Monday, May 24, 2021

প্রমথনাথের মাইকেল




ইন্টারনেট বলছে প্রমথনাথ ১৯৮৫ পর্যন্ত বেঁচে ছিলেন৷ ক্যালক্যাটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, আনন্দবাজারে কাজ করেছেন, বিধানসভার সদস্যও হয়েছিলেন৷ কিন্তু এ'সব তথ্য দিয়ে যে'টা মাপা যায়না সে'টা হল ওঁর ভাষার মিষ্টতা এবং ধার৷ ওর লেখা মাইকেল মধুসূদনের জীবনী বিবরণের দিক থেকে সংক্ষিপ্ত কিন্তু মাইকেলের চরিত্র বিশ্লেষণের দিক থেকে অন্যন্য৷ সাকুল্যে একশো কুড়ি পাতার বই অথচ রিসার্চ আর ভাষার গুণে এতটাই সমৃদ্ধ যে   মাইকেল, বাঙালির চরিত্র আর সে সময়ের বাঙলা সাহিত্যের মূল রস তুলে ধরার ব্যাপরে এ বই একটা দুর্দান্ত রিসোর্স। 

খেয়াল করে দেখেছি যে জীবনী রচনার ক্ষেত্রে কয়েকটা বড় সমস্যা দেখা দেয়৷ যেমন ধরুন লেখক দুর্দান্ত রিসার্চ করলেন কিন্তু জার্নাল এন্ট্রির মত সমস্ত তথ্য সাজিয়ে দেওয়ার ফলে যে'টা তৈরি হল সে'টা পড়া প্রায় কাঠ চেবানোর মত একটা অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়৷ আবার অনেক ক্ষেত্রে জীবনীর নামে পড়ে থাকে অলীক রূপকথা, সে হেগিওগ্রাফি হজম করার চেয়ে তিন মিনিটের মধ্যে আধ-বস্তা চিনি গেলা সহজ। মাইকেলকে নিয়ে লিখতে গিয়ে সেই বাড়াবাড়ির ফাঁদ এড়িয়ে ব্যালেন্সটাকে টানাটান ভাবে ধরে রেখেছেন প্রমথনাথ। সবচেয়ে বড় কথা; বইটার পরতে পরতে রয়েছে প্রমথনাথের প্রবল রসবোধ, মেধা এবং সারকাজম (ইন্টারনেটের কলারটানা গুঁতোগুঁতি-মার্কা সারকাজম নয়)। বইটা হেগিওগ্রাফিক না হলেও  আমার রিভিউটা তাই। কাজেই প্রমথনাথের কথা ধার করেই কাজ সারব।  

গোড়াতেই প্রমথনাথ আড়াই পাতার একটা পটভূমি এঁকেছেন; মাইকেলের জীবনী কপচাতে কেন গেলেন সে সম্বন্ধে। অনেকটা নারায়ণ সান্যালের লেখা কৈফিয়ৎ স্টাইলে। এই আড়াই পাতা নিশ্চিন্তে "ডামিজ গাইড টু বায়োগ্রাফি রাইটিং" হিসেবে চালিয়ে দেওয়া যায়। প্রমথনাথ বলছেন, "আমি মাইকেলকে দেবতা করিয়া তুলি নাই; তাঁহার দোষত্রুটি  দেখাইয়া দিয়াছি- এমনকি তাঁহাকে লইয়া ঠাট্টা বিদ্রূপও করিয়াছি; ইহাতে তাঁহার অসম্মান হইয়াছে মনে করি না - বরঞ্চ ইহা দ্বারা তাঁহাকে মানুষ মনে করিয়া সম্মান দেখানোই যেন হইয়াছে। মানুষকেই ঠাট্টা করা যায়- ভালোবাসা যায়। দেবতাকে ঠাট্টা করাও যেমন যায়না, তেমনই ভালোবাসাও যায় না। এই গ্রন্থে মধুসূদন ব্যক্তিটি কেমন ছিলেন- তাহাই প্রকাশ করিতে চেষ্টা করিয়াছি।... পাঠকের কেমন লাগিবে তাহা জানি না, তবে ব্যক্তি মধুসূদন..নিশ্চয়ই উচ্চহাস্যে উল্লাস প্রকাশ করিতেন, মাঝেমাঝে হাততালি দিয়া উঠিতেন; আর লেখক চলিয়া যাইবার উপক্রম করিলে বলিতেন; "Don't go away, man; Boy, give him a peg"। 

