Friday, January 25, 2019

মুঝে ইয়াদ আতি হ্যায়



"...অপনে দেশ কি মিট্টি কি খুশবু
মুঝে ইয়াদ আতি হ্যায়
মুঝে ইয়াদ আতি হ্যায়
কভি বেহলাতি হ্যায়
কভি তড়পাতি হ্যায়
মুঝে ইয়াদ আতি হ্যায়"।

মাটির টান, দেশের টান, ফেলে আসা সময়ের টান; এ'সবের মিশেলে বোধ হয় এমন সুরই তৈরি হয়। আর গানের কথায় এত সহজে কী ভাবে যে মায়ের আদর আর সোঁদা গন্ধ মিশিয়ে দেওয়া যায়; তা জাভেদবাবুই জানেন। পতাকা, পার্লামেন্ট আর সিলেবাসের ইতিহাস; এ'সবের বাইরে যে দেশটুকু; এ গান একান্তভাবে সেই দেশের।

প্রত্যেকটা মানুষ নিজের মধ্যে যত্ন করে বয়ে নিয়ে চলে একটা দেশ; 'আমি-রিপাবলিক'-
কারুর কাছে সংবিধান বলতে মায়ের সাতপুরোনো গানের খাতা, আবার কারুর কাছে আয়নার এক কোণে সাঁটা লাল টিপ।
কারুর পতাকা বলতে শিব্রাম, কারুর দেরাজে যত্নে রাখা ফেরত-না-দেওয়া রুমাল।
কারুর মুক্তিযুদ্ধ লোকাল ট্রেনের মান্থলিতে, কারুর ইতিহাস জমাট বেঁধে আছে অজস্র পোস্ট না করা চিঠিতে।

খোদ ভারতবর্ষের বুকের মধ্যে ধুকপুক করে চলেছে একশো কোটিরও বেশি দেশ। এ গান তেমন যে কোনো দেশের জাতীয় সঙ্গীত হয়ে উঠতে পারে। এই গানের মধ্যে আছে সেই অগুনতি দেশের জার্নাল। আর আছে সেই সমস্ত দেশের  কাছে ফিরতে চাওয়ার কাঙালপনা।

আমার দেশের চেহারার সঙ্গে আপনার দেশের চেহারায়
ও চরিত্রে বিস্তর ফারাক। যেমন মিনিবাসের জানালায় কানে ইয়ারফোন লাগিয়ে যে মেয়েটি গা এলিয়ে বসে; তাঁর দেশে হয়ত সদ্য ভাঙা প্রেমের অনাবৃষ্টি। আবার প্রায় অনাহারে বেড়ে ওঠা যে কিশোর তেরো বছর বয়সে প্রথম পাউরুটি চুরি করেছে, তার দেশ জুড়ে তখন ফরাসী বিপ্লব মিইয়ে দেওয়া অভ্যুত্থান।

অনবরত নিজের দেশের স্মৃতি হাতড়ে চলা আর ক্রমশ  সে দেশ থেকে দূরে সরে যাওয়া; হারিয়ে যাওয়া; এই দোলাচল রয়েছে এ গানের রন্ধ্রে রন্ধ্রে। 'দেশ'য়ের রেসিপি একেকজনের কাছে এক এক রকম আর সঞ্চিত স্মৃতির হাত ধরে নিজের সে দেশকে চিনে নিতে পারাটা যে কী প্রবল ভাবে কলম্বাসিও! দেশকে চিনে নিতে পারার নিবিড় ভালোবাসা মেশানো সুরটুকু সবার বুকেই ইতিউতি বাজে; এ গান সেই সুরকে বড় মোক্ষম ভাবে ধরেছে।

এ'খানে সুরে বাজিমাত নেই, জলপটি আছে।
এ গানের কথায় বিদ্যুৎ নেই, আছে মায়ের কাঁধ;  যে'খানে থুতনি রাখলে সমস্ত জমাট বাঁধা অভিমান গলে জল হতে বাধ্য।

Thursday, January 24, 2019

মনোজ দত্তর চিঠি



- চিঠি? আমার নামে?

