Monday, March 2, 2020

অন্য বেয়াল্লিশ



- গুরু, খৈনি হবে?
- মাইরি ডগলাস, তোমার মত ফচকে ছোকরা আর দুটো দেখিনি। আমি কি তোমার পাড়ার মোড়ের বেঞ্চিতে বসে আড্ডা দেওয়ার ইয়ারদোস্ত? ব্রহ্মাণ্ড চালাতে হয় আমায়। তোমার মত ছিচকে ভূত নই।
- আরে অত ঘ্যাম নিয়ে কী হবে গুরু। বেশ তো চুনে খৈনিতে ডলছিলে৷ দাও দেখি এক চিমটে।
- সাহেবসুবো মানুষ তুমি। এ'সব বিশ্রী নেশা তোমায় মানায় না।
- ঈশ্বর হয়ে মুখ টোপলা করে দিনরাত বসে আছ গুরু। আমি কৌনসি খেত কা মুলি৷ দাও গুরু। এক চিমটে দাও।
- এসো। 
- আহা, অমৃত। আচ্ছা গুরু, এত জটিল হিসেবকিতেব সামাল দাও কী করে বলো দেখি। যখনই দেখি খৈনি ডলে যাচ্ছ; ঈশ্বর হয়ে দুনিয়া সামাল দাও কখন?
- আমি ক্লার্ক নই ভায়া ডগলাস যে মুখ গুঁজে ফাইল ঘঁষটে যাব। সিস্টেম নিজের মত চলছে, আমি শুধু মাঝে মধ্যে "নাজুক নাজুক" বলে চলকে উঠি বা "তৌবা তৌবা" বলে চুকচুক করি।
- সিস্টেম। নাকি?
- এক্কেবারে ট্রায়েড অ্যান্ড টেস্টেড।
- সিস্টেমটা একটু খোলসা করো না গুরু৷ তোমারও কাজ নেই, মড়া হয়ে আমিও ফ্যা-ফ্যা করে টহল দিচ্ছি। একটু না হয় ভালো ভালো কথা শুনি।
- এ যে সব প্রশ্নের সেরা প্রশ্ন ভাই ডগলাস।
- উত্তরটা ছাড়ো না। 
- বলি?
- খৈনিদাদা, বলেই ফেলো।
- বেয়াল্লিশেই জবাব।
- বেয়াল্লিশ? লেগপুল করছ গুরু?
- না না, যাকে খৈনির ভাগ দিয়েছি, তার ঠ্যাং টানব কেন। তবে সিস্টেমের সিক্রেটটা বেয়াল্লিশ দিয়ে বোঝালে তুমি বুঝবে ভালো। 
- হেঁয়ালি না করে ঝেড়ে কাশো দেখি গুরু।
- পৃথিবীর কথাই বলি। আজ সক্কাল সক্কাল এক বাড়িতে সুতীব্র কথা কাটাকাটি শুরু হল। ব্যাপার তেমন গায়ে মাখার মত নয়। যা হয় আর কী; গরীবের সংসার, দানাপানি নেই। খিদের জেরবার খোকাখুকুদের কান্না থামারও নাম নেই। বিশাল সংসারে আয়ের মানুষ দু'জন। সেই খোকাখুকুর বাপ আর তাদের দাদু। ঝগড়া বেঁধেছিল সেই বাপ আর দাদুর মধ্যে; সক্কালসক্কাল।
- ঝগড়া কেন? আর এর সঙ্গে বেয়াল্লিশের কী সম্পর্ক?
- খৈনি চিবোনো আর গল্প শোনার ব্যাপারে তাড়াহুড়ো সমীচীন নয় ডগলাস৷
- বেশ। বাপ-দাদুর ঝগড়া। কেন?
- দিন আনি দিন খাই সংসার। নাতিনাতনির কান্নার শব্দ সহ্য করতে না পেরে জঞ্জালকুড়িয়ে দাদু চাইছে কাজে বেরোতে। কিন্তু বাপ বলছে ঘরে দানাপানি না থাকলেও কাজে বেরোনো অসম্ভব। সেই নিয়ে ঝগড়া। 
- ও মা! ঘরে খাবারদাবার নেই, এদিকে কাজে বেরোবে না? 
