Wednesday, March 21, 2012

পাঁচ সেকেন্ডের কলকাতা

রাত দেড়টায় ঘর্ঘর করে শেষ ট্রাম চলে যায় হ্যারিসন রোডের ওপর দিয়ে। লাগোয়া গলির সাতপুরনো স্যাঁতস্যাঁতে দোতলার ঘরটা কেঁপে ওঠে সে শব্দে। বহু জীর্ণ মেস বাড়িটার তস্য-জীর্ণ কাঠের জানলাগুলো মচড়মচড় করে ওঠে। ট্রামটা যেতেই পাশের বাড়ির মেনিটা একবার ম্যাঁও করে ওঠে। উঠবেই। রোজ।  

নিচে সদর দরজার পাশে ঠ্যালা লাগিয়ে শুয়ে থাকে রামলোচন। ট্রাম যেতেই লহমার জন্যে তার ঘুম ভাঙ্গে, আর “সিয়ারাম” বলে এক পাড়াভোলানো দ্বীর্ঘশ্বাস ছাড়ে সে। চিলেকোঠার পায়রাগুলো খলবল করে ওঠে কয়েক মুহূর্তের জন্যে। চৌকিতে শিরশিরে কাঁপুনি টের পাওয়া যায়। ট্রামের ঝুমঝুমির তালে পাশে দাঁড়ানো টেবিলের নড়বড়ে পায়ার কনকন অনুভূত হয় দিব্যি।

এই কয়েক মুহূর্তে শব্দ-মেশালিতে সেই মেসবাসী কিশোরের কলকাতা-যোগ। এই শব্দগুলোকে ঘিরেই তার কলকাতাকে ভালোবাসা, স্নেহ। জেগে থাকা হুটোপুটি-মার্কা কলকাতার আর অন্য কোনও শব্দ বা ডাক কিছুতেই নিজের মত করে ঠাহর করতে পারে না সে। বুঝতেও পারে না। 

সে মেস-কিশোর কবিতা বোঝে না, পড়ার ভানও না। শুধু রোজ রাতের ওই ট্রামের ডাকে সে নিয়মিত ভূতের ভয় পায়। জীবনানন্দকে সে ভূত বলে চেনে।

প্রতি রাতে মেসের জানালা বেয়ে ভেসে আসা ট্রামের ঝমঝমে সে কিশোরের রিফিউজি পালকগুলো একটা একটা করে ঝরে পড়ে। 
সব দেশ ছাড়ার গল্পে কাঁটাতার থাকে না।

Tuesday, March 20, 2012

বটেই তো

বস: ভারী গুমোট!
আমি: বটেই তো!
বস: ফেব্রুয়ারী তেই এই?
আমি: বটেই তো।
বস: ভাব তাহলে মার্চে কী হবে?
আমি: আগুন জ্বলবে।
বস: না না অত গরম পড়বে না চট করে।
আমি:সেটাও অবিশ্যি ঠিক। অত চট করে অত গরম পড়বে না।
বস:তবে বলা তো যায় না..
আমি: ঠিক, বলা তো যায় না..
বস: ভাবছি আরও একটা এসি কিনবো এবার।
আমি: তবে আমিও একটা কুলার কিনবো ভাবছি।
বস:কেন ভাবছো?
আমি: সত্যি তো, কেন ভাবছি..
বস: ভেবো না বেশি
আমি: বটেই তো
বস: আজ কী বার যেনো?
আমি: বিষ্যুদ
বস: শনি হলে জমে যেত
আমি: ক্ষীর হয়ে যেত
বস: কেনো? ক্ষীর কেনো বলছো?
আমি: জমে যেত বললেন যে?
বস: আইস-ক্রিম কী জমে না?
আমি: বটেই তো, আইস-ক্রিম।
বস: ওই তোমার এক দোষ, খালি মুখে মুখে তক্ক
আমি: বটেই তো
বস: শুধরে ফেলো, চটপট
আমি:আলবাত, immediately!
বস: আজ কী তারিখ যেনো?
আমি: উনিশে মার্চ
বস: হুম, দ্যাখো, মার্চ শেষ হতে চললো, অথচ এখনো সন্ধ্যের হাওয়ায় বেশ ঠান্ডা আমেজ আছে..
আমি: বটেই তো


