Thursday, March 3, 2016

ভোলু মিত্তিরের কাণ্ড

-          টুবলু।
-          উঁ।
-          দশটা বাজে বাবু। ওঠো এবার।
-          উঁ উঁ।
-          ওঠো।
-          উঁ উঁ উঁ।
-          টুবলু!
-          আর একটু মা!
-          সকাল দশটা বাজে।
-          ডক্টর আঙ্কল বলেছে আমায় ঘুমিয়ে থাকতে। যতক্ষণ পারি।
-          একটু ওঠো টুবলুবাবু। আজ দু’টো সারপ্রাইজ আছে।
-          আজ ইনজেকশন নেই?
-          ওহ। তিনটে সারপ্রাইজ। আজ ইনজেকশন নেই। আর তাছাড়াও আরও দু’টো সারপ্রাইজ আছে।
-          আচ্ছা।
-          শুনবে না আর দু’টো সারপ্রাইজ কী কী?
-          মা।
-          কী টুবলুবাবু?
-          ইনজেকশন না দিলে ব্যথা হবে না? খুব ব্যথা মা। খুব।
-          কাঁদে না বাবু। ব্যথা হবে না। ডাক্তার আঙ্কল আজ ওষুধ দেবে। ইনজেকশন বাদ।
-          মা।
-          বাবু।
-          কষ্ট হচ্ছে।
-          আর একটু বাবু। ব্রেকফাস্ট করে নাও। তারপরেই সেই মজার ওষুধ। ব্যথা ছুমন্তর।
-          ছুমন্তর মানে ভ্যানিশ?
-          ঠিক তা নয়। ছুমন্তর হচ্ছে ভ্যানিশ করে দেওয়ার মন্ত্র।
-          যা কিছু ভ্যানিশ করা যায়?
-          ঠিক মত বলতে জানলে ভ্যানিশ করা যায়। এবার বলি? সারপ্রাইজ কী কী?
-          কী?
-          আজ ব্রেকফাস্টে...।
-          আলু সেদ্ধ? কর্ন ফ্লেক্‌স?
-          ধুস। সে’টা কোন সারপ্রাইজ হল টুবলুবাবু?
-          তাহলে?
-          পিজ্জা!
-          যাহ!
-          অন গড!
-          প্রমিস?
-          প্রমিস!
-          ব্রেকফাস্টে পিজ্জা? আমার ক্লাসেও কেউ কোনদিন খায়নি।
-          তুমি খাবে। আজ।
-          যদি বমি হয়ে যায়?
-          ভেবো না বাবু। হবে না। আমি আছি তো।
-          হবে না?
-          হবে না।
-          বমিও ছুমন্তর?
-          সাবাস টুবলুবাবু।
-          মা।
-          হ্যাঁ বাবু।
-          তুমি তিতলিকে বলে দেবে ফোন করে যে আমি আজ ব্রেকফাস্টে পিজ্জা খাচ্ছি? ও হিংসে করবে। বেশ মজা হবে।
-          তিতলিকে? আচ্ছা বেশ। তুমি খেয়ে নাও। আমি ওকে ফোন করে বলে দেব।
-          তিতলি এ বছর ক্লাস থ্রিতে চলে যাবে জানো? আমি টু’তেই থেকে যাব।
-          অত চিন্তা কিসের টুবলু? আমি প্রিন্সিপাল স্যারের সাথে গিয়ে কথা বলব যাতে টুবলু বাবুর প্রমোশন হয়ে যায়। কেমন?
-          ধুত। এগজ্যাম না দিলে পাশ করা যায় নাকি?
-          তাই তো। মুশকিল হল।
-          কী আর করা যাবে মা। আরও এক বছর ক্লাস টু’তে পড়তে হবে। তিতলিকে তিতলিদি বলে ডাকতে হবে।
-          তোমার দুঃখ হবে?
-          একটু।
-          একটু একটু দুঃখ কি খারাপ?
-          খারাপ না?
-          অনেক অনেক দুঃখ খারাপ। একটু দুঃখ তো থাকবেই।
-          মা।
-          হুঁ বাবু। 
-   ব্যথা করছে। পেটে। গায়ে। মাথায়।
-          সেকেন্ড সারপ্রাইজটা বলি? ব্যথা কমে যাবে।
-          কী সারপ্রাইজ?
-          ভোলু মিত্তির।
-          ভোলু মিত্তির?
-          দেখবে?
-          কে ভোলু মিত্তির?
-          ইয়াব্বড় ভল্লুক। যে মানুষের মত কথা বলে। নাচে। গায়। জড়িয়ে ধরে। চুমু খায়। আদর করে। গান গায়। বানান ভুল ঠিক করে দেয়।
-          ধুস। তুমি বানিয়ে বলছ!
-          একদম না। গড প্রমিস।
-          মাদার প্রমিস?
-          মাদার প্রমিস!
-          মিথ্যে বললে দাদি মরে যাবে কিন্তু।
-          আই নো।
-          ভোলু মিত্তির কোথায়?
-          ডাক্তার আঙ্কল নিয়ে আসছে।
-          ভোলু মিত্তির বড়?
-          ইয়াব্বড়। বললাম তো। আমার মত লম্বা। আমার মতই মোটা।
-          তোমার মত মোটা? হি হি!
-          আমার চেয়েও বেশি মোটা।
-          দারুণ। জলদি ভোলু মিত্তিরকে আনো। খুব ব্যথা করছে মাথায়। খুব খুব খুব।
-          বাবু। আর একটু।
-          পারছি না মা।
-          আর একটু।
-          ভোলু মিত্তিরকে আনো।

