Saturday, February 25, 2023

কবিতা কাহারে বলে, গান কাহারে বলে



মগজ ব্যাপারটা যে কী ধুরন্ধর চিজ। আর আমার মত গাম্বাট মানুষের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের নিজেদের মাথাই যথেষ্ট।

আমার বুকশেলফে, কোনও অজানা কারণে কয়েকটা কবিতার বই আছে। কলকাতার কম্বলদের মতই, সে'সব বইদের সচরাচর ঘাঁটানো হয়না। আবার কলকাতার মানুষের মতই, আজ হঠাৎ উথলে ওঠা হুজুগের বশে সে'সব কম্বল...থুড়ি বইদের তাক থেকে নামালাম। উল্টেপাল্টে দেখেটেখে, ধুলোটুলো ঝেড়ে তাকের বই তাকে ফেরত যাবে, তেমনটাই হওয়ার কথা। কী মনে করে দু'একটা কবিতা পড়ার চেষ্টা করলাম। খানিকটা শক্তি, খানিকটা সুনীল, খানিকটা শঙ্খ। নিজের ওপর গর্ব হচ্ছিল, কবিতা পড়ছি ভেবে। আরে, কবিতা মানে গানই তো, সুরটাকে নিজের মত মনে মনে বসিয়ে নিলেই অ্যাপ্রিশিয়েশন ব্যাপারটা তরতরিয়ে বইবে। 

যা হোক, সে'সব কবিতার বইয়ের ফাঁকে একটা বই ছিল রবিস্যারের শ্রেষ্ঠ কবিতার। সে'গুলো বেছে নিয়েছেন সুনীল গাঙ্গুলি স্বয়ং। বইয়ের শুরুতে একটা চমৎকার মুখবন্ধ লিখেছেন সুনীল; শিরোনাম - "রবীন্দ্রনাথ এবং আধুনিক কবিতা"। কবিতা বুঝিনা, তায় আবার আধুনিক। রবীন্দ্রনাথ বুঝি, সে'কথা বলার দুঃসাহসও নেই। তবে বাংলা ভাষাটা যেহেতু খানিকটা বুঝি, তাই মুগ্ধ হয়ে পড়াটা ঠেকায় কে।

তা সেই বইয়ের দ্বিতীয় কবিতা একটা গান; সখী, ভাবনা কাহারে বলে। অনেকের মতই, এ গানটা আমার মুখস্থ; কমা, ফুলস্টপ, হাঁচি, বিষম সহ। আমার গলায় সুর নেই, প্রাণে কবিতা নেই; অথচ এ গান গাইতে গিয়ে হোঁচট খাওয়ার কোনও সম্ভাবনাই নেই। কাজেই, কবিতা হিসেবে এই গানটা বইয়ের পাতায় ছাপা আছে দেখে প্রথমেই মনে হল; এ পড়ে হবেটা কী, পুরোটাই কণ্ঠস্থ তো। চোখ বুজলেই এ গান কানে-বুকে বেজে উঠবে; মায়ের গলায়, শ্রাবণী সেনের গলায়। সে গান আবার বইতে পড়তে যাব কেন?

তবু। মানুষ হয়ে জন্মেছি যখন, হিসেবের বাইরে পা না রাখলে চলবে কেন? শুরু করলাম পড়া। এ'খানেই সেই মগজের চমক। আমি যা লিখছি তা হয়ত গোটাটাই অযৌক্তিক; তবে যুক্তিবাজ হলে কী আর ব্লগ লিখে লিঙ্ক শেয়ার করে মানুষজনকে জ্বালিয়ে মারি। কাজেই লিখেই রাখি। কী অদ্ভুত, মুখস্থ একটা গান; সে'টাকে যখন সাদা কাগজের ওপর কালো ছাপা অক্ষরে পড়ছি; কানের বদলে চোখ অ্যাক্টিভেট হচ্ছে, চেনা সুর আবছা হয়ে একটা অন্য রিদম আবিষ্কার করছি এ লাইন থেকে ও লাইনে যাওয়ার সময়। এ গানের সুরের ম্যাজিক বর্ণনা করার দুঃসাহস আমার নেই। কিন্তু কবিতাটা পড়তে গিয়ে, সে সুর সরে গিয়ে যে'টা পড়ে রইল; সে'টাকেও একটা অন্য জাতের জাদু হিসেবে মগজ চিনে নিল। প্রতিটা শব্দই পূর্বপরিচিত, অথচ পড়তে গিয়ে দেখলাম তারা সক্কলে অন্য মেজাজে উঠে দাঁড়ালে। গানের মানে পালটে গেল না, তবু সে কবিতাটা গানের থেকে আলাদা হয়ে ধরে দিল যেন। সে লেখা সুরের সঙ্গে মিলে একটা জলতরঙ্গ সৃষ্টি করেছে বটে, কিন্তু কথাগুলো সুরের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে নেই। সুর বাদেও তাদের অস্তিত্ব জোরালো; জমজমাট।

