Tuesday, May 31, 2016

অস্ত গেলেন রজনী

উত্তমবাবু বিড়বিড় করে চলছিলেন। একটানা।

"রজনী নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই উত্তম যিনি চলেন তফাতে"।

ডিনারে ইলিশের পেটি রিফিউজ করে আর এক রাউন্ড কাঁচকলার ঝোল চাইলেন তিনি।

**

- কী হয়েছে বলো তো উত্তমবাবুর? কাজে মন নেই। সে'দিন অ্যাকশন বলতেই দেখি চমকে উঠলেন। কথাটা প্রথম শুনছেন যেন।

- জনশ্রুতি,  ভদ্রলোক ভূত দেখেছেন।

- আহ। গুজব!

- হবে হয়তো। তবে মরা হাতি আর ছিটগ্রস্ত উত্তম...।

- লাখ টাকা?

**

উত্তমবাবু লিপস্টিক আর বাইকের যোগসাজশ নিয়ে সুতীব্র ভাবনাচিন্তা করছিলেন। বেআক্কেলে লোকটা মাঝেমাঝেই "অ্যাকশন" বলে চিন্তার সুতো ছিঁড়ে দিচ্ছিল। মহা আপদ।

**

- কুছু কোরেন। কুছু কোরেন। পিলিজ।
- এতো হাইপার হচ্ছেন কেন বলুন তো?
- হাইপার হোবে না? গজব কা মুসিবত। উর উপরে আমার থার্টি ল্যাখস রাইড কোরছে। থার্টি। অউর সিরিফ আমার পরেশানি নহি। বাজার মে ক্রোর ইনভেস্টেড আছে।
- হুঁ। ব্যাপারটা এতটাই সিরিয়াস?
- ভেরি সিরিয়াস। কল হামি স্কচ অফার করলেম, উ বললে চাখনা মে রোস্টেড কচু কঁহা?
- রোস্টেড কচু?
- জি হাঁ।
- ব্যাপারটা সিরিয়াস যা বুঝছি।
- বহুত। সিরিয়াস। কন্সট্যান্ট বড়বড়; উত্তম রজনী, রজনী উত্তম। ননসেন্স।
- রজনী?
- আপনি চিনেন?
- ব্যাপারটা এতক্ষণে স্পষ্ট।  আর সাবজেক্টটা ননসেন্সিকাল নয় আগরওলাজী। তবে চিন্তা নেই, আমি সল্ভ করে  দেবো।
- করিয়ে দিবেন?
-   দিব'খন। দেখি। এ'বার রজনীর সাথে মোলাকাতটা সেরে নিতে হবে।

**

হাসির ঝলমল আর ইলিশে সোয়াদ একসাথে ফেরত পেলেন তিনি। নায়কের গায়ে ফের মহা মহা গন্ধ।

ওদিকে।

রজনী বসেছিলেন নদীর পাশে। পাথরে জলের ছলছল, আকাশে নরম সুরের নিশ্চুপ। বুকে বাউল গোছের সুড়সুড়ি। রজনী নদীর কুলকুলের তালে তাল মিলিয়ে গাইছিলেন;

"রেখেছো রজনী করে, রবি ঘোষ করোনি"।

মিরাকিউরল

প্রবল ঝাঁকুনিতে দুলালবাবুর ঘুমটা গেলো চটকে। দিব্বি শুয়েছিলেন পাহাড়ের ডগায়, মিহি হাওয়ায় গায়ে কাঁথা টেনে পরম ভালোবাসা মাখানো ঘুম।
ঘুমটা ভালো করে ভাঙতে টের পেলেন গড়গড়িয়ে নেমে আসছেন পাহাড় বেয়ে। মহা মুশকিল।
শেষে থামলেন গিয়ে এক জোড়া লোমশ পায়ের সামনে এসে।

"স্যার, রিয়েলি সরি! হনু এমন বিটকেল কাজ করবে সে'টা ভাবতে পারিনি। রিয়েলি ইনকনসিডারেট অফ হিম। কাঁচা ঘুম ভাঙলো বুঝি দুলালবাবু?"

"সে তো ভাঙলই। কিন্তু আপনাকে তো ঠিক..."।

"আমি জাম্বু। জাম্বুবান "।

"অ। তা আমার এখানে কী মনে করে নিয়ে আসা হলো?"।

"লক্ষণবাবু রীতিমত অসুস্থ। শুনেছি আপনার কাছে মোক্ষম দাওয়াই রয়েছে। ওই মিরাকিউরল না কী নাম যেন?"।

"আরে ও নাম তো তিলু দিয়েছে। অবিশ্যি সে রাইট আমিই ওকে দিয়েছি। ভিভিএস বাবু অসুস্থ বুঝি?"

