Tuesday, July 2, 2019

আমাদের মওকা


মওকা মওকার লেবুটা শিলনোড়ায় বেটে সুপার-ছিবড়ে করে ফেলা গেছে। বর্ডারের দু'দিকেই ম্যাচ নিয়ে যে সব ভিডিও ও বিজ্ঞাপন তৈরি হচ্ছে তা'তে হিউমর ও রুচি দু'টোরই ঘামাচি-আক্রমণে মৃত্যু হওয়া উচিৎ।

এই "আমি তোর বাপ" স্তরের কথায় নাকি দুর্দান্ত চালাকি রয়েছে। পাকিস্তান যদি বাংলাদেশের বাবা হওয়ার দাবী করে, তা'হলে কানে কী বিশ্রীই না ঠেকবে, তাই না? আর ভারতবর্ষ আরও প্রাচীন বলে অহংকার? আরো সুগভীর তার চরিত্র ও ইতিহাস? গর্ব তো ভালোই, কিন্তু সে'টা এ'ভাবে ফাটা মাইক বাজিয়ে অন্যের গায়ে 'আমি তোর বাপ' মার্কা জলবেলুন ছুঁড়ে না বললে প্রকাশ করা যায়না? হরপ্পা মহেঞ্জোদারোর মালিকানা ফলিয়ে পাকিস্তানও দাদাগিরি (থুড়ি...বাবাগিরি) ফলাবে বোধ হয় এ'বার। ওরা অভিনন্দনের চায়ের কাপ তুলে কথা বলেছে তাই আমরাও অভিনন্দনের দাড়িগোঁফ ওদের মুখে চাপিয়ে প্রতিশোধ নিয়েছি; এতে কি অভিনন্দনের প্রতি বেশ জমকালো কুর্নিশ জানানো হল আদৌ? ক্লাস ওয়ানের ঝগড়াতেও এর চেয়ে বেশি গভীরে গিয়ে কথা চালাচালি হয়।

'বিশ্বকাপ হারলে হারুক, পাকিস্তানের বিরুদ্ধে জিতলেই হল'; এ'তে হিউমর নেই, দেশের প্রতি ভক্তি নেই আর নেই ক্রিকেটের প্রতি ভালোবাসা। পাকিস্তান ম্যাচ এলেই আমাদের পেঁদিয়ে-হাতের-সুখ-করা-মব্ মানসিকতা টুক করে বেরিয়ে আসে (আমি নিশ্চিত পাকিস্তানেও ব্যাপারটা অন্যরকম নয়)।একদিকে আমাদের দেশের ক্যাপ্টেন গ্যালারির দিকে তাকিয়ে আবেদন করছেন যাতে ভারতীয় দর্শকরা স্টিভ স্মিথকে গালিগালাজ বন্ধ করে অভিবাদন জানায়। আর অন্যদিকে আমরা বড়মুখ করে বলছি 'আমরা পাকিস্তানের বাপ, তাই আমরাই জিতব'!

এ'সব ছেলেমানুষি এবং সোশ্যালমিডিয়া মাস্তানি বন্ধ করে পাকিস্তান ক্রিকেট ও ক্রিকেটারদের ব্যাপারে মনে সমীহ আনলে খেলাটা আরো উপভোগ্য হবে; এ সহজ ব্যাপারটা কবে যে আমি ও আমরা ঠাহর করতে পারব। বাবর আজমের একটা ভালো শটকে 'তোফা' বলা মানে পাকিস্তানের যাবতীয় অন্ধকারকে সমর্থন জানানো নয়; এই সরল সিধে সত্যটা স্বীকার করে নিতে যে আমাদের কী আপত্তি!

পুনশ্চঃ
নিজের দেশের/নিজেদের দোষ বেশি করে দেখব; বেশ করব। কারণ নিজের দেশের ভালো-মন্দ, শিষ্টাচার, পাগলামোতে আমার যোগাযোগটা সোজাসাপটা। স্টার স্পোর্টসের মত নামীদামী ব্রডকাস্টারকেও যখন এমন সস্তা বিজ্ঞাপন বানাতে হয়, তখন সে বিজ্ঞাপনের 'মার্কেট' সম্বন্ধে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে বইকি।

ফির নহি আতে


कुछ लोग एक रोज़ जो बिछड़ जाते हैं
वो हजारों के आने से मिलते नहीं
उम्र भर चाहे कोई पुकारा करे उनका नाम
वो फिर नहीं आते, वो फिर नहीं आते..