- অনিল হালদার আপনি হলে, ইয়েস।

- তোমায় দেখে তো ঠিক ক্যুরিয়র কোম্পানির লোক মনে হয় না হে..।

- ও মা। না না, আমি পোস্টম্যান বা কুরিয়রের লোক নই।

- তা'হলে আমার অফিস বয়ে এলে যে...।

- শুধু তাই নয়, আগাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসিনি। তাই আপনার সেক্রেটারি ঝাড়া তিন ঘণ্টা বসিয়ে রেখেছিলেন।

- খামের গায়ে তো কিছুই...।

- লেখা নেই..। জানি।

- এ চিঠি কার লেখা? তুমি নিয়ে এসেছ কেন?

- এত মন দিয়ে লিখলাম চিঠিটা, তাই ভাবলাম আমিই নিয়ে যাই। ওহ, আমার নাম মনোজ দত্ত।

- সশরীরেই যখন এলে, তখন চিঠির কী দরকার ছিল..ব্যাপারটা কী...। আজকাল ছেলেছোকরাদের ব্যাপারস্যাপার বোঝা দায়। চাকরীর আবেদনটাবেদন নয় তো?

- লেফাফা খুলে দেখুন না স্যর। 

- তোমার হাবভাব কেমন সাসপিশাস মনে হচ্ছে, খামে গোলমেলে কিছু নেই তো?

- গুড নিউজই আছে স্যার। খুলেই দেখুন না।

- নিজেই লিখেছ যখন, বলেই দাও কী আছে এতে। বৃদ্ধ বয়সে এই অকারণ কায়দা বরদাস্ত হয় না।

- আপনি এত স্কেপ্টিক কেন বলুন তো অনিলবাবু?

- আমি? স্কেপ্টিক? শোন হে ছোকরা, বাতিকগ্রস্ত হলে কলকাতার বুকে এত বড় ব্যবসা ফেঁদে বসতে পারতাম না। রেন্টেড টেবিল দিয়ে শুরু বছর কুড়ি আগে। আজ আট হাজার স্কোয়্যার ফিটের অফিস।  গারমেন্ট ইম্পোর্টে গত দশ বছরে শহরের আর কোনো ফার্ম এত প্রগ্রেস করেনি। আর ব্যবসায় এগিয়ে যেতে হলে নির্ভয়ে ডিসিশন নিতে হয়। আমায় স্কেপ্টিক বললে ধর্মে সইবে না।

- তা'হলে খুলেই দেখুন ন। খামে কী আছে।

- তোমার নামটা কী বললে যেন হে?

- মনোজ। দত্ত। নামটা চেনা ঠেকছে কি?

***

- মনোজ দত্ত, নামটা মনে পড়েছে। ট্যু লেট। বাট মনে পড়েছে।

- অন্ধকারে ঘরে আপনার মাথাটা দিব্যি খোলতাই হয় যায় দেখছি অনিলবাবু।

- এ জায়গাটা কোথায়?

- খামের ভিতর। অফ কোর্স।

- ওহ, ম্যাজিশিয়ান মনোজ দত্ত। অফ কোর্স। আমার তোমায় চট করে চিনে ফেলা উচিত ছিল।

- সং সেজে টুপি থেকে খরগোশ বের করা খোকাভোলানো ইউজলেস ফেলো। আপনার দেওয়া লম্বা কমপ্লিমেন্ট ভুলিনি স্যর।

- তাই আমায় খামের ভিতর পুরে ফেলতে এত বছর পর ফিরে এসেছ! ইডিয়ট। এ'সব তুকতাক আর শয়তানি ছাড়া যে তোমার আর কোনো মুরোদ নেই তা আমি আগেই বুঝেছিলাম। রিভেঞ্জ নিতে এসেছ! রাস্কেল। মেঘার নখের যোগ্য তুমি ছিলে না।