একটা নতুন কবিতা পড়ে ফেলল মগজ। বহুবার শোনা গানটার সঙ্গে যাকে গুলিয়ে ফেললে চলবে না কিছুতেই। ভাগ্যিস সুনীলবাবু এ গানকে "রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কবিতা"র বইয়ের প্রথম দিকেই চালান করেছেন। নয়ত টের পেতাম কী করে সুরের পরিচয়টাই কবিতার জন্য শেষ কথা নয়? আর আমাদের মত গদ্য-গাম্বাটদেরও কবিতার জগতে স্থান আছে, সে'টাকেও ক্লেম করতে হবে তো।

Friday, February 24, 2023

ছোটবেলার স্মৃতি আর কয়েকটা বইয়ের টুকরো



বই পড়ার মধ্যে আর ডিসিপ্লিন আনা হলো না। এ বইয়ের দু'পাতা, ও বইয়ের চার পাতা, তার পাশাপাশি আর এক বইয়ের দু'প্যারাগ্রাফ৷ এইভাবেই খামচাখামচি করে ঢিকিরঢিকির করে এগোনো। কোনও বই হপ্তাখানেকে শেষ হয়, কোনও বই কয়েক মাস জুড়ে এগিয়ে চলে৷

অনেকগুলো বই পাশাপাশি বেহিসেবি স্টাইলে পড়াটা নির্ঘাৎ একটা "ব্যাড হ্যাবিট"৷ তবে সেই বদভ্যাসের মধ্যে একটা মজাও আছে; অনেক সময় সম্পূর্ণ আলাদা কয়েকটা বইয়ের মধ্যে খুব মনোগ্রাহী কিছু যোগসূত্র বেরিয়ে পড়ে৷ আর মনের লাটাইয়ে সেই যোগাযোগের সুতো জড়িয়ে চলায় যে কী প্রবল আরাম আর আনন্দ, আহা! 

এই যেমন অরুণাভ সিনহা কয়েকটা সহজ প্যারাগ্রাফের মধ্যে দিয়ে কী সুন্দরভাবে লিখেছেন ছেলেবেলায় মায়ের মুখ থেকে গল্প শোনার কথা৷ বলেছেন কী ভাবে মায়ের পড়া গল্পের রেশ ধরেই বাংলা ছোটগল্পের চমৎকার দুনিয়াটাকে আত্মস্থ করেছেন তিনি৷ সেই ছোট্ট পরিচ্ছেদে, উপন্যাসের আর ছোটগল্পের মধ্যে যে মৌলিক তফাৎ, তা নিয়েও চমৎকার কয়েকটা কথা বলেছেন। কিন্তু সেই সব অ্যানালিসিসের বাইরে গিয়ে যে'টা উজ্জ্বল সে'টা হল তার ছেলেবেলার স্মৃতির ঝলক।

