Monday, October 5, 2020

দ্য পুজো পুজো রোব্বারস


দিব্যি কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে খটরখটর কী-বোর্ড চালিয়ে যাচ্ছিল অনিন্দ্য৷ দিব্যি।

সাতটা এক্সেল শিট আর আর তিনটে ওয়ার্ড ফাইল চোখের সামনে খোলা। কনসেন্ট্রেশন তুঙ্গে, কাপের কফি আধঘণ্টা আগেই ফুরিয়েছে অথচ মাঝেমধ্যে সেই খালি কাপেই চুমুক দিচ্ছিল সে। 

এমন সময় হল কী...কম্পিউটারটা আপনা থেকেই রিস্টার্ট হল৷ সমস্ত খোলা ফাইলকে না পাত্তা না দিয়ে সে ব্যাটার স্ক্রিন দুম করে বন্ধ হয়ে আবার জ্বলে উঠলো৷ অনিন্দ্যর মেজাজটাও গেল বিগড়ে। আচমকা সে টের পেল কফির কাপটা ফাঁকা। তারপর খেয়াল হল আশেপাশের কিউবিকেলগুলোও ফাঁকা। কেউ কোত্থাও নেই। অনিন্দ্যর মনে পড়ল আজ রোব্বার। অন্য কারুর অফিসে আসার কথা নয়৷ কিন্তু তাকে প্রায়ই ছুটির দিনে আসতে হয়৷ প্রায়ই তাকে রোব্বারি-তলব পাঠান বড়সাহেব৷ বড়সাহেবের রোব্বারি ডাক সবাই এগিয়ে গেলেও অনিন্দ্য পাশ কাটাতে পারেনা। সে জন্য অবিশ্যি বড়সাহেব তাকে বিশেষ পছন্দ করেন। 

যা হোক। কম্পিউটার রিস্টার্ট হওয়ার সময় কনসেন্ট্রেশনটা গেল গুলিয়ে। আর সে'টাই হল কাল। মুহূর্তের অসাবধানতায় অনিন্দ্যর চোখ গিয়ে পড়ল জানালার ও'পাশে, আকাশের দিকে। এক্সেল, ওয়ার্ড ডক, আউটলুক ইনবক্স সব কেমন ঝাপসা হয়ে পড়ল। কেমন একটা অস্বস্তিকর ঝকঝকে নীল৷ বারো ঘণ্টা অফিস, বাড়ি ফিরে একার সংসারে সামান্য রান্নাবান্না আর রাতের দিকে টিভির পাশাপাশি ল্যাপটপে অফিসের দু'একটা খুচরো কাজ দেখতে দেখতে গা এলিয়ে দেওয়া৷ 

এ'সব কিছুর মধ্যিখানে আকাশের দিকে চোখ যাওয়ার কথা নয়, দৈবক্রমে আজ গেল। রিস্টার্ট হওয়া কম্পিউটারের স্ক্রিনে কিছুতেই আর চোখ আটকে রাখা যাচ্ছেনা৷ অথচ ওই হতচ্ছাড়া আকাশের দিকে তাকানোরও সাহস হচ্ছে না৷ মিনিট সতেরো ছটফট করার পর বড়সাহেবকে একটা ফোনই করে বসল অনিন্দ্য।

- হ্যালো। বলো অনিন্দ্য। 

- হ্যালো স্যার।

- গুপ্তার ফাইলটা কম্পলিট হল? খুব আর্জেন্ট কিন্তু। রাত হলেও ক্ষতি নেই কিন্তু ফাইলটা কম্পলিট করা চাই। অবশ্য, তোমার কাছে তো এ'সব জলভাত।

- হ্যাঁ। স্যার, ওই ফাইলটার ব্যাপারেই একটা কথা বলার ছিল।

- বলো না।

- ফাইলটা আর আজ প্রসেস হবে না।

- সে কী। এনিথিং রং?

- নীল।

- হোয়াট?

- আকাশের রঙটা৷ কেমন একটু অস্বস্তিকর নীল৷ আপনি দেখেছেন?

- আর ইউ ওকে অনিন্দ্য?

- ফাইলটা আজ আর হবে না৷ 

- বাট ইট ইস ভেরি আর্জেন্ট।

- কাঁচকলা। 

- হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইস দিস?

- গুপ্তাদের ফাইলটা তিনদিন পরে করলেও ক্ষতি নেই। আমি শিডউল চেক করেছি।

- বাট উই মাস্ট স্টে আহেড অফ দ্য শিডিউল।

- ইউ মাস্ট। আমার মাস্ট তো স্রেফ আপনার মাস্টে তালে মিলিয়ে চলা। 

- ব্যাপারটা কী বলো তো? 

