Sunday, March 1, 2020

বাপু, নাথু ও ম্যাজিক


- আই শালা, ইদিকে দ্যাখ।
- আমায় বলছ?
- নেংটি শালা তুই ছাড়া আর আছেটা কে। ইদিকে দ্যাখ।
- ইদিকে মানে কোনদিকে?
- নেতানো পাঁপড়ের মচমচ দেখো, প্রশ্ন করে আবার। শালা হাতের রিভলভার দেখছিস না?
- তা দেখেছি। 
- দ্যাখ ব্যাটা গদ্দারচন্দ্র গদগদি! এই দ্যাখ!
- ম্যাজিকট্যাজিক কিছু দেখাবে নাকি বাবু? রিভলভারের নল দিয়ে টুকুস করে গোলাপ বেরিয়ে আসবে?
- বুড়োভামের ফুর্তি দেখে গা জ্বলে যায়। আজ যদি কচুকাটা না করেছি...।
- বন্দুকের গুলি ছুঁড়ে ঝাঁঝরা করা যায় নাথু। কচুকাটা করতে হলে তলোয়ারই ভালো। 
- দেশের সর্বনাশ করে এমন দেমাক দেখাতে লজ্জা করে না রে হারামজাদা।
- যুক্তির বদলে বন্দুক তুলে নিয়েছ নাথু৷ এ দেশের সর্বনাশ যে হয়নি, সে কথা হলফ করে বলি কী করে বলো। 
- ওরে আমার হরিদাস পাল এলেন হে। ওঁর যুক্তি বহুত খুব আর আমার যুক্তি গবেটামো।
- বন্দুকের নল থেকে গোলাপ বের করে দেখাও দিকি নাথু৷ তখন বুঝব এদ্দিনে কত যুক্তি শিখেছ।
- বাহাত্তর বছর হল, বছরের এই দিনটা রোজ একবার করে তোর বুকে গুলি ঠুসে যাই৷ তবু মাইরি তোর ঢিঁটগিরি গেলনা।
- বেঁচে থাকতে যায়নি, এখন কি আর পাল্টানোর বয়স আছে ভাই নাথু? তবে ওই হালটাল ছাড়তে আমি পারব না৷ একদিন তোমার বন্দুক থেকে গোলাপের ডাঁটি বেরিয়ে আসবেই৷ দেখো। 
- ধেত্তেরি শালা টেকো ফুটানিবাজ।
- তোমার ছাড়ব না ভাই নাথু। যতই তম্বি করো।
- মাইরি, ইচ্ছে করছে তোর মাথায় থানইট ছুঁড়ে মারি। প্রতি বছর এইভাবে আমার বন্দুকের সামনে এসে হ্যাহ্যা করার কোনও মানে হয়? 
- যদ্দিন বেঁচে ছিলাম; তদ্দিন কত কাজ ছিল হে। দেশের জন্য, দশের জন্য৷ এখন তেমন ব্যস্ততা নেই, শুধু অপেক্ষা। আমি তোমার অপেক্ষায় আছি হে নাথু। আজ এই নিয়ে সত্তর বছর হবে। এইভাবে একদিন সাতশো হবে, সাতহাজার হবে। তবে আমার সময়ের অভাব নেই নাথু। তোমার অপেক্ষায় দিব্যি আছি। চালাও।
- আপনি না মাইরি...।
- কই। আজ তাড়া নেই? 
- আমি কিন্তু সত্যিই আজও গুলি চালাব...।
- মিথ্যে কোনোকিছুর সঙ্গেই থেকে লাভ নেই৷ গুলি চালাতে হলে মিছিমিছি ভণিতা না করাই ভালো।
- তাই বলে প্রতিবছর এইভাবে আমার বন্দুকের নলের সামনে এসে আপনি...।
- ঘাবড়ে গেলে চলবে কেন? হয় এইবেলা পাশে এসে বাধ্য খোকাটির মত চুপটি করে বসবে। নয়ত আমার ছাতি তাক করে দুড়ুম! কেমন?
- বেশ! এই যে! নিন!

