Tuesday, February 21, 2017

দোলে দো দুল

দিব্যি জনসন ইয়ারবাড দিয়ে টিটেবিলে রাখা কোস্টারের ওপরের কফির দাগ নিয়ে আঁকিবুঁকি কাটছিলেন অমিয়বাবু। মনের মধ্যে অরেঞ্জ স্কোয়্যাশের মত একটা বেলেল্লা প্রশান্তি ছড়িয়ে ছিটিয়ে ছিলো।

এমন সময় স্ফিঙ্ক্সের মত বিদঘুটে চেহারার একটা নারী প্রশ্ন দুলতে দুলতে চোখের সামনে এসে দাঁড়ালো। "এই কানের দুলটা ভালো লাগছে না এইটা"?

সন্ধ্যের শিউলিতে কেউ চিলি সস্ ঢেলে দিল যেন।
চাঁদে নামতেই যেন আর্মস্টংয়ের সামনে জ্যোতিষশ্রেষ্ঠ গুণময় লাহিড়ী এসে দাঁড়ালেন।
চন্দননগরের বদলে মগরায় এসে ট্রেনঘুম ভাঙলো যেন।

দুল?
দুল?
আচমকা অমিয়বাবুর মাথার স্ক্রুগুলো মচরমচর করে উঠলো।
দুল।
কানের দুল।

পাঁচ সেকেন্ড দোলে দো দুল দোলে দুলোনা গাইলেন অমিয়বাবু। অবশ্যই মনে মনে। পান সকলের পাতে দেওয়া চলে না। দুলে দোল খাওয়া বৌকে তো নয়ই।

দুল তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ?  মনে মনে চট করে সাতাত্তর হাজার পাঁচশো বিরানব্বইটা দরকারি জিনিসের কথা মনে পড়লো অমিয়বাবুর। সে লিস্টে দুল ছিল না।

ভালো দুল খারাপ দুল?
বলিভিয়ায় আমসত্ত্ব পাওয়া যায় কিনা তার চেয়ে বেশি দরকারি প্রশ্ন।
তিমি মাছের গাদা পেটির টেস্ট আলাদা কিনা তার চেয়ে জরুরী প্রশ্ন।
কলমিশাক দিয়ে বাটার নান কেমন লাগবে জেনে তাও মানুষের সামান্য উপকার হতে পারে।
কিন্তু দুল?
মন কেমন হয়ে আসে অমিয়বাবুর। কই, কেউ তো এসে শুধোলো না ডাবল এগ চিকেন রোল নাকি স্পেশ্যাল মাটন রোল?

যা হোক্। এড়িয়ে গেলে চলবে না। পাশ কাটালে চলবে না। গতকালই বাজার গিয়ে কিছু একটা আনতে ভুলে গেছিলেন ভদ্রলোক। কী ভুলেছিলেন, সে'টা আজও মনে পড়েনি অবশ্য। তবে মরমে মরে রয়েছেন। আজকের ভুলের ছুঁচ আজ থেকে বাইশ বছর পর ফলা হয়ে ঢুকতে পারে। ঢুকবেও।

এখন হাতে একটা সুযোগ এসেছে দুলের চয়েসে ঝাঁপিয়ে পড়ে সিচুয়েশন কন্ট্রোলে আনার।

সোফায় সোজা হয়ে বসলেন অমিয় সামন্ত।

"কই দেখি"! দুল দেখে কেন, চিবিয়ে খেয়েও তার ভালোমন্দ বিচার করার দম নেই অমিয়বাবুর। তবু। এ'টা হচ্ছে টিমস্পিরিট জাহির করা।

"আরেকটু কাছে এসো, ভালো করে দেখি"। খাটাখাটনি করে জলের খুব কাছে গেলে হাইড্রোজেন আর অক্সিজেনের অ্যাটম আলাদা করে ঠাহর করা যেতে পারে হয়তো। তাই বলে দুল?

