Tuesday, February 23, 2016

জাকারবার্গের গল্প

- হাই।
- হ্যালো।
- বসুন, দাঁড়িয়ে কেন?
- থ্যাঙ্ক ইউ।
- কেমন আছেন মিস্টার অমু?
- ওই একরকম। 
- জল?
- নাহ! 
- কফি?
- ব্ল্যাক।
- বলুন।
- বলবেন তো আপনি মিস্টার জাকারবার্গ। ডেকেছেন আপনি।
- ওহ্‌। আমার বলার দিন অবশ্য শেষ। তবে আপনার সাথে দেখা করার ইচ্ছেটা দানা বেঁধেছিল। 
- আমারও বেশ লাগছে আপনার সাথে দেখা করে।
- আমাদের হাতে সময় বড় কম। পুরো অফিসের এই ঘরটাই খালি দখলে আছে। থাকবে আরও দশ মিনিট।
- তারপর এটাও ক্রোক হবে?
- স্বাভাবিক।
- এহ। কফিটা বড্ড ভালো ছিল। দ্বিতীয় কাপের বোধ হয় আর সময় নেই।
- নেই বোধহয়।
- আপনার আগ্রহ হয় না? জানতে? 
- আগ্রহের সীমা আছে বলুন? পরাশর বর্মা কেন সেরা বাঙালি গোয়েন্দা নয়, এই ভেবে কম হদ্দ হয়েছি? লোকে বিছানার বাইরে ঘুরতে যায় কেন? বাংলা ভাষা সাধু থেকে সাধুতর না হয় চলিতে পালক ঝেড়ে ফেলল কেন?
- আচ্ছা বেশ বেশ। হ্যাঁ। আগ্রহের সীমা থাকা উচিৎও না। তবে আমি বলছিলাম, এই যে ফেসবুক বন্ধ হয়ে যাচ্ছে;  দু'মাসের মধ্যে এমন তামাম একটা অনলাইন সোশ্যাল সাম্রাজ্য ধুয়েমুছে সাফ হয়ে গেল; অবাক লাগছে না? এই যে মিডিয়া হন্যে হয়ে আমায় খুঁজে বেড়ালো উত্তরের জন্য কিন্তু আমার টিকিটিরও দেখা পেলনা,  এদিকে এই যে আপনি; কলকাতা থেকে উড়ে এসে এখন সপাট আমার সামনে বসে। আগ্রহ হচ্ছে না? 
- এদ্দুর যখন ডেকে এনেছেন, তখন সে আগ্রহ ঘুচবেই; সে বিশ্বাস আছে। কিন্তু আমাদের তো আবার সময় কম!
- আজ থেকে ছ'মাস আগে ফেসবুকের ইউজার সংখ্যা ছিল সোয়া দুই বিলিয়ন। আর আজ দু'জন। 
- হুম।
- একজন আপনি মিস্টার অমু। অন্যজন আমি।
- হুম। 
- অবিশ্যি। যেহেতু অন্য কেউ আর ফেসবুকে নেই, কারুর জানা সম্ভব না যে আমি আর আপনিই শেষ দুই বান্দা। স্বাভাবিক ভাবেই আপনি ঢাক পেটানোর লোক নয়; সে'টা হেল্প করেছে। 
- কিন্তু ফেসবুক ইউজাররা কেউই নিজে থেকে ফেসবুক ছাড়েনি। 
- করেক্ট। 
- আপনি তাদের সরিয়েছেন?
- সরানো কথাটা ভুল। সরাইনি। ফিল্টার করে দিয়েছি। 
- বিশ্রুত ফেসবুক? 
- অতি বিশ্রুত।
- ছাঁকনিটা কী'রকম ছিল? 
- সে'টা বলতেই আপনাকে ডাকা।
- আরেক কাপ কফি বলা যায় না? পাঁচ মিনিট তো আরও আছে। 
- বেশ।
- এবার বলুন। ফিল্টারটা কেমন? 
- ফিল্টারটা গোপন ছিল মিস্টার অমু। 
- সে'টা অবভিয়াস। 
- ফিল্টারের নাম ছিল হিউমসার। 
- হিউমসার?
- একটা অ্যালগরিদ্‌ম। যে'টা মানুষের ফেসবুক উপস্থিতি বিশ্লেষণ করে তৈরি। ঘোলাটে ফর্মুলা দিয়ে আপনাকে বিরক্ত করব না। ব্যাপার হচ্ছে যে এই অ্যালগরিদমে সমস্ত ফেসবুক ইউজারের একটা হিউমসার ইন্ডেক্স তৈরি হয় গোপনে।
- হিউমসার ইন্ডেক্স? হিউমসারটা এবার বোঝা দরকার। 
- ফর্মুলা জটিল হলেও এই ইন্ডেক্সে মোদ্দা ব্যাপারটা হচ্ছে নিউমারেটরে সারকাস্টিক হওয়ার অদম্য ইচ্ছের পরিমাপ আর ডিনোমিনেটরে সেন্স অফ হিউমরের কোশেন্ট। সারকাজ্‌ম ব্যাপারটা সবার সহজাত নয় অমুবাবু।
