Wednesday, April 4, 2018
ইভোলিউশন
Tuesday, April 3, 2018
সময় মত
- ভাই বিনু।
- কী ব্যাপার?
- একটা বড় গোলমাল হয়ে গেছে ভাই।
- চোখের কোণে কালি। ফ্যাকাসে মুখ। ব্যাপারটা সিরিয়াস মনে হচ্ছে।
- সিরিয়াস তো বটেই। আর একটু ভেবড়ে দেওয়াও বটে। কাল গোটা রাত ঘুমোইনি। গায়ে অল্প টেম্পারেচারও আছে মনে হচ্ছে ভাই। থার্মোমিটারটা নেহাত ভেঙে গেছে তাই ভেরিফাই করতে পারিনি।
- সামনে পার্ট ওয়ানের এগজ্যাম। দেখো তপু, গোলমাল পাকিও না। এ'বার ড্রপ দিলে তোমার বাবা তোমায় একটা গরুর কাছে একদলা গোবরের দামে বেচে দেবেন বলেছিলেন। মনে নেই? গত মাসে যখন মেসে এসেছিলেন?
- একদিকে বাবার হুমকির ভয়ে, অন্যদিকে এই ক্যালামিটি। মাঝেমধ্যে ভয় হয়, পাছে কবিতা লিখতে না শুরু করি।
- হয়েছেটা কী? খুলে বলো দেখি।
- সে এক সাংঘাতিক কাণ্ড।
- কী'রকম?
- গতকাল আমি একটা চিঠি পেয়েছি।
- চিঠি?
- ইনল্যান্ড লেটার। আসানসোলে আমাদের পাড়া থেকেই।
- হুমকি?
- তা অবিশ্যি নয়।
- লিখেছে কে?
- লিপি।
- লিপি?
- পাশের বাড়ির মেয়ে। একই বয়সী। বন্ধু। একই টিউশনি।
- চিঠিতে কী লিখেছে?
- লিখেছে, আমাদের প্রেম এ'বার শেষ হওয়া দরকার।
- ব্রেক আপ?
- ব্রেক আপ। ইনল্যান্ড লেটারে।
- প্রেম ভাঙার ব্যথা, আহা তোমার জন্য যে আমার বুকই ফেটে যাচ্ছে।
- ব্যথা, বুক ফাটা ব্যথা। তবে, ইয়ে। ব্যাপারটা ঠিক বুঝছ না ভাই। আমি তো জানতামই না আমি প্রেম করছিলাম। লিপি ব্রেক আপের খবর জানাতে মালুম হল যে আমি প্রেম করছিলাম।
- সাংঘাতিক!
- প্রেম করার সময় প্রেম করছি জানাটা যে কী জরুরী ভাই। প্রেম ভাঙার দুঃখ ফীল করব কী, প্রেম করার সময় প্রেম বুঝতে না পারার দুঃখে হাত কামড়ে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে।
- আহা।
- সময় মত প্রেম করছি জানলে সময় মত শেষের কবিতা পড়তে পারতাম। উদাস হয়ে শ্যামল মিত্রের গান গাইতে পারতাম। বন্ধুদের কাছে 'প্রেমিকা ডেকেছে, আজ খেলতে যেতে পারব না' বলে ল্যাজ নাড়তে পারতাম। এখন সব জলে।
- শ্রোডিঙ্গারের প্রেম ভায়া, বুক চাপড়ে আর লাভ নেই। প্যারাসেটামল দেব নাকি একটা?
Sunday, April 1, 2018
হরিহরের রেস্টুরেন্ট
১।
- ম্যাডাম, আমি এখানে বসতে পারি?
- হুঁ?
- আমি এখানে বসতে পারি?
- না।
- ম্যাডাম, প্লীজ। ঠ্যাং টনটন করছে। আর দু'টো কফি আর একটা স্যান্ডুইচ বই তো নয়। বসি?
- না।
- আরে, দু'টো চেয়ারের টেবিল। আপনি একা। ও'দিকের চেয়ার খাঁখাঁ করছে। প্লীজ।
- আমার বয়ফ্রেন্ড আসছে। আমি ওর ওয়েট করছি।
- আচ্ছা, ঠিক আছে। একটা কফি আর একটা স্যান্ডুইচ, ওকে?
- আপনি তো রীতিমত বেয়াদপ।
- খিদের জ্বালায় এটিকেট ঠেটিকেট জাস্ট বাষ্প হয়ে উড়ে যায়। বসি?
- চেয়ার টেনে বসে পড়ে আবার জিজ্ঞেস করছেন?
- কনুইয়ে অযথা মেনুটা চেপে রেখেছেন। একটু এ'দিকে ঠেলে দেবেন? শুনেছি একটা ভালো মাছের পকোড়া অ্যাড করেছে মেনুতে। ভেটকি, তবে ফিশ ফিঙ্গার বা ফ্রাই নয়। একবারের জন্য দিন মেনুটা, প্লীজ। আর এদের ভেটকির গ্যারেন্টি আমার।
- আমি এ'বারে ওয়েটারকে ডেকে আপনাকে ঘাড় ধাক্কা দেওয়ার ব্যবস্থা করি।
- ডেকে লাভ নেই।
- ওয়েটার! ওয়েটারদাদা! একটু প্লীজ এ'দিকে আসুন।
- গরীবের কথা বাসি হলে পছন্দ হবে। পইপই করে বললাম ডেকে লাভ নেই।
***
২।
- বলুন ম্যাডাম!
