেলে আসবো। লাঞ্চের সময়। মাইরি। বাঁচিয়ে দাও মা। এ সাসপেন্স না কাটলে ব্লাড শুগার বেড়ে যাবে। মা! মা গো!"।

**

ভোর চারটের সময় বাথরুমের যাওয়ার জন্য উঠেই এক ঝটকায় অনুপমের মাথার জট কেটে গেলো। আজ ক্যান্টিনে লাঞ্চ শেষে কী খেয়াল হলো একটা বাড়তি রসগোল্লা কিনে খেয়েছিলেন। পাঁচ টাকার।  কিন্তু ক্যাশে বিল করানোর সময় সে'টা বাদ গেছে।

প্রবলেম সল্ভ হয়েও হলো না। চার টাকার এক্সেস্‌ থেকে এক টাকার ডেফিসিট। মা তারা ফার্মেসির ক্যালেন্ডারের মা কালীর দিকে তাকিয়ে এক রাশ বিরক্তি ছুঁড়ে দিলে অনুপম।

**

তেঁতুলতলা কালীবাড়িতে অন্তত তিরিশ বছর ধরে পুরোহিতগিরি করছেন বিশ্বনাথবাবু। কিন্তু এমন বিদঘুটে কাণ্ড তিনি বাপের জন্মে দেখেননি। ভোরবেলা এসে মন্দিরে ঢুকতেই দেখেন প্রণামী বাক্সের তালা ভাঙা! অথচ সেখান থেকে টাকা পয়সা বিশেষ সরেছে বলে মনে হলো না। শুধু নজরে এলো একটা চিরকুট

"পুরোহিতমশাই,
মা কে জানাবেন এগ্রিমেন্ট মত এক টাকা নিয়ে গেলাম।  ডেফিসিট কম্পেনসেটেড। বুঝতেই পারছেন টাকাটা ইম্পরট্যান্ট নয়, ইম্পরট্যান্ট হলো ব্যাল্যান্স। আপনি বেশি চিন্তা করবেন না। মা জানেন। 
ইতি, জাগ্রত ভক্ত"।

বাবুর ফোন

- ঘুমোলি?
- না।
- ঘুমোবি না?
- ঘুম আসছে না। তুই ঘুমোসনি কেন?
- এই। ফোন রেখেই শোব।
- বাবু!
- হুঁ।
- আমার কিছু হয়ে গেলে?
- কী হবে?
- খুব খারাপ কিছু একটা। আমি কী না একা! খোকার কী হবে?
- তোর কিছু হচ্ছে না আপাতত।
- যদি হয়?
- খোকা আমার কাছে থাকবে।
- বাহ্‌ রে। তুই কত ব্যস্ত।
- খোকা আর আমি কাজ ভাগ করে নেব'খন।
- গান শোনাবি? খোকাকে? আমি না থাকলে?
- বন্ধু তুমকো ইয়ে গানা সুনায়েগা বিকেলবেলা।
- ঘুরতে নিয়ে যাবি? শনিবার বিকেলে? রোব্বার সকালে? খোকা খুব ঘুরতে ভালোবাসে। ।
- রোব্বারে ভিক্টোরিয়ায় লুচি আলুর দম। পুজোর ছুটিতে দার্জিলিং, গরমের ছুটিতে নৈনিতাল। কভি কভি পুরী। মন খারাপে খড়দার গঙ্গা।
- খোকা অঙ্কে কম নম্বর পেলে?
- দু'জনে প্যারামাউন্টে গিয়ে দু'পেগ ডাব শরবতে দুঃখ ভুলবো।
- খোকার জ্বর হলে ওর বায়নার শেষ থাকে না। 
- জলপট্টি আর পান্নালাল। ক্রসিনের বাপ।
- খোকার কাজু কিশমিশ পোলাও বড় প্রিয়।
- খোকা বেলা দে থেকে পড়বে। পোলাও রেসিপি। লাউড্‌লি। আমি স্যান্ডো গেঞ্জি পাজামায় রান্নাঘর দাপিয়ে বেড়াবো।
- বড় চিন্তা রে আমার। খোকার জন্য। সে আমায় ছাড়া ঘুমোতেই চায় না।
- তোর শাড়ি দিয়ে কাঁথায় মলাট দেবো। সে কাঁথা টেনে খোকা আমি ঘুমিয়ে কাদা হবো।
- বাবু।
- হুঁ।
- তুই বড় ভালো। খোকা তোর মত হবে?
- যাস না। তুই গেলে আমরা যদি বখে যাই?

