Tuesday, April 12, 2016

ঘুমের ব্যারাম

- ঘুম পাচ্ছে?
- আজ্ঞে।
- সে'টা অসুবিধে?
- সে জন্যেই তো আপনার কাছে আসা ডাক্তারবাবু।
- মানে, অসময়ে ঘুম পাচ্ছে কি?
- আলবাত। এই ধরুন দিব্বি রাত্রে চাট্টি ডাল ভাত খেয়ে বিছানায় গা এলিয়েছি, অমনি ঘুম পেতে শুরু করল। আগে মাঝেসাঝে হত। ইদানীং বেশি হচ্ছে। চিন্তায় চিন্তায় প্রেশার বেড়ে যাচ্ছে।
- এই...ইয়ে মানে...এই ঘুম আসার ব্যরামটা কদ্দিন ধরে ফিল করছেন?
- নয় নয় করে আড়াই মাস হল। তার আগে কখনও যে চোখ ঢুলুঢুলু হয়নি তা নয়। হুড্রু ফল্‌সের পাশে বসে ট্যুয়েন্টি নাইন খেলতে খেলতে একবার সামান্য ঝিমুনি এসেছিল। বন্ধুদের চাঁটিতে সে যাত্রা বিপদ এড়ায়। বা শ্যাওড়াফুলি যাওয়ার পথে ট্রেনে একবার প্রায় ঢলে পড়েছিলাম আর কী!
- আপনি শেষ কবে ঘুমিয়েছিলেন?
- ঘুমিয়েছিলাম মানে? মস্করা করছেন ডাক্তারবাবু? সিরিয়াস কেস নিয়ে লেগ পুল?
- আপনি কোনদিন ঘুমোননি?
- যে ঘুমিয়েছে তার আবার ডাক্তারের দরকার হবে কেন? এর পর বলবেন বইয়ের পাতায় ক্লোরোফিল নেই কেন। শচিনের স্ট্রাইকরেট নাদকার্নির এগেইন্সটে এত পুওর কেন।
- ঘুমোনো তো দরকারি।
- ডাক্তার। আপনি সুস্থ আছেন তো?
- কী সব পাগলামো। না ঘুমিয়ে এদ্দিন বেঁচে থাকা যায়?
- ঘুম বেঁচে থাকা? ডাক্তার?
- এর মানে কী! এই যে আমি দুপুরবেলা একটু গড়িয়ে নিয়ে তবে উঠলাম। পাওয়ার ন্যাপ। আধ ঘণ্টার। একদম ফ্রেশ হয়ে চলে এলাম চেম্বারে।
- ডা...ডা...ডাক্তার...।
- ও কী! তাবিজ দেখাচ্ছেন কেন? ও কী!

রজনীর শনির দশা - ৪

উইউটিউবে শেওয়াগের ইনিংসের একটা হাইলাইট চালিয়ে ঠোঁটের সিগারেট জ্বালিয়ে নিলেন রজনী।

**

সিধুর ফোনটায় রীতিমত বিব্রত হয়ে পড়লেন রজনী। ফেলু লেভেল হাঁটুর কাছে লোপ্পা ফুলটস নয়। মোক্ষম প্রশ্ন ছুঁড়েছে ছোরা এইবারে।

বাধ্য হয়ে ঘনশ্যামদার নম্বর ডায়াল করতে হল তাকে।

**

আগামী পরশুর আনন্দবাজারের প্রুফরিডিং সেরে স্টোভে চায়ের সসপ্যান বসালেন রজনী। চা খেয়ে আবার ওবামা টু ধোনি; সক্কলের টু ডু লিস্টটাটা চট করে বানিয়ে ফেলতে হবে।

**

Fifty Shades of Graceয়ের পাণ্ডুলিপিটা উলটে পালটে দেখে ফের ড্রয়ারে ঢুকিয়ে রাখলেন রজনী।
ফেসবুক ঝগড়ুটেদের ইরোটিকার বাজার এখনও তৈরি বলেই তার মনে হয়।

**

হরর্ গল্প লিখতে হরেন দাস ছদ্মনামটাই রজনীবাবুর বেশি পছন্দ।

**

টাইম ফ্যাক্সের খটর খটরে আজকাল টেকা দায়। দু'একটা লেখা শুধরে দিয়ে কী মুশকিলটাই না হল, ছোকরা এখন দিনরাত লিখে চলেছে আগডুম বাগডুম। লেখা ঠিক না করে দিলে আবার অভিমান হয় বাবুর।