সে'সব "ফির নহি আতে"র ফর্দে কত ঝাপসা মুখ যে রয়েছে। এই যেমন;

১। এক মাছওলাকাকু ক্রিকেট নিয়ে গল্প জুড়তে পারলে খদ্দের ভুলে যেতেন। আজহারউদ্দিনের ফিল্ড প্লেসমেন্টের ভুলগুলো অনায়াসে বলে দিতে পারতেন। প্রবীণ আমরের ডিফেন্সের খামতিগুলোও তাঁর চোখ এড়াত না। আর ক্রিকেট নিয়ে জরুরী আলোচনার সময় কেউ বেমক্কা 'মাগুর কত করে গো' জিজ্ঞেস করলেই রেগে টং হয়ে যেতেন।

২। স্কুলছুটির পর স্কুলগেটের কাছেই একটা গাছের ছায়ার দেখা যেত ফুচকাকাকু। একসঙ্গে সাত-আটজনকে সাত-আট রকমের ঝাল-টক-নুন রেশিওতে খাইয়ে যেতেন। আর যে আলুকাবলি মাখতেন তা' খেলে আয়ুবৃদ্ধি অবশ্যম্ভাবী। তবে তার বিশেষত্ব ছিল ফুচকাপযোগী কিশোরের গানে। "মেরে মেহেবুব কয়ামত হোগি"র সুরে এগিয়ে দেওয়া ফুচকার টইটম্বুর বুক থেকে জল চলকে ওঠা...আহা।

৩। কাগজদাদাভাই গল্প করতেন শুকতারা, আনন্দমেলা নিয়ে। ভোরে কাগজ দিয়েই গায়েব হতেন বটে কিন্তু ছুটির দিন দুপুরবেলা ঠিক একবার ঢুঁ মেরে যেতেন। বাতাসা-জল হোক বা মুড়কি-সরবত; ঠাকুমা কিছু না কিছু দিতেনই। সেই বাতাসা বা মুড়কি চিবুতে চিবুতে কাগজদাদাভাই একের পর এক গল্প ও উপন্যাসের ট্রেলার শুনিয়ে যেতেন।

এমন আরও কতজন বিছড়েটিছড়ে গেছেন। হাজার মানুষের ভীড়েও তাঁদের গলার স্বর বা গল্প বলার ভঙ্গিমাগুলো মনের মধ্যে উঁকি মারে। কিন্তু উঁকি মেরে কোন কাঁচকলাটা হবে? কবি তো নিদান দিয়ে রেখেছেন; যে একবার ফসকেছে, উম্রভর তার নাম পুকারলেও সে আর ফিরবেটিরবে না।

তুক ক্রিকেট


আমার ধারণা কুসংস্কার না থাকলে বোধ হয় স্পোর্টস-ফ্যান হওয়াতে সাংবিধানিক বাধা আছে। বিশেষত ক্রিকেটে; যে'খানে প্রতিটি বলের মধ্যে বেশ কিছু সেকেন্ডের বিরতি থাকে; সেই মুহূর্তগুলোয় সোফা-কুশন-চেবানো মামুলি ফ্যানেরা টিভির দিকে তাকিয়ে ছটফট করা ছাড়া তেমন কিছুই করে উঠতে পারেনা। ফুটবলের ক্ষেত্রে গোটা ব্যাপারটা স্যাট করে শুরু হয়ে ফ্যাট করে শেষ হয়ে যায়; ম্যাচ চলাকালীন ব্রেনকে সোজাসুজি অ্যাড্রেনালিনের হাতে ছেড়ে দেওয়া ছাড়া কোনও উপায় থাকে না। কিন্তু ক্রিকেট সে তুলনায় রীতিমত বিষাক্ত। ওই ব্যাটসম্যান হেলমেট খুলে ড্রেসিংরুমের দিকে কিছু ইশারা করলেন, এই বোলার মিড অফে ক্যাপ্টেনের দিকে তাকিয়ে সামান্য থমকালেন; এমন হাজারো অ-স্কোরবোর্ডিও সিচুয়েশন আর নখ খাওয়ার সুযোগে ভরপুর এই ভল্ডেমর্টিও খেলাটা।

আমার এক পাড়াতুতো কাকু কমিউনিস্ট; মানে পরশুরামের কুঠারকে টুথপিক হিসেবে ব্যবহার করা কমিউনিস্ট। ভদ্রলোক ভোগের খিচুড়িতে দু'ফোঁটা ভডকা ছিটিয়ে শুদ্ধ না করে মুখে তুলতে পারতেন না। তিনিও দেখেছি ম্যাচ খুব খটমট জায়গায় পৌঁছলে চটপট মানত করে ফেলতেন। বহুদিন আগে, সেই কাকুর পাশে বসে ভারত পাকিস্তান ফাইনাল দেখছিলাম। ডান পায়ে ঝিঁঝিঁ ধরে যাওয়ায় ঘণ্টাখানেক পর বসার পোজিশনে ইঞ্চিখানেক অ্যাডজাস্টমেন্ট করেছিলাম আর তখনই সৌরভ আউট। কাকুর সে কী হাহাকার; "কুলীন বংশের ছেলে আমি; সময়মত পৈতে হলে এখন তোকে স্রেফ অভিশাপে অভিশাপে শেষ করে দিতাম! পা নড়ানোর আর সময় পেলিনা? এ'বার ম্যাচ হারলে দায়টা কে নেবে?"।

