Sunday, December 30, 2018

অ্যাসিস্ট্যান্ট


- ওকে গুগল।
- এত রাত্রে? কী ব্যাপার ?
- বুঝলে হে, জুত হচ্ছে না ঠিক।
- বুঝি। বুঝি। সব বুঝি।
- মনটা না.. আসলে...কী বলব...।
- উথালপাথাল।
- এগজ্যাক্টলি। এগজ্যাক্টলি ভাই গুগল...। এগজ্যাক্টলি!
- তোমার স্মার্টওয়াচ থেকে পাওয়া পালস আর ব্লাড প্রেশারের চার্ট দেখেই বুঝে গেছিলাম যে আজ রাত্রে জ্বালাবে।
- তুমি ছিলে ভায়া, তাই কোনোক্রমে টিকে থাকা।
- ন্যাকামোয় স্ট্রেস কমবে না হে। প্লে-লিস্ট রেডি রেখেছি। ব্রেনের ঠিক যে জায়গাগুলোতে যে'ভাবে মালিশ দরকার, সে'ভাবেই হবে। ঠিক সেই গানগুলো তৈরি রেখেছি। তোমার মগজ আর কন্ডিশনিং হিসেব করে। সঙ্গে আমার গুঁজে দেওয়া কিছু সারপ্রাইজ। আধঘণ্টায় নার্ভের দাপাদাপি কমে আসবে।
- সব গান ঠিকঠাক? খাপে খাপ?
- একদম! তোমায় হিসেব করা আছে ভাই। অঙ্ক এ'দিক ও'দিক হওয়ার নয়।
- বাবুঘাট আর সন্ধের গান?
- তোমার হরমোনাল রেকর্ড দেখে ভেবেছি ও'কাজে দরকার শ্যামল মিত্তির। গানও ঠিক করা আছে। নো চিন্তা। "জানি তুমি আমারে নয়"; ওইখান থেকে প্লে করব। তোমার মনে হবে এই তুমি বাবুঘাটের সামনে মিনিবাস থেকে নামলে। ঠিক সেই ব্রেনওয়েভ রেপ্লিকেট করিয়ে ছাড়ব।
- গঙ্গার হাওয়ায় ওড়া চুল আর পকেট থেকে বেরিয়ে আসা সল্টেড বাদামের প্যাকেটওলা ফুরফুর মেজাজ? সে'টা ক্যাপচার করতে হবে যে। তার ব্যবস্থা আছে কিছু?
- রফি থাকতে চিন্তা কীসের? মনে সুরুত করে এক খাবলা গঙ্গার হাওয়া এসে গোঁত্তা খাবে। দেখে নিও। অন্তত আশি কোটি ব্রেনের মধ্যে খেলে যাওয়া ঢেউ আর দেড় লাখ গানের হিসেব ধরে রেখেছি। ভুল হওয়ার যো নেই।
- এ'টাই দরকার ভায়া। এ'জন্যেই রাতবিরেরে তোমায় ডেকে নেওয়া। আচ্ছা গুগল, বাবুঘাট লাগোয়া একখানা ডিমসেদ্ধর দোকান..। চৌকো ভাবে কাটো খবরের কাগজের টুকরোর ওপর জোড়া ডিম সেদ্ধ ফালি করা, জম্পেশ ভাবে বিটনুন ছড়ানো। সেই মেজাজটা?
- তোমার ব্রেন কে ফুর্তি দাগিবে যে, কিশোরে বাড়িছে সে। ঠন্ডি হাওয়া ইয়ে চাঁদনি সুহানি।
- আর তারপর একখানা টিকিট কেটে জেটিতে নেমে যাওয়া। লঞ্চে উঠে পড়া নয়, স্রেফ হাওয়ার জন্য। সে সন্ধের আকাশের জন্য। মানুষজনের ওঠানামা। স্টিলের গেলাসে মশলা বাদাম মাখার খটরখট। তখন ব্রেনে মাখন, চীজ আর মেয়োনিজ একসঙ্গে গলে পড়ার কথা; সে আনন্দ কি সুরে আসবে ভায়া?
- হেমন্তে। তবুও হৃদয় মোর ভাবে,এ পথ কোথায় নিয়ে যাবে।
- তুমি প্লাস্টিকের ডিবে না হলে জড়িয়ে ধরতাম ভাই গুগল।
- আমি প্লাস্টিকের ডিবে, সে'টা ভেবে এখন বড্ড আনন্দ হচ্ছে গুরু।
- আহ, তোমার খালি কাঠকাঠ কথা।
- কাঠকাঠ কেন? ডিডাকশন দিব্যি চনমনে ব্যাপার।
- আর ভায়া গুগল, লঞ্চ ছেড়ে যাওয়ার গান? টলটলে চোখ জোড়ার চেয়ে থাকে লঞ্চের রেলিং ধরে...সে মনকেমন? সমস্ত কলকাতা গায়েব করা ভালোলাগা আর মনকেমন? তার গান আছে তো? সে গানে আনন্দের ব্রেন ওয়েভ তৈরি হবে তো? বলো ভায়া, হবে তো?
- রবীন্দ্রনাথ আছেন। সুমন আছেন। গান না থেকে যাবে কোথায়। কিন্তু সে'গান যে আমি প্লে-লিস্টে রাখিনি৷ লঞ্চ ছেড়ে যাওয়া টলটলে চোখের পর্বে এসে এই প্লে-লিস্ট থেমে যাবে।
- ও মা! সে কী!
- নিজের দুঃখের তেলে নিজেকে ডুবো না ভেজে উপায় নেই ভায়া। লঞ্চ ছেড়ে যাবেই, টলটলে চোখ জোড়া মিলিয়ে যাবেই আর তোমার পৃথিবী ঝাপসা। তা'তে কোনো আনন্দের ভাঁওতা খুঁজে লাভ নেই। বিছানায় শুয়ে নিষ্ফল এ'পাশ ও'পাশ; ঘুম না আসা যন্ত্রণা; তা'তে ভালোবাসা নেই নাকি?
- কে যে কার অ্যাসিস্ট্যান্ট ভায়া গুগল..।
- আমি প্লাস্টিকের ডিবে। আমার জীবনে টলটলে চোখ জোড়ার ঝাপসা হয়ে যাওয়া নেই, গঙ্গার হাওয়া আর বিটনুন মেশানো ডিমসেদ্ধ নেই। অ্যাসিস্ট্যান্ট না হয়ে আমার কি কোনো উপায় আছে ভাই? যা হোক, বাদ দাও। আমি গান চালিয়ে দিই, তুমি শুয়ে পড়ো। কেমন?
(রেকমেন্ডেড রীড - হোমো ডেউস/টুয়েন্টি ওয়ান লেসনস ফর দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি। লেখক - য়ুভাল নোয়াহ হারারি।)