আবার এর পাশাপাশি পড়ছি নাসিরুদ্দিন শাহর ছেলেবেলায় স্মৃতিচারণ৷ আত্মকথা বেশ কিছু পড়েছি৷ কিন্তু সততা ও গাম্ভীর্যের সঙ্গে রূপকথা বলার স্টাইল যে এমন নির্ভেজাল ভাবে মিশতে পারে, সে'টা আগে টের পাইনি। ভদ্রলোক আরও লেখেন না কেন? সিনেমা এবং অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হওয়ার নিয়ে লিখতে গিয়ে যেন কুয়াশাঢাকা কবিতার মধ্যে সেঁধিয়ে যাচ্ছেন ভদ্রলোক; ছেলেবেলাটা যেন কবিতা৷ ব্যথা, যন্ত্রণা, ট্রমা, হতাশা সত্ত্বেও সেই কবিতা সুমিষ্ট।

আর এর সঙ্গে পড়ছি (অডিওবুক, অতএব শুনছি) স্টিফেন ফ্রাই সাহেবের আত্মজীবনী৷ এই আর এক ভদ্রলোক। ঠোঁটকাটা অথচ কাটখোট্টা নন, সোজাসাপটা কথার মানুষ অথচ রূঢ় নন৷ তাঁর ভাষা যতটা সহজ, ততটাই গভীর; যতটা সরল, ততটাই স্মার্ট হিউমরে ঋদ্ধ। সেই প্রাণোচ্ছল ভাষা নিয়ে ফ্রাইবাবু নিজের ছেলেবেলায় ফিরে গেছেন৷ অঙ্কের হিসেবে সে শৈশবকে নিশ্চিন্তে অন্ধকারাচ্ছন্ন বলা যায়; ছোট্ট স্টিফেনের মধ্যে অকারণ মিথ্যে বলার অভ্যাস তৈরি হচ্ছে, সে চুরি করছে, লোক ঠকাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে পড়ছে৷ সে'সব কথা সোজাসুজি সাজিয়েও দিচ্ছেন ফ্রাইবাবু, ইনিয়েবিনিয়ে নিজেকে অসহায় প্রতিপন্ন করতে চাইছেন না৷ অথচ কী আশ্চর্য; সেই স্বীকারোক্তি সত্ত্বেও তাঁর ছোটবেলার গল্পগুলো তিতকুটে হয়ে উঠছে না৷ বরং চমৎকার নভেলের মত তরতরিয়ে এগিয়ে চলেছে৷ 

ছোটবেলার স্মৃতির মধ্যে যে কী মায়া৷ সে স্মৃতিতে অঙ্কস্যারের মুখচোপার স্মৃতি ফিকে হয়ে যায় আর আলোয় আলোময় হয়ে ওঠে অঙ্কখাতার পাতায় নোট করা ক্রিকেট স্কোর। কমিক্স বইয়ের ছিঁড়ে যাওয়া মলাট মনে পড়ে, মেটে রঙের লক্ষ্মীর ঘটের গায়ে স্কেচপেনে আঁকা ডোনাল্ড ডাক মনে পড়ে। আর সে অদরকারী সমস্ত স্মৃতির টুকরোর মধ্যে মারাত্মক সব "লাইফ লেসন" মিশেছ,  মাঝবয়সে এসে এ'সব থিওরি কপচাতে কপচাতে নিজেকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে; "নাহ্, আমি মানুষটা নেহাৎ ফেলনা নই"৷ ইচ্ছে করে, সে বয়সের আমিটার মাথায় যদি হাত বুলিয়ে বলি, "ভালোভাবে থেকো খোকা, কেমন"? আর সেই ইচ্ছেটাই আমার মত এলেবেলে পাঠককেও সহজেই জুড়ে দেয় অরুণাভ, নাসির বা স্টিফেনের সঙ্গে। 

(ছবি: দ্য সানি-সাইড-আপ, শিল্পী: বালিশেন্দ্র)