কিন্তু ডিসিশিন একটা দিতেই হবে। আবার দায়সারা হলে চলবে না।

"ডানদিকেরটায় একটা বেশ দারুণ ইয়ে আছে বুঝলে, কিন্তু তোমায় বাঁদিকেরটাই বেশি স্যুট করছে। মানে বাঁদিকেরটাতেই তোমার যে ইনহেরেন্ট ইয়ে, সে'টা বেশি এক্সপ্রসড হচ্ছে"।

ইয়ে। ইয়ের মত মজবুত শব্দ আর হয় না। ফ্লোটারের মত ব্যবহার করা যায়। রামের পিঠে, রাবণের ল্যাজে; সর্বত্র ইয়ে বসে আর উতরে যায়।

বাঁদিকের দুল। কেমন একটা গুয়েভারা গোছের ফ্লেভার আছে। বলেও তৃপ্তি পেলেন অমিয়বাবু। আর তক্ষুনি সাইকেলের আড়াল থেকে ফায়ার করা মিঠুন চোক্কোত্তির ছোঁড়া পিস্তলের গুলিতে ঘায়েল হলেন তিনি।

"আমার বাপের বাড়ি থেকে দেওয়া যে কোনও জিনিসের প্রতি তোমার বরাবরই চরম অনীহা। ওরা তোমার কোন ক্ষতিটা করেছে বলতে পারো"?

বুকের ভিতর একটা প্রকাণ্ড "যাহ্চ্চলে" বয়ে গেল অমিয়বাবুর। কীসের দুল, কীসের ডান বাঁ। চারদিকে অন্ধকার, ধুলোঝড়।

"আসলে এ ঘরের টিউবলাইটই হয়েছে যাবতীয় গড়বড়ের কারণ, তোমার মুখের ডান দিক তো এক্কেবারে অন্ধকারে। আমি কালই সিএফেল লাগানোর ব্যবস্থা করছি। এ'দিকে এসো। এই এ'দিকে। এইবার। এইবার দেখতে পাচ্ছি। স্পষ্ট। ডান দিকের দুলের কারিগরির ফিনেস্ দেখেছ? এর ইয়েই আলাদা। বাঁদিকের দুলটা ইমপ্রেসিভ, নো ডাউট। কিন্তু তোমার মায়ের দেওয়া দুলটা তোমার এই কাঞ্জিভরমটাকে যা কমপ্লিমেন্ট করছে না! জাস্ট মার্ভেলাস। মাই ভোট গোজ্ টু ডানদিকের দুল"।

শাড়িটা কাঞ্জিভরম ছিল না।
অমিয়বাবুর ঘাড়ে এক্সট্রা মাথা ছিল না।

Sunday, February 19, 2017

আমার সেলুন

পুরুষ জীবন কম জটিল নয়। 
হুড়ুম করে যা-নয়-তাই ভেবে, দুড়ুম করে যা-নয়-তাই করে ফেলে আমাদের জীবন গুজরান হয়ে যায়, এমন সেক্সিস্ট আইডিয়া থেকে এবার বেরিয়ে আসার সময় এসেছে। কমপ্লেক্সিটির সঙ্গে আমাদেরও অনবরত কুস্তি চলে। 

পুরুষ জীবনের জটিলতম সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চুল কাটার সেলুন বেছে নেওয়া। এই একটা ডিসিশনে পালটে দিতে পারে সমাজবোধ, জীবনদর্শন। সেলুন চিন্তায় ওম দেয়, ভাবনায় রঙ দেয়, অবসরে কেত দেয়। দেয়। এই পাওয়াগুলো চিনে নিতে পারা দরকারি। জরুরী। 

কথায় আছে সৎসঙ্গে আর মনের মত  সেলুনে স্বর্গবাস, 
অসৎ সঙ্গ আর বিদঘুটে সেলুনে সর্বনাশ।  

সেলুন বেছে নেওয়ায় কোনও থিওরি নেই, অঙ্ক নেই, লিনিয়ার ইকুয়েশন নেই। পুরোপুরি ইন্সটিঙ্কটের খেলা। নচিকেতা ভালোবাসাকে পিটুইটারির খেলা বলে ঠেলে দিয়েছিলেন, কিন্তু পিটুইটারি দেড় মাস রাত জেগে পড়াশোনা করেও সেলুন বেছে নিতে পারবে না। পুরুষ মাত্রই সেলুন-কবি। 