- শহরে দাঙ্গা লেগেছে যে। বিস্তর কাটাকাটি রক্তারক্তি। রাস্তায় প্রাণ হাতে করে বেরোতে হচ্ছে। আর বড়লোকদের না হয় বাতেলায় দিন কেটে যায়। গরীবদের ভয় বেশি। 
- ওহ্।
- কিন্তু বাপ যতই আপত্তি করুক, দাদুটি তো বাপের বাপ। সে কথা শুনবে কেন? খোকাখুকুর দাদু খোকাখুকুর বাপের কথায় পাত্তা না দিয়ে থলে কাঁধে বেরিয়ে পড়ল!
- এতে বেয়াল্লিশ কী? আর সিস্টেমই বা কোথায়?
- ধৈর্য ডগলাস। ধৈর্য। 
- যেয়াজ্ঞে। অতঃপর?
- তা দাঙ্গার চোখরাঙানি অগ্রাহ করে দাদু বেরিয়ে পড়ল কাজে। কারণ সে নিশ্চিত লোকের এ পাগলামি বেশিদিন চলতে পারে না, দাঙ্গা এখন স্তিমিত। কাজকর্ম বন্ধ করে ঘরে বসে থাকাটা পাপ। খোকাখুকুর খিদের কান্না সহ্য করাটা পাপ। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। আর সেই বিশ্বাসের ভরসায় সে বৃদ্ধ কাজে বেরোলেন; দিনের শেষে যদি দু'টো রুটির ব্যবস্থা করে ফেরা যায়।
- তারপর? গুরুদেব?
- সন্ধ্যে হল কিন্তু গেরস্থালীতে রুটি এলো না, ফিরল দাঙ্গার টাটকা শিকার; দাদুর লাশ। তবে অন দ্য প্লাস সাইড; বুঝলে ভায়া ডগলাস, দাদুর লাশ দেখা যন্ত্রণায় নাতি-নাতনিরা একটা রাত্রের জন্য অন্তত খিদের জ্বালাটা ভুলতে পারল। 
- ওহ...কিন্তু গুরু, এ'তে বেয়াল্লিশ কোথায়?
- শহরের দাঙ্গায় সে খোকাখুকুর দাদুই যে বেয়াল্লিশ নম্বর লাশ ভায়া ডগলাস। বেয়াল্লিশের উদাহরণ দিয়ে সিস্টেমের মূলমন্ত্রটা তোমায় বোঝাতে সুবিধে হবে বলে মনে হল। অন্ধকার যতই বেড়ে চলুক, মানুষ মানুষকে বিশ্বাস করে পথে নামবে আর বারবার সে বিশ্বাসভঙ্গ হবে৷ এ'ভাবেই বিশ্বাস আর বিশ্বাসভঙ্গের ইতিহাস চক্রাকারে ঘুরে চলেছে এবং চলবে। যদ্দিন তদ্দিন। ঈশ্বর হয়ে আমারও কিছু করার নেই৷ আর এক রাউন্ড খৈনি ডলি বরং, কী বলো ভাই ডগলাস?