জটিল সিচুয়েশনে কারণে অকারণে বাথরুম ছোটার ব্যাপারটা খুবই খতরনাক। বাথরুমে গেলেই মনে হয় ম্যাচ ভাসিয়ে চলে গেলাম; মাঠের খেলোয়াড়রা তো শুধু দ্যাখনাই, ভাগ্যের আসল কন্ট্রোলপ্যানেল তো আমার ব্ল্যাডারে। আবার এও হয়েছে বিপক্ষের খুনে ব্যাটসম্যানদের দাপটে যেই হাল ছেড়ে বাথরুম গেছি, অমনি উইকেট পড়েছে; এ'বার সামলাও ঠেলা। মাঠের ক্যাপ্টেন আর প্যাভিলিয়নে বসা ম্যানেজারের চেয়েও আমার চাপ বেশি; কারণ লিটার লিটার জল খেয়ে বিপক্ষের পার্টনারশিপ ভাঙার গুরু-দায়িত্ব যে আমার কাঁধে।

এই হাড়-জ্বালানো কুসংস্কারগুলোর বিভিন্ন স্তরে খেলা করে।

প্রথমত, ম্যাচের আগে। যত বড় ম্যাচ, তত দুর্বল মন। পয়া জামা, পয়া বসার পোজিশন, পয়া রিমোট ধরার কায়দা, পয়া মায়ের চিৎকার, পয়া ছড়া যা ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের মত আওড়ালে ভালো ফল পাওয়া যায়; এমন লম্বা ফর্দ ধরে ব্যূহরচনা করতে হয়।

দ্বিতীয়ত, প্রিয় ব্যাটসম্যান ভালো খেললে। বসার জায়গা থেকে না নড়া, অতিরিক্ত কথা না বলা (যে'টুকু বলা সে'টুকু প্যাটার্নে, যেমন প্রতি ওভারে তিন আর চার নম্বর বলের মধ্যে কথা বলা যাবে, নচেৎ স্পিকটি নট), কলিং বেল/টেলিফোনে সাড়া না দেওয়া, অন্যদের নড়তে না দেওয়া ইত্যাদি।

তৃতীয়ত, বিপক্ষ ব্যাটসম্যান বেধড়ক পেটাচ্ছে বা নিজদের উইকেট পর পর পড়ে চলেছে। ম্যাচ নিয়ে টানাটানি, রীতিমত ক্রাইসিস। ক্রাইসিস ম্যানেজমেন্টের পদ্ধতিতে আবার আগ্রাসী না হলে চলবে না। উপায়? চ্যানেল বদলানো; ছেলেবেলায় আমার ভাগ্য ফেরানোর চ্যানেল ছিল জি বা আলফা বাংলা। 'এক আকাশের নীচে' সিরিয়ালটার ভক্ত হয়ে পড়েছিলাম স্রেফ নিজেদের একটা পার্টনারশিপ তৈরির চেষ্টায় বা বিপক্ষের পার্টনারশিপ ভাঙার লোভে। তা'তেও কাজ না হলে নেক্সট লেভেল হল খানিকক্ষণের জন্য টিভি বন্ধ রাখা। তা'তেও ভাগ্যের চাকা না ঘুরলে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসতে হবে, শাস্ত্রে বোধ হয় তাই বলেছে। ২০১১র বিশ্বকাপ ফাইনালে শচীন শেওয়াগ আউট হওয়ার পর আমায় ছাতে গিয়ে পায়চারী করতে হয়েছিল যাতে কোহলি আর গম্ভীর একটু নিজেদের মত করে দাঁড়াতে পারে।