জীবনে বহুবার এই কঠিন সিদ্ধান্তের সম্মুখীন হতে হয়েছে। যখনই বাবার চাকরী, নিজের পড়াশোনা বা নিজের চাকরীর টানে নতুন জায়গায় গিয়ে থিতিয়ে বসতে হয়েছে, সবার আগে খুঁজে নিতে হয়েছে নিজের পছন্দের হেয়ার কাটিং সেলুন। একজন কী'ভাবে নিজের পছন্দের সেলুন বেছে নেয়, সে'টা নিয়ে সামগ্রিক ভাবে থিওরাইজ করা সম্ভব নয়। তবে নিজের ভালোলাগাগুলোর একটা লিস্ট করা যেতেই পারে। 

১। সেলুনের রেট চার্ট আর মানিব্যাগের ওজনের সঙ্গে যে একদম কনেকশন নেই তা নয়। তবে সেই যোগাযোগ অত্যন্ত ক্ষীণ। যারা এই সরল হিসেবে সেলুন বেছে নিয়েছেন বাকি সমস্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বাদ দিয়ে, তাঁদের জীবনে গভীর ক্ষত তৈরি হয়েছে। নিশ্চিতভাবেই। 

২। সেলুনে বরাবর কাঁচির আগে গান খুঁজেছি। রেডিও নির্ভরতা নয়। একটা ছোট স্পীকার। তা'তে পছন্দের মত গান। একের পর এক। যে কোন পছন্দের গান নয়। হেমন্তবাবুর গানে সেলুন বিবর্ণ মনে হয়। মান্নাদের বাংলা গান বাজানো সেলুন ঠিক অরে জুলপি সেট করতে পারে না। বড্ড বেশি নতুন হিন্দী গানে সেলুনের আবহ বেলুনে খোঁচা পড়ে। সেলুন সেলুনিত হয় নব্বইয়া,নাদিমশ্রবণযতিনললিতাইজ্‌ড কুমার শানু-উদিত নারায়ণ-অলকা যাগ্নিকে। 
ইস তরহ আশিকি কা অসর ছোড় যায়ুঙ্গা, 
ইস তরহ আশিকি কা অসর ছোড় যায়ুঙ্গা
তেরে চেহরে পে অপনি নজর ছোড় যায়ুঙ্গা।
এ ধরণের গানে কাঁচির মিহি কুচকুচ এক ধরণের অনির্বচনীয় সিম্ফনি তৈরি করে। 
চুল কাটা অত্যন্ত কোদালে ব্যাপার, হাফ ইঞ্চি এদিক ওদিকে মহাভারতের পাতায় আলপিনের খোঁচাও লাগে না। কিন্তু সঠিক সুরে কাঁচি না চললে সে বুকের মধ্যে রক্তক্ষরণ হয়। হয় ভাই, হয়। 

৩। গল্প। প্রত্যেক সেলুনে চুলকাটনেওলা আর নিয়মিত চুলকাটানেওলার গল্পের একটা স্রোত রয়েছে। সেই স্রোতে আমি কতটা গা ভাসাতে পারব, তার সঙ্গে সেলুন চয়নের গভীর সম্পর্ক। 'আসুন বসুন ছোট করে কাটব, না বড়, না মিডিয়াম'; এ'টুকুতে সেলুনের আভ্যন্তরীণ কথাবার্তা ফুরিয়ে গেলে সে সেলুনে চুল খরচ করার কোনও মানে হয় না। পাড়া পলিটিক্সের সবচেয়ে নির্ভরযোগ্য খবরের উৎস হবে সেলুন। আড়াই কিলোমিটার রেডিয়াসের মধ্যে সমস্ত বিয়েবাড়ির মেনু থেকে এস এস সির রেজাল্ট, সমস্ত সার্কুলেট হবে সেলুনের দু'টো চেয়ার আর দেড়টা বেঞ্চকে ঘিরে। 