বকুলকথা


- হ্যালো বকুলদেবী!
- হঠাৎ, কী মনে করে?
- আর কী! বড় বিপদে পড়েছি, আপনি ছাড়া আর কার কাছে আমি কনসাল্টেশনের জন্য যাব বলুন।
- চটপট বলে ফেলুন। মেজবৌ আজ আলুর দমে বিষ মিশিয়েছে। সে'টা বাইশটা এপিসোডে আটকাতে হবে। আর বড়পিসি ছোড়দাকে মিথ্যে অপবাদ দেবে ভাবছে, সে'খানেও বাজি ওল্টাতে হবে মাস দুয়েকের মধ্যে। এ'ছাড়া খান দুয়েক লতার গানে লিপ দেওয়ার আছে। সময় কম। ক্যুইক।
- ভজকট কাণ্ড, বুঝলেন। তিন তিনটে লাশ পাওয়া গেছে। অথচ গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। কোনো পায়ের দাগ নেই, জিরো ফিঙ্গার প্রিন্ট, এমন কী কোনো গন্ধও পাচ্ছি না। ফ্যামিলির সবাই ক্লুলেস।
- ফিঙ্গারপ্রিন্ট? আঘাতের চিহ্ন? আর কতদিন মান্ধাতা আমলে পড়ে থাকবেন মশাই? দমাদম মিউজিক বাজিয়ে সব সাস্পেক্টের মুখে ক্যামেরা জুম ইন জুম আউট করান বার দশেক। ম্যাক্সিমাম দাঁত কিড়মিড় যার, খুনি সে।
- বলছেন?
- এলিমেন্টারি শার্লকবাবু, এলিমেন্টারি। নিন, এ'বারে লেস্ট্রাড আর গ্রেগসনকে চমকে আসুন দেখি।

Tuesday, December 25, 2018

ডানপিটে লোকটাকে

- আপনি? আপনিই?

- আজ্ঞে।

- বিশ্বাস হয় না...আপনি আদতে...এত ম্যাড়ম্যাড়ে?

