একটা ঝকঝকে স্টিলের
থালা। যাকে বলে ঝকঝকে তকতকে। থালার এক কোনে এক চিমটে নুনের উঁকি। সেই নুনের সীমানা
ঘেঁষে এক বোঁটা-ভাঙ্গা সুডৌল কাঁচা লংকা; আহ তার কি সবুজ!
থালার সেন্টার থেকে
একটু নিচে, থালার রেডিয়াসের তিন ভাগের এক ভাগ রেডিয়াসের বাটির মাপে বসানো ভাত ; ঝিরিঝিরি
দুধের সর চাল।
ভাতের টিলার মাথাটি আলতো করে ভাঙা; সেখান থেকে চুইয়ে পড়ছে আদুরে-সুবাস-মাখা ঝর্ণা
ঘি। ভাতের টিলার গা-লেপটে অলস বিলাসিনীর মত পড়ে রয়েছে এক খাবলা আলু সেদ্ধ; ভাজা
শুকনো লংকা ও কাঁচা সর্ষের তেলে সযত্নে মাখা।সেই ভাতের টিলার ভেতর থেকে ঘি-ময় ধোঁয়া
বেরিয়ে এসে; আলু সেদ্ধ ছুঁয়ে; ঘর-ময় ম-ম শব্দে ছুটে চলেছে।
