- ভাইটি, এ'বারে সন্ন্যাস নেব।
- অফিসে গোলমাল হয়েছে?
- আমার আবার অফিস। তার আবার গোলমাল।
- সংসারে সমস্যা?
- আমার আবার সংসার। তার আবার সমস্যা।
- ব্লাডশুগার? ব্লাড প্রেশার?
- আমার আবার ব্লাড। তার আবার শুগার।
- তব আর কী। তল্পিতল্পা নিয়ে বেরিয়ে পড়ুন।
- আমার আবার তল্পি। তার আবার তল্পা।
- তা, হিমালয়? না জঙ্গল?
- কী হবে? হিমালয়ে? কী পাবো? জঙ্গলে?
- তবে তো দাদা ভারি সমস্যায় পড়া গেলো। একবারটি কাঁচরাপাড়া ঘুরে আসবেন নাকি। শুনেছি সে'খানে এক রিমার্কেবল বাবাজি এ'সে ক্যাম্প করেছে মাসখানেক। গাঁদাফুল হোমের আগুনে পুড়িয়ে থেঁতো করে একধরণের টোটকা দিচ্ছে যা'তে নাকি হাঁপানি টু স্পন্ডেলাইসিস সব সেরে যাচ্ছে।
- রোস্টেড গ্যাঁদায় কী হবে বলো। রিলীফ চাই না, চাই মুক্তি।
- সন্ন্যাস ছাড়া তবে গতি নেই।
- নেই। নেই। নেই।
- অতএব?
- অতএব চলো দু'রাউন্ড ফুচকা খেতে খেতে প্ল্যান করি হিমালয় না জঙ্গল।
- চলুন। আর মায়া বাড়িয়ে কী হবে।
- হরি হে মাধব, পথ দেখাও বাবা। পথ দেখাও।
No comments:
Post a Comment