Thursday, March 10, 2016

বিরিঞ্চি বিহিত


- প্রভু একটা বিহিত করুন প্রভু। 
- কী চাই তোমার?
- সাতটি দিনের জন্য নাইনটিন ফোরটিনে নিয়ে গিয়ে ছেড়ে দিন প্রভু। সস্তায় কিছু লোহা কিনি। দোহাই বাবা। 
- লোহা?
- হ্যাঁ। লোহা স্যার...ইয়ে...প্রভু। 
- সস্তায়?
- হ্যাঁ প্রভু। নাইন্টিন ফোরটিনে। 
- কী করা হয় তোমার?
- আপিসে লেজারকিপার। মাত্র দু'শো তেত্রিশ টাকা মাইনে পাই। সংসার চলে না বাবা।
- সংসার চলে না?
- না! লোহা...প্রভু...। 
- নাইনটিন ফোর্টিনে?
- হ্যাঁ প্রভু। একটা বিহিত করুন।
- নাইনটিন ফোরটিনে একটু অসুবিধে আছ। 
- কেন প্রভু? 
- কালের প্রবাহে উল্টো ডুব সাঁতার? সবার দ্বারা হয় না বাপু। হয় না। হয় না। হয় না। কঠোর সাধনা চাই!
- তাহলে স্যার...আরে...প্রভু আমার কি কোন উপায় কোন প্রকারে...? আপনি...একটা উপায় করুন...। 
- উপায় আছে। উপায় আছে। আছে উপায়। 
- আছে?
- উনিশশো চোদ্দয় নয়। উল্টো পথে হাঁটা তোমার সইবে না। তোমায় আমি শতাব্দীর অন্য প্রান্তে নিয়ে যাব। 
- আজ্ঞে?
- শতাব্দীর অন্য প্রান্তে। একবিংশ শতাব্দীতে। স্বাধীন ভারতবর্ষে।
- ডমিনিয়ন প্রভু?
- মোহনদাস ভোল পালটাবে বাছা। পালটাবে। সব ছকে রেখেছি।  
- প্রভু। 
- তোমায় আমি নিয়ে ফেলব একবিংশ শতাব্দীতে। 
- তখন কি লোহা সস্তা পাব প্রভু?
- ইস্পাত? তার চেয়েও মজবুত ও ধারাল; ধার।  
- ধার?
- ধার। তুমি কয়েক হাজার কোটি ধার করবে। 
- হা...হা...হা...হা...।
- দু'চার হাজার বেশিও চাইতে পার। কেউ আটকাতে যাচ্ছে না। 
- কিন্তু স্যার...ধুর্‌...প্রভু...ধার শুধব কী করে?
- রবি কে কি সাধে বলেছিলাম যে তোমরা বাঙালি হয়েই জীবন অতিবাহিত করে দেবে, মানুষ হতে পারবে না! শোন ধার নেবে কিন্তু শোধ দেওয়ার কোন দরকার নেই। দু'হাজার ষোল সাল শুরু হলেই তুমি বর্তমানে ফিরে আসবে।
- কয়েক হা...হা...হা...হাজার কোটি সমেত প্রভু?
- নিশ্চই। কিন্তু কেউ আমায় ধার দেবে প্রভু? আমি ক্লার্ক!
- কেরানীকে কেউ ধার দেয় হে! তুমি সে সময় গিয়ে ব্যবসা ফাঁদবে। বা ব্যবসা ব্যবসা ভান করবে। নেশা ধরাবে মানুষের মনে। মানুষকে ওড়াবে। আর ওড়াবে তাদের টাকা। কেমন? 
- প্রভু। প্রভু। প্রভু। 
- বিজয়ী হও।