বাঙালির গালগল্পের ধাত চিরকালীন; তিলকে তাল না করলে আমাদেত আড্ডা-সংস্কৃতি পূর্ণতা পায়না৷ অটোর লাইনের ঠেলাঠেলি থেকে গ্রেগ চ্যাপেলের কানমলা; দু'চারটে শহীদ খুঁজে উঁহু-আহা না করতে পারলে আমাদের ভাত-ঝোল হজম হয়না। ট্র‍্যাজেডির প্রতি আমাদের সুগভীর লোভ; কিন্তু সেই লোভের বশবর্তী হয়ে অত্যাধিক দৌড়ঝাঁপ আবার আমাদের ধাতে সয় না। সে'দিক থেকে মধুকবি যাকে বলে প্রবলভাবে ব্যতিক্রমী। তিনি ট্র‍্যাজেডির ব্র‍্যাডম্যান। ছেলেবেলায় মেসের এক বন্ধু বলেছিল, "ভাই রে, কবিতা লিখলেই বুঝি কবি হওয়া যায়"? আমার ধারণা মধুসূদন যদি এক লাইন কবিতাও না লিখতেন, স্রেফ ট্র‍্যাজেডি কোশেন্টেই  তিনি কবিশ্রেষ্ঠ হয়ে উঠতেন। তবে মধুকবি লিখেছেন; বাংলা সাহিত্যের ইতিহাসে সত্যিই প্যারাডাইম শিফট (অফিসের পাওয়ার পয়েন্টে লেখা গাঁজাখুরি শিফট নয়) এনেছেন। কারণ প্রতিভার দিক থেকে তিনি অতুলনীয়,  অদম্যও বটে। 

মধুসূদনের মধ্যে একটা প্রবল খ্যাপাটে জিনিয়াস ছিল, সেই জিনিয়াসের নাগাল পাওয়া সাধারণ মানুষের কাজ নয়৷ নিজের ট্যাজেডি তিনে একে একে নিজেই বুনে চলেছেন; হাহাকার করেছেন, খতরনাক আত্মবিশ্বাসে নিজেই নিজেকে বারবার ক্ষতবিক্ষত করেছেন, মানুষকে বিশ্বাস করে পথে বসেছেন আবার মানুষের সান্নিধ্যে তাঁর উত্তরণ ঘটেছে। মাইকেল মধুসূদন নামক দুর্দান্ত রোম্যান্সটি কোনও লেখকের কল্পনায় তৈরী হওয়া সম্ভব বলে মনে হয়না। কাব্যের জন্য জীবন, জাত, ধর্ম বা যা কিছু মূল্যবান; সমস্তই ভাসিয়ে দিতে মধুকবি কসুর করেননি। আবার অর্থের টানে কবিত্ব জলাঞ্জলি দিতেও তাঁর দু'বার ভাবতে হয় না। অবশ্য বাঙালি যেন ভেবে না বসেন যে মধুসূদন আখেরের স্বার্থে উপার্জনে মন দিয়েছিলেন। ভদ্রলোক হয়ে দু'হাতে টাকা না ওড়াতে পারার পাপস্খলন করতেই তার এই প্রচেষ্টা। অর্থ আর কাব্য, এই দুইই তাঁর জীবনে ফুটোনোটের মত।  আমার লেখায় ব্যাপারটা প্রলাপের মত শোনাবে এ'টাই স্বাভাবিক।  সে ধোঁয়াশা কাটাতে বইটা পড়ে ফেললেই হয়।  মধুসূদন নামক রোম্যান্সের সুবাস অল্প কথায় পাঠকের মনে ছড়িয়ে দিতে পেরেছেন প্রমথনাথ।  সে'খানেই এ বই সত্যিই অতুলনীয়। 