ইস্তফা



...উইথ রিগার্ডস
কমা
এন্টার
পঙ্কজ চ্যাটার্জী
ফুলস্টপ। 

ফুলস্টপটা টাইপ করার সময়ে কীবোর্ডে একটা খটাস শব্দ হল। ইমেলটা লিখে একটা সবিশেষ বেশ তৃপ্তি অনুভব করলেন পঙ্কজ। যাক, একটা জবরদস্ত জবাব দেওয়া গেছে। সত্যি কথা বলতে কী, সপাটে জুতো মারা গেছে। চেয়ারে গা-এলিয়ে দিয়ে, ল্যাপটপের স্ক্রিনের দিকে বেশ কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন তিনি। ফন্ট এরিয়াল, সাইজ বারো; এই কম্বিনেশনটা ওঁর বেশ পছন্দের। নিজের আধো-অন্ধকার ড্রয়িংরুমটাকে যেন আচমকা বেশ উজ্জ্বল মনে হল। নিজের মুখে লেগে থাকা অনাবিল হাসিটার ওজন যেন নিজেই যেন অনুভব করতে পারছিলেন। বহুদিন পর এ'রকম ধারালো একটা ইমেল লিখতে পেরে নিজেকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল তাঁর।

একটা নজরুলগীতি গুনগুন করতে করতে গিয়ে রান্নাঘরে গিয়ে চায়ের জল বসিয়ে দিলেন পঙ্কজ। ইমেলটা পড়ে নিশ্চয়ই জর্জের মাথা ঘুরে যাবে। নির্ঘাত অথৈ জলে পড়তে হবে ব্যাটাকে। এই ব্যস্ত সিজনে পঙ্কজের রেজিগনেশন ব্যাপারটা নিশ্চয়ই গোটা কোম্পানিকে কাঁপিয়ে দেবে। কোম্পানির প্রতি পঙ্কজের একটা মায়া আছে বটে। দশ-এগারো বছরের চাকরী, সময়টা নেহাত ফেলনা নয়। তবে জর্জের প্রতি কোনও সমবেদনা নেই তাঁর। আর থাকবেই বা কী করে। অমন একটা হাড়বজ্জাত লোক বিপদে পড়লে সে বেশ খুশিই হবে। পান থেকে চুন খসলেই কী বিশ্রী ভাবে ইনসাল্ট করতে শুরু করে জর্জ; আরে, বস হয়েছে বলে মাথা কিনে নিয়েছে নাকি! অনেক হয়েছে। আর নয়। 

এই ধারালো রেসিগনেশনটার ঠেলা সামলাক এবার জর্জ। এতদিনে তাঁকে বেশ উত্তম-মধ্যম দেওয়া গেছে। এই ইমেলের কথা জানাজানি হলে অফিসে বেশ একটা চাপা গুঞ্জন শুরু হয়ে যাবে, সে ব্যাপারে পঙ্কজ বেশ নিশ্চিত। তিনি এও জানেন যে আচমকা একজন ভালো 'সাপোর্ট' খোয়ানোর জন্য জর্জকে তাঁর ওপরওলাদের কাছে অনেক রকমের জবাবদিহিও করতে হবে। জর্জের অপ্রস্তুত মুখটা ভেবে পঙ্কজের তৃপ্তি বেশ কয়েকগুণ বেড়ে গেল।

নাহ্‌, আজ আর বেরসিক গ্রিনটি খেলে হবে না। পঙ্কজ ঠিক করলেন যে ভালো করে আদা দিয়ে এক কাপ চা করে সেলিব্রেট করতে হবে। 

***

জর্জের ফোন। চায়ের কাপটা নামিয়ে রাখলেন পঙ্কজ।

- পঙ্কজ, রিপোর্টের স্টেটাস কী?

- আর দিন দুয়েকের মধ্যেই...।

- ওই রিপোর্ট আমার চার ঘণ্টার মধ্যেই চাই।

- কিন্তু...।

- ও'সব কিন্তুটিন্তু অন্য কাউকে বোলো। কেমন? দিস মাস্ট বি ডান। নো ফালতু এক্সকিউজেস।

- ওকে জর্জ।

রেসিগনেশন ইমেলটাকে 'রেসিগনেশন লেটার্স' ফোল্ডারে সেভ করে রাখলেন পঙ্কজ। এই নিয়ে সে ফোল্ডারে গত দশ বছরে মোট বাইশখানা ড্রাফট জমা হল। মিচকি হেসে রিপোর্টে মন দিলেন পঙ্কজ।