Tuesday, March 8, 2016

হেঁয়ালি

- কে? 
- আমি ছাড়া আর কে আছে যে কড়া নাড়বে?
- সারকাজ্‌ম বড় দ্রুত রপ্ত করেছ দেখছি।
- যা বিশ্রী গরমে রেখেছেন। ফুরফুরে মেজাজে কথা বলার উপায় আছে?
- কই! দাঁড়িয়ে কেন! বস!
- বসতে আসিনি।
- বসতে আসনি?
- আজ্ঞে না!  কাজে এসেছি। 
- কাজ? আমি তো জানি তুমি কাজ নেই বলে সর্বক্ষণ শশব্যস্ত থাক!
- মেজাজটা গরম করে দেবেন না মাইরি। আপনি তো সর্বক্ষণ আপিসঘরে বসে খুটখাট করে যাচ্ছেন। এই খাতায় হিসেব করছেন, তো পরক্ষণেই ল্যাবরেটরিতে গিয়ে খুচুরখুচুর। এই জাদু প্র্যাক্টিস করছেন তো তারপরেই আঁক নিয়ে বসে গাল চুলকে সাফ করছেন। এদিকে যত ঝামেলা তো আমার। 
- ঝামেলা আবার কীসের? দিব্যি খাচ্ছ, ঘুমচ্ছ! ঝামেলা আবার কীসের?
- ঝামেলা তো সেখানেই। শুয়ে বসে খেয়ে আর কদ্দিন সোয়াস্তিতে থাকা যায়। আমি তো আর আপনার ওই বাঁদর বা পুঁইলতা নই। মাথায় বুদ্ধি কিলবিল করছে অনবরত। 
- বুদ্ধি?
- বুদ্ধি। হাতে গরম। যখন তখন একটা কিছু ঘটিয়ে ফেলতে পারি। অথচ ঘটাতে পারছি না। এমন যন্ত্রণা নিয়ে টিকে থাকাটা কী মামুলি?
- না। মামুলি নয়। তবে তোমায় আমি একটানা হেঁয়ালি সরবরাহ করে চলেছি তো। অনবরত নতুন নতুন জবরদস্ত সব হেঁয়ালি তৈরি করে তোমায় সাপ্লাই দিয়ে চলেছি। মগজ ভোঁতা হওয়ার তো চান্সই নেই। 
- হেঁয়ালি! সাপ্লাই!। বাজে বড়াই করবেন না। ভারী আমার সুডোকু, ক্রসওয়ার্ড, ধাঁধা সাপ্লাই করছেন। পাতি। পাতি। 
- আমি তো জটিল করার আপ্রাণ চেষ্টাই করি। 
- ধুর ধুর। আজকাল সুডোকু সল্ভ করি ঘুম আনার জন্য। ক্রসওয়ার্ড -ফ্রসওয়ার্ড তো বাজে সময় নষ্ট। তার চেয়ে ঘাস গোনা সহজ। আর দোহাই দাদা, ওই বস্তাপচা ধাঁধাগুলো দেওয়া বন্ধ করুন। কোয়াড্রাটিক ইকুয়েশনের মত জলবৎ হয়ে যাচ্ছে সবকিছু। ধুর ধুর। জীবনে অভক্তি ধরে গেল। 
- ইয়ে, গতকাল যে ট্যানগ্রামগুলো দিলাম? আল্ট্রা ডিফিকাল্ট লেভেলের?
- আর বলবেন না। সেগুলো তো ভুলে সল্ভ করে ফেলেছি। 
- ভুলে?
- মানে সল্ভ করতে চাইনি। মনকে বোঝাতে চেয়েছি; সল্‌ভ করিস না বাবু, সল্ভ করিস না। এগুলোও সল্ভ করে দিলে কাল সকালে কী হবে? কিন্তু না। চেষ্টা করেও পারলাম না। ভারী সহজ। এত সহজ যে দেখলেই গা গুলোয়। 
- এ তো মহা ফাঁপরে পড়া গেল। 
- শেষ নাকি? হেঁয়ালির স্টক?
- না না। ভয় পেয়ো না। ভয় পেয়ো না। হেঁয়ালি আছে। জব্বর এক হেঁয়ালি আছে। 
- রাখুন মশাই আপনার জব্বর হেঁয়ালি। আড়াই হাজার খোপের ক্রসওয়ার্ড। তার বেশি কিছু তো নয়। 
- আরে না না। এ খতরনাক। 
- ধুর ধুর। হাতি ঘোড়া গেল তল, ক্যালকুলাস বলে কত জল। 
- আরে না রে বাবা। এ ধাঁধা তোমার দাঁত ভেঙ্গে দেবে। 
- হেহ্‌! হাসালেন মাইরি। এই বাতেলা মারার অভ্যাসটা এবার ছাড়ুন। 
- সত্যি বলছি। এ জীবনে সে হেঁয়ালিতে দাঁত বসাতে পারবে বলে মনে হয় না। 
- ফের বাতেলা। ধুস। আমি আসি। 
- হেঁয়ালিটা দেখবে না?
- এটা কী? ফিফ্‌টিন স্লাইডার গোছের কিছু ন্যাকামি?
- বললাম যে। তোমার হেঁয়ালির শখ ঘুচিয়ে দেওয়ার হেঁয়ালি। 
- অনেক ফটফট করেছেন। কই দেখান। কোথায় সে হেঁয়ালি। নতুন কিছু হলে তো মন্দ নয়। 
- পাশের ঘরে। জানালাটা খোল।
- ঘরের মধ্যে হেঁয়ালি?
- আহ! জানালাটা খোলই না। 
- অগত্যা। 
- দেখলে?
- ও...ও...ও'টা কী?
- ও'টা কী নয়। বল ও কে! 
- ক...কি...কো...মানে...কে ও?
- ও'র নাম ইভ। দেখ দিখি অ্যাডামবাবু; সল্ভ করতে পার কী না।

