Sunday, August 13, 2023

কোড রেড আর এজেন্ট মন্টু

স্পাই হওয়ার যে কী ঝামেলা! মনের সুখে বারো মিনিট সময় নিয়ে যে একটু চুল আঁচড়াবো, তারও উপায় নেই৷ সবে স্নান করে বেরিয়ে কাপড়জামা পরে  আয়নার সামনে দাঁড়িয়েছি। গোটা ঘরময় নারকোল তেলের মনোহারিণী সৌরভ। একদিকে সে তেলের গুণে চুল চপচপ করছে, অন্যদিকে তার সুবাসে মনেপ্রাণে আলাদা জেল্লা এসেছে। দিব্যি পরমানন্দে চুল আঁচড়াচ্ছি আর দুলে দুলে মাংস ম্যারিনেট করার কথা ভেবে মনেমনে চমৎকৃত হচ্ছি। এমন সময় আমার রিস্টওয়াচের এমার্জেন্সি অ্যালার্ম উঠল বেজে৷ 

প্যাঁপোরপোঁপ্যাঁপোরপোঁপোঁপোঁপোঁপ্যাঁপোরপো।  

সে এক মারাত্মক পিলে চমকানো শব্দ। নেহাৎ আমার পিলে ইস্পাত-কঠিন৷ ঘুমের মধ্যে দু'চারটে হাইড্রোজেন বোমা ফাটার শব্দ কানে এলেও আমি বড়জোর আড়মোড়া ভেঙে বলবে "আহ্, এ'টা পটকা ফাটনোর সময় হল নাকি"৷ 

এ শব্দের মানে একটাই হয়৷ হলও তাই৷ অ্যালার্ম থামার আড়াই সেকেন্ডের মাথায় ঘটরঘটরঘটঘট শব্দ৷ বাড়ির ওপর হেলিকপ্টার, ক্যাপ্টেন টক্কা এসে পড়েছেন তা'হলে৷ ড্রেসিংটেবিলের পাশের গ্রিলহীন জানালাটার পাল্লা খোলাই ছিল, সে'খানে দিয়ে দড়ি নেমে এসেছে। ক্যাপ্টেন টক্কার সবেতেই বাড়াবাড়ি,  সদর দরজা দিয়ে বেরোনোর সময়টুকু দিতেও মন সরে না৷ যা হোক, চুলে পরিচর্যা ছেড়ে জানালা দিয়ে গলে গিয়ে দড়ি ধরে ঝুলে পড়তেই দড়িটা সুরসুর করে ওপরে টেনে নেওয়া হল। 

হেলিকপ্টারে উঠে দেখি ক্যাপ্টেন মুড়িমাখায় পরিপূর্ণ একটা ঢাউস বাটি কোলে নিয়ে বসে আছেন৷ ভদ্রলোক হামলে পড়ে কচরমচর করে মুড়ি চেবাচ্ছেন না, তার মানে নির্ঘাৎ ব্যাপারটা গোলমেলে। পাশে বসতেই মুড়ির বাটি আমার দিকে এগিয়ে দিলেন ক্যাপ্টেন টক্কা৷ থ্যাঙ্কিউ বলে মুঠো বড় করে যতটা সম্ভব মুড়ি  তুলে নিলাম।

"কোড রেড", মিইয়ে যাওয়া গলায় জানালেন ক্যাপ্টেন।

অমন আচারের তেল দিয়ে কষে মাখা মুড়ি; তবু হাতের মুড়ি হাতেই রইল, মুখে চালান করা সম্ভব হলনা! এ কী খবর শুনলাম! কোড রেড!

- কোড রেড? আপনি নিশ্চিত? 

- নয়ত আর রোববার দুপুরের ভাতঘুমের বারোটা বাজিয়ে হেলিকপ্টারে টোটো করছি কেন বলো ভাই মন্টু।

- প্রাইম মিনিস্টার কী বলছেন?

- গত আড়াইঘণ্টা ধরে তিনি অস্থির হয়ে ঘুরপাক খেয়ে চলেছেন। মাঝেমধ্যেই বলে চলেছেন " ওরে তোরা কে কোথায় আছিস, বড় এক গেলাস মিছরির সরবত নিয়ে আয়, জলদি"। সেক্রেটারি যখনই মনে করাচ্ছেন যে ওঁর সরবত খাওয়া বারণ তখনই  খেঁকিয়ে উঠছেন।

- সেনাপ্রধান কিছু ফন্দিফিকির বের করেছেন কি?

- আরে আর্মির সবেতেই চালাও মুগুর পেটাও কুকুর ব্যাপার৷ এই জটিল সিচুয়েশনে সেনাবাহিনীকে খোলতাই অপারেশনে নামালে দেশের মানুষ অস্থির হয়ে পড়বে যে।

- তবে উপায়?

- ও মা! তোমায় নিয়ে যাচ্ছি কী করতে?

- আবার আমি কেন। এই সবে চারটে বড়সড় হ্যাকিং অ্যাটাকের প্ল্যানে জল ঢেলে দেশে ফিরেছি৷ কোথায় একটু জিরিয়ে নেব..।

- আরে ছোটখাটো ব্যাপার নিয়ে পড়ে থাকলে চলবে কেন এজেন্ট মন্টু? কোড রেড! গত সতেরো বছরে এই প্রথম!