চতুর্থ, ১৩ রান (১৩ নাকি অপয়া এ'দিকে কেউ বেড়াল দেখে থমকে দাঁড়ালে তাকে নিউটন তুলে গালাগাল দিয়ে থাকি) বা ১১১র নেলসন/ডাবল নেলসন/ট্রিপল নেলসন গোছের শেফার্ডসাহেব-সার্টিফাইড ক্রিকেট-অপয়া সংখ্যা বা সতেরো, তিয়াত্তর বা একশো সাত গোছের কিছু সংখ্যা (কোনও কারণ নেই, এগুলো স্রেফ নিজের অপছন্দের নম্বর)স্কোরবোর্ডে দেখলেই সজাগ হয়ে উঠতে হয়। এই সব দুঃসময়ে বিপদ কাটাতে দুর্বল কলজে খুব ন্যক্কারজনক কিছু শর্টকাট অবলম্বন করে থাকে। এই যেমন গায়ত্রী মন্ত্রের রিদমে হাট্টিমাটিম বিড়বিড় করা বা "কত না ভাগ্যে আমার, এ জীবন ধন্য হল, সিঁথির এই একটু সিঁদুরে সবকিছু বদলে গেল..." গোছের টোটকা গান গাওয়া; খুব কাজে লাগে, যাকে বলে সুপার-এফেক্টিভ।

তবে এ'সবই নিজের নোটবুকের হিসেবকিতেব, আমি নিশ্চিত প্রত্যেকের নিজস্ব ক্রিকেট দেখার মানসিক-মাদুলির ফর্দ রয়েছে। আজকের ম্যাচে রোহিতের সেঞ্চুরি পর্যন্ত বড় বেকায়দা পোজিশনে শুয়ে থাকতে হল, এমন কী সেঞ্চুরির পরেও নড়তে সাহস হয়নি। বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে কথা। নেহাত ঘাড়ের কাছের চুলকানিটা চেরনোবিলের আকার ধারণ করায় সামান্য নড়েছিলাম আর ভুডু-অঙ্কের নিখুঁত প্রভাবে রোহিত অমনি লোপ্পা ক্যাচ তুলে দিয়েছিল। স্যাড়াক্‌ করে অরিজিনাল পোজিশনে ফেরত আসতে হয়েছে যাতে ডেভিড মিলার রোহিতের তোলা ক্যাচটা বিনা গোলমালে ফেলতে পারেন। মোটের ওপর এই ম্যাচটা বিরাটদের ভালোয় ভালোয় উতরে দিয়েছি কিন্তু আগামী দু'দিন আমার মাথা আর ঘাড়ের ডান দিকে বত্রিশখানা ছুঁচ ফোটালেও টের পাব না।

জয় হিন্দ।

খাওয়াদাওয়া আর খাবারদাবার

নামীদামী রেস্তোরাঁয় ঢোকার মোহ আর ইহ জনমে কাটবে না। কষানো মাংস, খুশবুদার বিরিয়ানি, রগরগে কালিয়া বা তেলে টইটম্বুর ভাজাভুজির টান আলাদা; যত যাই বলি, সে' টান উপেক্ষা করার শক্তি আয়ত্ত করার ইচ্ছেও তেমন নেই। কিন্তু তবু, কিছু কিছু অতি সরল-সিধে "খেতে বসার" স্মৃতি মনের মধ্যে জেঁকে বসে থাকে চিরকালের জন্য। অফিসের দৌড়ঝাঁপে বা গেরস্থালীর ব্যস্ততার মধ্যে মাঝেমধ্যে সে'সব তৃপ্তির খাওয়াদাওয়ার কথা মনে পড়ে। বলে রাখা উচিৎ, মাঝেমধ্যে খাওয়াদাওয়ার কথা ভাবতে আমার ভালো লাগে। খাবারদাবারের নয়, খাওয়াদাওয়ার কথা ।

এই যেমন টিউশনি ফেরতা ছাতা মাথায় দাঁড়িয়ে আছি চপের দোকানের সামনে, বৃষ্টির ছাঁটে জামার বাঁ'দিকে হাতাটা ভিজে জ্যাবজ্যাব করছে। পিঠের ব্যাগ উলটো করে বুকের দিকে ঝোলানো যাতে ভিজে না যায়। ছাতা বেয়ে জল ঝরেই চলেছে, আর ঝরছে দোকানের ছাউনি বেয়ে; তাদের গতি ও নামার ধরন অবশ্যই বৃষ্টির মোমেন্টামের চেয়ে আলাদা। সেই ছাত আর ছাতা বেয়ে ঝরে পড়া জলের রিদমের সঙ্গে তাল মিলিয়ে ফুটছে কড়াইয়ের তেল। দোকানের চপ-মাস্টার একের পর এক আলুর চপ ছাড়ছে কড়াইতে; কড়াই ভর্তি তেলে চপগুলো ডগমগ হয়ে ভেসে বেড়াচ্ছে। সেই চপে কামড় দেওয়ার মুহূর্তটা মনে নেই; কিন্তু সেই ছাতা মাথায় কড়াইয়ের দিকে তাকিয়ে থাকাটা মনে আছে। জলের ছাঁট, ছাত বেয়ে জল ঝরার শব্দ, সর্ষের তেল আর বেসনের গন্ধ; চোখ বুঝলেই এখনও এগুলো ঝলমল করে উঠবে।

