Friday, March 11, 2016

মহাভারতেস্ক

১
জরাসন্ধ ডান হাতে কলিং বেল বাজালেন।
আর বাঁ হাতে ছিটকিনি খুলে বললেন
"আসুন আসুন"।

২
ভীমের কিনা মোটা মাথা। কিছুতেই ডেসিমালের অঙ্ক বুঝতে পারছিলেন না। মাথা চুলকে একাকার।

যুধিষ্ঠির বুঝলেন প্র‍্যাক্টিকাল ডেমোন্সট্রেশন ছাড়া জমবে না। তাই তিনি হাঁক পাড়লেন
"নকুল, সহদেব; ইধর আও"।

৩
একলব্যের তখন অনেক বয়স। এই আশি বিরাশি। বিরানব্বই হলেও আপত্তি করা যায় না। দ্রোণ স্বপ্নে দেখা দিয়ে তার পিঠ চাপড়ে দিলেন।

"যা হোক। এখন তোর নয় নয়টা বুড়ো আঙুল। নো হার্ড ফিলিংস প্লিজ"।

৪
কুন্তী সেবার ভ্যানিটি ব্যাগে  সানস্ক্রিন লোশন রাখতে ভুলে গেসলেন। রথের চাকার সে কী হাসি।

৫

ভীম-হিড়িম্বাকে নিয়ে আর চার ভাই বাড়ি ফিরলেন।

নক্ করে যুধিষ্ঠির বললেন "দ্যাখো দ্যাখো মা কী এনেছি"।

কুন্তী টেম্পলেটে ঝেড়ে দিলেন "যা এনেছো ভাগ টাগ করে নাও নিজেদের মধ্যে"।

অমনি যুধিষ্ঠির চেঁচিয়ে উঠলেন "মা হয়েছে মানে কি মাথা কিনে নিয়েছ?"।

অর্জুন বললেন "ডিভিশনের জন্যই অঙ্ক ছেড়ে ধনুকে কনসেন্ট্রেট করেছিলাম"।

নকুল সহদেব দু'জনেরই নাকি তখন বেজায় পেট ব্যথা; বিকেলের তেলেভাজাটা সহ্য হয়নি।

৬

শিশুপাল জম্পেশ খিস্তির ফ্লোতে ছিলেন। চাড্ডি,
সিকিউলার, লিবটার্ড, জর্দা, চাইনিজ; কোন কিছুই বাকি রাখছিলেন না।

মাঝখান থেকে কেষ্টা ব্যাটাচ্ছেলে লজিকের সুদর্শন মাঠে নামিয়ে দিলে সব মাটি করে।

৭

"হেয়ার মাস্ক লাগানো হচ্ছে না অনেকদিন", দুঃখ করছিলেন পাঞ্চালী।
দুঃশাসন বললেন "অর্গানিক মাস্ক ট্রাই করেছ কি বৌঠান?"।

লুঙ্গি

- তুমি লুঙ্গি পরেছ?
- হ্যাঁ।
- তুমি লুঙ্গি পরেছ?
- না।
- পরেছ তবু না বলছ কেন?
- মানে একই প্রশ্ন করলে তো। তাই উত্তর বদলে দিয়ে সামান্য ভ্যারাইটি আনলাম।
- বিয়ের আগে তো জানতাম না। যে তুমি লুঙ্গি পরো!
- নলবন বা নন্দনের দিকটায় গেলে আমি লুঙ্গি অ্যাভয়েড করি কিনা, তাই টের পাওনি।
- এই তুমি ইংলিশে মাস্টার্স?
- সিলেবাসে পাজামার বাইরে নেই বুঝি?
- শোন। প্লীজ। প্লীজ। লুঙ্গি তোমায় ছাড়তে হবে।
- লুঙ্গির সেটাই তো ম্যাজিক গো। ছাড়বে কী করে? লুঙ্গি যে ধরে বেঁধে রাখে না। ইম্যান্সিপেশনের যুগ। লুঙ্গির চেয়ে বড় স্টেটমেন্ট  আর হয় না। লুঙ্গি ইজ অটো-লিবারেশন।
- বাজে কথা রাখ। প্লীজ। লুঙ্গি না।
- লুঙ্গি থেকেও নেই। এতটাই ফ্লুইড। পরে আছি সে'টা দেখতে পারছ। অথচ আমি যেন এক খাবলা মেঘে লেতকে আছি। লুঙ্গি স্নেহের মত। আছে কিন্তু ট্যাঞ্জিবল নয়।
- কথা ঘুরিও না। আমি আগে কোনদিন রিকুয়েস্ট করেছি এমন ভাবে?
- আরে শোন। গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগ। কলকাতার হাল দেখেছ তো। বসন্ত গলে জল। লুঙ্গির মত সায়েন্টিফিক পোশাক হয় না। বেস্ট হচ্ছে ভেজা গামছা। লুঙ্গি সেকেন্ড বেস্ট।
- তুমি লুঙ্গি ছাড়বে কি ছাড়বে না?
- তুমি গড়িয়াহাট ছাড়বে কি ছাড়বে না?
- গতকাল গড়িয়াহাটে বাটিক লুঙ্গি দেখেছি জানো?

