Friday, December 25, 2015

সবার জন্য কেক্‌

"হে যীশু, দেশের মানুষের নেংটি জুটছে না। বড়দিনের কেক পাবে কোথায় তারা?", কাতর কণ্ঠে জানতে চাইলেন বৃদ্ধ।

পরমপিতারর চোখ ছলছলিয়ে উঠল। তিনি বললেন;
"দেশের দশের এত দুঃখ গো? দেব সে নতুন দিগন্ত। সকলের জন্য রেখে যাব অমরত্বের স্বাদ। সবার জন্য বড়দিনের কেকের কামড় রইবে। এমনকি, আমার এ আশীর্বাদী কেকে বছরের আর পাঁচটা দিনেও রাম-শ্যাম-যদু-মধু সবার জন্যে রইবে কেকের আশ্বাস।"


বৃদ্ধের মুখ আশ্বাসে উজ্জ্বল হয়ে উঠল। যীশুর সামনে নতজানু হয়ে হাত পাতলেন; দেশের হয়ে, অভাগা দশের হয়ে।
রঙিন ভালোবাসার কাগজে মোড়া এক খণ্ড অমৃতসমান কেক বৃদ্ধের হাতে তুলে দিলেন যীশু।

যীশুর আশীর্বাদে ধন্য হলে বৃদ্ধ।

যীশু বলে দিলেন;
" দশের জন্য তোমার প্রাণে এত ব্যথা। এ কেকের নাম হোক তোমারই নামে, কেমন?"।


বৃদ্ধ হেসে কইলেন, "নামে কেন? নাম আজ আছে কাল গায়েব। ভালোবাসার ডাকটুকু বরং এ কেকের সঙ্গে লেগে থাক"।
যীশু বাপুজীর মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন।

বড়দিনের মোলাকাত

দেবভূমি আর্সালান। বড়দিন।

চার চেয়ারের এক চেয়ার আলো করে বসে দেবতা, তার সামনে অর্ঘ্যপাত্রে পাঁঠা বিরিয়ানি। তাতে বাড়তি ডিম ও বড়দিনের খোশবু।

উলটো দিকে চেয়ারে ঝকঝকে দেবী; একবাটি মুর্গীর চাপ আর খান দুই রুমালি আঁকড়ে। দেবীর পাশে দেবশিশু চুমুকুমার, ফির্নির বাটিতে ডুবে যার চুমুল্যাতপ্যাতে শ্রীমুখ।  

বিরিয়ানিতে সোয়াদ নেই, চাপে চাপ। স্বাদ থাকবে কী করে? হাওয়ায় রিটার্ন টিকিটের বদগন্ধ, গলায় থার্মোকলের ড্যালা, মুখের কথা এ দেওয়াল ও দেওয়ালে বেমক্কা গোঁত্তা খেয়ে ফেরে। স্টেনলেস স্টিলের থালায় পাথরকুচি গড়িয়ে দেওয়ার শব্দে ইতিউতি "ভালো থাকিস"রা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে।

পরকীয়াতে ছোটবেলা থাকে না, বিরিয়ানির বিস্বাদ থাকে না।
"তুই খাচ্ছিস কেন বাবু?" থাকে না।
"অমন করে না" থাকে না।
পুত্রস্নেহ থাকে না। ফির্নি মাখা শিশুমুখের ভ্যানিশ হয়ে যাওয়ার ভয় থাকে না।

***

- বিরিয়ানি খাবি না বাবু?
- স্বাদ নেই।
- কথা বলবি না?
- কথা নেই।
- আমার ছেলে বড় হলে, দেখা করবি আবার ওর সাথে?
- এমন বলিস কেন?
- করবি দেখা? ওর সাথে?  যখন ও কথা বলতে পারবে? কথা বলবি না ওর সাথে তখন? দ্যাখ। তুইও বাবু। এও বাবু। দুই বাবু গপ্প করিস, আমি শুনব।
- তোর ছেলে বড় ভালো। বড় মায়া।
- আমি?
- তুই বড় ভালো। বড় মায়া।
- তুই?
- আমি বড় গবেট। বড় গাধা।
- তুই কার গবেট? কার গাধা?
- যাস না। আই অ্যাম ফার টু হেল্পলেস।
- আমিও বাবু। আমিও।
- যাস না।
- যাওয়া তো থাকে বাবু। না যাওয়াটুকু বুঝবি না?
- তুই বড় ধান্দাবাজ মেয়ে। বড় সেয়ানা।
- তুই বড় ভালো বাবু। বড় মায়া।