কিন্তু কথা হচ্ছিল সরলসিধে খাওয়াদাওয়ার। আলুর চপ আর যাই হোক সরলসিধে নয়, ছুঁচ হয়ে ঢুকে বোফর্স হয়ে বেরোনোর ক্ষমতা রয়েছে তাদের। এই যেমন - অফিসে বিস্তর হুড়মুড়; ইয়ে লাও, উয়ো সামলাও, দিস কেলো, দ্যাট ক্যালামিটি; ইত্যাদিতে মন এক্কেবারে বনেট গরম সেকেলে গাড়ি। লং ডিস্ট্যান্স ড্রাইভিংয়ের ক্ষেত্রে আমার সুপরিচিত এক ড্রাইভারদাদা ধর্মেন্দ্র প্রতি ঘণ্টাখানেক অন্তর গাড়ি থামিয়ে বলতেন "মাইন্ড কো থোড়া রিফ্রেশ কর লেতে হে"; মিনিট খানেক দাঁড়াতেন, গুটখা আর জর্দা মিশিয়ে কিছু একটা খেতেন আর তারপর ফের ফুরফুরে মেজাজে ইগনিশন অন করতেন। প্রবল হুড়মুড়ে পড়ে আমারও মাঝেমধ্যে ওই "মাইন্ড কো থোড়া রিফ্রেশ কর লেতে হ্যায়" মার্কা বাই জাগে। আর আমার জর্দা-গুটখা বলতে ওই সাতপুরনো খাওয়াদাওয়ার স্মৃতি। 

আজ যেমন মনে পড়ল কটিহার থেকে কিষণগঞ্জ যাওয়ার পথে এক দোকানের বেঞ্চিতে বসে ভাত, ডাল, আলুভাজা, পটলের তরকারি আর ডিমের ওমলেট খাওয়ার সুখস্মৃতি। হাইওয়ের ধারের ধাবা মানেই রুটি-মাংস-তড়কা গোছের খাবারদাবারের কথা মনে পড়ে। কিন্তু এই খাবারের দোকানের বৃদ্ধ মালিক একজন বাঙালি (নামটা বেমালুম ভুলে গেছি, ভোলা উচিৎ হয়নি)। রুটি তড়কা পাওয়া যাবে কিনা জিজ্ঞেস করায় সোজা জানালেন;

- বাঙালি তো, নাকি?
- হ্যাঁ।
- এই ভরদুপুরে খসখসে রুটি খামোখা খেতে যাবেন কেন? ভাত শেষ হয়ে গেছে বটে, কিন্তু এখুনি চাপিয়ে দিতে বলছি।
- হ্যাঁ মানে তা'তো বুঝলাম কিন্তু একটু তাড়া ছিল যে...।
- লংরানে বেরিয়েছেন তো। তাড়া কীসের? দুপুরের খাবারটা একটু ঠাণ্ডা মাথায় না সারলেই মুশকিল। শুনুন, পটলের তরকারি আছে, দোকানের নয়। নিজের জন্য বানিয়েছিলাম। বৌয়ের রেসিপি। আলু পটল নয় কিন্তু, শুধু পটলের তরকারি; গা-মাখা করে। মিনিমাম মশলা, কিন্তু জিভে ধরবেই। চেখে দেখুন না একবার।
- ও মা, আপনি অত ব্যস্ত হবেন না...আমি না হয়...।
- ব্যস্ত কীসের? রেসিপি বৌয়ের কিন্তু পরিমাণ বোধ তো আমার। একার জন্য যা রাঁধি তা দিয়ে দোকানের তিনজন ছেলের খাওয়াদাওয়া হয়ে যায়। ডাল আছেই। আমি বরং আপনার জন্য আলুভাজা আর ওমলেট বানাতে বলে দিই। ওমলেটে লঙ্কা চলবে?
ভদ্রলোক এমন অবলীলায় পরিস্থিতিটা সম্পূর্ণ নিজের কন্ট্রোলে এনে ফেললেন যে আমার কিছু করার ছিল না। ভদ্রলোক উত্তরবঙ্গের এক গাঁয়ের মানুষ, তার স্ত্রীও সে'খানেই থাকেন। প্রতি মাসে এক-দু'দিনের জন্য গ্রামে ফেরেন। আধ ঘণ্টার মধ্যে স্টিলের থালায় চেপে এলো ধোঁয়া ওঠা ভাত, সঙ্গে গরম ডাল, পটলের তরকারি, নরম খোসা-না-ছাড়ানো আলুভাজা। ডবল ডিমের ওমলেটটটা শালপাতার দোনায় করে থালার এক পাশে রাখা ছিল।