প্রমথনাথ মাইকেলের জিনিয়াসকে যেমন ফুটিয়ে তুলেছেন, তেমনই সাবলীল ভাবে মস্করা করেছেন তাঁর বিনয়ের অভাব এবং সাংসারিক বুদ্ধিহীনতার। আবারও বলি, প্রমথনাথের মস্করার ভাষা ছেনিহাতুড়ি নয়, সে ভাষার তুলনা চলে শুধু শিউলি সুবাসের সঙ্গে। অবশ্য এও ঠিক যে সাবজেক্ট হিসেবে মাইকেলের মত সরেস কাউকে জোটানো মুশকিল। 

উদাহরণ  দিই। "মাইকেলের মনে পড়িল বিদ্যাসাগরের কথা৷ বিদ্যাসাগর বলিয়াছেন, "তুমি খুব করিয়াছ। কিন্তু ভারতচন্দ্রকে ছাড়াইতে পারিয়াছ বলিয়া মনে হয় না"। আঃ, কিছুতেই কৃষ্ণনগরের লোকটার সঙ্গে আঁটিয়া উঠা যায়না৷ এখনও সকলে তাকে মাইকেলের চেয়ে বড় মনে করে৷ লোকটা বাংলা সাহিত্যের কী ক্ষতিই না করিয়াছে"৷

আবার মেঘনাদ-বধ সম্বন্ধে মাইকেল নিজেই বলছেনঃ
"এই কাব্য খুব লোকপ্রিয় হইয়া উঠিয়াছে। কেহ বলিতেছে ইহা মিলটনের অপেক্ষাও ভালো; তাহা সম্ভব নয়। কাহারও মতে ইহা কালিদাসকে পরাজিত করিয়াছে, ইহাতে আমার আপত্তি নাই। আমার মনে হয় ভার্জিল, কালিদাস বা টাসোর সমকক্ষ হওয়া অসম্ভব নয়- যদিও তাঁহারা মহাকবি, তবুও তাঁহারা মানুষ বই নয়। মিলটন দেবতা"। 

কাজেই মাইকেল মধুসূদন নামক রোম্যান্সের স্বাদ পেতে হলে প্রমথনাথবাবুর ভাষার দ্বারস্থ না হয়ে উপায় নেই। 


আরও একটা কথা বলে রাখি।  
এই বইতে বাঙালির চরিত্রের ওপর যে খতরনাক কমেন্ট্রি রয়েছে, তার গুরুত্ব আগামী দেড়শো বছরেও কমবে কিনা জানা নেই। এ বিষয়ে বেশি না ফেনিয়ে প্রমথনাথের আর একটা কোটেশন ব্যবহার করে লেখা শেষ করি৷ বিদ্যাসাগরের চরিত্র মাহাত্ম্য অল্প কথায় বোঝাতে গিয়ে প্রমথনাথ লিখছেনঃ

"বিদ্যাসাগর বন্ধুদের মনে রাখিতেন; তাঁহার সমবেদনা মৌলিক আর লজ্জা কেবল চাক্ষুষ ছিল না; কথা দিয়া কথা রক্ষা করিতেন; দানের প্রয়োজন বুঝিলে ঋণ করিয়া টাকা দিতেন; বন্ধুর বিপদ দেখিলে কাজের ছুতায় সরিয়া পড়িতেন না; গাছে তুলিয়া মই টানিয়া লইবার অভ্যাস তাঁহার ছিল না। এক কথায় তিনি বাঙালি ছিলেন না"। 

আর, যেহেতু আমাদের লজ্জা মূলত চাক্ষুষ,  এ বই পড়লে আত্মসম্মানবোধে ঘা লাগার বিশেষ কোনও সম্ভাবনা নেই।