৪। সেলুনে টিভি বড় ক্ষতিকারক। চুলকাটিয়ের চোখ যায়। লাইন লেন্থ বিগড়ানো বোলার আর নজর হঠে যাওয়া চুলকাটিয়ে অত্যন্ত খতরনাক। তাছাড়া টিভির গোলমালে চুলকাটানেওলা আচমকা ঘাড় ঘুরিয়ে ফেলে জরুরী অ্যাঙ্গেল নষ্ট করে। সেলুনের ডাব সরবতে চোনা হল টিভি। 

৫। ফাউ ফুচকার মোহের চেয়ে হাজারগুণ ওজনদার মোহ হচ্ছে চুল কাটার পরের চুল ঝাড়া ফাউ মাসাজ। দু'হাতের আটটা আঙুলের ডগা আর অল্প তালু মিশিয়ে তিরিশ সেকেন্ডের যে স্নেহপ্রবাহ, যে গালিবি ভালোবাসা; সে'টুকু জরুরী। যে'খানে এই ফাউ নেই, সে সেলুন আমার নয়। 

৬। পুরনো আনন্দলোকের স্তূপ। গার্জেনরা যে বয়সে নবকল্লোলের দিকে তাকালে তিরস্কার করতেন, সে বয়সেই পাড়ার সেলুন আমায় আনন্দলোক চিনিয়েছিল। সে সময় রোববার ছাড়া সেলুনে যেতাম না। কারণ রোববারের ভিড়। লাইন দিয়ে বসে থাকা ঘণ্টা খানেক আর গপাগপ আনন্দলোক গিলে যাওয়া। আহা। সে'সব দিন। ইন্টারনেট বাজি উলটে দিলেও, স্মৃতির আঁচল পাকিয়ে আজও কান খুঁচিয়ে চলেছি। যে সেলুন আনন্দলোকের পুরনো সংখ্যা জমিয়ে রাখবে, তারা বোনাস নম্বর পাবে। 

৭। চুলকাটনেওলার তাড়াহুড়ো থাকবে না কোনও। শিল্পীর হুড়মুড় থাকলে চলে না। পিকাসো ট্রেডমিলে দাঁড়িয়ে ছবি আঁকতেন না। বাৎস্যায়ন ঘড়ি ধরে চুমু খেতে বলেননি। চুল কাটা হবে ধীরে সুস্থে। কাঁচির কুচ্‌কুচ্‌ শব্দে চোখের পাতা ভারী হয়ে আসবে, মনের মধ্যে ছড়িয়ে পড়বে শিউলি। ভালোবাসা তৈরি হবে। চুলকাটানেওলার মনে অবিশ্বাস থাকবে না কোনও, আধোঘুমে কেটে যাবে মিনিট কুড়ি। তারপর ঝিমুনি কেটে গেলে আয়নার দিকে তাকিয়ে মিচকি হেসে চেয়ার ছাড়া। চুলকাটনেওলা ব্যাটসম্যান, চুলকাটানেওলা ননস্ট্রাইকার। মিডঅফে বলে ঠেলে চুলকাটনেওলা ছুটবেন। ব্যাটসম্যান্‌স কল। ননস্ট্রাইকার হিসেবে আমার কাজটুকু হল গা ভাসিয়ে দেওয়ার। 

৮। চুলকাটনেওলার স্মৃতিশক্তি ব্যাপারটা ক্রিটিকাল। প্রত্যেকবার গিয়ে চুলের স্পেসিফিকেশন লিস্ট করে বলা বেশ খাটনির কাজ। চোখে চোখে কথা হবে। গোটা বছর এক ছাঁট, পুজোর মরসুম বা বিয়েবাড়ির সিজনের আগে অন্য। সে জানবে। সে বুঝবে। ডাক্তারকে রুগীর নাড়ীনক্ষত্র জানতে হয়। চুলকাটনেওলাকেও জানতে হয়। চিনতে হয়। পাল্‌স বুঝতে হয়। 