পুনশ্চঃ
১। ধর্মের কথাই যখন হচ্ছে, তখন স্বীকার করে নেওয়া ভালো যে "অতিরঞ্জন" এ পাতি ব্লগারের ধর্ম৷ তবে বেয়াল্লিশ নম্বর লাশের খবরটা নেহাত ভ্রান্ত নয়। ২৯ ফেব্রুয়ারী ২০২০; "দ্য হিন্দু"র প্রথম পাতার খবর - Delhi Violence: 1 killed in fresh attack; toll touches 42।
২। ডগলাস অ্যাডামস সাহবের হিচহাইকারস গাইড টু দ্য গ্যালাক্সি অনেকেই পড়েছেন৷ যারা পড়েননি (এইবেলা পড়ে ফেলুন), তাঁদের জন্য কোট করলামঃ
"The number 42 is, in The Hitchhiker's Guide to the Galaxy by Douglas Adams, "The Answer to the Ultimate Question of Life, the Universe, and Everything", calculated by an enormous supercomputer over a period of 7.5 million years. Unfortunately no one knows what the question is." (এই লেখা সে বইয়ের রিভিউ বা সে বই প্রসঙ্গে আদৌ নয়)

ফার্স্ট পার্সন


ঋতুপর্ণবাবুর মুখে ও কলমে বাংলাভাষা জ্বলজ্বল করে ওঠে। আমি ভাষার দুরূহ টেকনিকালিটি তেমন বুঝি না, কিন্তু আর পাঁচটা ধান্দাবাজ মানুষের মত নিজের আত্মার আরামটুকু দিব্যি টের পাই। ঋতুপর্ণবাবুর কথায় ও ভাষায় সাজানো ওঁর ভাবনাচিন্তা আর গল্পগুলো মনের মধ্যে সত্যিই আরাম বয়ে আনে। অগাধ পড়াশোনার মধ্যে বহুমানুষই থাকেন, ইন্টেলেক্টের ব্যাপারেও যে ঋতুপর্ণ শেষ কথা; সে নিয়ে কথা বলার যোগ্যতাও আমার নেই। তবে সিনেমাটিনেমা যদি বাদও দিই, কথাবার্তায় ওর সততা, সারল্য, যুক্তিনিষ্ঠা এবং সর্বোপরি ওর ভাষার যে 'সুমিষ্ট স্মার্টনেস'; সে'সব মিলে আধুনিক বাঙালি ঋতুপর্ণর ভক্ত না হয়ে যাবে কোথায়? (এটা অতিশয়োক্তি হল কিনা জানিনা, তবে আমি নিজে যেহেতু ঋতুপর্ণর "ভক্ত্", সে'সব নিয়ে "কেয়ার" করা আমার সাজে না)। তবে এই সততা, সারল্য, যুক্তিনিষ্ঠা আর ভাষার স্মার্টনেসের বাইরে গিয়ে দু'টো ব্যাপার ঋতুপর্ণকে অনন্য করে তোলে;
এক, ওঁর "এমপ্যাথি"।  
দুই, যে মধ্যবিত্ত আটপৌরে প্রিজমের মধ্যে দিয়ে ভদ্রলোক পৃথিবীর ইয়াব্বড় ব্যাপারস্যাপারগুলো দেখতে ও অনুভব করতে পারতেন৷

দে'জ থেকে প্রকাশিত ঋতুপর্ণর " ফার্স্ট পার্সন" বইজোড়ার পাতায় পাতায় সেই স্নেহ মাখানো মানুষটা৷ এদ্দিন কেন পড়িনি কে জানে, না পড়ে অন্যায় করেছি৷ যা হোক, গতকাল আমি প্রথম খণ্ডটা পড়ে শেষ করলাম৷ 
গত বছর দুয়েকে বেশ কিছু বায়োগ্রাফি পড়েছি আর অবশ্যই ঋতুপর্ণর এই বই কোনও মতেই জীবনী নয়,বরং পূর্ব প্রকাশিত গদ্যের সংকলন৷ অথচ এই ছড়িয়ে-ছিটিয়ে থাকা লেখাগুলোর মাধ্যমে কী চমৎকার ভাবে একটা নন-লিনিয়ার জীবনী তৈরি হয়েছে। বায়োগ্রাফি যদি স্রেফ "হিসেব সর্বস্ব" হয় তবে তা বেশ একঘেয়ে ঠেকতে পারে; "আমি এই করলাম, তারপরে ওই হল, তারপর আমি অমুক সাফল্য পেলাম আর শেষে গিয়ে তমুক হল"। এই "হিসেব সর্বস্বতা" র জন্যেই মাস্টারব্লাস্টার শচীনের জীবনীর চেয়ে মঞ্জরেকারের জীবনী