Wednesday, June 22, 2016

অরিন্দমবাবুর প্রত্যাবর্তন

- অরিন্দমবাবু এখানেই থাকেন কী?
- নেমপ্লেটটা দেখেই ডোরবেলটা বাজিয়েছেন আশা করি। 
- আপনিই...?
- দরকারটা বলুন।
- আমি স্বপন চক্রবর্তী। দূর্গাপুর টাইম্‌স থেকে আসছি। 
- দূর্গাপুর টাইম্‌স?
- তেমন ভাবে সাড়া জাগিয়ে  না হলেও, গত বারো বছর ধরে কিন্তু এ কাগজ নিয়মিত প্রকাশ হচ্ছে। এই, এলাকার খবরাখবর নিয়ে। সপ্তাহে দু'দিন। শনি আর বুধ। আমি সেখানেই রিপোর্টিংয়ের কাজ করছি। কিছু কপিও সঙ্গে করে এনেছি। 
- তা দূর্গাপুর টাইম্‌স থেকে আমার বাড়িতে লোক পাঠানোর দরকার পড়লো কেন?
- আসলে চিতার ওপর থেকে ফিরে আসা মানুষ তো খুব একটা পাওয়া যায় না। দূর্গাপুর কেন, গোটা বর্ধমান জেলাতে গত দশ বছরে আপনার মত মিরাকেল ম্যান কেউ এসেছে বলে মনে তো হয় না। 
- এ খবরটা এরই মধ্যে এতটা ছড়িয়ে পড়লো?
- রিপোর্টার মানুষ স্যার। এটুকু খবর না রাখলে তো...। তবে দুম করে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে চলে আসাটা আমার অন্যায় হয়েছে। কিন্তু কাইন্ডলি যদি ছোট একটা ইন্টারভিউ দেন এই মিরাকেলটার ব্যাপারে...।
- ইন্টারভিউ?
 - আমরা চাই আপনার এই মিরাকুলাস কামব্যাকটাকে একটু তুলে ধরতে। ক্যালক্যাটা বেস্‌ড মিডিয়া হাউসগুলো তো বেঙ্গলকে প্রোজেক্ট করবে না। আমরাই যতটুকু পারি।
- না মানে...। 
- না বলবেন না স্যার...এমন কামব্যাক...সে'বার সাউথ আফ্রিকায় সৌরভ যখন...।
- ভিতরে আসুন। 
- ওবলাইজ্‌ড স্যার। ওবলাইজ্‌ড। 