ইত্যাদি, ইত্যাদি 

Tuesday, February 14, 2012

নব যুধিষ্ঠীর-উবাচ

পটভূমি : পাণ্ডবদের বনবাসের এক দিন।

তৃষ্ণার্ত যুধিষ্ঠির-দ্রৌপদীর জন্যে জল আনতে গিয়ে একে একে সহদেব, নকুল, অর্জুন ও ভীম নিকেশ হলেন পুকুর-মালিক এক যক্ষ’য়ের হাতে।

“দ্রৌপদীর সঙ্গে মন দিয়ে দুটি কথা কইবো তার উপায় নেই, চার চারটে ব্রাদার হাপিস সামান্য জল আনতে গিয়ে। ধুত্তুরী বিরত্ব” রাগে গজ গজ করতে করতে বাধ্য হয়ে যুধিষ্ঠিরবাবু চললেন ভাইদের খোঁজে এবং অবশেষে এসে পৌছোলেন যক্ষের পুকুরের কাছে। পুকুরের কাছে গিয়েই যুধিষ্ঠিরবাবুর চক্ষু ছানাবড়া । পাশাপাশি ভীম, অর্জুন, নকুল সহদেবের লাশ পড়ে আছে। এ কী কেলো! ভীম-অর্জুন না থাকলে দুর্যোধন ঠেঙ্গিয়ে রাজ্য ওয়াপস আনবে কে? নকুল-সহদেব না থাকলে ফাইফরমাশ খাটবে কোন গাধায়?এ তো মহা-কেস। তবে পিপাসা ভীষণ পেয়েছিলো। যুধিষ্ঠির বাবু ভাবলেন চাপ নেওয়ার আগে জল-টল খেয়ে একটু ঠান্ডা হওয়া যাক। এই ভেবে যেইনা পুকুরের দিকে পা বাড়িয়েছেন যুধিষ্ঠিরবাবু, অমনি বিকট পলিটিক্যাল গুণ্ডার মত চেহারা নিয়ে যক্ষ হাজির- “  এইয়ো, রোককে, পিছে হঠ! মাগনায় জল খাবি নাকি?”

-“কে ? কে?” , থতমত হয়ে পড়লেন যুধিষ্ঠিরবাবু, “ কে মশায় আপনি?”
-“ পুকুরের মালিক আমি, এ পুকুরের জল খেতে হলে, আমার কয়েকটা প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে হবে, না পারলে জল খেতে পাবেনিকো, জোর-জুলুম করলে পাঁচ নম্বর লাশ ফেলে দেব”
-“আরে স্যার চটছেন কেনো? জল-টল না হয় পরে খেলেও চলবে। অফ কোর্স আমি আপনার প্রশ্নের উত্তর দেবো। তবে তারপর যদি দু ঢোক খেতে এলাউ করেন, মানে এই  বোশেখ মাসের গরমে সকাল থেকে হেঁটে চলেছি কি না...”
-“বেশ তবে প্রশ্নের উত্তর দাও, Rapid Fire ফরমাটে খেলেতে হবে, রাজি?”

Wednesday, February 8, 2012

পর্ণ-গেট ও স্বর্গ-দুয়ার


দুরু দুরু পায়ে গোমূত বাবু লাল গালিচা মারিয়ে হেঁটে এলেন। চারিদিকে কুয়াশা মাখা ক্লাসি ব্যাপার। কুয়াশা চিরে শুধু এই লাল গালিচার পথ গিয়ে ঠেকেছে একটা বেঢপ সেগুন কাঠের বার্নিশ করা দরজায়। আর কিস্যু নেই কোথাও। আকাশ-মাটি কিছু না। শুধু কুয়াশা, লাল গালিচা আর সেগুন কাঠের দরজা।
মরবার পর থেকে তেরোশো বছর ধরে ড্যাঙস-পিটুনি খেয়ে আসছেন গোমূত-বাবু। পোলিটিকাল কেরিয়ারের মাশুল । পরলোকে যে এমন ফ্যাসিবাদ চলছে তা জানলে কী আর এত সহজে মারা যেতেন? আরে বাবা স্ট্রেট পিটুনি, লোয়ার কোর্ট-হায়ার কোর্ট বলে কোনও বাফার নেই। রাসকালা!অবশ্য আরও সাতশো বছর ডান্ডা-পেটা হওয়ার কথা ছিল গোমূত-বাবুর, তার অন্য সমস্ত রাজনৈতিক সঙ্গীদের মত । কিন্তু হটাত্‍ কোথা থেকে এক হুকুম-নামা এলো, যে নরক-ঠ্যাঙ্গানির মাঝে একটা ছোট্ট এক মাসের স্বর্গ-বিরাম তিনি পাবেন। অন্য কারুর কপালে এমন জ্যাকপট জোটেনি। কিন্তু গোমূত-বাবুর বরাত এমন দরাজ হলো কেনো গোমূতবাবু শত ভেবেও কুল-কিনারা করতে পারছেন না।