- ফাইলটা আজ আর হবে না। আগামীকাল আর পরশু আমি ছুটি নিচ্ছি৷ ক্যাসুয়াল লীভগুলো খামোখা প্রতি বছর নষ্ট হয়। বুধবারের মধ্যে বরং আপনি ফাইলটা পেলেও পেতে পারেন।

- ক্যাসুয়াল লীভগুলো নষ্ট হয় বলেই ইউ আর আ ফাস্ট রাইজার। সে'টা ভুলে যেওনা।

- কেরিয়ারে ফাস্ট রাইজ করব বলে ক্যাসুয়াল লীভ নিই না, আপনা এই ধারণা ভুল৷ ছুটি চাইতে বুক কাঁপে, ঘাড়ে চাপানো আজেবাজে কাজ কেন করব সে লজিকাল প্রশ্ন করতে ভয় পাই। এক্সেলেন্সে মন নেই, কম্পলায়ান্স কম্পল্যায়ান্স করেই ফতুর হচ্ছি৷ প্রমোশনের লোভ আমার নেই স্যার। কিন্তু চাকরীতে এ'দিক ও'দিক কিছু হলে লিলুয়ার মেজপিসি চিমটি কেটে কী বলবে তা ভেবে কেঁপে উঠি। রিয়েলি। "ইয়েস স্যার ইয়েস স্যার" যে আউড়ে চলি তা কিন্তু স্রেফ ভয়ে। অ্যাম্বিশনে নয়। 

- বটে? এ'সব ফিলোসফিকাল বাতেলা আমায় শোনাতে এসো না। মনে রেখো, সামনেই রিভিউ..।

- আর সামনেই পুজো। জানেন, কিছুক্ষণ আগেই খেয়াল পড়ল। বছর কুড়ি আগে কেনা কয়েকটা পুজোসংখ্যা আমার  পুরনো বইয়ের ট্রাঙ্কে এখনও রাখা আছে। পড়া হয়নি৷ তখন পরীক্ষার নম্বর কমলে মধ্যবিত্ত বাপ-মায়ের মধ্যবিত্ত স্বপ্নভঙ্গ হবে, সে ভয় ছিল। এখন বাপ-মা আর নেই বটে। তবে ভয় বয়ে বেড়ানোর অভ্যাসটা রয়ে গেছে স্যার। কিছু একটা না করলেই নেই।

- য়বাজে বকার সময় আমার নেই। কম্পলিটেড ফাইলটা আমার রাতের মধ্যে চাই।

- আজ রাতের মধ্যে কুড়ি বছর পুরনো শারদীয়া শুকতারার রিভিউ পেতে পারেন। আগামীকাল রাতের মধ্যে সাতপুরনো পুজোবার্ষিকী আনন্দমেলার রিভিউ।  পরশু রাত্রের মধ্যে পাবেন পুরনো কিশোরভারতী পুজোসংখ্যার রিভিউ। তারপরের দিন বোধ হয় এই ফাইলটা পেলেও পেতে পারেন।

- ইউ ইডিয়ট!

- আই এগ্রী স্যার। এমন পুজো পুজো রোব্বারের দুপুরে কোথায় কড়াইতে মটন কষাবো! তা নয়। আমি অফিসে বসে ভিলুকআপ চালিয়ে হদ্দ হচ্ছি। আলবাত আমি ইডিয়ট৷ যাকগে, এখন আসি বরং।

সেল্ফ হেল্প

যে সেলফ হেল্প বইগুলো আমি পড়তে চাই -  

১। দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ ল্যাদিস্টস।

২। হাউ টু উইন এক্ট্রা ফাউস অ্যান্ড ইনফ্লুয়েন্স ফুচকাদাদাস।

৩। দ্য পাওয়ার অফ "ভাল্লাগছেনা"।

৪। দ্য সাটল আর্ট অফ "সোফা ছেড়ে উঠব না"। 

৫। দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিরিয়ানি।

নেশা ও সলিউশন


- এই যে অনির্বাণ। ও'দিকে কোথায় ছুটে যাচ্ছ। এ'দিকে এসো। 

- বড়সাহেবের চেম্বারে দিকে যাচ্ছিলাম। জরুরী তলব।

- ব্রাদার। হিউম্যান রিসোর্সে থেকে অমন তাড়াহুড়ো করতে নেই। 

- বস তাড়া দিলেও নয়?