**
- কী নাম বললেন যেন আপনার রিপোর্টারবাবু?
- আজ্ঞে স্বপন চক্রবর্তী। 
- চা চলবে?
- না না, আপনি ব্যস্ত হবেন না স্যার। 
- বাঁচালেন। হ্যাঁ বললেই কাজ বাড়ত।
- মোবাইল ফোনের ভয়েস রেকর্ডার অন করলে আপত্তি নেই তো?
- করতে পারেন। তবে আমার আবার আধ ঘণ্টার মধ্যে ডিনারের সময়। সেভেন থার্টির ওপারে গেলেই বদহজম। আর আটটার মধ্যে বিছানায়। এমনিতেও শরীরের ওপর দিয়ে গত আটচল্লিশ ঘণ্টায় যা ধকল গেলো, শ্মশান যাতায়াত তো আর চাট্টিখানি কথা নয়। 
- এই রেকর্ডার অন করলাম। 
- বেশ। 
- এবারে অরিন্দমবাবু, নিজের ব্যাপারে যদি দু'চার কথা বলেন। 
- নিজের ব্যাপারে আর কীই বা বলার রয়েছে! স্কুল মাস্টারি থেকে রিটায়ার করেছি আজ বছর দশ হলো।  মিসেস্‌ মারা গেছেন গত অগস্টে। এক ছেলে, দুই মেয়ে। ছেলে রয়েছে আমেরিকায়, সফটওয়্যারে রয়েছে। বড় জামাই আর বড় মেয়ে দু'জনেই ডাক্তার, বম্বেতে  সেটল্‌ড। আর ছোট মেয়ে কলকাতায়, সে নিজে প্রফেসর। আনম্যারেড। 
- গত শনিবার, অর্থাৎ গত পরশু সন্ধ্যাবেলা দুর্ঘটনাটা ঘটে তাই তো। 
- দুর্ঘটনা বলতে আচমকা বুকে ব্যথা। পাশের ফ্ল্যাটেই থাকেন ডাক্তার বসু। ফরচুনেটলি তিনিও তখন ফ্ল্যাটেই ছিলেন। আমার বাড়ির কাজের লোক বিকাশ, সে চিৎকার করতেই ডাক্তার হুড়মুড় করে ছুটে আসেন।  কিন্তু ডাক্তার আসার তিরিশ সেকেন্ড মত আগেই বুকের ব্যথাটা অসহ্য হয় আর আমি সংজ্ঞা হারাই। জ্ঞান যখন ফেরে তখন আমি চিতার ওপর শুয়ে। 
- মাই গুডনেস্‌।
- অ্যাকর্ডিং টু ডাক্তার বসু আমার পাল্‌স নাকি কমপ্লিটলি মিসিং ছিল। মারা যাওয়ার সমস্ত সাইন চেক করেই তিনি ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন। 
- রোমহর্ষক! আমার শুনেই গায়ে কাঁটা দিচ্ছে...। 
- তবে আমার বরাত জোর আছে! কপাল জোরে আমার বডি...থুড়ি...আমি শ্মশানে পৌঁছনোর কিছুক্ষণ আগেই ইলেকট্রিক চুল্লিটা খারাপ হয়ে যায়। যদি না হত, তাহলে আর আমার প্রত্যাবর্তন ঘটত না। ইলেকট্রিক চুল্লির ভিতর জ্যান্ত হয়ে আড়মোড়া ভাঙলেও তো সে'টা আর কারুর দৃষ্টিগোচর হত না। 
- মাই গুডনেস! মিরাকেলের বাবা! আচ্ছা অরিন্দমবাবু, প্রথম যখন জ্ঞান  ফিরল, মানে যখন আপনি চিতার উপর টানটান...তখনকার এগজ্যাক্ট অনুভূতিটা যদি আমাদের পাঠকদের একটু খুলে বলেন। 
- জ্ঞান ফিরতেই...ওই দেখো। সাতটা বাজতে চললো, এখন আবার কে কলিং বেল বাজালে! কী মুশকিল! এক মিনিট বসুন স্বপনবাবু!। যেই হোক বিদেয় করে আসি। 

**

দরজাটা খুলতেই অরিন্দমবাবুর গা'টা গুলিয়ে উঠলো। দরজার ও পাশে দাঁড়ানো দু'জন তাঁর বিশেষ ও বিকট ভাবে পরিচিত। 

বজ্রাহত অরিন্দমবাবু অতিথিদের মুখের ওপর সদর দরজা দমাস করে বন্ধ করে এক ছুটে ড্রয়িং রুমে এসে পৌঁছে দেখেন সাংবাদিক স্বপন চক্রবর্তী সোফায় অবিচল চিত্তে বসে নিজের কাগজের কপি পড়ে চলেছেন। 