**
-          লিপি।
-          আমি পারব না ডাক্তার।
-          তুমি জানো লিপি। এটাই টুবলুর যন্ত্রণা কমানোর একমাত্র উপায়। সায়েন্টিফিক। মেডিক্যালি প্রুভেন। আর আইনত বাধা নেই।
-          ওর বয়স কী ডাক্তার!
-          সে জন্যেই আইনত এ সিদ্ধান্ত তোমার নিতে হবে লিপি।
-          আই ক্যান নট কিল মাই ওন সান! তিলে তিলে ওকে আমি তৈরি করেছি।
-          টুবলুর হাতে এমনিতেও আর বড় জোড় দুই থেকে তিন সপ্তাহ। ভয়াবহ তিন সপ্তাহ। যন্ত্রণা ছিঁড়েখুঁড়ে নেবে ওর শরীর কে।
-          স্টপ ইট ডাক্তার।
-          শক্ত হও লিপি। টুবলু এটুকু সোয়াস্তি ডিজার্ভ করে। ভোলু মিত্তির অত্যন্ত যত্নে তৈরি রোবট। আ টেকনোলজিকাল অ্যান্ড ইমোশনাল মার্ভেল। চুমুতে আদরে স্নেহে হাসিতে যন্ত্রণা ভুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে।
-          ঘুম? শেষ ঘুম। আমার টুবলু। পিজ্জা নিয়ে পাগল টুবলু। বিরাট কোহলিকে নিয়ে পাগল টুবলু। থ্রি স্টুজেসে পাগল টুবলু। ডাক্তার।  
-          শান্ত হও লিপি। ভোলু মিত্তির ইউথ্যানেসিয়াতে ভালোবাসা মেশাতে পেরেছে। আদরে ঘুমোতে ক’জন পারে লিপি? দু’সপ্তাহের জন্য অন্তত টুবলুর যন্ত্রণা থেকে মুক্তি পাবে।  
-          ডাক্তার। একটা রিকুয়েস্ট ছিল। ভোলু মিত্তির আমায় জড়িয়ে ধরতে পারে না?বড্ড যন্ত্রণা যে। বড্ড যন্ত্রণা।

** 

সূত্র ঃ http://www.pravdareport.com/news/world/07-05-2015/130517-suicide-0/

Wednesday, March 2, 2016

মন্টু চক্কোত্তির সিগারেট

"সিগারেট ধরাতেই মন্টুবাবুর মাথার ভার ভাবটা কেটে গেল"।

"এক মিনিট। এক মিনিট। মন্টু চক্কোত্তির মাথা তো বইয়ের র‍্যাকের ডান দিকে রাখা ছিল"।

"তাতে কী? সিগারেট ধরানোয় বাঁধা কোথায়?"।

"ধরালোটা কে?"।

"মন্টুবাবুই। ওভারের মাঝে বিজ্ঞাপন যেই শুরু হল, অমনি সোফা ছেড়ে উঠে গিয়ে মুণ্ডুর মুখে গোল্ডফ্লেক গুঁজে জ্বালিয়ে এলেন"।

"নাহ! ফাঁক আছে। মুণ্ডু ছাড়া টিভি দেখছিলেন কী করে মন্টুবাবু?"।

"ডান চোখটা অনামিকায় পরছেন ক'দিন হল। নীলাটা সুট করছিল না। জ্যোতিষ সম্রাট অমিয়কুমার দত্তই রেকমেন্ড করেছেন"।

"কিন্তু..."।

"তাতেও খটকা?"।

"একটাই। কান দু'টো তো বইয়ের র‍্যাকেই ছিল। মাথার সাথে"।

" ইচ্ছাকৃত।  আজকাল ক্রিকেট কমেন্ট্রির অবস্থা তো জানোই। রিচি বেনোরর যুগ শেষ। মাইক্রোফোনের রাজ্য রিচ ইন বেনো জল"।