Sunday, March 6, 2016

রোববারের সোফা আর খেলার পাতা


- "খেলার পাতাটা দেবেন?", সোফার পিছনে বেঢপ কণ্ঠস্বর শুনে ঘুরে তাকালেন সুমনবাবু। দেখলেন একটা পাঁঠা বসে। সোফার পিছনে। বসে মানে ঠিক পাঁঠাসুলভ ভাবে বসে নয়। দিব্যি দেওয়ালে হেলান দিয়ে। পাঁঠাকে বাবু হয়ে বসতে বড় একটা দেখেননি সুমনবাবু। তবে অনেক কিছুই দেখেননি তিনি। গ্র্যান্ড ক্যানিয়ন, পরিষ্কার বাঙলায় খেলার পাতা চাওয়া পাঁঠা ইত্যাদি। 

- "কী ব্যাপার? আপনি কে? এখানে কী ভাবে? আপনি কি সত্যিই পাঁঠা?"। 
- "সামান্য খবরের কাগজ চেয়ে কী ঝামেলা হল বলুন। আমার বায়োডাটা চেয়ে বসলেন। বায়োডাটা অবিশ্যি ছিল না তা নয়, তবে খেয়ে নিয়েছি গতকাল"। 
- "যাক গে, তাহলে ধরে নেওয়া যাক আপনি পাঁঠা। তা সোফার পিছনে এলেন কী করে?"। 
- "ভূতের আবার বাছবিচার। সোফার পিছন, পিরামিডের ভিতরে পাতা তোষক, গোলপার্ক; সব সমান"। 
- "আপনি ভূত?"। 
- "নিজের পেট কে জিজ্ঞেস করুন। কড়াইটা এখনও ধোয়া হয়নি। সে'টা শুঁকে আসুন"। 
- "অহ। সরি"। 
- "সরির কী আছে?  আজ রোববার তো"। 
- "না মানে। আমি তো আনলাম দেড় কিলো মাত্র"। 
- "তবু আপনার সোফার পিছনেই কেন এলাম, তাই তো? আপনি পাঁজরাটা আনলেন কিনা"। 
- "রিয়েলি সরি"। 
- "আবার বলে সরি। আরে এটাই তো সিস্টেম। ও নিয়ে ভাববেন না। অন দ্য ব্রাইটার সাইড, পাঁঠা ভূতের ভাষা যে বাংলা সে'টা আজ জানতে পারলাম"। 
- "হ্যাঁ। সে'টা একটা চমৎকার ব্যাপার"। 
- "যাক। তা দেবেন এবার? খেলার পাতাটা?"। 
- "ক্রিকেট ফাইনালের ব্যাপার খোঁজ-টোজ নেবেন নাকি?"। 
- "আরে না না। বাংলা খবরের কাগজ পড়ে ক্রিকেটের খবর নেব? তাহলেই হয়েছে। চিবিয়ে দেখতাম। ভূত হয়ে অ্যাপেটাইটটা ঠিক কী অবস্থায় আছে। আপনার কাগজের খেলার পাতাটারাও এক হিল্লে হত"। 
- "ম্যাচ রিভিউটাই পড়ছিলাম। আর পাঁচ মিনিট দেবেন?"। 
- "ওই কোপটার আগে পাঁচ মিনিট পেলে কার্ডবোর্ড বাক্সটা ভালো করে চিবিয়ে আসতে পারতাম"। 
- "থাক থাক আর বলতে হবে না। এই যে। খেলার পাতা"।  

হাজার বছরের তপস্যা


পুঁচকে ছোকরা। তার অধ্যবসায় দেখলে ভির্মি খেতে হয়। 

এক হাজার তিনশো সাতাশ বছর আগের সেই হিমেল সন্ধ্যেয় তপস্যায় বসলে ব্যাটাচ্ছেলে; এখনও ধ্যান ভাঙার নাম নেই। 

ব্রহ্মা কত করে আকাশবাণী ভাসিয়ে দিলে ; "বাপু, কলি পেরিয়ে ডোনাল্ড ট্রাম্পের যুগ আসতে চলল। এখন এ'সব তপস্যা-ফপস্যা করে লোক হাসিয়ে কী লাভ?"। 