- কী ব্যাপার অরিন্দমবাবু? এমন উদ্ভ্রান্ত দেখাচ্ছে কেন আপনাকে? 
- এ'সব কী হচ্ছে? কে আপনি? বুড়ো মানুষ ভেবে আমায় চমকাতে এসেছেন? 
- আহ! এত উত্তেজিত হচ্ছেন কেন অরিন্দমবাবু? শান্ত হয়ে বসুন। 
- ইডিয়ট! গেট আউট। 
- আরে যাব কোথায়? আমি তো অলরেডি বাইরে দাঁড়িয়ে আছি, আপনি দেখলেন তো। 
- এ'সব কী? আপনি কে স্বপন বাবু? 
- আপনি যা, আমিও তা! তবে ইন্টারভিউয়ের ব্যাপারটা খাঁটি কথা। আমাদের মত একজন হয়ে ফেরত আসা তো চাট্টিখানি কথা নয় অরিন্দমবাবু! সে'টাও মিরাকেল। কংগ্রাচুলেশনস। 
- আপনাদের মত একজন মানে?
- আন-ডেড্‌। 
- কী?
- অ-মৃত। আন-ডেড। এই যেমন আপনি। চিতা থেকে উঠে এলেন দিব্যি। জেনুইন মড়াই ছিলেন, ট্রাস্ট মি। ডাক্তার বসু বিশেষ ভুল করেননি। 
- আমি ভূত? আ...আপনিও...?
- ভূত? তা ঠিক না। মড়া। জ্যান্ত মড়া। ইংরেজিতে একটা মোক্ষম ইয়ে আছে আমাদের; জম্বি। তবে বিদেশী সিনেমায় যা সব দেখায়, তেমন বিটকেল যে আমরা নই, সে'টা বেশ টের পাচ্ছেন আশা করি।  
- আনডেড? জ্যান্ত নই?

**

"জানো বাবা! আনডেড ইজ বেটার দ্যান লাইফ", লিপির কণ্ঠস্বর ভেসে এলো কিচেনের দিক থেকে। ছোটমেয়ে, যে কলকাতায় থাকে। প্রফেসর। 

"আরে অত কী ভাবছ? প্রফেসারি আমি এখনও করি। এই যেমন তোমার গতকাল পাড়ার ক্লাবে আড্ডা দেওয়া। তুমি চিতা থেকে ফিরেছ। আমি একটা কারক্র্যাশ থেকে ফিরেছি। সে জন্যেই আদত আর বিয়েটা...! যাক গে! তোমার পাশে বসা স্বপনবাবু মাউন্টেনিয়ারিং করতে গিয়ে ফেরত আসতে না পেরেও এসেছেন। সবাই পারে না। আমরা পেরেছি। আমরা অ-মৃত। আর সবচেয়ে বড় ব্যাপার কী জানো? আমাদের চলাচল অবাধ! অবাধ শুধু নয়; এক সাথে একাধিক জায়গায় বিচরণ করাও সম্ভব!  তবে সে'টা  অ-মৃত সমাজের বাইরে কাউকে জানতে দেওয়া যায় না। এখন যেহেতু তুমিও...আমাদেরই একজন...তাই। আর এদ্দিন আমি তোমার কাছে বেশি আসতাম না তোমার ক্রমাগত আমার বিয়ে না করা নিয়ে ঘ্যানঘ্যান অ্যাভয়েড করার জন্য... এখন আমার সে চিন্তা অন্তত গেছে"। 

**

বীভৎস স্বপ্নটা ভাঙতেই অরিন্দমবাবু টের পেলেন তিনি চিতার ওপর শুয়ে! তাঁকে ঘিরে চারদিকে একটা অস্বাভাবিক হৈচৈ। 

