Sunday, June 3, 2018
শশীবাবু কলি
রায়তা
- সঙ্গে রায়তা দেবে তো রে?
- কেন?
- বাহ্, বিরিয়ানি বললাম। সঙ্গে রায়তা দেবে না?
- ওহ্, দেবে।
- যাক।
- তবে ইয়ে।
- আবার কি? রায়তাটা অতটা ভালো নয়? বিরিয়ানির সঙ্গে আবার আমার কোয়ালিটি রায়তা ছাড়া চলে না।
- রায়তা দেয় বইকি। গেলাস ভরে রায়তা দেবে। আমি বলে দিয়েছি।
- গেলাসে দেবে? রায়তা?
- এ'টা একটু অন্য রকমের রায়তা ভাই। কালো রঙের, ঝাঁঝালো।
- কালো? ঝাঁঝালো? রায়তা?
- আমরা এ'দিকে থামস আপ বলি। রিয়েল বিরিয়ানি পাশে সেমি-ঘোলটোল থাকলে কেমন ঘোলাটে লাগে।
ডাকওয়ার্থ ল্যুইস
ভাজা জোয়ানের শিশি
"মম দুঃখবেদন, মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম"।
- যতবার শুনবি মন খারাপ হবে। প্রত্যেকবার মন খারাপের ডিগ্রী বাড়বে। এই লেভেলে সাবমিশন করতে না পেরে নিজের হাত কামড়াতে ইচ্ছে করবে।
- তুই এই জন্য ফোন করেছিস? এত রাত্রে? এই দু'লাইন শোনাতে?
- এ'টা একটা মাইনর অবজেক্টিভ ছিল বটে। হেমন্তবাবু জাস্ট ল্যাজে খেলাচ্ছেন।
- তুই ভালো আছিস বাবু?
- জবরদস্ত্। মখমলে স্মুদ।
- ন্যাকা।
- তুই?
- আছি। রীতিমত আছি।
- গানটা শুনিস কেমন? এখনই। ইয়ারফোনে। ফোকাস নিয়ে।
- মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম। নট ব্যাড। ঘুম ভাঙালি যখন, চেখে দেখব।
- ওউক্কে ম্যাড্যাম। বেশ। এ'বার রাখি। কেমন?
- ফোন করার প্রাইমারি কারণটা বললি না যে।
- প্রাইমারি?
- ওই যে, গানের দু'লাইন শোনানো সেকেন্ডারি অবজেক্টিভ। প্রাইমারি?
- তুই ভাজা জোয়ানের শিশি কোথায় রাখতিস? আচমকা গলা জ্বালা। মুখে তেতো ভাব।
- দু'বছরের ডিভোর্স। এখনও সে জোয়ান কনসিউমেবল আছে?
- ভাজা জোয়ান কি রোম্যান্স রে? অত নেদু নয় ভাজা জোয়ানের শিশি।
- বইয়ের শেল্ফ, চার নম্বর তাক। রাখি?
- না।
- রাখব।
- সরি।
- তোকে কদ্দিন কিছু দেওয়া হয় না। হাফ কিলো ভাজা জোয়ান পাঠাব, কেমন?
- জোয়ান? নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম?
- টোটালি।
- তুই নেদু। ন্যাকা নোস।
- রাখি।
- গুড নাইট।
https://youtu.be/xteXpi1G1ik


