Tuesday, May 17, 2022

সোনপাপড়ি পিউরিটানের ব্যথা

ওর ওপর ভীষণ বিরক্ত বোধ করছিলাম৷ একটা পেল্লায় বাক্স সোনপাপড়ি এনেছে, ভালো কথা৷ সোনপাপড়ি খুবই ভালো জিনিস৷ অনায়াসে আইপিএলের চার-ছয়-উইকেটের তালে তালে উড়িয়ে দেওয়া যায়৷ কাজেই সে জিনিস এনে ভুল করেনি৷ ভুল করেছে একটা বিশ্রী ফ্লেভার নিয়ে এসে৷ এলাচ ফ্লেভারের সোনপাপড়ি! এর কোনও মানে হয়? 

প্রথম কামড় দিয়েই টের পেলাম গোলমালটা৷ ফুরফুরে সোনপাপড়ির সেই পিওরিটিটাই নেই৷ আরে সবকিছুতে রিমিক্স রিমেক ঝঙ্কার বিটস বা আনপ্লাগড ব্যাপারস্যাপার আনলেই হল নাকি? এক কামড়েই জিভটা কেমন যেন হয়ে গেল৷ ধুস৷ গোটা চার পিস খাওয়ার পর টের পেলাম যে মেজাজটাই গেছে ছাই খিঁচড়ে৷ অগত্যা ঢকঢক করে খানিকটা জল খেতে হল জিভের নিউট্রালিটি ফেরত আনতে৷ খানিকটা গাভাস্কারের আইপিএল কমেন্ট্রিও শুনতে হল, মন থেকে এলাচ-সোনপাপড়ির ইনফ্লুয়েন্স দূর করতে৷ 

এ পর্যন্ত ঠিকই ছিল৷ অল্প গোলমাল হয়ে গেল যখন টের পেলাম জল-গাভাসকারের কম্বিনেশনেও জিভের একদিকটা চ্যাটচ্যাটে হয়েই আছে৷ সে'টা একটা অস্বস্তি৷ এলাচ সোনপাপড়ির বাক্সটা তখনও বন্ধ করা হয়নি। ভাবলাম চ্যাটচ্যাটে ব্যাপারটা জিভে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ৷ অতএব আরও কয়েক পিস সোনপাপড়ি খরচ হয়ে গেল। আবারও টের পেলাম, কী অদরকারী জিনিস এই এলাচ দেওয়া সোনপাপড়ি৷

সে কথাটাই ওকে বুঝিয়ে বলছিলাম৷ সোনপাপড়ির বাক্স দেখলে আর উঠিয়ে নিলে, অমন ইনডিসিপ্লিন মিষ্টির ব্যাপারে থাকলে চলবে কেন? সিস্টেম চাই, চেকলিস্ট চাই৷ আনারস ফ্লেভারের মাটন প্যাটিস নিশ্চয়ই তুলে নেওয়া চলে না? কাজেই প্যাকেটটা মন দিয়ে পড়তে হবে৷ নতুন ফ্লেভার দেখলে নিজের মনটা ঘেঁটেঘুঁটে দেখতে হবে সে স্বাদ মনের মধ্যে একটা পজিটিভ হাওয়া ছড়িয়ে দিচ্ছে কিনা৷ তারপর আসবে পারচেজ ডিসিশন৷

এ'দিকে আমার আবার সিরিয়াস আলাপ-আলোচনার সময় মুখ চালানোর দরকার পড়ে৷ হাতে কাছে রাখা এলাচ সোনপাপড়ির বাক্সটা তাই বন্ধ করা হয়নি৷ কাজেই যা হওয়ার হল৷ ফাঁকা বাক্সটা চাটতে চাটতেই নিদান হাঁকতে হল; 
"অমন কেয়ারলেসলি সোনপাপড়ি কেনার কোনও মানেই হয় না"।

Sunday, May 15, 2022

চাংবুমজার মোড়ল



- তা'হলে এই তোমাদের ধর্ম, মোড়ল?

- আমরা তো তোমাদের থেকে ধর্ম-অধর্ম বুঝব না ইঞ্জিনিয়ার সাহেব৷ বারবার তোমাদের বলা হয়েছে, এ গাঁ পর্যন্ত পুল বানাতে পারবে না তোমরা৷ নিয়মিত তোমাদের নেতা-আমলা সক্কলকে বারণ করা হয়৷ তা সত্ত্বেও এই বজ্জাতির কী মানে?