"ভিভিএস? না না। এ মিডিওকার লক্ষণ! রামের ব্রাদার"।

"অসুস্থ?"।

"ক্রিটিকাল, তাই তো আপনার সে সঞ্জীবনীর খোঁজ করছিলাম"।

"এক ডিবে আছে বটে, ওতেই হয়ে যাবে"।

"অরিজিনাল তো?"।

"আমার দুনিয়াটাই ফ্লিপকার্ট-সম জাম্বুবাবু। ইহা পে সির্ফ অরিজিনাল। ভালো করে দেখুন, এই ডিবেটার গায়ে আমার ছবি ও সই রয়েছে। প্লাস এই দেখুন, জেনুইন তালগাছের স্কেচ"।

Thursday, May 26, 2016

দিবাকর ঘোষের প্ল্যান

- আপনিই...?
- নীলু সেন। নমস্কার।
- নমস্কার। আমি দিবাকর ঘোষ।
- শ্যামনগরের বামুনপাড়ায় বাস। জগদ্দলের ডালমিয়া মিলসে ক্লার্ক।
- এত কিছু তো আমি আপনাকে জানাইনি।
- এ লাইনে ক্লায়েন্টের সাথে দেখা করার আগেই আমাদের সব খোঁজ খবর নিয়ে নিতে হয় দিবাকরবাবু। খৈনি চলে?
- নাহ।
- ওহ। ভদ্দরলোক তো। এবার কাজের কথা বলুন...।
- ইয়ে মানে...কাজটা..আসলে...।
- অত আমতাআমতা করছেন কেন? এত রাত্রে নদীর ধারে কে কান পাতবে? টাইম নেই। অ্যাসাইনমেন্ট কম আছে হাতে? ক্যুইক। মার্ডার না সিরিয়াস প্যাঁদানি? 
- মার্ডার নীলুবাবু।
- চল্লিশ।
- হাজার?
- লাখা বললে পারবেন? চল্লিশটা বেস প্রাইস। পুলিশ হলে রেট ডবল। পলিটিকাল নেতা হলে আড়াই লাখ।
- না না। নেতা বা পুলিশ নয়। সাদামাঠা মানুষ।
- ভাই? বাড়ির শেয়ার চাইছে?
- নাহ।
- তবে?
- মিনু দাস।
- মেয়েছেলে?
- হ্যাঁ মানে...।
- পোষা মেয়েমানুষ?
- না না।
- তবে কে? অবশ্য বলতে না চাইলে ঠিক আছে। প্রাইভেসি রেস্পেক্ট না করে এ লাইনে থাকা যায় না।
- এই খামে ছবি আর ঠিকানা আছে।
- থ্যাঙ্কস। ইয়ে, বিশ অ্যাডভান্স।
- কাল দিলে চলবে?
- কাল রাত সাড়ে দশটা, এখানেই।
- আচ্ছা। বেশ।

***
- বাবা, তুমি এত রাত্রে? টাকা এনেছো?
- না রে মা, পাঁচ লাখ জোগাড় করা কি মুখের কথা?
- বাবা গো! কতবার বলেছি টাকা না নিয়ে এখানে এসো না। ও রাগ করে। ভীষণ।
- রাগ করে তোকে মারে মা?
- বাবা! বাবা গো!
- খুব মারে মা? পিঠটা দগদগ করে, তাই না মা?
- বাবা, তুমি এসো এবারে।  ও দেখলে রক্তারক্তি হবে'খন।
- পালিয়ে চ' না মা। বাড়িতে মা তোর জন্য কেঁদে মরছে।
- ত হয় না বাবা। তুমি এসো এখন। তোমার পায়ে পড়ি।
- বেশ। চলি।
- বাবা গো! বড় মারে বাবা; বাড়ির সকলে মিলে! আর খুন্তির ছ্যাঁকা।
- মা রে!
- পাঁচ লাখ টাকা কোনওভাবে জোগাড় করো না গো বাবা! আমি একটু ঘরসংসার করে বাঁচি। ও বাবা! বাবা গো!
- চেষ্টা করছি তো রে মা।
- কত জমেছে এখনও পর্যন্ত বাবা?
- সবে চল্লিশ হাজার জমেছে রে মিনু মা। সবে চল্লিশ হাজার।

Wednesday, May 25, 2016

ভ্যানিশচন্দ্র

- দর্শকদের বলুন আপনার নাম...।
- আমি...আমি...।
- আমার দিকে তাকিয়ে নয়। দর্শকবন্ধুদের দিকে তাকিয়ে বলুন।
- আমি শশধর মাইতি। বৈদ্যবাটিতে বাড়ি।
- বন্ধুরা, বৈদ্যবাটির শশধর মাইতির জন্য এক রাউন্ড জোর হাততালি হয়ে যাক। শশধরবাবু, এই বাক্সতে আমি আপনাকে ঢুকিয়ে দেব।
- এইটায়?
- আজ্ঞে। এইটায়। আর তারপর...।
- ভ্যানিশ?
- ঠিক ধরেছেন। ভ্যানিশ করে দেব আপনাকে। আপনার ভয় করছে?
- একটু কেমন কেমন লাগছে। এই প্রথম ভ্যানিশ হওয়া তো।
- আসুন এবার বাক্সের ভিতরে।
- যাই?
- আসুন....বন্ধুরা...এই দেখুন...বৈদ্যবাটির শশধর মাইতি এবারে আমার জাদু বাক্সে প্রবেশ করলেন। কী তাই তো?