"অ। কিন্তু..."।

"ফের কিন্তু?"।

"না মানে...র‍্যাকে রাখা মাথা ভার হল কেন?"।

"আর বল কেন! বইয়ের র‍্যাক না পড়া কেতাবে ভরা। জাস্ট ফর শো। এদিকে ঠ্যাং তখন সোফায় বসে নাচানাচি করছে, সরে পড়ার উপায় নেই। মাথা চুলকে সোয়াস্তি যে পাবেন; সে গুড়েও বালি। হাত দুটোই সোফায় লেতকে"।

"সব্বনাশ"।

"আবার কী?"।

"মন্টুবাবুর র‍্যাকে রাখা মুখে সিগারেট অথচ হাত তো সোফায় বসে ওভারবাউন্ডারিতে তালি দিচ্ছে। ছাই ফেলবে কে?"।

"যে বইয়ের র‍্যাক থেকে বই নামিয়ে পড়া হয় না সে র‍্যাক অ্যাশট্রে বই তো নয়"।

"ঠিক। বেশ। এবার স্পষ্ট হল"।

বাজেটের বাজে গল্প

-   বাজেট! ধ্যার ছাই। কী হিসেব করব? চাদ্দিকে শুধু নেই আর নেই। ডেফিসিটের বন্যা।
-   নেই তাই খাচ্ছ অর্থমন্ত্রী, থাকলে কোথায় পেতে?
-   দেশের নেতা হয়ে ছোলা ভাজা খাচ্ছেন আর এই এ’সব ফালতু বাত ঝাড়ছেন! গা পিত্তি পেট্রোল জ্বলা জ্বলছে।
-   আরে চটছ কেন? পকেটে আছে বত্রিশ টাকা। খরচ করতে হবে এক লাখ বাহান্ন হাজার দুশো ঊনপঞ্চাশ। এ’টুকুই তো?
-   চাষা আছে। যুদ্ধ আছে। কম চিন্তা?
-   আরে ও হবে হবে। থোড় বড়ি খাড়া। খাড়া বড়ি ডেফিসিট। ও হয়ে যাবে।
-   ফের এমন হাওয়ায় কথা কইছেন স্যার? কাল পার্লামেন্টে কাছাটা তো আমার খুলবে। আপনি তো গালে হাত দিয়ে বেরিয়ে যাবেন। ধুর।
-   এত টেনশন কীসের রে বাবা! পিছনে নেই চাম, রাধাকেষ্টর নাম। আর অত ভেবে কিস্যু হবে না। এই নাও। চাট্টি ছোলাভাজা।
-   কিস্যু হবে না?
-   আরে কিছু নেই যখন তখন কিছু হবে কী করে?
-   তাও তো ঠিক।
-   আরে শোন। এই না থাকার চেয়ে বড় প্রেম আর হয় না।
-   ধ্যার। আপনি ছোলা খান। আমি আগডুম বাগডুম যা হোক কিছু একটা খাড়া করে ঘুমোতে যাই। অপোজিশন এমনিতে চাবকাবে অমনিতেও বিছুটি ঘষবে।
-   তুমি ভারী নেগেটিভ হয়ে যাচ্ছ অর্থমন্ত্রী।
-   এই দেখ! সবই তো নেগেটিভ। ব্যালেন্স অফ পেমেন্ট, ইকনমিক গ্রোথ, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ...।
-   আরে থাম থাম থাম। দাঁড়াও। প্রেমটা সহজে বুঝিয়ে বলি। নাও ছোলা নাও। আহ! নাও। চোয়াল শক্ত হলে কলজে মজবুত হয়।
-   যত বাজে কথা। তবে দিন। খাই।
-   শোন। যা বলছিলাম। এই যে জিডিপি দেখছ, এ হল লাবণ্য। আর তুমি...বুঝলে...।
-   আমি অমিত রায়, তাই তো?
-   এইত্তো ঠিক ধরেছ। আর এই বড় বড় না থাকাগুলোই তো রোম্যান্স।প্রেম। স্নেহ।
-   না থাকাটা রোম্যান্স? রাজকোষে পায়রা বাসা বাঁধছে, সে’টা রোম্যান্স?
-   আলবাত। সেই ফাঁকটাই তো তোমায় নিজের কাব্যি দিয়ে ভরতে হবে বাবা অর্থমন্ত্রী।
-   বাজেটে? কবিতা?
-   নয়তো আর বলছি কেন!
-   বেশ। তাহলে এবার বাজেটের নাম দিই শেষের কবিতা।
-   তাই করতে হবে। সেই নামই দাও। সমস্যা তাতেই মিটবে। বুঝলে হে অর্থমন্ত্রী? এ বাজেটের নাম দাও Cessয়ের কবিতা। কেমন?

