Tuesday, March 6, 2018

মূর্তিভাঙার গল্প


- নমস্কার খাসনবীসবাবু। 

- আরে দত্ত? হঠাৎ আমার অফিসে? পথ ভুল করে নাকি?

- আপনার অফিস? হে হে। 

- আরও অন্তত দু'দিন। পরশু সন্ধেবেলা গিয়ে রাষ্ট্রপতির কাছে ইস্তফা দেব। তদ্দিন এ অফিস আমারই। তারপরের দিন থেকে না হয় এ'টাকে নিজের অফিস করে নিও। 

- হে হে হে। তবে, মার্জিনটার জন্য খারাপ লাগছে খাসনবীসবাবু। এদ্দিনের নেতা আপনি। এদ্দিনের পার্টি। এ'ভাবে গোহারান হেরে যাওয়াটা ঠিক হয়নি। মাইরি বলছি, আপনার দুঃখে নিজের এমন ল্যান্ডস্লাইড ভিক্ট্রি নিয়েও ঠিক আহ্লাদ করতে পারছি না। 

- দুঃখের আর এ কী দেখলে হে দত্ত। দু'বছর যেতে দাও। তারপর দেখো মিডিয়া আর পাবলিক কী খতরনাক চিজ। সে যাক গে, তা এই হেরো অপোজিশনের কাছে কী মনে করে? গোলমেলে ফাইলটাইল সব জ্বালিয়ে দিয়েছি ভায়া। কিস্যু পাবে না। 

- কী যে বলেন খাসনবীসবাবু। আপনি খাস হতে পারেন, আমি নভিস হতে পারি; তবে ঘটে এ'টুকু বুদ্ধি আছে। সে'সব ফাইলটাইল নিয়ে আপনার কোনও চিন্তা নেই। র‍্যালিট্যালিতে একটু চমকাতে হয়, তাই বলে কি ও'সব নিয়ে পড়ে থাকলে আমার চলবে? ও নিয়ে আপনি ভাববেন না। আমি এসেছিলাম অন্য একটা রিকুয়েস্ট নিয়ে। 

- রিকুয়েস্ট? 

- অনুরোধ। 

- বাংলা তর্জমার জন্য আমার তোমায় দরকার পড়বে না দত্ত। দরকারটা কী?

- বলছিলাম যে দু'দিনের মধ্যে রাজধানীর কোনও একটা ব্যস্ত মোড়ে আপনার একটা মূর্তি না বসালেই নয় যে।  

- আমার মূর্তি? 

- গ্র্যান্ড হবে খাসনবীসবাবু। আমি কথা দিচ্ছি। পনেরো ফুটের মূর্তি। জায়ান্ট। আর আপনার ক্যারিস্মার সঙ্গে খাপেখাপে। সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এ'বার শুধু আপনি হ্যাঁ বললেই...। 

- আমি ইলেকশনে হেরেছি। আমার দল সাফ হয়ে গেছে ভাই দত্ত। আমার আবার মূর্তি কেন? 

- কী করব স্যার। পার্টির ছেলেরা ইলেকশনের জন্য মুখে রক্ত তুলে খাটল ছ'মাস। ইলেকশন জেতার পর শুধু মদ মাংস খাইয়ে তো আমার দায়িত্ব শেষ হয়ে যেতে পারে না। ও'দের যথেষ্ট উজ্জীবিত না করতে পারলে যে আমি ভেসে যাব খাসনবীসবাবু। আপনি এদ্দিনের পিএম। আমার মত ইয়ং চ্যাপের ফিউচার নিয়ে একবারও ভাববেন না? 

- মূর্তিভাঙাটা লোকে আজকাল বেশ খাচ্ছে, তাই না?