- তা'তে অত লাফানোরই বা কী হয়েছে বলুন৷  গত সেঞ্চুরিতে শুনেছি এ'সব জলভাত ছিল।

- তবে আর কী! সে অন্ধকার শতক ফিরিয়ে আনলেই হয়৷ শোনো, এ'টা একবিংশ শতক নয়৷ আর তুমিও নেকুপুষুসুন্টুনিমুন্টুনি নও।

- রেডকোডটা কোথায় ফ্ল্যাশ হয়েছে?

- লোকালই। বেহালায়। 

- ওহ। তাই হেলিকপ্টারে চেপে যাওয়া। ইয়ে, বেহালা মেট্রোটা কবে চালু হবে বলুন দেখি ক্যাপ্টেন?

- সে খবর ভগবানই জানেন। তবে এই সুযোগে ও'দিকে একটা ফ্ল্যাট কিনে রাখব ভেবেছি, মেট্রো চালু হলে যদি দামটাম বাড়ে। বুঝলে কিনা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। যাক গে। কথা ঘুরিও না৷ কোড রেড।

- দ্যাবাটি কে?

- শ্রীমান নিমো দত্ত। বয়স বত্রিশ৷ নিবাস বেহালা।

- দেবী?

- মিলি সরকার। বয়স বত্রিশ৷ নিবাস বেহালা।

- নিমো দত্ত মিলি সরকার; বেশ। এর একটা বিহিত হওয়া দরকার।

- তোমায় চৌরাস্তার মোড়ে নামিয়ে দিচ্ছি। তোমার ডিজিটাল ওয়েলেটে ওদের পরিচয় ঠিকানা সব দেওয়া আছে।

- মুড়িটা বড় ভালো মেখেছিলেন ক্যাপ্টেন। 

**

একটা আধোঅন্ধকার ঘর। একটা সুবিশাল লম্বা টেবিল, তার একদিকে দু'টো চেয়ার, আর মুখোমুখি অন্যদিকে একটা চেয়ার৷

একদিকে পাশাপাশি বসে নিমো আর মিলি; তাদের সদ্য ঘুম ভেঙেছে। টেবিলের অন্যপাশে একপেশে ভেজা-বেড়াল মুখ নিয়ে বসে আমি; এজেন্ট মন্টু।

নিমো: র‍্যানসম কী চাই সে'টা বলে দিলেই মিটে যায়৷ তবে আগেই বলে দিই, মিস মিলির হয়ে র‍্যানসম আমি দেব না। আমার বয়ে গেছে!

মিলি: ওর র‍্যানসম আমার চাইও না৷ কিন্তু ওর পাশে আমায় বসানোর জন্য আমি আপনার থেকে কম্পেনসেশন দাবী করব। সে আপনি গুণ্ডামস্তান যাই হোন না কেন!

আমি: আচ্ছা, শুনুন..।

নিমো: শুনেছেন কিডন্যাপারবাবু? শুনেছেন কেমন রুডলি কথা বলে? যেন দুনিয়ায় সবার মাথা কিনে নিয়েছে! দেখিয়ে দিন দেখি নিজের পিস্তলটিস্তল কিছু! তখন মামনি বুঝবে কত ধানে কত চাল! 

আমি: আরে ভাই নিমো..।

মিলি: ওঁর মুখ দিয়ে তো মধু ঝরে। তাই না? লায়্যার! শুনুন, আপনি কেন আমাদের কিডন্যাপ করেছেন আপনিই জানেন৷ তবে এই চিজটির থেকে সাবধান থাকবেন৷ আপনাকে ডান হাতে কিনে বাঁ হাতে বেচে দেবে, ধরতেও পারবেন না।

আমি: এই সেরেছে..।

নিমো: আমি লায়্যার? তুমি ফ্রড। তোমার চোদ্দগুষ্টি ফ্রড।

মিলি: ওই তো৷ একটু খোঁচাতেই বেরিয়ে এলো দাঁত-নখ৷ বাহ্ বাহ্৷ গুষ্টি তুলে কথা! ইস, এর পাশে বসতে আমার গা ঘিনঘিন করছে। 

আমি: দাদাভাই, দিদিমণি...একটাবারে জন্য যদি..।

নিমো: তোমার পাশে বসে আমার গা জ্বলছে। জাস্ট গা জ্বলছে।

মিলি: গণ্ডারের চামড়ায় জ্বালা ধরিয়েছি৷ আমায় ধন্বন্তরি বলতে হবে।

নিমো: দেখুন স্যার৷ আমায় ফ্যাটশেম করছে।

মিলি: ছি ছি। মিথ্যে সবসময় জিভের ডগায় ঝুলেই থাকে না? আমি তোমায় বেহায়া বলেছি!

আমি: আরে ধুচ্ছাই।

নিমো: এই আমি বলে রাখছি কিন্তু..!

আমি: চোপ! 

মিলি: আপনি ওইভাবে চোপ বলতে পারেন না৷ খুন করতে হয় করুন, কিন্তু মাইন্ড ইওর টোন।

আমি: আমি নিমোবাবুকে চোপ বলেছি..।

মিলি: কেন বলবেন?  কিডন্যাপ করেছেন বলে কি ওর মাথা কিনে নিয়েছেন?

নিমো: থ্যাঙ্কিউ মিলি।

মিলি: তুমি একদম গায়ে পড়ে কথা বলবে না!

আমি: দেখুন। প্লীজ। প্লীজ আমায় দু'মিনিট কথা বলতে দিন।

মিলি: আপনাকে তো কথা বলতে কেউ বারণ করেনি। খামোখা হাইপার হচ্ছেন কেন?

নিমো: ঠিক বলেছ মিলি। একদম ঠিক..।

মিলি: ন্যাকামি কোরো না নিমো। আর নেওয়া যাচ্ছে না!