নতুন পাড়ায় এসেছি প্রায় এক বছর হতে চললো। মনের মত সেলুন খুঁজে পেতে লেগে গেল এতগুলো দিন। স্রেফ গৃহপ্রবেশের অনুষ্ঠান বা পাড়ার ক্লাবের মেম্বারশিপ দিয়ে পুরুষ হৃদয়কে নতুন পাড়ায় স্থাপন করা যায় না। সেলুনের আশ্বাস ছাড়া পুরুষহৃদয় আশ্রয় খুঁজে পায় না, পেতে পারে না। 

Saturday, February 18, 2017

দিবাকর আর সেই মেয়েটা

দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ সজাগ হয়ে উঠছিল দিবাকর।  আশপাশের খুচরো শব্দগুলো কানে আরও স্পষ্ট হয়ে উঠছিল। এমনিতে গলিটা নিরিবিলি।  মাঝেমধ্যে শুধু রিক্সার ক্যাঁচোরকোঁচর, সাইকেল বেলের ক্রিং কিরং, পথচলতি চপ্পলের চটরফটর বা জুতোর মিয়ানো মচমচ।

হাওড়ার দিকের বিড়িতে স্বাদ আছে, দিবাকর চার প্যাকেট কিনেছিল। সেই একটা ধরিয়ে ল্যাম্পপোস্ট ঘেঁষে দাঁড়ালো সে। সময় হয় এসেছে।

মনের আঁকুপাঁকু ভাবটা ক্রমশ বেড়ে চলেছিল। ভরদুপুরে সেলুন বন্ধ করে চলে আসাটা পাগলামি হয়ে গেল বোধ হয়। ব্যাপারটা এমনই বিদঘুটে যে অন্য কাউকে বলার সাহস পর্যন্ত হয়নি। অবিশ্যি এমনটা না ঘটাই স্বাভাবিক। স্বপ্নাদেশ-ফেশ লোকে পায় শুনেছে, কিন্তু স্বপ্নে পাওয়া প্রেমিকা মাটি ফুঁড়ে উঠে আসবে, এমন গড়বড়ে ব্যাপার হয়নি আগে। আজও হবে না বলেই দিবাকরের বিশ্বাস। তবু, না এসে থাকা গেল না।

অবশ্য, প্রেমিকা ঠিক না। পরিচিতা।  প্রেম প্রেম ভাবটা একান্তই দিবাকরের নিজের মনের মধ্যে। আর হবে নাই বা কেন। ও চোখ জোড়ায় দিব্যি কুয়োর বালতি নামানো যায়। ওই হাসিতে চমনবাহার খাওয়ার পর এক চুমুক জলের হুসহাস ঠাণ্ডা। গত বছর দশেক ধরে নিয়মিত স্বপ্নে দেখা হচ্ছে। নানান গল্প হচ্ছে।

ঝপাৎ করে দেখে যোগিনী টোগিনী মনে হয়। গেরুয়া পোশাক। তবে স্কিনের যা গ্লো, শেহনাজের গোল্ড ফেসিয়াল হপ্তায় একবার না করলে ও চমক আসবে না।

এই মনকেমন ব্যাপারটা অবিশ্যি ওয়ান সাইডেড। মেয়েটি এমনভাবে 'ভাইটি' বলে ডাকে যে বুকের মধ্যে বোলতা কামড়ে ওঠে যেন। যাক গে, এটুকুই বা মন্দ কী। প্রতি রাতে সে স্বপ্নে আসে। কথা হয়।

মেয়েটা বলে দিবাকরও রোজ তার স্বপ্নে আসে।
দিবাকরের মনে হয় দু'জনে দু'জনের স্বপ্নে আসে। এত দিন হয়ে গেল তবু মেয়েটার নাম জানা হলো না। অথচ কত কথা হয় রোজ রাত্রে।

মেয়েটা বড় ভালো। বড্ড ভালো। মেয়েটার মধ্যে কত কষ্ট, কত মায়া। যেটুকু আভাস পেয়েছে দিবাকর, মেয়েটা সম্ভবত ডিভোর্সি। দু'টো ছেলেও আছে। একা দু'টো ছেলেকে মানুষ করা চাট্টিখানি কথা নয়। দিবাকরের একার গেরস্থালী চালাতেই নাভিশ্বাস উঠে যায় আর সে বেচারির মাথায় না জানি কতশত চিন্তা।

