Wednesday, July 30, 2014

টেকনোলজিক

-   টেকনোলজির নিরিখে; ভাবতে পারছেন মশাই ঠিক কোন জায়গায় আমরা পৌঁছে গেছি ? এই যে হাতের তালুতে মোবাইল। তাতে সম্পূর্ণ মহাজগৎ লুকিয়ে আছে। ভাইব্রেশনটা ফিল করুন গুপ্তবাবু। ফিল করুন।
-   ফিল করবো ?
-   আলবাত করবেন। এই বারুইপুরে বসে আপনি জেনে নিতে পারেন প্যারিসের বাজারে টমেটোর কি দাম চলছে। কিনসাসায় কাল দু এক পশলা নেমেছিল কি না। বাদুরের ঝোলের রেসিপি।
-   বেশ চমৎকার।
-   শুধু চমৎকার ? অভাবনীয় বলুন মশায়।
-   না অভাবনীয় ঠিক বলতে পারছি না।
-   বটে ? এর চেয়ে তাবড় টেকনোলজি কিছু আপনি ব্যবহার করেছেন ? হ্যাঁ ?
-   নিশ্চয়ই করেছি। নয়তো বলছি কেন! জ্যৈষ্ঠের গরমে, ভেজা গামছায় গা মুছে, মেঝেতে মাদুর বিছিয়ে শুয়ে থাকার টেকনোলজি। ট্রাই করেছেন না কি ?
-   হোয়াট দ্য...
-   ফ্যাক্ট। ইট ইজ। হাজার এয়ার কন্ডিশনার কচলে যাবে সে শান্তির কাছে। বুঝলেন ?

**
-   আচ্ছা গুপ্তবাবু, স্পেস-ট্র্যাভেল সম্বন্ধে আপনার কি ওপিনিয়ন? মানে এই যে এতো স্পেসক্র্যাফট...
-   মহাকাশ ভ্রমণ...হুম...
-   ম্যাগনিচিউড টা বুঝুন। আজ পৌঁছে যাচ্ছি মঙ্গলে। কাল হয়তো অন্য কেন গ্যালাক্সি। পরশু হয়তো...
-   আরে মশাই স্পেসক্র্যাফট বাদ দিন। সকালের টুয়েল্ভ সি বাই ওয়ান ধরে শিয়ালদা যেতেই স্পাইন টস্‌কে যাচ্ছে। সোজা হিসেব। প্লুটোয় বারোয়ারী দুর্গাপুজো করার চেয়ে বেশি কঠিন হচ্ছে অফিস টাইমে রানিং বাস ধরে জানালার ধারে সিট পাওয়া। এন্ড অফ ডিসকাশন।

**
-   বুঝলেন গুপ্তবাবু, মেডিকেল সায়েন্স যে ভাবে প্রোগ্রেস করছে...অভাবনীয়
-   টোটালি এগ্রি করছি। স্ট্রবেরী ফ্লেভারের ইসবগুল, ক্যান ইউ ইম্যাজিন ?

Sunday, July 6, 2014

ম্যাজিক

- ম্যাজিক দেখবেন ?

- রিয়েলি ?

- অফ কোর্স। দেখবেন ?

- আপনি মশাই জব্বর কিন্তু...কই দেখান দেখি...

- এই রেস্তরাঁয় যা বসে আছি, এটা কোথায় ?

- দেশপ্রিয়...তো ?

- দেশপ্রিয় পার্ক কোথায় ?

- ক্যালক্যাটা। 

- ক্যালক্যাটা কোথায়? 

- ধুর মশাই। 

- পেশেন্স। ম্যাজিক আসছে। কোথায় ক্যালক্যাটা ?

- পশ্চিম বাংলায়। অ্যান্ড বিফোর ইউ আস্ক...পশ্চিম বাংলা রয়েছে ভারতে।

- ওকে। ভারত কোথায় ?

- যাচ্চলে। ভারত ? পৃথিবীতে!

- আর পৃথিবী ? 

- খেয়েছে। কি কুক্ষণেই যে ম্যাজিক দেখতে চাইলাম...

- আহ! ফোকাস করুন। পৃথিবী কোথায় আছে ?

- সোলার সিস্টেমে। 

-নাইস। সোলার সিস্টেম ?  সেটা কোথায়!

-সোলার সিস্টেম রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে! তাই তো ?

- আর মিল্কি ওয়ে কোথায় আছে বলুন তো ? সুপার ক্লাস্টারে। 

- সুপার ক্লা...?

-ক্লাস্টার!। অনেকগুলো গ্যালাক্সি মিলে এক একটা সুপার ক্লাস্টার তৈরি হয়..

-দাঁড়ান মশায়...এক ঢোক জল খেয়ে নি...

- আর এই সুপার ক্লাস্টার রয়েছে কোথায় ? 

- ইউনিভার্সে ?

- সমগ্র ইউনিভার্সে নয়। অবজারভেব্‌ল ইউনিভার্সে। অর্থাৎ যেটুকু মহাবিশ্ব আপনার গোচরে রয়েছে। 

- অগোচরে কিছু আছে নাকি ?

Wednesday, June 18, 2014

খুচরো সিরিজ : Definitions-পর্ব ১


সত্য


চুমুর ওপরে ইলিশ সত্য তাহার ওপরে নাই।

ভালো থাকা



-    ভালো আছেন ?
-    এ সিজনে ইলিশের দামে ড্রাসটিক ফল’য়ের কোনও চান্স আছে কি ?

