Sunday, January 29, 2023

আসছে শতাব্দীতে



"আসছে শতাব্দীতে"। সন্ধ্যার কণ্ঠ আর সুমনের কথা, সুর; এ'রা নেহাতই সহশিল্পীর দলে। মঞ্চ আলো করে দাঁড়িয়ে একজন অগোছালো কিশোর। যার কণ্ঠে সুর নেই, কবিতায় দখল নেই; কিন্তু গানের প্রতি ভালোবাসা আছে৷
সে কিশোর শ্রোতা, অথচ সমস্ত লাইমলাইট তারই ওপরে৷ কারণ সেই একমাত্র শ্রোতা, মায়েস্ট্রো সেই। সুমন আর সন্ধ্যায় ভর দিয়ে একশো বছর তফাতে থাকা একজন কেউ সেই ভ্যাবলাটে কিশোরের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে। না না, গানের কথাটুকু ক্যামোফ্লাজ, সেই অন্য-সময় থেকে পাঠানো মেসেজ কোড করে রাখা আছে সুরে৷ সন্ধ্যা-সুমন আপ্রাণ চেষ্টা করছেন সে সুর সেই কিশোরের মনের মধ্যে ছড়িয়ে দিতে, পারলে রক্তে চালান করে দিতে।
কিশোরের ছটফট বেড়ে চলে৷
মনের ভিতর সে কী বিশ্রী অথচ ভালোলাগা আনচান৷
এ সুর এত চেনা কেন?
এত ভালোবাসা কেন এই গানে?
কে ডাকছে?
সে ডাক এত মায়ার কেন?
আহ, সে যে কী অপার্থিব স্নেহ। কী টান।
***
- বুঝুলে ভাই আওদব্দভ্বহ৷ আশা একটা আছে৷
- আশা আছে বলছ আবাভ্ব ?
- আছে।
- গোটা ভ্যাকিওসমসে কেউ যদি পারে তুমিই পারবে৷ কিন্তু উপায়টা কি? কত হাজার বছর ধরে চেষ্টা করেও তো আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি৷ আজ হঠাৎ কী ফন্দি আঁটলে?
- গ্রহটা তো আর পাশের পাড়াতেই নেই৷ ঢের দূরে৷ তাছাড়া তাদের রকমসকমও আমাদের ধারার নয়৷ কাজেই সময় লাগাটা স্বাভাবিক৷ তবে এদ্দিনে সত্যিই একটা সলিউশন পেয়েছে আওদব্দভ্বহ।
- ইয়াইয়াজ ওয়েভের মাধ্যমে কিছু?
- খানিকট তাই। তবে সে গ্রহের বাসিন্দারা ইয়াইয়াজ সোজাসুজি আঁচ করতে পারবে না। অন্যপথে তাদের কাছে পৌঁছতে হবে৷
- তবে? কোন পথে?
- তাদের ররকমসকম আমাদের চেয়ে একদমই আলাদা৷ যোগাযোগের প্রসেসটা তাই এত খটমটে। তবে একটা মোক্ষম মিল পাওয়া গেছে।
- কী মিল?
- ও'খানেও সুরের ব্যবহার চলে।
- বটে? ওরা সুরের ব্যবহার যানে?
- জানে। তবে আমাদের মত সুর দিয়ে যন্ত্রপাতি চালাতে পারেনা তার৷ সুর ব্যাপারটা তাদের কাছে শৌখিন ব্যাপার৷ এ'বার আমাদের পাঠানো ওয়েভ তাদের কোনও একটা সুরে মিশিয়ে দিতে পারলেই কেল্লাফতে।
- বলো কী আবাভ্ব! সে'টা সম্ভব?
- নয়ত আর বলছি কেন? অলরেডি একটা ট্রায়াল ওয়েভ ছেড়ে দিয়েছি। কিন্তু সমস্যা একটাই৷ হিসেব কষে দেখলাম, আমার পাঠানো ওয়েভ সে গ্রহের হিসেবে একশো বছর পর তাদের কোনও সুরে গিয়ে মিশবে।
- সে'টা আমাদের হিসেবে কতক্ষণ?
- আমাদের গ্রহের একবেলা৷ বড়জোর৷
- তবে আর কী৷ খিচুড়ি ডিমভাজা চাপিয়ে দিয়ে অপেক্ষা শুরু করি। দেখা যাক তোমার ওয়েভ তাদের সুরের আড়াল পেরিয়ে সে গ্রহের কাউকে ঘায়েল করতে পারে কিনা৷ কিছু ইন্টারগ্যালাক্টিক প্রতিবেশী না পেলে আর সত্যিই চলছে না।