- চাংবুমজা গাঁয়ের মানুষের পক্ষে যে'টা মঙ্গল, তা'তে তোমাদের এত আপত্তি কীসের? পাহাড়ের আর পাঁচটা গাঁয়ে ব্রিজ পৌঁছোয়নি? সে'খানে পিচের রাস্তাঘাট তৈরি হয়নি? হাসপাতাল বসেনি? তা'তে মানুষের উপকার হয়েছে৷ তারা সুযোগসুবিধা পেয়েছে, আগের চেয়ে ভালো আছে৷ 

- ব্রিজ৷ রাস্তা৷ স্কুল৷ হাসপাতাল৷ বটেই তো৷ সে'সব গাঁয়ে না আনলে মানুষের মধ্যে শয়তানি, রোগ, আর হাজার রকমের পাপ বয়ে আনবে কী করে! শোনো ইঞ্জিনয়ার, দেওতার আশীর্বাদে আমাদের গাঁয়ের আশি বছরের বুড়োরাও দিনরাত মেহেনত করে, আমাদের কাচ্চাবাচ্চারা সৎপথে আনন্দে বড় হয়৷ 

- তোমার নাতিই গতবছর দু'দিনের জ্বরে মারা গেল না? একটা হাসপাতাল থাকলে, নিদেনপক্ষে ব্রিজটা থাকলে, শিশুটাকে বাঁচানো যেত৷ স্রেফ নিজের জেদের বশে গোটা গাঁয়ের মানুষের ক্ষতি করছ তুমি মোড়ল। 

- আমার জেদ নয় ইঞ্জিনিয়ার সাহেব৷ দেওতার নিদান৷ ও পুল যেই তৈরি করার জন্য উঠে পড়ে লাগবে, তারই সর্বনাশ হবে৷ দেওতার রোষ থেকে মুক্তি নেই৷

- দেওতার ওপর তোমার ভরসা নেহাতই কম দেখছি মোড়ল৷ আমার সর্বনাশটা তাঁকেই করতে দিতে পারতে৷ এ'ভাবে তুলে আনাটা নিশ্চয়ই দেবতার নিদান নয়৷ এ'বার আমায় গুমখুন করবে আর মানুষ জানবে দেওতার রোষে আমি নিখোঁজ৷ তাই তো?

- তোমার বয়স অল্প ইঞ্জিনিয়ার সাহব৷ রক্ত গরম৷ ওই গরম রক্তের অপচয় করে লাভ নেই৷ তবে তোমার নিজের দুনিয়ায় ফেরত গিয়েও আর কাজ নেই৷ 

- এর মানেটা কী? আমায় বন্দী করে রাখবে?

- এ গাঁয়ে মোড়লের অনেক কাজ, ইঞ্জিনিয়ার৷ আর ইঞ্জিনিয়াররা বেশ কাজের মানুষ৷

- এ'সব আজেবাজে কথার কী মানে?

- গত দু'আড়াইশো বছর ধরে বহু ইঞ্জিনিয়ার চাংবুমজায় পুল বানানোর কাজ শুরু করতে চেষ্টা করেছে৷ আর, তাদের সবাই গায়েব হয়ে গেছে৷ জানোই তো। দেওতার রোষ।

- সে তো দেখতেই পারছি৷ কী'ভাবে কী ঘটে৷ আর দেওতার রোষের ভাঁওতাটা এ'বার থাক না মোড়ল৷ 

- বেশ৷ তা, যা বলছিলাম৷ একের পর এক ইঞ্জিনিয়ার গায়েব হয়ে যায়৷ তাই বহুদিন এ'সব পুল বানানোর পরিকল্পনা বন্ধ ছিল৷ কিন্তু অদ্ভুতভাবে, এ'তে আমরাও পড়লাম মহাফাঁপড়ে৷ বিশেষ করে আমি।

- তোমার মাথা ঠিক আছে মোড়ল?

- আমাদের গাঁয়ের মানুষ আমায় কেন এত ইজ্জত দেয় জানো? তুকতাক করে সবার পিলে চমকে দিই বলে নয়৷ সে কাজের জন্য পুরুত আছে৷ আমি বানাই যন্ত্রপাতি৷ আমার দলবল আছে, তবে আমিই উপায় বাতলে দি৷ চাংবুমজায় সে'টাই সবচেয়ে বড় যাদু৷ চাষবাষ, ঘরবাঁধা, জল তোলা, আরও কত কী। সে সমস্তর দায়ই আমার৷ কাজেই বুঝতেই পারছ, চাংবুমজার মোড়লপনা চাট্টিখানি কথা নয়৷ ইঞ্জিনিয়ার না হলে উপায় নেই৷

- আমি কিন্তু কিছুই..।

- আজ থেকে বাহান্ন বছর আগে আমিও এসেছিলাম এ'খানে ব্রিজ বানানোর জন্য ইন্সপেকশন করতে৷ তারপর ওই৷ ফেরা হল কই।

- এ'সব কী ব্যাপার মোড়ল?