- অফ কোর্স। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। মান্নাবাবু কদ্দিন আগে গেয়ে গেছেন। 
- সেখানেই গোলযোগ শুরু হয়েছে। এই ইন্ডেক্স কারুর স্কোর শূন্য দশমিক দুই পাঁচের বেশি হওয়া মানেই সে খিস্তি আর সারকাজ্‌মের ফারাক জানে না ।  দুই বিলিয়নের ফেসবুকের ইউসারের গড় হিউমসার ইন্ডেক্স কত জানেন?
- আন্দাজ করার সাহস নেই। 
- শূন্য দশমিক নয় সাত আট ছয়। সোয়া দুই বিলিয়ন মানুষ ক্রমাগত একে অপরের উপর আছড়ে পড়ছে এই ভেবে যে তাদের সারকাস্টিক লাইসেন্স রয়েছে অথচ প্রায় কেউই সারকাজ্‌মকে ডিকোড করতে পারছে না। 
- কালাম বলে গেছিলেন "না চাহিলে যারে পাওয়া যায়, তেয়াগিলে আসে হাতে"।
- ওই। সারকাজ্‌মকে মুঠোয় ধরতে গেলে যে মাতব্বরির খপ্পরে পড়তে হয়, সে'টা কেউ বুঝতে চাইল না। বোঝার সময়ও নেই বোধ হয় কারুর কাছে। ফেসবুক এত তাড়াতাড়ি বন্ধ করতে চাইনি কিন্তু  এভাবে চলতে থাকলে আগামী দশকে ফেসবুকের কারণে বিশ্বযুদ্ধ শুরু হত মিস্টার অমু।     
- অস্বাভাবিক কিছু নয়। আচ্ছা, এই হিউমসার ইন্ডেক্স কি আপনি ফেসবুকের আগে তৈরি করেছিলেন?
- সময় থাকলে আরও এক কাপ কফি খাওয়াতাম আপনাকে অমুবাবু। ঠিক ধরেছেন। বিশ্ব জুড়ে হিউমসার টেস্ট করতেই ফেসবুকের সৃষ্টি। 
- লক্ষ্য?
- আমার হিউমসার ইন্ডেক্স স্কোর ছিল শূন্য দশমিক এক তিন। আমার লক্ষ্য ছিল আমার চেয়েও কম হিউমসার ইন্ডেক্সের কাউকে খুঁজে বের করা। হদ্দ হয়ে পাড়া প্রতিবেশীর স্কোর মেপে হতাশ হতে হয়েছিল। স্বাভাবিক। তখনই মাথায় আসে এই সোশ্যাল নেটওয়ার্কের কথা। ব্যাপারটা সোজা কিন্তু সহজ ছিল না। এদিকে সেই ফেসবুক এই বাজে সারকাজমের ভারে ন্যুব্জ হতে শুরু করেছিল। বুঝলাম অপেক্ষা করা ঠিক হবে না। প্রতি হপ্তায় শেষের দশ পার্সেন্টাইলকে ঠেলে বের করতে শুরু করলাম। কয়েক প্রস্থ বাদ দিয়েই বুঝলাম অজ্ঞাতবাসে যাওয়া ছাড়া উপায় নেই। প্যাঁদানির ভয়। 
- শেষ পর্যন্ত ফেসবুকে রয়ে গেলেন আপনি আর আপনার সাথে আমি।
- আপনি আমার সাথে নন অমুবাবু, উপরে। 
- আমার ইন্ডেক্স স্কোর?
- শূন্য দশমিক শূন্য আট।
- অতএব আপনি খুঁজে পেয়েছেন। 
- পেয়েছি।
- ফেসবুকের প্রয়োজন ফুরিয়েছে তাহলে। 
- অন দ্য কন্ট্রারি মিস্টার অমু। প্রয়োজন ফুরোয়নি। বরং ব্যবহারের এই তো শুরু। 
- কী'রকম?
- মাতব্বরের দুনিয়া থেকে সরে এসে আপনার সাথে গপ্পগুজব হবে। নিভৃতে। ফেসবুকে। আমার অনলাইন সোশ্যাল প্রেজেন্স বলতে আপনার ফেসবুক ইন্টারফেসটুকুই থাকবে। 
- এটুকুই?  
- না। এটুকু নয়। ফেসবুকে তিন নম্বর ইউজার আসবে কিছুদিনের মধ্যে। ম্যাক্সিমা। 
- আপনার কন্যা?
- হিউমর দিতে চাই ওকে। গালাগাল নয়, গলাবাজি নয়, অমুক ভালো তমুক খারাপ নয়। নির্মল মজা। ধারালো মজা। খুনে লোলুপতা নয়। বাপ মেয়ের সাথে দিনের কয়েক মিনিট কাটাবেন মিস্টার অমু? ফেসবুকে?