- আলবাত। রক্ত টগবগ। টিআরপিতে বিস্ফোরণ। 

- ভ্যানডালিসম একটু আছে বটে...। 

- এই আপনাদের এক রোগ। কথায় কথায় পাথর-ছোঁড়া-ইংরেজি। আর ছেলেছোকরারা পিকনিকে গিয়ে মাংস না কষিয়ে কি উচ্ছে-সেদ্ধ বসাবে? আর আমার ফুট সোলজাররা ভোটে জিতিয়ে দু'চার পিস মূর্তি না উপড়ে কি শ্যামাসঙ্গীত গাইবে?

- মার্কেট পালটে যাচ্ছে হে দত্ত। ট্রেন্ড বুঝতে হবে। যাক গে। বেশ। তাই হবে। আমার মূর্তি কাল বসুক। দু'দিন পর ভেঙেটেঙে দিও'খন। 

- আপনি মাই ডিয়ার লোক খাসনবীসবাবু। টিভি চ্যানেলে দেওয়া খিস্তিগুলো গায়ে মাখবেন না প্লীজ। বাজারের হাল তো দেখছেন, একটু আগুন না ঝরালে জনগণ পিঠ চুলকে দেবে কেন? 

- বেশ বেশ। কিন্তু শোনো হে দত্ত। সামনেই মিউনিসিপালিটির ইলেকশন আসছে। ও'টা আমার চাই কিন্তু। ছেলেটা বড্ড আইডল হয়ে বসে আছে। ওর একটা হিল্লে করতে হবে। 

- সে দায়িত্ব আমার। ও নিয়ে আপনি কিচ্ছু ভাববেন খাসনবীসবাবু। দরকার পড়লে মিউনিসিপালিটির অফিসের সামনে আমি আমার একটা মূর্তি বসিয়ে দেব ইলেকশনের আগে। ইলেকশন জিতে এলে খোকার সুবিধে হবে মৌজ করতে। কেমন?  

