Thursday, September 10, 2015

শিঙাড়ায় খুন

- শিঙাড়া।

- শিঙাড়া? 

- শিঙাড়া।



- শিঙাড়া দিয়ে মানুষ খুন? 

- ইয়েস।
- দাসগুপ্তর মার্ডার হয়েছে? ছেলের হাতে? তাও শিঙাড়া খাইয়ে মার্ডার?
- তবে আর বলছি কী?
- হাউ?
- সম্পত্তির লোভ কী ভয়ানক ভাবুন। শিঙাড়া ভিতরে এমন চমক ভরে রাখলে যে প্রথম কামড়ে শিঙাড়া ভাঙতেই শক খেয়ে হার্ট অ্যাটাক। ডাইরেক্ট।
- কী রেখেছিল শিঙাড়ার মধ্যে? সায়নাইড?
- সে তো কাঁচা কাজ। পুলিশের হাতে কপচে যাবে। ও ছেলে ধুরন্ধর চিজ।
- তবে কী ছিল ও শিঙাড়ায়?
- ব্রকোলি।
- হোয়াট?????
- ও কী মশাই!! বিষম খেলেন নাকি? দম আটকে এলো নাকি?

জবা



এই এক মুশকিল। মাঝরাত্রে ছোট বাথ্রুম পেলেই চিত্তির। ঘরের দরজা খুলে, বারান্দা পার করে, উঠোন পেরিয়ে তবে বিলুদের বাড়ির বাথ্রুম আর কলতলা। মা থাকতে রাতের বেলা বিলুকে মা'ই হাত ধরে বাথরুমে নিয়ে যেত অসময়ে প্রয়োজন হলে।

নতুন মা নিয়ে যায় না; বলে বিলু বড় হয়ে গেছে। ক্লাস ফাইভ মানে বুঝি বড়? রাত্রে একা বেরোতে বিলুর যে কী ভয় লাগে! কিন্তু যখন খুব পেয়ে যায় তখন উপায় থাকে না।

যেমন আজকে।

বাথ্রুমের কাজ সেরে যখন হুড়মুড় করে উঠোন দিয়ে বিলু ঘরের দিকে ফিরছিল তখন আচমকা উঠোনের জবা গাছটায় নজর আটকে গেল তার। গাছের গায়ের জবাটা যেন জ্বলজ্বলে হয়ে তাকে ডাকছে। কী দুরন্ত লাল রঙ। ভয় ভূলে জবাটার দিকে এগিয়ে গেল সে।

ফুলটা সবে তুলতে যাবে এমন সময় কে যেন বিলুর হাত পিছন থেকে খপ্‌ করে ধরে ফেললে।

"মা কালীর ফুল মাঝ রাত্তিরে তুলতে নেই রে বোকা";

শুনে পিছন ফিরে তাকাতেই বিলু দেখতে পেলে লম্বা রক্তমাখা জিভ কেটে দাঁড়িয়ে রয়েছে সে। পরনে লাল পেড়ে সাদা শাড়ি। কপালে থকথকে সিঁদুর। কোমর পর্যন্ত খোলা চুল, নিকষ কালো গায়ের রঙে রক্তের চাপ চাপ দাগ।

হাসিতে, কাটা জিভে - কালী নয়; মা দাঁড়িয়ে।

Monday, September 7, 2015

চুমা

মামার চায়ের দোকানের বেঞ্চিতে বসে দু'টো ছেলে মনের সুখে গাইছিলে "সোমা চুমা দে দে, সোমা চুমা দে দে চুমা"। সুর ছিল।  পিঠে বইয়ের ব্যাগ। কলেজ। ম্যাক্সিমাম ফার্স্ট ইয়ার। আঙুলের ফাঁকে গোল্ডফ্লেক। ঠোঁটের ওপরে সুক্ষ গোঁফের রেখা।

সোমা তখন ক্লাস ট্যুয়েল্ভে। হলুদ চুড়িদার। গানের কথা থেকে জুমা হাপিশ হয়ে যাওয়ার কারণ অবশ্যই সে।  তিরিশ সেকেন্ডে সোমা হুড়মুড় করে হেঁটে চলে যেতেই গান থেমে গেল। ।