অনেক বেশি চিত্তাকর্ষক। অমুকবাবুর জীবনীতে আমি স্রেফ উইকিপিডিয়া গোছের 'এন্ট্রি' গড়গড় করে পড়ে যেতে চাইনা, বরং আমি চাই অমুকের চোখ দিয়ে অমুকের পৃথিবীটাকে চিনতে। যে কোনও জীবনীতে আমি ইনফর্মেশন নয়, গল্প (আষাঢ়ে নয়) খুঁজে বেড়াই। আর সে'খানেই "ফার্স্ট পার্সন" য়ের প্রথম খণ্ডটা পড়ে মনে হল, কী চমৎকারভাবে ঋতুপর্ণবাবুর জীবনটা চোখের সামনে ভেসে উঠছে। অঙ্ক মেনে ছকে, জার্নাল লেজার ঘষেমেজে লেখা জীবনীর চেয়ে এ'টা একদিক থেকে ঢের বেশি ভালো। 
চাকরী সূত্রে আমার গত আটবছর কেটেছে যোধপুর পার্ক, প্রিন্স আনোয়ার শাহ রোড অঞ্চল ধরে; কলকাতার এই পরিচিত এলাকাগুলো ঋতুপর্ণর ছোটবেলার চোখ দিয়ে দেখতে পাওয়াটা একটা বাড়তি পাওনা। 
প্রথম খণ্ডের একজায়াগায় ঋতুপর্ণ নিজের মায়ের চলে যাওয়ার কথা লিখছেন৷ পাশাপাশি তুলে ধরছেন বৃদ্ধ অসহার পিতার একাকিত্ব। ও অংশটায় আমি বার পাঁচেক ঘুরপাক খেয়েছি। এবং তারপর থেকে সে অংশটুকু আমার মনের মধ্যে ক্রমাগত ঘুরপাক খেয়ে যাচ্ছে। নিজের সেই একঘেহে সঞ্জীব-ঘ্যানঘ্যানানিতে ফিরে গিয়ে বলি; ঋতুপর্ণ সঞ্জীবের গল্পের রূপকথা-মার্কা চরিত্রদের মত করে ভালোবাসতে পারতেন বলেই আমার মনে হয়৷

বাঘবন্দীর খেলা


- অভ্র, শুনলাম তুই মিছিলে যোগ দিবিনা বলেছিস..।
- ঠিকই শুনেছ।
- লাইটার আছে? আমারটা কে যে ঝেড়ে দিলো।
- এই যে।
- একটা সিগারেট না ধরালেই নয়..থ্যাঙ্কস। 
- মনোজদা, ও মিছিলে আমি বেরোব না।
- ভেবে বলছিস তো?
- তুমি তো জানো, আমি চিরকালই এক কথার মানুষ।
- তোর এই ট্রেটটা আমার বরাবরই ভালো লাগে। তুই ইউনিভার্সিটিতে থাকতেই তোকে মার্ক করেছিলাম কি সাধে? তোর মধ্যে একটা ডিসাইসিভ ব্যাপার আছে, তোর ফোকাস আছে,জেদ আছে, অধ্যাবসায় আছে৷ পলিটিক্সে এই ব্যাপারগুলো খুবই জরুরী৷ 
- এ'টা মিছিল নয় মনোজদা...পরিকল্পিত হামলা৷ 
- তুই লম্বা রেসের ঘোড়া৷ পার্টিতে তোর একটা ব্রাইট ফিউচার আছে৷ হাইকম্যান্ড তোর এনার্জি আর ইন্টেলিজেন্সকে যথেষ্ট সমীহ করে। কিন্তু এখন তোকে যদি সহজপাঠ ধরে পড়াতে হয়....দ্যাট ইজ আনফরচুনেট। দ্যাখ অভ্র, প্রতিটা মিছিলই পরিকল্পিত আক্রমণ৷ সে আক্রমণ অন্যায়ের বিরুদ্ধে, পচাগলা সিস্টেমের বিরুদ্ধে। 
- কিন্তু তোমাদের আজকের এই পরিকল্পিত আক্রমণ অন্যায় বা পচা সিস্টেমের বিরুদ্ধে তো নয়। 
- আমাদের? এ পার্টি তোর নয়? 
- কিছু অসহায় মানুষকে মারধোর করে, তাদের দোকানপাট জ্বালিয়ে তোমরা নিজেদের পলিটিকাল ক্যাপিটাল জড়ো করছ৷ এ কাজ করতে তো আমি পার্টিতে আসিনি মনোজদা...।
- এ'সব ফাঁপা বুলি আউড়ে...।
- কোনো লাভ নেই জানি৷ তবে আমায় ডেকেও কোনও লাভ হবে না মনোজদা। 
- বেশ। তবে তোর লাইটারটা বরং আমার কাছেই থাক...। মিছিলে তো আর স্লোগান থামিয়ে অন্যের কাছে দেশলাই চাওয়া যায় না...কী বলিস? আসি৷ মিছিলে না যাস, কাল অফিসে আসিস। একটা ভালো বই পড়াব। কেমন?