**

- কই। আসুন।
- আ...আপনি....।
- হ্যাঁ। আমি।
- কিন্তু জাদুকর সাহেব, আপনি তো বাক্সের বাইরে ছিলেন। আমায় বাক্সের ভিতরে পাঠালেন ভ্যানিশ করবেন বলে...।
- ও'টা আমি না। আমার ভ্যানিশ।
- আপনার ভ্যানিশ?
- আজ্ঞে।
- মানে কী?
- মানে বাইরেরটা অরিজিনাল না। ভ্যানিশ করে বাইরে পাঠিয়ে দিয়েছি। ও ম্যাজিক ফ্যাজিক দেখিয়ে বেড়ায়। আমি এই বাক্সে থাকি। ইন অরিজিনাল। দিব্বি। চা খাবেন?
- চা আছে?
- ম্যাজিক বাক্স তো। আমি আর আপনি ছাড়া পুরোটাই ম্যাজিক।
- বুঝুন কাণ্ড। বাইরের আপনি ফলস?
- ফলস না, ভ্যানিশচন্দ্র সরকার। এই নিন। চা। জেনুইন দার্জিলিং।
- আমায় অরিজিনাল বের করবেন তো এ বাক্স থেকে? আহ, বিউটিফুল বানিয়েছে মশাই চা'টা।
- বেরোতে চাইছেন?
- চাইব না?
- শিঙাড়া খাবেন?
- ম্যাজিক শিঙাড়া?
- ফুলকপির।
- আরিব্বাস।
- এবার বলুন। আপনার ভ্যানিশকে ভিতরে রেখে দিয়ে অরিজিনালকে বের করবো?
- লেজার লিখতে লিখতে আঙুলে কড়া পড়ে গেলো মশাই। আর রোজ বাসে ট্রামে বাদুড় ঝোলা। কহাঁতক সয়?
- ফ্যামিলি?
- ও আমার ভ্যানিশ গিয়ে ম্যানেজ দিয়ে দেবে'খন।
- আপনি থাকবেন শশধরবাবু? ইন অরিজিনাল? এ বাক্সে?  রিয়েলি?
- রিয়েলি। দিব্যি লাগছে কিন্তু। সরভাজা হবে? শিঙাড়ার পর জিভ টানছে।
- অফ কোর্স। এই নিন। সরভাজা।
- থ্যাংক ইউ জাদুকর সাহেব।
- শশধরদা, বাঁচালেন। এই প্রথম কেউ রাজী হলো বাক্সে থেকে যেতে। আরেকটা সরভাজা দিই?
- দিন, এমন ভাবে জোর করলে না করা যায় না।
- যাক, ওদিকে সময় হয়ে এলো। এবার তাহলে আপনার ভ্যানিশকে বাইরে পাঠয়ে দিই?

**

শশধরবাবু সোনামুখ করে নিমবেগুন, টকের ডাল আর মুলো ছেঁচকি দিয়ে এক থালা ভাত খেয়ে উঠে গেলেন। গিন্নী অবাক। আজ সন্ধ্যেয় ম্যাজিক শো দেখে মিনসে এতটাই মজেছেন যে খাওয়া নিয়ে তার নিত্যনৈমিত্তিক ঘ্যানঘ্যানটুকু এক্কেবারে ভ্যানিশ।

Tuesday, May 24, 2016

দীপু, দাদু ও নজরুল

শহরে সোঁদা গন্ধ বইয়ের মলাটের মাঝে থাকে। এখানে ছাতের সিমেন্ট-মেঝের শ্যাওলায় বৃষ্টি মিশে যে সুবাস গুঁড়ো হয়ে বাতাসে ওড়ে; তাকে চিনেতে হয়, জাপটে ধরতে হয়।