আমি: এই শুনুন। আপনারা যদি এ'বার চুপ করে না শোনেন আমি আপনাদের সোশ্যাল রেজিস্ট্রি কোড এ'দিক ও'দিক করে সে'খানে সুকুমার রায়ের ছড়া ফীড করে দেব৷ দেখবেন তারপর হয়রানিটা। 

মিলি (সুর নরম করে): পাষণ্ড!

নিমো (মিইয়ে আসা গলায়): ঠিক বলেছ মিলি৷ লোকটা কেমন যেন..।

মিলি: প্লীজ নিমো। আর নয়।

নিমো (গলা উঁচিয়ে): এই কী মতলব মশাই আপনার? বলে ফেলুন৷ এখুনি।

আমি: সতেরো ঘণ্টা আগে আপনাদের প্রেম ভেঙেছে৷ আপনারাই ভেঙেছেন। 

নিমো (ভিজে সুরে): আর বলবেন না সে যে কী ট্র‍্যাজেডি..।

মিলি: ইন্ট্রুশন অফ প্রাইভেসি! আপনি কে বলুন দেখি?

নিমো (ফের আগুন কণ্ঠে): হ্যাঁ। আমিও তাই বলতে চাইছিলাম। আপনি কে?

আমি: প্লীজ। আমায় বলতে দিন। ন্যাশনাল সোশ্যাল রেজিস্ট্রি অনুযায়ী আপনারা রাজজোটক। আপনাদের প্রেম তাই অবশ্যম্ভাবী ছিল৷ আগামী কয়েকদশকের প্রজেকশনে আপনাদের একসঙ্গে থাকার কথা; ন্যাশনাল প্রডাক্টিভিটি কোশেন্টে দিক থেকে সে'টাই অপটিমাম৷ আপনাদের প্রেম ভেঙে যাওয়াটা তাই ন্যাশনাল প্ল্যানিং বহির্ভূত ব্যাপার৷ কোড রেড! আমি এজেন্ট মন্টু, সরকারের তরফ থেকেই ব্যাপারটা শুধরে দিতে এসেছি।

নিমো (সামান্য গদগদ মেজাজে): ওহ। তাই বলুন৷ বেশ। দেশের প্রয়োজনে যদি প্রেম করতে হয় তা'হলে আমরা আর কী করতে পারি৷ তাই না গো মিলি? তা'হলে ওই কথাই রইল..।

মিলি: তুমি থামো! যত্তসব ন্যাকাপনা! রাবিশ!

নিমো (ফের আগুন): ইয়ে..মানে। হ্যাঁ! তাই তো! একদম না৷ খবরদার যদি আবার প্রেম জোড়ার কথা শুনেছি। উফ, ডিসগাস্টিং। আমি আপনার নামে কেস করব মন্টুবাবু!

আমি: কেন বুঝতে পারছেন না৷ আমাদের রেজিস্ট্রি সমস্ত সিমুলেশন চালিয়ে দেখে নিয়েছে। একে অপরের জন্য আপনারা পার্ফেক্ট৷ এ প্রেম ভাঙলে ক্ষতি শুধু দেশের নয়, আপনাদেরও। 

নিমো (মাথা নেড়ে): তবে! এত ক্ষতি তো মেনে নেওয়া যায় না!

মিলি: তুমি অসহ্য নিমো!

আমি: শুনুন মিলি..।

মিলি: আপনি আমার কথা শুনুন এজেন্ট মন্টু। আপনাদের সিস্টেম খুবই মজবুত। ন্যাশনাল সোশ্যাক রেজিস্ট্রি খুবই বড় মাপের একটা ডিজিটাল ম্যাজিক৷ সব মেনেও বলছি; আপনাদের হিসেবে ভুল আছে। কেন জানেন? আমাদের এত বছরের সম্পর্কে কোনও বিষয়ে আমরা একে অপরকে একটি বারের জন্যও সরি বলিনি৷ নিজের ভুল স্বীকার করিনি! ও করেনি, আর আমি স্বীকার করছি আমিও করিনি৷ এ'টাও একধরণের বিষিয়ে যাওয়া৷ অবশ্য এজেন্ট মন্টু সে'টা বুঝবেন কিনা আমি জানি না।

নিমো: মিলি..।

মিলি: কোনওদিন বলেছ নিমো? নিজের কোনও একটা ভুলের জন্য একটা সরি বেরিয়েছে তোমার মুখ দিয়ে? আমি স্বীকার করে নিই আমিও কোনওদিন কোনও ব্যাপারে সরি বলিনি...নিজের ভুল স্বীকার করার প্রয়োজন বোধ করিনি৷ কোথাও তো একটা বড় গলদ আছে। তাই না?

আমি: মিলি। মন দিয়ে শুনুন। আপনার মেসেজিং অ্যাপ্লিকেশনের ড্রাফটে দু'শো বাইশটা আনসেন্ট মেসেজ আছে, যে'গুলো নিমোবাবুকে আপনি পাঠাতে গিয়েও পাঠাননি, বিভিন্ন সময়ে৷ সবকটা মেসেজই "সরি" লেখা, আছে আন্তরিক ক্ষমাপ্রার্থনা। পাঠানো হয়নি বলে কি ড্রাফটগুলো মিথ্যে হয়ে যাবে?

নিমো: মিলি..?