Sunday, March 4, 2018

বালিশবাবুর অফিসে - ৬



- এ যে দেখছি অনেক জল!
- অনেক বালিশবাবু! অনেক।
- কতটা? 
- সে কি আর মাপার উপায় আছে?
- যা মাপা যায় না তাকেই বুঝি 'অনেক' বলে মিস্টার মুখার্জী?
- বাবা ডাক থাকতে আবার মিস্টার মুখার্জী কেন?
- গোটা বালিশেন্দ্র থাকতে আবার বালিশ কেন?
- এ'সব কোনও প্রশ্ন হল?
- এ'সব কোনও উত্তর হল?
- ধুত।
- কতটা?
- কী কতটা?
- আমাদের সামনের এই বিশাল চৌবাচ্চাটায় কতটা জল? আন্দাজ? কয়েক লাখ ফীডিং বোতল ভরে ফেলা যাবে? 
- চৌবাচ্চা? এ'টা বে অফ বেঙ্গল বালিশেন্দ্রবাবু। সমুদ্র!
- চৌবাচ্চার তুলনায় সমুদ্রে কতটা বেশি জল থাকে বাবাবাবু?
- সমুদ্র যদি মাইনের পাওয়ার দিন সন্ধেবেলায় কলজের সাইজ হয়, তা'হলে চৌবাচ্চা হচ্ছে মান্থএন্ডের হঠাৎ ক্রেডিট কার্ডের বিল দেখা কলজে।
- উপমা দেওয়ার ক্ষমতা তুলি চালানোর মত সুক্ষ বাবাবাবু, আপনার দৌড় পেরেকে হাতুড়ি চালানো পর্যন্ত। 
- মোদ্দা কথা হল সমুদ্রে ইনফাইনাইট পরিমাণে জল আছে। চৌবাচ্চায় কয়েক লিটার।
- যা যা আপনি বা আপনারা মাপতে পারেন না, সে'টাই ইনফাইনাইট?
- মাপা সম্ভব নয়। 
- সম্ভাবনার লিমিট আপনি?
- মানুষের পক্ষে সম্ভব নয়।
- ইনফিনিটি তা'হলে মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে। কচ্ছপ হলে কী হয় কিছুই বলা যাচ্ছে না।
- ধ্যাত্তেরি। 
- তবে বাবাবাবু, এই যে পায়ে জল খেলে যাচ্ছে, এই ব্যাপারটা অতি মনোরম।
- জানি। জলের ছপছপ, বালির সুড়সুড়। বাই দি বাই বালিশবাবু, এই জলের ছপাৎছপকে বলে ঢেউ। 
- ঢেউ। তা সমুদ্র দিনে কতগুলো ঢেউ জেনারেট করে?
- আমি জানি না। অবশ্য কচ্ছপেরা জানতে পারে।
- সারকাজম? বাবাবাবু?
- মনে কেমন করে না? বালিশবাবু? ঢেউ, বালি, আকাশ...সব মিলে?
- ডাইপার বাইরে থেকে ভিজে গেছে মাইরি। আপনার এই ঢেউয়ের ছপাতে। রোম্যান্টিক আয়রনি।
- রোম্যান্টিক? আয়রনি? এ'সব কোথায় শিখলেন?
- আপনার বন্ধু মিস্টার সেনকে এই দু'টো শব্দ ব্যবহার করতে শুনেছি বহুবার। বিশেষ করে যখন ভদ্রলোক ইন্টেলেক্ট ঝাড়তে গিয়ে ছড়িয়ে ফেলেন। আরও আছে। বুর্জোয়া, বার্গ্ম্যান, পোস্টমডার্ন, এলিটিস্ট..।
- ঝাড়তে গিয়ে ছড়িয়ে? আপনার ভাষার হয়েছেটা কি?
- আমার ভাষা। বালির ঢিপির মত। আপনাদের ইনফ্লুয়েন্সের ঢেউ এসে অবিরাম হিট করে যাচ্ছে। অগুনতি।
- থেবড়ে বসবেন? বালিতে লেপ্টে?
- বালি আর ডাইপার খুব আনইজি কম্বিনেশন স্যার। আমি বরং আপনার কোলে...।
- বেশ।
- ইনফিনিটির সামনে এলে মন তিরতির করে কাঁপে? এম্পিরিকাল হিসেবকিতেব কি তাই বলছে? মনকেমন? বাবাবাবু?
- ডাইপার ভিজেছে? ভিতর থেকে? বালিশবাবু?

এ'বারের পুরী

১।

ভিড় মিনিবাসের হঠাৎ জানালা পাওয়ার যে শিউলি সুবাস,
ঘাটের নিরিবিলিতে আঙুলে আঙুল আড্ডার শেষে টিউশনি পড়তে গিয়ে ফতুয়ার বুক পকেটে পড়ে পাওয়া দু'টো খোসা ছাড়ানো বাদামের যে স্বাদ,
কপালে ঠেকে থাকা রিভলভারের ইস্পাত শীতল নল আচমকা সরে যাওয়ার যে স্বস্তি,
ঘি, তেল, শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখা আলুসেদ্ধর গা বেয়ে ওঠা মুসুরির ডালের ঢেউয়ে যে ওম,
কয়েক হাজার অফিসের বকলসি ফোন-কলেরর ফাঁকে টুক করে সেঁধিয়ে যাওয়া "শালা বেঁচে আছিস না ফোটফ্রেমে দোল খাচ্ছিস" মার্কা ক্রিংক্রিংক্রিংয়ের যে আশ্বাস,
সাতপুরনো সঞ্জীব উপন্যাস সমগ্রের মধ্যে পোস্ট না করা গোপন প্রাগৈতিহাসিক পোস্টপকার্ডের যে হাড়হিম করা উঁকি, 
ছোটবেলার পড়ার ফাঁকে বাবার অফিস ফেরতা স্কুটারি ঘর্ঘর শুনতে পাওয়ার যে লজেন্স-নিমকি মার্কা উচ্ছ্বাস;