(ছবি ঃ গুগল ইমেজেস)

Sunday, February 21, 2016

শশধরের চিঠি

- বিপিনদা। 
- হুঁ। 
- খেলতে এলে না আজ?
- ব্যথা। 
- পঞ্চার ট্যাকেলটা ট্রাবল দিচ্ছে বুঝি?
- পঞ্চার ট্যাকেল? লাথি বল। লাথি মারা ছাড়া আর কীই বা শিখলে নববালক সঙ্ঘের ছেলেপিলে গুলো? তবে এ শর্মাকে ঘায়েল করতে পারে; সে পা হুগলী ডিসট্রিক্টে নেই রে। 
- ওহ। ব্যথা পায়ে নয়?
- হৃদয়। চোট সেখানে। 
- চোট? প্রেমে -ট্রেমে পড়লে নাকি বিপিনদা?
- প্রেম? না রে। তা নয়। আমার পার্সোনালিটির সঙ্গে মিনমিনে প্রেম ব্যাপারটা যায় না। আগেকার স্বয়ম্বর-টয়ম্বরের সিস্টেম থাকলে তাও ভিতরে একটা চার থাকত। থ্রিল ছাড়া এ বান্দা কোন কাজ করে না। 
- প্রেম থ্রিল নয়?
- এ যুগে তো নয়ই। ম্যাস্কুলিন প্রেমিকের যুগ শেষ হয়ে গেছে রে। টকাটক মাছের চোখে তীর মারব আর রাজকন্যা গেঁথে তুলব, সে চার্ম কোথায় এখন? অমিত রায় টাইপ ডায়েরি প্রেমিকের যুগ। আটার ডিজেনারেশন। এ'সময়ে প্রেমে পড়ে হৃদয়ে কেরোসিন ঢালার মত বলিউডি চিজ আমি নই। 
- প্রেম নয়। অথচ হৃদয়ে চোট বিপিনদা?
- প্লাস টু ফাইনালটা দে। কলেজের ফার্স্ট ইয়ার কী জিনিষ সে'টা মালুম কর। দু'দিন ক্যান্টিনের ঠাণ্ডা চাউমিন খা। তখন বুঝবি হৃদয়ে কত শয়ে শয়ে লেয়ার রয়েছে। 
- লেয়ার?
- স্তর। গভীর, অগভীর। এই প্রেম ট্রেম খুব নিচু লেভেলের ইমোশন। হৃদয়কে সামান্য বাজালে দেখবি প্রেমের ছপরছপর বড়জোর  পুরীর হলিডে হোমের ব্যালকনি। অন দি আদার হ্যান্ড, সমাজের জন্য যে ভাবনাগুলো, দেশের জন্য যে চিন্তাগুলো, দশের জন্য যে আবেগগুলো; সেগুলো রয়েছে মারিয়ানা ট্রেঞ্চের পেটের তলানিতে। 
- ও। বটে। 
- বেশি মাথা ঘামাস না রে। বছর খানেক যেতে দে। গালের দাড়ি সামান্য শক্ত হোক। তখন এসবের মানে বোঝার চেষ্টা করিস। 
- আচ্ছা, তোমার মধ্যে কি দেশের দশের চিন্তা নিয়ে ব্যথা তৈরি হয়েছে বিপিনদা? সে জন্যেই বুঝি তোমার খেলতে যেতে ইচ্ছে করছে না?
- পেরেকের মাথায় যে হাতুড়িটা মারতে পেরেছিস, তার জন্য তোর বাহবা প্রাপ্য। কাল মনে করাস, তোকে খাস্তা কচুরি খাওয়াবো'খন। 
- সমাজচিন্তাটা ঠিক কী'রকম বিপিনদা?
- বুল্টিকে নিয়ে। 
- বুল্টি? নিলুর দিদি? 
- হুঁ। মেয়েটা মন্দ নয়। তবে সমাজের অবক্ষয়ের থেকে কদ্দিন নিজেকে বাঁচিয়ে রাখবে সে'টা বলা যাচ্ছে না। আর পাড়ার সিনিয়র হিসেবে আমার একটা দায়িত্ব তো থাকেই। আফটার অল এই অবক্ষয়ের ঢেউ...। 
- হ্যাঁ। পাড়ার সিনিয়র হিসেবে অবিশ্যি সব ছেলেমেয়েই তোমার খুব ইয়ে করে। চাঁদা তুলতে, দধিকর্মা মাখতে, মড়া পোড়াতে; সর্বত্র তোমার স্কিল কিন্তু সর্বজনবিদিত। আমাদের নেতাজী সঙ্ঘের ফুটবল টিম তো ডিফেন্সে তুমি না থাকলে হাফ কানা। এই তো সেদিন বাবা বলছিলে, চ্যাটার্জী বাড়ির বিপিন ছোকরা ডেঁপো হতে পারে কিন্তু তার মধ্যে কত ক্ষমতা। নেহাত পড়াশোনায় অশ্বডিম্ব...। 