- তা'হলে তো একেবারেই নয়। সিনিয়রদের লাই দিয়ে মাথায় না তোলাটাই বুদ্ধিমানের কাজ।

- সান্যালদা, কী যে বলেন আপনি মাঝেমধ্যে। 

- বাইশ বছর এই কোম্পানিতে আছি হে। আজ পর্যন্ত একটা প্রমোশনও মিস করিনি। কাজেই আমি যখন যাই বলি, জানবে সে'গুলো আদতে বাণী। 

- একটু বুঝিয়ে বললে সুবিধে হয় সান্যালদা।

- বড়সাহেব কেন ডেকেছেন। সে'টা জানা আছে?

- কোম্পানির অবস্থা তো সবই জানেন। গতমাস থেকে ফ্যাক্টরির সমস্ত লেবারদের সবার মাইনেকড়ি আটকে আছে। সামনের হপ্তায় কিছু টাকা পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু ফিনান্স থেকে আজ জানালে আগামী মাসখানেক তেমন কোনও সম্ভাবনা নেই। এ'দিকে আজ বিকেলে খেপচুরিয়াস ইউনিয়নের নেতারা আসছেন বড়সাহেবের সঙ্গে মিটিং করতে। তাঁদের কী ভাবে শান্ত করা যায়..সে'সব নিয়ে আলোচনা করতেই আমায় ডেকেছিলেন বড়সাহেব।

- আই সী। তা, কী ভাবে তাঁদের শান্ত করবে? মিটিংয়ে শিঙাড়া জিলিপি আর সল্টেড কাজুবাদাম খাইয়ে? 

- সান্যালদা। সিচুয়েশনটা বেশ যাকে বলে..অগ্নিগর্ভ। 

- তা, কী সলিউশন অফার করবে বড়সাহেবকে? উনি নিশ্চয়ই তোমায় কফি বিস্কুট খাওবেন বলে ডাকেননি।

-  সলিউশন তো একটাই৷  বকেয়া মাইনে মেটানো৷ 

- কোম্পানির ফিনানশিয়াল স্টেটমেন্টগুলো দেখেছ?

- জানি, পরিস্থিতি আদৌ ভালো নয়। মনে হয় না আগামী তিনমাসের মধ্যে লেবারদের কোনওরকম কিছু দেওয়া যাবে।

- বটে। তিনিমাস মাইনে না হলে, তোমার বড়সাহেবকে টিকতে দেবে কারখানার শ্রমিকরা? আর বড়সাহেব না থাকলে আমাদের টিকিজোড়াই বা আমরা কোথায় বাঁধব?

- লেবারদের কি কোনও ভাবেই ঠাণ্ডা রাখা যায়না?

- এতগুলো মানুষের পেটের খিদেকে কী'ভাবে ঠাণ্ডা করবে বাবু হিউম্যানরিসোর্স? সেল্ফি কন্টেস্ট ঘোষণা করে না স্লোগান রাইটিং কম্পিটিশন অর্গানাইজ করে?

- জাস্ট ছিঁড়ে খাবে কিন্তু আমাদের। আফটার অল, আমাদের মিসম্যানেজমেন্টের জন্যই তো ওদের আজ এই অবস্থা। ফ্যাক্টরির প্রডাকশনে তো কোনও অসুবিধে হয়নি।দে হ্যাভ বিন কোয়াইট এফিশিয়েন্ট।

- সলিউশন ছাড়াই বড়সাহেবের ঘরে ঢুকবে অনির্বাণ? 

- কিন্তু এই সিচুয়েশনে আর তো কোনও উপায়ও নেই সান্যালদা। শ্রমিকদের খাওয়া জুটছে না৷ তারা আমাদের কথা শুনবে কেন?

- শ্রমিকরা তোমার কথা শুনবে না। কিন্তু ইউনিয়ন শুনবে।

- ইউনিয়নই বা আমাদের হয়ে কথা বলবে কেন?

- যুক্তির ভরসায় থাকলে চলবে না। উহাদেরকে ওপিয়াম জোগান দিতে হইবে।

- ওপিয়াম? ঘুষটুষ দিতে বলছেন নাকি?

- ঘুষ খুব পাতি ব্যাপার অনির্বাণ।  ও'দিয়ে এক'দুজন ধান্দাবাজকে কেনা যায়। জনতার আগুন মেজাজকে বশে আনা যায়না।

- তা'হলে ওপিয়ামটা কি?