সেই সমস্ত "আরিব্বাস"য়ের টুকরো মিলেমিশে পুরী এক্সপ্রেসের সাইড আপারে টিকিট কনফার্ম হয়। অমনি পাতি মানুষের কলজের কয়েক টুকরো ফানুষ হয়ে উড়ে যায়, সে উড়ে যাওয়াগুলো প্রেমিকাদের ছাড়া কারুর চোখে পড়তে নেই।

২। 

নিজেকে কাস্টোমার সার্ভিস এক্সেকিউটিভ মনে করলেই মন্টুবাবুর যাবতীয় মনভার লাঘব হয়ে যায়। পরিবারের যে কোন থেকে সার্ভিস রিকুয়েস্ট এলেই "আপকা কল হামারে লিয়ে মহত্ত্বপপূর্ণ হ্যায়" মোডে চলে যান ভদ্রলোক। কোনও গণ্ডগোল পাকালেই মন্টুবাবুর গলায় নেমে আসে "আপ কি অসুবিধা কে লিয়ে হম সমা চাহতে হ্যায়"য়ের গন্ধরাজ লেবু মার্কা সুবাস। আর অভিমান জমলেই নিজেকে গুটিয়ে নেন তিনি, তার চারপাশে তখন "হমারে কাস্টমার সার্ভিস এক্সেকিউটিভ কিসি দুসরে কল মে ব্যস্ত হ্যায়। কৃপয়া লাইন পে বনে রহে ইয়া কুছ দের মে দোবারা কল কিজিয়ে" গোছের অদৃশ্য খোলস।

গোটা বছরের কাস্টোমার সার্ভিসিং শেষে এক তিতিবিরক্ত মন্টুবাবু প্রতি ডিসেম্বরে একবার পুরী আসেন। 

একা। এক হপ্তা থাকার জন্য টিকিট কেটে। ওই ক'দিন কাস্টোমার সার্ভিসের অফিস বন্ধ। ওই ক'দিন মন্টুবাবু শুধু নিজের জন্য বরাদ্দ রাখেন। দিনের বেলা প্রচুর হাঁটেন সমুদ্রের ধার দিয়ে, একা! বুকে আরাম জমা হয়। মন্টুবাবু বলেন ডিটক্স। সমুদ্রে স্নানটান অবশ্য করেন না, "আফটার অল বে অফ বেঙ্গল তো আর বাথরুমের চৌবাচ্চা নয়"।

বিকেলের দিকে স্বর্গদ্বারের বীচে এসে বসেন। ঢেউয়ের মত সব ট্যুরিস্ট এসে সমুদ্র ভিজিয়ে চলে যায়, মন্টুবাবু তৃপ্ত হয়ে দেখেন। আচমকা মন্টুবাবু দেখতে পান এক কাস্টোমার সার্ভিস এক্সেকিউটিভ পাজামা গুটিয়ে ঢেউয়ে লপড়ঝপড় করে চলেছে। তাঁর এক হাতে এক জোড়া সাদা নীল হাওয়াই চটি, অন্য হাতে আর এক কাস্টোমার সার্ভিস এক্সেকিউটিভের নীল শাড়ির আঁচল শক্ত করে ধরা। নীল শাড়ির কোলে খুকি কাস্টোমার এক্সেকিউটিভের খিলখিল হাসি। তিন কাস্টোমার এক্সেকিউটিভ মিলে স্বর্গদ্বার আলো করে রেখেছে। নীল শাড়ি কাস্টোমার এক্সেকিউটিভের একটানা গুনগুন; "তোমাদের দু'জনেরই সর্দির ধাত, ফেরত চলো। চলো বলছি", সাদা পাজামার "আর দশটা মিনিট। 

ঠিক এমনটাই প্রতিবার চোখে পড়ে। প্রতিবার। পুরী আসার দিন দুয়েকের মাথায়। প্রতিবার মনভার মুছে গিয়ে মনকেমন এসে পড়ে। চোখে চিকচিক, মনে চিনচিন।