মিলি: ছি ছি! এ দেশে গভর্নেন্সের নামে প্রাইভেসিকে শেষ করে দেওয়া হয়েছে। কন্সটিটিউশিনটা ফেলেই দিন না...সে'টা নিশ্চয়ই মানুষকে অন্য মানুষের ড্রাফট মেসেজ ফোল্ডারে উঁকি দেওয়ার অধিকার দেয়নি?

আমি: আপনার ব্যক্তিগত মেসেজ পড়ার অধিকার আমার নেই৷ কোনও মানুষেরই নেই। সে ব্যাপারে আমাদের প্রতি আস্থা রাখতেই পারেন। আপনার ড্রাফট ফোল্ডারের মেসেজ দেখে কোড রেড ঘোষণা করেছেন প্রাইম মিনিস্টার; গত সত্তর বছর ধরে যিনি দেশ পরিচালনা করছেন৷ আগামী হাজার বছর যিনি করবেন৷ একজন সুপার-হিউম্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চালিত রোবোট আপনার মেসেজ পড়েছেন; কোনও মানু্ষ নয়। তিনিই আমাদের জানিয়েছেন। 

মিলি: তবুও..আপনার কী মনে হয় মন্টুবাবু? এ'টা ঠিক?

আমি: নিমোবাবুর ড্রাফট মেসেজ ফোল্ডারে আপনার জন্য লেখা কিন্তু সেন্ড না করা বারোশো বিরানব্বুইখানা মেসেজ আছে৷ প্রতেকটাই সরি বলতে। 

মিলি: এজেন্ট...।

আমি: চারশো বিরানব্বুই। আর দু'শো বাইশ।  সাতশো চোদ্দটা সরিদের খাঁচা খুলে বের করে দিয়ে গেলাম। দেখুন, যদি নতুন করে শুরু করতে পারেন৷

***

কোড রেড কেটে যাওয়া সুখবরটা ক্যাপ্টেন টক্কার রিসিভারে ট্রান্সমিট করে পাবলিক হেলিকপ্টারের লাইনে দাঁড়ালাম। মিলি নিমোর হাত ধরে তাঁকে নিজের কাছে টেনে নেওয়ায় যে প্রবল স্বস্তি পেয়েছিলাম তা বলাই বাহুল্য। তবু, মনের মধ্যের খচখচানিটা কিছুতেই যাচ্ছিল না। সব কিছুকে হিসেবের বাড়াবাড়িতে বেঁধে ফেলছি না তো?

নাহ্, এ'সব গোলমেলে চিন্তা অবিলম্বে মাথা থেকে উড়িয়ে দেওয়া উচিৎ৷ অফিসফেরতা প্যাসেঞ্জারদের লম্বা লাইন আমার সামনে৷ একজন ঘটিগরমওলাকে একটা স্পেশ্যাল বানাতে বলে একটা বাউল ধরলাম।

Monday, August 7, 2023

সৈন্যদল

গোটা ছাউনি জুড়ে গা-কাঁপানো নিস্তব্ধতা। খান কুড়ি জওয়ান আর গোটা সাতেক অফিসার গোল করে দাঁড়িয়ে; সবারই মুখ কালো। 

আর সেই থমথমে বৃত্তের পরিসরেই কর্নেল ডঙ্কা অস্থির হয়ে পায়চারি করছিলেন। থেকে থেকেই   বলে উঠছিলেন, "আসুক ব্যাটাচ্ছেলেরা, সবকটাকে জ্যান্ত কবর দেব"।

একসময় বাধ্য হয়ে সুবেদার গোলদারি মিনমিনিয়ে বলে উঠলেন "জ্যান্ত কবর দেওয়ার ব্যাপারটা তো ওরা না আসলে শুরু করা যাবে না। মানে হাতে সময় যখন আছে একটু চা বসিয়ে দিই না হয়"।

কর্নেল ডঙ্কা পায়চারি থামিয়ে আগুন চোখে তাকালেন গোলদারির দিকে৷ পলাশগাঁ না ঘুরঘুরিয়াপুর; কোথায় যেন একজন তান্ত্রিক চোখের দৃষ্টি দিয়ে চামচ বেঁকিয়ে দিতে পারে; এমন তেজ তাঁর। কর্নেল ডঙ্কা খানিকক্ষণ কনসেনট্রেট করার চেষ্টা করলেন, যদি সুবেদার গোলদারির ঝুলো গোঁফজোড়ায় একটা মারাত্মক টান দেওয়া যায়। সুবিধে করতে না পেরে "ধিত্তিরি" বলে ফের শুরু করলেন পায়চারি।

পরিস্থিতিটা গোলমেলে বুঝে ক্যাপ্টেন গঁট্টা সপাটে একটা ধমক দিলেন সুবেদার গোলদারিকে; "তোমার বুদ্ধির বলিহারি ভাই গোলদারি। কথায় কথায় তোমার শুধু চা আর চা। আরে ইউনিটের সামনে একটা মারাত্মক বিপদ৷ কোথায় কফি আর সামান্য ভাজাভুজির ব্যবস্থা করবে তা না চ্যা চ্যা চ্যা! ছি: ছি:"।

আর সহ্য হল না কর্নেল ডঙ্কার। বেরিয়ে এলো হতাশা মেশানো হুঙ্কার, "কী কুক্ষণেই না একদল  মেনিমুখোকে নিয়ে ফ্রন্টে এসেছিলাম"।

গোলদারি ফস করে বলে বসলেন "এ জন্যেই আমি হাতের কাছে একটা পঞ্জিকা রাখি। দিনক্ষণ এ'দিক ও'দিক হলেই চিত্তির আর কী"। 