- চাংবুমজার মোড়লগিরি গত কয়েক শতাব্দী ধরে আউটসোর্সড। ইঞ্জিনিয়াররা তো হাজার বছর ধরে আছে৷ কয়েকশো বছর ধরে তারা এ'খানে ছুটে আসছে; এ গাঁয়ে রাস্তা বা ব্রিজ বানাবে বলে৷ এককালে তারা আসত রাজার হুকুমে, এখন আসে সরকার বাহাদুরের ইচ্ছেয়৷ আমরা কী করি? দরকার মত ধারালো সব ইঞ্জিনিয়ার নেতাদের তুলে আনি চাংবুমজায়৷ তাদের সামনে দু'টো পথ খোলা থাকে৷ হয় খুন৷ নয়ত চাংবুমজার একজন হয়ে থেকে যাওয়া৷ নিজের ইঞ্জিনিয়ারিং জ্ঞান দিয়ে গাঁয়ের ভালোমন্দ দেখা৷ আর, সময় মত মোড়ল হয়ে ওঠা৷ এই আমার মত। আর বিশ্বাসঘাতকতা করতে চাইলেই মৃত্যু৷ এ গাঁয়ের মানুষের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব।  অবশ্য তাঁদের ভালোবাসার বাঁধন বড় গভীর৷ এ'খানে কিছুদিন কাটানোর পর শহুরে ভাঁওতায় ফিরে যাওয়ার ইচ্ছে উবে যায় হে ইঞ্জিনিয়ার৷ তুমি দেখো। এ'খানে থাকলে ঠকবে না৷ 

- তুমি ইঞ্জিনিয়ার? মোড়ল?

- সে'সব ইতিহাস এ'খন অদরকারী। গত বাহান্ন বছর ধরে আমার পরিচয় আমি চাংবুমজার মানুষ৷ এ'দের  ভাষা, ভাবভালোবাসা, রীতিনীতি সব আমার ধমনীতে ঢুকে গেছে৷ আমার ঘরসংসার সন্তানসন্ততিও এ'খানেই৷ আর গত তিরিশ বছর ধরে আমি এ'খানকার মোড়ল৷ আমার আগে যে মোড়ল ছিলেন সে ভদ্রলোক এককালে বেলজিয়ান ছিলেন৷ মারা গেছেন অবশ্য চাংবুমজার একজন হয়েই। যেমন আমাকেও যেতে হবে৷  বয়স তো কম হল না। যাক গে৷ এ গেল পুরনো কাসুন্দি৷ আমি খবর নিয়েছি। তুমি ভালো ইঞ্জিনিয়ার৷ সংসার পাতোনি এখনও৷ এ'বার ভেবে বলো৷ এসে গুছিয়ে বসবে আমাদের গাঁয়ে? আমি আর ক'দিন, চাংবুমজার মোড়ল তুমিই হবে তারপর৷ তোমার আমাদের বড় দরকার ইঞ্জিনিয়ার৷ যাবে তো? নাকি, আমায় আজ একটা খুন করতেই হবে?

এজেন্ট বর্ধমান



- আপনি তো ক্যালকেশিয়ান দেখছি৷

- বর্ধমান৷

- ওই হল৷ হিমাচলে বসে পুরো বেঙ্গলটাই তো ক্যালক্যাটা৷

- আপনি প্লুটোতে বসে থাকলেও সে ধারণাটা ভুল৷

- প্লীজ ডোন্ট মাইন্ড৷ আপনি কি এ'খানে উইথ ফ্যামিলি?