কিন্তু তাই বলে রাতবিরেতে ফ্যাক্সে কহাতক কবিতা রিসিভ করা যায়? অগত্যা আজ উত্তরে লিখেই দিলেন রজনীবাবু;
"একচল্লিশের অগস্ট পর্যন্ত সহ্য করব। তারপর থেকে নিজের পোঁ নিজেইই সামাল দিও চাঁদু"।

**

লাইফবয় দিয়ে মগজ সাফ করার টেকনোলজি আবিষ্কার করার পর থেকেই সেল্‌ফ হেল্‌প বইগুলো বাড়ি থেকে ঝেঁটিয়ে বিদেয় করেছিলেন রজনীবাবু।

**

হোলসেলার হতে চেয়ে কিছুদিন আগে ঝাঁঝরির দোকান দিয়েছিলেন রজনীবাবু।

**

"এক বুলেটে আমি ছ'জনকে ঘায়েল করতে পারি", ব্লেডে সুড়ুত করে জিভ বুলিয়ে জানালেন রজনীকান্ত।

কলমের ঢাকনা দিয়ে থুঁতনি চুলকোতে চুলকোতে মিচকি হাসলেন সঞ্জীববাবু।

Saturday, April 9, 2016

পেয়ারেলালের নিলাম

- নাম?
- পেয়ারেলাল।
- পেয়ারেলাল কী?
- পেয়ারেলাল। ব্যাস। 
- পদবী?
- ভূতের আবার পদবী!
- আচ্ছা বেশ। বয়স? 
- জন্ম থেকে না মৃত্যু থেকে?
- অকশনের কোয়ালিফিকেশন রুল্‌স দেখা আছে কি নেই?
- গরীব ভূত। চাষা  ভূত। নিয়ম কানুন দেখালে হবে স্যার?
- দশ বছরের বেশি পুরনো মড়া হলে চলবে না।
- আমার ওই বছর সাতেক হয়েছে। 
- আঁধার কার্ড দেখি?
- এই যে।
- হুঁ। ঠিক হ্যায়। 
- আজ্ঞে, নিলাম ডাকা ক'টা থেকে শুরু? 
- এই কয়েক ঘণ্টার মধ্যে শুরু হবে। ক্রেডেনশিয়ালস্‌ কই?
- আজ্ঞে?
- চাষাদের নিয়ে এই অসুবিধে। নিয়মকানুন পড়ার ক্ষমতা নেই অথচ এদের ভূতদের নিয়েই অকশন। শুনুন, আমি যে'টা বলছি; মানে, আপনার ক্ষমতার লিস্ট চাই! তুকতাকের দম কতটা! ভেল্কি দেখানোর ক্ষমতা কতটা! সে ফর্ম ফিল আপ করা আছে?
- মরার আগে টিপ সই দিতাম। 
- আচ্ছা বেশ। আপনি বলে যান। আমি টুকে নিচ্ছি। 
- বঢিয়া।
- তার আগে বলে দিই এ নিলামে আপনাকে কে কিনবে সে খবর  রাখেন তো?
- সে'সব জানি। আইপিএলের আটটা টিম ভূত কিনবে। চাষাদের ভূত। টিমকে জিততে সাহায্য করতে হবে। আর অপনেন্ট কে গুলিয়ে দিতে হবে। 
- কারেক্ট। এবারে বলুন। ব্যাটসম্যানদের সাহায্য করতে কী কী পারবেন আপনি? ব্যাটে ঢোকার ক্ষমতা আছে? ব্যাটে ঢুকে ভেল্কি দেখানোর?
- বিলকুল আছে। 
- ভেরি গুড।
- বলে ঢুকে বোলারদের হেল্প করতে পারবেন?
- বিলকুল। 
- ভেরি ভেরি গুড। আপনার বেস্‌ প্রাইস ওপরের দিকেই থাকবে।
- অপোনেন্ট ব্যাটসম্যান বা বোলারদের ব্যাটে বলে ঢুকে থাকা ভূতদের সঙ্গে কুস্তি করতে পারবেন?
- জরুর। 
- চমৎকার। আর ইয়ে। হাওয়ায় ভেসে গিয়ে মাঠ জুড়ে ছোট ইয়ে করে আসতে পারবেন? অপোনেন্ট বোলিংকে ডিউ প্রবলেমে কিস্তি মাত করার জন্য?
- ছোট ইয়ে? সে'টা কী সাহেব?
- ছোট বাথরুম।
- পেচ্ছাপ?
- আহ্‌! রাস্টিক ভাবে বলবেন না প্লীজ। প্লীজ। ইয়ে, পারবেন?
- ভূত হয়ে সে ক্ষমতা বহুত বেড়ে গেছে।
- যাক গে। ব্রিলিয়ান্ট। 
- পিচে থুতু ফেলে স্যুইংয়ে অ্যাসিস্ট করতে পারবেন?
- যেখানে বলবেন সেখানেই। থুতুই তো। ভূতদের বাছবিচার নেই ও'সবে। 
- বাহ্‌! সবেতেই তো টিক পড়ল। আপনাকে নিয়ে বেশ টানাটানি হবে। বুঝতেই পারছি। তাহলে বেস প্রাইস কত রাখা যাবে আপনার?
- বেস কী? 
- বেস প্রাইস! যার জন্যে আপনি নিলামে হতে এসেছেন।
- শুনলাম জল পাওয়া যাবে। 
- অফ কোর্স যাবে। ধরুন আপনার বেস প্রাইস যদি কুড়ি হাজার লিটার জল হল! আর তার মাথায় ডাকাডাকি করে ধরুন গিয়ে সে প্রাইস গিয়ে ঠেকলো তিরিশ হাজার লিটার জলে; তো সেই পরিমাণের জল আপনার ফ্যামিলির কাছে পৌঁছে দেবে সেই টিম যে আপনাকে কিনবে।
- যাক। মরে একটা কাজের কাজ হল। প্রতি বছরই এ নিলাম হবে তো?
- অফ কোর্স। চাষা ভূতদের অকশনটা প্রতি বছরই হতে চলেছে।
- তিরিশ হাজার লিটার জল। অনেক না?
- অনেক মানে? ভাবতেও পারবেন না। 
- গম ফলবে তাহলে? 
- বিলকুল। 
- ছেলেটাকে সামনের নিলামে তাহলে আর এখানে দেখতে হবে না হয়তো। এটা ভালোই হল। 
- ওহ। ইয়ে। যাক গে। এইখানে একটা টিপসই প্লিজ।  