ওই বার্নিশ করা দরজার ওপারে রয়েছে স্বর্গরাজ্য। সাত-পাঁচ ভাবতে ভাবতে দরজার কাছে পৌছলেন গোমূতবাবু এবং নক করলেন। স্যটাক করে খুলে গ্যালো দরজা। খুললেন একজন সুদর্শন পুরুষ, ধুতি-মালা-মুকুট পরা, ঠিক যেন বি-আর-চোপড়ার সেট থেকে সদ্য উঠে আসা।

_ “ আপনিই ইন্দ্রদেব নাকি স্যার?” ভক্তি ভরে প্রণাম ঠুকলেন গোমূত-বাবু।

Tuesday, February 7, 2012

বারুদের গন্ধ

পোড়া বারুদের গন্ধ লিওনের ভারী প্রিয়। যখনই মেশিন গানের গুমম-গুমম-গুমম শব্দ ভেসে আসে, লিওন ছুটে চলে যায় তাদের এক-কামরার এসবেস্টসের ঘরের কোণের এক মাত্র বন্ধ জানলার কোনের ছোটো ফুটোটার কাছে এবং মন ভোরে বারুদের গন্ধ শুষে নেয়। মা বলে এ গন্ধে নাকি বমি আসে, কে জানে বাবা, যখন থেকে লিওন গন্ধ চিনতে শিখেছে, তখন থেকেই বারুদের সুবাস চেনে লিওন।

গত অক্টোবর মাসে যখন কিছুদিনের জন্য শহরে যুদ্ধ বন্ধ ছিল, সে ছিল ভারী আনন্দের সময়। সাত বছরের লিওন সেই প্রথম এক টানা সাত দিন বার্লি বা সেনাবাহিনীর বিলি করা শক্ত পাউরুটি না খেয়ে রোজ ভাত খেয়েছিলো। কিন্তু ওই সাত দিনের মধ্যে একটা ব্যাপারেই লিওনের একটু কেমন কেমন লেগেছিলো। কোনও বারুদের গন্ধ ওই কয়দিন নাকে লিওনের নাকে আসেনি। দেশলাই-কাঠির পোড়া আগায় নাক ঠেকিয়ে দেখেছিলো লিওন, সে বারুদের গন্ধ অন্যরকম। দিনে যখন দু ঘন্টার জন্যে কারফিউ ওঠে, তখন লিওন ওদের বাড়ির সামনের অপরিষ্কার ফুটপাথে ঘুর-ঘুর করে আসে-পাশের ঝুপড়ির কিছু সম-বয়েসির সঙ্গে। রাস্তায় যে কামানের ঘষটানির দাগ থাকে, তার থেকে গন্ধ আসে মেটে-তেলের। রাস্তায় চলমান সৈন্যদের ভীড় থেকে ভারী হয়ে আসে ঘামের গন্ধ। সৈন্যরা কিন্তু সবাই বেশ মানুষ। মাঝে মাঝেই তার দাঁড়িয়ে ছোটো ছেলেমেয়েদের চুলে বিলি কেটে দেয়, জানতে চায় ওরা কেমন আছে। ছোটোরা কথা স্পষ্ট বলতে পারে না, কিন্তু  ওরা জানে সৈন্য দেখলেই চিত্‍কার করে বলতে হবে “স্বৈরতান্ত্রী শয়তানরা নিপাত যাক”