Thursday, November 10, 2011

মগজ পোশাক



-“পচা, ঘুমাইতাসিলি নাকি?”, ভোর পৌনে ছটার সময় বিনু-মামার ফোন।
-“হুম, কি ব্যাপার?”
-“কইতাসি কি, তর কাসে একখান শান্তিনিকেতনী ঝোলা হইবো?”
-“শান্তিনিকেতনী ঝোলা? মা’র আছে মনে হয় একটা পুরনো, তবে ময়লা হয়ে আছে বোধ হয়, কেন?”
-“ময়লা হইলে তো আরো ভালো, আর হ্যাঁ,আরেক খান জিনিষের দরকার আছিলো”

-“আবার কি?”
-“চারমিনার”
-“চারমিনার? মার্লবোরো ছেড়ে চারমিনার? তোমার হয়েছেটা কি?”
_ “ চোপ, চিতকার করস ক্যান! চারমিনার ভুইলা যা। ঝোলাখান রেডি রাখিস। বিকেল চারটেতে আসুম”
বিকেল চারটে বাজবার পাঁচ মিনিট আগেই বিনু-মামা হাজির। বিনু-মামা বাঙাল ভাষায় পাবলিক হড়কালেও কেতাদুরুস্ত মানুষ। ইস্তিরি করা ছিম-ছাম শার্ট-ট্রাউসার এবং পালিশ মারা বুট-জুতো না পরে বাড়ি বাইরে ঘুরতে যায় না। বলে বেরান যে “আমার মন্তর হইল গিয়া বি ক্লীন শেভেন”।সুগন্ধি আফটার-সেভ লোশনে আসক্তি আছে। মার্লবোরো ছাড়া সিগারেট মানেই বিনু-মামার ভাষায় বিড়ি। এহেন বিনু-মামার আজ এ কি চেহারা?
চুল উস্কো-খুস্কো!দু-তিন দিনের না কমানো দাড়ি। শার্ট’এর বদলে আজ গায়ে ছাপানো বেমানান রঙ ওঠা ফতুয়া, নীচে বিবর্ণ ঢোলা পায়জামা!পায়ে পালিশ করা জুতোর বদলে পুরনো শ্রী-লেদার্স’এর আধ-ফাটা চটি। এবং সর্বোপরি আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত ফিল্টার-লেস সিগারেট!
-“কই? শান্তিনিকেতনী ঝোলা খান কই?”
ঝোলা-চোয়াল নিয়ে বিনু-মামা কে এগিয়ে দিলাম ঝোলা টা!
-“এ কি? ঝোলা খান পরিষ্কার ক্যান? তুই না কইছিলিস ঝোলা খান ময়লা?”
-“হ্যাঁ, ছিলো। তুমি নেবে শুনে মা ধুয়ে দিয়েছে দুপুরবেলা”
-“ধুয়ে দিছে? ছ্যা! কে যে তগো পাঁকামি করতে কয়! পরিষ্কার ঝোলা কোন কামে লাগে?”
-“তোমার কি হয়েছে বলো তো বিনু-মামা? এই পাগলের মত চেহারা-পোশাক। এই চারমিনার। নোংরা-ঝোলা, এসব নিয়ে করছোটা কি? ছদ্মবেশ নাকি?”
-“ধুর! ছদ্মবেশ কেন হইবো রে পাগলা?এই হইল গিয়া ইউনিফর্ম”
-“ইউনিফর্ম? কিসের ইউনিফর্ম?”
-“কলকাতা ফিল্ম-ফেস্টিভ্যালের পাস জোগাড় করসি, নন্দন যাইতে হইবো। একে নন্দন, তাইতে ফিল্ম-ফেস্টিভ্যাল। গরু-ছাগল তো আর যাইতে পারে না। কাজেই এই হালার ইণ্টেলেকচুয়াল-ইউনিফর্ম ছাড়া ফেস্টিভ্যালের ক্লাসিক ফিল্ম-গুলান দ্যাখতে যাই ক্যামনে ক দেখি তুই”

4 comments:

queen's said...

satire ta unusually stinging :P i still do not understand why an intelligent person needs to be shabby :P :P

অনিরুদ্ধ ফাল্গুনি সেন said...

ছুটির দিন আমার ও দাডি কামাতে ইচ্ছে করেনা, পাজামার ওপর ফতুয়া, পায়ে শ্রী-লেদারের চাটি - আস্ত, নিতান্ত গরম না থাকলে চান করার দরকার কি? কোনো মতেই ইন্টেলেকচুয়াল নাই, তবে তোমার মামার পোশাক মোটেই অবাঞ্ছিত নয়. চালিয়ে জন, তুমিও চালিয়ে যাও.

Sreenanda said...

"intellectual uniform"

and I was thinking of catching a flick or two. jhola chhaara to hobey naa. LOL!

Gablu said...

তোমাকে ঈর্ষা করি মাইরি!!! এত সহজ ভাবে প্রাঞ্জল বাংলাতে লেখ, সত্যি। আমি শালা শত চেষ্টা করলেও এত সহজ করে লিখতে পারব না, কিছুতেই আসে না। অথচ তোমার মামার মতো আঁতেলও নই মাইরি। লিখে যাও, আরও লেখ।