ভালোবাসার



ভালোবাসায় মানুষ

১। অঙ্ক খাতায় তিব্বতি পায়েসের রেসিপি লিখে রাখে।

২। সিগারেটের বাক্সে মৌরি লজেন্স লুকিয়ে রাখে।

৩। আলুপোস্ত দিয়ে ভাত মেখে মা-মা মার্কা মনকেমন খুঁজে বেড়ায়।

৪। পোস্ট-না-করা-চিঠিকে আবোলতাবোলের বুকমার্ক করে রাখে।

৫। "কুছ পরোয়া নহি" হুঙ্কারের শাকে "যাস না ভাই"য়ের মাছ ঢেকে রাখে।

Sunday, May 23, 2021

রোব্বারের ডিমকষা



ডিমের ট্যালট্যালে ঝোলও যথেষ্ট সুস্বাদু হতে পারে৷ ভাতের মধ্যে কাঁচলঙ্কা ডলে,সে ঝোলে মেখে দিব্যি লাঞ্চ সেরে নেওয়া যায়। তবে রোব্বারের ডিমের ঝোল না কষালে মুশকিল, ঝোলের ট্যালট্যালেমো আগামী হপ্তার মেজাজকে ডায়লুট করে দিতে পারে৷ মায়ের রান্না রোব্বারের ডিম তাই ঝোল নয়, কষা। এবং রগরগে৷ 

ডিমের কষা প্রসঙ্গে বিহারের এক ছোট্ট ভাতের হোটেলের কথা মনে পড়ে গেল। কটিহার আর পূর্ণিয়া শহরের মাঝামাঝি, হাইওয়ের ওপর একটা দোকান৷ দু'হাজার দশ থেকে বারোর মধ্যে সে রাস্তা দিয়ে আমার নিয়মিত যাতায়াত ছিল; অফিসের কাজে৷ আমার ড্রাইভার ও খাসদোস্ত ধর্মেন্দ্র মাঝেমধ্যেই সে দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়েছে লাঞ্চ সেরে নেওয়ার জন্য৷  ঝুপড়ি বললে সে দোকানের ওজন স্পষ্ট ভাবে বোঝানো যায়৷ সে'খানে চাল মোটা। অবশ্য মোটা চালে একটা আলাদা স্বাদ থাকে, তা আমিষ ঝোলে মেখে খেতে লাগেও দিব্যি, কিন্তু ওই দোকানের সে চাল বড় বিস্বাদ ঠেকত, কিছুতেই রোচেনি৷ তাই সে'খানে নিতাম রুটি, আলুভাজা আর হাঁসের জোড়া ডিমের কষা৷ 

যে স্টিলের বাটিতে ডিমে দেওয়া হত, তার গায়ে এক ফোঁটা ঝোলও লেগে থাকত না। শুধু মাখোমাখো কালচে ভাজা পেঁয়াজ। আর থাকত রগরগে ঝাল। আবার সেই জিভ-কাঁপানো ঝালের পাশাপাশি থাকত একটা চমৎকার টক-মিষ্টি 'আন্ডারকারেন্ট'; সবমিলে সে স্বাদ সত্যিই অতুলনীয়৷ আমি আর ধর্মেন্দ্র সে ডিমকষার ঝালে হাপুসহুপুস হয়েও যে কত রুটি উড়িয়েছি তার ইয়ত্তা নেই৷ তিন চার গ্রাস রুটি-ডিম মুখে পোরার পর অল্প আলুভাজা মুখে দিতাম জিভ নিউট্রালাইজ করতে, তারপর ফের সেই হাইক্লাস কষায় ডাইভ৷ 

একবার আমরা সে দোকানের পাশ দিয়ে যখন পেরোলাম তখন বিকেল৷ কিষাণগঞ্জ থেকে দিব্যি ভরপেট ভাত খেয়ে বেরিয়েছি, আর লাঞ্চের জন্য দাঁড়ানোর প্রশ্নই ওঠে না৷ দোকান ছাড়িয়ে আধমাইল মত চলেও গেছি, আচমকা বুক বেয়ে এক দীর্ঘশ্বাস উঠে এসেছিল;