কর্নেল ডঙ্কার পায়চারি থামলো।

গোলদারি কর্নেলের চোখ এড়িয়ে ছাউনির ছোট্ট জানালার বাইরে তাকালেন। বাতাস বারুদের গন্ধে ভারি হয়ে আছে, চারপাশটা ভীষণ গুমোট। 

"আর মোটামুটি আধঘণ্টা", খানিকটা শান্ত হয়ে বললেন কর্নেল ডঙ্কা, "তারপরেই মাতামাতিল্যান্ডের এয়ারফোর্স এসে বোমবাজি শুরু করবে"।

ক্যাপ্টেন গঁট্টা গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, "ভাজাভুজির সময় হবে না হে গোলদারি৷ কাজেই সাতপাঁচ না ভেবে কফিই হোক৷ আর ইয়ে, বলছি ভায়া আবশুল, তোমার স্টকে ক্রীম বিস্কুট শুনেছি"?

সুবেদার আবশুলের চিঁচিঁ প্রতিবাদ শোনা গেল, "দু'টিন মাত্র৷ ও'তে সবার হবে না৷ আমিই বরং যতটা পারি একা খেয়ে নেব৷ বম্বিং ব্যাপারটা টিনের বাক্স সার্ভাইভ করতে পারবে না তো। তাই আর কী.."।

"তোমরা বদ্ধ উন্মাদ", এ'বারে চেঁচিয়ে উঠলেন কর্নেল ডঙ্কা। 

গোলদারির মুখ এ'বার উজ্জ্বল হয়ে উঠলো, "আর আপনি আমাদের নেতা"।

হাল ছেড়ে নিজের চেয়ার টেনে নিয়ে ধপাস করে বসে পড়লেন কর্নেল ডঙ্কা। আড়াই মিনিটের মাথায় মুখের তিতিবিরক্ত ভাবটা কেটে গেল। কর্নেল ডঙ্কা এ'বার খানিকটা মিহি সুরে বললেন, "দ্যাখো, দেশের জন্য তোমরা তো কম করলে না৷ বাহদিব্যিস্তান তোমাদের আত্মত্যাগ ভুলবে না। শেষবারের জন্য বলছি৷ পোজিশন আঁকড়ে আমি আছি। শেষ রিপোর্টিংয়ের ব্যাপারটা আমিই সামলে নিতে পারব৷ এখনও কিছুটা সময় আছে, তোমরা পারলে এ'খান থেকে চলে যাও। প্রাণে বাঁচলেও বাঁচতে পারো"।

ক্যাপ্টেন গঁট্টা এ'বারে গলায় দরদ এনে বললেন, "বুঝলে গোলদারি৷ কর্নেল সাহেবের বোধ হয় চায়ের দিকেই ঝুঁকেছেন৷ বেশ, থাক তা'হলে কফি৷ কফির মর্ম আর ক'জন বুঝবে। চাপাও সসপ্যান। ফরওয়ার্ড মার্চ"।

গোলদারি হাততালি দিয়ে উঠলেন, "এই হলো সাচ্চা বাঘের বাচ্চার মত কথা। আরে আমি আগেই আদা থেঁতো করে রেখেছি। ওই চায়ের কাছে কোথায় লাগে কাঠখোট্টা কফি.."।

একরাশ হতাশা নিয়ে কর্নেল বলে উঠলেন, "পাগল। সবকটা বদ্ধ পাগল"।

ফের শোনা গেল সুবেদার আবশুলের চিঁচিঁ কণ্ঠস্বর,  "চা হোক আর কফিই হোক৷ দু'টিন ক্রিম বিস্কুট কিন্তু আমি একা খাবো বলে দিচ্ছি৷ বউটি নিজের হাতে আমার ব্যাগে ঢুকিয়ে দিয়ে পইপই করে বলেছিল যাতে ও জিনিস আমি বারোভূতকে খাইয়ে শেষ না করি"।

**

চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে গোলদারির দিকে সম্ভ্রম নিয়ে তাকালেন কর্নেল ডঙ্কা, "তোমার সত্যিই জবাব নেই গোলদারি। এ চা নয়, অমৃত"। গোলদারি ফর্সা দু'গালে সামান্য লালচে ছোপ লাগলো। 

তখুনি, বাইনোকুলারে চোখ রাখা এক জওয়ান মৃদু স্বরে জানালে যে  মাতামাতিল্যান্ড এয়ারফোর্সের কয়েকটা বিমানকে আকাশে চক্কর কাটতে দেখা যাচ্ছে।

ক্যাপ্টেন গঁট্টা চেঁচিয়ে উঠলেন, "এইবারে তা'হলে যে'যার জায়গায় চলে যাওয়া যাক"।

" এক মিনিট", শান্ত সুরে বললেন কর্নেল ডঙ্কা। নিজের প্লেটে পড়ে থাকা শেষ ক্রীমবিস্কুটটা হাতে নিয়ে এগিয়ে গেলেন সুবেদার আবশুলের দিকে। আবশুল আনমনে ছাউনির জানালার বাইরে তাকিয়ে ছিল, দু'হাতে আঁকড়ে ধরা দু'টো বিস্কুটের টিন।