আর কত ভালো ভালো গল্প। ঘাসফুল, শ্যাওলার দাগ, ভোরের পুকুরপাড়,  আলপথ, আলপনা, আমের গন্ধ...।

এমনই গল্পে দিব্যি কেটে যাচ্ছিল।
রাতের পর রাত।
স্বপ্নের পর স্বপ্ন।
আলোয় আলো।
বাতাসে তুলোর রোঁয়ার মত নরম ভালোলাগা।

গতকাল রাতের স্বপ্নে মেয়েটা আচমকাই বললে যে সে আসছে। সে নাকি স্বপ্ন ছিঁড়ে বেরিয়ে আসবে দিবাকরের জগতে। বিকেলবেলা। দিবাকর যেন একটা নিরিবিলি জায়গা খুঁজে বিকেলটা অপেক্ষা করে, সে পৌঁছে যাবে। কী ভাবে সে আসবে সে'টা জানার আগেই অবিশ্যি স্বপ্ন ভেঙে যায় রান্নাঘর থেকে ভেসে আসা ছুঁচোর উপদ্রবে বাসন গড়িয়ে পড়ার শব্দে।

স্বপ্নের কথাকে বড্ড বেশি বিশ্বাস করা ফেলা হয়ে গেছে কি? এই ভাবনা নিয়ে খানিক জাবর কাটার সময়ই ঘটল ব্যাপারটা, এই বিকেল পৌনে পাঁচটা নাগাদ। গলিটা তখন বেশ খালি।

মেয়েটা দুম করে এসে পড়লো। দুম করে। সত্যি দুম করে। সত্যি বলতে কী, মাটি ফুঁড়ে। দিবাকরের ইচ্ছে করছিল চোখ রগড়ে নিতে।
অবিকল সে মেয়েটা। সেই চোখজোড়া। তা'তে জল। সে হাসিতে আরও কান্না।

আজ ওর পরনে কেমন যাত্রা মার্কা জবড়জং শাড়ি। গা ভরা গয়না, যাত্রাপালার মতই। যাক গে। এগিয়ে গেল দিবাকর। সে চিনতে পেরেছে, স্পষ্ট। ওর চাউনি বলে দিচ্ছে সেও চিনেছে দিবাকরকে।

কাছে যেতে ভেঙে পড়ল মেয়েটা।

"আর অপমান সহ্য হল না। আর না। চলে এলাম। ও জগৎ ছেড়ে চলে এলাম। সে'খানে আমায় বাঁচতে দিল না গো ওরা। ছিঁড়েখুঁড়ে খেলো আমায়। ছেলে দু'টো মানুষ হয়েছে, আমার আর সে'খানে থেকে কাজ নেই। চলে এলাম। আমায় কাদা না মেখে বাঁচার একটা ব্যবস্থা করে দিতে পার ভাই"?

কারা অপমান করেছে, কারা ছিঁড়েখুঁড়ে খেতে চেয়েছে সে'সব জিজ্ঞেস করতে মন চাইল না দিবাকরের। আহা রে, মেয়েটার কী কষ্ট। একটা রিক্সা ডেকে এবার বাড়ি ফেরা। বাড়িতে মেয়েটাকে পৌঁছে দিয়ে একবার বাজারে আসতে হবে, একটা ছোট দেখে রুই যদি পাওয়া যায়।

রিক্সায় উঠেও মেয়েটার নাম জিজ্ঞেস করতে সাহস হল না। এক জায়গা ফেলে এসেছে, আর ফিরে যেতে চায় না। নামটাও না হয় নতুন দেওয়া যাবে। সবিতা? বিপাশা? দেওয়া যাবে কিছু একটা।

কিছু কথা বলতেই হয়, তাই ঝপ করে ওর দুই ছেলের নাম জিজ্ঞেস করে ফেলেছিল দিবাকর।

শহুরে জঞ্জাট উপচানো এক চোখ কান্না আর মায়া নিয়ে উত্তর দিয়েছিল মেয়েটা;