"বাড়ির সবাইকে কদ্দিন দেখি না"। 
প্রতিবার সাত দিনের প্ল্যান দু'দিনের মাথায় জেনারেল টিকিটে হাওড়া ফেরায় খতম হয়।

খোকা ও বই



- খোকা, এই হল বই।
*খোকার বই হাতে নেওয়া*
- বইয়ের চেয়ে বড় বন্ধু আর দু'টি নেই।
*খোকার বইয়ে প্রথম কামড়*
- না না, কামড় নয়। বই আর বন্ধুদের কামড়াতে নেই খোকা।
*খোকার মলাট চেবানোর চেষ্টা*
- মনে রেখো। ইউ উইল বি নোন বাই দ্য কোম্পানি ইউ কীপ অ্যান্ড দ্য বুকস ইউ চিউ। থুড়ি। রীড।
*খক খক হাসিতে খোকার মাথা নাড়া আর আরও দাপুটে কামড়*
- আহ্‌। কী হচ্ছে কী। তুমি দেখছি বইয়ের অযোগ্য। যাও, হাওয়াই চটি নিয়ে খেলো গে।
*খোকার মলাট চেটে বিরক্তি-লাভ*
- খেতে ভালো লাগেনি বুঝি? শরদিন্দুতে বিশেষ স্বাদ নেই? শীর্ষেন্দু চলবে?
*দাপটের সঙ্গে আধ-চেবানো বই ছুঁড়ে মেঝেতে ফেললে খোকা*
- সর্বনাশ! সরস্বতী কে ইনসাল্ট! অঙ্কে ফেল রুখবে কে এ'বার?
*বইয়ের ওপর খোকার ডান পায়ের পাতার মচরমচ*
- মনে রেখো। তোমার ফ্যামিলি সরস্বতী বিশ্বাসী কম্যুনিস্ট।
* খোকার দ্বিতীয় পা মুখ থুবড়ে পড়া বইয়ের পিঠে*
- গোস্তাখি! ব্যাটাচ্ছেলে এই বয়স থেকে সহবতের মাথায় লাথি মারতে শিখেছে? বাপের চোখ রাঙানিকে কাঁচকলা?
* পাশের ঘরের টিভি থেকে ভেসে আসা ফুর্তি মার্কা হিন্দি গান, খোকার কোমর দুলুনি*
- আইকনোক্লাস্ট? শরদিন্দুর ঘাড়ে চেপে ব্রেকআপ সং? পিঠের চামড়া তুলে নেব!
*খোকা নাচের তালে তালে বইয়ের চামড়া তুলতে শুরু করলে*
- আই অর্ডার ইউ টু স্টপ দ্য অ্যাসল্ট! নাউ! এখুনি! তুরন্ত!
*খোকার কোমর দুলুনির গতি বৃদ্ধি, বইয়ের মলাট ততক্ষণে এস্পারওস্পার*
- তবে রে? ব্যাটাচ্ছেলে তুই বই ভালবাসবি না তোর বাপ বই ভালবাসবে! আজ তোরই একদিন কি আমারই একদিন। নেমে আয় রাস্কেল বই থেকে।
*বইয়ের ওপর থেকে বলিউডি বিট-বিদ্ধ খোকাকে জোর করে ওঠানোর চেষ্টা, খোকার তীব্র তীক্ষ্ণ প্রতিবাদ*
- খবরদার যেন আর কোনোদিন না দেখি বইকে ইনসাল্ট করতে।
*খোকার হাউমাউ চিৎকারে বাড়ির কেঁপে ওঠা, টিভির শীতল আশ্রয় ছেড়ে ঠাকুমার দাঁত কিড়মিড়িয়ে উঠে আসা*
- কী হয়েছে! তুই দাদুভাইকে ধমক দিচ্ছিস কেন? অমন ইডিয়টের মত চেল্লাছিসই বা কেন?- আরে দেখ না। ভাবছিলাম ছেলেটার মধ্যে একটু বই প্রেম কাল্টিভেট করব। - এই কালচার কালচার করে আজকাল তোর ঘাস খাওয়ার অবস্থা হয়েছে। কাজের কাজ সব বন্ধ করে শুধু বাতেলা। - মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মা। আজকালকার প্যারেন্টিং পলিসি এ'টাই। আর খোকা কী লেভেলের বেয়াদপ হয়েছে দেখেছ? বইকে গ্রেসফুলি একসেপ্ট করার বদলে মাটিতে ফেলে তার ওপর ধেই ধেই করে নাচছে!- বইগুলো নিয়ে শেলফ বোঝাই করে তো হোয়্যাটস্যাপ ফরওয়ার্ড পড়ে দিন কাটাস। তার চেয়ে বই মেঝেতে ফেলে তার ওপর দাঁড়িয়ে নাচা বরং অনেক বেশি প্রো-কালচার।
*খেক্‌ খেক্‌ শব্দসহ খোকার বিশ্রী হাসি*