পাড়ার কেলো-পাগলা ঠিক তখনই উদয় হলেন চায়ের দোকানের বেঞ্চির সামনে। কেলো নাম আর পাঁচটা রাস্তার কুকুরের মত সেও পেয়েছে গায়ের রঙের গুনে। আর ছেঁড়া লুঙ্গি, মাথায় জটা, গায়ে গন্ধ আছে যখন পাগলা সাফিক্স জুটিয়ে নেওয়াটাও ন্যাচুরাল ছিল।  

কেউ কিছু বোঝার আগেই দু'টি ছেলের একটিকে জড়িয়ে ধরে ঝপাং করে চুমু খেলে কেলো -পাগলা। লিপ টু লিপ। ছেলেটা বোধ হয় খিস্তি মারতে গেছিল; তাই ঠোঁট ফাঁক হয়ে গিয়ে "স্মুচ"টা স্মুদ করে দিল। 

মামার চায়ের দোকানের পনেরো মিটার রেডিয়াস নিস্তব্ধ।

চুমু শেষে শুরু হল দুই রাজপুত্র মিলে শুরু করলে কেলো ক্যালানো পর্ব।

খানিকক্ষণ কিল-চড়-ঘুষি মেরে হাঁপিয়ে উঠে লুঙ্গি হারানো কেলোকে মাটিতে শুইয়ে তার বুকে চেপে বসলে দুই'জনে। 

- বল হারামজাদা, বল! শয়তান! অসভ্যতামি শুরু করেছিস? পাড়ার ছেলেদের চুমু খাওয়া? আলুর দোষ? শুয়োরের বাচ্চা! 

- যাঃ, আমি কী দোষ করলাম ? 

*ফের ঘুষি*

- কী দোষ করলাম? লজ্জা করেনা? ছেলেদের চুমু খাওয়ার শখ হয়েছে?

- বাঃ রে! তোমরাই তো ডাকলে চুমু খেতে। তাই তো খেলাম। তাও তো আরেকজনকে খাওয়া বাকি গো।

- আমরা ডেকেছি চুমু খেতে? রাস্কেল কোথাকার?

- ডেকেছ তো! ওই যে গাইছিলে সোমা চুমা দে দে। সোমা চুমা দে দে চুমা।

- তুমি কী সোমা শালা? হারামির গাছ!

- সোমাই তো।

- তুই সোমা? চামড়া খুলে নেব! ইয়ার্কি হচ্ছে?

- আমায় যারা কেলো বলে তারা হারামি। তাদের বাপ হারামি। আমি কেমিস্ট্রিতে অনার্স। ক্যালক্যাটা ইউনিভার্সিটি। সোমনাথ মালাকার, সো ডট মা ডট; সোমা! চুমু চেয়ে চেয়ে গান করা হচ্ছিল, আর দিলাম পরে ঢ্যামনামি? 