"ধর্মেন্দ্রজী, ওই ডিমের কষা আজ আর খাওয়া হল না"।

উত্তরে ধর্মেন্দ্র পালটা দীর্ঘশ্বাস ভাসিয়ে দিয়েছিল। তার মনও যে একই হাহাকারের নৌকায় ভাসছে তা দিব্যি বুঝতে পারলাম।

"ইউটার্ন লেকে ওয়াপস জানেমে জ্যাদা টাইম তো নহি লগেগা ধর্মেন্দ্রজী, তাই না"? জিভের লকলক ততক্ষণে বুকের ধুকুপুকে নেমে এসেছে।

"তুরন্ত পহুচ জায়েঙ্গে জী", বুঝলাম যে ধর্মেন্দ্রও যে নিশির ডাক অগ্রাহ্য করতে পারছে না।

"তবে ভাত তো খাওয়া হয়েই গেছে কিনা, তাই ভাবছিলাম..এখন কি আর রুটি খেতে ইচ্ছে করবে"?

ধর্মেন্দ্রর মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল 
" লাঞ্চ তো হো গয়া৷ লেকিন শাম কা নাস্তা কর লেতে হ্যায়৷ গাড়ি মে বিরেড (পাউরুটি) হ্যায়৷ বস উয়ো অন্ডা উঠানা হ্যায়"।

তার আধঘণ্টার মাথায় পাউরুটি সহযোগে সে হাইক্লাস ডিমকষায় ফিরে গেছিলাম আমি আর ধর্মেন্দ্র৷

ইনভেস্টমেন্ট



- ইয়ে, তা এই শেয়ার মার্কেটের সিচুয়েশনটা কেমন বুঝছেন বিপিনবাবু?

- যারা ভেবেচিন্তে হিসেব কষে পা ফেলে, যাদের ডিসিপ্লিন আছে; তাদের জন্য শেয়ার মার্কেটে সবসময়ই রমরমা৷ 

- আপনার তা'হলে টুপাইস স্মুদলি আসছে বলুন৷

- আমি তো চুনোপুঁটি হে। সামান্য কয়েকটা টাকা এ শেয়ার থেকে ও শেয়ার খেলিয়ে চারাপোনার সাপ্লাইটা এনশিওর করে যাচ্ছি৷ 

- তা বিপিনবাবু, শেয়ারমার্কেটে যদি আমিও টাকা রাখতে চাই..।

- তাই বলো৷ এদ্দিন পর আমার শরীর-স্বাস্থ্যের খবর নিতে আসনি৷ এসেছ ধান্দা নিয়ে৷ 

- ধান্দা শব্দটা কেমন যেন ইয়ে৷

- স্পষ্ট কথাকে হামেশাই ওই ইয়েই মনে হয়।

- সহকর্মী হিসেবে আপনাকে আমরা কতটা রেস্পেক্ট করি বিপিনবাবু..। সে জন্যেই তো আজ..।

- প্রাক্তন সহকর্মী৷

- অফিস থেকে রিট্যায়ার করেছেন বলে কি আমরা আপনাকে ভুলে গেছি ভাবছেন? ছি ছি..। 

- ক্যাপিটাল কত?

- আজ্ঞে?

- মার্কেটে কত রাখতে চাও?

- কত রাখা উচিৎ বলুন তো? ফিক্সড ডিপোজিটই বলুন বা প্রভিডেন্ট ফান্ড, ইন্টারেস্ট তো নোজ-ডাইভ করছে। তাই ভাবছিলাম..লাখখানক টাকার শেয়ার কিনে যদি মাস ছয়েকের মধ্যে ডবল করা যায়..।

- মাস ছয়েকে টাকা ডাবল?

- আপনার মত দুঁদে কনসালট্যান্ট থাকতে..হে হে..।

- শেয়ার মার্কেটে অ্যালকেমির লজিক চলে না৷ তবে উপায় একটা আছে..।

- অপশনস? কল? পুট? ও'সব আমি বুঝব?

- না, না৷ ও'সব মামুলি এলাকায় পড়ে থাকলে তোমার চলবে না৷ তোমায় একটু অন্য স্কেলে যেতে হবে। 

- কী'রকম? 