**
- আসতে পারি?
- আসুন। 
- আপনিই স্বপনবাবু? দূর্গাপুর টাইম্‌সে এডিটর?
- এডিটর নই। রিপোর্টার। বলুন কী করতে পারি?
- আমি এ শহরেই থাকি। আমার নাম অরিন্দম সামন্ত। নিজের একটা মিরাকুলাস এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আপনাদের অফিসে আসা। যদি আপনারা সে'টা ছাপার যোগ্য মনে করেন...। ক্যালক্যাটা বেস্‌ড মিডিয়া হাউস তো আর মফস্বলকে বিশেষ পাত্তা দেয় না। তাই ভাবলাম আপনারা যদি...।
- কেসটা কী? 
- শুনলে আপনিও উত্তেজিত হবেন বৈকি! তবে...।
- তবে?
- তবে খবরটার ডিটেল্‌স পেতে হলে এখুনি একবার আমার বাড়ি যেতে হবে...আমার সঙ্গে গাড়ি রয়েছে। 

** 

রিপোর্টার স্বপনবাবু এত সহজে রাজী হবেন, সে'টা ভাবা যায়নি। তাঁকে নিয়ে যখন নিজের ফ্ল্যাটের দরজার সামনে পৌঁছলেন অরিন্দমবাবু, তখন সন্ধ্যে পৌনে সাতটা বেজে গেছে। অদ্ভুত থ্রিল হচ্ছিল যখন নিজের সদর দরজার কলিং বেলটা বাজালেন তিনি।

নিজে ফাঁকা ফ্ল্যাট লক করে বেরিয়েছিলেন!

তাঁর চিতার ওপরে শুয়ে হ্যালুসিনেশনটা কি স্বপ্ন ছিল? না কি...! দরজা খোলা না খোলার ওপর সমস্ত নির্ভর করছে।  

বেশিক্ষণ চিন্তা করতে হলো না। কয়েক সেকেন্ডের মাথায় দরজা খুলে অরিন্দমবাবুর মুখোমুখি হলেন অরিন্দমবাবু এবং তৎক্ষণাৎ তাঁর বুকে রাখা বাহাত্তর কিলো ওজনের পাথরটা সরে গেলো। তিনি জানেন ঘরের ভিতর যে ক'জন রয়েছে তাঁর মধ্যে লিপিও আছে। স্বপন ছোকরা বাতেলাবাজ কিন্তু মন্দ নয়, লিপির সাথে মানানসই। মড়া দুটোর একটা হিল্লে হলে তিনি মরে শান্তি পান। এ'টুকুই আশা।  

Sunday, June 19, 2016

মনোময় মিত্তিরের টার্গেট

বালি, রাতের শীতলতায় নরম বালি। ঢেউ ঝাপটে পড়ছে; একটানা। যেমনটা নিয়ম। মাঝে মাঝেই কয়েকটা ঢেউয়ের বাড়তি দাপট ভিজিয়ে দিয়ে যাচ্ছে বিমলবাবুর পাজামার নিচের দিকটা। পায়ের পাতা ভিজে যাওয়াটা মন্দ লাগছিল না। দু'হাত ভাঁজ হয়ে মাথার নিচের বালিশ হয়েছে। আকাশ কালোয় কালোয় বুকে চেপে বসছিল ক্রমশ, কানে আছড়ে পড়ছিল বঙ্গোপসাগর।

পুরী শহরটা এ প্রান্তে এসে  স্তিমিত হয়ে পড়ে। এখানে বিমলবাবুর চিত হয়ে শুয়ে থাকাটা দৃষ্টিকটু নয় মোটেও। অল্প ঘোর লাগে চোখে, বুকে। 
একটা তারার চিকমিকের অসোয়াস্তিতে চোখ বন্ধ করেন বিমলবাবু। 
খানিকক্ষণ আগে যে খিদে-ভাবটা মাথাচাড়া দিচ্ছিল সে'টাকে দাবিয়ে দেওয়া গেছে। মানি ব্যাগে সাতাশটাকা রয়েছে, দিব্যি রুটি সবজী হয়ে যেতে পারে। তবে হলেই তো হতে দেওয়া যায় না। অবিশ্যি এমার্জেন্সির জন্য ঝোলানো সাইডব্যাগে দু'টো বিস্কুটের প্যাকেট আর আধ বোতল জল রয়েছে। 