"লব আর কুশ"।

Friday, February 17, 2017

মাঝরাতের ট্রেন

- কদ্দূর?
- চুঁচুড়া। আপনি?
- ভদ্রেশ্বর।
- হুঁ।
- যাক, কামরায় একা নই। এ'টাই নিশ্চিন্দি।
- এত রাত্রে লোকাল আছে সে'টাই জানতাম না।
- আমিও। ধরেই নিয়েছিলাম ভোর চারটে নাগাদ যে ব্যান্ডেলটা আছে সে'টা ধরেই...। আচমকা অ্যানাউন্সমেন্ট শুনে উঠে বসলাম।
- আমিও তো ইক্যুয়ালি সারপ্রাইজড। একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে গিয়ে এই হ্যারাসমেন্ট। ভাবতেই পারিনি এতটা দেরী হবে। আচ্ছা, কামরায় একটা বোঁটকা মাছের গন্ধ আছে না?
- ভেন্ডরদের কামরায় না উঠে কোনও মাছওলা এখানে উঠেছিল হয়তো। ডিসিপ্লিন ওয়াইজ তো দেশটা ডকে উঠছে।
- ডিসিপ্লিন? হুঁহ্, রুলিং পার্টি যদি এমন অপদার্থ হয়, তাহলে ইনডিসিপ্লিন তো ছড়িয়ে পড়বেই। চাদ্দিকে তো এলোমেলা করে খাবলে খাই টেন্ডেন্সি।
- এই আপনাদের এক দোষ। রুলিং পার্টি চাবকে নিজেদের রেস্পন্সিবিলিটি এড়িয়ে যাওয়া।
- আপনি কি ওদের দালাল নাকি?
- আমি দালাল কি না জানি না। তবে আপনি যে অপোজিশনের পা চাটা সে'টা স্পষ্ট বুঝতে পারছি।
- কী? আমি পা চাটা?
- আমি দালাল?
- নেহাত এত রাত তাই, নাহলে আপনার কলার ছিঁড়ে নিতাম।
- অপোজিশনের মতই গুণ্ডাবাজি ভাষা দেখছি আপনার। চাইলে এখুনি আপনাকে ট্রেন থেকে নামিয়ে দিতাম। নেহাত রাত গভীর, আর আপনি সিনিয়র...।
- ওরে আমার কালচারাল খুড়ো এলেন হে।
- মাছের গন্ধটা গায়েব হয়েছে, সে'টা টের পাচ্ছেন কি?
- তাই তো। স্ট্রেঞ্জ।

**

- রাত তিনটের ফাঁকা ট্রেন। মাত্র দু'জন বোকাপাঁঠা মানুষ।  তাও তুই ভয় দেখাতে পারলি না?
- বাবা, আমি গেছিলাম তো ভয় দেখাতে। এক্কেবারে ফার্স্ট কামরায়।
- উদ্ধার করেছ। গেছিলি যখন পালিয়ে এলি কেন ভয় না দেখিয়ে? রাস্কেল!
- ইয়ে, ভয় দেখানোর আগেই...।
- ভয় দেখানোর আগেই?
- ভয় দেখানোর আগেই আমি...।
- কী?
- ভয় দেখানোর আগেই আমি ভয় পেয়ে গেছিলাম বাবা।
- কী?
- ভয়!
- ভয়? ভূতের বাচ্চা হয়ে তুই মানুষের ভয় পেয়েছিস? হোয়াট?
- দিব্যি ঝাঁপানোর জন্য রেডী হচ্ছিলাম মাইরি,আচমকা দু'জনে রাজনীতি নিয়ে ঝগড়া আরম্ভ করল। আমি এমন ভয় পেয়ে গেলাম যে...।
- কী নিয়ে ঝগড়া?
- পলিটিক্স নিয়ে। মানুষের ঝগড়া।
- আঁ আঁ..আঁ...।
- ও কী বাবা, গোঙাচ্ছ কেন? কী হল? অমন ছটফট করছ কেন বাবা?