- থাম থাম। ভার্বাটিম কোট না করলেও চলবে। 
- তবু। তোমায় দাদা বলে পাড়ার ছোটরা কত ভক্তি শ্রদ্ধা করে। বুল্টিদিও তো তোমার ছোট...সে'ও তোমার আপন দাদার মত করে...। 
- বড় বেশি কথা বলিস পলু। যা ভাগ। তোর খাস্তা কচুরি বাদ গেল। 
- আহ! ব্যথাটা কী বলবে তো?
- এই যে সামগ্রিক সামাজিক অবক্ষয়ের ঢেউ আমাদের দৈনন্দিন জীবনে আছড়ে পড়ে আমাদের শশব্যস্ত করে তুলেছে তার থেকে মুক্তি কোথায়? এই যে আধুনিক বেলেল্লাপনা আমাদের অন্তরের পবিত্রতার কলসকে প্রতিনিয়ত কলুষিত করে চলেছে, তার খেসারত কে দেবে? 
- অবক্ষয়ের ঢেউ? কলুষিত? বুল্টিদির কিছু হয়েছে নাকি?
- হয়নি। তবে হতে চলেছে। 
- কী?
- সর্বনাশ। 
- সে কী!
- ক্যালামিটি। নিশ্চিত। 
- কেন?
- কী আর বলব রে। ও পাড়ার শশধর। 
- শশী কপুরের মত যে দেখতে?
- থাম থাম । শশী কপুর। কে বলে সে শশী কপুরের মত দেখতে? এবার বলবি নিউ বালক সঙ্ঘ ব্রেজিলকে ছয় গোল দেবে। 
- শশধর কী করেছে? 
- এই দেখ। 
- চিঠি?
- ফ্রম শশধর। টু বুল্টি। 
- আইব্বাস! সুগন্ধি গোলাপি খাম গো বিপিনদা। 
- আদেখলামোর বাহার দেখ। তাই বলি। দেশের জন্য। দশের জন্য। বুল্টির জন্য। বড় চিন্তা। একজন রেস্পন্সিবল সিটিজেন হিসেবে এর একটা বিহিত করা আমার দায়িত্ব। 
- বিহিত? সমস্যাটা কী?
- মানে? এ পাড়ার মেয়ে কে বেলতলার ছেলে চিঠি দিচ্ছে। তুই জানিস বেলতলার পার ক্যাপিটা গাঁজা কন্সাম্পশন হুগলী ডিসট্রিক্টে হাইয়েস্ট? 
- এটা আবার কোথা থেকে জানলে?
- কমিক্সের বাইরে বেড়িয়ে একটু জগৎটাকে চেখে দেখ বাবা। আজ ও পাড়ার ছেলে বুল্টিকে চিঠি দিচ্ছে। আগামীকাল সেখানকার কোন গাঁজাখোর তোর বোনকে চিঠি দেবে। ভাগিয়ে বিয়ে করবে। সামলাতে পারবি?
- বলো কী! 
- শোন। দেশের কাজ দশের কাজে পিছিয়ে থাকলে তোর পার্সোনালিটি তৈরি হবে ভেবেছিস?
- না মানে কাজ যে ঠিক কী করব...।
- কাজ আমি দেব। তোর বাবা তো বুল্টির বাবার গলায় গলায় দোস্ত। এ চিঠি নিয়ে গিয়ে সোজা কাকুর হাতে তুলে দে। শশধরের হাঁড়ি হাটে চৌচির হয়ে পড়ে থাকুক। বুল্টির বাবা চাবকে সিধে করে দেবেন ব্যাটাচ্ছেলেকে। 
- ডাইরেক্ট দেব? 
- নয়তো কি পোস্ট করবি?
- মানে, বলব যে তুমি দিয়েছ এ চিঠি আমায়?
- ওরে আমার মাকাল ফল রে! হুইস্‌ল ব্লোয়ারদের কত গোপনে কাজ হাসিল করতে হয় জানিস? বুল্টিকে যে আমিই বাঁচিয়েছি শশধরের কুনজর থেকে, সে খবর যদি রাষ্ট্র হয়; তাহলে কি অন্য শশধররা আমার থেকে সাবধান হয়ে যাবে না? আমাদের পাড়ার আর চারটে বুল্টির সর্বনাশ কি সেই ক্ষেত্রে আমি রুখতে পারব?  সমাজসেবা ঢোল পিটিয়ে হয় না রে পলু। ব্যাটম্যানকেই দেখ। 
- ও। আচ্ছা। বেশ দিয়ে দেব। আচ্ছা বিপিনদা, এ চিঠি তোমার হাতে এলো কী করে?
- অত খবরে তোর কাজ কী? যা বললাম হয়ে যায় যেন। 
- ঠিক হ্যায়। বিপিনদা, ইয়ে ওই কচুরি ব্যাপারটা...। 
- আরে হবে হবে। সঙ্গে মোহনভোগও থাকবে। 