"আবসুল", কাঁধে হাত রাখলেন কর্নেল ডঙ্কা। 

"স্যর", সম্বিৎ ফিরে পেল আবসুল। 

" আমি কিন্তু খেয়াল করেছি তুমি একটা বিস্কুটও না খেয়ে সবাইকে বিলিয়ে দিলে"।

"কর্নেল সাহেব, আমার বাড়িতে বুড়ো বাপ-মা, ছোট্ট দুই ছেলে আর বৌ৷ অভাবের সংসারে ভুট্টা আর গমের বাইরে খরচ করার সুযোগ কোথায়? ক্রিমবিস্কুট তো বিলাসিতা। বড় শখআহ্লাদে কেনা কয়েকটা বিস্কুটের টিন, আমায় জোর করে গছিয়ে দিল ফ্রন্টে আসার সময়৷ কত করে বোঝালাম, আরে অত ক্রিমবিস্কুট আমি একা খাবো কী করে৷ বাড়ির বাচ্চাগুলোকে দাও অন্তত৷ বৌ গোঁ ধরলে, বাড়ি থেকে কতদূরে কতদিন থাকব, ও'টুকু নাকি সঙ্গে না নিলেই নয়৷ পুঁচকে ছেলেগুলোও এক সুরে কথা বললে। মায়ের ন্যাওটা তো খুব৷ জানেন, ও বিস্কুট একটাও কেউ মুখে দেয়নি। সে বিস্কুট আমি কী করে খাবো কর্নেল সাহেব"?

আবশুলকে জড়িয়ে ধরলেন ক্যাপ্টেন ডঙ্কা। বোমারু বিমানের তর্জনগর্জনে তখন কান পাতা দায়।

তেলবাজ



ইলিশের তেল নিয়ে আমাদের আহ্লাদ অযৌক্তিক নয়৷ কিন্তু কাতলা (বা রুই) মাছের তেলের চচ্চড়িও মারাত্মক জমজমাট একটা ব্যাপার যা দিয়ে এক থালা ভাত অনায়াসে উড়িয়ে দেওয়া যায় (আমি অন্তত উড়িয়ে দিতে সক্ষম)। মায়ের রান্না তেল-বেগুনের (অবশ্যই পেঁয়াজ আর উদারহস্তে লঙ্কাকুচি ছড়ানো) মাখোমাখো চচ্চড়ির ইউএসপি হল টানটান-নুনঝালের পাশাপাশি একটা অত্যন্ত মিহি আধ-তেতো 'আফটারটেস্ট'৷ আধ-তেতো বললাম কারণ তিতকুটে বললে ভুল বলা হবে৷ ভাষার ওপর দখল থাকলে আরও লাগসই শব্দ লাগিয়ে দিতে পারতাম৷ কিন্তু আমার ভাষার অক্ষমতায় তো আর মায়ের রান্নার স্বাদ আটকে নেই, সে এক তোফা ব্যাপার। বেগুন, তেল মিহিভাবে মিশে গিয়ে সুপারফাইন একটা ব্যাপার তৈরি হয়৷ ও জিনিস পাতে পড়লে ঝোলডালের দিকে আর মন যেতে চায় না। 

মায়ের কাতলা তেলচচ্চড়ির একটা নন-বেগুন ভার্সনও রয়েছে৷ সে'টাকে তেল-পেঁয়াজ বলা ভালো কারণ সে চচ্চড়িতে আসল খেল তেলের সঙ্গে মিশে যাওয়া মুচমুচে অথচ নরম ভাজা পেঁয়াজের৷ পেঁয়াজ-নির্ভরশীল যে'কোনও রান্নার মতই, মায়ের মতে এই চচ্চড়ির আদত স্বাদ নির্ভর করে পেঁয়াজ কতটা নিখুঁত ভাবে কাটা হয়েছে তার ওপর৷ অত্যন্ত সাধাসিধে পদ, স্বাদে দুর্দান্ত। অফিসের কাজে মাসখানেকের জন্য বাইরে যেতে হবে, বেরোবার আগে দুপুরবেলায় পাতে ছিল ডিমওলা পাবদার পাতলা ঝোলের পাশাপাশি এই কাতলার তেল-পেঁয়াজ চচ্চড়ি। এর চেয়ে বড়মাপের 'দুগ্গা দুগ্গা' আর কীই বা হতে পারে৷

এ রুই-কাতলার তেলের চচ্চড়ি প্রসঙ্গে এ পদের আরও দু'টো ধরণ উল্লেখ না করলেই নয়৷ আমার শ্বাশুড়িমা তেলের চচ্চড়ি করেন যত্নে কুচোনো ডুমো-ডুমো আলু দিয়ে। সে জিনিসও অতি সরেস। কী আশ্চর্য,  রান্নার টেকনিক প্রায় এক হলেও, বেগুন পেঁয়াজ ও আলু; তিনটের স্বাদই সম্পূর্ণ আলাদা।

এ'বাদে আছে আরও একটা ধরণ৷ সে'টা অতিমাত্রায় সরল এবং বাহুল্যবর্জিত। শুধু মাছের তেল ভাজা। বছর চারেকের কলকাতাইয়া মেসজীবনে ও জিনিস প্রতি হপ্তায় একাধিকবার খেয়েও আমার মন ভরেনি৷ এ জন্য মেসের সর্বেসর্বা আন্টি আর মেসের হেঁসেল আগলে রাখা শিউলিমাসির প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই৷ মেসে অনেকরকম ছেলেদের বাস, সে'খানকার ঝোল তাই ট্যালট্যালে হওয়াটাই কাম্য৷ অতএব সে ঝোল আমার তেমন পছন্দ হত না৷ তাই মাঝেমধ্যেই আমার জন্য বরাদ্দ থাকত স্পেশ্যাল ভাজা-মাছের-তেল৷ 'তন্ময়ের পেটির মাছই প্রিয়', আন্টির স্নেহ আর আস্কারার জন্য আমার পাতে বরাবরই রুই-কাতলার পেটির পিসটাই পড়েছে; আমার পছন্দমত কড়া করে ভাজা৷ আর তার পাশে থাকত একটা ছোট্ট বাটিতে অমৃতসমান মাছের তেলচচ্চড়ি (বা তেলভাজা)। মেসবাড়িটা আমার বাড়ি বনে গেছিল কি সাধে?