বৃষ্টিভেজা রাতের গামছায় গা মুছে নেমে আসা ভোরের ছাদে; দীপুকুমার উঠতেন দাদুর হাত ধরে। 
ছাদের উত্তর কোণে  খান চারেক টবে নয়নতারার ভিড়; তাদের পাপড়িতে টুপটুপে জল। ফ্যাকাসে খয়েরী আকাশ টলটল করতো। দাদুর ধবধবে ফতুয়ার ওপর বাটিক ছাপার পাতলা চাদর জড়ানো, ধুতি লুঙ্গির মত করে পরা। দাদুর চোখে নরম হাসি; চিরকালের। মানুষটা বকতে শেখেননি, টেবিল চাপড়াতে শেখেননি। নয়নতারাদের গালে এমনভাবে হাত বুলিয়ে দিতেন; তাদেরও আরাম হত বুঝি। তখনও দীপুবাবু হাফ প্যান্টে, তখনও দীপুবাবুর হাত দাদুর হাতে। 

ভোর ঘাসের মত জড়িয়ে ধরতো তাদের দু'জনকে; ভালোবাসা ঝিরঝির করতো ভোরের বৃষ্টিমাখা মিহি হাওয়ার তালে তালে। দাদু বলতেন এ সময়টা ভৈরবীর, ছাতের পাঁচিলে ঠুকতেন দাদ্‌রা। 
"দাদুভাই, একদিন যখন অনেক বড় হবে তখন দেখবে; নজরুল হিসেবের বাইরে এসে মুখোমুখি দাঁড়িয়েছেন। এই ধর চায়ের কাপের পাশে বা ভাঁজ করে রাখা গল্পের বইয়ের শিয়রে। সেদিন আর অঙ্ক কষে তাকে পাশে সরিয়ে রাখতে পারবে না। সে'দিন সাবমিশন। বুঝলে দীপুবাবু? সে'দিন ভালোবাসা"। 

দীপু ঠাহর করতে পারতো না। সে অপেক্ষায় রইত। এই বুঝি দাদু গুণগুণ শুরু করবেন; 

"তুমি আমার সকালবেলার সুর
হৃদয় অলস–উদাস–করা অশ্রু ভারাতুর"।

ভোরের নীলচে আলো ঘন হয়ে আসতো। কিচিরমিচির ভেসে আসতো ইতিউতি। দাদু দীপুর হাত ছেড়ে দিয়ে হাত রাখতেন দীপুর কাঁধে। 

নজরুল ভোরের পোস্টকার্ডে ঘষঘষ করে ঠিকানা লিখতে শুরু করতেন। দাদু এগিয়ে যেতেন। 

"ভোরের তারার মত তোমার সজল চাওয়ায়,
ভালোবাসার চেয়ে সে যে কান্না পাওয়ায়
রাত্রি–শেষের চাঁদ তুমি গো বিদায়–বিধুর"।

ভৈরবীর সমঝদার হবে দীপু? তাহলেই হয়েছে। সে বয়েসেই তার বারবার মনে হত এ গান রাতের, দাদু যেন সে গানকে হাত ধরে ভোরের ছাদে টেনে এনেছেন। 

"শিশির–নাওয়া শুভ্র–শুচি পূজারিণীর তুল।
অরুণ তুমি, তরুণ তুমি, করুণ তারও চেয়ে
হাসির দেশে তুমি যেন বিষাদ–লোকের মেয়ে
তুমি ইন্দ্র–সভার মৌন–বীণা নীরব নূপুর"। 

"বিষাদ-লোকের মেয়ে"; দীপুর মনে মনে আউড়ে নেওয়ার চেষ্টা করতো বারবার। দীপু ভোরের আনাচেকানাচে ছড়িয়ে থাকা রাতের গল্পটুকু শুষে নেওয়ার চেষ্টা করতো। বারবার।

দাদুর ভোর নিয়ে চলে গেছেন। দীপু রাতের পরতে পরতে বেড়েছে। চিনেছে। রাতের বৃষ্টির ছলছল ছুঁয়ে দেখেছে। কিন্তু সমস্ত ছাড়িয়ে নজরুল হিসেবের বাইরে এসে দাঁড়িয়েছিলেন, ঠিক যেমন ভাবে দাদু বলেছিলো। স্নেহে, অতর্কিতে। 
স্কুল পেরিয়ে যেদিন কলেজ-ছোঁয়ানো-চুমু জড়িয়ে ছিলে মেঘলা আকাশ আর ছাদের অন্ধকারে;  কোথা থেকে যেন নজরুল আগলে ধরেছিলেন কিচিকে। কিচির চোখ ভরিয়ে এসেছিলেন নজরুল, দীপুর বুকে ছ্যাঁত ছুঁইয়ে ঝুপ করে নেমে এসেছিলে "বিষাদ-লোকের-মেয়ে"।    

দীপু নয়নতারার পাপড়ি উপচে পড়া টলটলে বৃষ্টি দানা দেখেছিল। দীপু কিচির কাঁপুনিতে সোঁদা গন্ধ খুঁজে পেয়েছিল।