ওঁদের কথা

এ বয়সে আর হুড়মুড় সহ্য হয় না। ধড়াচূড়া খুলে কোন রকমে শরীরটা চেয়ার পর্যন্ত হেঁচড়ে নিয়ে গিয়ে বসতে হল তাকে। 

একে এই পশমের ভারী কোট, তাতে কাঁধে বস্তাভরা এই প্যাকেট, সেই প্যাকেটের বোঝা। শখের বসে কী কাজই যে নিয়ে বসে আছেন! আবার স্লেজে না গেলেও নয়, কেতায় বাঁধবে। কিন্তু এদিকে বয়স তো কম হচ্ছে না। 

আয়নায় নিজেকে দেখে রীতিমত ঘাবড়ে যেতে হল, একদিনের ধকলেই চোখ বসে গেছে। পৃথিবী জুড়ে টইটই করে বেরানো কি মামুলি ব্যাপার? তাও আবার একদিনের মধ্যে। উফ! 

এর চেয়ে হেডমাস্টারি করা অনেক সহজ! 

- কিন্তু সহজ বললেই বা ছাড়ান পাওয়া যাচ্ছে কোথায় ডাম্বলডোর?  
- এই তোমার এক বাতিক হয়েছে বিবেক। যখন তখন হুট করে উদয় হয়ে পিলে চমকে দেওয়া। 
- বলি থকে গেলে চলবে কেন? ফি বছরে একবারটি বেরোও আনন্দধারা বইয়ে আসতে, তা নিয়েও এত টালবাহানা? না না। এ চলে না। 
- বলি বয়স হচ্ছে তো। আর কদ্দিন? আর কয়েকশো বছর না হয়ে মুখে রক্ত তুলে টেনেও দেব। কিন্তু তারপর? তারপর কী হবে? ক'হাজার বছর ধরে তো জোয়াল টানলাম। আর দেহ দিচ্ছে না। 
- একটা কাজও তো করলে পার। 
- কী কাজ?
- এই যে আনন্দ বিলি করার কাজ, কয়েক হাজার বছরের আনন্দ সমস্তটাই একবারে বিলিয়ে দিয়ে এলে হয় না? তারপর থাক তুমি হগওয়ার্ট আলো করে বছরে তিনশো পঁয়ষট্টি দিন। কেউ কিচ্ছুটি আর বলবে না। আমিও জ্বালাব না, পঁচিশে ডিসেম্বর এলো গো...লাল কোটখানা পর গো...আনন্দ বস্তা কাঁধে ফেলো গো...। 
- সমস্ত আনন্দ একবারে বিলিয়ে আসা? হাজার হাজার বছরের আনন্দ এক দিনে?
- এক দিনে ঠিক নয়। তবে একবার গিয়ে যদি তুমি সত্তর আশি বছর কাটিয়ে আসতে পার মানুষের মধ্যে হে ডাম্ব্‌লডোর, তাহলে তুমি পারবে যথেষ্ট আনন্দ রেখে  আসতে সেখেনে। তখন আর ফি বছর এত হ্যাঙ্গাম করে যাওয়ার দরকার পড়বে না। 
- সত্তর আশি বছর মানুষের মধ্যে থেকে হাজার হাজার বছরের জন্য আনন্দ ছড়িয়ে আসা? কোন জাদুতে সে কাজ হবে  হে? 
- কেন? কবিতার জাদুতে! সঙ্গীতের জাদুতে। 
- আমি পারব?
- তুমি না পারলে কে পারবে বাবু? 
- আশি বছর কাটিয়ে সে জাদু ছড়িয়ে এই স্যান্টাবাজির থেকে যদি লাইফলং ছুটি পাওয়া যায় হে বিবেক, তার চেয়ে ভালো আর কী হতে পারে?
- বাহ! এই না হলে কথা। তা কবে যাবে? ছদ্মবেশই বা কেমন নেবে?
- ছদ্মবেশ আর যাই নিই না কেন, এই দাড়িটাকে ছাড়তে বলো না বিবেক। হেডমাস্টারি হোক কি স্যান্টাগিরি, এ দাড়ি ছাড়তে আমি কোনদিন পারিনি, পারার দরকারও দেখছি না। 
- বেশ। একটা কিছু ভেবে নেব। তা রওনা হচ্ছ কবে? আগামী পঁচিশে ডিসেম্বর? 
- হগওয়ার্টে ব্যবস্থা-ট্যাবস্থা করে যেতে খানিক সময় তো লাগবে। তবে পরের বছরের পঁচিশে ডিসেম্বরের অপেক্ষা করারও মানে হয় না। শুভস্য শীঘ্রম। 
- এই না হলে কথা। তা মানুষের দেশে নামবে কবে হে?
- পঁচিশেই। তবে ডিসেম্বরে নয়। আসছে বৈশাখে। 