নিউ লক্ষ্মী ভাণ্ডার

- এই যে স্বপনদা! বাহ্৷ দোকানে দেখছি বড় ফ্রিজ বসিয়েছ মামা? চাল-ডালের পাশাপাশি এ'বার আইসক্রিমও গছাবে নাকি?

- আইসক্রিম, কোল্ডড্রিঙ্কস। ছোট ফ্রিজটায় তো মাখনটাখনের বেশি কিছু..। যাক গে৷ তোর অত খবরে কাজ কী রে মদনা!

- আমাদের অত সময়ও নেই৷ হপ্তা বের করে দাও৷ কেটে পড়ি। বুলবুলদা আর হ্যাঁ, এ'মাসে বাজারের সবার থেকে দু'শো টাকা এক্সট্রা নিচ্ছে৷ পুজোফুজো আসছে তো।

- হপ্তা বলিস কেন রে ইডিয়ট? বল তোলা আদায় করতে এসেছিস। বাবা, বাঙালির ছেলে মাস্তানিতে নেমেছিস, বাঙালির নেকু কেরানী বদনাম ঘুচোচ্ছিস; তা তো ভালো কথা৷ কিন্তু বাংলা ভুললে চলবে কেন? আর হ্যাঁ। বুলবুলকে বলে দিস এ'টা মামার বাড়ি নয়, যে দু'শো এক্সট্রা চাইলেই দু'শো পাবে।

- স্বপনদা, বুলবুলদাকে রঙ দেখাতে যেওনা৷ কেলিয়ে কেলো মুখ ফর্সা করে দেবে৷

- আরে থাম। যে মাস্তান দু'শো বেশি চেয়ে ঘ্যানঘ্যান করে তার জাত আমার জানা আছে৷ ক'দিন পর তো সিঁদ কাটতে নামবি।

- বাড়াবাড়ি হচ্ছে কিন্তু স্বপনদা। বুলবুলদা যদি জানতে পারে..।

- মদনা, আমার বাজে বকার সময় নেই৷ এই নে টাকা৷ আর বুলবুলকে বলে দিস আমি দু'শো টাকা কেটে রেখেছি৷ আগের কিছু বাকি ছিল৷

- দেব নাকি চামড়া গুটিয়ে?

- তবে রে রাস্কেল! তুই গোটাবি আমার চামড়া? ডাক বুলবুলকে৷ তুই ডাক হারামজাদা।

- তোমার কি মাথাটাথা গেছে?

- বুলবুলের ডানা আমি যদি না ছেঁটেছি..তবে আমার নাম স্বপন দত্ত নয়।

- তোমার ব্যবস্থা হচ্ছে। বুলবুলদা তোমার নতুন ফ্রিজ তুলে নিয়ে গিয়ে তা'তে বিয়ারের বোতল রাখবে৷ দেখে নিও। আর তোমায় ল্যাম্পপোস্টে বেঁধে কয়েক ঘা না দেওয়া পর্যন্ত..।

- টিংটিঙে লগবগ্গার দল! তাদের নাচনকোঁদন দেখে হেসে বাঁচিনে৷

- আমি এখুনি গিয়ে বুলবুলদাকে খবর দিচ্ছি...তোমার দোকান যদি না তুলিয়েছি আজ..।

********

- স্বপনদা, আধকিলো মুসুরডাল আর আড়াইশো গুড়ের বাতাসা দাও।

- এই দিই৷ মদনা। এই ব্যাটা! হাফকিলো মুসুরি আর আড়াইশো লাল বাতাসা দে দেখি৷ চটপট৷ কাস্টোমারকে এই রোদে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখিস না বাপ। চট করে নিয়ে আয়৷ তা, আর কিছু দেব নাকি হরিহর?

- না না। আর কিছু না।

- বেশ বেশ।

- তা স্বপন, সাতদিন ধরে দেখছি মদন গুণ্ডা তোমার দোকানে ফরমাশ খাটছে। ব্যাপারটা কী?  বুলবুলের স্যাঙাৎগিরি ছেড়ে তোমার দোকানে চাল-ডাল ওজন করছে..ও কি মাস্তানি ছেড়ে দিল?

- তা কেন হবে? মদনা আমার সঙ্গে বুলবুলের নাম নিয়ে অসভ্যতামি করেছিল৷ আমি তাই দিলাম বুলবুলকে জোর এক ধমক৷ লজ্জায় পড়ে গিয়ে একমাসের জন্য মদনাকে আমার পদসেবায় লাগিয়েছে বুলবুল৷ বিকেল পর্যন্ত দোকান দেখে৷ সন্ধ্যেবেলা আমার গা হাত-পা টিপে দেয়৷ রাত্রে আমার জন্য বটতলার হাট থেকে বাজার করে থলি বাড়ি পৌঁছে দিয়ে তবে ওর ছুটি।

- বুলবুল তোমায় এত সমীহ করে?