- বেশ। 
***
- অভ্রকে আনতে পারলে না তো মনোজদা?
- বড্ড জেদ। আজ ছেলেটা এলোই না রে পটা। 
- বড্ড রোয়াব মালটার। পার্টির স্বার্থে নিজের আইডিয়াল কিছুতেই ছাড়তে রাজী নয়...এদিকে আমরাই হলাম কুলিমজুর মানুষ...মিছিলের পতাকা হোক বা পেট্রোল বোমা; সে বোঝা আমাদেরই বইতে হবে। 
- আইডিয়াল নাকি? হেহ্।
- হাসছ যে বড়?
- পলিটিক্স শুধু রাজনৈতিক ঝাণ্ডা বাগিয়েই হয় রে? পার্টির লাইন মত দু'চারটে মানুষ প্যাঁদানোই দলের একজন হয়ে ওঠার একমাত্র উপায় ভেবেছিস? 
- অত র‍্যালার কথা আমার মাথায় ঢুকলে আজ রাস্তায় নেমে দাঙ্গা না বাঁধিয়ে পার্টি অফিসে বসে টিভি চ্যানেলদের ইন্টারভিউ দিতাম গো মনোজদা।
- শাটাপ রাস্কেল! কতবার বলেছি মিছিলকে মিছিল বলবি। দাঙ্গাটাঙ্গা আবার কী ছোটলোকের মত ভাষা! বল প্রতিরোধ! বল সংগ্রাম!
- ওই হল। ক্যালানি দেওয়ার আগে কত যে ঢ্যামনামো মারাতে হয়। যাক গে, ঝাণ্ডা না বাগিয়ে রাজনীতি কীভাবে করা যায় মনোজদা?
- ধরিমাছনাছুঁইপানিবাজ আইডিয়ালিস্টদের চিনতে পারা; ওটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক ক্ষমতা। সে ক্ষমতা আছে বলেই আজ আমি নেতা আর তুই স্রেফ কর্মী। 
- ধ...ধরিমাছ...ধরিমাছ...।
- ধরিমাছনাছুঁইপানিবাজ আইডিয়ালিস্ট। এই যেমন অভ্র। এই আইডিয়ালিসম বেচে ও একদিন বড় কলেজের প্রফেসর হবে, টেড-টক দেনেওলা ইন্টেলেকচুয়ালও হতে পারে। অথচ দ্যাখ, আমি আগুন লাগাতে বেরোচ্ছি জেনেও ও কেমন নিশ্চিন্ত মনে আমায় নিজের লাইটার ধার দিল৷ আইডিয়াল নিয়ে ও আছে; থাকুক। কিন্তু এই টোকেনিজমটুকুকে ত্যাগ করতে পারলে না যখন, ওর মুক্তি নেই রে।
- মুক্তি নেই? 
- আজ অভ্রর লাইটার মিছিলে বেরোবে, তা দিয়ে দু'চারটে দোকানপাট জ্বালাব। কাল অভ্র নিজের বেরোবে মশাল হাতে হারেরেরেরে সুরে। আর এই অভ্রদের সাইলেন্স চিনতে পারি বলেই আমি নেতা...কী বুঝলি? 
- তোমার কাছে বিড়ি আছে গুরু?

ট্রাম্পদার মগজে


- হেইয্যো...ট্রাম্পদা...হেইয্যো...। 
- হু আর ইউ?
- ওহ হো, ইংরেজিতে কথা বলতে হবে তো। আজ্ঞে, আই অ্যাম তাপস সাহা। 
- ট্যাপাস?
- স্যাহা। যেয়াজ্ঞে। 
- হ্যাভ ইউ কিডন্যাপড মি?
- সে কী কথা! নো নো স্যার। হাউ ডু আই কিডন্যাপ? ইউ নাউ ইন ডীপ ঘুম...যাকে বলে ইজ ন্যাপিং লাইক আ কিড । আই অ্যাম অ্যাকসেসিং ইওর ব্রেন থ্রু তন্ত্র। 
- ইউ আর অ্যাকসেসিং হোয়াট?