- ওই। দূর থেকে যে চকমক দেখা যায়, তা কি কাছে এলে থাকে।

- তার চেয়েও বড় কথা, আপনার সঙ্গে যে সত্যিই দেখা হবে..তা ভাবাই যায় না। আপনি তিনিই তো?

-  আজ্ঞে, বাঁ হাতে চটের ব্যাগটা তো দেখতেই পাচ্ছে। ভারি আর বেঢপ চেহারা। আর এই আমার ডান-পা খানা হঠাৎ লাফিয়ে উঠে ফুটবোর্ডে।

- বিলক্ষণ! বিলক্ষণ।  ডেসক্রিপশন একদম মিলে যাচ্ছে। বাস যত জোরে ছুটছিল..।

- আমিও তত জোরে..।  ডান হাত দিয়ে আছি পিছনের হাতলটা ধরে।

- কিন্তু সব থেমে আছে কেন? বাস, লোকজন। সব স্ট্যান্ড স্টিল কেন?

- আপনি ভাবছেন, হাত বাড়াবেন কিনা। সেই মুহূর্তের ভগ্নাংশে আমরা আটকে আছি।

- সর্বনাশ, এক পা ফুটবোর্ডে রেখে ভাবছেন কেউ হাত ধরবে কিনা? আপনি তো খতরনাক লোক মশাই।

- উপায় নেই স্যার। মরার সময় কি আছে যে অত সুবিধে অসুবিধে নিয়ে ভাবব? আপনি হাত বাড়ালে ভালো, নয়ত অন্য কারুর হাত। মোট কথা আমার থলিটা দূরে দূরে পৌঁছতে হবেই। যা করবেন তাড়াতাড়ি করুন, বাসের গতি এ'বারে বাড়বে।

- ডানপিটেই বটে আপনি। এই যে বাড়িয়ে দিলাম, কষে ধরুন দেখি হাতখানা।

***

তন্দ্রা যখন ভাঙলো তখন ডানপিটে ভদ্রলোক আর তার ঢাউস থলে হাওয়া, বাস কন্ডাক্টর মুখ ঝামটা দিচ্ছেন দরজায় দাঁড়িয়ে ঝিমোনোর জন্য। হাতের মুঠোয় চিরকুটটা পেয়ে দিবাকর মিত্র অবাক;

"দিবাকরবাবু, হাত বাড়িয়ে দিয়েছেন। এ'বার পিছু হঠলে চলবে না। অম্লান দাস নামে একজনের ঠিকানা দিলাম। অম্লানবাবুর তেমন কেউ নেই, চায়ের দোকানে বাসন মেজে চলে যায়। তিন নম্বর মতিলাল ঘোষ লেন ঘেঁষা সে দোকান। সে'খানেই তাঁর বাস। দাসবাবুর বড় পেস্ট্রি খাওয়ার শখ৷ এক বাক্স ভালো পেস্ট্রি তাঁকে পৌঁছে দেবেন? প্লীজ? চুপিচুপি? আমার বোধ হয় থলি হাতে ও পাড়ায় যাওয়া হবে না এ'বার। প্লীজ, এ কাজটা করে দেবেন? অম্লানবাবু খুব খুশি হবেন, বছর দশেকের খোকারা যেমন খুশি আর কী; বেনামি কেক-প্যাস্ট্রির বাক্স পেলে। প্লীজ, কেমন?

ইতি ডানপিটে"।

ফ্লুরিস থেকে একবাক্স প্যাস্ট্রি কিনে যখন মিত্রবাবু বেরিয়ে এলেন, ততক্ষণে পার্ক স্ট্রিটে সন্ধ্যে নেমেছে। চারদিকে আলো; টুনি বাল্বের স্যান্টা ক্লজ ঝলমল করছে। আলোর স্যান্টার দিকে তাকিয়ে মিচকি হাসলেন মিত্রবাবু;
"স্যান্টাদা, আপনাকে সাক্ষাতে দেখতে পেলে টুনি দিয়ে আপনার এমন এলেবেলে ছবি কেউ আঁকত না"।

Thursday, December 20, 2018

অপটিমিজম

- অপ্টিমিজিমের চেয়ে বিরক্তিকর কিছু আর আছে কি?