Thursday, April 7, 2016

ভরত মিশ্রর রাত

ভরত আর তার পুত্র বচ্চা। বয়েসে বাচ্চার আদত নামও বচ্চা, বচ্চা মিশ্রা।

কবে, কীভাবে মোতিহারি ছেড়ে কলকাতা এসেছিল ভরতের বাবা, তা ভরত জানেন না। তিনি ধর্মতলার ভালো নাম জানেন না। বৌটা মারা গেছে না গেছে; সে'টাও গুলিয়ে ফেলেছেন বহু আগেই। তিনি শুধু জানেন তিনি বচ্চা মিশ্রার পিতা। তিনি শুধু জানেন রাতে রুটির খিদে পায়। রাত বড় বেআব্রু করে দেয়, তার বড় দেমাক; দুপুরের মত শুখা পাউরুটিতে বশ মানতে চায় না।

রাত ও ছ'বছরের বচ্চা মিশ্রা এক সাথে রুটি চায়। চেল্লায়। সে চেল্লানি শোনে দু'জন। ভরত ও তাজিন মিয়াঁ। তাজিন মিয়াঁর রুটি সবজি তড়কার দোকান, দোকানের মুখেই উনুন। গনগনে।
রাতের পেটের মত, বচ্চা মিশ্রার আকুতির মত; "বাবা, রোটি"।

তাজিন মিয়াঁর উনুনের তাপ মিইয়ে এলে দিন কাবার হয়, রাত ঘন হয়। ভরত সূর্যের ওপর নিচ বোঝে না, স্ট্রিট ল্যাম্পের জ্বলা নেভা টের পায় না। তার ভোর  তাজিন মিয়াঁর উনুনের নরম আগুনে ঢিপঢিপে শুরু। ভরতের দিন সে উনুনের আঁচের শেষ বিন্দুর সাথে মিলিয়ে যায়।