- ইওর ব্রেন স্যার। লোকেট করা ওয়াজ ভেরি টাফ। বাট ফাইনালি আই কুড এস্টাবলিশ কনেকশন। তিন দিন ধরে সিগনাল পাঠাচ্ছি আর সিগনাল গোঁত্তা খেয়ে ওয়াপস আসছে। গেটিং নাগাল অফ ইওর ব্রেন ইজ ভেরি ভেরি টাফ। বাট ফাইনালি...।
- অ্যান্ড ইউ আর অ্যাকসেসিং মাই ব্রেন থ্রু...?
- আজ্ঞে, তন্ত্রযোগে।
- ট্যান্ট্রা ইয়োগা?
- ওই হল।
- ইজ দ্যাট সাম কাইন্ড অফ হোকাস পোকাস?
- হোকাস পোকাস ফর ইউ ডিয়ার পোটাস। টোটাল সাধনা ফর মি। ফাইভ ইয়ার্স স্পেন্ট অ্যাট তারাপীঠ শ্মশান স্যার। সাবসিকুয়েন্টলি থ্রি ইয়ার্স অ্যাট দ্য জঙ্গল ইনসাইড নেপাল। ভেরি ডীপ সাধনা; ইয়ে...ইংরেজিতে...স্যাঢ্যানা বোধ হয়...ইউ নো...। 
- ইউ আর আ ক্রেজি ফেলো...। 
- টু প্র্যাক্টিস তন্ত্র, অল্পস্বল্প ক্রেজিনেস ইস নেসেসারি স্যার। 
- সো ইফ আই আন্ডারস্ট্যান্ড করেক্টলি, ইউ আর ইনসাইড মাই হেড?
- হোয়াইল ইউ আর অ্যাস্লিপ; ইনসাইড এয়ারফোর্স ওয়ান- ফ্লাইং টু আমেরিকা, ফ্রম ইন্ডিয়া। 
- সো দিস ইজ আ ড্রীম?
- ড্রীম বলতে পারেন...ইউ ক্যান সে ড্রীম। বাট দিস ইজ সলিডার দ্যান ড্রীম। 
- হোয়াট ডু ইউ ওয়ান্ট? ইউ ক্যান্ট হার্ট মী...আই হ্যাভ দ্য মোস্ট ডেঞ্জারাস আর্মি ইন দ্য হোল ওয়ার্ল্ড...। 
- দ্যাখো কাণ্ড। বলেন কী স্যার। আই উইল হার্ট? আই ডু নট ইভেন টাচ মসকিউটোস স্যর, আনলেস দে ডু রামত্যাঁদড়ামো। তা যা বলার জন্য এত কাঠখড় পোড়ানো...। 
- ইংলিশ প্লীজ...। 
- ওহ সরি। ইয়ে...হোয়াই আই বার্ন্ট সো মাচ উড অ্যান্ড স্ট্র টু রীচ ইওর ব্রেন...। 
- ইউ সিলি ইন্ডিয়ান...স্পীক ইন আ ল্যাঙ্গুয়েজ দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড...। 
- ক্লাস নাইন ফেল স্যার। দিস ইজ মাই হাইয়েস্ট ইংলিশ। 
- হোয়াট ডু ইউ ওয়ান্ট? 
- ওই...ওয়ান্টিং টু এস্টাব্লিশ কমিউনিকেশন উইথ ইয়োর ব্রেন স্যার...। 
- বাট হোয়াই? 
- টু কমিউনিকেট সামথিং প্রচণ্ড ক্রিটিকাল স্যার।
- কাম ক্লিন ট্যাপাস। আই অ্যাম দ্য প্রেসিডেন্ট, আই ডু নট হ্যাভ টাইম ফর অল দিস ট্যান্ট্রা ননসেন্স। 
- অত বাতেলা ভালো নয় সাহেব। অল দ্যাট বিগ বিগ টক ইজ নট গুড। যাক গে, অন বিহাফ অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন; আই হ্যাভ আ জরুরি ক্ল্যারিফিকেশন টু মেক। 
- ক্ল্যারিফিকেশন? 
- ইউ সী তাজ মহল? গুড। ইউ সী বস্তি ঢেকে দেওয়া দেওয়াল...আই মীন...ইয়ে...পুওর পিপল হাইডিং ওয়াল? ভেরি ভেরি গুড। ইউ কোকা কোলা, উই কোকা কোলা উইথ ইউ। কিন্তু সাহেব...ভেরি ভেরি বিগ স্ক্যান্ডাল হ্যাপেনড ট্রাম্পদাদা...। 
- স্ক্যান্ডাল ?