ছেলের তবু তপস্যা বন্ধ করার নাম নেই। সে তপস্যার এমন তেজ যে ছোকরার বয়সও বাড়ে না। 

মেনকাকে টু পিসে পাঠিয়ে লাভ হল না। 
হনি সিংহের গান বাজিয়ে লাভ হল না। 
মেগাসিরিয়াল চালিয়ে দিয়ে লাভ হল না। 

ছেলে তপস্যায় মগ্ন। খিদে নেই, তেষ্টা নেই, ভোট দেওয়ার চিন্তা নেই; মাথায় দেড় মাইল লম্বা জটা আর গায়ে হাফ-এভারেস্ট ধুলোর পরত। 

ব্রহ্মা বুঝলেন আর উপায় নেই। এ ছেলে অতি বড় গাম্বাট। অবতীর্ণ হতেই হল ছোকরার সামনে। 

- হয়েছে হয়েছে, অনেক হয়েছে। কী ডিমান্ড এবার বলো দেখি চাঁদু। 
- ব্রহ্মা! হে পিতা!
- অত আদেখলামোর কী আছে! বলো! ডিমান্ড বলো। 
- ডিমান্ড?
- ও! তুমি তো আবার হাজার বছর পুরনো চিজ। ট্রেড ইউনিয়ন যে এদিকে কতটা ফুলেফেঁপে উঠেছে সে খবর তো রাখনি, রাখলে বুঝতে। যাক গে। ডিমান্ড...ইয়ে মানে...কী বর চাই বলো। ওহ। তার আগে শুনি তোমার নামটা কী?
- আমার নাম শ্রী বাস টিকিট।
- বাস টিকিট? বাহ। বেশ বেশ। তা বাবা বাসটিকিট, কী বর চাই? বলে ফেলো! যা চাইবে তাই পাবে।
- হে পরমপিতা। আশীর্বাদ করুন। যেন শেষ স্টপেজে নেমে যাওয়ার আগে অতর্কিতে; বুকমার্ক হতে পারি।  

Saturday, March 5, 2016

প্রফেসর দত্ত আর সময় যন্ত্র



- প্রফেসর দত্ত। আপনি বরং আজ আসুন।
- আসব?
- হ্যাঁ। আসুন। আমার বিস্তর কাজ রয়েছে।
- বলছিলাম, আমার পেটেন্টটা?
- এই কার্ডবোর্ডের বাক্স হচ্ছে আপনার তৈরি টাইম মেশিন। তাই তো?
- আজ্ঞে। তবে শুধু সময়ে পিছিয়ে যাওয়া যায়। ভবিষ্যতে যাওয়া যায় না।
- আচ্ছা বেশ। এই কার্ডবোর্ডের বাক্সে চড়ে ইতিহাসে চলে যাওয়া যায়। তাই তো?
- একদম।
- এটা আপনি আমায় বিশ্বাস করতে বলছেন?
- ফুল প্রুফ। থিওরির সরবতে এক ফোঁটাও চোনা নেই।
- প্রফেসর। দেখুন। এ'টা কার্ডবোর্ডের বাক্স। মানে আপনার সময় পিছিয়ে দেওয়া টাইম মেশিন একটা দৈত্যাকার বাক্স বই আর কিছু নয়। তাতে কোন সার্কিট, পাওয়ার সাপ্লাই কিস্যু নেই।
- সময় পিছিয়ে যেতে সে'সবের দরকার নেই।
- দরকার নেই?
- নেই।
- তবে?
- এই বাক্সের ভিতর রাখা আছে একটা চেয়ার।
- জাদু চেয়ার?
- না। জাদু কেন? এ তো সায়েন্স। নর্মাল প্লাস্টিকের চেয়ার। নীলকমলের।
- তাতে করে ইতিহাসে?
- সোজা। তবে শুধু চেয়ার নয়। আরও আছে।
- আর কী?
- চেয়ারের চারপাশে থাক থাক খবরের কাগজ।
- খবরের কাগজ?
- আনন্দবাজার! আপনাকে শুধু এই বাক্সের ভিতর ঢুকে চেয়ারে বসতে হবে। আর পাশে ছড়িয়ে রাখা আনন্দবাজার দেখেও পড়বেন না। ব্যস। কেল্লা ফতে।
- মানে?
- ওই। ফুলপ্রুফ থিওরি। আপনি আনন্দবাজার বেষ্টিত হয়ে বসে থাকবেন অথচ আনন্দবাজার পড়বেন না। কিছুতেই পড়বেন না আর ক্রমশ পিছিয়ে যাবেন, পিছিয়ে যাবেন, পিছিয়ে যাবেন...।
- আগামী ঊনত্রিশে আসুন। দু'টো স্টাম্প সাইজ ফটো নিয়ে আসবেন। কেমন?