- না করে উপায় কী বলো..।

- ব্যাপারটা কী..।

- বুলবুল সদ্য বিয়ে করেছে জানো তো? সে ভারি গদগদ প্রেম৷ আমাদের গো বুলবুলকে আর চেনার উপায় নেই৷ গুণ্ডা-মাস্তানি যে'টুকু করে, নেহাতই পেটের দায়ে। আদতে সে এখন প্রেমিক মানুষ। আর ওর বউ, বুল্টি,  সেলাই স্কুলের দিদিমণি।  বুঝলে? ভারি ভালো মেয়ে৷ সেই সকাল সাতটায় বেরোনো, ফেরা রাত আট্টায়৷ কী খাটনিটাই না খাটে৷ এ'দিকে বুলবুলের যা কাজের নেচার, সে'টা তো ওয়ার্ক ফ্রম হোমই বলা যায়৷ কাজেই রান্নার ভারটা এখন তার কাঁধে৷ 

- বলো কী!

- এ'তে অবাক হওয়ার কী আছে৷ ন্যাচরাল ডিভিশন অফ লেবার৷ অবশ্য আমাদের সমাজের ভদ্দরলোকেরা ও'সবের তোয়াক্কা করে না৷ কিন্তু মাস্তান বুলবুলের জ্ঞানগম্যিটুকু আছে আর সে বুল্টিকে সত্যিই ভালোবাসে৷ আজকাল তাই মনের সুখে হেঁসেল সামলায়৷ তার রান্নার হাতও মন্দ নয়৷ বুলবুল জানে যে হাইকোয়ালিটির মশলাই হল রান্নার প্রাণ৷ আর বেস্ট মশলাপাতির ব্যাপারে স্বপন দত্তর নিউ লক্ষ্মী ভাণ্ডারের ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়৷ আমায় তো জানো, এই টিট্যুয়েন্টির যুগে দাঁড়িয়েও প্যাকেট মশলায় নেমে যাইনি৷ নিজে গিয়ে শুঁকে নেড়েচেড়ে জিনিসপত্র আনি৷ তাই তো আমার দোকানের এক চিমটি লঙ্কা গুঁড়োর যা ঝাঁজ, তা প্যাকেট মশলার চার চামচেও হবে না৷ সে ভরসার দাম যে তোলা আদায়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

- সে কথা তো আমিও বারবার বলি।

- দ্যাখো হে, বন্দুক দেখিয়ে একদিন-দু'দিন কাজ চলতে পারে৷ কিন্তু বুলবুল জানে, রান্নার ইনগ্রেডিয়েন্ট সোর্সিংয়েও ভালোবাসা আর সম্মান থাকা দরকার৷ যেকোনও গুণী রাঁধুনি তোমায় বলে দেবে; হাইকোয়ালিটি  ইকোসিস্টেম না হলে হাইকোয়ালিটি কুকিং অসম্ভব৷ মদনা ব্যাপারটা না জেনে সেই ইকোসিস্টেম ঘেঁটে দিতে গেছিল, তাই বুলবুল ওকে দিয়ে প্রায়শ্চিত্ত করাচ্ছে।

- সত্যি স্বপন। যো বিবি সে করে প্যার, উয়ো নিউ লক্ষ্মী ভাণ্ডারকো ক্যায়সে করে ইনকার।

ম্যান ঈটারস অফ করবেট



জিম কর্বেট ন্যাশনাল পার্ক লাগোয়া রিসর্ট।
মধ্যরাত৷

নদী? আছে৷ এক্কেবারে কুলকুল করে বইছে। সাউন্ডটা ভীষণ কমফর্টিং।
নিকালো কিন্ডল, চলে যাও পছন্দসই বইটির আশ্রয়ে।

পাহাড়? তাও আছে। এক্কেবারে চার্মিং । এইত্তো চাই।
এ'বার চেয়ারে গা এলিয়ে ঠাং ছড়িয়ে জুত করে বসো দেখি৷

জ্যোৎস্না? মেঘের ইন্টারফারেন্স নেই, অতএব চাঁদ চালিয়ে খেলছে৷ চাদ্দিকে এক্কেবারে মায়াময় একটা ইয়ে৷ ইয়ে বলতে; মনের ভাবটা বুঝে নিতে হবে৷
এ'বারে দু'পাতা 'ম্যান ঈটার অফ কূমায়ুন' আর দু'মিনিট প্রকৃতি৷ দু'পাতা বই, দু'মিনিট নদী-পাহাড়-এটসেটেরা। আহা। 

সবে জুত করে বসেছি। দেড় পাতা এগিয়েছে৷ এমন সময় বার্মুডা ছাপানো টিঙটিঙে ঠ্যাংজোড়া জানান দিলে, প্রকৃতির আর একটা মারাত্মক এলিমেন্টও আছে যে'টা ফুর্তির আবহে ঠাহর করতে খানিকটা দেরী হয়েছে। মশা। অসংখ্যা হতচ্ছাড়া-হাড়বজ্জাত মশাদের দল।

অমনি টুপ করে পাহাড়ি চাঁদনি আর তিরিতিরি নদীর কম্বিনেশন ছাপিয়ে মনে পড়ল একটা এসি আর অলআউট লিকুইডেটর সমৃদ্ধ আরামদায়ক রুম আমায় অনুপস্থিতিতে দীর্ঘশ্বাস ফেলছে।

সাময়িক উচ্ছ্বাস কেটে যেতে মন ফিরে এলো আনন্দ-নিকেতনে। হোটেল রুমের নরম খাটে গা এলিয়ে করবেট বা বিভূতিভূষণ পড়াটাই যে আদত প্রকৃতি-পুজো, এই অমোঘ শহুরে সত্যটা পাশ কাটিয়ে যাওয়ার কোনও মানে হয় না৷