- শিঙাড়া বলে যেটা খেলেন সেটা কচু শিঙাড়া। আই মীন...দ্যাট সামোসা ইউ হ্যাড...দ্যাট ইজ ফেক সামোসা।
- আই হ্যাড ফেক সামোসা?
- ঘোর কলি ব্রো, ঘোর কলি। তাই ব্রোকলি দেওয়া সামোসা ইউ হ্যাড। 
- দ্যাট ইজ রাইট... আই হ্যাড সামোসা উইথ ব্রোকলি...। 
- দ্যাখো কাণ্ড, দ্যাখো। তাজ মহলকে তেজো মহালয়া বলুন নো প্রবলেম। কিন্তু এ কী অনাসৃষ্টি। আই মীন, হোয়াট ক্যালামিটি ইজ দিস। ইউ সি; ব্রোকলি ইন সামোসা ইস ঘোর সমস্যা; লাইক আমলকী ইন বার্গার স্যার বা ধরুন লাইক ব্রেনোলিয়া ইন কোকাকোলা বা লাইক নিম-বেগুন ইন কেএফসি বা...।
- আই ওয়াজ ফেড ফেক সামোসা?
- ঘোর কলি ব্রো, ঘোর কলি। তাও ভালো...আই মীন...থ্যাঙ্ক মা তারা দ্যাট ইউ ডিড নট ঈট ব্রকোলি বিরয়ানি...। দ্যাট উড হ্যাভ বিন আ মেগা ক্যালামিটি স্যার...। 
- সাম ডে আই উইল হ্যাভ আ প্রপার সামোসা ট্যাপাস! ইউ উইল সী। আই উইল মেক শিঙাড়া গ্রেট এগেইন।
- স্বপ্নে তো আর ফুলকপির শিঙাড়া খাওয়ানো যায়না স্যার। নয়ত নিজের হাতে খাওয়াতাম। কলিফ্লাওয়ার সামোসা আই মীন; অমন পবিত্র সুবাস নাকে গেলে নিজে নিজেকে ইম্পীচ করে দিতেন। বিশ্বাস করুন!

কৈলাসের পিসেমশাই


(নীচের ছবি সম্বন্ধে
সূত্রঃ শুকতারা শারদ সংখ্যা ১৯৯১, 
মূল কবিতার নামঃ "কৈলাসপতির কলকাতা দর্শন",
কবিঃ ভবানীপ্রসাদ মজুমদার)

***
- নন্দে, ফটোশপ ব্যাপারটা কী রে?
- সে জিনিসে আপনার আবার কী দরকার গুরু?
- আরে বল না। 
- ও'সব মর্ত্যলোকের জিনিস। তা দিয়ে হবেটা কী।
- আরে ধ্যার রে বাবা খালি ফালতু কথা। প্রশ্ন করলে মাথা নুইয়ে উত্তর দিবি, অত চ্যাটাংচ্যাটাং পাল্টা প্রশ্ন আবার কেন রে নন্দে? ফটোশপ কী তা আদৌ জানিস কি?
- জানি না আবার। কাতুদা তো ওই দিয়েই নিজের গোঁফে অমন জেল্লা জুড়ে মর্ত্যে নিজের ইমেজ বানিয়েছে। এমনিতে তো দিনে বাইশবার দাড়ি কামিয়েও গোঁফ পুরুষ্টু হল না।
- বটে?
- আজ্ঞে। চুঁচড়োয় সে'বার দেখলেন না, প্যান্ডেলে প্যান্ডেলে কাতুদার ইয়াব্বড় পাকানো গোঁফ।
- ছেলেটা এখনও জ্যামিতিটা ভালো করে শিখলনা অথচ বাহারে মেজাজ রপ্ত করেছে সাড়ে ষোলআনা। যাকগে, ওই ফটোশপ ব্যাপারটা একটু হাত কর দেখি নন্দে।
- কিন্তু ফটোশপে আমাদের কাজ কী?