*** 

"...আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মাই হেল্পলেসনেস। মাঝেমধ্যে আমার সত্যিই বড় অপরাধবোধ হয়, কিন্তু আমিও নিরুপায় পঙ্কজ। যাক গে, চলো একদিন দু'জনে বসে বিয়ার খাই গিয়ে। ওহ, তুমি তো আবার সে রসে বঞ্চিত। তা'হলে কফিই হোক"। 

হোয়্যাটস্যাপে একটা বিশাল মেসেজ টাইপ করে থমকালেন জর্জ। শেষ লাইনটা বারবার পড়লেন কিন্তু কিছুতেই মনে ধরছিল না। পঙ্কজ রিপোর্টটা চারঘণ্টার বদলে আড়াই ঘণ্টার মাথায় ইমেল করেছিল। নিখুঁত। ভীষণ ট্যালেন্টেড ছেলে, খুব খাটতে পারে। কিন্তু এই প্রোফাইলটা ঠিক ওঁর জন্য নয়। মাঝেমধ্যেই জর্জের মনে হয় যে পঙ্কজের উচিৎ আরও ভালো সুযোগের খোঁজ করা। কিন্তু বস হয়ে সে উপদেশ দেওয়াটা চলে না, কোম্পানির প্রতিও তাঁর একটা দায়িত্ব আছে। 

বছর সাতেক পঙ্কজ তাঁর সঙ্গে কাজ করছে। ছেলেটার ভুলভ্রান্তি হয় বটে, তবুও জর্জের মনে হয় ছেলেটার পিঠ আর একটু চাপড়ে দিলে ভালো হত। এই ধরণের হোয়্যাটস্যাপ মেসেজ বা ইমেল আগেও অনেকবার টাইপ করেছেন জর্জ। কিন্তু অন্যবারের মত, এ'বারেও থমকে যেতে হল। সেই মেসেজ ডিলিট করে দিয়ে ফের পঙ্কজের পাঠানো রিপোর্টে মন দিলেন জর্জ। রিপোর্ট সময়মত এগিয়ে না দেওয়া গেলে তাঁর নিজের মাথাটাই আস্ত থাকবে না; এ কথা জর্জ বেশ জানেন।

লুচি স্পেশ্যাল পিকআপ-লাইন সমগ্র



১। 'আর দুটো লুচি দিই'?

২। 'শেষ লুচিটা কিন্তু হাফ-হাফ দুজনে'।

৩। 'তুমি বেলবে আমি ভাজব না আমি বেলব তুমি ভাজবে'?

৪৷ 'লুচিতে তোমায় বেশ মানায় কিন্তু'।

৫। 'শুনেছি লুচির ফুলফর্ম নাকি L.ove U CHI.rokal? তাই কি'?

৬। 'আমায় একবার বলো, লুচিকুমার'।

কবি নাকি?



"কবিতা লিখেই কবি হয়ে যাবি ভেবেছিস ভাই? কাঁচকলা!

কবি হওয়া কি অতই সহজ রে? নো স্যর, নো। নো।


পারবি? পারবি মাঝরাতে ঘুম থেকে উঠে শ্যামসঙ্গীতের তালে দুলতে দুলতে ডবল ডিমের অমলেট ভাজতে?


পারবি লীভ অ্যাপ্লিকেশনের ইমেলে 'আনেওয়ালা পল জানেওয়ালা হ্যায়' গানটার এমিপিথ্রি ফাইল অ্যাটাচ করতে?


পারবি নিজের বেসুরো হেঁড়ে গলার গানে বাথরুম কাঁপিয়ে, শাওয়ার খুলে, মনে মনে ভাবতে; "আমিও তা'হলে মেঘমল্লারফল্লার ম্যানেজ করতে পারি"!


পারবি টাটকা খবরের কাগজ কিনে, সে'টার একটা শব্দও না পড়ে, তার ওপর লুচি-বেগুনভাজা সার্ভ করতে?


বল না! পারবি কি?


এ'গুলো যদি না পারিস; তবে খামোখা নিজেকে কবি বলে পরিচয় দিয়ে লোক হাসাস না৷


কেমন?"