Saturday, August 29, 2015

ফেলুদার রাখী

- ম্যাডাম, আপনি এত দূর থেকে এখানে এসেছেন আমায় রাখী বাঁধতে?

- প্লীজ পারদোশ দাদা, ম্যাডাম বলে অ্যাড্রেস করবেন না প্লীজ। আই কনসিডার ইউ টু বি মাই দাদা আর আমি আপনার ফিমেল ভক্ত আর বহিন দোনো আছি। আমাকে আপনি মেঘা বহেন বোলেন। প্লীজ। হে হে হে।

- বেশ মুভ্‌ড হওয়ার মত ব্যাপার-স্যাপার ঘটিয়েছেন দেখছি ম্যাডম...থুড়ি...মেঘা বহিন।


- বিগ ফ্যান। তেহকিক্যাৎ কে মামলে মে আপকা জওয়াব নহী। প্লীজ এই বহিনকে এই ছোট রাখী টাই করার প্লেজারের থেকে ডিপ্রাইভ করবেন না। প্লীজ।

- আসলে প্রমীলা ভক্তদের কাছ থেকে প্রেমপত্র পেয়ে অভ্যস্ত। কিন্তু এই প্রথম কেউ বাড়ি বয়ে আমায় রাখী বাঁধতে এলেন। সত্যিই রিফিউজ করতে ইচ্ছে করছে না। তোপসে, চট করে এক প্যাকেট মিষ্টি নিয়ে আয় মেঘা দেবীর জন্য। তবে মেঘা একটু জলদি করতে হবে। আমার বেরুতে হবে।

- হে হে হে। লিন। এই বারে আপনার রিস্টটা সামনে করে লিন। আমি রাখী বাঁধবে। প্লীজ। ইট উইল নট টেক মোর দ্যান টু মিনিট্‌স।

- এই যে।

- এই এই এই। রাখী বাঁধিয়ে দিলম পারদোশ মিট্টার ভাইয়া। অটূট বন্ধন। ভুলিয়েন না।

- না মেঘা। ভুলব না।

- ই বন্ধনের মতলব সমঝিলেন ভাইয়া?

- এই, আপনি এখন থেকে আমার বোন।

- বিল্কুল। অউর বহিন কা রক্শা‌ করনা ভাই কা ডিউটি আছে।

- সে প্রতিশ্রুতি না দেওয়ার কি আর অবকাশ আছে? দাদা হিসেবে আপনাকে সুরক্ষিত রাখার দায়িত্ব অবশ্যই আমার।

- ভেরি গুড ভেরি গুড। আমি জানি আপনি জেন্টলম্যান আছেন। ভদ্দরলোকের কথার ভ্যালু আছে। আপনার কথার ভি ভ্যালু আছে।

-আপনার কথা শুনে মনে হচ্ছে মেঘা আপনার বিশেষ ভাবে প্রটেকশনের দরকার আছে। শুনুন, বোন যখন আপনাকে বলেছি তখন অফ কোর্স আপনাকে প্রটেক্ট করার দায়িত্ব আমি নেবই। কী ব্যাপার খুলে বলুন।

- খুলে বলার কুছু নাই মিট্টার দাদা। কুছু নাই। আপনি কসম নিয়েছেন বহিনকে প্রটেক্ট করবেন, ই বাত হি যথেষ্ট আছে। আপনাকে বেশি কুছু করতে হবে না। আপনি শুধু ইন্টারফেয়ার করবেন না। ব্যাস। দ্যাট উইল বি ইনাফ ফর মাই প্রটেকশন।

- ইন্টারফেয়ার করব না? কী'সে ইন্টারফেয়ার করব না?

- আমার বিজনেসে ইন্টারফেয়ার করবেন না মিট্টার দাদা। সিম্পুল। দ্যাট উইল কীপ দিজ বহীন অফ ইওর্স প্রটেক্টেড অ্যান্ড সেফ।

- আপনার বিজনেস?

- আপনি জানেন আমার বিজনেস বেস্‌ মিট্টার দাদা। বনারস ইজ নট নিউ টু ইউ। আপনি বহুত ডিস্টার্ব করছেন আমার বিজনেসে। আপনার এক্সটা-আর্ডিনারি বুদ্ধির সাথে আমি কম্পিট করতে পারলম না। আই নিডেড প্রটেকশন। হু কুড প্রটেক্ট মি এগেইন্সট ইউ মিট্টার দাদা? নান বাট ইউ। তরকীব সোচতে হল আমাকে, আপনার প্রটেকশনের কমিটমেন্ট আদায় করতে। হে হে হে।

- মগনলাল...।

- মেঘা বোলেন। মেঘা বোলেন। বহুত পয়সা গেলো এই সেক্স চেঞ্জ অপরেশনে। মেঘা বোলেন প্লীজ।

Tuesday, August 25, 2015

বানপ্রস্থ



- আরেকবার ভেবে দেখবে না বাবা?


- অনেক ভেবে দেখেছি পিন্টু। আগেই চলে যাওয়া উচিৎ ছিল।

- অভিমান?

