Tuesday, December 5, 2023

ইঞ্জিন অয়েল



এক দম্পতি নিজেদের গাড়িতে বসে। তাঁরা জরুরী আলোচনায় মগ্ন - ছেলেমেয়েকে কোন স্কুলে দেওয়া যায়, কতটা খরচ কোন স্কুলে, কী'ভাবে সে'সব সামাল দেওয়া যাবে; ইত্যাদি। এদিকে গাড়ির ইগনিশনে সমস্যা হচ্ছে৷

এমন সময়, হাওয়া মেঘ সরায়ে রাহুল দ্রাবিড় গাড়ির জানলা দিয়ে উঁকি মেরে বললেন, "ছেলেমেয়ের স্কুল নিয়ে যতটা ভাবনাচিন্তা করছেন, অতটা চিন্তা যদি ইঞ্জিন অয়েল নিয়ে করতেন তা'হলে তো এমন সমস্যায় পড়তে হত না"।

অকাট্য। অব্যর্থ৷

এ'বার ইঞ্জিনঅয়েল নিয়ে ভাবনাচিন্তা না বাড়ালেই নয়। গাড়িটাকে তো আর বখে যেতে দেওয়া যায় না, ওর ভবিষ্যতের চিন্তা তো আমাকেই করতে হবে৷

পুজোর আসা

পুজো আসছে অথচ ইএমআই-গুলো উড়ে যাচ্ছে না।

কাশফুল ফুটেছে অথচ বসের মেজাজ ঠাণ্ডা হচ্ছে না।

আই-আর-সি-টি-সি'র টিকিট কনফার্ম হচ্ছে অথচ সিটিসি বাড়ছে না।

ঢাকের আওয়াজ মনের মধ্যে শোনা যাচ্ছে অথচ অফিস-টাইমে ট্রেনে-বাসে ভীড় কমছে না।

মা, মা গো;
পরের এডিশনে শুধরে নিও।

ভালোর ভালো

ভালো।

ভালোর ওপরে দারুণ।

দারুণের ওপরে ঘ্যাম।

ঘ্যামের ওপরে হেব্বি।

হেব্বির ওপরে "কোনও কথা হবে না বস্"।

"কোনও কথা হবে না বস"য়ের ওপরে "তাই তো কবি বলেছেন.."।

Saturday, November 25, 2023

বিট্টা আর তুলি



- হ্যালো।

- কী ব্যাপার? আজ হ্যালো লিখলে?

- এই রে, হ্যালো লেখা উচিৎ হয়নি?

- না তা নয়। তবে তুমি সাধারণত হাই লিখেই চ্যাট শুরু করো কিনা। অভ্যাসগুলো সামান্য এ'দিক ও'দিক হলেই কেমন অস্বস্তি হয়৷

- কেমন আছো তুলি?

- হাঁটুর ব্যথাটা বেড়েই চলেছে। ডায়াবেটিস তুঙ্গে। এ'বাদে বাকি ব্যাপারস্যাপার মন্দ নয়। তুমি কেমন আছো জয়?

- রোজ সকালে অন্তত দু'মাইল হাঁটছি৷ আর রোজ মিনিমাম দু'পিস পান্তুয়া৷ এ'বাদে বাকি ব্যাপারস্যাপার খুব একটা সুবিধের নয়।

- এ'বারে কিন্তু পিং করতে বেশি সময় নাওনি৷ মাত্র আড়াই মাস পর।

- দাঁড়াও দেখি৷ একটা জুতসই 'বিব্রত হইলাম' মার্কা ইমোজি খুঁজি।

- না না৷ মন থেকেই বললাম। এর আগে তুমি আমার খোঁজ নিতে এই মাস পাঁচ-সাতেক অন্তর অন্তর। আজ হঠাৎ এই অল্প দিনেই খোঁজ পড়ল? সত্যিই তুমি বুড়ো হচ্ছ, সেন্টিমেন্টালিটি লাগামছাড়া হচ্ছে। পান্তুয়ার শাক দিয়ে বয়সের মাছ ঢাকা সহজ নয়।

- বয়স ব্যাপারটা ভাবলেই সামান্য উদাস লাগে।

- সাবধান। এ'বয়সে পান্তুয়ার অত্যাচার তাও উতরে যাবে৷ কিন্তু কবিতার ধাক্কাটা তুমি নিতে পারবে না জয়।

- হা হা হা।

- 'লল্' লেখো৷ হা হা ব্যাপারটা বড্ড সেকেলে।

- মাঝেমধ্যে আমারও বড় সাধ হয় তোমার পিং পাওয়ার৷

- সবই তো জানো। অ্যামনেসিয়ার তো এই এক দোষ। চাই তো৷ পারি না৷ তোমার পিং মোবাইলে এলে তবে মিষ্টুরাণী ঝাঁপিয়ে পড়বে আমার ঘাড়ে; বলবে- দ্যাখো দিদুন কে মেসেজ করেছে! আমি আকাশ থেকে পড়ব! মিষ্টু আমায় বোঝাব হাউ আই অ্যাম দ্য তুলি অফ জয়৷ তারপর আমার চ্যাটিং শুরু৷ আমার পিং না করাটা ক্ষমাঘেন্না করে নিলেই ভালো করবে।

- এই নাতি-নাতনিগুলো না থাকলে ভেসে যেতাম আমরা। তাই না?

- তুমি বোধ হয় আর একদমই দেখতে পারছ না। তাই না? সবটাই বোধহয় বিট্টু টাইপ করে দিচ্ছে?

- এক চোখে যে'টুকু স্ট্রেন্থ ছিল, মাসখানেক হল তাও গেছে৷ অবশ্য বিট্টা যতক্ষণ পাশে থাকে, সব কিছুতেই উতরে যাই৷ এই এখনও ওই ডিকটেশন নিয়ে টাইপ করছে আর তোমার উত্তরগুলো নার্সারি রাইমের মত রীডিং পড়ছে৷ শুধু একটাই গোল পাকালে। বললাম তুলিকে পিং কর। বেরসিক ছোকরা হাই-য়ের বদলে হ্যালো লিখে দিলে।

- লল্। তোমার নাতিটি বড় মিষ্টি।

- রওফল। লজ্জায় বিট্টুর কান লাল হয়ে গেছে।

ক'টা জামা

- খোকা, এই যে। তোমার বাবা কই?

- বাবা, ভিতরের ঘরে। ডেকে দিচ্ছি।

- ডেকে দেবে না হয়। আগে তোমার সঙ্গে একটু আলাপ করে নিই বাবুসোনা। তা বলো দেখি, পুজোয় ক'টা জামা হলো?

- কার?

- তোমার, আবার কার? কী, ক'টা জামা হলো? কে কে দিলো?

- জামা? শার্ট না টিশার্ট কাকু?

- সব মিলিয়েই বলো না।

- সব মিলিয়ে দেব? শার্ট, টয়গান, ভিডিওগেম, পেস্ট্রি, নিকো পার্কের টিকিট?

- না না, এ কী। জামাকাপড় ক'টা পেলে পুজোয়।

- পুজোর তো এক মাস দেরি। পুজোয় কটা পাবো, সে'টা পুজোর পরে বলতে পারব।

- আরে! আমি বলছি পুজোয় পরার জন্য কে কে জামাপ্যান্ট দিয়েছে।

- কার পরার জন্য?

- ইয়ে, খোকা, আমার দেরী হয়ে যাচ্ছে। তোমার বাবাকে চট করে একটু ডেকে দাও দেখি।