- না৷ একাই৷ একটা জরুরী কাজে৷

- ও মা। হিলস্টেশনে আবার জরুরী কাজ কীসের মশাই৷ তবে আমিও একাই এসেছি৷ গত বাইশ বছর ধরে সোলো ট্র‍্যাভেল করছি বুঝলেন৷ গ্র‍্যাজুয়েশনের পর নিজের জমানো যৎসামান্য পকেটমানি নিয়ে গোপালপুর গেছিলাম৷ অবভিয়াসলি একাই৷ সেই শুরু৷ বিয়েথাও হল না৷ আমার সংসার বলতে এই ট্র‍্যাভেলিং৷ 

- বাহ্৷ ভালো কথা। 

- তা, আপনার কেসটা কী? তিনদিন ধরে দেখছি এই ম্যালে এসে বসছেন৷ বই পড়ছেন৷ অফিসের ব্যস্ততা নিশ্চয়ই নেই৷ ইয়ে, প্লীজ ফরগিভ মাই কিউরিওসিটি৷ 

- আসলে কী জানেন,  আমার কাজের নেচারটা একটু গোলমেলে৷ অসীম ধৈর্য ছাড়া আমার গতি নেই৷ তবে হ্যাঁ, আমি ছুটি কাটাতে আসিনি৷ এই বেঞ্চিতে বসে দিনের পর দিন কাটাচ্ছি বটে। ওয়েল অবজার্ভড৷ তবে মোটেও ঝাড়াহাতপা নই। 

- আপনি স্পেশ্যাল এজেন্টটেজেন্ট নাকি? ডিটেকটিভ?

- খানিকটা দু'টোই। আমার কাজে ডিটেকশনের একটা আলগা ভূমিকা আছেই৷ ভিড়ের মধ্যে থেকে সঠিক মানুষ চিনে বের করা৷ তার গতিবিধি মেপে নেওয়া৷ সেই অনুযায়ী অ্যাকশন প্ল্যান তৈরি করা৷ আর ভেবে দেখুন, কিডন্যাপার তো এক ধরণের স্পেশ্যাল এজেন্টই। তাই নয় কি?

- এ ধরণের ঠাট্টা খুবই বিশ্রী৷ ঘাট হয়েছে যেচে আলাপ করতে এসেছি৷ নেহাত বাংলা বই পড়ছেন দেখে..।

- ডিডিউস করলেন আমি কলকাতার৷ কিন্তু মনে রাখবেন, কিডন্যাপারদের চোখ কিন্তু অত কাঁচা নয়৷ আর বর্ধমানের কিডন্যাপাররা তো মহাবজ্জাত৷

- গুড বাই।

- আসুন৷ আর বর্ধমানের দিকে এলে চোখকান খোলা রাখবেন৷ হয়ত দেখা হয়ে যেতে পারে৷

ইজ্জৎ

- কাকা, দু'জন দেখা করতে এসেছে৷

- কী চায়, টাকাপয়সা? খুচরো দু'চারটাকা দিয়ে বিদেয় কর৷ উঠোনে বেশিক্ষণ দাঁড়াতে দিসনি৷

- না না, টাকা নয়..।

- এই সেরেছে৷ উপকার করতে বলবে না তো? দেখিস বাবা৷ মিষ্টি কথায় বুঝিয়ে বল পরশু দুপুরে আসতে, উপকার রেডি রাখব৷

- ও মা! কাল থেকে তো তুমি একমাস নেই কাকা৷ তীর্থফীর্থ কোথায় যাবে না?

- আহ্! সে জন্যই তো পরশু আসতে বলছি৷ 

- অ৷ কিন্তু তারা উপকার চাইতে আসেনি তো।

- সর্বনাশ৷ আলাপ জমাতে এসেছে? কেমন-আছেন-আমি-ভালো-আছি মার্কা হাড়জ্বালানের দল? শোন, ও'দের দু'চারদানা নকুলদানা আর আধগেলাস জল দিয়ে কাটিয়ে দে। যত আপদ।

- আরে না গো কাকা! সে'সব নয়৷

- তবে? ওদের মতলবটা কী?

- ওরা সম্মান চাইতে এসেছে।

- কী চাইতে এসেছে?

- সম্মান৷ ইজ্জৎ।  রেস্পেক্ট।

- বাঁশপেটা কর ওদের৷ এখুনি৷ ওরে কে কোথায় আছিস! আন, কাটারি আন৷ বঁটি আন৷ জুতো, লাঠি, মুগুর, সেফটিপিন, গীতবিতান; হাতের কাছে যা পাবি নিয়ে আয়৷ রাস্কেলদের সাহস দেখো, সম্মান চাইতে এসেছে৷ এদের চামড়া গুটিয়ে দে, সম্মান আদায়ের শখ যেন পুরোপুরি মিটে যায়৷ বুঝেছিস?

Monday, May 9, 2022

সানডে অপটিমিস্ট



- ভাইটি।

- ফ্লেক?