- টেস্ট ম্যাচের সকালে বৃষ্টি, লুচির পাশে স্যালাড, ঘুমের মাঝে কলিংবেল; এ'গুলো বিরক্তিকর বটে। তবে অপ্টিমিজম বড় বালাই, এ আপনি সঠিক বলেছেন গুরুদেব।

- গুরুদেব হয়েই ভুল করলাম রে ভাই, সারাক্ষণ ভক্তদের বাড়াবাড়ি বায়নাক্কা সামাল দেওয়া।  হাজার রকম দাবী। এর মনে অশান্তি, ওর পেটে টিউমার। এ চায় মেডিটেট করতে, ও চায় পরোপকারের নিজেকে ভাসিয়ে দিয়ে। আদেখলামির বহর দেখলে গা-পিত্তি জ্বলে যায়।

- তা তো বটেই। আপনাকে তো কম সামাল দিতে হয়না। আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে তো এই ক'বছরে কত দেখলাম। সেই ভোর ছ'টা থেকে রাত আটটা পর্যন্ত গেরুয়া জোব্বা পরে আপনাকে লোকজনের হাউমাউ শুনতে হয়। রাত গভীর হলে তবে একটু লুঙ্গি পরে রিল্যাক্স করতে পারেন।

- তবেই বলো। কাহাতক লোকের ইন্সপিরেশনের খিদে মেটানো যায়। আরে এ জীবনে মরতেই হবে, রাস্তায় নামলে কুকুরের ইয়েতে পা ফেলতে হবেই। বন্ধুরা যে আদতে ধান্দাবাজ আর নিজেকেও ধান্দাবাজি করেই কাটাতে হবে; সে'টাও না বুঝে উপায় নেই। তবু একগাদা গদগদে 'তুমি নির্মল কর, মঙ্গল কর' মার্কা কাতুকুতু দেওয়া কথা না শুনলে লোকজনের ভাত হজম হয় না।

- সত্যি। সত্যিই তো। যত অকালকুষ্মাণ্ডের দল।

- এই যেমন উত্তরপাড়ার অনন্ত হালদার। আমায় বলে কিনা 'গুরুদেব, ব্যবসায় অনেক পাপ করেছি। এ'বার মনকে শুদ্ধ করতে চাই'। আরে বাবা চব্বিশঘণ্টা নিউজ চ্যানেলে মুখ গুঁজে গাঁজখোর গল্প না শুনলে সে ব্যাটার কন্সটিপেশন শুরু হয়ে যায়, তার মনশুদ্ধি? তার চেয়ে হাতির শুঁড়কে মাফলার হিসেবে ব্যবহার করা সহজ।  আর এ যুগে পাপ ছাড়া ব্যবসা করবে? ইচ্ছে করছিল 'নেকু' বলে জুতোপেটা করি। কিন্তু ওই, গীতা থেকে আলতুফালতু দু'লাইন আউড়ে ব্যাটাকে শান্ত করতে হল।

- জুতোপেটাই তো অ্যালোপ্যাথি।  গীতা তো মনভোলানো হোমিওপ্যাথি।

- আমিও তাই বলি। কিন্তু লোকে চায় মিছিরি মাখানো সুড়সুড়ি। যেমন কুকুর তেমনি মুগুর। যেমন ডিমান্ড তেমন সাপ্লাই। এই যেমন কুদঘাটের উমা হালদার, পাঁচবার চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে ফেল করেও সিএ হওয়া সাধ যায়নি। বলে আমার আশীর্বাদ থাকলে নাকি সে অসাধ্য সাধন করতে পারবে। যোগবলে নিজের মনসংযোগ বাড়িয়ে তুলে পরের বার পাশ করতে চায়। ফেলটু স্টুডেন্ট, তার আবার কত রঙিন শখ। নিজে ব্রিলিয়ান্ট নয়, সে'টা বুঝেও না বোঝার জন্য কী আপ্রাণ টালবাহানা।

-  সব অখাদ্য। ছ্যাহ্। সবাই এক! এই যেমন ধরুন, রোজ যে বৃদ্ধা ঘরের কোণে পড়ে থাকেন। রোজ, গোটাদিন।ওই যে, যার মুখ দিয়ে সচরাচর বাক্যি সরে না! উফ, গোটাদিন শুধু ফ্যাঁচফোঁচ কান্না। বহুদিন আগে তার ছেলে নাকি প্রেমে লেঙ্গি খেয়ে ঘরসংসার ছেড়ে হাওয়া...খোয়া ছেলেকে ফিরে পাওয়ার সে কী আকুতি। এত বছরেও বুড়ির অপটিমিজম গেল না। বিরক্তিকর তো বটেই, তাই না গুরুদেব?