- বসন্ত ভৌমিক। ওই যে, এই ইউনিয়নের উঠতি নেতা। গত  মাসে ফ্যাক্টরিতে নাইটশিফট করে ফেরার পথে কিছু লুম্পেনদের খপ্পরে পড়ে৷ মারধোর খায়। মোটোরবাইক, রিস্টওয়াচ আর মানিব্যাগ খোয়ায়। 

- তার সঙ্গে আমাদের সমস্যার কী সম্পর্ক?

- পেশেন্স অনির্বাণ।  পেশেন্স। 

- বেশ। বলুন। 

-মাসখানেক পরেও পুলিশ সেই লুম্পেনদের  পাকড়াও করতে পারেনি। লোকাল থানার ওসি সুবিমলবাবু ভারী মাইডিয়ার। আমার সঙ্গে পুরনো যোগাযোগ।  বড়সাহেবের তরফ থেকে সামান্য নজরানা প্রায়ই যায় তার কাছে। তিনি আমাদের সাহায্য করবেন। আমি তার সঙ্গে একপ্রকার সমস্ত কথাবার্তা বলে রেখেছি।

- কী কথা সান্যালদা?

- পুলিশ আজ দুপুরে রাইভাল ইউনিয়নের অমল সমাদ্দারকে অ্যারেস্ট করবে।

- অমল সমাদ্দারকে অ্যারেস্ট করবে? কেন? সে বসন্ত ভৌমিকের রাইভাল নেতা হতে পারে৷ সমাদ্দার লোকটা যে বিশেষ সুবিধের তাও নয়। কিন্তু তাই বলে সে বসন্তবাবুকে মারধোর করার বান্দা নয়৷ আর চোর তো নয়ই।

- আমি নিশ্চিত অমল সমাদ্দার এ কাজ করেনি৷ তবে তা বিচার করার দায় তোমার আমার নয়৷ পুলিশ দুপুরে তাকে তুলে নিয়ে যাবে। দুই ইউনিয়নের মধ্যে খামচাখামচি শুরু হবে। একে অপরকে সন্দেহ করবে। গসিপ করবে। গুজব ছড়াবে। লোকাল নেতারা সে হল্লায় সামিল হবে। আজ বিকেলে যখন আমাদের ইউনিয়নের নেতারা আসবে, তখন মাইনের চেয়েও বেশি আলোচনা হবে অমল সমাদ্দারের শয়তানি নিয়ে। বড়সাহেব বলবেন যে তিনি আমাদের শ্রমিকদের ইউনিয়নের নেতা বসন্ত ভৌমিকের এমন হেনস্থা কিছুতেই বরদাস্ত করবেন না। উই উইল অফার এভ্রি কাইন্ড অফ হেল্প টু আওয়ার ফ্রেন্ডস ফ্রম দি ইউনিয়ন। আমরা উকিল দেব, পুলিশ লাগাব।

- মাইনে নিয়ে আলোচনাটা তা'হলে এ যাত্রা বোধ হয় থামানো যাবে। তাই না সান্যালদা?

- আমাদের তিনমাস দরকার অনির্বাণ। তিনমাস পর খালিপেট থেকে আধপেট হলেই তারা বর্তে যাবে। তারপর কে আসল লুম্পেন সে'টা জানা যাবে কি যাবে না, তা নিয়ে ভেবে আমাদের কাজ নেই।

- আপনি জিনিয়াস সান্যালদা।

- যুক্তির চেয়ে নেশায় কাজ দেয় বেশি। এই বেদবাক্যটা চিরকাল মনে রেখ হে। এ'বার পা চালোও, বড়সাহেব অনেকক্ষণ অপেক্ষা করছেন।

প্রজাপতি

কলকাতা সরগরম।
ফুটপাত জমজমাট।
সন্ধ্যের হইহট্টগোল, ট্রামের ঘরঘর, 
বাসের হর্ন আর অটোর হুড়মুড়। 
ভীড়। ঠেলাঠিল। 
"আরে দাদা, একটু দেখে পা ফেলবেন তো" গোছের খোঁটা।

ব্যস্ততার স্রোত বয়ে যায়, সন্ধ্যের এই সময়টা শ্বাস ফেলার ফুরসৎটুকু পায় না কলকাতা। আহা, মানুষের দল বাড়ি ফিরছে। শহরের গায়ে যে কী অবিশ্বাস্য গতি লেগে থাকে এই সময়।

সেও ছুটছিল। 
অবিশ্বাস্য গতিতে। 
তবে কলকাতার উল্টো দিকে। 

কলকাতা ডাইনে ছুটলে, সে এগোচ্ছে বাঁয়ে। 
কলকাতা ছড়া কাটলে, সে ধরছে খোলতাই টপ্পা।
কলকাতা ধুরন্ধর চালে কিস্তিমাত করতে চাইলে, সে চালছে দু'ছক্কা পাঁচ।
কলকাতার কভার ড্রাইভের জবাবে তার বাইসাইকেল কিক।
কলকাতা উত্তম হাসি হাসলে, সে ভাসিয়ে দিচ্ছে তুলসী চক্কোত্তি মার্কা 'বাপ রে বাপ রে বাপ'।