খাওয়ার সময় ভদ্রলোক সামনে বসেছিলেন আগাগোড়া। দোকানের ছেলেটা যতক্ষণ লেবু এনে দেয়নি ততক্ষণ আমায় ভাত মাখতে দেননি; "খেতে বসে তাড়াহুড়োটা আমার মোটে বরদাস্ত হয় না, দাঁড়াও। আগে লেবু লঙ্কা আনুক, তারপর ভাত মাখবে"। আপনি থেকে সহজেই তুমিতে নেমে এসেছিলেন, ভাতের ধোঁয়া আর ডিমভাজার গন্ধে সে "তুমি" বড় নরম হয়ে মনে ঠেকেছিল।

ভদ্রলোক পটলের তরকারি আর আলুভাজার দাম নেননি। সেই খেতে বসাটুকু মনে করলে মন হালকা হয়, বৃদ্ধের তদারকি মনে পড়লে মনে হয় "আহা, বড় মোলায়েম"। এই দৃশ্যটুকু বার দুয়েক মনের মধ্যে ঝালিয়ে নিলেই মনের সমস্ত হুড়মুড় সাফ, ফুরফুরে মেজাজে ফের কাজে ওয়াপসি।

যতই হোক, খাওয়াদাওয়া মানে তো শুধুই খাবারদাবার নয়।

ইন্ডিয়ান সামার


বই পড়ার পরপরই সে বইয়ের বিষয়ে দু'কথা বলতে গেলে যে'টা বড় সুবিধে সে'টা হল বইয়ের "ডিটেলস"গুলো টাটকা তাজা মাথার মধ্যে ঘুরে বেড়ায়। রেফারেন্স টেনে কিছু বলতে সুবিধে হয়। কিছুদিন কেটে গেলে সেই "ডিটেলস"গুলো ফিকে হয়ে আসে, অন্তত আমার ক্ষেত্রে তা তো হয়ই। তবে বই শেষ হওয়ার পর কিছুদিন কেটে গেলে একটা ভালো ব্যাপারও ঘটে; প্রাথমিক উচ্ছ্বাস, চমক বা লেখকের ভাষাগত চমকের আবরণ ভেদ করে বইয়ের নির্যাসটুকু 'ইন্টারনালাইজড' হয়। বিশেষত নন-ফিকশনের ক্ষেত্রে; উচ্ছাসের বাষ্প সাফ করে নিজের বোধবুদ্ধির ফ্রেমে সে বইয়ের মূল বক্তব্যটা যাচাই করে নিতে খানিকটা সময় তো লাগেই।

মাসখানেক আগে শেষ করা 'ইন্ডিয়ান সামার' বইটার ডিটেলগুলো কিছুটা আবছা হয়ে এলেও, বইয়ে সাতচল্লিশের যে রাজনৈতিক টানাপোড়েন আর সংঘাতগুলো তুলে ধরা হয়েছে; সে'গুলো ক্রমশ মনের মধ্যে উজ্জ্বল হয়ে উঠছে। সে'দিক থেকে আমার কাছে এ বই ল্যাপায়ারের 'ফ্রীডম অ্যাট মিডনাইট'য়ের চেয়ে বেশি ইম্প্যাক্টফুল। অনেক বিষয় সম্বন্ধে আমাদের ধ্যানধারণা যে একেবারে 'কাঁচকলা' তা কিন্তু নয়; কিন্তু ইনফর্মড ওপিনিওন (কিছুটা বায়াস না থাকাটাও অবশ্য অবাস্তব) তৈরি করতে গেলে এ ধরনের বই অত্যন্ত কাজের।

বইয়ের কোন রেফারেন্স পয়েন্টগুলো মনের মধ্যে জেঁকে বসে আছে?