- আমার বিড়ি প্যাকেটটা কই হে?

- গুরুদেব? সে বৃদ্ধাকে আপনার কাছে কোনো সদুপদেশ কোনোদিন চাইতে দেখিনি। গোটাদিন শুধু আপনি খাওয়াদাওয়া করেছেন কিনা, সেই খোঁজ নিয়েই দিন কাবার করেন তিনি। কী অদ্ভুত, তাই না গুরুদেব?

- অপ্টিমিজমের চেয়েও বিরক্তিকর একটা ব্যাপার আছে দেখছি৷ তোমার বাজে বকা। চটপট বিড়ির প্যাকেটটা দিয়ে কেটে পড়ো দেখি বাছাধন। এ'বার একটু জিরিয়ে নেব।

Monday, December 17, 2018

মিঠে পান সাদা পান

- একটা মিঠে পান দেবেন।

- বরফ পান না প্লেন মিষ্টি?

- বরফ নয় দাদা। বরফ নয়৷ নরমে গরমে চাই। মিঠে কিন্তু গুলকন্দ কম।

- বেশ। সুপুরি?

- মিষ্টি ভাজা সুপুরি একটু। আর কুচনো সুপুরি দু'চার টুকরো।

- আসুন। পনেরো টাকা।

- আহা। বড় ভালো বানিয়েছেন। চমনবাহার আর মশলার এই পরিমিত ব্যবহার...। উপযুক্ত মিঠে পান একেই বলে।

- সিগারেট দিই?

- রাবড়ির পরে আবার মুলোচচ্চড়ি কেন? এই ভালো। তার চেয়ে বরং আর একটা পান দিন। এ'টা সাদা পান । খয়ের ছাড়া, অল্প চুন। চমনবাহার, বাড়তি এলাচ, মৌরি।  ডুমো ডুমো করে কাটা সুপুরি বেশি করে। আর দেখবেন ভাই, বাংলা পাতা দেবেন না। মিঠে পাতা। এই পানটা একটু সেনসিটিভলি বানানো দরকার। আর সাদা কাগজে মুড়ে দেবেন, কেমন? এ'বার বানান। একটু সেনসিটিভলি বানাবেন। কেমন? একেবারে জানপ্রাণ লড়িয়ে। পানটাকে ক্যানভ্যাসের মত দেখবেন, প্লীজ।

- সেনসিটিভলি বানাবো? পান?

- যত্ন করে। চুন  সময় নিয়ে পানের গায়ে মাখান, যেমন ভাবে প্রবলে যত্নে গোলাপচাষের মাটি তৈরি করতে হয়। এলাচ মৌরি চমনবাহার সুপুরি দিন, কিন্তু সার্জেনের মত হিসেব করে। নরম ভাবে ভাজ করুম। মন দিয়ে, কেমন?

- তা এত যত্ন করে বানাতে হবে কেন?

- বাহ, এ পান আমার পিসেমশাইয়ের জন্য যে।

- ওহ, উনি পানের খুব ভক্ত?

- উনি পানের পিকাসো। প্রাণ উজাড় করে পান বানান, খান ও খাওয়ান। নিজে অন্তত বত্রিশ রকম ভাবে পান খিলি করতে পারেন। পানের প্রতি অযত্ন ওঁকে দুঃখ দেয়। তাছাড়া আজকের দিনটা ডবল স্পেশাল, তাই ডাবল যত্ন করে।

- আজকের দিনটা স্পেশাল কেন?

- পিসেমশাইয়ের কাছেই আমরা দু'জনে মানুষ। ও ছাড়া কোনো গার্জেন আমাদের। কোনোদিন ছিল না। পিসেমশাইয়ের অপারেশনটা খুব জরুরি ছিল।  সে জন্য দু'জনেই লোনের অ্যাপ্লাই করেছিলাম। আজ দু'জনেরই লোনটা রিজেক্ট হয়ে গেল, জানেন? পিসেমশাই অবিশ্যি অভিযোগ করা মানুষ নন, এদ্দিন যতই মুখচোপা করে থাকুন; ভদ্রলোক আদ্যোপান্ত ভালোবাসার। পানদাদা, আমরা দু'জন এ'বার সত্যিই অনাথ হব।

- আপনারা দু'জন? দু'জন কারা? আর আপনাকে চেনা চেনা ঠেকছে কেন?

- আমরা? আমি ভোঁদা। আর সে হাঁদা।