Friday, November 2, 2018

মা ও সাকরেদ

মামাবাড়ির লক্ষ্মীপুজোয় ইলিশ রান্না হয়। আমাদের বাড়িতে নেতিপেতি ফর্ম্যাটে নিরামিষ। তবে সে নিরামিষে থাকে মায়ের রান্না ভুনোখিচুড়ি। নারকোল কুচি, ভাজা বাদাম আর ফুলকপি দেওয়া; তার কোয়ালিটিতে ইলিশের অভাব তেমনটা বোধ হয়না।

মা নিজে গোটাদিন উপোসী থাকে, তা'তে রান্নার ফোকাস বাড়ে কিনা কে জানে; কিন্তু লক্ষ্মীপুজোর দিন রাঁধা খিচুড়ির টেস্টের সঙ্গে অন্যদিনগুলোর তুলনা চলেনা। বাড়িতে শ'দেড়েক প্রতিবেশী ভোগ খেতে আসেন; খিচুড়ি, পাঁচমেশালি তরকারি, লম্বা করে কাটা বেগুনভাজা, গোল আলুভাজা, পায়েস, চাটনি আর মিষ্টি। সবার শেষে পুজোর ঘরে বাড়ির লোকেরা থালা নিয়ে বসে। আমি শুধু খিচুড়ি আর বেগুনভাজায় ফোকাস করি; থালাজুড়ে ইয়াব্বড় খিচুড়ির ঢিপি, তার পাশে লেতকে পড়তে থাকা ডাঁটাওলা বেগুনভাজা। পুজোর ঘরের ধুপধুনো ফলমূল প্রসাদের সুবাস অদৃশ্য দলা পাকিয়ে সে খিচুড়িতে এসে মেশে। দু'তিন গ্রাস মুখে দেওয়ার পরেই মনের মধ্যে ভক্তি ফ্লো করতে শুরু করে। দুধভাত না থাক; এমন খিচুড়ি যেন বছরে অন্তত একবার পাতে এসে পড়ে। পুজোর পরের দিন জলখাবারেও যে এই খিচুড়িই ঠাণ্ডা খাওয়া হবে, তা বলাই বাহুল্য। 

মা এ'বার একজন অনুগত সাকরেদ পেয়েছে; সে মায়ের লেজুড় হয়ে ঘুরেছে গোটাদিন। এ'দিকে আমি  কলকাতা এয়ারপোর্টে কেএফসির সামনে বসে, মনের মধ্যে মায়ের রান্না খিচুড়ির সুবাস ঘুরঘুর করছে। কেএফসির উইংস চিবুতে যে কী বিশ্রী লাগছে।

সান্যালের দাওয়াই

অন্ধকার গলিটায় ঝুপ করে উদয় হলেন সুমন সান্যাল। জমাট নিস্তব্ধতা  ভেদ করে একটা ফস্ শব্দ; সিগারেট ধরালেন ভদ্রলোক। ইলেক্ট্রিক বাতি আর আকাশে চাঁদ সত্ত্বেও এ অন্ধকার বেশ সমীহ করার মত।

হাতঘড়ির দিকে ঘনঘন তাকিয়েও লাভ হচ্ছে না, সময় চলছে কলকাতার ট্র‍্যাফিক জ্যামে পড়া মিনিবাসের গতিতে। রাত সোয়া দু'টো বাজতে এখনও মিনিট তিনেক দেরী।

উফ। তর সইছে না।

'মিস্টার সানিয়াল'! ঘড়ঘড়ে কণ্ঠস্বরটা পরিচিত; রোবুনকেম্প। সেও যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে হুট করে, 'প্লীজ মিস্টার সানিয়াল, স্মোকিং ব্যানঢো ক্রুন'। রোবুনকেম্পের বাংলা বোঝা চাট্টিখানি কথা নয়, তবে সান্যালবাবু অভ্যস্ত হয়ে পড়েছেন। সদ্য জ্বালানো সিগারেটটা ফেলে দিয়ে রোবুনকম্পের হাত টেনে সামান্য ঝাঁকুনি দিলেন তিনি "ওয়েলকাম টু আর্থ রোবুনকেম্প মশাই, ওয়েলকাম"।

- সানিয়াল, অনেক ডিন পরে দেকা হল।

- তা অনেকদিনই বটে। অন্তত সাড়ে বাইশ বছর তো বটেই।

- ঠুমি তো এখুনও জোয়ান ডেকচি।

- জোয়ান ডেকচি?