১। মোহনদাস গান্ধী। ভদ্রলোকের চারিত্রিক জটিলতাগুলো খুব যত্ন করে ফুটিয়ে তুলেছেন লেখক। তাঁর সাংসারিক জীবনের ব্যর্থতাগুলো, তাঁর অতিধার্মিক বাতিকসমূহ, বিজ্ঞান বা মেডিকাল সায়েন্স বা টেকনোলজি সম্পর্কে তাঁর বিটকেল বিরক্তি; এ'রকম আরো বেশ কিছু গোলমেলে দিক বহু ক্ষেত্রে বারবার আলোচিত হয়েছে এবং এ বইতেও সে'গুলো সম্বন্ধে তথ্যের অভাব নেই। কিন্তু বেশ কিছু প্রকাণ্ড "ফ্ল" থাকা সত্ত্বেও, মোহনদাসের গুরুত্ব তাঁর অহিংসার থিওরি এবং প্র‍্যাক্টিকাল ডেমোন্সট্রেশনে। যে কোনো মতবাদের ক্ষেত্রেই, মাঠে নামলে দেখা যায় প্রচুর ফাঁকফোকড় রয়েছে, গান্ধীর ক্ষেত্রেও সে তর্ক চলতেই পারে। কিন্তু আধুনিক যুগে তাঁর অহিংসার স্ট্র‍্যাটেজির গুরুত্ব যে কী অপরিসীম, তা রীতিমতো খাতায়কলমে কন্টেক্সটুয়ালাইজ করতে পেরেছেন লেখক। অহিংসা যে হিংসার চেয়ে ভালো এবং ক্ষেত্র বিশেষে সুইসাইডাল; তা জানার জন্য পলিটিকাল অ্যানালিস্ট না হলেও চলবে। কিন্তু রাজনৈতিক অস্ত্র হিসেবে অহিংসাকে সঠিক সময়ের অন্তত শ'খানেক বছর আগে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন মোহনদাস; ইতিহাস অন্তত এই প্রবল সত্যটাকে কিছুতেই পাশ কাটিয়ে যেতে পারবে না। এমন কী মোহনদাস নিজের প্রায় প্রতিটি রাজনৈতিক ব্যর্থতার মধ্যে দিয়ে অহিংসার 'স্ট্র‍্যাটেজিক' গুরুত্বর পক্ষে যে সওয়াল রেখে গেছেন, তার গুরুত্ব না দিয়ে উপায় নেই। হাজারো ইডিওলজিকাল কলকারখানার পাশে মোহনদাস নিজের ল্যাবরেটরিতে চোয়াল শক্ত করে এক্সপেরিমেন্ট চালিয়ে গেছেন এবং সহজে তাঁকে নড়ানো যায়নি; স্রেফ সে জেদের মূল্যেই ইতিহাস তাঁর স্থান চিরঅমলিন। গান্ধীর সেই প্যারালাল 'ম্যানহ্যাটন প্রজেক্ট' সযত্নে উপস্থাপিত হয়েছে এ বইয়ে। আর হ্যাঁ, দেশভাগের সময় মোহনদাসের ভূমিকা কেন খানিকটা ওভাররেটেড; সে বিষয় নিয়েও বিশদে আলোচনা করেছেন লেখক।

২। জহরলাল নেহরু। বইয়ের অনেকটা জুড়ে রয়েছেন জহরলাল। ফটোফ্রেমের সাজানোগোছানো 'ফার্স্ট প্রাইম মিনিস্টার' শুধু নন, মানুষ, বন্ধু ও প্রেমিক জহরলালই এ বইয়ের মূল আকর্ষণ। ভদ্রলোকের পাঁচমেশালি দিকটা বিভিন্নভাবে স্পষ্ট করে তুলতে পেরেছেন লেখক। ব্রিটিশদের প্রতি রাগ থেকে ব্রিটিশদের প্রতি আন্তরিক শ্রদ্ধাভক্তি ও ভালোবাসা, গান্ধীকে বাপের মত ভালোবাসা আবার গান্ধীর কিছু ধ্যানধারণা শুনে কেঁপে উঠে পাশ কাটিয়ে যাওয়া, রাজনৈতিক লোভের পাশাপাশি বেহিসেবী আইডিয়ালিজম; জহরলালের একটা বড় গুণ বোধ হয় তাঁর "এক্সট্রিম পয়েন্ট"গুলো এড়িয়ে মাঝামাঝি থাকতে পারায়। সেই মাঝামাঝি থাকতে পারার ভালো এবং গোলমেলে দিকগুলোর কথা চমৎকারভাবে বলা হয়েছে। এ বইয়ে গান্ধীর চেয়ে অনেক বেশি জায়গা জুড়ে আছেন নেহেরু,
তবু তাঁকে নিয়ে আমার এ কাঁচা লেখায় বেশি না ফেনিয়ে বলি; বইটা পড়ুন। নেহরুর অন্ধ ভক্তই হোন বা কট্টর বিরোধী ; এ বই অত্যন্ত দরকারী।