- রিভেঞ্জ? না অনিলবাবু। আদৌ না। প্রতিহিংসার জন্য আপনাকে টুপিতে হাপিশ করে সহজেই খরগোশ করে বের করতে পারতাম। সে এলেম আমার আছে। আপনি এ আর্টকে নীচু চোখে দেখতেই পারেন, তা'তে আর্টের কিছু এসে যায়না। আমি আর্টিস্ট স্যর, আমি রিভেঞ্জের মানু্ষ নই। আমি সত্যিই আপনার মেয়েকে ভালোবেসেছিলাম জানেন, মেঘাও আমাকে ভালবেসেছিল।  আপনি ওকে বাধ্য করেছিলেন আমার থেকে দূরে সরে আসতে। তবে বিশ্বাস করুন, ওর আত্মহত্যার জন্য আমি আপনাকে দায়ী করিনি কোনোদিন।

- শাট আপ। ইডিয়ট। এত বছর পর এই ডার্ক ম্যাজিকে আমায় বিপদে ফেলবে ভেবেছ?

- না হালদারবাবু। আমি মেঘার ভালোবাসায় ফিরে এসেছি, আমি জানি আপনি বড় যন্ত্রণায় আছেন। আমারই মত। আমি আপনার জন্য এসেছি স্যর। থাকবেন আমার সঙ্গে এই জগতে? নাকি ফিরে যাবেন? ব্যবসায়, কলকাতায়, অফিসে, হেরে যাওয়া জগতে...। এ'খানে মেঘার সুবাস আছে; আমার ভালোবাসার জোরে তার সুবাস এখনও টিকিয়ে রেখেছি। থাকবেন এখানে? মেঘার সুবাস দু'জনে ভাগ করে কাটিয়ে নেব?

- কী হচ্ছে কী এ'সব!

- আপনি চাইলেই আমি আপনাকে খামের বাইরে ছেড়ে আসতে পারি। কিন্তু সে'খানে দেওয়ালে টাঙানো মেঘার ছবি আছে হালদারবাবু। মেঘা নেই। মেঘা এ'খানে আছে। আমার মধ্যে। থাকবেন প্লীজ?

- ফ্রড! এ'সব মিথ্যে!

**

ঝিমটি ভাঙতেই হালদারবাবু টের পেলেন টেবিলে কেউ বেনামী খাম রেখে গেছে। সেক্রেটারি কিছুই বলতে পারল না, এমন কী সিসিটিভিতেও কাউকে তাঁর ঘরে এ খাম নিয়ে আসতে দেখা যায়নি। ভোজবাজিই বটে।

হালদারবাবু মিচকি হেসে মাথা নাড়লেন; আজ মেঘার জন্মদিন। কতদিন মেয়েটার গায়ের মায়াবী গন্ধ এমন ভাবে নাকে এসে ঠেকেনি। কতদিন। মনোজ ছোকরাটার এলেম আছে। আর বেশি চিন্তা না করে উকিলকে ফোন করলেন অনিল হালদার; উইলের ব্যাপারটা ঠিকঠাক করে তারপর এ খাম খুলতে হবে। আজই।

জুতোবাজ



এক বন্ধু রেকমেন্ড করেছিল 'বিসনেস ওয়ার্স' পডকাস্ট। পেপসি-কোকের পর নাইকি এবং অ্যাডিডাসের বাজারদখলের লড়াই নিয়ে রোমহষর্ক কয়েকটা এপিসোড শুনেছিলাম। আর তার কয়েকদিনের মাথায় নজরে পড়ল এই বইটা; নাইকির ফিল নাইটের আত্মজীবনী। সোজাসাপটা ভাষা, কিছু কিছু জায়গায় প্রায় ডায়েরির মত গড়গড়িয়ে লেখা। আর সোজাসাপটা লেখার যে কী গুণ; মনে হয় টেবিলের ও'পাশে বসে কেউ গল্প বলছেন। এ চ্যাপ্টার থেকে ও চ্যাপ্টার যাওয়ার সময় মনে হয়; "এক মিনিট স্যার, চট করে চানাচুরের ডিবেটা নিয়ে আসি"।