****দুড়ুম****

- এ কী নাথু!
- এ কী বাপু! বন্দুকের নল থেকে সত্যিই গোলাপের ডাঁটি...। ম্যা...ম্যাজিক!
- হে রাম!
- ও কী! আপনার মনখারাপ কেন?
- কে জানে নাথু। হঠাৎ মনে বড় কুডাক দিল। এক নাথুকে অন্ধকার থেকে টেনে বার করলাম, এ'দিকের দেশের মাটিতে অন্য কোনও নাথু অন্ধকারের দিকে এগিয়ে গেল কিনা কে জানে।

মারো গুলি


- দত্ত! অ্যাই যে, দত্ত! আমার টেবিলে খবরের কাগজ আজ একটা কম কেন?
- তিপ্পান্নটা কাগজের জায়গায় বাহান্নটা রয়েছে, এতে অত চেল্লামেল্লির কী হয়েছে মিনিস্টারদাদা?
- সেক্রেটারি হয়ে এত চ্যাটাংচ্যাটাং কথা বলার সাহস তুমি পাও কী করে! ব্যাটার যত বড় মুখ নয় তত বড়..।
- সুইস ব্যাঙ্কের পাশবই আপডেট করিয়ে এনেছি গতকাল।
- তোমার সবদিকে খেয়াল ভায়া। তুমি না থাকলে আমি যে কী করতাম..। 
- বলছিলাম, খবরেরকাগজে মুখ গুঁজে পড়ে না থেকে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে ফেলুন৷ দশটা নাগাদ জ্যাপান ডট ওআরজির ডেলিগেটদের সঙ্গে মিটিং আছে। 
- ওহহো,তা ওদের জন্য লাঞ্চের ব্যবস্থা কী করেছ? বড্ড বায়নাক্কা ওদের। লিথিয়ামটিথিয়াম কিন্তু ওদের জন্য বড্ড স্পাইসি।
- মিনিস্টারদাদা, টোটালি সোলার বুফে রেখেছি৷ চেটেপুটে খাবে। 
- গুড গুড। ওদের ক্ষেত্রে অবশ্য একটা সাফক্লাস সুবিধে আছে। আমাদের মত মানুষ ট্যাঁকে নিয়ে ঘোরার বিশ্রী ঝ্যামেলা ওদের নেই।
- ঝামেলা বলে ঝ্যামেলা। মালগুলো দু'আনার কাজ করে আর বারো আনার অধিকার দাবী করে। 
- আহা দত্ত, ওরা আহাম্মক হতে পারে, তা বলে ওদের মাল বলে ডেকো না। ওরা না থাকলে তো আর আমরা...।
- আহাম্মক, নেকুপুষু, রিসোর্স-খেকো; কিছু বলতেই আর দোষ নেই। এই যেমন ডাইনোসরদের ফ্যাট আগলি বাস্টার্ডাস বললেও সেন্টিমেন্ট হার্ট করার ব্যাপার থাকে না।
- আমি ঠিক বুঝতে পারছি না দত্ত...।
- মিনিস্টার সব কিছু বুঝলে সেক্রেটারি তার ন্যাজটা নাড়বে কী করে বলুন। বুঝিয়ে বলি বরং, এখন কিন্তু আমরাও জ্যাপান ডট ওআরজি'র মত সুপারপাওয়ার...সিকিউরিটি কাউন্সিলের ডাক এলো বলে...। 
- বলো কী দত্ত! কিন্তু দেশে মানুষ থাকলে তো..।
- মিনিস্টারদাদা...তিপ্পান্নটা কাগজের মধ্যে কোন কাগজটা কম সে'টা বোধ হয় খেয়াল করেননি৷ এ দেশের খবরের কাগজগুলোর মধ্যে একটাই ছিল ব্যাটাচ্ছেলে মানুষগুলোর। 
- সে কাগজ বন্ধ করে দিয়েছ?
- আজ্ঞে না, সে কাগজের প্রয়োজন ফুরিয়েছে। ইন্ডিয়া ডট বিজের যত মানুষ; সব এক্কেরে একরাতে ঝেঁটিয়ে সাফ করেছি। এ'বার থেকে শুধুই আমরা। কন্ট্রোল রুমে বসে যে বোতাম যেমন টিপবেন, দেশের সক্কলে তেমনই মুণ্ডু দোলাবে।
- এ'বার থেকে..শুধু...শুধুই আমরা? শুধুই রোবট...? 
- কে...কেন?
- আরে মালগুলোর খালি কথায় কথায় প্রতিবাদ। কাজেকম্মে এন্তার ভুল অথচ অনবরত হিউমান রাইটস হিউমান রাইটস বলে ভ্যাজরভ্যাজর করেই চলেছে৷ এ'সব ন্যাকাপনা চলতে থাকলে ইন্ডিয়া ডট বিজ ক্র‍্যাশ করতই৷ কাজেই...ওই তর্ক-লজিক-ডিবেট ঢের হয়েছে। গুলি করে মেরে ফেলবার সহজ উপায় থাকতে শৌখিন যুক্তিতর্কে অকারণ সময় নষ্ট করার যে কী দরকার।