পকেট হাতড়ে বিড়ি বের করে আনেন বিমলবাবু। সমুদ্রের হাওয়ার ঝাপটা বাঁচিয়ে বিড়িটা ধরল চার নম্বর দেশলাইরে কাঠিতে। বিড়ি জাতে কড়া কিন্তু চুরুট মাফিক শুধু ফুসফুস পলিউট না করে বুকের আনাচেকানাচে কিছুক্ষণ অন্তত ঘোরাফেরা করে। 

পাজামাটা হাঁটু অবধি যখন ভিজল, তখন বিমলবাবু ঠাহর করতে পারলেন যে রাত বাড়ছে। কালো আকাশটা তখন নিচের দিকে নামতে শুরু করেছে। 

বিড়িতেও খিদে কমে। বিমলবাবু জানেন। 

**

ঝিমটি যখন ভাঙল তখন হাতঘড়িতে সময় রাত পৌনে তিনটে। পিঠ ভিজে গেছে। একরকম হুড়মুড় করে উঠে পড়তে হলো বিমলবাবুকে। পাঞ্জাবির পকেটে রাখা বিড়ির প্যাকেট বড্ড ভিজেছে, মিনিমাম ছ'টা বিড়ি জাস্ট জলে গেলো।  

**
- আসুন। 
- কী ব্যাপার? আমায় এমন ভাবে ধরে আনার মানেটা কী?
- অত রাত্রে বীচে কী করছিলেন?
- শুয়েছিলাম। 
- সে'তো হাবিলদার দেখেইছে। গাঁজা?
- গাঁজা?
- কী টানা হয়? 
- কী টানব?
- ন্যাকামি হচ্ছে?
- কীসের ন্যাকামি? আমি গাঁজা-টাজা টানি না।
- হেরোইন চরস? থাবড়ে কথা বের করে নেবো। 
- আরে কী মুশকিল। 
- মুশকিলের আর দেখলেনটা কী? স্ট্রেট চালান করে দিচ্ছি। তারপর বুঝুন ঠ্যালা। 

**

মনোময় মিত্তির যখন পুরী এক্সপ্রেসের এস-ছয়ের  লোয়ার বার্থটায় বসলেন, তখন তার মুখে স্বস্তির হাসি।