- ডুক্কিতো। তোমায় দেকে একুনও জোয়ান মনে হয়।।

- আপনাদের সেই উন্নত গ্রহের ওষুধ। জোয়ান না থেকে উপায় আছে? অবশ্য জোয়ান থাকার চেয়েও বড় সুবিধে হল হুটহাট যে কোনো জায়গায় উড়ে যেতে পারছি৷ ট্রেন বাস রিক্সার খরচ নেই বললেই চলে। আপনার ওষুধের জবাব নেই রোবুনকেম্পবাবু। অনেস্টলি বলছি। স্রেফ সে'টার জোরেই এই দু'শো বাহাত্তর বছর বয়সেও দিব্যি দিনে অন্তত বারো মাইল হাঁটছি।

- ডুরোন্টো। টবে আমরাও টুমার কাচে কৃটজ্ঞ। টুমি সাপ্লাই না ডিলে আমরা বিপডে পড়টম। আমাডের ঘ্রহ ডকে উটতো। টুমাকে এ অষুড ডিটে পেরে আমরা আনন্ডিট।

- আরে ও কিছুই নয়৷ যাক গে, এনেছেন? আপনাদের ওষুধের শিশি?

- হুঁ। এইকানে আচে। আর টুমার সাপ্লাই? সেটা?

- এনেছি। এ'বার একটু বেশি করে এনেছি। আগামী তিরিশ চল্লিশ বছর কেটে যাবে। কোনো  ধুমকেতু আপনাদের গ্রহকে ছুঁতে পারবে না। অব্যর্থ মাদুলি।

- ডোন্নোবাড সানিয়াল্।

- আরে ধুর। আমি এ'টুকু করব না? 

- এ'টা অনেক। লাইফ অ্যান্ড বার্থ-য়ের সাইকেল বন্দ হওয়ার পর আমাদের ঘ্রহ টেকে প্রটেকশন গেল উটে। রোবটের হাটে টেকনলজি আচে, অ্যান্টি ডুমকেটু প্রটেকশন নেই। 

- আহা রে। পৃথিবীর মানুষ যদি জানত, কী ম্যাজিকে পৃথিবী আর সৌরমণ্ডল উবে যাচ্ছে না৷ সবাই শুধু জানে ফিজিক্স।

- পিজিক্স। ও টো আউটডেটেড জ্ঞানের গুডাম। আমাডের ঘ্রহের সবাই সেটা জানে।

- আমরাও জানব রোবুনকেম্পদাদা। আর শ'খানেক বছর যাক। তবে বেশি জেনে ফেলে আবার যেন আপনাদের হাল না হয়।

- টাই যেন হয় সানিয়াল।

- এই যে এই ডিবেতে রয়েছে আপনার সাপ্লাই। আপনার গ্রহের মাদুলি। ফিরে গিয়ে ছড়িয়ে দেবেন গ্রহের চারদিকে। তিরিশ চল্লিশ বছরের জন্য ধুমকেতু বাবাজীরা জব্দ। এফেক্ট কমে এলে আমায় সিগন্যাল পাঠাবেন, তখন ফের এ গলিতে দেখা হবে। কেমন? 

এক কৌটা ভরা "আমি মায়ের কাছে যাব"র আকুতি রেকর্ডিং রোবুনকেম্পের হাতে গুঁজে দিলেন সান্যালবাবু। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ভাষায় যা সংগ্রহ করা। বেচারাদের গ্রহে মা নেই কিনা, সুমন সান্যালের দেওয়া মাদুলি ছাড়া রোবুনকেম্পেরা টিকে থাকবে কী করে?

পুজোর রোল

যাদের কপালে বাড়ি ফেরার ছুটি জোটেনি, যাদের পুজো কাটবে এমএস-এক্সেলে মুখ গুঁজে গজরগজর করে। যাদের খোকাখুকুরা বাইরে বলে মনখারাপ, ঘনঘন পুরনো পুজোসংখ্যাগুলো হাতড়ে খোকার প্রিয় লেখাগুলো উল্টেপাল্টে পড়ে চলেছেন।

পারিবারিক সমস্যায় জর্জরিত যে মানুষটার 'উৎসব' শুনলে মুখে তেতো স্বদ খেলে যায়, পুজোর ছুটি যার কাছে যন্ত্রণার মত।

পুজোর বাতাস বুকে এলে যার পুরনো চিঠির কথা মনে পড়ে, 'কেমন আছিস' মার্কা ফোন করার সাহস আর অধিকার হারিয়েছে যে সাইকেল-সম্রাট।

যার খুব মায়ের কথা মনে পড়ছে। বাবার আঙুল শক্ত করে ধরে রাখার নিশ্চিন্দি হাতড়ে চলেছে যে বেআক্কেলে। 

পুজোয় তাদের সবার জন্য, কোথাও না কোথাও,নিশ্চয়ই একটা এগরোল ভাজা হচ্ছে। ভালোবাসার চাটুতে নেড়েচেড়ে, স্নেহের তেলে উল্টেপাল্টে। তাদের সবার কামড় সে রোলে এসে পড়ুক না পড়ুক, পুজোয় তারাও থাকুক।

শিউলি ও হামানদিস্তা

প্রেমে প্যানপ্যান ঘ্যানঘ্যান করলেই হবে?