- না রে বোকা। তোরাই তো আমার সবকিছু। কিন্তু বাণপ্রস্থ তো আজকের রীতি নয়।

- প্লিজ বাবা। কথা ঘুরিও না। এই বয়েসে দুম করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? কবে তুমি সিরিয়াসলি রিলিজিয়াস ছিলে যে আজ হরিদ্বারের আশ্রমের প্রতি এত টান উদয় হল?

- তোদের প্রাইভেসি দেওয়াটা দরকার পিন্টু। বৌমারও একটা স্পেস দরকার।

- শিখা তোমায় কিছু বলেছে?

- আরে না রে। শিখা ইজ আ গুড গার্ল। তোকে রুরুকে ভালো রাখবে।

- বাবা প্লিজ লুকিও না।

- শিখা আমায় কিছু বলেনি। ট্রাস্ট মি।

- ওর কোন ব্যবহারে তোমার খারাপ লেগেছে?

- আমার চলে যাওয়ার ডিসিশনটা এত স্কেপটিক্যালি কেন দেখছিস পিন্টু? কলকাতা আঁকড়ে এতদিন তো হল। এবার পিছুটান ছাড়ার সময়। আসি না ঘুরে। আর যাচ্ছি মানে কী এ মুখো হব না কোনদিন? বছরে একবার আসবই।

- বাবা প্লীজ। ডোন্ট গো। দরকার হয় অন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে...।

- আমায় আটকাস না রে পিন্টু। স্পেসের কথাই যখন ভাবছি; কলকাতা আর কেন?

- যাবেই?

- প্লীজ পিন্টূু। এবার সময় হয়েছে।

- তোমায় ছাড়া এ বাড়ি খাঁখাঁ করবে যে...।

- এ বাড়ি ছেড়ে দূরে থাকতে আমারও ভালো লাগবে রে? বিশেষ করে রুরু সোনাটাকে যে কী মিস্‌ করব। সবসময় ওর দাদু দাদু ডাক...। তবে আর পারছিলাম না রে। তোর বৌমা, রুরুর থেকেও না থাকাটা...। ওই অ্যাক্সিডেন্ট এখনও ভুলতে পারি না পিন্টু। পারি না। আমায় যেতে দে।

- চলে গিয়ে ভূলতে চাইছ? আমাদের কি শেষ পর্যন্ত তুমি ভয় পেতে শুরু করেছ বাবা?

সুবাস



-বসব?


-পাবলিক পার্ক। পাবলিক বেঞ্চি। পারমিশন চাইছেন কেন?


-না মানে আপনাকে ডিস্টার্ব না করে ফেলি।


-পারমিশন চেয়ে ডিস্টার্ব করছেন।


-হে হে। থ্যাঙ্কস। আপনার হাতে ওটা আজকের কাগজ নাকি মশাই?

-হুঁ। পড়বেন?

-নাঃ, আমার আর এ যুগের খবরে কী দরকার।

-এ যুগের খবরে আপনার দরকার নেই?

-না মানে। খবরের হিসেব রাখা কবেই ছেড়ে
দিয়েছি।

-কবে থেকে?

-রামবাবুর এক্সপ্যায়ার করার পর থেকেই।

-রামবাবু?

-অযোধ্যার।

-দশরথের ছেলে?

-এল্ডার সান।

-পূর্ব জন্মের বাতেলা দিচ্ছেন? পুলিশ ডাকব?

-এ জন্যেই প্রসঙ্গটা এড়িয়ে যাই। এই আমি আর স্পীকটি নট।

-না না। বলে যান। আমার হাতে সময় আছে। বোর হচ্ছিলাম। আনন্দবাজারও খতম। আপনার গুলতানিই শুনি।

-আহঃ, আমি তো আর জোর করে বিশ্বাস করতে বলছি না।

-কত নম্বর রিবার্থ?

-রি...? না না, ডাইরেক্ট বেঁচে রয়েছি।

-তা, এদ্দিন বাঁচলেন কী করে?

-বর। অমরত্বের।

-অমর? আপনি কী...?

-পবনপুত্র।

-লেজ?

-মধ্যযুগে ছাঁটিয়ে নিয়েছি।

-ছাঁটিয়ে নিয়েছেন?

-কমম্পলেক্স সার্জারি মশাই। সে যুগের মেডিসিন যে কোথায় দাঁড়য়েছিল; জাস্ট ভাবা যায় না।

-ধুর।

-কেন? ধুর কেন?

-এ চেহারায় গন্ধমাদন তুলেছিলেন?

-এ'কয় হাজার বয়েসে ফ্লেক্সিবিলিটি কমেছে। শরীর শুকিয়ে এসেছে। আরে মশাই, অমরত্বের চেয়ে বড় অভিশাপ কিছু হয় না।

-এসব আমায় বলছেন কেন? হাততালি এক্সপেক্ট করছেন?

-বলেছি আপনি বিশ্বাস করবেন না বলে। সবাইকে সে বিশ্বাসেই বলি। এই কথা কেউ পাত্তা দেবে না বলে। অবশ্য এ অন্ধকার যুগে পাত্তা দিলেই মুশকিল হত। আমায় এরা ইন্ডাস্ট্রি করে ছাড়ত।

-স্মার্ট।

-হে হে।

-তা সে যুগের সাথে এ যুগের তফাৎ কী কী নজরে পড়ে?