- তাহলে চলি দারোগাবাবু!
- দারোগা বলে আর লজ্জা দেওয়া কেন। গতকালই আমার রেসিগনেশন এক্সেপ্টেড হয়ে গেছে। বিমলবাবু বললেই ল্যাঠা চুকে যায়। 
- বেশ, এবারে তাহলে টাইম টু সে গুডবাই বিমলবাবু। আপনার আতিথেয়তা  ভুলবার নয়। 
- সরি, আপনাকে প্রথম দিন জেলের লপসি খেতে হয়েছিল। 
- আরে সে'সব কবে ভুলে মেরে দিয়েছি।
- তবে মনোময়বাবু, যা দিয়ে গেলেন, তা যে সত্যিই ভুলবার নয়। আমি কী বলে যে আপনাকে...। 
- আমায় সে'বার দিয়েছিলেন জলপাইগুড়ির সমাদ্দার। তিনি পেয়েছিলেন বেনেটোলার দত্ত বলে কারুর থেকে। এভাবেই যুগ যুগ ধরে চলে আসছে।
- আহ, সব পাওয়ার চেয়ে বড় পাওয়া। 
- বটেই তো। আপনাকে এনভি করতে হচ্ছে। 
- আর এনভি করে লাভ নেই! ডিল ইজ আ ডিল। ভদ্দরলোকের এক কথা!  আমার সমস্ত সম্পত্তি একবার এক্সেপ্ট করে নিয়েছেন, আর রিফিউজ করতে পারবেন না। তবে ইয়ে...মিস্টার মিত্তির...আপনার দেওয়াটুকু যে কোনওদিন ভুলবার নয়। রাতের সমুদ্দুর আর নির্ভার পকেট, যে পেয়েছে সেই জানে। 
- আহ! বেশ বেশ! ডিল তো ডিল। তবে মনে রাখবেন। এ আনন্দধারা অরণ্যদেবের বংশের মত। বেনেটোলার দত্ত যেমন দিয়েছিলেন জলপাইগুড়ির সমাদ্দারকে, তার বদলে ধারণ করেছিলেন তাঁর সম্পত্তির বিষ।  বছর দশেক সে মহানন্দ ভোগ করার পর জলপাইগুড়ির সামাদ্দার সে আনন্দ ভাণ্ডার আমায় সঁপে যান, বদলে ধারণ করে নেন আমার যাবতীয় সম্পত্তির বিষ। আমি নিরন্তর এ আনন্দ ভোগ করলাম বছর দশেক। এবার নতুন অরণ্যদেব, থুড়ি, সমুদ্রদেবের পালা; আপনাকে এ অপার আনন্দ ভোগের অধিকার দিয়ে গেলাম। যন্ত্রণা বলতে; আপনার সম্পত্তির গরল নিজের কণ্ঠে ধারণ করে যেতে হচ্ছে, তবে পিছপা হলে তো চলে না। দশ বছর পর আপনাকেও এ আনন্দ অন্য কাউকে সঁপে যেতে হবে। 
- হবেই?
- হবেই। 
- বেশ। সে না হয় দশ বছর পর দেখা যাবে। তদ্দিন তো এ রাত্রে সমুদ্র আমার। আমারই। 
- বিলকুল। যাক দারোগাবাবু...ইয়ে...থুড়ি...বিমলবাবু...আর ট্রেন ঘেঁষে দাঁড়াবেন না। সিগনাল দিয়ে দিয়েছে বোধ হয়। আপনি এবার আসুন। 
- আসি আমি মিত্তিরবাবু। কেমন? এখান থেকে তো সোজা সেই সমুদ্রের ধারে গিয়ে থেবড়ে শুয়ে পড়া, টিল সানরাইজ। অতঃপর মাধুকরী। 
- কেমন? মনে স্ফূর্তির ফ্লো'টা টের পাচ্ছেন তো বিমলবাবু?
- বিলক্ষণ। বিলক্ষণ! 

**

ট্রেন হাওড়ায় ঢুকল আধ ঘণ্টা দেরী করে। অবশ্য সবিশেষ তাড়াহুড়োয় ছিলেন না দুনিয়ার একমাত্র রাত-আকাশ-সমুদ্রের সেল্‌সম্যান মনোময় মিত্তির। এ ব্যবসাকে স্ক্যান্ডালাস্‌ বলে ছোট করতে মনে সরে না তাঁর। 
এ'টা সেল্‌স; যেখানে টার্গেট বলতে দশ বছরে একটা মক্কেল।  

বিমল দারোগার কল্যাণে, দিব্যি আগামী বছর খানেক বিড়ির বদলে চুরুট-মেজাজি করে কাটানো যাবে'খন। 