মোদ্দা কথা হল কলকাতার বয়ে চলা অগ্রাহ্য করে সম্পূর্ণ উল্টো খাতে বইছিল সে। গোটা শহরটাকে এক অন্য ডাইমেনশনে ফেলে রেখে অন্য জগতে এসে পড়েছিল সে।

সে ছুটছিল। 
একহাতে কাগজের ঠোঙায় ডিমপাউরুটি৷ পাউরুটি, ডিম আর সর্ষের তেলে ভেজা কাগজের গন্ধ মিলেমিশে তার নাকেবুকে নহবত বসিয়েছিল যেন। অন্য হাতে একজোড়া প্রজাপতি বিস্কুট। 

ডিমরুটির নরম আর প্রজাপতি বিস্কুটের মিঠে মুচমুচ ব্যালেন্স করে সিকি মাইল ছুটে গিয়েছিল সে। শার্টে ঘাম, বুকে ধুকুরপুকুর, আর আলো আলো মুখ। সে ছুটে যাওয়াটা কলকাতার দৃষ্টিগোচর হয়নি। 

তার ছুটে আসা যে দেখেছিল একজোড়া ঝাপসা চোখ। 

- এই যে।

- এ'গুলো কী?

- দু'দিনের জন্য শহরে ঘুরতে আসো। পিটারক্যাটফিটারক্যাট মার্কা লারেলাপ্পাতে কাটিয়ে ওয়াপিস চলে যাও । তাই এই ডিমপাউরুটি। আর চায়ের দোকানের বয়াম থেকে নিজের হাতে তুলে নেওয়া বিস্কুট। দ্যাট ট্যু প্রজাপতি। কলকাতা মেড-ইজি ফর ইউ।

- তুমি ছুটে আনতে গেলে?

- ডিমপাউরুটির উষ্ণতাটা রিটেন করার জন্য। তাছাড়া, তোমার সময় কম। ছুটলে দু'মিনিট বাঁচে। 

ঝাপসা-চোখজোড়ার শাড়ির আঁচল টেনে ধুকুরপুকুর-বুক নিজের কপালের ঘাম মুছতে চেয়েছিল।
সাহসে কুলোয়নি।

সে সাহসের অভাবটুকুও কলকাতার দৃষ্টিগোচর হয়নি।

Wednesday, September 2, 2020

ধপাস

সাঁইসাঁই।
সাঁইসাঁই।
সাঁইসাঁই।

পড়ছি তো পড়ছিই।
পড়ছি তো পড়ছিই।
পড়ছি তো পড়ছিই।
পড়ছি তো পড়ছিই।

বহুক্ষণ পর আমার পড়া একটা প্রবল 'ধপাৎ' শব্দে; এসে নামলাম নরম স্যাঁতসেঁতে শ্যাওলাধরা মাটির ওপর। 

এ'খানে দিনের আলো এসে পৌঁছয় বলে মনে হয়না। চারদিকে গুমোট অন্ধকার, চরম অস্বস্তিকর একটা পরিবেশ। 

খানিকটা ধাতস্থ হওয়ার পর চারপাশটা জরীপ করার চেষ্টা করলাম। কোমরের চিনচিনে ব্যথা একটা আছে বটে, তবে সে'সব পাত্তা দিলে চলবে কেন?

ও মা। 

এই গর্তে আমি একা নই। আর এক ম্যাদামারা ভদ্রলোক থেবড়ে বসে। তিনিও যে সদ্য ধপ্ করে ল্যান্ড করেছেন তা বলে দিতে হবেনা। একটি সঙ্গী পেয়ে বুকে সামান্য বল পেলাম। 

এগিয়ে গেলাম আলাপ করতে।

- এই যে। শুনছেন? হ্যাঁ৷ আপনাকেই বলছি।

- কে? কে কথা বলে?

- এই যে। আমি। আমিও এইমাত্র এই গর্তে এসে পড়লাম।

- অ। আপনিও। 

- হ্যাঁ। নমস্কার।

- পেন্নাম।

- দেখা যখন হয়েইছে তখন আলাপটাও সেরে নেওয়া যাক। আমার নাম কনফিডেন্স। আর আপনি?

- আমি? আমি জিডিপি।