-সবই তো চেঞ্জড।

-রিয়েলি? এমন কিছুই নেই যা সে যুগে এ যুগে একই রয়ে গেছে?

-আছে। একটা জিনিষ আছে।

-কী জিনিষ সেটা হনুবাবু?

-একটা স্পেশ্যাল ফ্র‍্যাগ্রর‍্যান্স এখনও টিকে আছে।

-ফ্র‍্যাগর‍্যান্স? সে যুগ থেকে এ যুগে? কীসের?

-বিশল্যকরণীর। এগজ্যাক্ট সেই সুবাস।

-বলেন কী! বিশল্যকরণীর সুবাস এ যুগে? সুবাস অফ প্যানাকিয়া?

-রাইট।

-এ যুগের কীসের সুবাস বিশল্যকরণীরর মত শুনি!

-প্রথম সে গন্ধ নাকে আসায় আমিও চমৎকৃত হয়েছিলাম। অবিকল বিশল্যকরণী... এত দিন পর।

-মডার্ন সোসাইটির কীসে আপনি বিশল্যকরণীর ফ্র‍্যাগর‍্যান্স পেলেন দাদা?

-বলি?

-তাই তো জিজ্ঞেস করছি।

-সেই সর্বরোগনাশা সুবাস; ঠিক যেন ফ্রেশলি পিকড ফ্রম গন্ধমাদন।

-আরে কীসে?

-বোরোলিনে।

মদ মামা

১/৩


"জেনে রাখ। যুদ্ধজয় একদিন আউট অফ ফ্যাশন হবেই। সেদিন তরবারিরা কচুকাটা হবে হেমন্তে। সুরের ধারে শত্রুজয় উড বি দ্য অনলি টেকনোলোজি দেন", মদের গেলাস টেবিলে নামিয়ে রেখে গলা ছাড়লেন ছোটমামা;

"না তুম হমে জানো, না হম তুমহে জানে
মগর লগতা হ্যায় কুছ অ্যায়সা
মেরা হমদম মিল গয়া..."


২/৩


-গেলাস চলকে পাঞ্জাবিতে। এ হেঃ।

-টিস্যু দেব?

-ক্যুইক।
-এই যে।
-আর চলকে যেটুকু চলকে পাঁজরা হিট করছে? সে'টা?
-মেলোড্রামার জন্য টিস্যু পেপার এক্সপেক্ট করো না মামা।
-টিস্যু অফ মিউজিক প্লীজ। যদি আরও কারে ভালোবাস, যদি আরও ফিরে নাহি আস;আই উইল সাসটেইন অন ট্যাগোর। দাড়ি মার্কা টিস্যু। প্লিজ।


৩/৩ 


-হোয়াট ইজ রিয়েল মাতলামি মামা?

-আমি গাইব "হায় গো কী যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বুঝতে পারি না যে"। সুর কাঁপবে, কাঁপবে গেলাস। ঘরময় পোষা বেড়ালের মত মিউমিউ করতে করতে ঘুরঘুর করবে শনিবারি রাত্রের মেজাজ। আর স্টুপিড এই সস্তা মদের বোতল মাতাল হয়ে উলটে পড়ে থাকবে আমার নেশায়। বোতলের সেই মাতলামি; দ্যাট ইজ দ্য রিয়েল থিং। মানুষের মাতলামিটা স্রেফ প্রিটেন্স।

গুনগুন

১।

আলিবাবা প্রেমিক হয়ে প্রেমিকার হৃদয়ের গুহার একগুঁয়ে দরজায় যদি হত্যে দিয়ে পড়তেই হয়, তবে-

চিচিং ১:
"হোঁঠ পে লিয়ে হুয়ে দিল কি বাত হম
জাগতে রহেঙ্গে অউর কিতনি রাত হম"।


চিচিং ২:
"রাত ইয়ে করার কি...বেকারার হ্যায়"।


ফাঁক:
"তুমহারা ইন্তেজার হ্যায়"।


২।

"লগ যা গলে"র সুরে তাল ঠুকছিলেন বৃদ্ধ। 


দু'চোখ বেয়ে ঝরা জলে তাঁর দাড়ি বুক ভিজে যাচ্ছিল।

"রবীন্দ্রনাথ কি এভাবেই প্রেমের সুরে হৃদয় ক্যাপচার করে থাকেন?", ভাবছিলেন রবীন্দ্রনাথ।


৩। 



-উয়ো শাম কুছ অজীব থি।

-ঢাকুরিয়া লেক?

-ইয়ে শাম ভি আজীব হ্যায়।

-ধুস, এই বোরিং ব্যালকনি।

-উয়ো কল ভি পাস পাস থি..।

-ছিলামই তো। জাপটে। 

-উয়ো আজ ভি করীব হ্যায়।

-না থেকে উপায় কী? এ ব্যালকনিতে তোমায় একা মানায় না।

-তোমাকেও মানায় না। ফ্রেমে মালায়। মানায় না।