Sunday, January 15, 2023

পোলাপানের মাইনেপত্তর



প্রথম মাইনে নিয়ে ছেলেবেলা থেকেই আকাশকুসুম কত কী ভেবেছি৷ এই করব, সেই করব৷ মা-বাবাকে দারুণ কিছু একটা কিনে দিয়ে তাক লাগিয়ে দেব৷ প্রেমিকাকে এমন একটা ইস্পেশ্যাল উপহার দেব যে সে মনেমনে বলে ফেলবে "এইত্তো আমার উত্তমকুমার"৷ নিজের জন্য এমন কিছু একটা নেব যে'টা চিরকাল থেকে যাবে। বুড়ো বয়সে বসে সে'টার দিকে তাকিয়ে বুকের মধ্যে তোলপাড় হবে; 'ফার্স্ট ইনকামের' আউটকাম বলে কথা৷ এ'বাদে একটু ভালোমন্দ খাওয়াদাওয়া, একটু নবাবী৷ এই আর কী৷

নবাবীটুকু মুলতুবি থাকলেও, প্রথম মাইনে দিয়ে সে'সব জরুরী ইচ্ছেগুলোর বাকেট লিস্টে বেশ কয়েকটা দাগ দেওয়া গেছিল। আসলে ওই বয়সের শখেরপ্রাণগড়েরমাঠ টেম্পারামেন্টটা যে কী দামী৷ তারপর যা হয় আর কী৷ ক্রমশ ওই, খামচাখামচির শুরু৷ জুড়ে যায় মিউচুয়ালফান্ডসহিহ্যায় গোছের অঙ্ক৷ আর বয়সের অলংকার হিসেবে আসে নিউ-জেনের প্রতি "আরে, এরা আর কী জানে" গোছের হিংসে-চাপা দেওয়া উষ্মা।

তা এ অভিযোগটা একদম ভিত্তিহীন নয়৷ আমাদের কোম্পানির মধ্যপ্রদেশ অফিসের এই কিছু ছেলেছোকরাদের কথাই ধরা যাক৷ সদ্য কলেজ পেরনো দলবল; ক'দিন আগে এরা প্রথম স্যালারি পেলো৷ তা ফুর্তি কর, আমাজনের সেলে মোবাইল কেন, প্রেমিকাকে কানের দুল কিনে দে। তা না। পুরো মাইনেটাই জাস্ট উড়িয়ে দিল সরকারি স্কুলের ছেলেমেয়েদের বইখাতা কিনে দিয়ে৷

(সুনীল। হর্ষ। সৌরভ। রণজয়। রাহুল৷ আশুতোষ। অভিষেক-১। অভিষেক-২। দীপেন্দ্র। অঙ্কিত৷ আমি ওদের সহকর্মী ভেবে যে কী ভীষণ গর্ব হচ্ছে৷ নতুন ছেলেমেয়েরা এ'ভাবেই আমাদের পালটে দেবে। আর ইয়ে, আমার একটা দুশ্চিন্তাও আছে। এরা বোধহয় আমাদের শুধু দূরে দাঁড়িয়ে হাততালি দিয়ে ফস্কে যেতে দেবে না।)

মোক্ষম অস্ত্র



- এই যে ম্যাডাম! এ'বার ফিরতে বড় দেরী করলে যে..। তোমার মত সিনিয়র অপ্সরাও যদি এদ্দিন ডুব দিয়ে থাকে..।

- আরে বলেন কেন দেবরাজ...। মর্তে এ'বার সে কী বিশ্রী রকমের হ্যারাসমেন্টটাই না হল।

- হ্যারাসমেন্ট? পলিউশনের জন্য বলছ? ও একটু অ্যাডজাস্ট করে নিও। মাঝেমধ্যে একটু পচন না ধরালে জমবে কেন। পার্ট অফ দ্য প্ল্যান৷

- আরে না না। মর্তের পলিউশন আর আপনার বাতেলা এদ্দিনে আমার সয়ে গিয়েছে..। ও আমি মাইন্ড করিনা।

- তবে কীসের হ্যারাসমেন্ট?