**

- তুমিই শশধর?
- হ্যাঁ। কিন্তু তোমায় তো ঠিক...। 
- গত ম্যাচের ওই ফ্রিকিকটা ক্রসবারে লাগল...। 
- ওহ। বিপিনদা। জব্বর শট তোমার পায়ে।
- তা কাল তোমাদের ক্লাবে গেছিলাম। আড্ডা দিতে। তোমায় দেখলাম না তো।
- জরুরী একটা কাজে বাইরে ছিলাম। 
- জরুরী কাজ? সাঁপুইদের মেলায় ফুচকা খাচ্ছিলে বুঝি? 
- ও। হ্যাঁ, মানে। ইয়ে। আপনি দেখেছিলেন বুঝি?
- সোশ্যালিস্ট তো, সোসাইটির খবর ছাড়া আমার চলে না। ফুচকা যে একা খাচ্ছিলে না, সে খবরও আছে ভাইটি।
- আচ্ছা। না মানে। আমি আসি বরং। 
- বলছি বুল্টির ব্যাপারটা নিয়ে তুমি কিন্তু কোন চাপ নিও না। 
- বু... বুল্টি?
- ওই দেখ। আমার কাছে লজ্জা কীসের? কত ক্রস-পাড়া প্রেম আমার সুপারভিসনে বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছে গেল। এটা তো আমার এক্সপার্টাইজ। আর প্রেমের সাবজেক্টে দেশের ও দশের উপকার না করলে আবার আমার গলা বুক জ্বালা করে। ডাইজিনেও লাভ হয় না। 
- ওহ। আচ্ছা। মানে আমি শুরুতে একটু ঘাবড়ে গেছিলাম। 
- বোঝ। কী মুশকিল। পাড়ার দাদারা যদি একটু হেল্প না করে, তবে কারা করবে?
- না মানে, তুমি অন্য পাড়ার কী না। তাই সামান্য চিন্তা হচ্ছিল...বুঝতেই পারছ, বুল্টিদের বাড়িতে যা কড়া শাসন...। 
- আরে ধুস। অন্য পাড়া আবার কী? কাউন্সিলর তো এক। আর বুল্টিদের বাড়িতে আমার রীতিমত হোল্ড আছে। বুল্টির ছোটভাই নিলুকে তো আমিই ফিজিক্স পড়াই। সময়মত রেকমেন্ড করে দেব। কাকু আমার কথা ফেলেন না কখনও।
- বাহ! শুনে বুকে বল পেলাম। 
- তোমার বুকে আপাতত দেখছি একটা গোলাপি খামের চিঠি। খামটা সুগন্ধি কি? সুবাসটা ছড়িয়েছে। 
- হেহ। হ্যাঁ মানে...ওই আর কী।
- বুল্টির জন্য লিখেছ?
- হ্যাঁ। ইয়ে। মানে। তুমি যেন আবার কাউকে...।
- ধুর বোকা। আমায় লজ্জা কীসের? 
- না। মানে। আমাদের দেখা তো সহজে হয় না। বুল্টির বাড়ির যা কড়া শাসন। শুক্রবার করে নিমাইবাবুর টিউশনে খালি একবারের জন্য...। এই চিঠি টিঠি তখনই...। 
- আজ তো সোমবার সবে। এত খেটে চিঠি লিখলে, এখন বসে থাকবে কবে শুক্কুরবার হবে আর তবে বুল্টিকে এই চিঠি দেবে? 
- না মানে...উপায় কী বলো।
- উপায়? আমি কি ঘাস কাটতে রয়েছি? এ চিঠি আমায় দাও। পৌঁছে যাবে জায়গা মত। 
- না না। তুমি আবার এত ঝামেলা কেন...?
- নাহ। কোন ঝামেলা নয়। শোন। আর দেরী নয়। তুরন্ত চিঠিটা দাও দেখি। আর খামের এই মিঠে গন্ধ ভেবেছ শুক্রবার পর্যন্ত থাকবে? দাও দাও।
- দেব?
- আলবাত দেবে। আজ থেকে আমিই তোমার পোস্টম্যান। কেমন? 

**

- বিপিনদা!
- হুঁ।
- কী রে, বিয়েতে এলি না?
- না মানে। ওই। একটা চাকরীর পরীক্ষা ছিল রে।
- ধুস। শশধর তোর খোঁজ করছিল কত। তোর সাথে নাকি অনেক বছর আগে ওর একবার দেখা হয়েছিল। 
- ওহ। হ্যাঁ। ফুটবল খেলতে গিয়ে। বড় ভালো ছেলে। অবিকল শশী কপুরের মত দেখতে। 
- ধ্যাত। আমি কত ভাবলাম তুই আসবি। পলুকে কত করে বললাম তোকে ধরে আনতে। 
- বললাম তো। পটনা গেছিলাম। পরীক্ষা দিতে। আজই ভোরে এলাম। 
- বিপিনদা, তুই আমার শ্বশুরবাড়িতে আসবি? খুব যত্ন করব কিন্তু। নিজের হাতে মাংস রেঁধে খাওয়াব। তুই ভাইকে ফিজিক্স পড়াতিস। আমায় আঁকা শিখিয়েছিস কতদিন। কলেজ পলিটিক্সে হনু হয়েই আমাদের ভুলে গেলি। আমার বিয়েতেও ডুব দিয়ে দিলি। মা কিন্তু খুব রাগ করেছে। 
- ওই আর কী। 
- আসবি?
- কোথায়?
- আমার শ্বশুরবাড়িতে?