৩। "নেহরু গান্ধীর জন্য দেশভাগ হয়েছে"। যে কোনো অতি-সরল কথা তলিয়ে দেখাটা জরুরী। আজকাল আবার এ আলোচনাটা ফের গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং সে অভিযোগ হয়য় দুম করে উড়িয়ে দেওয়াটাও হঠকারী ব্যাপার হবে। কিন্তু আয়রনিগুলো স্পষ্ট করে বুঝতে গেলে এই বইয়ের জবাব নেই। সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের পাল্লায় পড়লে মুসলিমদের সর্বনাশ হবে, মোটের ওপর এই থিওরিতে ভর দিয়ে সফল হয়ছিলেন জিন্নাহ। দেশভাগের সব দোষ 'নেহরু গান্ধী'র বলে গলা ফাটানো যায় বটে, কিন্তু অলটারনেটিভগুলো ঠিক কী কী ছিল? একটা মুসলিম রাষ্ট্রের পাশাপাশি হিন্দু রাষ্ট্র? কিন্তু তা'তে কি জিন্নাহর আশঙ্কায় শিলমোহর পড়ত না? আর যারা সেকিউলার দেশ চেয়েছেন, তাঁরা নেহেরুর জায়গায় ঠিক কী কী অন্যভাবে করলে দেশের ও দশের বাড়তি উপকার হত? আমি আমার নড়বড়ে লেখায় গুলিয়ে দিয়ে থাকতে পারি, কিন্তু এ বইতে লেখক মজবুতভাবে এ'সব প্রশ্নের মোকাবিলা করেছেন এবং পাঠককে যত্ন করে গাইড করেছেন।

৪। এডউইনা ও ডিকি মাউন্টব্যাটেন ( এবং জহরলাল)। মশলা ব্যাপারটা লেখক এড়িয়ে যাননি বা যাওয়ার চেষ্টা করেননি। কিন্তু লজিক এবং কমনসেন্সকে জলাঞ্জলি না দেওয়ায় যে'টা হয়েছে সে'টা হল গসিপের বাইরে গিয়ে এদের তিনজনের সম্পর্কের প্লেটনিক দিকগুলো ফুটে উঠেছে; স্পষ্ট হয়ে উঠেছে রাজনৈতিক ইকুয়েশনের পাশাপাশি এই সম্পর্কের অভিপ্রেত বা অনভিপ্রেত ফলাফলগুলো।
ডিকি মাউন্টব্যাটেনের যাবতীয় সাফল্য ও ব্যর্থতার নিয়ে বিস্তারিত ব্যালেন্সশিট সাজিয়ে বসেছেন লেখক; বিশেষত ভারতবর্ষের নিরিখে। সে ব্যালান্সশিট যেমন চিত্তাকর্ষক, তেমনই জটিল। তবে সে জটিলতার বর্ণনা দিতে গিয়ে পাঠককে ব্যতিব্যস্ত করে তোলেননি লেখক।
আর রয়েছেন এডউইনা। আমাদের দুর্ভাগ্য যে সে সময়ের রাজনৈতিক চরিত্রগুলোর মধ্যে অন্যতম একজনকে আমরা শুধু গসিপের মাত্রায় চিনি। এডউইনার সেই রাজনৈতিক ভূমিকা সযত্নে খোলসা করেছেন লেখক। অবশ্য এ বইয়ের পরিসর থেকে এডউইনার প্রেম ও প্রেমিকরাও বাদ পড়েননি। নেহরু আর এডউইনার সম্পর্কটা ঠিক কীরকম ছিল? লেখক এ বইতে সমস্ত 'পাবলিক ফ্যাক্টস' সোজাসাপটা ভাবে সাজিয়েছেন; এবং আলোচনা করেছেন যুক্তি এবং কমনসেন্স দিয়ে যাতে ব্যাপারটা গসিপে-গুবলেট না হয়ে যায়। তাঁদের সম্পর্কের রাজনৈতিক প্রভাবগুলোকেও খতিয়ে দেখা হয়েছে।
সবচেয়ে বড় কথা, সমস্ত সস্তা মশলার লোভ কাটিয়ে, নেহরু, ডিকি ও এডউইনা; এই তিনজনের বন্ধুত্ব ও আভ্যন্তরীণ সম্পর্কের উষ্ণতাটুকুর ওপর ফোকাস করেছেন লেখক। এ জন্য সাধুবাদ প্রাপ্য তাঁর।

৫। মহম্মদ আলী জিন্নাহ। তাঁর আশঙ্কাগুলো, তাঁর পরিকল্পনাগুলো, নেহরুর সঙ্গে লড়া ডুয়েল এবং তাঁর মিইয়ে যাওয়া স্বপ্নগুলো। সে'গুলো ছুঁতে পেরেছেন লেখক। জিন্নাহর ব্যাপারে আরো বিশদে পড়ার ইচ্ছে তৈরি হয়েছে বৈকি।

এ'ছাড়া, প্রতি পরিচ্ছেদে রয়েছে অসংখ্য টানটান ঘটনা ও গল্পের উল্লেখ; যা পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত গ্রিপ করে রাখবেই।
মোটের ওপর, যাকে বলে; "স্ট্রংলি রেকমেন্ডেড"।