Wednesday, December 23, 2015

নাড়ুর রেসিপি

- এ নাড়ু। তোর বানানো রে?
- কেমন?
- পাশ করেছিস।
- পাশ? ভাগ। যা মর তুই।
- আরে শোন। শোন না। লেটার।
- খাস না।
- আরে। শোন না। আরও আছে? 
- পাবি না। যা পাশ লেটার গিলে খা।
- এত স্মুদ যে কী করে...! জিভে ফ্লোট করছে রে।
- হাত ছাড়।
- আমি ভাবতাম তোর যত তেজ শুধু এগজ্যামিনেশনের খাতায়। গাদা গাদা মার্ক্সে! ..এমন নাড়ু যে বানিয়েছিস...হাউ?
- ছাড়।
- রেসিপি বল।
- মরে গেলেও বলব না। নাড়ুর স্মুদনেসটাই তো কি-এলিমেন্ট। সে'টা সিক্রেট।
- রেসিপি। বল। ক্যুইক।
- নেভার। 
- হয় রেসিপি বল...।
- নয়তো? হাত ছাড়...।
- নয়তো কী?
- নয়ত নাড়ুর সোর্সকে ছাড়ব না।
- ছাড়বি না?
- নেভার।
- নেভার? 
- নেভার।
- পরীক্ষায় গাদা গাদা নম্বর পাওয়া আর পৃথিবীর সেরা নাড়ু বানানো ছাড়া আরও একটা ব্যাপারে আমার জুড়ি নেই রে। 
- কী ব্যাপারে?
- এই দ্যাখ। তোর জন্য ব্লু বেল্টেই যথেষ্ট।

***

- দীপুকুমার!
- আহ মামা! সাবধানে। লাগছে।
- এমন খতরনাক ভাবে কবজি মুচড়ে গেল কী করে?
- সাইকেল থেকে হঠাৎ...।
- ক্রেপে চুনে হলুদে হপ্তাখানেক। আর শোন।
- কী..?
- অমন স্মুদ নাড়ুজোড়া কে পকেটে রেখে ঘুরতে নেই। ব্যাড ফর দ্য পকেট। ওয়ার্স ফর দ্য নাড়ুস। বাট ইয়ে, গুড ফর ইনকুইসিটিভ মামাস।

সমাদ্দারের ছিপি

দু'চামচ ছাতু। হাফ চামচ নুন। অল্প পেঁয়াজ কুচি। একটা লঙ্কা কুচোনো।

এক গেলাস জলে ফেলে ঘটঘট করে গুলে নেন অরূপ সমাদ্দার। ছাতু ব্যাপারটা পেটে লাস্ট করে, চোঁয়া ঢেকুরের চান্স থাকেনা। পেটাই চেহারার পালোয়ানরা লিটার লিটার ছাতুর সরবত খেয়ে থাকেন।

অরূপ সমাদ্দার অবশ্য পালোয়ান নন। তার দেখনাই বাইসেপ নেই। অভাব আছে। ছাতু ডিনারটা হেল্‌থ চয়েস নয়, অনলি অপশন। মাসে পাঁচ কিলো ছাতু আনেন সমাদ্দার। মাসের ষাটখানা মেজর মিল; তার মধ্যে তিরিশবার ছাতু, তিরিশবার ভাত। ভাতে অনেক হ্যাপা। ডাল চাই রে, আলু সেদ্ধ চাই রে। হিসেবের বাইরে দাঁড়িয়ে যায়। তিরিশ দিনের ডাল আলু সেদ্ধ ভাত কে কাটছাঁট করে নিয়ে সমস্ত ডিনার ছাতুতে কনভার্ট করেছেন অরূপ সমাদ্দার আর সমস্ত লাঞ্চকে আপগ্রেড করেছেন ভাত ডাল অমলেটে।