নিখুঁত রোল



আদতে আমি রোলে সস্ দেওয়ার সম্পূর্ণ বিরোধী নই৷ সমস্ত রোলই তো আর নিখুঁত হয়ে ওঠেনা আর আমার মতে রোলের ভুলভ্রান্তিগুলোকে ঢেকে ফেলতে সস্ ব্যাপারটা বেশ কাজে লাগে। মলাট ছেঁড়া বইতে প্রয়োজনে সেলোটেপ আঁটতে হবে বৈকি।

তবে যেই রোলে কামড় বসিয়ে মনে হবে যে এ'তে এক ফোঁটা সস্ পড়লেই সব মাটি; 
প্রেমিক অমিত রে'র কবিতায় বকুলতলার ক্রিকেট কোচ লায়ন রে'র কোটেশনের মত,
ঘনাদার গল্পে টেনিদার ইয়াক ইয়াকের মত,
ফেলুদার নোটবুকে টুকে রাখা রেজালার রেসিপির মত, 
দুর্দান্ত ডিবেটের মধ্যিখানে গুঁজে দেওয়া হোয়াটাবাউটারির মত;
অমনি বুঝে নিতে হবে যে সেই রোলই সার্থক ও নিখুঁত। 

তেমন নিখুঁত রোল যে সহজে জোটে না ভাইটি। রোলের পরোটা দিব্যি ভাজা হতে হবে অথচ সামান্য নরমভাবটুকু না থাকলেই নয়, ভিতরের চিকেনকুচি তন্দুর থেকে তুলে সামান্য ভেজে নিতে হবে, পেঁয়াজ-লঙ্কা-নুন পড়বে চন্দ্র-সূর্যের হিসেব মেনে; এমন হাজারো বায়নাক্কায় সামান্য এ'দিক ও'দিক হলেই আমিরের "লাগান" মার্কা পার্ফেকশন উড়ে গিয়ে উঠে আসবে "মেলা" গোছের লম্ফঝম্প৷ আর সেই লম্ফঝম্প সামাল দিতেই প্রয়োজন হয় সসের। 

সেই পার্ফেক্ট রোল খুঁজে পাওয়া চাট্টিখানি কথা নয়। তবে খোঁজ পেলে একটা ব্যাপার নিশ্চিত জানবেন। নিখুঁত রোল-বানিয়ের কর্ম-ব্যস্ততাটুকু চাক্ষুষ করতে পারার মধ্যে একটা শীতের বিকেলের সমুদ্র দেখার মত নিবিড় ভালোবাসা জড়িয়ে আছে।

হিসেবের মিষ্টি



- এই সন্দেশটা কত করে দাদা? 
- বারো টাকা পিস।
- বারো....আটটায় ছিয়ানব্বুই। দশটায় আবার একশো কুড়ি..।