- ওয়েটারদাদা! এই লোকটা আমার সঙ্গে অসভ্যতা করছে।
- কোন লোকটা ম্যাডাম?
- ওই, আমার সামনের চেয়ারের এই লোকটা। আমি একে চিনিনা। জোর করে এ'খানে বসে...।
- এই চেয়ারে?
- হ্যাঁ!
- ম্যাডাম, আমরা ব্যস্ত, প্লীজ এমন ঠাট্টা করবেন না।
- মানে? এই লোকটা আমার সঙ্গে বাজে ব্যবহার করছে আর আপনি ঠাট্টা ভাবছেন?
- কোন লোকটা ম্যাডাম? আপনার সামনের চেয়ার তো খালি! আপনার আর কিছু অর্ডার দেওয়ার না থাকলে...।
****
৩।
- কতবার বললাম, ওয়েটারকে ডাকবেন না। কে শোনে কার কথা।
- না মানে...এ'টা এত অদ্ভুত!
- আপনি পারেন বটে। এ'বার মেনুটা এ'দিকে দিন দেখি।
- আপনি ভূত?
- নয়ত এমন গায়েব হয়ে ঘোরাঘুরি করার ব্যাপারটা বড্ড গোলমেলে হত।
- আপনার নাম কী ছিল?
- নাম মরে না। নামটা ছিল নয়, আছে। দীপক। দীপক চ্যাটার্জী। আপনি?
- কুন্দকলি দত্ত।
- আপনার বয়ফ্রেন্ডের নাম কী?
- ভাঁওতা ব্যানার্জী।
- শুরুতেই ধরেছিলাম।
- বাজে কথা। যাক গে, এ'খানে আমি বেশি কথা বললে লোকে পাগল ভাববে আমায়। নিজে নিজে বকবক করে যাওয়াটা বড্ড অশোভন। বাইরে যাবেন?
- প্রথম আলাপেই ডেট? আপনি বড্ড গায়ে পড়া দেখছি।
- বেশ, আপনি থাকুন। আমি আসি। ওই ওয়েটার তখন থেকে আমার দিকে কেমন বিশ্রী ভাবে তাকাচ্ছে...।
- ইন্সিস্ট করছেন যখন...ঠিক আছে। তবে আপনি নিশ্চিত তো?
- ভয় পাচ্ছেন দীপকবাবু? মানুষের ভয়?
- যত্তসব! চলুন!
***
৪।
দীপক বেরিয়ে যেতেই তড়িঘড়ি রেস্তোরাঁর ঝাঁপ নামালেন হরিহর। ঝেঁপে বৃষ্টি আসছে, ঝড়ও উঠেছে।
যতবারে নিজের মনে 'রেস্তরাঁ' বলেন, ততবার হেসে ফেলেন হরিহর। একা হাতে রান্না, নিজেই সার্ভ করা। আর একজন মাত্র খরিদ্দার! তাও বিনেপয়সার খানেওয়ালা। তার ওপরে আবার সে খদ্দের বদ্ধ পাগল। যে সে পাগল নয়; নিজেকে ভূত ভাবা পাগল। এ'দিকে এই খদ্দেরের বায়নাক্কা কম নয়, হরিহরের এক উটকো দায়িত্বও আছে; সে পাগলের সামনের ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে মাঝেমধ্যে কথা বলে না আসলেই নয়। তবু দীপকের মায়া কাটানো যায়না, ওর জন্যই টিকে আছেন বিরাশি বছরের হরিহর। মা-বাপ মরা পাগলা ভাইপোটা বড় ভালো, বড় মায়ার।
যদ্দিন চলে এইভাবে, তদ্দিনই।
কিন্তু যার জন্যে ছেলেটা নিজেকে মড়া ভাবে, সে মেয়ে কি মরেও শান্তি পেয়েছে? তাঁর আত্মা কি মাঝেমধ্যে দীপকের সামনের ফাঁকা চেয়ারে এসে বসে না? ঠিক যেই ভাবে কুন্দকলি আর দীপকের প্রথমদিন দেখা হয়েছিল? এই টেবিলেই? গায়ে পড়ে এসে আলাপ করেছিল দীপক। ক্যাশবাক্সের ও'পাশ থেকে দিব্যি নজর রাখছিলেন হরিহর। সে কদ্দিন আগেকার কথা; তখন এই রেস্তোরাঁটা মরে ভূত হয়ে যায়নি। বড্ড মায়া মিশে আছে; এই মরা রেস্তোরাঁতে।
শেষ জানালাটা বন্ধের সময় হরিহরের মুখে বাদলা হাওয়া ঝাপটা এসে পড়ল। এখনও মাঝেমধ্যেই মনভালো হয়ে যায় তাঁর।
Thursday, March 29, 2018
পিহু আর ঠগি
****