নিউটন

- গল্পটা ঠিক সাজানো হচ্ছে না। প্লট ঠিক দানা বাঁধছে না।
- উলটো ভাবে সাজালে কেমন হয়?
- উলটো? কী'রকম?
- এই ধরুন যদি টিভিগ্র‍্যা উলটো হয়?
- মানে? সে'টা কীরকম?
- মানে সবকিছু একে অপরকে কাছে টানবে।
- ধুস। এটা কোন কনসেপ্ট হল?  এর মানে আমরা কথা বলব এক জায়গায় বসে? মহাকাশে সমস্তটাই ছড়িয়ে যাবে না? খুন করে ফেলা একটা মহাজাগতিক ডিসিপ্লিন প্রপোজ করছ?
- আপত্তি কোথায়? সমস্তটাই তো কল্পনা বিস্তার।
- তবু তার একটা বেসিস থাকবে তো।
- কোনদিন যা চিন্তার পরিসরে আসেনি, তা কল্পনায় উড়ে এলেও আমরা ত্রস্ত হয়ে পড়ব?
- কিন্তু এ যে বিদঘুটে! ব্রহ্মাণ্ড জুড়ে একে অপরকে টানছে..টিভিগ্র‍্যা উলটো খাতে বইছে। ডিসিপ্লিন। চাপিয়ে দেওয়া ইকুইলিব্রিয়াম। এ হয় কী করে? সৃষ্টির ব্লু প্রিন্ট পাল্টাতে হয় যে।
- ভয়?
- ঠিক তা নয়। তবে কাছে টানা যে বড় বিদঘুটে ফেনোমেনা হে। গ্রহ তারা ফারা না হয় জমাটি টিকে গেল। কিন্তু প্রাণ দেব কী ভাবে? মানুষ দেব কী ভাবে? ছিটকে দূরে যাওয়াটাই নিয়ম না হলে মানুষ ইকুইলিব্রিয়ামে ধ্বংস হবে না?
- সলিউশন আছে।
- সলিউশন?
- ওই। টিভিগ্র‍্যা যদি পালটে খেলায় মজা আনতে চান; তাহলে স্মৃতিভার দিন মানুষকে। স্মৃতিভারে ন্যুব্জ করুন তাকে। দুনিয়া টিকে যাবে। ডিসিপ্লিনের আড়ালেও জমাটি হবে। মানুষ পারবে। শুধু স্মৃতিভারটুকু দিন...।
- টিভিগ্র‍্যা উলটে দেব?
- দিতেই হবে।

***

চমৎকার স্বপ্ন বেমক্কা ভাঙলে বিরক্তি লাগেই। পড়বি তো পড় এক্কেবারে মাথায়!
গাছের তলায় দু'দণ্ড সোয়াস্তিতে বসার যো নেই।

গজরগজর করতে করতে মাটিতে পড়ে থাকা লাল টুকটুকে নিউটন ফলটা কুড়িয়ে নিজের পকেটে রাখলেন আপেলকুমার।

উত্তমে মধ্যমে

উত্তম বাইক নিয়ে দুলকি সুরে যাচ্ছিলেন। দিব্যি।
"আজ ফির জিনে কি তমন্না হ্যায়" বুকে। মেজাজে চড়া পারফিউম। গায়ে লেদার জ্যাকেট। ফুর্তি। আহা। আজ দেখা হবে। তারপর তাকে বাইকের পিছনে বসিয়ে সুড়সুড়; "তুমি বলো, না না, তুমি বলো"।

আচমকা ভূমিকম্প-টম্প হয়ে বাইকটাইক উলটে একাকার কাণ্ড। উত্তম অক্কা পেলেও কিছু বলার ছিল না। মাঝখান থেকে লিপস্টিক গেল থেবড়ে।

**

সুচিত্রা গানের খাতাটা ঝপাৎ করে বন্ধ করলেন।
"আয়েগা আয়েগা আয়েগা আনেওলা আয়েগা"।
এটা গাইতে আবার গানের খাতা লাগে নাকি?