- দশটা দেব?
- বাজেট এক্সিড করছে। 
- আটটা দেব?
- আট সংখ্যাটা...কেমন যেন..খচখচ করছে জানেন। মানে..চার টাকা আন্ডারইউটিলাইজডও থেকে যাচ্ছে। যাকগে, এই সন্দেশটা কত করে?
- পনেরো টাকা পিস। 
- পত্রপাঠ ক্যান্সেল৷ ক্ষীরকদম?
- পনেরো টাকা পিস। 
- উফ! বারোর নীচে কোনগুলো?
- নীচের দিকে যেগুলো রাখা আছে। 
- এই সন্দেশটা কত করে?
- আট টাকা পিস।
- লে হালুয়া। বারো পিস, সেই আন্ডারিউটিলাইজড চারটাকা। 
- তা'হলে কি এটা দেব? বারোটা?
- কুটুমবাড়ি নেমন্তন্ন। অন্তত একশো টাকা যদি খরচ না করি, মনের মধ্যে খচখচ করবে। 
- তেরোটা নিন।
- চারটাকা বেশি খরচ হলে ক্ষতি নেই বটে। 
- তাহলে দিই?
- বেজোড় সংখ্যায় নেব? কেমন চোখ টাটাবে। 
- চোদ্দটা নিন৷ 
- বারো টাকা বেশি? এ যে আসা যাওয়ার বাসভাড়া চলে যাবে। বলছিলাম যে, দশটাকার মিষ্টি কিছু আছে কি?
- রসগোল্লা নিন।
- রসগোল্লা? গুড়ের?
- গুড়েরটা বারো টাকা পিস। চিনিরটা নিন।
- তাও নেওয়া যায়। তবে দেবেন কীসে? মাটির ভাঁড়ে?
- প্লাস্টিক কন্টেনারে। 
- অর্জুন শান্তিনিকেতনি থলেতে তীর বয়ে বেড়ালে ভালো দেখাত দাদা? এ জন্যেই আজকাল কারুর বাড়ি রসগোল্লা নিয়ে যেতে ইচ্ছে করে না। 
- এই সন্দেশটা নিন। দশটাকা পীস৷ 
- সাইজ একটু ছোট বুঝলেন...ভলিউমটা খুব ইম্পর্ট্যান্ট। খুব। শনিমন্দিরে দেওয়ার মিষ্টির মাইক্রো বাক্স হাতে তো যাওয়া যায় না৷ 
- আপনি কি মিষ্টি নেবেন আদৌ? নিলে এ'টা নিন, দশটাকার সন্দেশ। এই যে, এগুলো। নেবেন কি? 
- আলবাত। আপনি এই দশটাকার সন্দেশই দশ পিস দিন। তবে বড় বাক্সে।
- সন্দেশ গড়াগড়ি খাবে যে, ভেঙে যাবে। 
- ভায়া, নেমন্তন্ন খেতে দশ বারোজন মানুষ যাবে। অর্থাৎ দশ বারোটা মিষ্টির বাক্স; ডাইরেক্ট কম্পিটিশন। আর কম্পিটিশন মিষ্টির কোয়ালিটিতে নয়, বাক্সের সাইজে। এক কাজ করুন, ওই দশটাকার মিষ্টি আটটা দিন আর কুড়ি টাকার বোঁদে। সমস্তটাই এক বাক্সে দিলে ভল্যুম বাড়বে, কাজেই বাক্সটা আর একটু বড় দেবেন। 
- নরেন্দ্রনাথ খামোখা রামকৃষ্ণের পাল্লায় পড়ে বিবেকানন্দ হতে গেলেন। সময়মত আপনার আশীর্বাদ পেলে দিব্যি প্রধানমন্ত্রী হতে পারতেন । 
- হে হে হে।

দাস কেবিনে খাবো না



- আজ মোটেও দাস কেবিনে খাবো না...। 
- অবভিয়াসলি। অবিভিয়াসলি। কোনো মতেই নয়। দৃঢ়প্রতিজ্ঞ।
- গড়িয়াহাট পৌঁছবো। জরুরী কেনাকাটা সারব। তারপর সোজ ট্যাক্সি ধরে বাড়ি।