- লটারির টিকিট কাটো৷ আর পাশাপাশি একের পর এক মানত করে যাও৷

- ঠাট্টা করছেন বিপিনবাবু?

- সিরিয়াস ভায়া। তবে মানতের লেভেলটা ক্রমশ বাড়িয়ে যেতে হবে৷ প্রথম শনিমন্দিরে পঞ্চাশটাকার সন্দেশ মানত করবে৷ তা'তে ফল না হলে কালীঘাটে পাঁঠা৷ তারপর কামাখ্যায় বালুচরী৷ তা'তেও শিকে না ছিঁড়লে তিরুপতিতে সোনার হার৷ বলা যায় না, কোটিটাকার সুটকেস কেউ বাড়ি পৌঁছে দিতে পারে৷ 

- আপনি আমার মক করছেন বিপিনবাবু৷

- অন দ্য কন্ট্রারি৷ শেয়ার মার্কেটে দু'মাসে টাকা ডবল করার চেয়ে স্ট্যাটিস্টিকালি সেফার অপশন সাজেস্ট করছি৷ ক্রিকেট বেটিং সাজেস্ট করতাম তবে বেআইনি কাজ উইক কলজে দিয়ে হবে না।

- ধুস।

- অন আ সিরিয়াস নোট৷ টাকা শিওর শট ডবল করতে যাওয়ার কয়েকটা উপায় আছে৷ এবং সে'টার জন্য দু'মাস অপেক্ষাও করতে হবে না৷ 

- সে'গুলোও শুনেই রাখি৷

- এক নম্বর, প্রয়োজনে মানুষের পাশে আলতো করে দাঁড়াও৷ মানিব্যাগ উপুড় করে দিতে হবে না, এই সামান্য কিছু। বিপদগ্রস্ত মানুষের হাতে দু'পয়সা গুঁজে দিয়ে জাস্ট সরে পড়ো৷ পিছু ফিরে তাকিও না। দু'নম্বর৷ ঘুরে বেড়ানোর প্ল্যান ছকে ফেলো। একবার সাহস করে, আখেরের চিন্তায় ঘাবড়ে না গিয়ে, বোনাসের টাকা আর একঝাঁক আর্ন্ড লীভ পাহাড়ে ঘুরে খরচ করে ফেলো৷ বুকের ভিতর হাইক্লাস ভালোবাসা জেনারেট হবে হে, আর তাতেই আখেরে মঙ্গল৷ এমন কোনও স্টক মার্কেটে নেই যা এই রিটার্ন ম্যাচ করতে পারে৷ কেমন?

Saturday, May 22, 2021

গোলকবাবুর প্ল্যানচেট



- দত্ত, আজ একটু লেট করে ফেললে দেখছি৷

- আর বলেন কেন গোলকদা৷ বাতাসে এত ইমপিউরিটি..।

- এয়ার পলিউশন কি তোমাদের মুভমেন্টকে এফেক্ট করে?

- গোলক সমাদ্দারের মত পোড় খাওয়া প্ল্যানচেটিয়ের তো সে'টা জানা উচিৎ৷ তবে পলিউশন বাদেও দেরী হওয়ার আরও একটা কারণ আছে৷ 

- সে'টা কী..।

- আপনার এই ড্রয়িংরুমে একটা বিশ্রী ভাইব্রেশন টের পাচ্ছি বুঝলেন। কাজেই মিডিয়ামে ল্যান্ড করতে সামান্য অসুবিধে হচ্ছিল।

- মিডিয়ামে ল্যান্ড করতে প্রব্লেম? দিবাকরের শরীরে ঢুকতে অসুবিধে? সে কী!

- দোষটা অবিশ্যি দিবাকরের নয়৷ মিডিয়াম হিসেবে ও সত্যিই অতুলনীয়৷

- নয়ত আর তাকে মাসমাইনে দিয়ে পুষছি কেন বলো৷ আরে আমার সেক্রেটারির দরকারটাই বা কীসে৷ তা, ওই বিশ্রী ভাইব্রেশনের কেসটা কী ভাই দত্ত? সন্ধ্যেবেলা খানিকক্ষণ ভজন শুনেছিলাম বটে৷ তা'তে রুমের পরিবেশ নষ্ট হয়নি তো?