**
বুল্টি সেদিন ঝুপ  করে প্রণাম করেছিল। বিপিন আটকানোর সুযোগ পায়নি। চড়া দাগের বামপন্থী বিপিন সেই একবারই অকালে নিজের পৈতে ত্যাগ করার জন্য হাত কামড়াতে চেয়েছিল। ব্রহ্মতেজ পকেটে থাকলে বড় ভালো হত, তেমনটাই মনে হয়েছিল বিপিনের। 

প্রাণপণে সে'দিন "ভালো থাকিস, আশীর্বাদ করলাম; চিরকাল আনন্দে থাকিস বুল্টি" আউড়ে চলেছিল সে। অবশ্য মুখ দিয়ে খসখস করে বেরিয়ে এসেছিলে " আহ, আবার এ'সব কেন রে"। 

সেই প্রথম বুল্টিকে ছোঁয়া। স্নেহ সম্বলিত হাত মাথায় নেমে আসার মত দৃপ্ত ভালোবাসা-স্পর্শ বোধ হয় আর দু'টি নেই।   

একুশ, বুল্টি ও বাঙালি

- বুল্টি।
- দাদা।
- বুল্টি। আমার গলার মধ্যে যে কন্সার্ন, থুড়ি, যে চিন্তা মিশে আছে সে'টা টের পাচ্ছিস?
- আজ মা নিরামিষ রাঁধছে?
- সিরিয়াস বুল্টি। থুড়ি। ইয়ে। পরিস্থিতি গম্ভীর কিন্তু।
- ব্যাপার কী?
- আজকের দিনটা খেয়াল আছে?
- রোববার। তোর সকাল সকাল ওঠার কথা নয়।
- ধ্যার। ভাষা দিবস। একুশে। আমার ভায়ের রক্তে।
- ওহ। তাই তো।
- তাই তো মানে? আর কদ্দিন?
- কদ্দিন কী?
- কদ্দিন তুই বাংলা সাহিত্যকে অবহেলা করে অংবং ক্রিস্টি রোলিঙয়ে আটক থাকবি? সে'সব পড়। কিন্তু এবারে শরদিন্দু,  বিভূতিভূষণ না পড়লে যে আর চলবে না।
- চলবে  না?
- নাহ! আর যে যা করে করুক। আমার বোন বাঙালি হয়ে বাংলা পড়বে না, সে'টা আমার হজম হবে না। আর শোন। এ বিষয়ে তোর ইচ্ছে তৈরি করাটা জরুরী। কাজেই আমি দায়িত্ব নিয়ে কাল থেকে টেলিগ্রাফটা বন্ধ করে দিয়েছি। স্রেফ আনন্দবাজার।
- হোয়াট??
- হোয়াট নয়। বল "কী"।
- দাদা, প্লীজ।
- বুল্টি, তুই বাঙালি। ইংরেজিতে এত চমৎকার সব প্রবন্ধ লিখছিস। এবার বাংলায় লেখ! মানে লিখতেই হবে তোকে।
- কী মুশকিল। বাংলায় লিখতে আমি কমফর্টেবল নই। ইংলিশ মিডয়ামে পড়ছি বলেই হয়তো...।
- এক্সকিউজ.. থুড়ি...অজুহাত দিস না বুল্টি।  ইংরেজি মাধ্যমে আমিও পড়েছি।
- আই অ্যাম রিয়েলি প্রাউড যে তুই বাংলায় এত ভালো দাদা। আমার পিছনে পড়লি কেন?
- প্রাউড? প্রাউড আবার কী? বাঙালি মেয়ে হয়ে গর্ব বলতে পারিস না? আরে বাংলার মত মিষ্টি ভাষা হয় না। বাংলাই সেরা।
- দাদা।
- বুল্টি।
- ল্যাঙ্গুয়েজ সুইটনেস ইনডেক্স আছে কোনও?
- এ আবার কেমন কথা?
- তুই ভারতীয়। তুই মানিস যে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ?
- না।
- গুড। আমিও মানি না। আচ্ছা, তোকে কেউ যদি বলে রোজ বাইশবার তেরঙ্গার সামনে সেলাম ঠুকতেই হবে?
- আমার ইয়ে...তেরঙ্গায় অ্যালার্জি নেই। তবে কেউ হুকুম করলে গা জ্বালা করে।
- যদি কেউ বলে সকাল সকাল চার বার বন্দেমাতরম না বললে তোক জব্বর কানমলা দেওয়া হবে, তাহলে?
- আরে এ তো আমার ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ।
- বেশ। এবার হে স্বাধীন ব্যক্তি, আমার ইংলিশ ডেইলি যদি ইমিডিয়েটলি চালু না করেছ, তুমি দাদা বলে আমি তোমার বাঙালি কলারটা ছেড়ে দেব না।