এ'বারে র‍্যান্ডম অবজার্ভেশনগুলোঃ

১. আমেরিকানদের খেলাধুলোর প্রতি আগ্রহের সঙ্গে আমাদের কিছুতেই তুলনা চলে না। আগাসি বা ফিল নাইটরা ব্যতিক্রমী, তাঁদের দৃষ্টান্ত দিয়ে গড়পড়তা আমেরিকানদের বিচার করা অবশ্যই অনুচিত।  কিন্তু এই দু'জনের আত্মজীবনী পড়ে  বুঝেছি যে সে'দেশে স্পোর্টস ব্যাপারটা সিস্টেমের সঙ্গে ওতপ্রোতভাবে ভাবে মিশে আছে; বিশেষত শিক্ষাব্যবস্থার মধ্যে। এবং সবচেয়ে বড় কথা হল অলিম্পিয়ান বা সেলেব্রিটি হওয়ার লোভটুকুই স্পোর্টসের শেষ কথা নয়। আগাসির টেনিস বা নাইটের দৌড় নিয়ে গল্প লেখা হয় বটে কিন্তু তাঁরাই শুধু ক্রীড়াবিদ নন। অফিস ফেরতা মানুষের জগিংয়ে বেরোনো বা ব্যাডমিন্টন খেলতে যাওয়ার মধ্যেও রয়েছে সার্থকতা; সে'খেলাটুকুও সিরিয়াসলি নেওয়ার দরকার আছে, সে'টুকু খেলার মধ্যেও নিয়ম আর ভালোবাসা টিকিয়ে রাখাটা জরুরী। বিভিন্ন চাপে যতবার ফিল নাইট পর্যুদস্ত বোধ করেছেন; ততবার তিনি দৌড়েছেন মাইলের পর মাইল। ফিল নাইট ব্যবসায়ী হিসেবে যতটা সফল, তাঁর জীবন ততটাই সার্থক ক্রীড়াবিদ হিসেবে; যদিও তেমন মেডেলটডেল কোনোদিনই জোটাতে পারেননি তিনি।

২. প্রতিটা সফল ব্যবসার গল্প যত্ন করে বলতে পারলে বোধ হয় এমন কিছু রোম্যান্টিক  মুহূর্ত, অ্যাডভেঞ্চার ও ঘুরে দাঁড়ানোর রূপকথা ভেসে উঠবে যা যে কোনো নভেলের কান মুলে দিতে পারে। ফিল বড় যত্ন করে সমস্ত গল্প বলেছেন। কফিকাপ হাতে বারান্দায় বসে যে সুরে গপ্প ফাঁদা উচিত, সে'ভাবেই।

৩. ক্রমশ বিশ্বাস মজবুত হচ্ছে যে আত্মজীবনীতে নিজের কথা বলার চেয়ে ভালো স্ট্র‍্যাটেজি হচ্ছে আশেপাশের মানুষগুলোর কথা গুছিয়ে বলা। ভালোবাসা, বন্ধুত্ব, রাগ, প্রতিশোধ,  হাসিঠাট্টা; সমস্ত ফিল্টার দিয়ে নিজের চারপাশের মানুষগুলোকে স্পষ্টভাবে দেখাতে পারলেই নিজের জীবনের গল্পটা দিব্যি বলা হয়ে যায়; এবং স্টাইল হিসেবে সে'টাই মনোগ্রাহী। ফিল এই কাজটা খুব ভালোভাবে করেছেন। প্রায় গোটা বই জুড়েই নিক একজন অবসার্ভার; ব্লুরিবন থেকে নাইকি হয়ে ওঠার গল্প এগিয়ে চলে অন্যদের সাফল্য আর ব্যর্থতায় ভর দিয়ে।