Tuesday, February 14, 2017

ভ্যালেন্টাইন ফর্দ



দশকর্মা ভাণ্ডারগুলোকে আপগ্রেড করার সময় এসেছে। তেরো তারিখ সন্ধেবেলা সে দোকানে গিয়ে খোকা খুকুরা দাঁড়াবে ফর্দ হাতে।
তারা গড়গড় করে বলে যাবে, দোকানি সুড়সুড় করে টুকে যাবেন।


ঠোঁট পালিশের বোরোলিন টিউব
১টা
আঙুলের ডগায় লাগিয়ে চেটে নেওয়ার জন্য মধুর ছোট শিশি
১টা
ভিক্টোরিয়া বা ময়দানের ঘাসে পেতে বসার জন্য রুমাল
২টো
খোলা না ভাঙা বাদাম ২৫০ গ্রাম করে
২ ঠোঙা
ফ্লপ সিনেমার কর্নার সীটের টিকিট
২টো
চিঠি লেখার হ্যান্ডমেড কাগজ
১/৪ বান্ডিল
গোলাপি রঙের সুগন্ধি খাম
'টো
স্পার্কল ঝরানো কালি ভরা কলম
১টা
ঝোপঝাড়ে জ্বালানোর গুডনাইটের কয়েল
১টা
ক্যাডবেরির প্যাকেট, বড় সাইজের
১টা
এমপি থ্রী প্লে লিস্ট (শুধু মাখোমাখো গান, হয়তো তোমারই জন্য, টাইটানিকের গান আর জাতিস্মর মাস্ট)
১টা প্লেলিস্ট (৫০টা গান)
মাউথ ফ্রেশনার
১টা
প্রেমের কোটেশনের পকেট বই
১টা
গোলাপ
২টো
টেরাকোটা কানের দুল / মানিব্যাগ
১ জোড়া/ ১ পিস্‌
ইত্যাদি।

দোকানিকে ফর্দ আর ব্যাগ দিয়ে অপেক্ষা মিনিট কুড়ি। তারপর ব্যাগ হাতে সোজা বাড়ি। রাত্তিরে ঠাকুরঘরে থাকবে সে ব্যাগ। মেজপিসি গিয়ে সে ব্যাগ খুলে ফর্দের সঙ্গে জিনিসপত্র মিলিয়ে নেবেন। দু'জনের নামসহ হার্ট শেপের চাবির রিংটা না পেয়ে আঁতকে উঠবেন তিনি।

সে কথা বাবার কানে উঠতে গনগনে রাগ বাড়ির সিলিঙে ধাক্কা খাবে।
"রাস্কেলটা চাবির রিংটাই ভুলে গেছে? ও কি প্রেম করছে না মুর্গি কাটছে? দত্তবাড়ির সেজছেলে শুনলাম কফির কাপে প্রেমিকার ছবি আর শেষের কবিতার কোটেশন সাঁটিয়ে এনেছে। আর এদিকে আমাদের ছাগলটা চাবির রিংটুকু ভুলে মেরে দিলে। অকালকুষ্মাণ্ড! শেষে কিনা আমাদের ফ্যামিলির ছেলে অ্যারেঞ্জড ম্যারেজ করবে? ওর পিঠে ছাল আমি ছাড়িয়ে নেব"।

শেষে পুরুতমশাইকে ফোন করতে সলিউশন বেরোবে। দু'জনে মিলে হটচকোলেটে কুলকুচি করে চুমু খেলে নাকি হার্ট শেপের চাবির রিং না থাকার দোষ কেটে যাবে।
মেজদা ক্ল্যারিফাই করে নেবে "দোষ খণ্ডনে গুপ্তপ্রেস কি স্মুচ বলছে না পেক্‌"?

পরের দিন ভোর ভোর বাড়ির বড়দের প্রণাম করে খোকা ব্যাকপাকে ভ্যালেন্টাইন সামগ্রী পুরে বেরোবে অভিসারে। মা সন্তোষীর ঘটে দশটাকা মানত করবেন "মা, খোকা যেন এবার গতবারের মত সন্ধ্যের আগে বাড়ি ফিরে না আসে। ফিরতে অন্তত যেন রাত এগারোটা হয়। মা, মা গো"।