- আহ, ও'সব সুপারস্টিশনের কোনও মানে হয়? আরে বাবা ভূতেরা ভজন দিব্যি ভালোবাসে৷ কীর্তন হলে তো তোফা৷ ওই রামনামে ভূত ভাগানোর ব্যাপারটা জাস্ট বোগাস৷

- তা'হলে অসুবিধেটা কোথায় সে'টা খুলে বলো৷ প্ল্যানচেটে বিঘ্ন মোটে ভালো কথা নয়৷ এর আগে তুমি বা তোমার ইয়ারদোস্তরা যবে যে অসুবিধের কথা বলেছ, সে'সব দূর করতে আই হ্যাভ লেফট নো স্টোন আনটার্নড৷ তাই নয় কী?

- সে জন্যেই তো আপনার মত প্ল্যানচেটিয়ের কাছে হরেকরকম আত্মা নিশ্চিন্তে সারেন্ডার করে৷ 

- অবিশ্যি, দিবাকরেরও ক্রেডিট রয়েছে৷ ওর মত হাইক্লাস মিডিয়াম ছাড়া এ'সব সম্ভব হত না৷ 

- কিন্তু প্ল্যানচেট জিনিয়াস তো আপনিই, তাই নয় কি গোলকদা?

- হে হে হে৷ তা, সবই তো জানো হে দত্ত৷ আমি একা  রিটায়ার্ড মানুষ৷ ভগবানের দয়ায় আমার যা আছে তা দিয়ে দু'বেলা দরাজ হাতে হরির লুঠ বিলোলেও জীবনটা দিব্যি কেটে যাবে৷ এই প্ল্যানচেটের শখ নিয়েই পড়ে রয়েছি৷ মাঝেমধ্যে তোমাদের ডেকে গল্পগুজব করে বাকি দিনগুলো আনন্দে কাটিয়ে দেব, এ'টুকুই আশা৷ তা এই বিশ্রী ভাইব্রেশনের কেসটা তো তলিয়ে দেখা উচিৎ৷ তোমরাই হলে গিয়ে আমার জীবনের ধ্রুবতারা, তোমাদের ল্যান্ডিংয়ে অসুবিধে হলে যে ক্যালামিটি ঘটে যাবে৷ 

- আপনার এই ঘর মিস্টিক পাওয়ারে পরিপূর্ণ ,  বুঝলেন৷

- মিস্টিক পাওয়ার। জানো দত্ত, অন্য আত্মারাও তাইই বলে কিন্তু৷ আশেপাশে খুব জোরালো যন্ত্রণা বা নির্মম দুঃখ কোথাও ভেসে বেড়ালেই নাকি তার ছোঁয়া আমার এই প্ল্যানচেট জোনে এসে পড়ে। এই গত হপ্তাতেই সান্যালের আত্মাও ঠিক এ কথাটাই বললে।

- সান্যালের আত্মা তো রীতিমতো মজবুত৷ আমাদের দুনিয়ায় সে বেশ কেউকেটা একজন।

- ও পাড়ায় যে তুমিও একজন এলিট হিসেবে সুনাম অর্জন করেছ তা আমি জানি কিন্তু৷ অবিশ্যি এটা শুনতে তোমার বিনয়ে বাধে, তা আমি বুঝি।  যাক গে, নেগেটিভ 
ভাইব্রেশনটা কীসের বলো তো?

- আজ কেন জানিনা মনে হল যেন ছোট ছোট ছেলেমেয়েদের হাহাকার ভেসে বেড়াচ্ছে যেন আপনার এই প্ল্যানচেট জোনে৷ আর সে সব হাহাকারে বাতাস ঘোলাটে হয়ে পড়ে কিনা..মিডিয়ামকে গ্রিপ করতে বড় ঝ্যামেলা হয়।

- ছোট ছোট ছেলেমেয়ের হাহাকার..।

- বাতাসে কেন ভাসছে বলুন তো দেখি গোলকবাবু?