- সে এক মারাত্মক লেভেলের হয়রানি দেবরাজ। যা বুঝছি, এ'বার মানে মানে আমার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়াই উচিৎ হবে৷ যে'টুকু যা ফিক্সড করে রেখেছি, তা দিয়ে দিব্যি কেটে যাবে।

- ও মা! কচি মেয়ে বলে কিনা রিটায়ার করবে, ধুর ধুর।

- মেঘেমেঘে বেলা তো কম হলনা। গত অগ্রহায়ণে সাড়ে বারো বিলিয়ন কম্পলিট করলাম। যৌবন তো পড়তির দিকে। স্নো-পাউডার দিয়ে আর কদ্দিন চালাবো..।

- তুমি ভারি হাফ-গ্লাস-এম্পটি গোছের মানুষ কিন্তু। আরে তোমার রূপের ধারে আকচার কত দেব-দেবতাই যে মনে মনে কচুকাটা হয়ে পড়ে থাকছে; তা তুমি টেরই পাওনা। হে হে হে...।

- থামুন মশাই। আপনাদের মত বুড়োভামদের চোখেই এখন আমার জেল্লা৷ এ'দিকে মর্তের মডার্ন তপস্বীদেরকে ঘায়েল করতে গিয়ে আজকাল ডাহা ফেল করতে হচ্ছে..ছি ছি...কী ইনসাল্ট..।

- ও। তাই বুঝি ফিরতে দেরী হল এ'বার...তা কে এমন নাকে দড়ি দিয়ে ঘোরালে?

- আর বলেন কেন। একজন ডেটা অ্যানালিস্ট সাধকের এমএস-এক্সেল তপস্যাভঙ্গ করতে চেয়ে তিনঘণ্টা জান লড়িতে দিলাম৷ ক্লাসিকাল, কউন পরদেশী মেরা দিল লে গয়া, কাঁটা লাগা, নাগিন নাগিন; কিছুই বাকি রাখলাম না। কিন্তু কাকার ভি-লুকআপ সাধনাভঙ্গ হলনা কিছুতেই৷ বা ধরুন, গতকাল গেছিলাম এক ক্রিকেট ভক্তের ঢ্যাঁটা চেল্লামেল্লি থামাতে। ও মা, আমি যতই বলি 'পিয়া তু অব তো আ যা', সে চিল্লিয়ে যায় "আর দিদিভাই টিভিটা গার্ড করে দাঁড়াচ্ছেন কেন"। কী মেজাজ, উফ, শিউরে উঠতে হয়। যাই বলুন দেবরাজ, ওই ব্রিটিশ আমলের বিশ্বামিত্র টাইপ মুনিঋষিদের এই স্ট্যামিনা ছিল না। এদের তপস্যা ভঙ্গ করা ইমপসিবল!

- ওহহোহোহো..তাই বুঝি? ও নিয়ে তুমি ভেবোনা। আধুনিক ঋষিদের টলানোর রাস্তা আমার জানা আছে।

- জানা আছে?

- আছে।

- সে'টা কী?

- এখুনি ব্যবস্থা করে দিচ্ছি৷ ওরে, কে আছিস, মর্তে ভালো দেখে একটা আমাজন আর ফ্লিপকার্টের সেল ছাড়ার ব্যবস্থা কর তো দেখি...!

জীবনের জরুরী প্রশ্নগুলো



ঘুমিয়ে পড়লে নাকি? 

ছুটিতে পুরী না ছাত?

কত হাজার মরলে পরে মানবে তুমি শেষে..?

এ'টা কি ২৪৪১১৩৯?

বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো?

মাগো আমার শোলক্ বলা কাজলা দিদি কই?

চাঁদা না হয় পরে দেবেন, রসিদটা কেটে রেখে যাই?

আপনি কি শুয়োর?

আরে, মুরারিলাল না?

চিঠি দিবি তো?

চট করে দু'টো ভাতেভাত বসিয়ে দিই?

মেনুতে বিরিয়ানি থাকছে তো?

আপনি রোবট নয় তো?

আসি, কেমন?

যত্তসব ছাতারমাথা, কে বলেছে আমার মনখারাপ?

পয়লা জানুয়ারির লেখা



গতবছর যাদের কপালে প্রেমের চিঠি জোটেনি, এ বছর তারা যেন শিব্রামের বই উপহার পায়৷

গতবছর যাদের প্রমোশন ফস্কেছে, তারা যেন এ বছর হুট করে জমানো ছুটি উড়িয়ে দিয়ে দার্জিলিং ঘুরে আসার সাহস পায়৷

গতবছর যাদের একলা কেটেছে, এ বছর তারা যেন একরাশ নতুন গানকে ভালোবেসে ফেলতে পারে।

গতবছর যারা ভুলের পর ভুল করেছে, এ'বছর তারা যেন নতুন ভাবে সঞ্জীবকে আবিষ্কার করতে পারে।

গতবছর যারা ইঁদুর-দৌড়ে পর্যুদস্ত হয়ে "ধেত্তেরিছাইছাতারমাথা" বলে রণে ভঙ্গ দিয়েছে, এ'বছর তারা যেন হাইকোয়ালিটি মামলেট ভেজে বিশ্বজয় করতে পারে৷

হ্যাপি নিউ ইয়ার, ইত্যাদি৷