*কেলোর উপর পুনরায় কিল চড় লাথির বর্ষন*   

Friday, September 4, 2015

প্রস্থান



-   প্রথম দিন... *গ্লাব গ্লাব গ্লাব*
-   প্র... *গ্লাব গ্লাব গ্লাব* প্রথম দেখা?
-   হ্যাঁ...*গ্লাব গ্লাব গ্লাব*
-   চুমু... *গ্লাব গ্লাব গ্লাব গ্লাব*
-   প্রথমটা? *গ্লাব গ্লাব* ছাতে ছিল।
-   কী ভা... *গ্লাব* ভালো ছিল... *গ্লাব গ্লাব গ্লাব গ্লাব*
-   সাতটা বছর... *গ্লাব*...সাতটা ব... *গ্লাব গ্লাব*
-   ভীষণ ভী... *গ্লাব গ্লাব গ্লাব* ভালো ছিল।
-   থ্যাঙ্ক...*গ্লাব গ্লাব গ্লাব গ্লাব গ্লাব*
-   ইউ... *গ্লাব গ্লাব*
-   কাঁদ...*গ্লাব গ্লাব*...কাঁদছ গো?
-   *গ্লাব গ্লাব গ্লাব* কষ্ট হচ্ছে ?
-   হুঁ *গ্লাব গ্লাব*
-   দম *গ্লাব* আটকে *গ্লাব গ্লাব* আসছে?
-   তোমাদের ছেড়ে *গ্লাব গ্লাব গ্লাব গ্লাব গ্লাব*
-   ছেড়ে কোথায় *গ্লাব গ্লাব গ্লাব*...এক সাথেই তো...।
-   খোকাকে ধরে থাক...*গ্লাব গ্লাব*
-   রেখেছি তো..*গ্লাব গ্লাব*...হাত *গ্লাব* টনটন...
-   পারলাম না...*গ্লাব গ্লাব গ্লাব*
-   কেঁদো না...*গ্লাব গ্লাব*
-   আমাদের...*গ্লাব গ্লাব গ্লাব*...খোকা...*গ্লাব গ্লাব গ্লাব*
-   আ...*গ্লাব*...*গ্লাব*...আমাদের খোকা...
-   এ লাল *গ্লাব গ্লাব গ্লাব* জামা *গ্লাব* কত ভালো *গ্লাব* বেসে কেনা...
-   য়ারিমা *গ্লাব গ্লাব গ্লাব* আই লাভ...*গ্লাব গ্লাব* ইউ *গ্লাব গ্লাব*
-   লাভ ইউ *গ্লাব* টু *গ্লাব গ্লাব* ফ...*গ্লাব*...ফসেজো...*গ্লাব* লাভ...
-   কেউ চায় *গ্লাব* না...*গ্লাব*...আমাদের
-   কেউ না...*গ্লাব* *গ্লাব গ্লাব গ্লাব*...খোকাও সাথে চলল...*গ্লাব* সেই ভা...*গ্লাব* ভালো।
-   আর ভাসতে *গ্লাব গ্লাব গ্লাব গ্লাব গ্লাব* পারছি *গ্লাব* না...*গ্লাব গ্লাব গ্লাব* ব্যথা...ঠাণ্ডা...।
-   য়ারিমা...*গ্লাব*
-   খোকাকে... *গ্লাব গ্লাব গ্লাব* চুমু দিও...।
-   য়ারিমা... *গ্লাব গ্লাব গ্লাব*
-   আর দুই...*গ্লাব গ্লাব গ্লাব*
-   কী? *গ্লাব গ্লাব* আর দুই...*গ্লাব* কী?
-   আরও দু’মিনিট *গ্লাব* খোকাকে বাঁচিও *গ্লাব গ্লাব* যেটুকু পারি *গ্লাব*
-   য়ারিমা..*গ্লাব গ্লাব গ্লাব*
-   বুক...*গ্লাব গ্লাব গ্লাব গ্লাব গ্লাব গ্লাব গ্লাব গ্লাব* জ্বলছে...
-   য়ারিমা...*গ্লাব*
-   *গ্লাব গ্লাব গ্লাব গ্লাব গ্লাব গ্লাব*
-   য়ারিমা...!
-   *গ্লাব গ্লাব গ্লাব গ্লাব*
-   য়ারিমা *গ্লাব গ্লাব*
-   *গ্লাব*
-   শুযী *গ্লাব গ্লাব গ্লাব গ্লাব গ্লাব* শুযী...*গ্লাব গ্লাব গ্লাব* খোকা রে...মায়ের কাছে যাবি? *গ্লাব গ্লাব গ্লাব গ্লাব* খো...*গ্লাব*...কা...*গ্লাব গ্লাব গ্লাব গ্লাব* 

Saturday, August 29, 2015

অন্য রাখী




- দাদা। 


- হুঁ।

- অ্যাই দাদা।

- হুঁ?

- রাখী পরালাম। কিছু দিবি না?

- আমার লজেন্সটা দিলাম যে?

- লজেন্সে কী কাজ? আমি যেন ভারী লজেন্স খেতে পারি!

- তবে কী চাই?

- মাছের কাঁচা আঁশ।এনে দিবি?