Saturday, March 3, 2018

চিঠি ও পদ্য

গত তিনদিনে এই নিয়ে বাহাত্তর নম্বর চিঠি এলো। উড়ো। এ'তেও বক্তব্য মোটামুটি একই রকম।
অবশ্য বক্তব্য না বলে হুমকি বলা ভালো।

বিয়ে না করলে সে মেয়ে নাকি আত্মহত্যা করবে। কিন্তু কী মুশকিল। সে যে নিজের নাম ঠিকানা কিছুই লেখেনি। অবশ্য তাঁর পরিচয় কিছুটা হলেও আঁচ করেছেন মনোহর। নিজে থেকে তাঁর একটা নাম দেওয়া হয়ে গেছে ভাবতে একটু লজ্জাই লাগে মনোহরের; সুলিয়া। খামে অল্প গন্ধরাজের সুবাস। আর চিঠির ভাষায় এই যে সামান্য অনুযোগ মেশানো হুমকি, তা'তে মায়া আরও তরতর করে বেড়ে চলে।

পরিচয় পেলে বিয়েটা সেরে ফেলতে খুব আপত্তি করতেন না মনোহর। সুলিয়াকে নিয়ে সে'সবই সাতপাঁচ ভাবছিলেন  তিনি। ভেবে ভেবে উপায়ন্তর না দেখে নীল ডায়েরীটা টেনে নিয়ে বাহাত্তর নম্বর পদ্যটা লিখে ফেললেন মনোহর।

আর তখনই চড়ুইপাখির ডানঝাপটানো সুরে জানালা বেয়ে তিয়াত্তর নম্বর চিঠিটা এলো।

***

- চিঠি?
- তাই তো বলে ডাক্তারবাবু।
- আপনি দেখেছেন সে চিঠি?
- চিঠি না হাতি।
- আরে! কী মুশকিল। এই যে বললেন আপনার দাদার চিঠি পাওয়া বাতিক হয়েছে?
- বাতিক না। ব্যামো। আর আদতে কিস্যু আসে না। সে জন্যেই তো আপনার কাছে আসা ডাক্তারবাবু।
- নার্ভটার্ভ ফেল করেছে নাকি?
- আশ্চর্য নয়, নতুন কবিদের অমন একটু হতেই পারে। এ'বার দু'দাগ ওষুধ দিন দেখি।

***

দুপুরবেলা গন্ধরাজ গাছটায় হেলান দিয়ে একটু ঝিমটি না দিলে টুসুর চলে না। দিন তিনেক হল; সে'খানে শুয়ে সে রোজ ঝিমঝিমে স্বপ্ন দেখছে। সে'সব স্বপ্নে বাবার পছন্দের ব্যাঙ্ক চাকুরে পাত্রটি তার পিছনে ঘুরঘুর করে না। বরং তার চোখের সামনে নতুন নতুন পদ্যরা নেচে বেড়ায়। সব পদ্যর একই বিদঘুটে শিরোনাম; "অ্যাই সুলিয়া"!