Saturday, December 6, 2014

ইনস্যুরেন্স

-   আপনিই সুখময় সাঁতরা ?
-   হ্যাঁ।
-   বয়স বত্রিশ। চোদ্দ নম্বর মদন মিত্র লেন। কলকাতা সতেরো। থুতনিতে কাটা দাগ।
-   এই যে। এইখানে। কাটা দাগটা।
-   ক্লেম ফর্মের কপি সঙ্গে এনেছেন?
-   এই যে।
-   ইনস্যুরেন্স কোম্পানি থেকে যে কনফার্মেশন গেসলো?

Friday, December 5, 2014

শালা


শালা খিস্তি নয়। অশালীন নয়। বরং যথেষ্ট ছিমছাম। কখনও আদুরেও বটে।

সত্যজিৎ বলে যাননি, তবে নিশ্চিত ভাবে ফেলুদাও হয়তো মাঝেসাঝে ককিয়ে উঠতেন, “হয় এর বদলা নেব, নয়তো শালা গোয়েন্দাগিরি ছেড়ে দেব”।

Thursday, December 4, 2014

পুরী জিন্দেগী

ঈশ্বরী পাটনী বিরিয়ানি ক্লেম করেনি, দুধ-ভাত চেয়েছিল। আমরা গোয়া চাইনি, পুরী চেয়েছি। বারমুডা এখনও ক্রোমোজোমে মিশে যেতে পারেনি, মননে এখনও ঢলা পাজামা, হৃদয়ে লুঙ্গি। দামী স্কচ গেলাসে বিচ পার্টি? সুপার। অফ কোর্স। ডেফিনিটলি। কলার নাচানো কেস। কিন্তু বিকেলের স্বর্গদ্বারের বালিতে, পুরনো আনন্দবাজার বিছিয়ে, লেপটে বসে; প্লাস্টিক কাপে চা আর ঠোঙ্গা ভরা চীনেবাদাম;- সে স্নেহ ভালোবাসার গন্ধ স্বপ্নালু।



প্রতি আধ ঘণ্টায় অন্তত একবার কানে ভেসে আসবে আত্মীয়তার দাবি ভরা প্রশ্ন  “কলকাতা থেকে নাকি?” বা “কদ্দিনের প্ল্যানে এসেছেন?”। কলকাতার সাউথ সিটিতে ঢুকে ভ্যাঁপসা লাগে, কিন্তু পুরীর ঘিঞ্জি গলিতেও নিজের ব্যালকনির গন্ধ স্পষ্ট ভাবে পাওয়া যায়। স্মার্টলি রোদ-চশমা চড়িয়ে সান-বাথ নেওয়ার যোগ্য চামড়া ও শরীর বাগানো যায়নি; জেনেটিক লিমিটেশন, কালচারাল বদভ্যাস। চাপ রঙ, দাপুটে ভুঁড়ি; খালি গায়ে সলমানি ভঙ্গিমায় বিচ দাপিয়ে বেরালে নিজের অন্তরাত্মা খিস্তি করবে। তার চেয়ে বরং ফতুয়া গায়ে সমুদ্র স্নানের আদেখলাপনাই ভালো।

Tuesday, December 2, 2014

বিকেল আর বিভূতিভূষণ

শেষ শব্দটা লিখে হাঁফ ছাড়লেন বসন্ত। লাল মলাটের ডায়েরীটা বন্ধ করে চেয়ার ছেড়ে উঠলেন। উত্তরের জানলাটা বন্ধ ছিল, খুলে দিলেন। মাঝরাতের তিরতির করে বয়ে আসা হাওয়া তার মুখে। বুঝলেন যে দশ বাই বারোর এই ঘরটা কতটা গুমোট হয়ে এসেছিল। ফতুয়ার ওপরের বোতামটা খুলে দিলেন- আহ:।
এক গেলাস জল গড়িয়ে খেলেন। ডায়েরীটা খুলে ফের পড়লেন শেষ পাতাটা, তার লেখা প্রথম উপন্যাসের শেষ কয়েক লাইন। তিনটে হালকা সবুজ রঙের ডায়েরী আর তেরোটা বছর জুড়ে লেখা।
“বিকেল আর বিভূতিভূষণ”। বুকের ভিতরে সহজ ধড়ফড়। ভালো লাগা। ফাঁকা ফাঁকা আনন্দ। শুরুটা হয়েছিল কলেজ স্কোয়ারের বেঞ্চিতে বসে। নিভার সাথে আলাপ তখন নতুন। ওর অপেক্ষাতেই বসে বসে একটা খামোখা প্লট মাথায় আসে। এ উপন্যাসের সাথে অবিশ্যি সে প্লটের কোন মিল নেই। হাসি পেল বসন্তর।

Sunday, November 23, 2014

আরও ভালো

বই ভালো, তবে বইয়ের চেয়েও ভালো বই বুকে সোফা-ঝিমুনি।

বেগুনি ভালো, তবে বেগুনির চেয়েও ভালো হল ঠোঙ্গার তলানিতে নুন মাখা বেসনের খসে পড়া ঝুড়ি।