Saturday, February 20, 2016

সঞ্জীবে সঞ্জীবে

এই যে সঞ্জীব-ভক্ত হয়েও আই লাভ সঞ্জীব লেখা টিশার্ট পরছি না, তাতে প্রমাণ হচ্ছে যে আমি সঞ্জীব ভক্ত নেই।

- ঠিক। যেমন আমিও সঞ্জীব ভক্ত অথচ আমি শুধু সঞ্জীব পড়েই যাচ্ছি, টিশার্ট পরছি না।

- কাজেই তুমিও ভক্ত নয়।

- তবে ওই অনিল লালওয়ানি কিন্তু সঞ্জীব ভক্ত। ও সঞ্জীব ইজ মাই লাইফ লেখা টিশার্ট পরছে।

- যদিও অনিলবাবু বাঙলা পড়তে পারেন না।

- তাতে কী? উনি সঞ্জীব পড়তে না পারলেও পরতে পারেন। ভিজিবলি সো।

- করেক্ট। অতএব তিনি ভক্ত।

- এই যে আমরা সে টিশার্ট পরছি না তার কারণ বড্ড গরম, খালি গায়ে কেতা নেই কিন্তু আরাম আছে।

- ঠিক। তবে সেটা আমাদের জঘন্য নির্লজ্জতা।  গরম আগে না সঞ্জীব টিশার্ট?

- ঠিক। শুধু সঞ্জীব পড়ব আর কেত মারব?

- নাহ! দ্যাট প্রুভস আদতে আমরা অ্যান্টি-সঞ্জীব।

- কারুর উচিৎ না আমাদের সঞ্জীবের বই উপহার দেওয়া।  অনিল লালওয়ানি ডিজার্ভ করেন সে'সব বই।

- যদিও উনি সঞ্জীবের বই পড়তে পারেন না।

- রাইট। কিন্তু টিশার্ট পরেন তো। টিশার্ট যার, শেল্ফে বই তার। সেই ভক্ত।

- আমাদের নাম সঞ্জীব ভক্তের লিস্ট থেকে অবিলম্বে কেটে দেওয়া উচিৎ।

- ঠিক। আমরা পড়ি। পরিনা।

- যদিও সঞ্জীব লেখেন। সেলাই করেন না।

- তবু। অনিলবাবু বলেছেন। পরলেই ভক্ত, পড়লে নয়।

- আমরা অখাদ্য। আমরা সঞ্জীব বিরোধী।

- ঠিক। আমরা সঞ্জীবকে শেষ করতে চাই। আমাদের যারা যারা সঞ্জীবের বই উপহার দিয়েছেন, তারা টাকাগুলোকে জলে দিয়েছেন।

- সঞ্জীবের বই ছাপা বন্ধ করে সঞ্জীব রকস টিশার্ট ছাপা হোক শুধু। সেটাই আদত সঞ্জীব ভক্তি।

- ঠিক। ঠিক।

অমলবাবু ও দোলযাত্রা

- অমলবাবু, দোল কবে?
- তেইশ। সম্ভবত।
- তেইশ?
- নয়? চব্বিশ কি?
- চব্বিশ?
- পঁচিশ হলে অবাক কাণ্ড হবে।
- পঁচিশ? 
- মার্চের তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে যেটা বুধ হবে সে'টায় দোল। সে শুক্কুরে আবার গুড ফ্রাইডে। বিস্যুদে সিএল নিয়ে টানা পুরী লেভেল ছুটি।
- ধুর। ফাল্গুনের কতোয় পড়েছে?
- ফা...হোয়াট? ফাল্গুন?
- তিথি দেখতে হবে না?
- সকালে রঙ। দুপুরে ভাঙ। এর আর তিথি কী?
- ধুস। পূর্ণিমা কখন লাগছে?
- ইয়ে। অফিস হলিডে লিস্ট ছাড়া তিথিনক্ষত্র ঠিক চিনি না।