- সিক্স প্যাক না জুড়লে কেউ পাত্তা দিচ্ছে না রে। এই দ্যাখ না সে'দিন, আমার এক পুরনো ভক্তকে স্বপ্ন দিয়ে বললাম পাড়ার শিব মন্দিরের ত্রিশূলটায় মরচে পড়েছে, একটা নতুন কিনে দিতে৷ ও মা, নাদুসনুদুস চেহারা দেখেই ভাবল বোধ হয় মাই ডিয়ার পিসেমশাই গোছের কেউ৷ ব্যাটাচ্ছেলে সামান্য ত্রিশূল রিপ্লেস করার জন্য অফিসে প্রমোশনের বর আদায় করে ছাড়লে। কোথায় থরহরি কম্প হয়ে হুকুম তামিল করবে তা না! ব্যাটা স্বপ্নের মধ্যে নেগোশিয়েশন শুরু করলে! ভাবতে পারিস?
- অ। তা ফটোশপে আপনার ফুলকো বাইসেপ আর ঘ্যাম সিক্সপ্যাক দেখলে ভক্তরা নিঃস্বার্থ সেবা করবেন ভেবেছেন? সে গুড়ে বালি, কী জিনিস মর্ত্যলোকে ছেড়েছেন গুরু। সব এক একটি চীজ।
- এ আবার কী ভাষা নন্দে। চীজ?
- ও ছোটখাটো ব্যাপার আপনি বুঝবেন না৷ দাঁড়ান, আমি বরং একটা কল্কে সেজে দিই।
- থাম। কথায় কথায় খালি আমায় কল্কে গছিয়ে প্রসাদ পাওয়ার ধান্দা। পার্বতী ঠিকই বলে, তোদের জন্যেই আমি এই মেদ ব্যাপারটা কন্ট্রোল করতে পারছি না। আমার দরকার ডিসিপ্লিন।
- ডিসিপ্লিন গুরু?
- আলবাত। বাড়তি মেদ না ঝরলে...।
- মেদ? আপনার আবার মেদ কোথায় গুরু? ওটা তো বিউটি ফ্যাট।
- বলছিস?
- কী জেল্লা দিচ্ছে। বিষ্ণু স্যরের গ্লেজ আছে বটে, তবে আপনার ন্যাচুরাল গ্লোর ধারে কাছে লাগতে পারবে না। খামোখা আপনি মেদটেদ নিয়ে পড়লেন..। বিষ্ণু স্যর পারত হলাহলকে অমন ব্লু লেগুনের মত স্যাটাস্যাট সাফ করে দিতে?
- পারত না, তাই না?
- এক্কেবারে ছড়িয়ে একাকার করে দিত। যাক গে, কল্কেটা সাজি?
- তা সাজ। তবে ইয়ে নন্দে, কাতুকে বলে ওই ফটোশপটার একটা ব্যবস্থা কর বাবা। বিউটি ফ্যাট নিয়ে কৈলাসে বসে থাকি ক্ষতি নেই, কিন্তু মর্ত্যে একটু ইমেজ মেকওভারের দরকার আছে। নয়ত স্বপ্নাদেশ দিতে গেলেই ভক্তগুলো অকারণ গপ্প জুড়ে দেয়, যেন গুপ্তিপাড়ার পিসেমশাই এসেছে মাখাসন্দেশের হাঁড়ি হাতে। 
- তা নিয়ে আর চিন্তা কীসের। সিক্স প্যাক ঠ্যাক জুড়ে এখুনি আপনাকে ক্যাপ্টেন আমেরিকা করে দিচ্ছি।
- ক্যাপ...ক্যাপ্টেন আ...আমেরিকা? সে'টা আবার কী? ধ্যেত্তোরি, ও'সব বাড়াবাড়ি ভালো নয় নন্দে। 
- যেয়াজ্ঞা। ভাববেন না, কাজ হয়ে যাবে।
- ইউ আর আ গুড বয় নন্দে। এ কাজ করতে পারলে তোকে আমি নিজের হাতে লুচি ভেজে হালুয়ার সঙ্গে খাওয়াবো।
- কে বলবে আপনি গুপ্তিপাড়ার ন'পিসে নন।
- কী বললি রে ব্যাটাচ্ছেলে?
- ও কিছু নয়। এই নিন কল্কে, প্রসাদ দিয়ে ধন্য করুন।