দোকানের লাগোয়া ফুটপাথে বচ্চাকে বুকে ঠেসে শুয়ে থাকে ভরত। বুকে। ঠেসে। ঠেসে রাখলে যদি খিদে কম বাড়ে। যদি।
"বাবা, রোটি। রোটি"।

উনুনের গরম অদৃশ্য কম্বল হয়ে বাপ ছেলের গায়ে ছড়িয়ে থাকে। শীতে, গরমেও। রাত বাড়ার সঙ্গে পথ নিরিবিলি হয়ে আসে।

উনুন উষ্ণতার কম্বল গা থেকে নামতে আরম্ভ করলেই ভরত টের পায়। টের পায় এবার তাজিন মিয়াঁর দোকান বন্ধ হবে। বাড়তি রুটি দু'চারখানা বাপ ছেলের মাথার কাছে রেখে যাবেন তাজিন। তার সঙ্গে কখনও বাড়তি আলু চোখা। কখনও বা বচ্চা মিশ্রার মাথায় হাতবুলুনি। অথবা কখনও পাতে সামান্য আচারের মত গজগজ "রোজ রোজ ইধর কাহে শোতা রে!"।

ভরত কৃতজ্ঞতায় নুয়ে পড়তে জানে না, ভরত প্রত্যুত্তর জানে না। ভরত শুধু জানে বচ্চা মিশ্রার উচিত বাপের চেয়ে অন্তত দু'গ্রাস রুটি বেশ খাওয়া। এ'টুকুই ভরতের কলকাতা চেনা।