- সোজা। স্ট্রেট। কোনোরকম ডায়ে বাঁয়ে না তাকিয়ে।
- নেহাত যদি খিদে পায়...।
- ঘণ্টাখানেক ঘুরঘুর করে কেনাকাটি। ফিনকি দিয়ে ক্যালরি ঝরবে; খিদের আর দোষ কী।
- রাইট। কাজেই নেহাত যদি খিদে পায় তা'হলে সামান্য ডালের বড়া। ব্যাস। 
- ওই যৎসামান্য। 
- তবে ইয়ে; খালিপেটে ডালের বড়াফড়া খেলে আবার সামান্য বুকজ্বালা হতে পারে। 
- বুকজ্বালা আদৌ ভালো ব্যাপার নয়৷ বুকজ্বালা হেলাফেলা করা উচিৎ নয়। আর খালিপেটে ওই ডালের বড়া খাওয়া তো ক্রিমিনাল অফেন্স। তাই না?
- কাজেই একট রোল দিয়ে পেট সইয়ে নিলেই হবে।
- মাত্র এক পিস রোল৷ খালিপেট ঘটিত বুকজ্বালার সমস্যা এড়িয়ে চলতে নেহাৎ মেডিসিনাল পারপাসে ব্যবহৃত হবে৷ 
- করেক্ট। বেদুইনের সামনে দু'দণ্ড জিরিয়ে নেওয়া যাবে। তারপর না হয় ওই সামান্য ডালের বড়া।
- যৎসামান্য ডালের বড় বই তো নয়৷ 
- আর তেমন গোলমাল দেখলে পুদিনহরা তো আছেই...।
- শুনেছি পুদিনহরায় নাকি কী সব কেমিক্যালটেমিক্যাল মেশানো আছে...কিছুতেই আজকাল আর ভরসা করা যায় না।
- বটেই তো। পলিটিশিয়ান টু ওষুধ, সর্বত্র ভেজাল। অগত্যা না হয় থামসআপই খাব৷ 
- অগত্যা। অসহায়। 
- তাই তো। তার বেশি কিছু নয়৷ আর হ্যাঁ, ডালের বড়া খেতে হলে কিন্তু সামনে দাঁড়িয়ে ভাজাতে হবে। 
- প্রয়োজনে ভাজতে বলে না হয় দশ মিনিট অপেক্ষা করব।
- অপেক্ষার প্রসঙ্গে মনে পড়ল, দাসকেবিনের ঠিক সামনে যে দাদা ঠেলা লাগিয়ে ডালের বড়া বিক্রি করে, তার ভাজা বড়াগুলোই মুচমুচে ম্যাক্স। 
- বেশ, তাকেই টাটকা ভাজতে বলে দশ মিনিট অপেক্ষা করব। 
- অপেক্ষা তো করতেই পারি, তবে আমার না দাঁড়িয়ে অপেক্ষা করতে ইচ্ছে করে না। কেমন উদাস লাগে। 
- এ যে ভারী সমস্যার ব্যাপার। বড়া ভাজিয়ে দাদার ঠেলার পাশে চেয়ার পাওয়া যাবে কী করে? নিরুপায় হয়ে দেখছি আমাদের দাস কেবিনের বেঞ্চিতে বসেই অপেক্ষা করতে হবে৷ 
- নিরুপায়। হেল্পলেস। অসহায়। আহা রে।
- শুনেছি মিনিমাম মোগলাই বা কাটলেট অর্ডার না করলে নাকি দাস কেবিনের বেঞ্চিতে বসা বারণ? 
- পাষাণ ক্যাপিটালিস্টদের হাতে পড়ে শেষে আমাদের মোগলাই কাটলেট খেতে হবে?
- সত্যিই খুব অসহায় বোধ করছি। 
- নেহাৎ পরিস্থিতির চাপে পড়ে আমাদের এইসব ছাইপাঁশ গিলতে হচ্ছে আজ।
- বুক ফেটে যাচ্ছে। 
- আহা।