- উম..।

- কেন?

- আই থিঙ্ক আই নো। 

- ব্যাপারটা কী?

- এ পাড়াতে একটা অনাথ আশ্রম আছে৷ তাদের হরদম হরেক রকমের বায়নাক্কা৷ আর মনু মিত্র হল সে আশ্রমের সেক্রেটারি,  আজকাল খুব যাতায়াত আরম্ভ করেছে ডোনেশনের জন্য। বলে ফান্ডের অভাবে নাকি ছেলেমেয়েগুলোর নিউট্রিশন মার খাচ্ছে৷ দু'পাঁচশো টাকা নয়, এক্কেবারে দশ হাজার চেয়ে বসলে৷ আরে, টাকা কি খোলামকুচি নাকি?

- নয়ই তো৷ টাকা কি গাছে ফলে? 

- আমিও তাই বললাম মনুকে। কিন্তু সে মহাত্যাঁদড়। 

- টাকা অমন ফস করে দিলেই হল নাকি৷ 

- তুমিই বলো দত্ত, কী বিশ্রী জুলুম৷

- তবে কিনা, ওই খোকাখুকুদের হাহাকার আপনার এই প্ল্যানচেট জোনের বাতাসকে এমন বিষিয়ে তুলছে..। আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে পড়েছে কমিউনিকেশন..।

- আরে শোনো দত্ত, তোমরা হলে প্রায়োরিটি।  আর হাজার দশেক আর এমন কী৷ এইত্তো, গেল মাসে এক আত্মা এমনই ফাঁপরে পড়েছিল৷ তার সমস্যা দূর করতে একটা দাতব্য চিকিৎসালয়ে দিয়ে দিলাম কড়কড়ে পঁচিশ হাজার টাকা। তারপর এই ধরো মাস চারেক আগে এ'রকমই চাপে পড়ে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ফস করে স্পনসর করে ফেলেছিলাম। তুমি ওই বাতাসে ভেসে বেড়ানো খোকাখুকুদের হাহাকার নিয়ে ভেবো না। ওর একটা হিল্লে আমি কালই করে দেব৷ মনু দশ চেয়েছিল, কাল ওকে ডেকে আমি সোজা কুড়ি হাজারের চেক লিখে দেব৷ ঝ্যামেলা খতম।

- তাই বলে অতগুলো টাকা গোলকদা...।

- আরে কোয়ালিটি আত্মাদের জন্য কুড়ি হাজার আর এমন কী হে.. ও নিয়ে তুমি ভেবো না৷ 

**

- হ্যালো, মনুদা!

- হ্যাঁ, বলো দিবাকর। 

- শুনুন। আপনার কাজটা হয়ে গেছে৷ কালকেই হয়ত গোলকবাবু আপনাকে ডাকবেন চেক লিখে দিতে৷

- কী বলছ দিবাকর..গোলকবাবু অনাথ আশ্রমে ডোনেট করতে রাজী হয়েছেন?

- আমি তো বলেইছিলাম। উনি ঠিক রাজী হবেন৷ ইন ফ্যাক্ট, একটু জোরাজুরি করলে উনি দশ হাজারের অনেক বেশি টাকা অফার করবেন৷ বলে রাখলাম, কথাটা মাথায় রাখবেন। শুধু আমার ব্যাপারটা পাঁচকান করবেন না যেন।

- নিশ্চয়ই নয়৷ দিবাকর, তুমি সত্যিই জাদু জানো৷ তুমি গোলকবাবুর সেক্রেটারি হয়ে আসার পর থেকেই দেখছি অমন চশমখোর মানুষও কর্ণের মত দানধ্যান করে চলেছে। আমেজিং! 

- থিয়েটার ছেড়ে এই সেক্রেটারির খাজা চাকরী নিয়ে তো আমি এমনি এমনি পড়ে নেই মনুদা। চারদিকে এত হাহাকার, সে'সব সামাল দিতে প্রত্যেককে কিছু না কিছু তো করতেই হবে৷ তাই না?