৪. ফিল বহু বছর লড়াই করবেন নিজের বাবার চোখে পুত্র-গর্বের ঝিলিক দেখতে।  আর বহু বছর পর বুঝবেন যে সে লড়াইটা অদরকারী ছিল। তবে সে যাত্রাপথটা অদরকারী ছিল না। আর সে যাত্রাপথের শেষ প্রান্তে এসে তাঁর নিজের চোখ ঝাপসা হয়ে আসবে নিজের বৃদ্ধ পিতার জন্য গর্বে। ফিলের বাবা ছিলেন ভুলেভ্রান্তিতে ভরা, ঠিক ম্যাথুর বাবার মতই। ম্যাথু কে? ফিল নাইটের বড় ছেলে, যার অকালমৃত্যুর ধাক্কা সহ্য করত হবে নাইটকে।

৫. নাইকির মাধ্যমে কিছু জবরদস্ত বন্ধু জুটিয়েছিলেন ফিল। নাইকির সাফল্য সে'সব বন্ধুত্বের গল্পও বটে। আর বড় চিত্তাকর্ষকভাবে সে'সব বন্ধুদের কথা বলেছেন ফিল। বন্ধুদের সাহায্যে  নাইকি তৈরি করেননি ভদ্রলোক, বরং নাইকির মাধ্যমে খুঁজে পেয়েছেন সে'সব বন্ধুদের। খুঁজে পেয়েছেন জীবনসঙ্গিনীকে। এমন কি নাইকি নামটাও ফিলের দেওয়া নয়, বরং স্বপ্ন হাতড়ে সে নাম পেয়েছিলেন তেমনই এক বন্ধু। পড়তে দিব্যি লাগে সে'সব গল্প।

৬. জাপানি ও মার্কিনীদের তফাৎ, মিল ও ব্যবসায়িক রসায়ন নিয়ে বেশ জরুরী কিছু কথা রয়েছে এ বইয়ে।

৭. এক্সেলেন্সের প্রতি আনুগত্য; আমার আদৌ নেই। কিন্তু জবরদস্ত  মানুষজনের থাকে। সে জন্যেই আজকাল বিভিন্ন বায়োগ্রাফি পড়ার চেষ্টা করছি।  ভালো লাগে, মাঝেমধ্যে গায়ে কাঁটা দেয়। এক্সেলেন্সের একটা বড় দিক বোধ হয় মানুষকে সম্মান করতে পারা। এই একটা গুণের জন্যেই হাজার গলদ সত্ত্বেও  ফিল নাইটরা ব্যতিক্রমী; এ জন্যেই হয়ত তাঁদের জীবনী হয়ে ওঠে 'গ্রিপিং'। সেল্ফ-হেল্প বই আমার ধাতে সয় না, কিন্তু এ'বইগুলো বেশ চমৎকার।

ভাঙা প্রেম


প্রত্যেক ভাঙা প্রেমের শেষ দৃশ্যে এক থালা বিরিয়ানি থাকলে ভালো হয়৷ থালার একপাশে হেরো প্রেমিক, অন্যপাশে পর্যুদস্ত প্রেমিকা।

বিরিয়ানি সুবাসের পাশাপাশি ইতিউতি "খাচ্ছ না কেন?" ভেসে বেড়াবে বাতাসে। আর সরু চালচাপা-নরম আলুর মত ঘাপটি মেরে পড়ে থাকবে "আর দেখা হবে না, না?"র ধান্দাবাজ প্রশ্ন।

বিরিয়ানি আর ভাঙা প্রেমে তাড়াহুড়ো চলে না, সে'টাই বাঁচোয়া।

রাজ্যপাট



- ভাই মন্ত্রী! ও মন্ত্রী!

- রাজাদা, ডাকছেন?

- আমার আর কে আছে ভাই?