নট গুড এনাফ

আজ বুঝেছি মান্না দে কী জিনিস।

আজ বুঝেছি রাতের ছাদের কোণে হুলো অমন বিমর্ষ মেজাজে ল্যাজ লেতকে কেন বসে থাকে।

আজ বুঝেছি বালিশে মুখ গুঁজতে পারা কী সুতীব্র আশ্রয়।

আজ বুঝেছি হুড়মুড়িয়ে দু'কলম পোস্টকার্ড লেখা কতটা দুঃখ লাঘব করতে পারে।

আজ বুঝেছি কেউ কারুর নয়। মা গো, কেউ কারুর নয়।

প্রীতি বিয়েটা করে কত কিছু থাবড়ে বুঝিয়ে দিয়ে গেল।

হারকিউলিস

যেখান থেকে মোড়াম ঢালা রাস্তাটা অতর্কিতে নেমে যায়। একটানা ঢাল। সে'খানে সাইকেল দুঃসাহসী। বেপরোয়া। খুনে।

হুশহাশ করে নেমে যাওয়া। ঘন সবুজ রঙের হারকিউলিস সাইকেলে সরু চাকা মোড়ামে খলবল করে। বাঁ পায়ের পাতা হাওয়াই চটির মেজাজে বাঁ প্যাডেলে সোজা নেমে এসে শান্ত হয়ে থাকে একটানা। হ্যান্ডেল ডান হাতের ছোঁয়াতেই বশ মানে। বাঁ হাত? সে তো চুলের ফুরফুর সামলাতে।

ঢাল ধড়াক করে শেষ হয় কালভার্টের গা ঘেঁষে। সিমেন্টের  বাঁধানো, দু'জনে লুডোর বোর্ড পেতে বসা যায়। তার গায়ে হলদে কালো পেন্টে লেখা ৫৪। পঞ্চায়েতের হিসেবের  কোন নম্বর? অতটাই সরল? নাকি কেউ জানে যে ক্লাস টুয়েল্ভের অঙ্কে চুয়ান্ন পাইয়েদের হাতে বিকেলে বাড়তি সময় থাকে!

- কী রে! ম্যাচ খেলতে গেলি না কাল?
- ইচ্ছে হল না!
- বুম্বাদা রেগে গেছে। পরের ম্যাচে তোকে কীপিং করাবে।
- বয়ে গেছে।
- কী ব্যাপার?
- বিলু!
- বল।
- টাকা আছে?
- কত?
- এই। দশ বারো।
- সুধীরদার পেঁয়াজি?
- আর মুড়ি। অল্প তেলে মেখে দেয় বললে।
- আছে। নিয়ে আসি। তুই বস।
- বিলু!
- বল।
- কাল অপাইদা খেলেছে ওদের হয়ে?
- খেলেছে। বত্রিশ রান করেছে। দু'টো উইকেট নিয়েছে, বুম্বাদাকে বোল্ড করেছে।
- বেশ হয়েছে।
- খেলা দেখতে লোক হয়েছিল?
- হয়নি আবার? উত্তরের গোলপোস্টের পাশে গার্লস স্কুলের ভিড় জমে গেছিল।
- মিতুল ছিল, তাই না?
- পেঁয়াজি আনি।
- বিলু।
- কী?
- মিতুল ছিল, তাই না?
- অপাইদার লম্ফঝম্প যদি দেখতিস। উইকেট নিয়ে। বুম্বাদার উইকেটেই হেরে গেলাম।
- বিলু।
- পেঁয়াজি আনি?
- অপাইদার মায়ের হাতের খিচুড়ি বেগুনভাজা খেয়েছিস? অমৃত!
- মুড়ি মেখে নিয়ে আসতে হবে তো।
- ব্যাপার হল। মিতুলের মা নেই। আমারও নেই। মিতুলের একটা হিল্লে হবে। মা-লেসনেস ঘুচে যাওয়াটা বড় ব্যাপার। মাসীমা বড় ভালো। অপাইদার মাতব্বরির জন্য একটু গা জ্বলে, তবে মাসীমার আচারের বয়ামের কথা ভাবলে রাগ জল হয়ে যায়। এটাই বোধ হয় ভালো হল। অপাইদার জায়গায় গতকাল আমি থাকলেও লম্ফঝম্প দিতাম।
- আসি।
- সুধীরদাকে ঠোঙায় কয়েকটা এক্সট্রা কাঁচা লঙ্কা দিতে বলিস।
- ওউক্কে।