এক মনে ঘটঘট করে ছাতু গুলতে গুলতে অরূপ সমাদ্দার প্ল্যান করছিলেন বড়দিনের লাঞ্চে স্রেফ পোল্ট্রির মুর্গির ডিম না খেয়ে হাঁসের ডিমের অমলেট বানাবেন। ছুটির মেজাজ আর কী।

এমন সময় ডাক এলো। মাথা কিনে নিয়েছে যেন - বিরক্ত হয়ে ভাবলে অরূপ সমাদ্দার। একটানে ছাদ সরিয়ে তক্ষুনি ঝুপঝাপ করে বেরিয়ে আসতে হল তাকে - ছাতুর সরবতের গেলাস একলা পড়ে রইল।

ফোঁদল থেকে বেরিয়েই উদয় হয়ে সেলাম করতে হল আলাদীনকে। হ্যান চাই ত্যান চাই। ইয়ে করকে লাও, উয়ো উঠাকে লাও। হাজারো হ্যাপা।


**

- এ প্রজেক্টে আপনি জয়েন করবেন না?
- সম্ভব নয়।
- বিশ্বের সেরা বৈজ্ঞানিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্টে থাকবে না? শানিত মগজখানা নিয়ে গত দশ বছরে কোন কাজ আপনি করেননি সমাদ্দারবাবু। চিরকাল ছাতু গুলে খেয়ে কাটাতে চাইছেন?
- কী মুশকিল! আপনি কেন বুঝতে চাইছেন না। আই অ্যাম অলরেডি এমপ্লয়েড। আর এসব প্যারালাল ওয়ার্ল্ড নিয়ে ছেলেখেলা লেভেলের গবেষণার প্রজেক্টে টাকা ঢালার মানে হয় না। সরকার-বাহাদুরকে বুঝিয়ে বলুন।
- মানে হয় না কথাটার মানেটা কী।
- কতবার বলব। ও দুনিয়া আমি দেখে নিয়েছি।
- তাহলে খোলাখুলি জানিয়ে দিচ্ছেন না কেন? প্রমাণ সহ!
- জানাচ্ছি তো। তবে প্রমাণ দিতে পারব না তো! কী করে দেব? চাকরী করছি যে।
- চাকরীই যদি করবেন তবে ছাতু খেয়ে থাকতে হচ্ছে কেন?
- মাইনে নেই। এদিকের চাকরী নয়তো। ওদিকের চাকরী।
- ওদিকের চাকরী?
- আরে ইউনিভার্স ঘাঁটাঘাঁটি করতে গিয়ে দেখি যে এ দুনিয়া...মানে এই যে ব্রহ্মাণ্ড আর কী! আসলে ইজ ইন আ শেপ অফ আ বোতল।
- বোতল?
- আজ্ঞে। বোতল। সে বোতলের ছিপি খোঁজাটাই আপনার এই নতুন প্রজেক্টের কাজ বুঝলেন। তবে খুঁজে লাভ নেই। ও ঠিকানা আমি পেয়ে গিয়েছি। ছিপি খুলে গিয়েওছি ওপারে।
- হোয়াট ননসেন্স।
- ওই দ্যাখো। এ জন্যেই তো বলি না। ছিপি খুলে ওপারে গেলে আবার লিমিটলেস্‌ ক্ষমতা মশাই। আক্ষরিক অর্থে লিমিটলেস্‌।
- কী বলছেন!
- ওই দ্যাখো। ঘটে ঢুকছে না তো। তাই বলছি আমায় বাদ দিন। আর শুনুন, একটা আবিষ্কার করেছি। সে বিজ্ঞানের বাইরের চিজ।
- এতই যখন বললেন, সেটাও বলুন।
- অ্যাবসোলিউট পাওয়ার ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ পরাধীনতা।
- হোয়াট?
- বোঝা গেল না?
- না। পাগলের প্রলাপ যত। প্রজেক্টে কাজ করবেন না, বলে দিলেই মিটে যায়।
- পাগলের প্রলাপ তো মনে হবেই সাহেব। আপনি তো আর বোতলের ছিপির ওপারে যেতে পারেননি। ওই! ওই ফের ব্যাটা ডাকছে। চলি। ছিপি খুলতে হবে।