- কেন? সিংহাসন আছে। এক ডিবে ইয়ারবাড আছে৷ মাইক্রোওয়েভে দেড়খন্ড পিৎজা আছে। আর আছে বালিশের ওয়াড়ে চায়ের ছোপ।

- তোমার আমি এত কদর করি ভাই মন্ত্রী,  অথচ তোমার যত চ্যাটাংচ্যাটাং কথা। নেহাত রাজ্যপাট সামলে রাখো। সকালে পোনামাছটা, বিকেলে সিগারেটটা এনে দাও; তাই বলে কি একটু মিঠে সুরে কথা বলতে নেই?

- আহ, রাজন। রাজপুরুষের অত নেকুপুষু হলে মানায় না।

- মনে বড় দুঃখ ভাই মন্ত্রী।

- দুঃখ? স্যাডনেস? ফ্যাঁচফোঁচ? হুহু?

- মান্নাদের গলা কাঁপুনির মত। সঞ্জীবের শেষ লাইনের মত। রোববার দুপুরের কলেজস্ট্রীটের মত।

- সরেস। রাজাদা, বড় বাজে বুকে। না?

- বড্ড বাজে। রীতিমত বাজে ভায়া। বুকে জমাট বেঁধে আসে। মনে হয় যদি ছাতে উঠে সাইকেল চালাতে পারতাম তা'হলে খানিকটা ভার লাঘব হত।

- আপনার দুঃখ ভল্যিউম উইদাউট ওয়েট নয় দেখছি৷

- হাই ডেন্সিটি মন্ত্রী।  হাই ডেন্সিটি।

- মায়ের কথা মনে পড়ছে?

- ছেলেবেলার দুপুরে মাকে জড়িয়ে শুতাম। বিকেলে তড়াং করে উঠে পড়তাম আমার প্রাণের বন্ধুর সাইকেলের কলিংবেলে। সব কন্ডেন্স করে গেছে ভাই।

- তা, এ দুঃখের গন্ধ কিছু টের পাচ্ছেন শাহেনশাহ?

- কনসেন্ট্রেট করলেই সে গন্ধ পাওয়া যায়। তবে ফ্লাকচুয়েট করে। কিছুক্ষণ আগেই ছিল পেট্রোলে শিউলি৷ এখন পাচ্ছি ফেনাভাতে টোস্টবিস্কুট।

- কী জানেন রাজাধিরাজ,  সুখ ব্যাটাচ্ছেলে বেশ কুকুরছানার মত চঞ্চল; এই হলুদ রবারের বল মুখ করে দৌড়ে বেড়াচ্ছে তো অমনি আপনার হাঁটু জড়িয়ে ল্যাপ্টালেপ্টি আর কুঁইকুঁই। দুঃখ বেড়াল, সহজে ধরা দেবে না। তাকে খেলিয়ে খেলিয়ে বুকে তুলে নিলে তবে সেই গ্যাঁট হয়ে বসে জিরোবে, গালে গাল ঠেকিয়ে মৌজ করবে। কাজেই ব্যস্ত হবেন না রাজাদা, দুঃখকে জার্মিনেট করতে দিন।

- দেব?

- আলবাত দেবেন। দুঃখগুলো বড় না হলে আপনাকে সামলে রাখবে কে? দুঃখগুলো জড়িয়ে না থাকলে বাঁদরামির ভাইরাসে বখে যাবেন যে!

- ভাইমন্ত্রী, তুমি ছিলে তাই এ যাত্রা রাজ্যপাট টিকিয়ে রাখতে পারলাম। নয়ত কবেই ভেসেটেসে যেতাম...।

- আমি রাখারই বা কে আর ভাসাবারই কে। নদী যার, ডোবানোর ফন্দি যার; দুঃখের খড়কুটোও তারই দেওয়া। তা মহারাজ, সাইকেল না থাক; মাদুর তো আছে। যাবেন নাকি? ছাতে?