- আজ নয়৷ 

- কেন কাকা? সিগারেট কমাচ্ছেন?

- তা নয়৷ তবে এ'সন্ধেয় ফ্লেকবাজি চলবে না হে। 

- এ সন্ধেটা কী'রকম?

- আজ সন্ধেবেলায়, বুঝলে হে; একটা পিকিউলিয়ার মনকেমন অনুভব করছি৷

- কী'রকম মনখারাপ কাকা? হজমে গোলমাল? 

- আরে না না৷ ডাইজেস্টিভ ট্র‍্যাকের বাইরেও জীবন আছে৷ এই মনকেমনের নেচারটা স্পিরিচুয়াল৷

- বুঝিয়েই বলুন না।

- আজ সন্ধে থেকেই, বুঝলে.."আগামীকাল বৃষ্টি হবে" টাইপের মনকেমন৷ 

- যাচ্চলে৷ কাল নামবে নাকি?

- গুগল বলছে কাঁচকলা৷ কিন্তু মন বলছে সোমবারটা জাস্ট ধুইয়ে দেবে৷ তবে ঝেঁপে নামবে দুপুরের দিকে৷ ফাইলের ঢিপির ও'পারের জানালার দিকে তাকিয়ে দেখব ঝাপসা কাচ৷ অফিস থেকে বেরোনোর আগেই অবশ্য ধরে যাবে। ফেরার সময় বাতাসে শুধুই মিঠে আমেজ৷ অটোর সাইডে বসলে মনে হবে ফ্লাইং কার্পেট৷ রোলের দোকানের সামনে দাঁড়ালে মনে হবে চিৎকার করে বলি; তোরা যে যা বলিস ভাই, আমার জোড়া রোলই চাই। 

- তা কাকা, সোমবারের বৃষ্টিতে রোব্বারে মনখারাপ কেন?

- আরে ধের ছাই কাঁচকলা৷ মনখারাপ আর মনকেমন এক নয়৷ মনখারাপ চিমটি, মনকেমন সুড়সুড়ি৷ মনখারাপ খবরের কাগজ, মনকেমন আবোলতাবোল৷ মনখারাপ "ভোট দিন ভোট দিন", মনকেমন হল, "আর একটু ভাত দিই"। কী বুঝলে?

- আপনার মনখারাপ নয়৷ মনকেমন।

- করেক্ট ভাইটি৷ করেক্ট৷ ভ্যাপসা গরম ক্যান্সেল করে একটা বৃষ্টিতে-ঠাণ্ডা লেবুজল-মার্কা সোমবার আসছে৷ সে ঠাণ্ডা হাওয়ার চোটে অফিসের বড়সাহেবের মুখ বাঙলার পাঁচ থেকে তৃপ্ত অনিল চ্যাটুজ্জ্যেতে কনভার্ট হবে৷ অফিস ক্যান্টিনের মেনু সবাইকে চমকে দিয়ে ক্ষীরকদম অফার করবে৷ এমন কত কী দুর্দান্ত সব ব্যাপার ঘটে যাবে; স্রেফ ওই হঠাৎ বৃষ্টির গুণে। 

- কিন্তু কাকা, ওয়েদার ফোরকাস্ট তো বলছে রুখাশুখা দিন। টেম্পারেচার বাড়বে৷ 

- সে হিসেবের ফোরকাস্টটুকুই কি সব রে? এই যে এমনভাবে মন ডাকছে, তার কোনও ভ্যাল্যুই নেই?

- তা আছে কাকা৷ দেখবেন, কাল নিশ্চিত বৃষ্টি হবে৷

- আলবাত হবে৷ হতেই হবে৷ আমি এত কনফিডেন্ট কেন জানিস?

- কেন?

- কারণ আমি সানডে অপটিমিস্ট৷

- অ৷ তা, জর্দাপান দেব কাকা?

- নো স্যার৷ আজ নো জর্দা৷ একটু নরম দাগের কিছু চাই৷ একটু মোলায়েম৷ একটু মখমলে।

- একটা মিঠা বানাই? 

- বানাও৷ তবে নো সুপুরি৷ সাফিশিয়েন্ট গুলকন্দ৷ রকমারি মিঠে মশলা। মনকাড়া খুশবু৷ এক্কেবারে ভীমনাগের পান। কী ইয়ংম্যান,  পারবে না?

- নিশ্চয়ই কাকা..।

- ইরশাদ..।

- কী স্বাদ কাকা?

- পানটা বানাও ভাইটি৷ ধীরেসুস্থে, কেমন?