Saturday, June 18, 2016

ওয়ান ফর দ্য রোড

- ওয়েটার, হুইস্কি লাও।
- সোডা ওয়াটার সাব?
- কাঁহেকা সোডা? কাঁহেকা ওয়াটার? হামকো পাতি বাঙ্গালি সমঝা হ্যায়? বারাফ লাও..বারাফ!
- সাথ মে কুছ স্ন্যাকস মঙ্গাউ সাব?
- স্ন্যাক্স? ইউ মিন চাখনা?
- জী সাব। কেয়া লাউ?
- লাউ চিংড়ি,  মিলেগা ভাইটি?
- জী সাব?
- লাউ চিংড়ি। মিলেগা?
- নহি সাহাব। চিকেন ফ্রাই লাউ?
- যা খুশি দো প্লেট লেকে আনে কা। স্ট্রিক্টলি নন-ভেজ।
- জী সাব।
- আউর সুনো!
- জী সাব?
- আপকা মিউজিক সিস্টেম মে ইয়ে কেয়া গানা বজতা?
- গজল সাব। পঙ্কজ উদাস।
- শ্যামল মিত্তির মাংতা।
- জী সাব?
- শ্যামল মিত্র চলানেকা, আমি চাঁদেরই সাম্পান যদি পাই...যদি পাই...। ঠিক হ্যায়?
- জগজিৎ সিং চলেগা সাব?
- জিন্দেগী ধূপ, তুম ঘনা সায়া?
- জী সাব।

**

- সাব!
- ওয়েটার ভায়া। আউর এক পেগ মাঙতা!
- বার বন্ধ হো গয়া সাব!
- ওহ।
- ইয়ে রহা আপকা বিল সাহাব।
- কেতনা?
- সেভেন্টিন হান্ড্রেড অ্যান্ড থার্টি সাহাব।
- এধর দেখো। এধর।
- কিধর সাব?
- মেরা পাঞ্জাবি কে ডান পকেট। মানিব্যাগ ইধর হ্যায়। নিকালো।
- ইয়ে হ্যায় সাব। মানিব্যাগ।
- উসমে সে চারটে পাঁচশোওলা নোট নিকালনে কা।
- জী সাব।
- আউর সুনো!
- মানিব্যাগ পকেট মে ওয়াপিস রাখনে কা।
- জী সাব। রখ দিয়া।
- আউর সুনো।
- চেঞ্জ ওয়াপিস নহি লানেকা।
- থ্যাংক ইউ সাব।
- ওয়েটার সাব।
- জী সাব?
- আপকা নাম?
- বুলা সিং সাব।
- থ্যাংক ইউ বুলা সিং।
- জী সাব।
- বেস্ট উইকেন্ড বুলা সিং। দি বেস্ট।
- জী সাব।
- থ্যাংক ইউ। ইভিনিং খতম। লেকিন ইয়ে ভালো ফিলিং, উইল নট গো। থ্যাংক ইউ।
- এবারে প্লেট গেলাস সাফ করে নিই বাবা?
- কর লো।
- এখনও হিন্দী?
- চড়ে গেছে রে। তুই যেভাবে বুলা সিংয়ের রোলে সার্ভ করলি। যে ভাবে সোফাটাকে ড্রয়িঙয়ে কনভার্ট করলি। মাস্টারক্লাস। হুইস্কিতে একটা ব্যাপার আছে বুলা সিং। বোতলটা দেখেই মাথায় একটু ঝিম লেগে যায়।
- অনেক হলো। এবার রুহুআফজার বোতলটা ছাড়ো।
- চিকেনটা দিব্যি ভেজেছিলিস।
- থ্যাঙ্ক ইউ সাব।
- হেহ হেহ।
- সোনে চলে সাব?
- ওয়ান ফর দ্য রোড বুলা সিং?
- বার বন্ধ হো গয়া সাব।
- ইউ আর দ্য বেস্ট বুলা সিং।
- ইউ আর দ্য বেস্ট মাতাল বাবা। এভার।
- আই লাভ ইউ বুলা সিং।
- আই লাভ ইউ টু বাবা।
- আই লাভড হার টু বাবু।
- জানি।
- আই অ্যাম সরি, তুই একা আমার পাগলামিতে বড় হলি। নট ফান। আই নো।
- সাব। বার বন্ধ হো গয়া, লেকিন পঁচাশ কা টিপ অউর মিলেগা তো এক পেগ ম্যানেজ হো সকতা হ্যায়।
- তুম লাজওয়াব হো বুলা সিং।
- আপ ভি সাব। আপ ভি।