যে রোগে যেমন ওষুধ। 

ছোটমামা দুম করে চলে আসায় চিলেকোঠার গোপন সাক্ষাৎ ভেস্তেছে? বুকের মধ্যে চড়া সুরের হাউহাউ? অ্যান্টিডোট একটাই; দু'প্যাকেট বাদামভাজা প্লাস লঙ্কা মেশানো বিটনুন।

ঘণ্টাদুয়েক মণ্ডপে থেকেও নীলশাড়ি একবারটির জন্যেও ভলেন্টিয়ারগিরির প্রাণপাত করা দৌড়োদৌড়িটা খেয়াল করে বাহবা-হাসি ছুঁড়ে দেয়নি? সে মনভার উড়িয়ে দেওয়ার জন্য চট করে জোগাড় করে নিতে হবে মশলাদার মটরভাজার প্যাকেট।

আবহাওয়া দপ্তরের অভয়বাণীর কানমলে নেমে আসা বৃষ্টিঝড়ে অষ্টমীর হাঁটতে যাওয়ায় প্ল্যান ডকে উঠেছে? কপালে রয়েছে বন্ধুদের বাঁকা আওয়াজ আর টুয়েন্টি নাইন? বুক বেয়ে ভসভসিয়ে উঠে আসা দীর্ঘশ্বাসকে রুখতে দরকার কাঠিভাজার মিউজিকাল মুচমুচ।

সাতপাতা লম্বা 'তোমায় ছাড়া বাঁঁচব না' মার্কা চিঠির জবাবে চাঁচাছোলা চিরকুট এসেছে? হেডস্যারকে বলে দেওয়ার ধমক? আদা লজেন্সকে সর্বিট্রেটের মত জিভের তলে ফেলে চুষতে হবে, যতক্ষণ না বুকের ধড়ফড় কমছে।

ডায়েরীর সমস্ত কবিতা জলে গেছে? সে জানলো না পর্যন্ত? রাস্কেলচন্দ্র ফার্স্টবয়ের সঙ্গে সে প্যান্ডেল আলো করে ঘুরে বেড়াচ্ছে? ঘুরে দাঁড়ানোর একটাই টোটকা; আড়াই প্যাকেট মৌরি লজেন্স।

বাদাম-লজেন্সওয়ালারা ডিস্পেন্সারি কাঁধে নিয়ে ঘুরে বেড়ান। আর তা না চিনলে; প্রেমের শিউলিকে খুনে-দুনিয়ার হামানদিস্তার নীচে ফেলতেই হবে।

পাহাড়ি ও অতুলবাবু

পাহাড়ি সান্যাল মিস্টার সেনকে খুব কাছ থেকে দেখেছিলেন৷ বেশ কিছুটা চিনেছিলেন। ভালোবেসেছিলেন অতুলদাকে। সেই স্মৃতিচারণ নিয়েই এই লেখা। 


অতুলবাবু অবিকল তার গানের মত; অন্তত পাহাড়িবাবুর লেখায় তেমনটাই ফুটে ওঠে। সঙ্গীতের মত সুন্দর তার দুঃখের টুকরোগুলোকে গোপনে সাজিয়ে রাখার ক্ষমতা। একদিকে তিনি কর্মব্যস্ত, অন্যদিকে চট করে ভালোবেসে জড়িয়ে ধরতে পারেন। পরোপকারি, বন্ধুবৎসল। উচ্ছ্বাসের বাড়াবাড়ি নেই, অথচ স্নেহে পরিপূর্ণ। সেই অতুলপ্রসাদের কথা বোধ হয় শুধু পাহাড়িবাবুই লিখতে পারতেন।


পাহাড়িবাবুর ভাষায় সারল্য থাকলেও তা বাহুল্যবর্জিত নয়। কিন্তু কী ভীষণ অনেস্ট। ভালোবাসার কথা বলতে গিয়ে গতে বাঁধা 'পুরুষালি' এক্সপ্রেশনের ধার ধারেননি ভদ্রলোক। বিচ্ছেদে ক্ষতবিক্ষত অতুলপ্রসাদের পাশে থেকেই প্রেম চিনতে শিখেছিলেন তিনি। সে'টুকুর জন্যেই পড়ে ফেলা যায় এই লেখা। তা'ছাড়া লখনৌতে বড় হয়ে পাহাড়িবাবু যে 'তেহজিব' আয়ত্ত করেছিলেন, লেখায় তার ছাপও স্পষ্ট।


এই দু'জনকে নিয়ে সঞ্জীব যদি গোটা একটা নভেল লিখতেন; কী ভালোই না হত।