নাগরিক


আমার নাম অনিন্দ্য ভোটচৌধুরী। আমার বউয়ের নাম মিতা ভোটচৌধুরী। আমার ছেলের নাম পাপাই ভোটচৌধুরী। আমার দুনিয়ার নাম ডেমোক্রেসি।আমার ভগবানের নাম নেতা।

আদর


বদমাশ শব্দটা অত্যন্ত চাঁচাছোলা। বদমাইশ বললে আদরটা স্পষ্ট হয়ে ফুটে ওঠে।

মনের মতন


তুমি আমার মনের মতন। তুমি আমার মনের Mutton

নদীর ওপার


Marital Status is the most poetic manifestation of the proverbial নদীর ওপার”।

নেশা


মদ ঠিক মত চিনতে পারলে বোতল আঁকড়ে পড়ে থাকতে হবে না নেশার আশায়। যেমন শিঙাড়ার গেলাসে ফুলকপির মদ। আহা।

আরাম



বাংলায় লিখতে কী ভালোই যে লাগে। চটকে ভাত মেখে খাওয়ার যে আরাম...ঠিক তেমন।

স্লোগান


হও নিরামিষে ধীর, হও কাবাবেতে বীর

প্রেম


যদি Laugh দিলে না প্রাণে, তবে Love দিয়ে কোন ভ্যারেণ্ডা ভাজবো শুনি ?

সাফল্য



ডিসেম্বরের দুপুরে...
ভিক্টোরিয়ার ঘাসে বসে...
যদি স্টিলের টিফিন বাক্স খুলে লুচি-আলুভাজা-সন্দেশ নাই খেলেন, তবে আর এ জীবনে করলেন কী!

Thursday, May 29, 2014

এগরোল ঘটিত



-              দাদা, এগরোলটা একটু মন দিয়ে ভাজবেন
-              কড়া না নরম ?
-              না কড়া না নরম
-             
-              তাই বলে আবার মাঝামাঝি ভাববেন না
-              মানে ?
-              মানে ঠিক কড়া আর নরমের মাঝামাঝি ভেজে দেবেন না কড়া ঘেঁষা ভাজবেন না নরম ঘেঁষা ভাজবেন, তবে নরম নয়
-              কি ?
-              মানে রুটির গায়ে লালচে ছোঁয়াচ জমাট বাঁধলেই ওর বুকে ডিম ছড়িয়ে দিন কালো ফোস্কা পড়তে দেবেন না
-              ধুর এমন বাতিক থাকলে নিজে বাড়িতে ভেজে খাবেন
-              তা কি হয় বাবা আমি সংস্কৃতে এম- বলে কায়স্থ হয়েও পূজো করবো ? বামুনের রোল বামুনেরই থাকবে তোমার ছোঁয়া আর এই পাবলিক চাটুর সারফেস না পেলে এগরোল যে আলুনী ডিম-রুটিতে কনভার্ট হয়ে যাবে ভাজো ভাজো আমি বলে দেব কখন থামতে হবে
-              কি মাল মাইরি আপনি
-              শিখে নাও মাল

Thursday, May 1, 2014

পিতার ভোট

পিতা গতকাল ভোট দিতে গেছিলেন। এই, বেলা সাড়ে এগারোটা নাগাদ। হাসি হাসি মুখ। বুক পকেটে ভোটার আই-ডি। ডান হাতে ছাতা, বাঁ হাতে আনন্দবাজার। মাথার ওপরে ডাইরেক্ট মাঝ-বৈশাখের রোদ্দুর। বুথের সামনে প্যাঁচালো লাইন।

পিতা বুদ্ধের স্ট্যামিনা ধরেন। এ মাগ্যির যুগে সন্তান পালন করেছেন,  তাঁর কাছে রোদ্দুরে ভোটের লাইন তো নস্যি। প্রতিবেশী ও ভোটের-লাইন-অগ্রজ ভৌমিকবাবুকে “পলিটিকাল ডিসিপ্লিন”য়ের ওপর ঝাড়া চল্লিশ মিনিট ধরে দারুণ ঝকঝকে সমস্ত কথা বলে চললেন লাইনে দাঁড়িয়ে।  ভৌমিক-বাবু এক সময় মনস্থ করে ফেললেন দরকার নেই ভোট দেওয়ার। কিন্তু পিতৃদেব তাঁকে লাইন কেটে বেরোতে দিলেন না। ভৌমিক-বাবু কে সপাট জানিয়ে দিলেন “ এই আপনাদের মত আয়েসি মানুষের জন্যেই আজ দেশের কপালে নেতা জোটেনা, ফচকে নাগর অল অ্যারাউন্ড। অ্যান্ড ফিউ জোকার্‌স। খবরদার! ভোট না দিয়ে সরে পড়লে ভালো হবে না”। ব্যাজার মনে দাঁড়িয়ে রইলেন ভৌমিক-বাবু। পিতা সহাস্য মেজাজে ফিরে গেলেন “ পলিটিকাল ডিসিপ্লিনের” ক্লাস নেওয়ায়।
পাক্কা এক ঘণ্টার মাথায় ভৌমিকবাবুর দুঃখ ঘুচল। তিনি ভোট দিয়ে সরে পড়লেন। পিতা সগর্বে নির্দিষ্ট জায়গায় গিয়ে নিজের ভোটার আই-ডি মেলে ধরলেন।
-   “ইয়ে, জেঠু। আপনি ভোট দিয়ে দিয়েছেন”

পিতা আকাশ থেকে পড়লেন রাশি রাশি জং ধরা পেরেকের ওপর। মেজাজে তৎক্ষণাৎ সেপটিক।