**

- এটা কী অমলবাবু?
- রেসিগনেশন।
- সেটা আমি পড়তে পেরেছি। বাট হোয়াই?
- ভূতের ভয়।
- ভূত?
- ভূত।
- অফিসে?
- অফিসে।
- মানে?
- মানে ওই আকাশকুমার মল্লিক।
- আকাশ কী করেছে?
- সেদিন তারিখ জানতে চাইলেন।
- ভূতেরা তারিখ জানতে চায়?
- আজ্ঞে না। আই মিন, উনি দোল কবে সে'টা জানতে চাইলেন। মার্চের কত তারিখে নয়। ফাল্গুনের কত তারিখে।
- দ্য ফা...। ফাল্গুন। দ্যাটস অড। তা বলে আকাশকুমার ভূত হতে যাবে কেন? দিব্যি সংসারী ছোকরা মানুষ। হপ্তায় দু'টো করে সিনেমা দেখে। গোল্ডফ্লেক খায়। বার্গম্যান নিয়ে কথা বলে।
- আজ্ঞে। ইয়ে। না মানে...।
- বলুন।
- না মানে...ওর গায়ের গন্ধটা...।
- গায়ের গন্ধ? আঁশটে?
- আজ্ঞে না। ধুনো), শাঁকালু আর সন্দেশ মেশানো। মন ভালো করা সে গন্ধটা আগে ছিল না। সেদিন থেকেই আছে।
- মানে?
- মানে ও গন্ধটা আমার দিদার গায়ের। ধার্মিক বোমা ছিলেন স্যার, মনের মধ্যে ভক্তির বারুদ ঠেসে ভরা ছিল। এগজ্যাক্ট সে গন্ধ দিদার গা থেকে অনবরত বেরোত। মন ভরে যেত। স্নেহ লেভেলের ব্যাপার-স্যাপার। দিদাও পৌষ পড়লেই ঘ্যানঘ্যান শুরু করতেন, কতই ফাল্গুন দোল? কতই ফাল্গুন দোল? পূর্ণিমা কখন লাগছে? বাড়িতে রাধাকৃষ্ণর পুজো হত কিনা।
- সো?
- তো আমার দিদা ফিরে এসেছেন। এসে আকাশকুমারের ঘাড়ে চেপেছেন। মরার আগের বছর যখন এক সন্ধ্যেবেলা বুড়ি দোল কবে দোল কবে বলে ঘ্যানরপ্যানর শুরু করেছিল তখন সবে আনন্দবাজারের ক্রসওয়ার্ডে ফোকাসটা তৈরি হচ্ছিল। বেণীমাধব শীলের এক কপি ছুঁড়ে দিয়ে বলেছিলাম নিজে দেখে নাও। সে ইনসাল্ট বুড়ি ভোলেনি।আকাশকুমারকে পাকড়াও করেছে তাই।
- হুম। রেসিগনেশন তোলা থাক। ক'দিন ছুটি নিয়ে ভাবুন। পারলে একটু চিকিৎসা করান। মগজের।

***

অফিস থেকে বেরিয়ে ভারী নিশ্চিন্ত বোধ করছিলেন অমলবাবু। দিদার স্নেহ মায়া সব ভালো, তাই বলে দিদার ভূত? আকাশকুমারের জন্য একটু মন কেমন করছিল বটে। তবে আপনি বাঁচলে বাপের নাম। টাকা আজ নেই কাল হবে।

আজ আর বাস নয়। চার টাকার আদা লজেন্সের প্যাকেট কিনে সোজা একটা ট্যাক্সিতে চড়ে বসলেন অমলবাবু।

"ঢাকুরিয়া চলিয়ে" বলে লজেন্সের প্যাকেট ছিঁড়ে এক সাথে চারটে লজেন্স মুখে দিয়ে প্যাকেটটা রাস্তায় ছুঁড়ে ফেললেন তিনি। 

"আপনি জিনিষপত্র বড় ছুঁড়েটুড়ে ফেলেন স্যার। কার কখন কীভাবে চোট লাগবে কিছু বলা যায়?", ট্যাক্সি ড্রাইভারের মিনমিনে কণ্ঠে চমকে সামনের দিকে তাকালেন অমলবাবু। সঙ্গে সঙ্গে বুকের ভিতরটা হিম হয়ে চোখের সামনেটা গোলাপি আবছায়ায় ভরে গেল।

ড্রাইভারের বিমর্ষ মুখখানা অবিকল বেণীমাধব শীলে মত।

"এবারের দোলটা কবে?", শুকনো গলা বেয়ে প্রশ্নটা কী ভাবে বেরিয়ে এসেছিল তা আজও ঠাহর করতে পারেন না অমলবাবু। 

অজ্ঞান হওয়ার আগে বুক ঠাণ্ডা করে দেওয়া গলায় স্পষ্ট শুনতে পেয়েছিলেন "নাহ! ফাল্গুনটা বৃথা গেল। এবার চৈত্রে। নয় তারিখ বোধ হয়"।

**
জ্ঞান ফিরেছিল তিন দিন পর। পরিবারের লোকজন ছাড়াও হসপিটাল বেড আলো করে দাঁড়য়ে ছিলেন বড়বাবু ও আকাশকুমার। তারাই জানালে কী ভাবে ট্যাক্সি ড্রাইভারের তৎপরতায় এ যাত্রা রক্ষে পেয়েছেন তিনি। আকাশকুমারই জানালে যে এহেন শরীরের দশার নিরিখে তার জন্য স্পেশ্যাল লিভ মকুব করা হয়েছে দোল পর্যন্ত অর্থাৎ আপ টু ট্যুয়েন্টি থার্ড মার্চ।

অমলবাবু টের পেলেন যে আকাশকুমারের গা থেকে দিদার মিঠে গন্ধটা বেমালুম হাওয়া। গোল্ডফ্লেকের বোঁটকা গন্ধে অনাবিল স্বস্তি নেমে এলো অমল চ্যাটার্জীর বুকে।