Wednesday, April 6, 2016

অরিন্দম হাজরার ইন্টারভিউ

- আসুন।
- থ্যাঙ্ক ইউ স্যার।
- দাঁড়িয়ে কেন? বসুন।
- থ্যাঙ্ক ইউ স্যার।
- আপনিই অরিন্দম হাজরা?
- আজ্ঞে। এমডি ফ্রম টপক্লাস প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
- হুম! তা কোম্পানির রেজুমে তো দেখছি বেশ ইম্প্রেসিভ্‌।
- থ্যাঙ্ক ইউ। থ্যাঙ্ক ইউ।
- জব অফারটার বাইরে কিছু বলুন। বিজ্ঞাপন আর রেজুমের বাইরে গিয়ে বলবেন প্লীজ। অ্যাড ভ্যালু টু ইট।
- হেডক্লার্কের পোস্ট।
- প্রশ্নটা মন দিয়ে শুনুন। তাড়াহুড়ো করবেন না। বিজ্ঞাপন আর রেজুমেতে যে ইনফরমেশন দেওয়া আছে, তার বাইরে গিয়ে নতুন কিছু বলুন।
- অফ কোর্স স্যার। অফ কোর্স। আপনি বিকম করেছেন। অনার্স ছাড়া। চার বছর কিছু করেননি। এমন সিচুয়েশনে খুব বেশি লম্ফঝম্পের কাজে আপনার মন নাও বসতে পারে। সেদিক ভেবেই আমাদের টপক্লাস প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানির হেডঅফিসের হেডক্লার্ক হিসেবে জয়েন করে আপনার সবিশেষ ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
- বটে? এলাবোরেট করুন।
- মানে যেমন ধরুন। রোজ দশটা থেকে অফিস। তা বলে সাড়ে দশটায় যদি আপনি পৌঁছন, তার মানে এই নয় যে কেউ আপনাকে ধমক দেবে। তেমন কালচারই নেই আমাদের অফিসে। যদিও আপনার ওপরে আমি ছাড়াও আরও দশ বারোজন সিনিয়র থাকবে, তবু কেউ আপনার মাথার দিব্যি দেবে না যে সাড়ে পাঁচটায় ছুটি মানে সাড়ে চারটেয় বেরোনো যাবে না।
- ইন্টার্ভিউতে বড় বড় কথা অনেকে বলে। কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা।
- স্যার আমাদের প্রতিশ্রুতির দৌড় শুধু বায়োডেটা অব্দি নয়। একটি বারের জন্য যদি টপক্লাস প্লাস্টিক ডট ইনে গিয়ে চেক করেন, দেখবেন আমাদের ক্লার্ক ও অন্যান্য কর্মচারীদের কত অমূল্য টেস্টিমোনিয়াল রয়েছে সে'খানে।
- অনলাইন টেস্টিমোনিয়াল আর নেতানো আলুর চপে আমার ঠিক ফেথ নেই।
- হে হে হে।
- আচ্ছা, বেশ। টেল মি মোর। আবাউট দিস রোল।
- কম্পিউটার বেস্‌ড হিসেবকিতেব। ফরম্যাটে ফেলা আছে। আপনি পাঞ্চ করবেন, বাকি কাজ কম্পিউটার করে নেবে। অবিশ্যি, মনোটনি ভাঙতে আমাদের অর্গানাইজেশন সম্পূর্ণ ভাবে কমিটেড।
- কী করে?
- এই যেমন কম্পিউটারে রয়েছে সলিটায়ার গোছের প্রচুর খেলা। গানের ভিডিও।
- ও ভালো কথা, এয়ার কন্ডিশনারের বন্দোবস্ত আছে তো?
- সেন্ট্রালি।
- অনেক ক্ষেত্রে আবার বড় সাহেবদের জন্য এসির হাওয়া বরাদ্দ। আর কেরানীদের কপালের ফ্যানের ঘটর ঘটর।
- কী যে বলেন স্যার!  উই ওয়াক দ্য টক।
- হিসেব টিসেবের বাইরে গিয়ে আবার এই ফাইলটা একটু দেখে দাও, অমুক চিঠি লিখে দাও; এ'সব বলা হয়?
- কক্ষনো না। ভুলেও না। সিনিয়ররা বেশির ভাগ কাজ নিজে খতম করায় বিশ্বাসী। 
- আচ্ছা। বেশ। এবারে একটা সিচুয়েশন দিচ্ছি। ধরুন আমি তিন দিন বলা নেই কওয়া নেই অফিসে আসিনি। আপনি আমায় ফোনে বহু চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি। তিন দিন পর যখন আমি অফিসে এলাম তখন আমি আপনাকে জানালাম আমি পুরী ঘুরতে গেছিলাম। আপনার রেসপন্স কী হবে?
- আমার রেসপন্স?
- কঠিন হয়ে গেল? আচ্ছা বেশ। দু'টো অপশন। এক, আপনি বলবেন যে কাজটা আমি ভালো করিনি। দুম করে অফিসের কাজ ফেলে পুরী ঘুরতে যাওয়া, তাও ইনফর্ম না করে; আমার বেশ অন্যায় হয়েছে। দ্বিতীয়; আপনি আমার শরীরের খবর নেবেন।
- সিক্রেট থার্ড অপশন।
- ইন্টারেস্টিং। সে'টা কী রকম।
- এমপ্লয়ি ডিলাইট ভাবতে হবে। সে'টা ভেবেই আমি বলব যে আপনার মুখ সবিশেষ শুকনো লাগছে। পারলে পরের মাসে দিন তিনেকের জন্য আপনার দার্জিলিং ঘুরে আসা উচিৎ। তেমনটাই রেকমেন্ড করব। ফ্রেশ এয়ার আর কী! ইন ফ্যাক্ট অফিসের গেস্ট হাউসে থাকার ব্যবস্থাটাও অফার করব।
- শার্প।
- থ্যাঙ্ক ইউ স্যার।
- এবারে মাইনের ব্যাপারটা...।
- আপনি যে'টা বলেছিলেন। সে'টাই।
- বোনাস।
- দু'মাসের বেসিক।
- তিন।
- কোম্পানির নিয়ম অনুযায়ী...।
- এই আপনার ফাইল।
- তিন। তিন মাসের বেসিক ডান।
- আপনার প্রম্পটনেস্‌ আমায় ইমপ্রেস করেছে।
- থ্যাঙ্ক ইউ। থ্যাঙ্ক ইউ।
- চাকরীটা তাহলে স্যার...পাকা রইল?
- সবে তো এপ্রিল। হিমসাগর কে সময় দিন।
- মানে স্যার, আমাদের দরকারটা খুব আর্জেন্ট...।
- ভেবে দেখব। আরও জনা দশেকের ইন্টার্ভিউ নিতে হবে।
- বোনাসটা চার মাসের বেসিক পর্যন্ত ভাবাই যায়।
- তবে ভাবুন। ভাবুন। ভাবা প্র্যাকটিস করুন।