মা সুচিত্রার মাথায় হাত বুলিয়ে স্নেহ মাখিয়ে বললেন "যত্ন করে গানের খাতা বন্ধ করতে হয় মা। গানের দুনিয়াটা যে অমায়িক ও অন্যরকম। বলা তো যায় না, তোমার গানের খাতার মলাট হয়তো কোন মায়া দুনিয়ার টেকটোনিক প্লেট। সাবধানে মা। সাবধানে। যত্ন করে। নরম করে"।

সুচিত্রার সে কী হাসি; "গানের সমান্তরাল মায়া দুনিয়া মা? তার টেকটোনিক প্লেট আমার গানের খাতার মলাট? এতই বিদঘুটে? সে দেশে বুঝি পুরুষেরা ঠোঁটে লিপস্টিক ঘঁষে হদ্দ হয়?"।

গুলিয়ে যাওয়া

গুলিয়ে যাচ্ছে। গোল গোল গোল অথচ স্পষ্ট চক্কর কেটে যাওয়ার কথা কিন্তু এদিকে কম্পাস সেন্টার থেকে চলকে সরে যাচ্ছে। ফলত খাতায় ফুটে উঠছে ভাঙা চুড়ির অর্ধচন্দ্র।

অবিনাশ মিত্রর সমস্ত গুছিয়ে বলাগুলো একটা প্রকাণ্ড ডিম পাকিয়ে ছিল গলার কাছে। একটা পরিপূর্ণ ফিনিক্স উগড়ে দেওয়ার কথা ছিল। অথচ আচম্বিতে আলতো ঠোকায় কোন মুসাফির সে ডিমের মাথায় ছোট্ট জানালা খুঁড়ে ফেলেছে। সাজানো সদ্যজাত চিন্তাগুলো, চিড়বিড়ে সসপ্যান জুড়ে; হেরো অমলেট চিহ্ন বাগিয়ে আহত পদযাত্রায় বেরিয়েছে।

সব গেল। সব।

মৃণালিনী ইতিমধ্যে ফিঙ্গার বোলের দাবি পেশ করে ফেলেছে। অবিনাশ জানে অনতিদূরে তার পকেটের ডেবিট কার্ড গলা খাঁকড়ি দিয়ে সমাপ্তি গাইবে।

অবিনাশ নিয়ম মেনে নিজে নিজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। নিজের ভিতরটা তার মেঝে জুড়ে ছড়িয়ে রাখা রঙ, তুলি, ক্যানভাস আর বেয়াদপ প্রতিবেশী বেড়ালের আড্ডামহল।  অবিনাশ নিজের মধ্যেই ঠোঙার ফোঁকর হয়ে মিলিয়ে যাচ্ছিলেন।

"সব ছাড়ব মৃণালিনী।  সব। সব ছেড়ে তোমার শাড়ির কুঁচি ধরব। পাটে পাটে জ্যামিতির শ্লেষোক্তির মত। তোমার অফিসের নিচে ধর্ণা দেব। প্রতিবাদি পোস্টারের মত মেলে ধরব সাড়ে ছ'টার শোয়ের জোড়া টিকিট। মাসকাবারির লিস্ট তোমার, থলে বইব আমি। সব ছাড়ব"।

মৃণালিনী স্নেহতরবারি, সে বিঁধবেই। সে "আজ আসি বাবু "র লেজে ঝুলিয়ে দেবে "কিছু বলবি?" ব্র‍্যান্ডের এক থলে চকোলেট বোমা।

অবিনাশ মিত্র কুঁইকুঁই আকুতিতে নোয়াবে কলজে;
"না না। বলার তেমন কী আর। একদিন দ্যাবাদেবি চলে আয় না আমাদের ফ্ল্যাটে। অদিতি দারুণ ফিশফ্রাই ভাজে"।